59 Bible Verses About Peace
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
1 অতএব, আমার প্রিয় ভাইবোন, তোমাদের, যাদের আমি ভালোবাসি ও যাদের একান্তভাবে পেতে চাই, তোমরাই আমার আনন্দ ও মুকুট। প্রিয় বন্ধুরা, প্রভুতে তোমরা এভাবেই অবিচল থাকো।
2 আমি ইবদিয়াকে অনুনয় করছি এবং সুন্তুখীকেও অনুনয় করছি, তারা যেন প্রভুতে সহমত হয়। 3 আর আমার অনুগত সহকর্মী, আমি তোমাকেও বলছি, এই মহিলাদের সাহায্য করো। সুসমাচারের জন্য তারা ক্লীমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মীদের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছে। তাদের নাম জীবনপুস্তকে লেখা আছে।
4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।
-
1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।
-
13 কিন্তু তোমরা যারা এক সময় বহু দূরবর্তী ছিলে, এখন খ্রীষ্ট যীশুতে তাঁর রক্তের মাধ্যমে নিকটবর্তী হয়েছ।
14 কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন, 15 বিধান ও তার নির্দেশমালা, নিয়ন্ত্রণবিধি, সব নিজের শরীরে বিলোপ করেই তা করেছেন। উভয়কে নিয়ে নিজের মধ্যে এক নতুন মানুষ গড়ে তোলা এবং এভাবে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁর উদ্দেশ্য। 16 আর এই এক দেহে, ক্রুশের মাধ্যমে তিনি উভয়কে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, যার দ্বারা তিনি দু-পক্ষের শত্রুতার অবসান ঘটিয়েছেন। 17 তোমরা যারা ছিলে বহুদূরে, আর যারা ছিলে কাছে, তোমাদের সকলের কাছে তিনি এসে শান্তির বাণী প্রচার করেছেন। 18 কারণ তাঁরই মাধ্যমে আমরা দু-পক্ষ একই আত্মার দ্বারা পিতার সান্নিধ্যে আসার অধিকার লাভ করেছি।
-
23 যীশু উত্তর দিলেন, “কেউ যদি আমাকে প্রেম করে, সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে প্রেম করবেন। আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব। 24 যে আমাকে প্রেম করে না, সে আমার শিক্ষাও পালন করে না। তোমরা আমার যেসব বাণী শুনছ, তা আমার নিজের নয়, সেগুলি পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন।
25 “তোমাদের মধ্যে থাকার সময়ে আমি এ সমস্ত কথা বললাম, 26 কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা, যাঁকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার বলা সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন। 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।
-
16 তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না। 17 কারণ শারীরিক লালসা পবিত্র আত্মার অভিলাষের বিপরীত এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষের বিপরীত। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও, তা করতে না পারো। 18 কিন্তু তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হও, তাহলে তোমরা বিধানের অধীন নও।
19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই। 24 আর যারা খ্রীষ্ট যীশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশার্পিত করেছে। 25 আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবনযাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি।
-
17 কারণ ঈশ্বরের রাজ্য ভোজনপানের বিষয় নয়, কিন্তু ধার্মিকতার, শান্তির ও পবিত্র আত্মায় আনন্দের। 18 কারণ এভাবে যে খ্রীষ্টের সেবা করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র ও মানুষের কাছেও সমর্থনযোগ্য।
19 সেই কারণে, যা শান্তির পথে চালিত করে ও পরস্পরকে গেঁথে তোলে, তা করার জন্য এসো আমরা সর্বতোভাবে চেষ্টা করি।
-
1 সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে:
আমাদের আছে এক দৃঢ় নগর;
আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত আছি।
2 এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাও
যেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে,
সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে।
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,
যার মন সুস্থির,
কারণ সে তোমার উপরে নির্ভর করে।
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,
কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
-
31 যীশু উত্তর দিলেন, “অবশেষে তোমরা বিশ্বাস করলে! 32 কিন্তু সময় আসছে, বরং এসে পড়েছে, যখন তোমরা ছিন্নভিন্ন হয়ে প্রত্যেকে আপন আপন ঘরের কোণে ফিরে যাবে। তোমরা আমাকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করবে। তবুও আমি নিঃসঙ্গ নই, কারণ আমার পিতা আমার সঙ্গে আছেন।
33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
-
165 যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে,
আর কোনও কিছুতে তারা হোঁচট খায় না।
166 হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি,
আর আমি তোমার আদেশগুলি পালন করি।
167 আমি তোমার বিধিবিধান মান্য করি,
কারণ আমি সেসব অত্যন্ত ভালোবাসি।
168 আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি,
কারণ আমার চলার সকল পথ তোমার জানা।
-
12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো।
-
12 তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে
এবং বিস্তর ভালো দিন দেখতে চায়,
13 তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো
এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।
14 মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো;
শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
-
16 পরস্পরের প্রতি তোমরা সমমনা হও। দাম্ভিক হোয়ো না, কিন্তু সাধারণ মানুষের প্রতি সহযোগিতা করতে ইচ্ছুক হও। নিজেকে বিজ্ঞ বলে মনে করো না।
17 মন্দের পরিশোধে কারও মন্দ করো না। সকলের দৃষ্টিতে যা ন্যায়সংগত, তা করতে যত্নবান হও। 18 যদি সম্ভব হয়, তোমার পক্ষে যতদূর সাধ্য, সকলের সঙ্গে শান্তিতে বসবাস করো। 19 হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ নিয়ো না, কিন্তু ঈশ্বরের ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও, কারণ একথা লেখা আছে: “প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব,” একথা প্রভু বলেন। 20 বরং,
“তোমার শত্রু যদি ক্ষুধার্ত হয়, তাকে খেতে দাও;
যদি সে তৃষ্ণার্ত হয়, তাকে পান করার কিছু দাও।
এরকম করলে, তুমি তার মাথায় জ্বলন্ত কয়লার স্তূপ চাপিয়ে দেবে।”
21 তুমি মন্দের দ্বারা পরাজিত হোয়ো না, বরং উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো।
-
6 কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে,
আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে,
শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে।
আর তাঁকে বলা হবে
আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর,
চিরন্তন পিতা, শান্তিরাজ।
7 তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির
কোনো সীমা থাকবে না।
তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে
তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ব করবেন,
ন্যায়বিচার ও ধার্মিকতার সঙ্গে
তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন,
সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন।
সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই
তা সম্পাদন করবে।
-
6 রক্তমাংসের উপরে নিবদ্ধ মানসিকতার পরিণাম হল মৃত্যু, কিন্তু পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত মানিসকতা হল জীবন ও শান্তি। 7 রক্তমাংসের মানসিকতা হল ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা। তা ঈশ্বরের বিধানের প্রতি বশীভূত থাকে না, আর তেমন করতেও পারে না। 8 যারা রক্তমাংসের স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত, তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না।
9 তোমরা অবশ্য রক্তমাংসের দ্বারা নয়, কিন্তু পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত, যদি ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। আর যার মধ্যে খ্রীষ্টের আত্মা নেই, সে খ্রীষ্টের নয়।
-
13 তোমাদের মধ্যে কে জ্ঞানবান ও বুদ্ধিমান? সে জ্ঞানের মাধ্যমে আসা সৎ জীবন ও নম্রতায় করা কাজকর্মের দ্বারা তা প্রমাণ করুক। 14 কিন্তু তোমরা যদি তোমাদের অন্তরে তিক্ত ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা পোষণ করো, তার জন্য গর্বপ্রকাশ কোরো না বা সত্যকে অস্বীকার কোরো না। 15 এ ধরনের “জ্ঞান” স্বর্গ থেকে নেমে আসে না। তা পার্থিব, সাংসারিক ও শয়তানসুলভ। 16 কারণ যেখানে তোমাদের মধ্যে ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা আছে, সেখানেই তোমরা দেখবে বিশৃঙ্খলা ও সব ধরনের মন্দ অভ্যাস।
17 কিন্তু স্বর্গ থেকে যে জ্ঞান আসে, প্রথমত তা বিশুদ্ধ, তারপরে তা শান্তিপ্রিয়, সুবিবেচক, অনুগত, করুণায় ও উৎকৃষ্ট ফলে পূর্ণ, পক্ষপাতশূন্য ও অকপট। 18 আর যারা শান্তি স্থাপনের জন্য শান্তিতে বীজবপন করে, তারা ধার্মিকতার ফসল উৎপন্ন করবে।
-
11 সবশেষে ভাইবোনরা, তোমরা আনন্দ করো। পরস্পরের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সচেষ্ট হও। পরস্পরকে সাহায্য করো ও তোমরা সমমনা হও। শান্তিতে বসবাস করো। আর প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন।
-
9 ধন্য তারা, যারা মিলন করিয়ে দেয়,
কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে।
-
19 সপ্তাহের প্রথম দিন, সন্ধ্যা হলে, শিষ্যেরা ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে একত্র হয়েছিলেন। সেই সময় যীশু তাঁদের মধ্যে এসে দাঁড়ালেন। তিনি বললেন, “তোমাদের শান্তি হোক।” 20 একথা বলার পর তিনি তাঁর দু-হাত ও বুকের পাঁজর তাঁদের দেখালেন। প্রভুকে দেখে শিষ্যেরা আনন্দিত হয়ে উঠলেন।
21 যীশু আবার বললেন, “তোমাদের শান্তি হোক! পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমন তোমাদের পাঠাচ্ছি।” 22 একথা বলে তিনি তাদের উপর ফুঁ দিয়ে বললেন, “পবিত্র আত্মাকে গ্রহণ করো।
-
16 এখন শান্তির প্রভু স্বয়ং তোমাদের সর্বদা এবং সর্বতোভাবে শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সঙ্গে থাকুন।
-
19 কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে, তাঁর সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে এবং 20 ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।
21 এক সময় তোমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলে এবং তোমাদের মন্দ আচরণের জন্য অন্তরে ঈশ্বরের শত্রু হয়েছিলে; 22 কিন্তু ঈশ্বর এখন খ্রীষ্টের মানবদেহে মৃত্যুবরণের দ্বারা তোমাদের সম্মিলিত করেছেন, যেন তাঁর সাক্ষাতে তোমাদের পবিত্র, নিষ্কলঙ্ক ও অনিন্দনীয়রূপে উপস্থিত করেন,
-
8 সবশেষে বলি, তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখে বসবাস করো; তোমরা সহানুভূতিশীল, একে অপরকে ভালোবাসো, দরদি ও নতনম্র হও। 9 মন্দের পরিশোধে মন্দ বা অপমানের পরিশোধে অপমান কোরো না, বরং আশীর্বাদ কোরো; কারণ এর জন্যই তোমাদের আহ্বান করা হয়েছ, যেন তোমরা আশীর্বাদের অধিকারী হতে পারো। 10 কারণ,
“কেউ যদি জীবন ভালোবাসতে চায়,
মঙ্গলের দিন দেখতে চায়,
সে অবশ্যই মন্দ থেকে তার জিভ
ও ছলনাপূর্ণ বাক্য থেকে তার ঠোঁট রক্ষা করবে।
11 তারা মন্দ থেকে মন ফেরাবে আর সৎকর্ম করবে
তারা অবশ্যই শান্তির সন্ধান করবে ও তা অনুসরণ করবে।
12 কারণ প্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,
আর তাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করেন,
কিন্তু যারা দুষ্কর্ম করে প্রভুর মুখ তাদের বিরুদ্ধে।”
-
8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,
কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,
আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।
-
13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।
-
10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। 11 আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু। 12 তোমাদের কাছে এই হবে চিহ্ন: তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাবপাত্রে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পাবে।”
13 হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূতবাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,
14 “ঊর্ধ্বতমলোকে ঈশ্বরের মহিমা,
আর পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র সব মানুষের মাঝে শান্তি।”
-
11 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন;
সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।
-
14 সকলের সঙ্গে শান্তিতে বসবাস করতে ও পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো। পবিত্রতা ব্যতিরেকে কেউ প্রভুর দর্শন পাবে না। 15 সতর্ক থেকো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখো, তিক্ততার কোনো মূল যেন অঙ্কুরিত হয়ে সমস্যার সৃষ্টি না করে ও অনেককে কলুষিত না করে। 16 সাবধান, কেউ যেন অবৈধ-সংসর্গকারী, অথবা এষৌর মতো ভক্তিহীন না হয়, যে একবারের খাবারের জন্য বড়ো ছেলের অধিকার বিক্রি করে দিয়েছিল। 17 তোমরা জানো, পরে এই আশীর্বাদের অধিকারী হতে চাইলেও, সে প্রত্যাখ্যাত হয়েছিল। যদিও সে চোখের জল ফেলে সেই আশীর্বাদের অন্বেষী হয়েছিল, কিন্তু সে মনের কোনও পরিবর্তন ঘটাতে পারেনি।
-
24 “ ‘ “সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন
ও তোমাদের রক্ষা করুন;
25 সদাপ্রভু তোমাদের প্রতি প্রসন্ন-মুখ হোন
ও তোমাদের প্রতি সদয় হোন;
26 সদাপ্রভু তোমাদের প্রতি তার মুখ ফেরান
ও তোমাদের শান্তি দিন।” ’
-
26 ভাইবোনেরা, তাহলে আমরা কী বলব? তোমরা যখন একত্রে মিলিত হও, তখন প্রত্যেকের কোনো গীত বা উপদেশবাণী, কোনো প্রত্যাদেশ, কোনো বিশেষ ভাষা বা কোনও অর্থ ব্যাখ্যা আছে। এসব অবশ্যই মণ্ডলীকে শক্তিশালী করার জন্য করতে হবে। 27 কেউ যদি কোনো বিশেষ ভাষায় কথা বলে, দুজন বা তিনজনের বেশি তা বলবে; একবারে একজন করে বলবে এবং অন্য কেউ অবশ্যই তার অর্থ ব্যাখ্যা করে দেবে। 28 সেখানে যদি কোনও অর্থব্যাখ্যাকারী না থাকে, সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব থাকবে এবং নিজের ও ঈশ্বরের উদ্দেশে কথা বলবে।
29 ভাববাদীরা দুজন বা তিনজন কথা বলবে এবং অন্যরা সযত্নে বক্তব্যের গুরুত্ব বিবেচনা করবে। 30 আর উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি প্রত্যাদেশ লাভ করে, তাহলে প্রথম বক্তা নীরব থাকবে। 31 কারণ তোমরা সকলে পর্যায়ক্রমে ভাববাণী বলতে পারো, যেন প্রত্যেকেই শিক্ষা ও প্রেরণা লাভ করতে পারে। 32 ভাববাদীদের আত্মা ভাববাদীদের নিয়ন্ত্রণাধীন থাকে। 33 কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন, কিন্তু শান্তির যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হয়ে থাকে।
-
1 অতএব, প্রভুতে বন্দি আমি তোমাদের কাছে মিনতি করছি, যে আহ্বান তোমরা লাভ করেছ, তার যোগ্য হয়ে জীবনযাপন করো। 2 সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও। 3 শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও। 4 দেহ এক এবং আত্মা এক, তেমনই তোমাদের প্রত্যাশাও এক, যে প্রত্যাশার উদ্দেশে তোমরা আহূত হয়েছিলে। 5 প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিষ্ম এক, 6 সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের কাছে এবং সকলের অন্তরে আছেন।
-
23 শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক। 24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।
-
3 “ ‘তোমরা যদি আমার বিধানগুলি অনুধাবন করো ও আমার সব আদেশ মেনে চলতে যত্নশীল থাকো, 4 তাহলে আমি যথাসময়ে বৃষ্টি পাঠাব; ফলে ভূমি শস্য উৎপন্ন করবে ও ক্ষেতের গাছগুলিতে ফল ভরে যাবে। 5 দ্রাক্ষাচয়ন পর্যন্ত তোমাদের শস্যমর্দনের কাজ চলবে, এবং বীজবপনকাল পর্যন্ত দ্রাক্ষাচয়নের কাজ চলবে এবং তোমরা ইচ্ছামতো খাদ্য ভোজন করবে ও নিরাপদে তোমাদের দেশে বসবাস করবে।
6 “ ‘দেশের প্রতি আমি শান্তি মঞ্জুর করব ও শয়নকালে কেউ তোমাদের ভয় দেখাবে না। আমি দেশ থেকে হিংস্র জন্তুদের তাড়িয়ে দেব ও তোমাদের দেশের মধ্য দিয়ে তরোয়াল যাবে না।
-
18 আমি তার জীবনাচরণ দেখেছি, কিন্তু আমি তাকে সুস্থ করব;
আমি তাকে পথ দেখাব ও পুনরায় ইস্রায়েলে শোককারীদের সান্ত্বনা দেব,
19 তাদের মুখে প্রশংসার স্তব সৃষ্টি করব।
শান্তি, শান্তি হোক যারা দূরে বা নিকটে থাকে,
আর আমি তাদের রোগনিরাময় করব,”
সদাপ্রভু এই কথা বলেন।
20 কিন্তু দুষ্ট মানুষেরা তরঙ্গবিক্ষুব্ধ সমুদ্রের মতো,
যা কখনও স্থির থাকে না,
যার তরঙ্গগুলি কেবলই পঙ্ক ও কর্দম নিক্ষেপ করে।
21 আমার ঈশ্বর বলেন, “দুষ্ট লোকেদের কোনো কিছুতেই শান্তি নেই।”
-
20 শান্তির ঈশ্বর, যিনি অনন্ত সন্ধিচুক্তির রক্তের মাধ্যমে আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে পুনরায় উত্থাপিত করেছেন, মেষপালের সেই মহান পালরক্ষক, 21 তাঁর ইচ্ছা পালনের উদ্দেশে তোমাদের সব উত্তম উপকরণে সুসজ্জিত করুন এবং তাঁর কাছে যা প্রীতিকর, তা যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের অন্তরে সম্পন্ন করুন। যুগে যুগে চিরকাল তাঁর মহিমা কীর্তিত হোক। আমেন!
-
13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,
যারা বিচক্ষণতা লাভ করে,
14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক
ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।
15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;
তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।
16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;
বাঁ হাতে ধন ও সম্মান আছে।
17 তার পথগুলি সুখকর পথ,
ও তার সব পথে শান্তি আছে।
18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;
যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।
-
22 সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”
-
10 যদিও পর্বতসকল কম্পিত হয়,
পাহাড়গুলি অপসারিত হতে থাকে,
তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা
কখনও সরে যাবে না,
আমার শান্তিচুক্তিও অপসারিত হবে না,”
একথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন।
-
50 “লবণ ভালো, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে তোমরা কীভাবে তা আবার লবণাক্ত করবে? তোমরা নিজেদের মধ্যে লবণের গুণ বজায় রাখো ও পরস্পরের সঙ্গে শান্তিতে সহাবস্থান করো।”
-
20 শান্তির ঈশ্বর অচিরেই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন।
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
-
34 “মনে কোরো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি। আমি শান্তি দিতে নয়, কিন্তু এক খড়্গ দিতে এসেছি। 35 কারণ আমি এসেছি,
“পুত্রকে তার পিতার বিরুদ্ধে বিচ্ছেদ করাতে
‘কন্যাকে তার মাতার বিরুদ্ধে,
পুত্রবধূকে তার শাশুড়ির বিরুদ্ধে—
36 একজন মানুষের শত্রু তার নিজ পরিবারের সদস্যই হবে।’
-
1 সর্বপ্রথমেই আমি অনুনয় করছি, সকলের জন্য যেন অনুরোধ, প্রার্থনা, মিনতি এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়, 2 বিশেষত রাজা এবং উচ্চপদস্থ সকল ব্যক্তির জন্য, যেন আমরা পরিপূর্ণ ভক্তিতে ও পবিত্রতায়, শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি।
-
20 যারা অমঙ্গলের চক্রান্ত করে তাদের অন্তরে ছলনা থাকে,
কিন্তু যারা শান্তির উদ্যোক্তা হয় তারা আনন্দ পায়।
-
17 সদাপ্রভু এই কথা বলেন,
যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন,
“আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,
তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, তিনি তাই তোমাদের শেখান,
যে পথে তোমাদের চলা উচিত, তিনি তোমাদের সেই পথ প্রদর্শন করেন।
18 কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে,
তোমাদের শান্তি হত নদীর প্রবাহিত স্রোতের মতো,
তোমাদের ধার্মিকতা হত সমুদ্রতরঙ্গের মতো।
-
22 তুমি যৌবনের সব কু-অভিলাষ থেকে পালিয়ে যাও এবং যারা শুদ্ধচিত্তে প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তিলাভের অনুধাবন করো। 23 বিচারবুদ্ধিহীন ও নির্বুদ্ধিতার তর্কবিতর্কে রত হোয়ো না, কারণ তুমি জানো, এসব থেকে বিবাদের সূত্রপাত হয়। 24 আর প্রভুর সেবক কখনোই ঝগড়ায় লিপ্ত হবে না; বরং সে সবার প্রতি হবে সদয়, শিক্ষাদানে নিপুণ এবং সহনশীল। 25 যারা তার বিরোধিতা করে সে এই প্রত্যাশায় নম্রভাবে তাদের সুপরামর্শ দেবে, যেন ঈশ্বর সত্যের জ্ঞানের দিকে তাদের মন পরিবর্তন করেন এবং 26 তারা যেন চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ফাঁদ থেকে নিষ্কৃতি লাভ করে যে তার ইচ্ছা পালনের জন্য তাদের বন্দি করে রেখেছে।
-
5 “তার সঙ্গে আমার নিয়ম হয়েছিল, জীবন ও শান্তির নিয়ম, আর আমি উভয়ই তাকে দিয়েছিলাম; যেন সে আমাকে শ্রদ্ধা করে এবং সে আমাকে সত্যিই ভয় করেছিল এবং আমার নামে ভয়ে কেঁপেছিল। 6 তার মুখে সত্যের বিধান ছিল এবং কোনও প্রকার মিথ্যা তার ঠোঁটে খুঁজে পাওয়া যেত না। শান্তিতে ও ন্যায়পরায়ণতায় সে আমার সঙ্গে পথ চলেছে এবং পাপ থেকে মন ফিরিয়েছে।
-
3 মেষশাবক যখন দ্বিতীয় সিলমোহরটি খুললেন, আমি শুনতে পেলাম, দ্বিতীয় জীবন্ত প্রাণী বললেন, “এসো!” 4 তখন আগুনের মতো লাল রংয়ের দ্বিতীয় একটি ঘোড়া বের হয়ে এল। এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার ও মানুষের মধ্যে একে অপরকে হত্যা করে ক্ষমতা দেওয়া হল। তাকে দেওয়া হল লম্বা এক তরোয়াল।
5 মেষশাবক যখন তৃতীয় সিলমোহরটি খুললেন, আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এসো!” আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক কালো রংয়ের ঘোড়া। এর আরোহীর হাতে একটি দাঁড়িপাল্লা। 6 তারপর আমি শুনতে পেলাম, সেই চারজন জীবন্ত প্রাণীর কোনো একজনের কণ্ঠস্বর, বলে উঠল, “এক কিলো গমের দাম এক দিনার ও তিন কিলো যবের দাম এক দিনার, এবং তুমি তেল বা দ্রাক্ষারসের অপচয় কোরো না!”
7 মেষশাবক যখন চতুর্থ সিলমোহর খুললেন, আমি শুনতে পেলাম চতুর্থ জীবন্ত প্রাণীর কণ্ঠস্বর বলছে, “এসো!” 8 আমি তাকিয়ে দেখলাম আর আমার সামনে এক পাণ্ডুর রংয়ের ঘোড়া! এর আরোহীর নাম মৃত্যু, পাতাল ঘনিষ্ঠভাবে তাকে অনুসরণ করছে। তাদের ক্ষমতা দেওয়া হল যেন তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা পৃথিবীর এক-চতুর্থাংশ প্রাণীকে হত্যা করে।
-
1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব।
-
15 আর তারা প্রচারই বা কীভাবে করবে, যদি তারা প্রেরিত না হয়? যেমন লেখা আছে, “যারা সুসমাচার প্রচার করে, তাদের চরণ কতই না সুন্দর!”
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।
নিজের নামের মহিমায়
তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।
-
6 নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে একত্র থাকবে,
চিতাবাঘ ছাগশাবকের সঙ্গে শুয়ে থাকবে,
বাছুর, সিংহ ও নধর পশু একত্র থাকবে;
একটি ছোটো শিশু তাদের চালিয়ে বেড়াবে।
7 গরু ভালুকের কাছে একসঙ্গে চরে বেড়াবে,
তাদের বাছুরেরা একসঙ্গে শুয়ে থাকবে,
আর সিংহ বলদের মতোই বিচালি খাবে।
8 স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের কাছে খেলা করবে,
ছোটো শিশু বিষধর সাপের গর্তে হাত দেবে।
9 সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও
কোনো ক্ষতি বা বিনাশ করবে না,
কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন,
পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।
-
9 হে সিয়োন-কন্যা, খুব আনন্দ করো!
হে জেরুশালেম-কন্যা, জয়ধ্বনি করো!
দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন,
তিনি ধর্মময় ও বিজয়ী,
নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন,
গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন।
10 আমি ইফ্রয়িমের কাছ থেকে রথ নিয়ে নেব
ও জেরুশালেমের যুদ্ধের ঘোড়া,
এবং যুদ্ধের ধনুক ভেঙে ফেলা হবে।
তিনি জাতিগণের মধ্যে শান্তি ঘোষণা করবেন।
তাঁর শাসন এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত প্রসারিত হবে
এবং নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত হবে।
-
12 সেই বাড়িতে প্রবেশ করার সময়, তোমরা তাদের শুভেচ্ছা জানিয়ো। 13 যদি সেই বাড়ি যোগ্য হয়, তোমাদের শান্তি তার উপরে বিরাজ করুক; যদি যোগ্য না হয়, তাহলে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসুক। 14 কেউ যদি তোমাদের স্বাগত না জানায়, বা তোমাদের কথা না শোনে, সেই বাড়ি বা নগর ত্যাগ করার সময় তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো। 15 আমি তোমাদের সত্যিই বলছি, বিচারদিনে সদোম ও ঘমোরার দশা, বরং সেই নগরের চেয়ে বেশি সহনীয় হবে।
-
48 তারপর যীশু সেই নারীকে বললেন, “তোমার সব পাপ ক্ষমা করা হয়েছে।”
49 অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল “ইনি কে, যে পাপও ক্ষমা করেন?”
50 যীশু সেই নারীকে বললেন, “তোমার বিশ্বাসই তোমাকে পরিত্রাণ দিয়েছে, শান্তিতে চলে যাও।”
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন। 18 যে ব্যক্তি তাঁকে বিশ্বাস করে না, তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি।
-
3 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন।
-
2 করুণা, শান্তি ও প্রেম প্রচুর পরিমাণে তোমাদের প্রতি বর্ষিত হোক।
-
11 “ ‘মঙ্গলার্থক বলিদানের পক্ষে এই নিয়মাবলি, যা যে কোনো ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে উপহার দিতে পারে।
12 “ ‘যদি সে কৃতজ্ঞতার প্রকাশস্বরূপ বলি আনে, তাহলে ধন্যবাদসূচক এই বলিদানের সঙ্গে সে তেলমিশ্রিত খামিরবিহীন রুটি, তৈলাক্ত খামিরবিহীন সরুচাকলি, তৈলসিক্ত মিহি ময়দার পিঠে আনবে। 13 সে তার কৃতজ্ঞতাপূর্ণ মঙ্গলার্থক বলির সঙ্গে খামিরযুক্ত ময়দার পিঠে উপহার দেবে। 14 সব ধরনের ভক্ষ্য সে সদাপ্রভুর উদ্দেশে একটি করে উপহার দানরূপে আনবে; এগুলি সেই যাজকের হবে যে বেদিতে মঙ্গলার্থক বলির রক্ত ছিটাবে। 15 তার ধন্যবাদ জ্ঞাপনের মঙ্গলার্থক বলির মাংস উৎসর্গীকরণের দিনে অবশ্যই ভোজন করতে হবে; সকাল পর্যন্ত যেন কোনো খাদ্য রাখা না হয়।
-
2 অনেক জাতির লোক এসে বলবে,
“চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই,
যাকোবের ঈশ্বরের গৃহে যাই।
তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন,
যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।”
সিয়োন থেকে বিধান নির্গত হবে,
জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।
3 তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন
এবং দূর-দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন।
তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল
এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না,
তারা আর যুদ্ধ করতেও শিখবে না।
4 প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার
ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে,
এবং কেউ তাদের ভয় দেখাবে না,
কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন।
-
10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব!
-
11 কোনো শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে, যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতার ও শান্তির ফসল উৎপন্ন করে।
Shows Read in context, Share and Copy.