78 Bible Verses About Deliverance
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
17 ভাববাদী যিশাইয়ের পুঁথি তাঁর হাতে তুলে দেওয়া হল। পুঁথিটি খুলে তিনি সেই অংশটি দেখতে পেলেন, যেখানে লেখা আছে,
18 “প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত,
কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য
তিনি আমাকে অভিষিক্ত করেছেন।
তিনি আমাকে বন্দিদের কাছে মুক্তি প্রচার করবার জন্য পাঠালেন,
অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্তি প্রচার করার জন্য,
নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য,
19 প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য।”
-
1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।
6 তাহলে বলা যায়, আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। 7 কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে; 8 কিন্তু ঈশ্বর এভাবে তাঁর প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন: আমরা যখন পাপী ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন।
9 এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব! 10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব! 11 কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।
-
14 যেহেতু সন্তানেরা রক্তমাংস বিশিষ্ট, তাই তিনি তাদের মানব-স্বভাবের অংশীদার হলেন, যেন তাঁর মৃত্যুর দ্বারা তিনি মৃত্যুর উপরে যার ক্ষমতা আছে অর্থাৎ দিয়াবলকে ধ্বংস করতে পারেন, 15 এবং মৃত্যুভয়ে যারা সমস্ত জীবন দাসত্বের শিকলে বন্দি ছিল, তিনি তাদের মুক্ত করতে পারেন। 16 নিশ্চিতরূপেই তিনি স্বর্গদূতদের নয়, কিন্তু অব্রাহামের বংশধরদের সাহায্য করেন। 17 এই কারণে, তাঁকে সর্বতোভাবে তাঁর ভাইবোনেদের মতো হতে হয়েছিল, যেন ঈশ্বরের সেবায় তিনি এক করুণাময় ও বিশ্বস্ত মহাযাজক হতে পারেন এবং প্রজাদের সব পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারেন। 18 কারণ প্রলোভিত হয়ে তিনি স্বয়ং যন্ত্রণাভোগ করেছিলেন বলে, যারা প্রলুব্ধ হচ্ছে, তাদের তিনি সাহায্য করতে সক্ষম।
-
1 সদাপ্রভু যখন দাউদকে তাঁর সব শত্রুর তথা শৌলের হাত থেকে উদ্ধার করলেন, তখন সদাপ্রভুর উদ্দেশে তিনি এই গানের কথাগুলি গেয়ে উঠেছিলেন। 2 তিনি বললেন:
“সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা;
3 আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,
আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।
তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।
মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।
-
14 মরুপ্রান্তরে মোশি যেমন সেই সাপকে উঁচুতে স্থাপন করেছিলেন, মনুষ্যপুত্রকেও তেমনই উন্নত হতে হবে, 15 যেন যারা তাঁকে বিশ্বাস করে তারা প্রত্যেকেই অনন্ত জীবন পায়।
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।
-
21 কিন্তু এখন, বিধান ছাড়াই ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে, যে বিষয়ে সেই বিধান ও ভাববাদীরা সাক্ষ্য দিয়েছেন। 22 এই ধার্মিকতা, যারা বিশ্বাস করে, তাদের প্রতি যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে কোনও পার্থক্য-বিভেদ নেই, 23 কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে। 24 তারা বিনামূল্যে, তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা নির্দোষ গণ্য হয়। 25 তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বর তাঁকেই প্রায়শ্চিত্ত-বলিরূপে উপস্থাপিত করেছেন। তিনি তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য এরকম করেছেন, কারণ তাঁর সহনশীলতার গুণে তিনি অতীতে করা সকল পাপের শাস্তি দেননি। 26 বর্তমান যুগে তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য তিনি এরকম করেছিলেন, যেন তিনি ন্যায়পরায়ণ থাকেন এবং যারা যীশুতে বিশ্বাস করে, তাদের নির্দোষ গণ্য করেন।
-
21 তাই আমি এই নিয়ম সক্রিয় দেখতে পাচ্ছি: যখন আমি সৎকর্ম করতে চাই, তখনই মন্দ আমার সঙ্গী হয়। 22 কারণ আমার আন্তরিক সত্তায় আমি ঈশ্বরের বিধানে আনন্দ করি, 23 কিন্তু আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অন্য এক বিধান কার্যকরী দেখতে পাই; তা আমার মনের বিধানের সঙ্গে সংগ্রাম করে চলে এবং পাপের যে বিধান আমার অঙ্গপ্রত্যঙ্গে আছে, আমাকে তার বন্দি করে রাখে। 24 কী দুর্ভাগ্যপূর্ণ মানুষ আমি! মৃত্যুর এই শরীর থেকে কে আমাকে উদ্ধার করবে? 25 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুর মাধ্যমে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।
সুতরাং, মনে মনে আমি ঈশ্বরের বিধানের ক্রীতদাস, কিন্তু পাপময় প্রকৃতিতে পাপের বিধানের দাসত্ব করি।
-
13 মোশি লোকদের উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না! শক্ত হয়ে দাঁড়াও এবং তোমরা দেখতে পাবে আজ সদাপ্রভু কীভাবে তোমাদের রক্ষা করবেন। আজ তোমরা যে মিশরীয়দের দেখছ, তাদের আর কখনও দেখতে পাবে না। 14 সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন; তোমাদের শুধু স্থির হয়ে থাকতে হবে।”
-
13 তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। 14 সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং 15 শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটিজুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। 16 এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। 17 আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।
18 সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো।
-
23 অতএব, যেগুলি স্বর্গীয় বিষয়ের প্রতিরূপ, সেগুলি এসব বলির দ্বারা শুচিকৃত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু স্বর্গীয় বিষয়গুলির জন্য মহত্তর বলিদানের আবশ্যকতা ছিল। 24 কারণ খ্রীষ্ট প্রকৃত উপাসনাস্থলের প্রতিরূপ মানব-নির্মিত পবিত্রস্থানে প্রবেশ করেননি; তিনি সাক্ষাৎ স্বর্গে প্রবেশ করেছেন, যেন আমাদের পক্ষে ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হন। 25 আবার মহাযাজক যেভাবে নিজের নয়, কিন্তু অন্যের রক্ত নিয়ে প্রতি বছর মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন, খ্রীষ্ট কিন্তু সেভাবে নিজেকে উৎসর্গ করার জন্য বারবার স্বর্গে প্রবেশ করেননি। 26 তাহলে জগৎ সৃষ্টির কাল থেকে খ্রীষ্টকে বহুবারই কষ্টভোগ ও মৃত্যুবরণ করতে হত। কিন্তু এখন, যুগের শেষ সময়ে, আত্মবলিদানের দ্বারা তিনি চিরকালের মতো পাপের বিলোপ সাধনের উদ্দেশ্যে একবারই প্রকাশিত হয়েছেন। 27 মানুষের জন্য যেমন একবার মৃত্যু ও তারপর বিচার নির্ধারিত হয়ে আছে, 28 তেমনই বহু মানুষের সব পাপ হরণ করার জন্য খ্রীষ্ট একবারই উৎসর্গীকৃত হয়েছেন এবং আর পাপবহনের জন্য নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় আছে, তাদের পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার প্রকাশিত হবেন।
-
2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;
আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,
আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।
-
18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।
-
7 তুমি আমার আশ্রয়স্থল;
তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে
এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
-
24 স্বয়ং তিনি ক্রুশের উপরে নিজ শরীরে আমাদের “পাপরাশি বহন করলেন,” যেন আমরা পাপসমূহের প্রতি মৃত্যুবরণ করে ধার্মিকতার প্রতি জীবিত হই; “তাঁরই সব ক্ষত দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছ।”
-
9 যীশু তাকে বললেন, “আজই এই পরিবারে পরিত্রাণ উপস্থিত হল, কারণ এই ব্যক্তিও অব্রাহামের সন্তান। 10 বস্তুত, যা হারিয়ে গিয়েছিল, তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র উপস্থিত হয়েছেন।”
-
12 “এরকমই এক যাত্রাকালে, আমি প্রধান যাজকদের কাছ থেকে অধিকার ও অনুমতিপত্র নিয়ে দামাস্কাসে যাচ্ছিলাম। 13 মহারাজ, প্রায় দুপুরবেলায়, যখন আমি মাঝপথে ছিলাম, আকাশ থেকে এক আলো দেখলাম। তা ছিল সূর্য থেকেও উজ্জ্বল, আমার ও আমার সঙ্গীদের চারপাশে তা উজ্জ্বল হয়ে উঠেছিল। 14 আমরা সবাই মাটিতে পড়ে গেলাম। আমি একটি কণ্ঠস্বর শুনলাম, যা হিব্রু ভাষায় আমাকে বলছিল, ‘শৌল, শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছ? কাঁটার মুখে লাথি মারা তোমার পক্ষে কঠিন।’
15 “তখন আমি জিজ্ঞাসা করলাম, ‘প্রভু, আপনি কে?’
“ ‘আমি যীশু, যাঁকে তুমি নির্যাতন করছ,’ প্রভু উত্তর দিলেন। 16 ‘এখন ওঠো ও তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। আমি তোমাকে আমার সেবক নিযুক্ত করার জন্য তোমাকে দর্শন দিয়েছি। আমার বিষয়ে তুমি যা দেখেছ ও আমি তোমাকে যা দেখাব, তুমি তার সাক্ষী হবে। 17 আমি তোমার স্বজাতি ও অইহুদিদের হাত থেকে তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি, 18 তুমি তাদের চোখ খুলে দেবে, অন্ধকার থেকে তাদের আলোয় ফিরিয়ে আনবে, শয়তানের পরাক্রম থেকে নিয়ে আসবে ঈশ্বরের কাছে, যেন তারা সব পাপের ক্ষমা লাভ করে এবং আমার উপরে বিশ্বাসের মাধ্যমে যারা পবিত্র হয়েছে, তাদের মধ্যে স্থান লাভ করতে পারে।’
-
16 আমি সুসমাচারের জন্য লজ্জাবোধ করি না, কারণ যারা বিশ্বাস করে, তাদের সকলের পরিত্রাণ লাভের জন্য এ হল ঈশ্বরের পরাক্রম: প্রথমত, ইহুদিদের জন্য, পরে অইহুদিদের জন্যও।
-
7 সদাপ্রভু বললেন, “আমি সত্যিই মিশরে আমার প্রজাদের দুর্দশা দেখেছি। তাদের উপর নিযুক্ত ক্রীতদাস পরিচালকদের কারণে তারা যে কান্নাকাটি করছে তা আমি শুনেছি, এবং তাদের কায়ক্লেশের বিষয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি। 8 তাই মিশরীয়দের হাত থেকে তাদের রক্ষা করার জন্য এবং সেদেশ থেকে মনোরম ও প্রশস্ত এক দেশে, দুধ ও মধু প্রবাহিত এক দেশে—কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের স্বদেশে তাদের নিয়ে যাওয়ার জন্য আমি নেমে এসেছি। 9 আর এখন ইস্রায়েলীদের কান্না আমার কাছে পৌঁছে গিয়েছে এবং আমি দেখেছি কীভাবে সেই মিশরীয়রা তাদের নিগৃহীত করছে। 10 অতএব এখন, যাও। মিশর থেকে আমার প্রজা ইস্রায়েলীদের বের করে আনার জন্য আমি তোমাকে ফরৌণের কাছে পাঠাচ্ছি।”
-
16 তখন সদাপ্রভু সেই বিচারকদের উত্থাপিত করলেন, যারা আক্রমণকারীদের হাত থেকে তাদের রক্ষা করেছিলেন।
-
1 পরে হান্না প্রার্থনা করে বললেন:
“মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রয়;
মম শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়।
মম মুখ শত্রুদের পরে গর্বিত হয়,
তব উদ্ধারে আমি আনন্দিত হই।
-
21 তিনি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তাঁর নাম যীশু রাখবে, কারণ তিনিই তাঁর প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন।”
-
55 “মৃত্যু, তোমার জয় কোথায়?
মৃত্যু, তোমার হুল কোথায়?”
56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।
-
8 ভাইবোনেরা, আমি চাই না, এশিয়া প্রদেশে যে দুর্দশা আমরা ভোগ করেছিলাম, তা তোমাদের অজানা থাকে। আমাদের সহ্যশক্তির থেকেও বহুগুণে বেশি আমরা নিদারুণ চাপের মধ্যে ছিলাম, যার ফলে আমরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম। 9 প্রকৃতপক্ষে, আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম। কিন্তু এরকম ঘটল, যেন আমরা নিজের উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন। 10 তিনিই আমাদের এরকম মৃত্যুজনক সংকট থেকে উদ্ধার করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করবেন। তাঁরই উপর আমরা আশা রেখেছি যে, তিনি আমাদের পুনরায় উদ্ধার করবেন, 11 যেমন তোমরা তোমাদের প্রার্থনা দ্বারা আমাদের সাহায্য করে থাকো। এরপর অনেকের প্রার্থনার উত্তরে আমরা যে মহা-অনুগ্রহ লাভ করেছি, সেই কারণে, অনেকেই আমাদের পক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবে।
-
17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। 18 এসবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রীষ্টের মাধ্যমে তাঁর নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। 19 তা হল এই যে, ঈশ্বর জগৎকে খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে পুনর্মিলিত করছিলেন, মানুষের পাপসকল আর তাদের বিরুদ্ধে গণ্য করেননি। আর সেই পুনর্মিলনের বার্তা ঘোষণা করা তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন।
-
3 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন। 4 তিনি আমাদের সমস্ত পাপের জন্য নিজের জীবন দিয়েছেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুযায়ী বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। 5 চিরকাল তাঁর মহিমা হোক। আমেন।
-
1 তোমাদের কথা বলতে হলে, তোমরা নিজের নিজের অপরাধে ও পাপে মৃত ছিলে, 2 যেগুলির মধ্যে তোমরা জীবনযাপন করতে। তখন তোমরা এই জগতের ও আকাশের রাজ্যশাসকের পথ অনুসরণ করতে, যে আত্মা এখন যারা অবাধ্য, তাদের মধ্যে কার্যকরী রয়েছে। 3 আমরাও সকলে এক সময় তাদেরই মধ্যে জীবনযাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো, স্বভাবগতভাবে আমরা ছিলাম (ঈশ্বরের) ক্রোধের পাত্র। 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ। 6 ঈশ্বর খ্রীষ্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করে তাঁরই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, 7 যেন খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন। 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।
-
9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন।
-
8 যে পাপ করে, সে দিয়াবলের, কারণ দিয়াবল প্রথম থেকেই পাপ করে আসছে। ঈশ্বরের পুত্র এই কারণেই প্রকাশিত হয়েছেন, যেন দিয়াবলের সব কাজ ধ্বংস করেন।
-
6 “সুতরাং, ইস্রায়েলীদের বলো: ‘আমি সদাপ্রভু, এবং মিশরীয়দের জোয়ালের তলা থেকে আমি তোমাদের বের করে আনব। তাদের ক্রীতদাস হয়ে থাকার হাত থেকে আমি তোমাদের স্বাধীন করব, এবং এক প্রসারিত হাত ও মহৎ দণ্ডাদেশ সহ আমি তোমাদের মুক্ত করব। 7 আমার নিজস্ব প্রজারূপে আমি তোমাদের গ্রহণ করব, এবং আমি তোমাদের ঈশ্বর হব। তখন তোমরা জানবে যে আমিই তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশরীয়দের জোয়ালের তলা থেকে তোমাদের বের করে এনেছেন।
-
15 এবং সংকটের দিনে আমাকে ডেকো;
আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”
-
13 আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না,
কিন্তু সেই পাপাত্মা থেকে রক্ষা করো।’
-
14 কারণ পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করবে না, কারণ তোমরা বিধানের অধীন নও, কিন্তু অনুগ্রহের অধীন।
15 তাহলে কী বলা যায়? বিধানের অধীন নই, কিন্তু অনুগ্রহের অধীন বলে আমরা কি পাপ করেই যাব? কোনোভাবেই নয়! 16 তোমরা কি জানো না যে, ক্রীতদাসের মতো আদেশ পালনের জন্য যখন তোমরা কারও কাছে নিজেদের সমর্পণ করো, যার আদেশ তোমরা পালন করো, তোমরা তারই ক্রীতদাস হও—হয় তোমরা পাপের ক্রীতদাস, যা মৃত্যুর অভিমুখে নিয়ে যায়, অথবা বাধ্যতার দাস, যা ধার্মিকতার পথে চালিত করে? 17 কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, তোমরা যদিও পাপের ক্রীতদাস ছিলে, শিক্ষার যে আদর্শ তোমাদের কাছে রাখা হয়েছিল, তা তোমরা সমস্ত অন্তর দিয়ে পালন করেছ। 18 তোমাদের পাপ থেকে মুক্ত করা হয়েছে এবং তোমরা ধার্মিকতার ক্রীতদাস হয়েছ।
19 তোমরা যেহেতু তোমাদের স্বাভাবিক সত্তায় দুর্বল তাই আমি একথা সাধারণ মানুষের মতোই বলছি। যেমন তোমরা তোমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে অশুদ্ধতা ও ক্রমবর্ধমান দুষ্টতার কাছে সমর্পণ করতে, তেমনই এখন সেগুলি ধার্মিকতার ক্রীতদাসত্বে সমর্পণ করো, যা পবিত্রতার অভিমুখে চালিত করে।
-
3 এক সময় আমরাও ছিলাম মূর্খ, অবাধ্য, পথভ্রষ্ট এবং সমস্ত রকমের কামনাবাসনা ও সহজাত প্রবৃত্তির দাস। আমরা বিদ্বেষ ও ঈর্ষাপূর্ণ জীবনযাপন করতাম এবং নিজেরাও অন্যদের ঘৃণার পাত্র ছিলাম; আমরা পরস্পরকে ঘৃণা করতাম। 4 কিন্তু যখন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের করুণা ও প্রেমের প্রকাশ ঘটল, 5 তখন তিনি আমাদের পরিত্রাণ দিলেন, আমাদের সৎকর্মের জন্য নয়, কিন্তু তাঁর করুণার গুণে। তিনি নতুন জন্মের স্নান ও পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করলেন। 6 যাঁকে তিনি আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে উদারভাবে সঙ্গে ঢেলে দিলেন, 7 যেন তাঁর অনুগ্রহে আমরা ধার্মিক সাব্যস্ত হয়ে অনন্ত জীবনের প্রত্যাশায় তাঁর উত্তরাধিকারী হয়ে উঠতে পারি।
-
25 তাই তাঁর মাধ্যমে যারা ঈশ্বরের কাছে আসে, তাদের তিনি সম্পূর্ণভাবে পরিত্রাণ করতে সমর্থ, কারণ তাদের পক্ষে মিনতি করার জন্য তিনি সবসময়ই জীবিত আছেন।
-
5 আর এখন, আমাকে এখানে বিক্রি করে দিয়েছ বলে আকুল হোয়ো না ও নিজেদের উপর রাগ কোরো না, কারণ মানুষের প্রাণরক্ষা করার জন্যই ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন। 6 দুই বছর ধরে এখন এদেশে দুর্ভিক্ষ চলছে, এবং পরবর্তী পাঁচ বছর কোনও হলকর্ষণ ও শস্যচ্ছেদন হবে না। 7 কিন্তু এই পৃথিবীতে তোমাদের বংশরক্ষা করার জন্য ও এক মহামুক্তির মাধ্যমে তোমাদের প্রাণরক্ষা করার জন্য ঈশ্বর তোমাদের আগে আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন।
-
37 যে সদাপ্রভু আমাকে সিংহের থাবা থেকে ও ভালুকের থাবা থেকেও রক্ষা করেছেন তিনিই আমাকে এই ফিলিস্তিনীর হাত থেকেও রক্ষা করবেন।”
শৌল দাউদকে বললেন, “যাও, সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন।”
-
46 সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক!
ঈশ্বর, আমার পরিত্রাতার, গৌরব হোক!
47 তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন,
তিনি জাতিদের আমার অধীনস্থ করেন,
48 তিনি আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন।
আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ;
মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।
-
4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন;
আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।
-
17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;
তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
-
দাউদের গীত।
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;
হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,
এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—
3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন
আর তোমার সব রোগ ভালো করেন,
4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন
আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,
5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন
যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।
-
32 আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে,
সেই পরিত্রাণ পাবে;
কারণ সদাপ্রভুর কথামতো সিয়োন পর্বত ও জেরুশালেমে,
কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে;
আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে,
যাদের সদাপ্রভু আহ্বান করেছেন।”
-
9 আমিই দ্বার, আমার মধ্য দিয়ে যে প্রবেশ করবে, সে রক্ষা পাবে। সে ভিতরে আসবে ও বাইরে যাবে, আর চারণভূমির সন্ধান পাবে। 10 চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়।
11 “আমিই উৎকৃষ্ট মেষপালক। উৎকৃষ্ট মেষপালক মেষদের জন্য তাঁর প্রাণ সমর্পণ করেন।
-
38 “সেই কারণে, আমার ভাইরা, আমি চাই তোমরা অবগত হও যে যীশুর মাধ্যমে সব পাপের ক্ষমা হয়, যা তোমাদের কাছে ঘোষণা করা হচ্ছে। মোশির বিধান যে সমস্ত বিষয় থেকে তোমাদের নির্দোষ করতে পারেনি, 39 যীশুর মাধ্যমে প্রত্যেকজন, যারা বিশ্বাস করে, তারা সেইসব বিষয় থেকে নির্দোষ গণ্য হয়।
-
1 অতএব, এখন যারা খ্রীষ্ট যীশুতে আছে, তাদের প্রতি কোনও শাস্তি নেই, 2 কারণ খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার যে বিধান, তা আমাকে পাপ ও মৃত্যুর বিধান থেকে মুক্ত করেছে। 3 বিধান রক্তমাংসের দ্বারা দুর্বল হওয়াতে যা করতে পারেনি, ঈশ্বর তা করেছেন। তিনি তাঁর নিজ পুত্রকে পাপময় মানবদেহের সাদৃশ্যে পাপার্থক বলিরূপে উৎসর্গ করার জন্য পাঠিয়ে তাই সম্পাদন করেছেন। এভাবে তিনি পাপময় মানুষের রক্তমাংসে পাপের শাস্তি দিলেন, 4 যেন বিধানের ধার্মিক দাবি আমাদের মধ্যে সম্পূর্ণ সিদ্ধ হয়। কারণ আমরা পাপময় প্রকৃতি অনুযায়ী জীবনযাপন করি না কিন্তু আত্মার বশ্যতাধীন হয়ে করি।
-
13 প্রভুর প্রীতিজনক ভাইবোনেরা, আমরা কিন্তু তোমাদের জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতে বাধ্য হই, কারণ পবিত্র আত্মার শুদ্ধকরণের কাজ ও সত্যের প্রতি বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য প্রথম থেকেই ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন।
-
15 এই উক্তি বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং তাদের মধ্যে আমিই নিকৃষ্টতম।
-
19 আমার ভাইবোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে চলে যায় ও অপর কেউ তাকে ফিরিয়ে আনে, 20 তাহলে, একথা মনে রেখো: পাপীকে যে কেউ তার ভুল পথ থেকে ফেরায়, সে তাকে মৃত্যু থেকে রক্ষা করে ও তার সব পাপ ঢেকে দেয়।
-
1 তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:
“আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,
কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।
ঘোড়া ও সওয়ার উভয়কেই
তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।
2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;
তিনি হলেন আমার পরিত্রাণ।
তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,
আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।
-
8 সদাপ্রভুর কাছ থেকে পরিত্রাণ আসে।
তোমার আশীর্বাদ তোমার লোকেদের উপর বর্তাক।
-
36 পুত্রকে যে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করেছে; কিন্তু পুত্রকে যে অমান্য করে, সে জীবন দেখতে পাবে না, কারণ ঈশ্বরের ত্রুোধ তার উপর নেমে আসে।”
-
12 আর অন্য কারও কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে, মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি, যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি।”
-
6 হেরোদ সবার সামনে যেদিন তাঁর বিচারের দিন স্থির করেছিলেন, তার আগের রাতে পিতর দুজন সৈন্যের মাঝখানে দুটি শিকলে বাঁধা অবস্থায় ঘুমিয়েছিলেন। প্রহরীরা প্রবেশপথে পাহারা দিচ্ছিল। 7 হঠাৎই প্রভুর এক দূত সেখানে আবির্ভূত হলেন এবং কারাগারে এক আলো প্রকাশ পেল। তিনি পিতরের বুকের পাশে আঘাত করে তাঁকে জাগিয়ে তুললেন। তিনি বললেন, “তাড়াতাড়ি করো, উঠে পড়ো!” তখন পিতরের দু-হাতের কব্জি থেকে শিকল খসে পড়ল।
8 তারপর সেই দূত তাঁকে বললেন, “তুমি তোমার জামাকাপড় ও চটিজুতো পরে নাও।” পিতর তাই করলেন। দূত তাঁকে বললেন, “তোমার আলখাল্লা তোমার গায়ে জড়িয়ে নাও ও আমাকে অনুসরণ করো।” 9 পিতর তাঁকে অনুসরণ করে কারাগারের বাইরে এলেন, কিন্তু দূত যা করছেন, তা সত্যিই বাস্তবে ঘটছে কি না, সে বিষয়ে কোনও ধারণা করতে পারলেন না। তিনি ভাবলেন যে তিনি কোনো দর্শন দেখছেন। 10 তাঁরা প্রথম ও দ্বিতীয় প্রহরীদলকে অতিক্রম করে যেখান দিয়ে নগরে যাওয়া যায় সেই লোহার দরজার সামনে এসে উপস্থিত হলেন। সেই দরজা তাঁদের জন্য আপনা-আপনি খুলে গেল, তাঁরা তার মধ্য দিয়ে পার হয়ে গেলেন। তাঁরা যখন একটি পথের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে পার হলেন, হঠাৎই দূত তাঁকে ছেড়ে চলে গেলেন।
11 তখন পিতর তাঁর চেতনা ফিরে পেলেন ও বললেন, “এখন আমি নিঃসন্দেহে বুঝতে পারছি যে, প্রভুই তাঁর দূত পাঠিয়ে আমাকে হেরোদের কবল থেকে এবং ইহুদি জনসাধারণের সমস্ত আকাঙ্ক্ষা থেকে উদ্ধার করেছেন।”
-
23 কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অনন্ত জীবন।
-
13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
-
11 কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। 12 এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়, 13 যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে, আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমাময় প্রকাশের প্রতীক্ষায় আছি, 14 যিনি আমাদের জন্য নিজেকে দান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে, যারা তাঁর একান্তই আপন, তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সৎকর্মে আগ্রহী হয়।
-
8 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি,
তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।
9 তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো;
তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।
-
19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল,
মহাজলরাশির মধ্যে তোমার গতিপথ ছিল,
যদিও তোমার পায়ের ছাপ দেখা গেল না।
20 মোশি আর হারোণের হাত দ্বারা
তুমি তোমার লোকেদের মেষপালের মতো পরিচালিত করেছ।
-
17 কেউ কেউ তাদের বিদ্রোহী ব্যবহারে মূর্খ হয়ে উঠল
আর তাদের অপরাধের কারণে কষ্টভোগ করল।
18 তারা খাদ্যদ্রব্য ঘৃণা করল
আর মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছাল।
19 তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল,
এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন।
20 তিনি তাঁর বাক্য পাঠিয়ে তাদের সুস্থ করলেন;
তিনি মৃত্যুর কবল থেকে তাদের উদ্ধার করলেন।
21 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
22 তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক
এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক।
-
1 “সেই সময় মীখায়েল, সেই মহান অধিপতি যে তোমার স্বজাতিকে রক্ষা করে, উঠে দাঁড়াবে। আর এক সংকটের সময় উপস্থিত হবে, এমন সময় যা জগতের বিভিন্ন জাতির উত্থান থেকে আজ পর্যন্ত কখনও ঘটেনি। কিন্তু সেই সময়ে তোমার লোকেরা, যাদের নাম বইতে পাওয়া যাবে, কেবল তারাই রক্ষা পাবে।
-
23 তাঁরা নৌকা চালানো শুরু করলে তিনি ঘুমিয়ে পড়লেন। এমন সময় সাগরে প্রচণ্ড ঝড় উঠল, নৌকা জলে ভর্তি হতে লাগল। তাঁরা এক ভয়ংকর বিপদের সম্মুখীন হলেন।
24 শিষ্যেরা কাছে গিয়ে তাঁকে জাগালেন, “প্রভু, প্রভু, আমরা যে ডুবতে বসেছি!”
তিনি উঠে বাতাস ও উত্তাল জলরাশিকে ধমক দিলেন, ঝড় থেমে গেল। সবকিছু শান্ত হল। 25 তিনি তাঁর শিষ্যদের বললেন, “তোমাদের বিশ্বাস কোথায় গেল?”
ভয়ে ও বিস্ময়ে তাঁরা পরস্পর বলাবলি করলেন, “ইনি তাহলে কে, যিনি বাতাস ও জলকে আদেশ দেন, ও তারা তাঁর কথা মেনে চলে?”
-
24 “আমি তোমাদের সত্যিই বলছি, যে আমার বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করেছে। সে বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ সে মৃত্যু থেকে জীবনে পার হয়েছে। 25 আমি তোমাদের সত্যিই বলছি, সময় আসছে, বরং তা এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের রব শুনতে পাবে; আর যারা শুনবে, তারা জীবিত হবে।
-
16 আবার, ঈশ্বরের অনুগ্রহ-দান একজন ব্যক্তির পাপের পরিণামের মতো নয়: একটিমাত্র পাপের পরিণামে হয়েছিল বিচার ও তা এনেছিল শাস্তি; কিন্তু অনেক অপরাধের পরে এসেছিল অনুগ্রহ-দান, যা নিয়ে এসেছিল নির্দোষিকরণ। 17 কারণ যদি একজন ব্যক্তির অপরাধের কারণে মৃত্যু সেই ব্যক্তির মাধ্যমে কর্তৃত্ব করল, তাহলে যারা যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্য ও ধার্মিকতার অনুগ্রহ-দান লাভ করে, তারা আরও কত না নিশ্চিতরূপে জীবনের উপরে কর্তৃত্ব করবে!
18 সুতরাং, একটি পাপের পরিণামে যেমন সব মানুষের উপর শাস্তি নেমে এসেছিল, তেমনই ধার্মিকতার একটিমাত্র কাজের পরিণামে এল নির্দোষিকরণ, যা সব মানুষের কাছে জীবন নিয়ে আসে। 19 কারণ একজন মানুষের অবাধ্যতার মাধ্যমে যেমন অনেকে পাপী বলে গণ্য হয়েছে, তেমনই সেই একজন ব্যক্তির বাধ্যতার ফলে বহু মানুষকে ধার্মিক বলে গণ্য করা হবে।
-
19 কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে, তাঁর সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে এবং 20 ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।
-
13 তোমাদের সকল পাপে এবং পাপময় স্বভাবে সুন্নতহীন অবস্থায় তোমরা যখন মৃত ছিলে, তখন ঈশ্বর তোমাদের খ্রীষ্টে জীবিত করেছেন। 14 বিধানের যেসব লিখিত নির্দেশনামা আমাদের বিরুদ্ধে ও প্রতিকূলে ছিল, তা তিনি বাতিল করেছেন; ক্রুশে বিদ্ধ করে তিনি তা দূর করেছেন। 15 আর পরাক্রম এবং কর্তৃত্বকে পরাস্ত করে ক্রুশের মাধ্যমে তাদের উপরে বিজয়ী হয়েছেন এবং তাদের প্রকাশ্যে দৃশ্যমান করেছেন।
-
10 কারণ এজন্যই আমরা পরিশ্রম ও কষ্ট স্বীকার করছি। কারণ সেই জীবন্ত ঈশ্বরেরই উপরে আমরা প্রত্যাশা করেছি, যিনি সব মানুষের বিশেষত বিশ্বাসীদের পরিত্রাতা।
-
18 “হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।
-
16 তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন;
গভীর জলরাশি থেকে আমাকে টেনে তুললেন।
17 আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন,
যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য খুবই শক্তিশালী ছিল।
18 আমার বিপদের দিনে তারা আমার মোকাবিলা করেছিল,
কিন্তু সদাপ্রভু আমার সহায় ছিলেন।
19 তিনি আমায় মুক্ত করে এক প্রশস্ত স্থানে আনলেন,
তিনি আমায় উদ্ধার করলেন, কারণ তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;
তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,
কাদা এবং পাঁক থেকে;
তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন
এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।
3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।
অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে
আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
-
1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,
কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,
যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।
তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,
বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে
এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,
2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের
প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,
সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
-
18 কারণ যারা ধ্বংস হচ্ছে সেই ক্রুশের বার্তা তাদের কাছে মূর্খতা, কিন্তু আমরা যারা পরিত্রাণ লাভ করছি, এই বাক্য হল ঈশ্বরের পরাক্রমস্বরূপ।
-
4 কিন্তু সময় যখন সম্পূর্ণ হল, ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন; তিনি এক নারী থেকে জন্ম নিলেন, বিধানের অধীনে জন্মগ্রহণ করলেন, 5 যেন যারা বিধানের অধীন তাদের মুক্তিপণ দিয়ে মুক্ত করেন এবং আমরা পুত্র হওয়ার পূর্ণ অধিকার লাভ করি। 6 যেহেতু আমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যে আত্মা “আব্বা, পিতা” বলে ডেকে ওঠেন। 7 তাই তোমরা আর ক্রীতদাস নও, কিন্তু পুত্র; আর যেহেতু তোমরা পুত্র, ঈশ্বর তোমাদের উত্তরাধিকারীও করেছেন।
-
12 তখন সদাপ্রভু রাতের বেলায় তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন:
“আমি তোমার প্রার্থনা শুনেছি এবং বলিদান উৎসর্গ করার জন্য এক মন্দিররূপে নিজের জন্য আমি এই স্থানটি মনোনীত করেছি।
13 “বৃষ্টি না পড়ার জন্য আমি যখন আকাশ রুদ্ধ করে দেব, বা দেশ ধ্বংস করে দেওয়ার জন্য যখন পঙ্গপালদের আদেশ দেব বা আমার প্রজাদের মাঝে এক মহামারি পাঠাব, 14 তখন যদি যারা আমার নামে পরিচিত, আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপপথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনব, ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব।
-
17 এই যুদ্ধটি তোমাদের করতে হবে না। তোমরা শুধু শক্ত ঘাঁটি গেড়ে বসে থাকো; হে যিহূদা ও জেরুশালেমের লোকজন, শক্ত হয়ে দাঁড়াও ও দেখো, সদাপ্রভু কেমনভাবে তোমাদের উদ্ধার করছেন। তোমরা ভয় পোয়ো না; নিরাশও হোয়ো না। আগামীকাল তাদের সম্মুখীন হতে যেয়ো, এবং সদাপ্রভু তোমাদের সাথে থাকবেন।’ ”
-
12 হে ঈশ্বর, তোমার প্রতি আমার শপথ পূর্ণ করতে আমি বাধ্য;
আমি তোমার কাছে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব।
13 কারণ মৃত্যুর কবল থেকে তুমি আমাকে উদ্ধার করেছ
এবং হোঁচট খাওয়া থেকে আমার পা সাবধানে রেখেছ,
যেন জীবনের আলোতে
আমি ঈশ্বরের সামনে চলতে পারি।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর “ধ্বংস কোরো না।” দাউদকে হত্যা করার জন্য শৌল যখন দাউদের গৃহে লোক পাঠিয়ে গোপনে পাহারা বসিয়েছিলেন।
1 হে ঈশ্বর, আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করো;
যারা আমাকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমার উচ্চদুর্গ হও।
2 অনিষ্টকারীদের কবল থেকে আমাকে উদ্ধার করো
রক্তপিপাসু লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।
-
13 কিন্তু, হে সদাপ্রভু, তোমার অনুগ্রহের সময়ে
আমি তোমার কাছে প্রার্থনা করি;
হে ঈশ্বর, তোমার মহান প্রেমে
তোমার নিশ্চিত পরিত্রাণে আমাকে উত্তর দাও।
14 আমাকে পাঁক থেকে উদ্ধার করো,
আমাকে ডুবে যেতে দিয়ো না;
যারা আমাকে ঘৃণা করে তাদের থেকে
আর গভীর জল থেকে আমাকে উদ্ধার করো।
15 বন্যার জল যেন আমাকে আচ্ছন্ন না করে
গভীর জল যেন আমাকে গ্রাস না করে
মৃত্যুর গর্ত যেন আমাকে গিলে না ফেলে।
-
11 না! আমরা বিশ্বাস করি, প্রভু যীশুর অনুগ্রহের মাধ্যমেই আমরা পরিত্রাণ পেয়েছি, ঠিক যেমন তারাও পেয়েছে।”
-
12 যে কণ্ঠস্বর আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁকে দেখার জন্য আমি পিছন দিকে ফিরে তাকালাম। আর আমি দেখলাম, সাতটি সোনার দীপাধার, 13 ও দীপাধারগুলির মধ্যে “মনুষ্যপুত্রের মতো এক ব্যক্তি”; তাঁর দু-পা লম্বা আলখাল্লায় আবৃত ও তাঁর বুকে জড়ানো সোনার এক বন্ধনী। 14 তাঁর মাথা ও চুল ছিল শুকনো পশমের মতো, এমনকি, তুষারের মতো ধবধবে সাদা এবং তাঁর চোখদুটি ছিল জ্বলন্ত আগুনের শিখার মতো। 15 তাঁর দু-পা ছিল চুল্লিতে পরিষ্কৃত পিতলের মতো ঝকঝকে ও তাঁর কণ্ঠস্বর ছিল প্রবহমান মহা জলস্রোতের মতো। 16 তাঁর ডান হাতে তিনি সাতটি তারা ধরে আছেন ও তাঁর মুখ দিয়ে বার হয়ে আসছে দুদিকে ধারবিশিষ্ট এক তরোয়াল। তাঁর মুখমণ্ডল পূর্ণ দীপ্তিতে উদ্ভাসিত সূর্যের মতো।
17 তাঁকে দেখামাত্র আমি মৃত মানুষের মতো তাঁর চরণে পতিত হলাম। তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, “ভয় পেয়ো না, আমিই আদি ও অন্ত। 18 আমিই সেই জীবিত সত্তা; আমার মৃত্যু হয়েছিল, আর দেখো, আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি! আর মৃত্যু ও পাতালের চাবি আছে আমারই হাতে।
Shows Read in context, Share and Copy.