99 Bible Verses About God's Promises
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
1 আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের একজন প্রেরিতশিষ্য ও দাস,
যারা আমাদের ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের ধার্মিকতার মাধ্যমে আমাদের মতোই বহুমূল্য বিশ্বাস পেয়েছে, তাদের উদ্দেশে এই পত্র লিখছি।
2 ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে জ্ঞানলাভের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে অনুগ্রহ ও শান্তির অধিকারী হও।
3 যিনি নিজ মহিমা ও মহত্ত্বে আমাদের আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞান দ্বারা তাঁর ঐশ্বরিক পরাক্রম আমাদের জীবন ও ভক্তিপরায়ণতা সম্পর্কে যা কিছু প্রয়োজন, সবকিছুই দান করেছেন। 4 এসবের মাধ্যমে তিনি আমাদের তাঁর অত্যন্ত মহান ও বহুমূল্য সব প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যেন সেগুলির মাধ্যমে ঐশ্বরিক স্বভাবের অংশীদার হও। সেই সঙ্গে মন্দ কামনাবাসনার দ্বারা উদ্ভূত যে জগতের কলুষতা, তা থেকে তোমরা পালিয়ে যেতে পারো।
-
18 কিন্তু ঈশ্বর যেমন নিশ্চিতরূপে বিশ্বস্ত, তোমাদের কাছে আমাদের বার্তা তেমনই “হ্যাঁ” বা “না” নয়। 19 কারণ ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্ট, যাঁকে আমি, সীল ও তিমথি তোমাদের কাছে প্রচার করেছিলাম, তিনি “হ্যাঁ” ও “না” মেশানো ছিলেন না, কিন্তু তাঁর মধ্যে সবসময়ই “ইতিবাচক” ব্যাপার ছিল। 20 কারণ ঈশ্বর যত প্রতিশ্রুতিই দিয়েছেন, সেগুলি খ্রীষ্টের মধ্যে “ইতিবাচক” হয়েছে। আর তাই, তাঁরই মাধ্যমে ঈশ্বরের মহিমার উদ্দেশে আমরা “আমেন” বলি। 21 এখন ঈশ্বর তোমাদের সঙ্গে আমাদের, উভয়কেই খ্রীষ্টে দৃঢ়প্রতিষ্ঠ করেছেন। তিনি আমাদের অভিষিক্ত করেছেন, 22 আমাদের উপরে তাঁর অধিকারের সিলমোহর দিয়েছেন এবং সন্নিকট সব বিষয়ের নিশ্চয়তাস্বরূপ তাঁর আত্মাকে আমাদের হৃদয়ে অগ্রিম দানস্বরূপ স্থাপন করেছেন।
-
23 এসো, আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বস্ত।
-
1 পৌল, ঈশ্বরের একজন দাস ও যীশু খ্রীষ্টের একজন প্রেরিতশিষ্য থেকে এই পত্র। ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের কাছে বিশ্বাস প্রচার করতে এবং ভক্তিপরায়ণতার পথে তাদের চালনা করার উদ্দেশ্যে সত্যের তত্ত্বজ্ঞান শিক্ষা দিতে আমাকে পাঠানো হয়েছে। 2 সেই সত্য তাদের আশ্বাস দেয় যে তাদের অনন্ত জীবন আছে যা ঈশ্বর, যিনি মিথ্যা কথা বলতে পারেন না, সময়ের শুরুতেই তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 3 এবং তাঁর নির্ধারিত সময়ে তিনি তাঁর বাক্য ঘোষণা করেছেন যা প্রচার করার ভার আমাদের পরিত্রাতা ঈশ্বরের আদেশে আমারই উপর দেওয়া হয়েছে।
-
13 ঈশ্বর যখন অব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শপথ করার মতো আর মহত্তর কেউ না থাকায়, তিনি নিজের নামেই শপথ করেছিলেন 14 এবং বলেছিলেন, “আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করব এবং তোমাকে বহু বংশধর দান করব।” 15 তাই অব্রাহাম ধৈর্যের সঙ্গে প্রতীক্ষার পরে প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন।
16 আর মানুষ নিজের চেয়েও মহত্তর কারও নামে শপথ করে। আবার যা বলা হয়েছে শপথ তার নিশ্চয়তা দেয় ও সব যুক্তিতর্কের অবসান ঘটায়। 17 কারণ ঈশ্বর তাঁর অপরিবর্তনীয় ইচ্ছাকে প্রতিশ্রুতির উত্তরাধিকারীদের কাছে স্পষ্ট করে প্রকাশ করতে চেয়েছিলেন বলে, তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন। 18 ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি ও শপথ দুই-ই দিয়েছেন। এই দুটি বিষয় অপরিবর্তনীয় কারণ ঈশ্বরের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব। তাই, আমাদের সামনের প্রত্যাশা আঁকড়ে ধরে আমরা শরণ নেওয়ার জন্য তাঁর দিকে ছুটে গিয়েছি যেন আমরা দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। 19 আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙরের মতো, সুদৃঢ় ও নিশ্চিত। তা পর্দার অন্তরালে থাকা মহাপবিত্র স্থানে প্রবেশ করে, 20 যেখানে আমাদের অগ্রগামী যীশু আমাদের পক্ষে প্রবেশ করেছেন। মল্কীষেদকের পরম্পরা অনুসারে তিনি চিরকালের জন্য মহাযাজক হয়েছেন।
-
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
13 অব্রাহাম ও তাঁর বংশ প্রতিশ্রুতি লাভ করেছিলেন, যে তিনি জগতের উত্তরাধিকারী হবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বিধানের মাধ্যমে নয় বরং ধার্মিকতার মাধ্যমে আসে যা বিশ্বাস থেকে উৎপন্ন হয়। 14 কারণ যারা বিধান অনুযায়ী জীবনযাপন করে, তারা যদি উত্তরাধিকারী হয় তাহলে বিশ্বাসের কোনো মূল্যই থাকে না এবং সেই প্রতিশ্রুতিও অর্থহীন হয়, 15 কারণ বিধান নিয়ে আসে ক্রোধ। আর যেখানে বিধান নেই, সেখানে বিধান অমান্য করার অপরাধও নেই।
16 অতএব, সেই প্রতিশ্রুতি আসে বিশ্বাসের দ্বারা, যেন তা অনুগ্রহ অনুসারে সম্ভব হয় এবং অব্রাহামের সকল বংশধরের জন্য নিশ্চয়তা প্রদান করা হয়—কেবলমাত্র যারা বিধান মান্য করে তাদের প্রতি নয়, কিন্তু তাদেরও প্রতি যারা অব্রাহামের বিশ্বাস অবলম্বন করে। তিনি আমাদের সকলের পিতা। 17 যেমন লেখা আছে, “আমি তোমাকে বহু জাতির পিতা করেছি।” যে ঈশ্বরে তিনি বিশ্বাস করেছিলেন, তাঁর দৃষ্টিতে তিনি আমাদের পিতা—সেই ঈশ্বর, যিনি মৃতদের জীবন দান করেন ও যা নেই, তা আছে বলেন।
18 সব আশার প্রতিকূলে, অব্রাহাম প্রত্যাশাতেই বিশ্বাস করলেন এবং এভাবে বহু জাতির পিতা হয়ে উঠলেন, যেমন তাঁকে বলা হয়েছিল, “তোমার বংশ এরকমই হবে।” 19 তাঁর বিশ্বাসে দুর্বল না হয়েও, তিনি এই সত্যের সম্মুখীন হয়েছিলেন যে, তাঁর শরীর মৃত মানুষেরই সদৃশ ছিল—কারণ তাঁর বয়স হয়েছিল প্রায় একশো বছর—আবার সারার গর্ভও অসাড় হয়েছিল। 20 তবুও তিনি অবিশ্বাস করে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পর্কে দ্বিধাগ্রস্ত হলেন না, কিন্তু তাঁর বিশ্বাসে বলীয়ান হয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করলেন। 21 তিনি পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সফল করার ক্ষমতা তাঁর আছে। 22 এই কারণেই “এটি তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল।” 23 “তাঁর পক্ষে গণ্য হয়েছিল,” এই কথাগুলি কেবলমাত্র তাঁরই জন্য লেখা হয়নি, 24 কিন্তু আমাদের জন্য, যারা তাঁকে বিশ্বাস করি, যিনি আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন। 25 আমাদের পাপের জন্য তাঁকে মৃত্যুর কাছে সমর্পণ করা হয়েছিল এবং আমাদের নির্দোষ গণ্য করার জন্য তাঁকে জীবনে উত্থাপিত করা হয়েছে।
-
56 “সেই সদাপ্রভুর গৌরব হোক, যিনি তাঁর প্রতিজ্ঞানুসারে তাঁর প্রজা ইস্রায়েলকে বিশ্রাম দিয়েছেন। তিনি তাঁর দাস মোশির মাধ্যমে যত ভালো ভালো প্রতিজ্ঞা করলেন, তার একটিও ব্যর্থ হয়নি।
-
12 “কিন্তু তোমরা যদি পিছনে ফিরে যাও ও তোমাদের মধ্যে অবশিষ্ট এই সমস্ত জাতির সঙ্গে তোমরা কোনোরকম মৈত্রী স্থাপন করো, যদি তাদের সঙ্গে তোমরা পারস্পরিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করো ও তাদের সহযোগী হও, 13 তবে তোমরা নিশ্চয় জানবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আর এসব জাতিকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন না। তারা বরং তোমাদের পক্ষে জাল ও ফাঁদস্বরূপ হবে, তারা তোমাদের পিঠে চাবুকের মতো ও তোমাদের চোখে কাঁটার মতো হবে, যতক্ষণ না তোমরা এই উৎকৃষ্ট দেশ থেকে বিনষ্ট হও, যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দান করেছেন।
14 “এখন সমস্ত পৃথিবীর যে অন্তিম পথ, আমি সেই পথে যাচ্ছি। তোমরা সমস্ত মনেপ্রাণে জানো যে, সদাপ্রভু যে সমস্ত উৎকৃষ্ট প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলেন, সেগুলির একটিও ব্যর্থ হয়নি। সব প্রতিশ্রুতিই পূর্ণ হয়েছে; একটিও ব্যর্থ হয়নি। 15 কিন্তু, যেমন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রত্যেকটি উৎকৃষ্ট প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হয়েছে, তেমনই সদাপ্রভু যে সমস্ত মন্দ বিষয়ের ব্যাপারে তোমাদের ভীতিপ্রদর্শন করেছেন, তা তোমাদের উপরে নিয়ে আসবেন, যতক্ষণ না এই যে উৎকৃষ্ট দেশ তিনি তোমাদের দান করেছেন, সেখান থেকে তোমাদের ধ্বংস করেন। 16 তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম, যা পালন করার আদেশ তিনি তোমাদের দিয়েছেন, তা লঙ্ঘন করো, এবং গিয়ে অন্য দেবদেবীর পুজো করো ও তাদের সামনে প্রণত হও, তবে সদাপ্রভুর ক্রোধ তোমাদের উপরে ফেটে পড়বে এবং তোমরা দ্রুত সেই উৎকৃষ্ট দেশে বিনষ্ট হবে, যে দেশ তিনি তোমাদের দান করেছেন।”
-
1 সদাপ্রভু অব্রামকে বললেন, “তোমার দেশ, তোমার আত্মীয়স্বজন ও তোমার পৈত্রিক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও, যা আমি তোমাকে দেখাতে চলেছি।
2 “আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব,
আর আমি তোমাকে আশীর্বাদ করব;
আমি তোমার নাম মহান করে তুলব,
আর তুমি এক আশীর্বাদ হবে।
3 যারা তোমাকে আশীর্বাদ করবে, আমি তাদের আশীর্বাদ করব,
আর যারা তোমাকে অভিশাপ দেবে, আমি তাদের অভিশাপ দেব;
আর পৃথিবীর সব লোকজন
তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে।”
-
ইষ্রাহীয় এথনের মস্কীল।
1 আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;
আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা
সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।
2 আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়,
তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।
3 তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি,
আমার দাস দাউদের কাছে আমি শপথ করেছি,
4 ‘আমি তোমার বংশ চিরতরে স্থাপন করব
এবং বংশের পর বংশ তোমার সিংহাসন সুদৃঢ় করব।’ ”
-
11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব।
-
14 মরুপ্রান্তরে মোশি যেমন সেই সাপকে উঁচুতে স্থাপন করেছিলেন, মনুষ্যপুত্রকেও তেমনই উন্নত হতে হবে, 15 যেন যারা তাঁকে বিশ্বাস করে তারা প্রত্যেকেই অনন্ত জীবন পায়।
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন। 18 যে ব্যক্তি তাঁকে বিশ্বাস করে না, তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি। 19 এই হল দণ্ডাদেশ: জগতে জ্যোতির আগমন হয়েছে, কিন্তু মানুষ জ্যোতির পরিবর্তে অন্ধকারকে ভালোবাসলো কারণ তাদের সব কাজ ছিল মন্দ। 20 যে দুষ্কর্ম করে, সে জ্যোতিকে ঘৃণা করে ও জ্যোতির সান্নিধ্যে আসতে ভয় পায়, পাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ হয়ে পড়ে।
-
12 ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।
-
13 কিন্তু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় আছি, তা হবে ধার্মিকতার আবাস।
14 তাহলে, প্রিয় বন্ধুরা, তোমরা যেহেতু এরই প্রতীক্ষা করে আছ তাই সব ধরনের প্রয়াস করো, যেন তোমাদের নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় ও শান্তিতে তাঁর কাছে দেখতে পাওয়া যায়।
-
31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,
“যখন আমি ইস্রায়েলের কুল
ও যিহূদার বংশধরদের সঙ্গে,
একটি নতুন নিয়ম স্থাপন করব।
32 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা
নিয়মের মতো হবে না,
যখন আমি তাদের হাত ধরে
মিশর থেকে বের করে এনেছিলাম,
কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল,
যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,”
সদাপ্রভু এই কথা বলেন।
33 “সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,”
সদাপ্রভু এই কথা বলেন,
“আমি তাদের মনে আমার বিধান দেব
এবং তাদের হৃদয়ে তা লিখে দেব।
আমি তাদের ঈশ্বর হব
আর তারা আমার প্রজা হবে।
34 কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না
বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’
কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত,
তারা সবাই আমার পরিচয় পাবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
“কারণ আমি তাদের পাপ ক্ষমা করব
এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
-
38 পিতর উত্তর দিলেন, “তোমরা প্রত্যেকে মন পরিবর্তন করো ও যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ করো, যেন তোমাদের পাপ ক্ষমা হয়, তাহলে তোমরা ঈশ্বরের দানস্বরূপ পবিত্র আত্মা লাভ করবে। 39 এই প্রতিশ্রুতি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য এবং যারা দূরে আছে তাদের সকলের জন্য—সকলের জন্য যাদেরকে আমাদের ঈশ্বর প্রভু আহ্বান করবেন।”
-
6 এই গুপ্তরহস্য হল, সুসমাচারের মাধ্যমে অইহুদিরা ইস্রায়েলীদের সঙ্গে একই উত্তরাধিকারের শরিক, একত্রে একই দেহের বিভিন্ন অঙ্গ এবং খ্রীষ্ট যীশুতে একই প্রতিশ্রুতির যৌথ অংশীদার।
-
1 এখন বিশ্বাস হল, যা আমরা আশা করি, সে বিষয়ের নিশ্চয়তা এবং যা আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া। 2 এই কারণেই প্রাচীনকালের লোকেরা প্রশংসিত হয়েছিলেন।
3 বিশ্বাসে আমরা বুঝতে পারি যে, সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল; যার ফলে, যা কিছু এখন আমরা দেখি, তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি।
4 বিশ্বাসে হেবল কয়িনের চেয়ে উৎকৃষ্ট বলি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। বিশ্বাসেই তিনি ধার্মিক বলে প্রশংসিত হয়েছিলেন, যখন ঈশ্বর তাঁর বলিদানের সপক্ষে কথা বলেছিলেন। যদিও তিনি মৃত, তবু আজও বিশ্বাসের দ্বারা তিনি কথা বলে চলেছেন।
5 বিশ্বাসেই হনোককে এই জীবন থেকে তুলে নেওয়া হয়েছিল, “এই কারণে তিনি মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেননি। তাঁর সন্ধান পাওয়া গেল না, কারণ ঈশ্বর তাঁকে তুলে নিয়েছিলেন।” ঊর্ধ্বে নীত হওয়ার পূর্বে, ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন বলে তিনি প্রশংসিত হয়েছিলেন। 6 কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ যে ব্যক্তি তাঁর সান্নিধ্যে আসে, তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে, তিনি আছেন এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে, তিনি তাদের পুরস্কার দেন।
7 বিশ্বাসে নোহ, যেসব বিষয় তখনও প্রত্যক্ষ হয়নি, সেগুলি সম্পর্কে সতর্কবাণী লাভ করে তাঁর পরিবারকে রক্ষা করার জন্য ভক্তিপূর্ণ ভয়ে তাঁর বিশ্বাসের দ্বারা একটি জাহাজ নির্মাণ করলেন। বিশ্বাসের দ্বারা তিনি জগৎকে অপরাধী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায়, তিনি তার উত্তরাধিকার হলেন।
8 বিশ্বাসেই অব্রাহাম, যে স্থান তিনি ভাবীকালে উত্তরাধিকার হিসেবে লাভ করবেন, সেই স্থানে যাওয়ার আহ্বান পেয়ে গন্তব্যস্থান না জেনেই, বাধ্যতার সঙ্গে সেই স্থানে গেলেন। 9 এমনকি তিনি যখন সেই দেশে পৌঁছালেন যা ঈশ্বর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে বিশ্বাসে বাস করলেন—কারণ তিনি সেখানে ছিলেন বিদেশি আগন্তুকের মতো, তিনি তাঁবুতে বাস করলেন। আর ইস্হাক ও যাকোব তাঁর মতো তাঁবুতে বাস করলেন, যাঁরা তাঁর সঙ্গে একই প্রতিশ্রুতির উত্তরাধিকার ছিলেন। 10 কারণ তিনি ভিত্তিযুক্ত সেই নগরের প্রতীক্ষায় ছিলেন, ঈশ্বরই যার স্থপতি ও নির্মাতা। 11 বিশ্বাসে সারা, যিনি বন্ধ্যা ছিলেন—তিনি মা হওয়ার সক্ষমতা লাভ করেছিলেন, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁকে বিশ্বস্ত মনে করেছিলেন। 12 আর তাই এই এক ব্যক্তি থেকে অর্থাৎ এক মৃতপ্রায় ব্যক্তি থেকে আকাশের তারার মতো বহুসংখ্যক এবং সমুদ্রতটের বালির কণার মতো অগণিত বংশধর উৎপন্ন হল।
13 এই সমস্ত লোক মৃত্যুবরণ করলেও, তাঁদের কাছে দেওয়া ঈশ্বরের প্রতিশ্রুতিতে তাঁরা বিশ্বাস করেছিলেন। প্রতিশ্রুত দান তাঁরা লাভ করেননি; তাঁরা শুধু সেগুলি দেখেছিলেন এবং দূর থেকে সেগুলিকে স্বাগত জানিয়েছিলেন। তাঁরা স্বীকার করেছিলেন, এই পৃথিবীতে তাঁরা বহিরাগত ও আগন্তুক মাত্র। 14 যাঁরা এসব কথা বলেন, তাঁরা স্পষ্ট ব্যক্ত করেন যে, তাঁরা নিজেদের জন্য একটি দেশের অনুসন্ধান করছেন। 15 তাঁরা যদি তাদের ফেলে-আসা দেশের কথা ভাবতেন, তাহলে ফিরে যাওয়ার সুযোগ তাঁরা পেতেন। 16 বরং, তাঁরা এর চেয়েও উৎকৃষ্ট, এক স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করেছিলেন। তাই ঈশ্বর, তাঁদের ঈশ্বর বলে অভিহিত হতে লজ্জাবোধ করেননি, কারণ তাঁদের জন্য তিনি এক নগর প্রস্তুত করে রেখেছেন।
17 বিশ্বাসে অব্রাহাম, ঈশ্বর যখন তাঁকে পরীক্ষা করলেন, তিনি ইস্হাককে বলিরূপে উৎসর্গ করলেন। যিনি বিভিন্ন প্রতিশ্রুতি লাভ করেছিলেন, তিনি তাঁর একমাত্র ও অনন্য পুত্রকে বলি দিতে উদ্যত হয়েছিলেন, 18 যদিও ঈশ্বর তাঁকে বলেছিলেন, “ইস্হাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে।” 19 অব্রাহাম যুক্তিবিবেচনা করেছিলেন যে, ঈশ্বর মৃত মানুষকেও উত্থাপিত করতে পারেন, তাই আলংকারিকরূপে বলা যেতে পারে, তিনি মৃত্যু থেকে ইস্হাককে ফিরে পেয়েছিলেন।
20 বিশ্বাসে ইস্হাক, যাকোব ও এষৌকে, তাঁদের ভাবীকাল সম্পর্কে আশীর্বাদ করেছিলেন।
21 বিশ্বাসে যাকোব, মৃত্যুর সময় যোষেফের উভয় পুত্রকে আশীর্বাদ করেছিলেন এবং তাঁর লাঠির ডগার উপর হেলান দিয়ে উপাসনা করেছিলেন।
22 বিশ্বাসে যোষেফ, যখন তাঁর অন্তিমকাল ঘনিয়ে এল, তিনি মিশর থেকে ইস্রায়েলীদের নির্গমনের কথা বলেছিলেন এবং তাঁর হাড়গোড় সেখানে কবর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।
23 বিশ্বাসে মোশির বাবা-মা, জন্মের পরে তিন মাস তাঁকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তাঁরা লক্ষ্য করেছিলেন, তিনি কোনও সাধারণ শিশু ছিলেন না। তাঁরা রাজার হুকুমনামায় ভীত হননি।
24 বিশ্বাসে মোশি বড়ো হয়ে উঠলে, ফরৌণের মেয়ের পুত্র বলে পরিচিত হতে অস্বীকার করলেন। 25 তিনি পাপের ক্ষণস্থায়ী সুখ ভোগ করার বদলে, ঈশ্বরের প্রজাদের সঙ্গে নির্যাতন ভোগ করাই শ্রেয় বলে মনে করলেন। 26 মিশরের ঐশ্বর্যের চেয়ে খ্রীষ্টের জন্য অপমান ভোগ করাকে তিনি আরও বেশি মূল্যবান বলে মনে করলেন, কারণ তিনি তাঁর দৃষ্টি ভাবী পুরস্কারের প্রতিই নিবদ্ধ রেখেছিলেন। 27 রাজার ক্রোধ ভয় না করে, তিনি বিশ্বাসে মিশর ত্যাগ করলেন। যিনি দৃষ্টির অগোচর, তিনি তাঁকে দেখেছিলেন বলে অবিচল ছিলেন। 28 বিশ্বাসে তিনি নিস্তারপর্ব পালন ও রক্তসিঞ্চন করলেন, যেন প্রথমজাতদের ধ্বংসকারী দূত ইস্রায়েলের প্রথমজাতদের স্পর্শ না করেন।
29 বিশ্বাসে ইস্রায়েলী লোকেরা শুষ্ক ভূমির মতো লোহিত সাগর পার হয়ে গেল, কিন্তু মিশরীয়রা তা করতে গিয়ে সাগরে তলিয়ে গেল।
30 বিশ্বাসে যিরীহোর প্রাচীর পড়ে গেল, যখন ইস্রায়েলী লোকেরা সেগুলির চারদিকে সাত দিন ধরে প্রদক্ষিণ করল।
31 বিশ্বাসে পতিতা রাহব, গুপ্তচরদের স্বাগত জানিয়েছিল বলে, যারা অবাধ্য হয়েছিল, তাদের সঙ্গে সে নিহত হয়নি।
32 আমি আর কত বলব? গিদিয়োন, বারক, শিমশোন, যিপ্তহ, দাউদ, শমূয়েল ও ভাববাদীদের সম্পর্কে বলার মতো সময় আমার নেই। 33 বিশ্বাসের মাধ্যমে তাঁরা বিভিন্ন রাজ্য জয় করেছিলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন; তাঁরা সিংহের মুখ বন্ধ করেছিলেন, 34 জ্বলন্ত আগুনের শিখা নিভিয়ে দিয়েছিলেন এবং ধারালো তরোয়াল থেকে নিস্তার পেয়েছিলেন; তাঁদের দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছিল; তাঁরা যুদ্ধে পরাক্রমী হয়েছিলেন ও পরজাতীয় সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করেছিলেন। 35 নারীরা তাঁদের মৃতজনেদের ফিরে পেয়েছিলেন, তাঁদের পুনরায় জীবন দান করা হয়েছিল। অন্যেরা যন্ত্রণাভোগ করেছিলেন এবং মুক্ত হতে অস্বীকার করেছিলেন, যেন তাঁরা এক উৎকৃষ্টতর পুনরুত্থানের অংশীদার হতে পারেন। 36 কেউ কেউ বিদ্রুপ ও বেতের আঘাত সহ্য করেছিলেন, অন্যেরা বন্দি ও কারারুদ্ধ হয়েছিলেন। 37 তাঁদের পাথর দিয়ে আঘাত করা হয়েছিল; করাত দিয়ে দু-খণ্ড করা হয়েছিল; তরোয়ালের আঘাতে হত্যা করা হয়েছিল। তাঁরা মেষের ছাল ও ছাগলের ছাল পরে ঘুরে বেড়াতেন; তাঁরা দীনদরিদ্রের মতো ও অত্যাচারিত ও দুর্ব্যবহারের শিকার হতেন। 38 এই জগৎ তাঁদের জন্য যোগ্য স্থান ছিল না; তাঁরা বিভিন্ন মরুভূমিতে, পাহাড়-পর্বতে, গুহায় ও মাটির গর্তে আশ্রয় নিতেন।
39 এরা সবাই বিশ্বাসের জন্য প্রশংসা লাভ করেছিলেন, তবুও এরা কেউই প্রতিশ্রুত বিষয় লাভ করেননি। 40 ঈশ্বর উৎকৃষ্টতর কিছু আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন, যেন আমাদেরই সঙ্গে মিলিতভাবে তাঁদের সিদ্ধতা দান করা হয়।
-
24 দেখো, প্রথম থেকেই তোমরা যা শুনেছ, তা যেন তোমাদের অন্তরে থাকে। যদি তা থাকে, তোমরা পুত্রতে ও পিতাতে থাকবে। 25 আর আমাদের যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তা হল অনন্ত জীবন।
-
12 তোমার দিন ফুরিয়ে যাওয়ার পর ও তোমার পূর্বপুরুষদের সঙ্গে তুমি যখন বিশ্রাম নেবে, তখন আমি তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য তোমার সেই বংশধরকে তুলে আনব, যে হবে তোমারই মাংস ও তোমারই রক্ত, এবং আমি তার রাজ্য স্থির করব। 13 সেই আমার নামের জন্য এক গৃহ নির্মাণ করবে, ও আমি তার রাজ্যের সিংহাসন চিরস্থায়ী করব। 14 আমি তার বাবা হব, ও সে আমার ছেলে হবে। সে যখন ভুলচুক করবে, আমি তখন তাকে লোকজনের চালানো ছড়ি দিয়ে, মানুষের হাতে ধরা চাবুক দিয়ে শাস্তি দেব। 15 কিন্তু আমার প্রেম কখনও তার উপর থেকে সরে যাবে না, যেভাবে আমি সেই শৌলের কাছ থেকে তা সরিয়ে নিয়েছিলাম, যাকে আমি তোমার সামনে থেকে উৎখাত করলাম। 16 তোমার বংশ ও তোমার রাজ্য আমার সামনে চিরস্থায়ী হবে; তোমার সিংহাসনও চিরস্থায়ী হবে।’ ”
-
1 প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এসব প্রতিশ্রুতি আছে, তাই যা কিছু আমাদের শরীর ও আত্মাকে কলুষিত করে, এসো আমরা সেসব থেকে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরের প্রতি সম্ভ্রমবশত পবিত্রতা সিদ্ধ করি।
-
16 সেই প্রতিশ্রুতিগুলি অব্রাহাম ও তাঁর বংশধরের কাছে বলা হয়েছিল। শাস্ত্র এরকম বলেনি, “বংশধরদের কাছে,” যার অর্থ, অনেকের কাছে, কিন্তু “তোমার বংশের কাছে,” যার অর্থ, একজন ব্যক্তি অর্থাৎ খ্রীষ্টের কাছে।
-
13 আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রীষ্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তাঁর মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার মুদ্রাঙ্কণে চিহ্নিত হয়েছ, 14 যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়নাস্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমার প্রশস্তির জন্য তাঁর আপনজনদের মুক্ত করেন।
-
1 ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য, আমি পৌল, খ্রীষ্ট যীশুতে নিহিত জীবনের প্রতিশ্রুতি অনুসারে,
-
22 কারণ লেখা আছে, অব্রাহামের দুই পুত্র ছিল, একজন ক্রীতদাসীর, অন্যজন স্বাধীন নারীর। 23 ক্রীতদাসী নারীর দ্বারা তাঁর পুত্রের জন্ম হয়েছিল স্বাভাবিক উপায়ে, কিন্তু স্বাধীন নারীর দ্বারা তাঁর পুত্রের জন্ম হয়েছিল এক প্রতিশ্রুতির ফলস্বরূপে।
24 এসব বিষয় রূপক অর্থে গ্রহণ করা যেতে পারে, কারণ ওই দুজন নারী দুটি চুক্তির প্রতীকস্বরূপ। একটি চুক্তি সীনয় পর্বত থেকে, তা ক্রীতদাস হওয়ার জন্য সন্তানদের জন্ম দেয়। এ হল হাগার। 25 এখন হাগার হল আরবে স্থিত সীনয় পর্বতের প্রতীক এবং বর্তমানের জেরুশালেম নগরীর সঙ্গে সংগতিপূর্ণ, কারণ সে তার সন্তানদের নিয়ে দাসত্ববন্ধনে আবদ্ধ আছে। 26 কিন্তু ঊর্ধ্বে স্থিত জেরুশালেম স্বাধীন, সে আমাদের প্রকৃত মা। 27 কারণ লেখা আছে,
“ওহে বন্ধ্যা নারী, যে কখনও সন্তান প্রসব করোনি,
আনন্দিত হও;
তোমরা কখনও প্রসবযন্ত্রণা ভোগ করোনি,
আনন্দোল্লাসে ফেটে পড়ো;
কারণ যার স্বামী আছে, সেই নারীর চেয়ে,
যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি।”
28 এখন ভাইবোনেরা, তোমরা ইস্হাকের মতো প্রতিশ্রুতির সন্তান। 29 সেই সময়, স্বাভাবিক উপায়ে জাত পুত্র, ঈশ্বরের আত্মার পরাক্রমে জাত পুত্রকে নির্যাতন করত। তেমনই এখনও হচ্ছে। 30 কিন্তু শাস্ত্র কী বলে? “সেই ক্রীতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ সেই স্বাধীন নারীর সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না।” 31 অতএব ভাইবোনেরা, আমরা ক্রীতদাসীর সন্তান নই, কিন্তু সেই স্বাধীন নারীর সন্তান।
-
9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন।
-
1 এদিকে দেশে এক দুর্ভিক্ষ হল—যা অব্রাহামের সময়কালে হওয়া সাবেক দুর্ভিক্ষের অতিরিক্ত—এবং ইস্হাক গরারে ফিলিস্তিনীদের রাজা অবীমেলকের কাছে গেলেন। 2 সদাপ্রভু ইস্হাককে দর্শন দিয়ে বললেন, “তুমি মিশরে যেয়ো না; সেই দেশেই বসবাস করো, যেখানে আমি তোমাকে বসবাস করতে বলছি। 3 এদেশেই কিছুকাল থেকে যাও, আর আমি তোমার সহবর্তী হব ও তোমাকে আশীর্বাদ করব। কারণ তোমাকে ও তোমার বংশধরদের আমি এইসব দেশ দেব এবং তোমার বাবা অব্রাহামের কাছে করা আমার সেই শপথ বলবৎ করব। 4 আমি তোমার বংশধরদের সংখ্যা আকাশের তারাগুলির মতো বিপুল সংখ্যক করব এবং তাদের এইসব দেশ দেব, এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে, 5 কারণ অব্রাহাম আমার বাধ্য হয়েছিল এবং আমার আদেশ, আমার হুকুম ও আমার নির্দেশনা পালনের ক্ষেত্রে আমি তার কাছে যা কিছু চেয়েছিলাম, সে সবকিছু করেছিল।”
-
43 এভাবে সদাপ্রভু ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাদের দিলেন ও তারা ওই দেশের দখল নিয়ে সেখানে বসতি স্থাপন করল। 44 সদাপ্রভু চারদিক থেকে তাদের বিশ্রাম দিলেন, যেমন তিনি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন। তাদের কোনও শত্রু তাদের সামনে দাঁড়াতে পারল না। সদাপ্রভু তাদের সব শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন। 45 ইস্রায়েল কুলকে সদাপ্রভুর দেওয়া সমস্ত সুন্দর প্রতিশ্রুতির মধ্যে একটিও ব্যর্থ হয়নি; সব প্রতিশ্রুতিই পূর্ণ হল।
-
2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,
আমি তোমার সঙ্গে থাকব;
তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,
সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।
যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,
তুমি দগ্ধ হবে না;
সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।
-
4 একবার, যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা জেরুশালেম ছেড়ে যেয়ো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ, তাঁর অপেক্ষায় থেকো। 5 কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”
-
29 তাঁর সম্পর্কে লিখিত সব কথা তারা সম্পূর্ণ করলে, তারা তাঁকে ক্রুশ থেকে নামিয়ে একটি কবরে সমাধি দিল। 30 কিন্তু ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করলেন। 31 যাঁরা তাঁর সঙ্গে গালীল থেকে জেরুশালেমে যাত্রা করেছিলেন, তিনি তাঁদের কাছে দেখা দিয়েছিলেন। তাঁরা এখন জনসমক্ষে তাঁর সাক্ষী হয়েছেন।
32 “আমরা তোমাদের এই সুসমাচার বলি: ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 33 যীশুকে উত্থাপিত করে তিনি তাদের বংশধরদের, অর্থাৎ আমাদের কাছে তা পূর্ণ করেছেন। দ্বিতীয় গীতে যেমন লেখা আছে,
“ ‘তুমি আমার পুত্র,
আজ আমি তোমার পিতা হয়েছি।’
34 ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, কবরে পচে যাওয়ার জন্য ছেড়ে দেননি। এই সত্য এসব বচনে ব্যক্ত হয়েছে:
“ ‘আমি তোমাকে দাউদের কাছে প্রতিশ্রুত পবিত্র ও সুনিশ্চিত সব আশীর্বাদ দান করব।’
-
35 তাই তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ কোরো না, তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে।
36 তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি যা প্রতিজ্ঞা করেছেন, তা লাভ করতে পারো। 37 কারণ,
আর অতি অল্পকাল পরেই,
“যাঁর আগমন সন্নিকট, তিনি আসবেন,
বিলম্ব করবেন না।
38 কিন্তু আমার ধার্মিক ব্যক্তি,
বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে।
যদি সে পিছিয়ে পড়ে,
আমি তার প্রতি প্রসন্ন হব না।”
39 যারা পিছিয়ে পড়ে ও বিনষ্ট হয়, আমরা তাদের অন্তর্ভুক্ত নই; যারা বিশ্বাস করে ও পরিত্রাণ পায়, আমরা তাদেরই সহভাগী।
-
12 তিনি একটি স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নে তিনি দেখলেন যে একটি সিঁড়ি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে, ও সেটির মাথা আকাশ ছুঁয়েছে, এবং ঈশ্বরের দূতেরা সেটির উপর দিয়ে ওঠানামা করছেন। 13 সেটির মাথায় সদাপ্রভু দাঁড়িয়েছিলেন, এবং তিনি বললেন: “আমি সেই সদাপ্রভু, তোমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ঈশ্বর। তুমি যে জমিতে শুয়ে আছ সেটি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব। 14 তোমার বংশধরেরা পৃথিবীর ধূলিকণার মতো হয়ে যাবে, এবং তুমি পশ্চিমে ও পূর্বে, উত্তরে ও দক্ষিণে ছড়িয়ে পড়বে। তোমার ও তোমার সন্তানসন্ততির মাধ্যমেই পৃথিবীর সব লোকজন আশীর্বাদধন্য হবে। 15 আমি তোমার সাথেই আছি ও তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার উপর নজর রাখব, এবং তোমাকে এই দেশেই ফিরিয়ে আনব। যতদিন না আমি তোমার কাছে আমার করা প্রতিজ্ঞাটি পূরণ করছি, ততদিন আমি তোমাকে ত্যাগ করব না।”
-
19 সদাপ্রভু মানব নন যে তাঁকে মিথ্যা বলতে হবে,
মনুষ্য সন্তান নন যে তাঁর মতের পরিবর্তন করবেন।
তিনি কথা দিয়ে কি কাজে রূপায়িত করেন না?
প্রতিজ্ঞা করে তিনি কি পূর্ণ করেন না?
-
9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
-
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,
তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;
যারা তোমার বিরোধিতা করে,
তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।
12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,
তুমি তাদের সন্ধান পাবে না।
যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।
-
1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। 4 আমি যেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পথ তোমরা জানো।”
-
29 আর তোমরা যদি খ্রীষ্টের হও, তাহলে তোমরা অব্রাহামের বংশ, সেই প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরাধিকারী।
-
8 শরীরচর্চার কিছু মূল্য আছে, কিন্তু ভক্তির মূল্য আছে সব বিষয়ে। তা এই জীবন এবং পরের জীবন, উভয় জীবনেরই জন্য মঙ্গলময়।
-
5 আমার প্রিয় ভাইবোনেরা, তোমরা শোনো: জগতের দৃষ্টিতে যারা দরিদ্র, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি, যেন তারা বিশ্বাসে ধনী হয় এবং যারা তাঁকে ভালোবাসে, তাদের কাছে প্রতিশ্রুত রাজ্যের অধিকারী হয়?
-
6 কেননা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক। পৃথিবীর যত জাতি আছে সে সকলের মধ্যে থেকে নিজের লোক, তাঁর অধিকারের সম্পদ করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরই মনোনীত করেছেন।
7 অন্য জাতির চেয়ে তোমাদের লোকসংখ্যা বেশি মনে করে যে সদাপ্রভু তোমাদের স্নেহ করেছেন ও মনোনীত করেছেন তা নয়, কারণ অন্য সব জাতির চেয়ে তোমরা সংখ্যায় অল্প ছিলে। 8 কিন্তু এই জন্য যে, সদাপ্রভু তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন তা রক্ষা করতে তিনি তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাদের দাসত্বের দেশ ও মিশরের রাজা ফরৌণের ক্ষমতা থেকে উদ্ধার করেছেন। 9 অতএব তোমরা জেনে রেখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর; তিনি হলেন বিশ্বস্ত ঈশ্বর, যারা তাঁকে ভালোবাসে ও তাঁর আদেশগুলি পালন করে তাদের জন্য তিনি যে ভালোবাসার বিধান স্থাপন করেছেন তা তিনি হাজার হাজার পুরুষ পর্যন্ত রক্ষা করেন। 10 কিন্তু
যারা তাঁকে ঘৃণা করে তাদের ধ্বংস করে তিনি তার শোধ দেন;
তাঁর ঘৃণাকারীদের শোধ দিতে তিনি দেরি করেন না।
11 অতএব, আজ আমি তোমাদের যেসব আদেশ, অনুশাসন ও বিধান দিচ্ছি তা তোমরা যত্নের সঙ্গে পালন করবে।
-
6 আর এখন, ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দান করেছিলেন, তারই উপর আমার প্রত্যাশার জন্য, আজ আমি বিচারের সম্মুখীন হয়েছি। 7 আমাদের বারো গোষ্ঠী সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার প্রত্যাশায় আগ্রহভরে দিনরাত ঈশ্বরের সেবা করে আসছে। মহারাজ, এই প্রত্যাশার জন্যই ইহুদিরা আমাকে অভিযুক্ত করেছে।
-
22 কিন্তু শাস্ত্র ঘোষণা করে যে, সমস্ত জগৎ পাপের কাছে বন্দি হয়ে আছে, যেন যা প্রতিশ্রুত হয়েছিল, তা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে দেওয়া যায় ও যারা বিশ্বাস করে, তাদের প্রতি দেওয়া হয়।
-
2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে। 5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে। 6 কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে, সে যেন সন্দেহ না করে। কারণ যে সন্দেহ করে, সে সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসে তাড়িত ও উৎক্ষিপ্ত।
-
1 প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে এ আমার দ্বিতীয় পত্র। তোমাদের সরল ভাবনাচিন্তাকে উদ্দীপিত করার জন্য এই দুটি পত্রে আমি তোমাদের মনে করিয়ে দিয়েছি। 2 অতীতে পবিত্র ভাববাদীরা যেসব কথা বলে গিয়েছেন এবং তোমাদের প্রেরিতশিষ্যদের মাধ্যমে প্রদত্ত আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যে আদেশ দিয়েছেন, আমি চাই তোমরা যেন সেগুলি মনে রাখো।
3 প্রথমে, তোমরা অবশ্যই বুঝে নিয়ো যে, শেষের দিনে ব্যঙ্গ-বিদ্রুপকারীদের আবির্ভাব ঘটবে; তারা ব্যঙ্গবিদ্রুপ করবে ও নিজের নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে। 4 তারা বলবে, “তাঁর পুনরাগমনের প্রতিশ্রুতির কী হল? আমাদের পিতৃপুরুষদের যখন থেকে মৃত্যু হয়েছে, সৃষ্টির রচনাকাল থেকে সবকিছু যেমন চলছিল, তেমনই চলছে।”
-
8 প্রিয় বন্ধুরা, এই একটি কথা কিন্তু ভুলে যেয়ো না: প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান। 9 প্রভু তাঁর প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘসহিষ্ণু, তিনি চান না, কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান, প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে।
-
7 “চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ করো, তোমরা পাবে; কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। 8 কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।
9 “তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে রুটি চাইলে, তাকে পাথর দেবে? 10 অথবা, মাছ চাইলে তাকে সাপ দেবে? 11 তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরও কত না উৎকৃষ্ট সব উপহার নিশ্চিতরূপে দান করবেন?
-
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
-
25 যীশু তাঁকে বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে। 26 আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু কখনও হবে না। তুমি কি একথা বিশ্বাস করো?”
-
1 অতএব, তাঁর বিশ্রামে প্রবেশ করার প্রতিশ্রুতি বলবৎ থাকলেও, তোমাদের কেউ যেন তা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এসো, আমরা সতর্ক হই।
-
45 ধন্য সেই নারী, যে বিশ্বাস করেছে, প্রভুর প্রতিশ্রুতি তাঁর জীবনে সার্থক হয়ে উঠবে।”
-
12 তবু যতজন তাঁকে গ্রহণ করল, যারা তাঁর নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। 13 তারা স্বাভাবিকভাবে জাত নয়, মানবিক ইচ্ছা বা পুরুষের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত।
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।
-
31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে? 32 যিনি তাঁর নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে সমর্পণ করেছেন—তিনি কি তাঁর সঙ্গে সবকিছুই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না? 33 ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে কে অভিযোগ করবে? ঈশ্বরই তাদের নির্দোষ প্রতিপন্ন করেন। 34 কে তাহলে দোষী সাব্যস্ত করবে? খ্রীষ্ট যীশু, যিনি মৃত্যুবরণ করেছেন—তার চেয়েও বড়ো কথা, যাঁকে জীবনে উত্থাপিত করা হয়েছিল—তিনি ঈশ্বরের ডানদিকে উপস্থিত আছেন এবং আমাদের জন্য অনুরোধও করছেন। 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,
“তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,
বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”
37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।
-
11 এখন, খ্রীষ্ট যখন আগত উৎকৃষ্ট বিষয়গুলির জন্য মহাযাজকরূপে এলেন, তিনি আরও বেশি মহৎ ও নিখুঁত সমাগম তাঁবুর মধ্য দিয়ে প্রবেশ করলেন, যা মানবসৃষ্ট নয়; এমনকি, যা এই সৃষ্টিরই অঙ্গ নয়। 12 তিনি ছাগল ও বাছুরের রক্ত নিয়ে প্রবেশ করেননি; সেই মহাপবিত্র স্থানে তিনি নিজের রক্ত নিয়ে চিরকালের মতো একবারই প্রবেশ করেছেন এবং আমাদের জন্য অনন্তকালীন মুক্তি অর্জন করেছেন। 13 যারা সংস্কারগতভাবে অশুচি, বাহ্যিকভাবে শুচিশুদ্ধ করার জন্য তাদের উপরে ছাগল ও ষাঁড়ের রক্ত এবং দগ্ধ বকনা-বাছুরের ভস্ম ছিটিয়ে দেওয়া হত। 14 তাহলে আমরা যেন জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি, এই উদ্দেশ্যে যিনি চিরন্তন আত্মার মাধ্যমে নিষ্কলঙ্ক বলিরূপে নিজেকেই ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টের রক্ত আমাদের বিবেককে মৃত্যুমুখী ক্রিয়াকলাপ থেকে আরও কত না নিশ্চিতরূপে শুচিশুদ্ধ করবে!
15 এই কারণে খ্রীষ্ট এক নতুন নিয়মের মধ্যস্থতাকারী, যেন আহূতজনেরা চিরন্তন উত্তরাধিকার লাভ করতে পারে। এখন তা সম্ভব, কারণ প্রথম নিয়মের সময়ে তারা যেসব পাপ করেছিল, তা থেকে তাদের উদ্ধার করতে তিনি মুক্তিপণরূপে মৃত্যুবরণ করেছেন।
-
7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। 8 ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো।
-
7 সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়ে বললেন, “তোমার সন্তানসন্ততিকে আমি এই দেশ দেব।” তাই তিনি সেখানে সেই সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন, যিনি তাঁকে দর্শন দিয়েছিলেন।
-
8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”
-
8 তাঁর অবিচল প্রেম কি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়েছে?
সর্বকালের জন্য কি তাঁর প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে?
-
31 সেই কারণে, ‘আমরা কী খাব?’ বা ‘আমরা কী পান করব?’ বা ‘আমরা কী পরব?’ এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা কোরো না। 32 কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। 33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে।
-
27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।
-
13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
-
24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।
25 ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।
26 পবিত্র চুম্বনে সব বিশ্বাসীকে সাদর সম্ভাষণ জানিয়ো।
27 প্রভুর সাক্ষাতে আমি তোমাদের মিনতি করছি, সব ভাইবোনেদের কাছে এই পত্র যেন পাঠ করা হয়।
28 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে বিরাজ করুক।
-
11 একটি বিশ্বাসযোগ্য উক্তি হল:
আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করে থাকি,
তাহলে তাঁর সঙ্গে জীবিতও থাকব;
12 যদি সহ্য করি,
তাহলে তাঁর সঙ্গে রাজত্বও করব।
যদি তাঁকে অস্বীকার করি,
তিনিও আমাদের অস্বীকার করবেন।
13 আমরা যদি বিশ্বাসবিহীন হই,
তিনি থাকবেন চির বিশ্বস্ত,
কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না।
-
5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,
“আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,
কখনও তোমায় পরিত্যাগ করব না।”
-
17 সমস্ত উৎকৃষ্ট ও নিখুঁত দান ঊর্ধ্বলোক থেকে, আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর সেই পিতা থেকে আসে। তিনি কখনও পরিবর্তন হন না বা ছায়ার মতো সরে যান না। 18 তিনি আমাদের মনোনীত করে সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, যেন তাঁর সমগ্র সৃষ্টির মধ্যে আমরা এক প্রকার প্রথম ফসলরূপে গণ্য হতে পারি।
-
8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;
তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।
-
20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”
-
9 “তাই আমি তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ করো, তোমরা পাবে; কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। 10 কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।
11 “তোমাদের মধ্যে এমন বাবা কে আছে, ছেলে রুটি চাইলে যে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তার পরিবর্তে সাপ দেবে? 12 অথবা সে ডিম চাইলে তাকে কাঁকড়াবিছে দেবে? 13 তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরও কত না নিশ্চিতরূপে পবিত্র আত্মা দান করবেন!”
-
36 পুত্রকে যে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করেছে; কিন্তু পুত্রকে যে অমান্য করে, সে জীবন দেখতে পাবে না, কারণ ঈশ্বরের ত্রুোধ তার উপর নেমে আসে।”
-
13 আর আমার নামে তোমরা যা কিছু চাইবে, আমি তাই পূরণ করব, যেন পুত্র পিতাকে মহিমান্বিত করেন। 14 আমার নামে তোমরা যা কিছু চাইবে, আমি তা পূরণ করব।
15 “তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সব আদেশ পালন করবে। 16 আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায় তোমাদের দান করবেন। 17 তিনি সত্যের আত্মা। জগৎ তাঁকে গ্রহণ করতে পারে না। কারণ জগৎ তাঁকে দেখে না, তাঁকে জানেও না। কিন্তু তোমরা তাঁকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে থাকবেন। 18 আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব।
-
11 অতএব স্মরণ করো, এক সময় তোমরা, যারা জন্মসূত্রে অইহুদি ছিলে, মানুষের হাতে করা “সুন্নতপ্রাপ্ত” ব্যক্তিরা তোমাদের “সুন্নতহীন” বলে অভিহিত করত। 12 স্মরণ করো, সেই সময় তোমরা খ্রীষ্টের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, ইস্রায়েলের নাগরিকত্বের সঙ্গে তোমরা ছিলে সম্পর্কহীন এবং প্রতিশ্রুতির নিয়মের কাছে ছিলে অসম্পর্কিত। তোমাদের কোনও আশা ছিল না এবং পৃথিবীতে তোমরা ছিলে ঈশ্বরবিহীন।
-
8 তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন,
যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার বংশ পর্যন্ত,
9 যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন,
যে শপথ তিনি ইস্হাকের কাছে করলেন।
10 তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন,
ইস্রায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়মরূপে:
11 “তোমাকেই আমি সেই কনান দেশ দেব
সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।”
-
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,
যার মন সুস্থির,
কারণ সে তোমার উপরে নির্ভর করে।
-
67 তখন তার পিতা সখরিয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। তিনি বললেন:
68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক,
কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।
69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য
এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,
70 (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন),
71 যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই,
যারা আমাদের ঘৃণা করে,
তাদের হাত থেকে রক্ষা পাই,
72 আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন
এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য,
73 আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন:
74 তিনি আমাদের সব শত্রুর হাত থেকে
আমাদের নিস্তার করবেন,
যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন,
75 যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই।
76 “আর তুমি, আমার শিশুসন্তান,
তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে,
কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য
তুমি তাঁর অগ্রগামী হবে;
77 তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে
পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।
78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে,
স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।
79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে,
তাদের উপর আলো বিকীর্ণ করতে,
আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
-
49 আর দেখো, পিতার প্রতিশ্রুত দান আমি তোমাদের জন্য পাঠিয়ে দিতে যাচ্ছি; কিন্তু ঊর্ধ্বলোক থেকে আগত শক্তি লাভ না করা পর্যন্ত তোমরা এই নগরেই অবস্থান করো।”
-
36 তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন, তাহলেই তোমরা প্রকৃত মুক্ত হবে।
-
17 “ঈশ্বর অব্রাহামের কাছে যে প্রতিশ্রুতি করেছিলেন, তা পূর্ণ হওয়ার সময় সন্নিকট হলে, মিশরে আমাদের লোকদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেল।
-
4 কিন্তু সময় যখন সম্পূর্ণ হল, ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন; তিনি এক নারী থেকে জন্ম নিলেন, বিধানের অধীনে জন্মগ্রহণ করলেন, 5 যেন যারা বিধানের অধীন তাদের মুক্তিপণ দিয়ে মুক্ত করেন এবং আমরা পুত্র হওয়ার পূর্ণ অধিকার লাভ করি।
-
5 যে বিজয়ী হবে, সেও তাদের মতোই সাদা পোশাক পরবে। আমি জীবনপুস্তক থেকে তার নাম কখনও মুছে ফেলব না, কিন্তু আমার পিতার ও তাঁর দূতদের সামনে তার নাম স্বীকার করব।
-
15 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার স্বর্গ থেকে অব্রাহামকে ডাক দিলেন 16 এবং বললেন, “সদাপ্রভু ঘোষণা করছেন, আমি নিজের নামে শপথ করছি, যেহেতু তুমি এই কাজটি করেছ এবং আমাকে তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি, 17 তাই অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশধরদের আকাশের তারাগুলির মতো ও সমুদ্রের বালুকণার মতো বিপুল সংখ্যক করে তুলব। তোমার বংশধররা তাদের শত্রুদের নগরগুলি দখল করে নেবে, 18 এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে, কারণ তুমি আমার বাধ্য হয়েছ।”
-
14 সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন; তোমাদের শুধু স্থির হয়ে থাকতে হবে।”
-
10 সদাপ্রভু মোশিকে বললেন, 11 “যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস, ইস্রায়েলীদের প্রতিকূলে আমার ক্রোধ নিবৃত্ত করেছে, কারণ আমার সম্মান রক্ষার জন্য আমার মতোই সেও উদ্যোগী হয়েছে। তাই আমি ক্রোধ প্রকাশ করে তাদের শেষ করে দিইনি। 12 সেইজন্য তাকে বলো, আমি তার সঙ্গে আমার শান্তিচুক্তি কার্যকর করছি। 13 সে ও তার বংশধরেরা চিরকাল যাজকত্ব পদের জন্য চুক্তিবদ্ধ হল, কারণ সে তার ঈশ্বরের সম্মান রক্ষার উদ্যোগী হয়ে ইস্রায়েলীদের জন্য প্রায়শ্চিত্ত সাধন করেছে।”
-
4 এখন সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন। তোমরা তোমাদের স্বভূমিতে, যে দেশটি সদাপ্রভুর দাস মোশি তোমাদের দিয়েছিলেন, সেই জর্ডন নদীর ওপারে তোমাদের ঘরে ফিরে যাও।
-
35 আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি—
আর আমি দাউদকে মিথ্যা বলব না—
36 যে তার বংশ চিরস্থায়ী হবে
এবং তার সিংহাসন আমার সামনে সূর্যের মতো স্থির রইবে
-
18 “এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,”
সদাপ্রভু একথা বলেন।
“তোমাদের পাপের রং টকটকে লাল হলেও
সেগুলি বরফের মতো সাদা হবে;
যদিও তা গাঢ় লাল রংয়ের হয়,
সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
-
24 সেই কারণে আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাও, বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ, তবে তোমাদের জন্য সেরকমই হবে।
-
25 আমি তোমাদের সত্যিই বলছি, সময় আসছে, বরং তা এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের রব শুনতে পাবে; আর যারা শুনবে, তারা জীবিত হবে। 26 কারণ পিতার মধ্যে যেমন জীবন আছে, তেমনই তিনি পুত্রকেও তাঁর মধ্যে জীবন রাখার অধিকার দিয়েছেন। 27 পিতা পুত্রকে বিচার করার অধিকার দিয়েছেন, কারণ তিনি মনুষ্যপুত্র।
28 “তোমরা একথায় বিস্মিত হোয়ো না, কারণ এমন এক সময় আসছে, যখন কবরস্থ লোকেরা সকলে তাঁর কণ্ঠস্বর শুনবে এবং 29 যারা সৎকাজ করেছে, তারা জীবনের পুনরুত্থানের জন্য, আর যারা দুষ্কর্ম করেছে, তারা বিচারের পুনরুত্থানের জন্য বের হয়ে আসবে।
-
7 তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তোমরা যা কিছুই প্রার্থনা করো, তা তোমাদের দেওয়া হবে। 8 এতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর এর দ্বারাই প্রমাণিত হয় যে তোমরা আমার শিষ্য।
-
23 কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অনন্ত জীবন।
-
7 প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। 8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো।
-
9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
-
17 আমি যা বলতে চাই, তা হল, যে বিধান 430 বছর পরে প্রবর্তিত হল, তা পূর্বে ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত নিয়মকে বাতিল করতে পারে না এবং এভাবে সেই প্রতিশ্রুতি বিফল হতে পারে না।
-
18 কারণ উত্তরাধিকার যদি বিধানের উপরে নির্ভরশীল হয়, তাহলে তা আর কোনো প্রতিশ্রুতির উপরে নির্ভরশীল হয় না; কিন্তু ঈশ্বর তাঁর অনুগ্রহে এক প্রতিশ্রুতির মাধ্যমে অব্রাহামকে তা দান করেছিলেন।
-
3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন।
-
12 কারণ আমি তাদের পাপ ক্ষমা করব
এবং তাদের অনাচার আর কোনোদিন স্মরণ করব না।”
-
25 দেখো, যিনি কথা বলেন, তাঁকে যেন তোমরা অগ্রাহ্য না করো। যিনি পৃথিবীতে তাদের সতর্ক করে দিয়েছিলেন, তাঁকে অগ্রাহ্য করে তারা যদি অব্যাহতি না পেয়ে থাকে, তাহলে যিনি স্বর্গ থেকে আমাদের সতর্ক করেন, তাঁর প্রতি যদি আমরা বিমুখ হই, তাহলে নিশ্চিত যে আমরা নিষ্কৃতি পাব! 26 সেই সময় তাঁর কণ্ঠস্বর পৃথিবীকে কম্পিত করেছিল, কিন্তু এখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, “আর একবার, আমি শুধুমাত্র পৃথিবীকে নয়, কিন্তু আকাশমণ্ডলকেও প্রকম্পিত করব।” 27 “আর একবার” উক্তিটির তাৎপর্য হল, যেসব সৃষ্টবস্তু প্রকম্পিত করা যায়, সেগুলি দূর করা হবে, কিন্তু যা প্রকম্পিত করা যায় না, সেগুলি স্থায়ী হবে।
28 অতএব, আমরা যে রাজ্য গ্রহণ করতে চলেছি, তা প্রকম্পিত হবে না; তাই এসো আমরা কৃতজ্ঞ হই এবং শ্রদ্ধায় ও সম্ভ্রমে ঈশ্বরের প্রীতিজনক উপাসনা করি। 29 কারণ আমাদের “ঈশ্বর সবকিছু পুড়িয়ে দেওয়া আগুনের মতো।”
-
4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”
Shows Read in context, Share and Copy.