38 Bible Verses About Education

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Education
  1. 7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

    কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।

    প্রস্তাবনা: সাগ্রহে প্রজ্ঞা গ্রহণ করার পরামর্শ দান

    8 হে আমার বাছা, তোমার বাবার উপদেশ শোনো,

    আর তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।

    9 এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে

    ও এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে।

  2. 14 কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ, তা পালন করে চলো। কারণ, তুমি জানো যে তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ, 15 এবং ছোটোবেলা থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সবকিছু খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম। 16 সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, 17 যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।

  3. 4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।

  4. 11 নীরবে এবং সম্পূর্ণ বশ্যতার সঙ্গে নারীর শিক্ষাগ্রহণ করা উচিত। 12 শিক্ষা দেওয়ার বা পুরুষের উপর কর্তৃত্ব করার অনুমতি আমি নারীকে দিই না, সে নীরব হয়ে থাকবে। 13 কারণ, প্রথমে সৃষ্টি হয়েছিল আদমের, পরে হবার। 14 আর আদম প্রতারিত হননি, নারীই প্রতারিত হয়ে পাপী প্রতিপন্ন হলেন। 15 কিন্তু নারী যদি আত্মসংযমের সঙ্গে বিশ্বাস, প্রেম ও পবিত্রতা বজায় রাখে, তাহলে সন্তান-ধারণের মধ্য দিয়ে সে মুক্তি পাবে।

  5. 6 সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত,

    ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।

  6. 1 সন্তানেরা, তোমরা প্রভুতে বাবা-মার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সংগত। 2 “তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো,” এই হল প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি, 3 “যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো।”

    4 তোমরা যারা বাবা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ কোরো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের গড়ে তোলো।

  7. 12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

    15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  8. 4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,

    তোমার পন্থাসকল আমায় শেখাও।

    5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,

    কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,

    এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।

  9. 10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

    ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।

  10. 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  11. 15 সর্বোত্তম প্রচেষ্টার দ্বারা তুমি ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিতরূপে উপস্থাপন করো; এমন কার্যকারী হও, যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে।

  12. 25 সেই সময় যীশু বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ। 26 হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।

    27 “আমার পিতা সবকিছুই আমার হাতে সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবলমাত্র পিতা জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবলমাত্র পুত্র জানেন ও পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করেন, সেই জানে।

    28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  13. 13 উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না;

    তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন।

  14. 9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;

    ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।

  15. 3 “আমি একজন ইহুদি, কিলিকিয়ার তার্ষ নগরে আমার জন্ম, কিন্তু এই নগরে বড়ো হয়েছি। গমলীয়েলের অধীনে আমি আমাদের পিতৃপুরুষদের বিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ শিক্ষা লাভ করেছি। আজ আপনারা যেমন, একদিন আমিও আপনাদেরই একজনের মতো ঈশ্বরের পক্ষে উদ্যমী ছিলাম।

  16. 24 তোমাদের জন্য আমি আমার দেহে যে দুঃখকষ্ট আমি ভোগ করেছি তার জন্য এখন আমি আনন্দ বোধ করছি কারণ এভাবে আমি খ্রীষ্টের কষ্টভোগে অংশগ্রহণ করছি যা তাঁর দেহ অর্থাৎ মণ্ডলীর ক্ষেত্রে বজায় রয়েছে। 25 তোমাদের কাছে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ঈশ্বর আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি মণ্ডলীর দাসত্ব বরণ করেছি। 26 যুগযুগাম্ত এবং বহু প্রজন্ম ধরে এই গুপ্তরহস্য গোপন রাখা হয়েছিল, কিন্তু এখন তা পবিত্রগণের কাছে প্রকাশ করা হয়েছে। 27 কারণ ঈশ্বর চেয়েছিলেন, তাঁরা জানবে যে খ্রীষ্টের ঐশ্বর্য ও গৌরব অইহুদিদের জন্যও। আর এই হল সেই গুপ্তরহস্য: খ্রীষ্ট তোমাদের মধ্যে বাস করেন; এই সত্য তোমাদের আশ্বাস দেয় যে তোমরাও তাঁর গৌরবের ভাগীদার হবে।

    28 আমরা তাঁকেই প্রচার করি। প্রত্যেককে আমরা পূর্ণরূপে সতর্ক করে তুলি এবং শিক্ষা দিই যেন প্রত্যেককে খ্রীষ্টে নিখুঁতরূপে উপস্থিত করতে পারি। 29 এই উদ্দেশ্যে খ্রীষ্টের যেসব শক্তি আমার মধ্যে প্রবলভাবে সক্রিয়, তাঁরই সহায়তায় আমি পরিশ্রম ও সংগ্রাম করে চলেছি।

  17. 11 তুমি এই সমস্ত বিষয়ে নির্দেশ ও শিক্ষা দাও। 12 তুমি যুবক বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে, কিন্তু কথায়, আচার-আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায়, বিশ্বাসীদের মধ্যে আদর্শ হয়ে ওঠো। 13 আমি না আসা পর্যন্ত প্রকাশ্যে শাস্ত্র পাঠ, প্রচার ও শিক্ষাদানে নিজেকে নিযুক্ত রাখো। 14 তুমি যে বরদান লাভ করেছ, তা অবহেলা কোরো না, যা ভাববাণীমূলক বার্তার মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছিল, যখন প্রাচীনেরা তোমার উপরে হাত রেখেছিলেন।

    15 এসব বিষয়ে মনঃসংযোগ করো, সম্পূর্ণভাবে সেগুলিতে আত্মনিয়োগ করো, সকলে যেন তোমার উন্নতি দেখতে পায়। 16 তোমার জীবন ও শাস্ত্রশিক্ষা সম্বন্ধে একান্তভাবে সচেতন থেকো। এসব পালন করে চলো তাহলে তুমি নিজেকে এবং তোমার কথা যারা শোনে, তাদেরও রক্ষা করতে পারবে।

  18. 3 কেউ যদি ভ্রান্ত ধর্মশিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অভ্রান্ত নির্দেশ ও ঐশ্বরিক শিক্ষার সঙ্গে একমত না হয়, 4 তাহলে সে গর্বে অন্ধ ও নির্বোধ। ঝগড়া ও তর্কবিতর্কের প্রতিই তার অকারণ আগ্রহ, ফলে সৃষ্টি হয় ঈর্ষা, বিবাদ, বিদ্বেষপূর্ণ কথাবার্তা, হীন সন্দেহ; 5 এবং কলুষিতমনা লোকদের মধ্যে সৃষ্টি হয় অবিরত দ্বন্দ্ব। তারা সত্যভ্রষ্ট হয়েছে এবং ভক্তিকে তারা অর্থলাভের উপায় বলে মনে করে।

  19. 19 সেগুলি তোমাদের সন্তানদের শেখাবে, ঘরে বসে কথা বলার সময় আর যখন তাদের সঙ্গে হাঁটবে, যখন শোবার সময় ও বিছানা থেকে উঠবার সময়। 20 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে,

  20. 16 সোনার চেয়ে প্রজ্ঞা লাভ করা কতই না ভালো,

    রুপোর পরিবর্তে দূরদর্শিতা অর্জন করা শ্রেয়!

  21. 15 বিচক্ষণ মানুষদের অন্তর জ্ঞানার্জন করে,

    কারণ জ্ঞানবানদের কান তা খুঁজে বের করে।

  22. 3 তারপর রাজা তার কর্মচারীদের প্রধান অস্পনসকে ইস্রায়েলী বন্দিদের মধ্যে থেকে রাজবংশ ও উচ্চবংশের এমন কয়েকজন যুবককে বাছাই করতে বললেন, 4 যাদের কোনো শারীরিক খুঁত থাকবে না, তারা সুদর্শন, সমস্ত বিষয় শিখতে আগ্রহী, বিচক্ষণ, জ্ঞানে নিপুণ এবং রাজপ্রাসাদে থাকবার যোগ্য হবে; আর তিনি তাদের ব্যাবিলনীয়দের ভাষা ও সাহিত্য শিক্ষা দেবেন। 5 রাজা নিজের আহারের খাদ্য ও পানীয় দ্রাক্ষারস থেকে তাদের জন্য প্রতিদিনের অংশ দিতে আদেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই সময়ের শেষে তারা রাজকাজে নিযুক্ত হবে।

    6 বাছাই করা এই যুবকদের মধ্যে যিহূদা বংশের দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয় ছিলেন। 7 কর্মচারীদের প্রধান তাদের নতুন নাম দিলেন; দানিয়েলকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক এবং অসরিয়কে অবেদনগো।

  23. 17 ঈশ্বর এই চারজন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায়, জ্ঞান ও পারদর্শিতা দিলেন। আর দানিয়েল সমস্ত দর্শন ও স্বপ্ন বুঝে ব্যাখ্যা করতে পারতেন।

  24. 17 “এরকম মনে কোরো না যে, বিধান বা ভাববাদীদের গ্রন্থগুলি আমি লোপ করতে এসেছি; সেগুলি লোপ করার জন্য আমি আসিনি, কিন্তু পূর্ণ করার জন্যই এসেছি। 18 আমি তোমাদের প্রকৃতই বলছি, যতদিন পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হয়, ততদিন পর্যন্ত বিধানের ক্ষুদ্রতম একটি বর্ণ, বা কলমের সামান্যতম কোনো আঁচড়ও লুপ্ত হবে না, সমস্ত কিছু পূর্ণরূপে সফল হবে। 19 যে কেউ এইসব আদেশের ক্ষুদ্রতম কোনো আদেশ লঙ্ঘন করে ও অপর মানুষদের সেইমতো শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে ক্ষুদ্রতম বলে গণ্য হবে; কিন্তু যে কেউ এই আদেশগুলি অনুশীলন করে ও সেইরূপ শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। 20 কারণ আমি তোমাদের বলছি, তোমাদের ধার্মিকতা যদি ফরিশী ও শাস্ত্রবিদদের থেকে অধিক না হয়, তোমরা নিশ্চিতরূপে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।

  25. 26 কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা, যাঁকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার বলা সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন।

  26. 9 কেবল সাবধান থেকো, এবং নিজের উপর দৃষ্টি রেখো যেন তোমরা যা দেখেছ তা ভুলে না যাও বা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদের অন্তর থেকে তা মুছে না যায়। এসব তোমরা তোমাদের ছেলেমেয়েদের এবং পরে তাদের ছেলেমেয়েদের শেখাবে। 10 তোমরা সেদিনের কথা মনে করো যেদিন তোমরা হোরেবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হয়েছিলে, যখন তিনি আমাকে বলেছিলেন, “আমার কথা শোনার জন্য তুমি লোকদের আমার সামনে জড়ো করো যেন তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমাকেই ভক্তি করে চলতে শিখতে পারে এবং যেন তাদের ছেলেমেয়েদেরও শিক্ষা দিতে পারে।”

  27. 8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;

    তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।

  28. 66 আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও,

    কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।

  29. 6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;

    তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।

  30. 1 হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;

    মনোযোগ দাও ও বিচক্ষণতা লাভ করো।

    2 আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,

    তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।

    3 কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,

    তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।

    4 তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,

    “সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো;

    আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।

    5 প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;

    আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।

    6 প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;

    তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।

    7 প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।

    এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।

  31. 12 প্রজ্ঞা এক আশ্রয়স্থল

    যেমন অর্থও এক আশ্রয়স্থল,

    কিন্তু জ্ঞানের সুবিধা হল এই যে

    প্রজ্ঞা তার অধিকারীর জীবন রক্ষা করে।

  32. 9 উপদেশক নিজেই কেবল জ্ঞানবান ছিলেন না, কিন্তু তিনি লোকদের জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক প্রবাদ সাজিয়েছেন। 10 উপদেশক উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যিকথা।

    11 জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন। 12 হে আমার সন্তান, এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে কি না সেই বিষয় সতর্ক থেকো।

    বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।

    13 এখন সবকিছু তো শোনা হল;

    তবে শেষ কথা এই যে

    ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো,

    কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।

    14 কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন,

    এমনকি সমস্ত গুপ্ত বিষয়,

    তা ভালো হোক বা মন্দ হোক।

  33. 22 মোশি মিশরীয় সমস্ত জ্ঞান-বিদ্যায় শিক্ষিত হয়ে উঠলেন। কথায় ও কাজে তিনি পরাক্রমী ছিলেন।

  34. 1 আমরা যারা বলবান, আমাদের উচিত দুর্বলদের ব্যর্থতা বহন করা এবং নিজেদের সন্তুষ্ট না করা। 2 আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিবেশীকে গঠন করার উদ্দেশে তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করা। 3 কারণ, এমনকি খ্রীষ্টও নিজেকে সন্তুষ্ট করলেন না, কিন্তু যেমন লেখা আছে, “যারা তোমাকে অপমান করে, তাদের করা সব অপমান আমার উপরে এসে পড়েছে।” 4 এই কারণে, অতীতে যা কিছু লেখা হয়েছিল, তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যেন সহিষ্ণুতা ও শাস্ত্রবাণীর আশ্বাসের মাধ্যমে আমরা প্রত্যাশা লাভ করি।

    5 যে ঈশ্বর সহিষ্ণুতা ও আশ্বাস দেন, তিনি তোমাদের মধ্যে পরস্পরের সঙ্গে ঐক্যের মনোভাব নিয়ে বাস করার ক্ষমতা প্রদান করুন যা খ্রীষ্ট যীশুর বিশ্বাসীদের পক্ষে মানানসই। 6 তখন তোমরা এক মনে ও একস্বরে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার মহিমাকীর্তন করতে পারবে।

  35. 8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  36. 3 ম্যাসিডোনিয়া যাওয়ার পথে, আমি তোমাকে অনুরোধ করেছিলাম, যেন তুমি ইফিষে থেকে কতগুলি লোককে আদেশ দাও, তারা যেন আর ভুল শিক্ষা না দেয় এবং 4 তারা যেন পুরাকাহিনী ও অন্তহীন বংশাবলির আলোচনাতেই নিজেদের মনপ্রাণ ঢেলে না দেয়। ঈশ্বরের কাজের পরিবর্তে এগুলি বিতর্কের সৃষ্টি করে। কারণ ঈশ্বরের কাজ হয় বিশ্বাসের উপর নির্ভর করে। 5 এই আদেশের লক্ষ্য হল ভালোবাসা, যা শুচিশুদ্ধ হৃদয়, সৎ বিবেক ও অকপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়। 6 কিছু লোক এসব থেকে বিচ্যুত হয়ে অর্থহীন আলোচনাতে মন দিয়েছে। 7 তারা শাস্ত্রবিদ হতে চায়, কিন্তু তারা কোন বিষয়ে বলছে বা যেসব বিষয়ে এত জোরের সঙ্গে বলেছে, তা সম্বন্ধে তারা নিজেরাই জানে না।

  37. 2 অধ্যক্ষকে অবশ্যই নিন্দার ঊর্ধ্বে থাকতে হবে; তিনি একজন স্ত্রীর স্বামী হবেন। তিনি হবেন মিতাচারী, আত্মসংযমী, শ্রদ্ধার পাত্র, অতিথিপরায়ণ এবং শিক্ষাদানে দক্ষ।

  38. 2 আর বহু সাক্ষীর উপস্থিতিতে তুমি আমাকে যেসব বিষয় বলতে শুনেছ, সেগুলি এমন নির্ভরযোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করো, যারা অন্যদের কাছে সেগুলি শিক্ষা দিতে সমর্থ হবে।