84 Bible Verses About Morning
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
2 আমার সাহায্যের আর্তনাদ শোনো,
হে আমার রাজা আমার ঈশ্বর,
তোমার কাছেই আমি প্রার্থনা করি।
3 সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো;
সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি
এবং আগ্রহভরে অপেক্ষা করি।
4 কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন;
কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না।
5 দাম্ভিকেরা তোমার সামনে
দাঁড়াতে পারে না।
যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো;
6 মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো।
যারা রক্তপিপাসু ও ছলনাকারী
তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো।
7 কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে,
তোমার ভবনে প্রবেশ করতে পারি;
তোমার পবিত্র মন্দিরের সামনে
শ্রদ্ধায় আমি নত হই।
8 হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো,
নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে।
তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি।
-
21 তবুও আমি আবার একথা স্মরণ করি,
আর তাই আমার আশা জেগে আছে:
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;
এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”
-
একটি গীত। একটি সংগীত। মন্দির উৎসর্গ উপলক্ষ্যে দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি,
কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ
এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।
2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি,
এবং তুমি আমাকে সুস্থ করেছ।
3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ;
তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।
4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো;
তাঁর পুণ্যনামের প্রশংসা করো।
5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,
কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;
অশ্রু রাত্রিব্যাপী হয়,
কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
-
8 প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও,
কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি।
যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও,
কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
9 হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো,
কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।
10 তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও,
কারণ তুমিই আমার ঈশ্বর;
তোমার আত্মা দয়ালু
আর আমাকে সমতল জমিতে চালাও।
-
16 “আমি যীশু, মণ্ডলীগুলির কাছে এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমিই দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী-তারা!”
-
35 পরদিন খুব ভোরে, রাত পোহাবার অনেক আগে, যীশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন। 36 এদিকে শিমোন ও তাঁর সঙ্গীসাথীরা তাঁকে খুঁজতে বের হলেন। 37 তাঁকে দেখতে পেয়ে তাঁরা উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠলেন, “সবাই আপনার খোঁজ করছে।”
38 যীশু উত্তর দিলেন, “চলো, আমরা অন্য কোথাও—কাছের গ্রামগুলিতে যাই, যেন ওইসব জায়গাতেও আমি বাণী প্রচার করতে পারি, কারণ সেজন্যই আমি এসেছি।” 39 অতএব তিনি গালীলের সর্বত্র বিভিন্ন সমাজভবনে গিয়ে বাণী প্রচার করলেন ও ভূতে ধরা লোকদের সুস্থ করে তুললেন।
-
16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,
সকালে আমি তোমার দয়ার গান গাইব;
কারণ তুমি আমার উচ্চদুর্গ,
সংকটকালে আমার সহায়।
17 তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;
তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।
-
12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
13 হে সদাপ্রভু, ফিরে এসো! আর কত কাল দেরি করবে?
তোমার সেবাকারীদের প্রতি করুণা করো।
14 সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো,
যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।
15 যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে
যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো।
16 আমরা, তোমার দাস, যেন তোমার কার্যাবলি আবার দেখতে পাই,
যেন আমাদের ছেলেমেয়েরা তোমার মহিমা দেখতে পায়।
17 আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক;
আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো,
হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।
-
76 “আর তুমি, আমার শিশুসন্তান,
তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে,
কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য
তুমি তাঁর অগ্রগামী হবে;
77 তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে
পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।
78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে,
স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।
79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে,
তাদের উপর আলো বিকীর্ণ করতে,
আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
80 আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শিশু আত্মাতে বলীয়ান হয়ে উঠলেন এবং ইস্রায়েলের জনসমক্ষে আত্মপ্রকাশ না করা পর্যন্ত, তিনি মরুপ্রান্তরে বসবাস করলেন।
-
12 “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ,
বা ভোরবেলাকে তার স্থান দেখিয়ে দিয়েছ
13 যেন তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে
ও সেখান থেকে দুষ্টদের ঝেড়ে ফেলে?
-
26 যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দের উপরে কর্তৃত্ব করতে দেব— 27 তার ফলে ‘সে লোহার দণ্ডের দ্বারা তাদের শাসন করবে; মাটির পাত্রের মতো সে তাদের খণ্ডবিখণ্ড করবে’—ঠিক যে ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি। 28 এছাড়াও আমি তাকে দেব প্রভাতি তারা।
-
1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।
3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।
-
19 আবার, আমাদের কাছে ভাববাদীদের বাণীও রয়েছে যা আমাদের আরও সুনিশ্চিত করেছে এবং তোমরা এ বিষয়ে মনোনিবেশ করলে ভালোই করবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে ও তোমাদের হৃদয়ের আকাশে প্রভাতি তারার উদয় হয়, ততদিন এই বাণীই হবে অন্ধকারময় স্থানে প্রদীপের মতো। 20 সর্বোপরি, তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে, শাস্ত্রের কোনো ভবিষ্যদ্বাণী ভাববাদীর নিজের ব্যাখ্যার বিষয় নয়।
-
13 হে সদাপ্রভু আমি তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি;
সকালে আমার প্রার্থনা তোমার সামনে রাখি।
-
4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে?
যদি বুঝেছো, তবে আমায় বলো।
5 পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো!
তার উপরে কে সীমারেখা টানলো?
6 কীসের উপরে তার অবস্থান খাড়া হল,
বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—
7 যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল
ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?
-
24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;
আমরা আনন্দ করব এবং খুশি হব।
-
4 সার্বভৌম সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণকারীর জিভ দিয়েছেন,
যেন বুঝতে পারি কথার দ্বারা কীভাবে ক্লান্ত ব্যক্তিকে সুস্থির করতে হয়।
তিনি রোজ সকালে আমাকে জাগিয়ে তোলেন,
আমার কানকে জাগান যেন শিক্ষার্থীর মতো শুনি।
5 সার্বভৌম সদাপ্রভু আমার দুই কান খুলে দিয়েছেন,
আমি বিদ্রোহী আচরণ করিনি;
আর আমি পিছনে ফিরেও যাইনি।
-
3 পরদিন ভোরবেলায় অব্রাহাম উঠে তাঁর গাধায় জিন চাপালেন। তিনি তাঁর দাসদের মধ্যে দুজনকে ও তাঁর ছেলে ইস্হাককে সাথে নিলেন। হোমবলির জন্য যথেষ্ট পরিমাণ কাঠ কাটার পর তিনি সেই স্থানের উদ্দেশে যাত্রা শুরু করলেন, যেটির বিষয়ে ঈশ্বর তাঁকে আগেই বলে দিয়েছিলেন।
-
16 ঘুম ভেঙে জেগে ওঠার পর, যাকোব ভাবলেন, “সদাপ্রভু নিশ্চয় এখানে আছেন, এবং আমি তা বুঝতে পারিনি।” 17 তিনি ভয় পেয়ে গিয়ে বললেন, “এই স্থানটি কি ভয়ংকর! এটি ঈশ্বরের গৃহ ছাড়া আর অন্য কিছু নয়; এটিই স্বর্গদ্বার।”
18 পরদিন ভোরবেলায় যাকোব তাঁর মাথার নিচে রাখা পাথরটি নিয়ে সেটি এক স্তম্ভরূপে স্থাপন করলেন এবং সেটির উপর তেল ঢেলে দিলেন। 19 তিনি সেই স্থানটির নাম বেথেল রাখলেন, যদিও সেই নগরটিকে আগে লূস নামে ডাকা হত।
-
8 যারা পৃথিবীর দূর প্রান্তে বাস করে তারা তোমার আশ্চর্য ক্রিয়ায় ভীত;
সূর্য ওঠার স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত,
তুমি আনন্দধ্বনি জাগিয়েছ।
-
147 আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি;
তোমার বাক্যে আমি আশা রেখেছি।
-
5 আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে,
এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।
6 প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে
হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে,
আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।
7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো,
কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে,
এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।
8 তিনি নিজেই ইস্রায়েলকে
সব পাপ থেকে মুক্ত করবেন।
-
38 “প্রতিদিন নিয়মিতভাবে সেই বেদির উপরে তোমাকে যা যা উৎসর্গ করতে হবে, তা হল এই: এক বছর বয়স্ক দুটি মেষশাবক। 39 একটি সকালে ও অন্যটি গোধূলিবেলায় উৎসর্গ কোরো। 40 প্রথম মেষশাবকটির সাথে সাথে হিনের এক-চতুর্থাংশ নিংড়ানো জলপাই তেল মিশ্রিত ঐফার এক-দশমাংশ মিহি আটা এবং পেয়-নৈবেদ্যরূপে হিনের এক-চতুর্থাংশ দ্রাক্ষারসও উৎসর্গ কোরো।
-
6 তোমার বীজ সকালে বোনো,
আর বিকালে তোমার হাতকে অলস হতে দিয়ো না,
কারণ তুমি জানো না কোনটি কৃতকার্য হবে,
এটি না ওটি,
কিংবা দুটোই সমানভাবে ভালো হবে।
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন। 29 কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তাঁর পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত হন। 30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন।
31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে? 32 যিনি তাঁর নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে সমর্পণ করেছেন—তিনি কি তাঁর সঙ্গে সবকিছুই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না?
-
8 ঈশ্বর সেই উন্মুক্ত এলাকাকে “আকাশ” নাম দিলেন। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল দ্বিতীয় দিন।
-
27 পরদিন ভোরবেলায় অব্রাহাম উঠে সেই স্থানে ফিরে গেলেন, যেখানে তিনি সদাপ্রভুর সামনে দাঁড়িয়েছিলেন। 28 তিনি নিচে সদোম ও ঘমোরার দিকে, এবং সমগ্র সমতল এলাকার দিকে তাকালেন, ও তিনি দেখলেন যে এক চুল্লি থেকে ওঠা ধোঁয়ার মতো ঘন ধোঁয়া সেই দেশ থেকে উঠে আসছে।
-
13 পরদিন মোশি লোকদের বিচারক হয়ে তাঁর আসন গ্রহণ করলেন, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেরা তাঁর চারপাশে দাঁড়িয়ে থাকল। 14 মোশি লোকজনের জন্য যা কিছু করছিলেন, তাঁর শ্বশুরমশাই যখন সেসবকিছু দেখলেন, তখন তিনি বললেন, “লোকজনের জন্য তুমি এ কী করছ? একা তুমিই কেন বিচারক হয়ে বসে আছ, যখন এইসব লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার চারপাশে দাঁড়িয়ে আছে?”
-
4 “ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কী করব?
যিহূদা, আমি তোমাকে নিয়েই বা কী করব?
তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো,
ভোরের শিশির, যা প্রত্যুষেই অন্তর্হিত হয়।
-
1 ফরিশী ও সদ্দূকীরা যীশুর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে বলল যেন তিনি আকাশ থেকে তাদের কোনো চিহ্ন দেখান।
2 তিনি উত্তর দিলেন, “যখন সন্ধ্যা আসে, তোমরা বলো, ‘আবহাওয়া মনোরম হবে, কারণ আকাশ লাল হয়েছে,’ আবার সকালবেলায় বলো, 3 ‘আজ ঝড় হবে, কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন হয়েছে।’ তোমরা আকাশের অবস্থা দেখে আবহাওয়ার ব্যাখ্যা করতে পারো, কিন্তু সময়ের চিহ্ন ব্যাখ্যা করতে পারো না। 4 এক দুষ্ট ও ব্যভিচারী প্রজন্ম অলৌকিক চিহ্ন খোঁজে কিন্তু যোনার চিহ্ন ছাড়া আর কিছুই তাদের দেওয়া হবে না।” তখন যীশু তাদের ছেড়ে চলে গেলেন।
-
2 সকালবেলায় তৈরি থেকো, ও পরে সীনয় পর্বতে উঠে এসো। সেই পর্বতের চূড়ায় সেখানে আমার কাছে উপস্থিত হোয়ো। 3 কেউ যেন তোমার সাথে না আসে বা সেই পর্বতে কোথাও যেন কাউকে দেখা না যায়; এমনকি সেই পর্বতের সামনে মেষপাল ও পশুপালও যেন না চরে।”
4 অতএব মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে প্রথম দুটি ফলকের মতো আরও দুটি পাথরের ফলক খোদাই করলেন এবং খুব সকালবেলায় সীনয় পর্বতে উঠে গেলেন; এবং তিনি সেই পাথরের ফলক দুটিও হাতে করে তুলে নিয়ে গেলেন।
-
1 এগুলিই হল দাউদের শেষ সময়ে বলা কথা:
“যিশয়ের ছেলে দাউদের অনুপ্রাণিত উক্তি,
পরাৎপর দ্বারা উন্নত ব্যক্তির এই উক্তি,
যাকোবের ঈশ্বর যাঁকে অভিষিক্ত করেছেন,
ইস্রায়েলের মধ্যে যিনি মধুর গায়ক:
2 “সদাপ্রভুর আত্মা আমার মাধ্যমে বলেছেন;
তাঁর বাক্য আমার কণ্ঠে ছিল।
3 ইস্রায়েলের ঈশ্বর বলেছেন,
ইস্রায়েলের পাষাণ-পাথর আমাকে বলেছেন:
‘ন্যায়পরায়ণতায় যখন কেউ প্রজাদের উপর রাজত্ব করে,
যখন সে ঈশ্বর ভয়ে শাসন করে,
4 সে সূর্যোদয়ে প্রভাতি আলোর মতো
মেঘশূন্য সকালে যা দেখা যায়,
বৃষ্টির পরে পাওয়া উজ্জ্বলতার মতো
যা দিয়ে মাটিতে ঘাস জন্মায়।’
5 “আমার বংশ যদি ঈশ্বরের কাছে যথাযথ না হত,
অবশ্যই তিনি আমার সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম স্থির করতেন না,
যা সবদিক থেকে সুব্যবস্থিত ও সুরক্ষিত;
অবশ্যই আমার পরিত্রাণ তিনি সার্থক করতেন না
আর আমার প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণ করতেন না।
6 কিন্তু দুষ্ট লোকেরা সেইসব কাঁটার মতো ছুঁড়ে ফেলার যোগ্য,
যেগুলি হাত দিয়ে সংগ্রহ করা হয় না।
7 যে কেউ কাঁটা স্পর্শ করে
সে লোহার এক যন্ত্র বা এক বর্শাফলক ব্যবহার করে;
সেগুলি যেখানে পড়ে থাকে সেখানেই আগুনে ভস্মীভূত হয়।”
-
12 ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান,
তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ!
তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ,
সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!
-
12 দাউদ কুলের লোকেরা, সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘রোজ সকালে ন্যায়বিচারের অনুশীলন করো;
যার সর্বস্ব হরণ করা হয়েছে,
তার অত্যাচারীদের হাত থেকে তাকে উদ্ধার করো,
তা না হলে আমার ক্রোধ আছড়ে পড়বে ও আগুনের মতো জ্বলবে,
তা এমনভাবে জ্বলবে যে কেউ তা নিভাতে পারবে না;
তোমাদের কৃত সব মন্দ কাজ হল এর কারণ।
-
1 “কারণ স্বর্গরাজ্য এমন এক গৃহকর্তার মতো, যিনি তাঁর দ্রাক্ষাক্ষেতে কর্মী নিয়োগের জন্য ভোরবেলা বাইরে গেলেন।
-
1 বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধিদ্রব্য কিনে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপন করতে পারেন। 2 সপ্তাহের প্রথম দিন, খুব ভোরবেলায়, সূর্যোদয়ের অব্যবহিত পরেই তাঁরা সমাধির কাছে এলেন। 3 তাঁরা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, “সমাধির প্রবেশমুখ থেকে কে পাথরখানা সরাবে?”
4 কিন্তু তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তাঁরা দেখলেন যে, অতি বিশাল সেই পাথরটিকে সরানো হয়েছে। 5 সমাধির মধ্যে প্রবেশ করা মাত্র, তাঁরা দেখলেন, সাদা পোশাক পরে এক যুবক ডানদিকে বসে আছেন। এতে তাঁরা অত্যন্ত বিস্মিত হলেন।
6 তিনি বললেন, “তোমরা ভয় পেয়ো না। তোমরা তো নাসরতীয় যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন! তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান, যেখানে তাঁর দেহ রাখা হয়েছিল। 7 কিন্তু তোমরা যাও, গিয়ে তাঁর শিষ্যদের ও পিতরকেও বলো, ‘তিনি তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। সেখানে তোমরা তাঁর দর্শন পাবে, যেমন তিনি তোমাদের বলেছিলেন।’ ”
8 ভীতকম্পিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেই মহিলারা বাইরে গিয়ে সেই সমাধিস্থল থেকে পালিয়ে গেলেন। তাঁরা ভয় পেয়েছিলেন বলে কাউকেই তাঁরা কিছু বললেন না।
-
26 অতএব যে বলদটি তাদের দেওয়া হল, সেটি তারা প্রস্তুত করে রেখেছিল।
পরে তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বায়ালের নাম ধরে ডেকেছিল। “হে বায়ালদেব, আমাদের উত্তর দাও!” এই বলে তারা চিৎকার করছিল। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি; কেউ উত্তর দেয়নি। তারা আবার তাদের তৈরি করা যজ্ঞবেদি ঘিরে নাচতেও লাগল।
-
একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত।
1 সদাপ্রভুর প্রশংসা করা
এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
2 দশ-তারের সুরবাহার
এবং বীণার সুর সহযোগে
3 সকালে তোমার অবিচল প্রেম
এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।
-
2 হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও;
আমরা তোমার প্রতীক্ষায় আছি।
প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও,
বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।
-
1 ভোরবেলায় যিহোশূয় সমস্ত ইস্রায়েলী মানুষজনকে সাথে নিয়ে শিটিম থেকে যাত্রা করে জর্ডন নদীর তীরে চলে গেলেন। নদী অতিক্রম করার আগে তাঁরা সেখানে শিবির স্থাপন করলেন।
-
4 কিন্তু পরদিন সকালে উঠে তারা দেখল, আবার সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে! সেটির মাথা ও হাত দুটি ভাঙা অবস্থায় দোরগোড়ায় লুটিয়ে পড়েছে; শুধু দেহের মূল অংশটি অবশিষ্ট রয়েছে।
-
4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,
তোমার পন্থাসকল আমায় শেখাও।
5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,
কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,
এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
-
7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল,
আমার হৃদয় অবিচল;
আমি গান গাইব ও সংগীত রচনা করব।
8 জেগে ওঠো, হে আমার প্রাণ!
জেগে ওঠো, বীণা ও সুরবাহার!
আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।
9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;
লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
10 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে;
তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।
-
2 ভোরবেলায় যীশু আবার মন্দির-প্রাঙ্গণে উপস্থিত হলেন। সেখানে সমস্ত লোক তাঁর চারপাশে সমবেত হলে তিনি বসলেন ও তাদের শিক্ষাদান করলেন।
-
8 পরদিন ভোরবেলায় অবীমেলক তাঁর সব কর্মকর্তাকে ডেকে পাঠালেন এবং যা যা ঘটেছে সেসব যখন তিনি তাঁদের বলে শোনালেন, তখন তাঁরা খুব ভয় পেয়ে গেলেন।
-
25 যখন সকাল হল, দেখা গেল তিনি লেয়া! অতএব যাকোব লাবনকে বললেন, “আপনি আমার সঙ্গে এ কী করলেন? আমি রাহেলের জন্যই তো আপনার দাসত্ব করেছি, তাই না? তবে কেন আপনি আমাকে ঠকালেন?”
-
55 পরদিন ভোরবেলায় লাবন তাঁর নাতি-নাতনিদের ও তাঁর মেয়েদের চুমু দিলেন এবং তাদের আশীর্বাদ করলেন। পরে তিনি বিদায় নিয়ে তাঁর স্বদেশে ফিরে গেলেন।
-
20 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “সকালে তাড়াতাড়ি উঠে যেয়ো এবং ফরৌণ যখন নদীর কাছে যাবে তখন তার সম্মুখীন হোয়ো ও তাকে বোলো, ‘সদাপ্রভু একথাই বলেন: আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে।
-
13 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “ভোরবেলায় ঘুম থেকে উঠে, ফরৌণের সম্মুখীন হয়ে তাকে বোলো, ‘হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে,
-
13 “ ‘প্রতিদিন তুমি সদাপ্রভুর উদ্দেশে হোমবলির জন্য একটি এক বছরের নিখুঁত মেষশাবক উৎসর্গ করবে; প্রতিদিন সকালে তোমাদের তা করতে হবে। 14 এছাড়া এর সঙ্গে রোজ সকালে তোমাদের শস্য-নৈবেদ্যের জিনিসও দিতে হবে, এতে থাকবে ঐফার ষষ্ঠাংশ এবং ময়দা ভিজানোর জন্য হিনের তৃতীয়াংশ তেল। সদাপ্রভুর উদ্দেশে এই শস্য-নৈবেদ্যের অনুষ্ঠান একটি স্থায়ী নির্দেশ। 15 এইভাবে প্রত্যেকদিন সকালে সেই মেষশাবক ও শস্য-নৈবেদ্য এবং তেল নিয়মিত হোমবলি জন্য যোগান দিতে হবে।
-
34 অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।
-
1 ভোরবেলায়, সমস্ত প্রধান যাজক ও লোকদের প্রাচীনবর্গ এই সিদ্ধান্তে উপনীত হল যে, যীশুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
-
23 পৌলের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁরা একটি দিন স্থির করলেন। পৌল যেখানে বসবাস করছিলেন, তাঁরা আরও বেশি সংখ্যায় সেখানে এসে উপস্থিত হলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তাঁদের কাছে ঈশ্বরের রাজ্য সম্পর্কে ব্যাখ্যা ও প্রচার করলেন। তিনি মোশির বিধান ও ভাববাদীদের গ্রন্থ থেকে যীশুর বিষয়ে তাঁদের মনে বিশ্বাস জাগানোর চেষ্টা করলেন। 24 তিনি যা বললেন, তা শুনে কেউ কেউ বিশ্বাস করলেন, কিন্তু অন্যরা বিশ্বাস করলেন না। 25 তাঁদের নিজেদের মধ্যে মতবিরোধ হওয়ায় তাঁরা সেই স্থান ত্যাগ করতে লাগলেন, যখন পৌল তাঁর সর্বশেষ মন্তব্য করলেন, “পবিত্র আত্মা আপনাদের পিতৃপুরুষদের কাছে সত্য ঘোষণা করেছিলেন, যখন তিনি ভাববাদী যিশাইয়র মাধ্যমে বলেছিলেন,
26 “ ‘তুমি এই জাতির কাছে যাও ও বলো,
“তোমরা সবসময়ই শুনতে থাকবে,
কিন্তু কখনও বুঝতে পারবে না;
তোমরা সবসময়ই দেখতে থাকবে, কিন্তু কখনও উপলব্ধি করবে না।”
27 কারণ এই লোকেদের হৃদয় অনুভূতিহীন হয়েছে,
তারা কদাচিৎ তাদের কান দিয়ে শোনে,
তারা তাদের চোখ মুদ্রিত করেছে।
অন্যথায়, তারা হয়তো তাদের চোখ দিয়ে দেখবে,
তাদের কান দিয়ে শুনবে,
তাদের মন দিয়ে বুঝবে,
ও ফিরে আসবে
যেন আমি তাদের আরোগ্য দান করি।’
-
13 আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল তৃতীয় দিন।
-
19 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।
-
8 সকালবেলায় তাঁর মন অস্থির হয়ে পড়ল, তাই তিনি মিশরের সব জাদুকর ও জ্ঞানীগুণী মানুষজনকে ডেকে পাঠালেন। ফরৌণ তাঁর স্বপ্নের কথা তাঁদের বললেন, কিন্তু কেউই সেগুলি তাঁর জন্য ব্যাখ্যা করে দিতে পারলেন না।
-
15 সকালে ফরৌণ যখন নদীর কাছে যাবে তখন তুমিও তার কাছে যেয়ো। নীলনদের তীরে তার সম্মুখীন হোয়ো, এবং তোমার সেই ছড়িটি হাতে রেখো যেটি একটি সাপে পরিণত হয়েছিল।
-
7 এবং সকালবেলায় তোমরা সদাপ্রভুর মহিমা দেখতে পাবে, কারণ তাঁর বিরুদ্ধে তোমাদের গজ্গজানি তিনি শুনেছেন। আমরা কে, যে তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছ?” 8 মোশি এও বললেন, “যখন তিনি সন্ধ্যাবেলায় তোমাদের মাংস খেতে দেবেন ও সকালবেলায় তোমাদের চাহিদানুসারে সব খাদ্য দেবেন তখনই তোমরা জানতে পারবে যে তা সদাপ্রভুই দিয়েছেন, কারণ তাঁর বিরুদ্ধে করা তোমাদের গজ্গজানি তিনি শুনেছেন। আমরা কে? তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছ না, কিন্তু সদাপ্রভুর বিরুদ্ধেই জানাচ্ছ।”
-
21 সমাগম তাঁবুর ভিতরে, যে পর্দাটি বিধিনিয়মের সিন্দুকটি আড়াল করে রাখে, সেটির বাইরের দিকে, হারোণ ও তার ছেলেরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে প্রদীপগুলি জ্বালিয়ে রাখবে। আগামী বংশপরম্পরায় ইস্রায়েলীদের মধ্যে এটি একটি চিরস্থায়ী বিধিনিয়ম হয়েই থাকবে।
-
21 কোনো কোনো সময় মেঘ কেবলমাত্র সন্ধ্যেবেলা থেকে সকাল পর্যন্ত অবস্থান করত। যখন সকালবেলায় তা উন্নীত হত, তারা যাত্রা শুরু করত। দিনের বেলা হোক, অথবা রাতের বেলা, যখনই মেঘ উন্নীত হত, তারা যাত্রা করত।
-
10 পরদিন ভোরবেলায় যিহোশূয় তাঁর সৈন্যদল জড়ো করলেন, এবং তিনি ও ইস্রায়েলের নেতারা সৈন্যদলের সামনের সারিতে থেকে অয়ের দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন। 11 তাঁর সঙ্গে থাকা সমগ্র সৈন্যদল কুচকাওয়াজ করে নগরের দিকে এগিয়ে গেল ও সেটির সামনে পৌঁছে গেল। অয়ের উত্তর দিকে তারা শিবির স্থাপন করল, এবং তাদের ও নগরের মাঝখানে উপত্যকা ছিল। 12 যিহোশূয় প্রায় 5,000 লোক নিয়ে নগরের পশ্চিমদিকে বেথেল ও অয়ের মাঝখানে তাদের গোপনে লুকিয়ে রাখলেন। 13 অতএব সৈন্যরা নিজেদের অবস্থান নিল—একদিকে প্রধান শিবিরটি নগরের উত্তর দিকে এবং ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা সেটির পশ্চিমদিকে ছিল। সেরাতে যিহোশূয় উপত্যকায় চলে গেলেন।
14 অয়ের রাজা যখন তা দেখলেন, তিনি ও নগরের সব লোকজন তখন ভোরবেলায় অরাবার দিকে নজর না দিয়ে তাড়াহুড়ো করে নির্দিষ্ট এক স্থানে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি জানতেন না যে নগরের পিছন দিকে তাঁর বিরুদ্ধে একদল সৈন্য ওৎ পেতে লুকিয়ে আছে।
-
5 ভোজপর্ব শেষ হয়ে যাওয়ার পর, ইয়োব তাদের শুচিশুদ্ধ করার ব্যবস্থা করতেন। ভোরবেলায় তাদের প্রত্যেকের জন্য তিনি এই ভেবে হোমবলি উৎসর্গ করতেন যে, “হয়তো আমার সন্তানেরা পাপ করেছে ও মনে মনে ঈশ্বরকে অভিশাপ দিয়ে বসেছে।” এই ছিল ইয়োবের বহুদিনের নিয়মিত অভ্যাস।
-
9 সেদিনের প্রভাতি তারা অন্ধকারময় হোক;
বৃথাই তা দিবালোকের জন্য অপেক্ষা করুক
আর ভোরের প্রথম আলোকরশ্মি না দেখুক,
-
17 সন্ধ্যা, সকাল আর দুপুরে,
আমি আমার যন্ত্রণায় কাঁদি,
আর তিনি আমার কণ্ঠস্বর শোনেন।
18 আমার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে
তিনি আমাকে অক্ষত অবস্থায় মুক্ত করেন,
যদিও অনেকে এখনও আমার বিরোধিতা করে।
-
8 তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে,
আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে,
তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে,
আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।
-
16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
-
15 ভোর হতে না হতেই, দূতেরা লোটকে অনুরোধ জানিয়ে বললেন, “তাড়াতাড়ি করো! যারা এখানে আছে, তোমার সেই স্ত্রী ও দুই মেয়েকে সাথে নাও, তা না হলে এই নগরটিকে যখন দণ্ড দেওয়া হবে, তখন তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।”
-
31 পরদিন ভোরবেলায় তাঁরা পরস্পরের উদ্দেশে শপথ করলেন। পরে ইস্হাক তাঁদের বিদায় দিলেন, এবং তাঁরাও শান্তিপূর্বক প্রস্থান করলেন।
-
21 প্রত্যেকদিন সকালবেলায় প্রত্যেকে তাদের চাহিদা অনুসারে কুড়াত, আর সূর্য যখন প্রখর হত, তখন তা গলে যেত।
-
3 পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত কাজটি সম্পন্ন করার জন্য ইস্রায়েলীরা যেসব উপহার এনেছিল, মোশির হাত থেকে তাঁরা সেগুলি গ্রহণ করলেন। আর লোকেরা প্রতিদিন সকালবেলায় অব্যাহতভাবে স্বেচ্ছাদান এনেই যাচ্ছিল।
-
12 বেদিতে সংযোগ করা আগুন যেন জ্বলতে থাকে; এই আগুন কোনোভাবে নির্বাপিত হবে না। প্রতিদিন সকালে যাজক কাঠ জোগান দেবে, আগুনে হোমবলি সাজাবে ও এর উপরে মঙ্গলার্থক বলির মেদ পোড়াবে।
-
5 তিনি কোরহ ও তার অনুগামীদের বললেন, “সকালবেলায় সদাপ্রভু প্রকাশ করবেন, কে তাঁর অধিকারভুক্ত এবং কে পবিত্র। তিনি সেই ব্যক্তিকে তাঁর নিকটবর্তী করবেন। যে ব্যক্তিকে তিনি মনোনীত করেন, সেই তাঁর নিকটবর্তী হবে।
-
21 বিলিয়ম সকালে উঠে তাঁর গর্দভীর সজ্জা পরালো এবং মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে গেল।
-
15 সপ্তম দিনে, ভোরবেলায় তারা উঠে পড়ল এবং একইভাবে তারা সেই নগরটি সাতবার প্রদক্ষিণ করল। কেবলমাত্র সেদিনই তারা সাতবার নগরটি প্রদক্ষিণ করল।
-
14 “ ‘সকালবেলায়, তোমরা এক এক গোষ্ঠী করে নিজেদের উপস্থিত কোরো। যে গোষ্ঠীকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক বংশরূপে এগিয়ে আসবে। যে বংশকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক পরিবাররূপে এগিয়ে আসবে; আর যে পরিবারকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক একজন করে এগিয়ে আসবে।
-
28 সকালবেলায় নগরবাসীরা উঠে দেখল যে বায়ালদেবের বেদিটি ভেঙে ফেলা হয়েছে ও সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামানো হয়েছে এবং সেই নবনির্মিত বেদির উপর দ্বিতীয় বলদটি উৎসর্গ করা হয়েছে!
-
20 পরদিন ভোরবেলায় দাউদ একজন রাখালের হাতে পশুপালের ভার সঁপে দিয়ে যিশয়ের নির্দেশানুসারে সবকিছু নিয়ে রওনা হয়ে গেলেন। ঠিক যখন সৈন্যরা রণহুঙ্কার দিতে দিতে সম্মুখসমরে নামতে যাচ্ছিল, তিনি সৈন্যশিবিরে গিয়ে পৌঁছালেন।
-
18 সে হ্রেষাধ্বনি করলে আলোর ঝলক বের হয়;
তার চোখদুটি ভোরের আলোকরশ্মির মতো।
-
10 তোমার প্রাঙ্গণে একদিন
অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়;
দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে
আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।
11 কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো;
তিনি দয়া ও সম্মান দান করেন;
যাদের চলার পথ সিদ্ধ
তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।
-
11 হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও,
যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি;
আমাকে এক অখণ্ড হৃদয় দাও,
যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।
12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব;
চিরদিন আমি তোমার নামের মহিমা করব।
13 কেননা আমার প্রতি তোমার প্রেম মহান;
তুমি আমাকে অতল থেকে,
পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।
-
5 তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ;
তিনি কোনও অন্যায় করেন না।
সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন,
আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না,
তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই।
-
18 সকালবেলা, পিতরের কী হল, ভেবে সৈন্যদের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে গেল।
-
12 রাত্রি প্রায় অবসান হল, দিন এল বলে। তাই, এসো আমরা অন্ধকারের কাজকর্ম ত্যাগ করে আলোর রণসজ্জা পরিধান করি।
-
13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।
Shows Read in context, Share and Copy.