77 Bible Verses About When You Feel Alone

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About When You Feel Alone
  1. 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  2. 9 আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না,

    ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না;

    তুমিই আমার সহায়।

    আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না,

    ঈশ্বর আমার পরিত্রাতা।

    10 যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে,

    সদাপ্রভু আমায় গ্রহণ করবেন।

  3. 18 সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভালো নয়। আমি তার উপযুক্ত এক সহকারিণী তৈরি করব।”

    19 এখন সদাপ্রভু ঈশ্বর সব বন্যপশুকে ও আকাশের সব পাখিকে মাটি দিয়ে তৈরি করলেন। সেই মানুষটি তাদের কী নাম দেয় তা দেখার জন্য ঈশ্বর তাদের তাঁর কাছে আনলেন; আর সেই মানুষটি প্রত্যেকটি জীবন্ত প্রাণীকে যে যে নাম দিলেন, তার নাম ঠিক তাই হল। 20 অতএব সেই মানুষটি সব গৃহপালিত পশুর, আকাশের পাখিদের এবং সব বন্যপশুর নামকরণ করলেন।

    কিন্তু আদমের জন্য উপযুক্ত কোনও সহকারিণী পাওয়া যায়নি। 21 অতএব সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে দিলেন; এবং যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ঈশ্বর সেই মানুষটির পাঁজরের একটি হাড় বের করে নিয়ে তাঁর সেই স্থানটি মাংস দিয়ে ভরাট করে দিলেন। 22 পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন, এবং ঈশ্বর তাঁকে সেই মানুষটির কাছে আনলেন।

    23 মানুষটি বললেন,

    “এখন এই আমার অস্থির অস্থি

    ও আমার মাংসের মাংস;

    এর নাম হবে ‘নারী,’

    কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”

    24 এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।

  4. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

    6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  5. 5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;

    তাঁর আবাস পবিত্র।

    6 যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন,

    তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন;

    কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।

  6. 15 “তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সব আদেশ পালন করবে। 16 আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায় তোমাদের দান করবেন। 17 তিনি সত্যের আত্মা। জগৎ তাঁকে গ্রহণ করতে পারে না। কারণ জগৎ তাঁকে দেখে না, তাঁকে জানেও না। কিন্তু তোমরা তাঁকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে থাকবেন। 18 আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব।

  7. 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  8. 1 ইত্যবসরে এলিয় যা যা করলেন এবং কীভাবে তিনি ভাববাদীদের সবাইকে তরোয়াল দিয়ে হত্যা করলেন, সেসব কথা আহাব ঈষেবলকে বলে দিলেন। 2 তাই ঈষেবল এলিয়ের কাছে একথা বলার জন্য একজন দূত পাঠালেন, “আগামীকাল এই সময়ের মধ্যে আমি যদি তোমার দশা সেই ভাববাদীদের একজনের মতোও না করি, তবে যেন দেবদেবীরা আমাকে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেন।”

    3 এলিয় ভয় পেয়ে গেলেন এবং প্রাণ বাঁচাতে তিনি দৌড় লাগালেন। যিহূদার বের-শেবায় পৌঁছে তিনি তাঁর দাসকে সেখানে রেখে 4 নিজে একদিনের পথ পাড়ি দিয়ে মরুপ্রান্তরে চলে গেলেন। একটি খেংরা ঝোপের কাছে এসে, সেটির তলায় বসে তিনি নিজের মৃত্যু কামনা করে প্রার্থনা করলেন। “হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে,” তিনি বললেন। “আমার জীবন নিয়ে নাও; আমার পূর্বপুরুষদের চেয়ে আমি কোনোমতেই ভালো নই।” 5 এই বলে তিনি খেংরা ঝোপের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন।

    হঠাৎ করে একজন স্বর্গদূত তাঁকে স্পর্শ করে বলে উঠেছিলেন, “উঠে পড়ো ও খেয়ে নাও।” 6 তিনি চারপাশে তাকিয়েছিলেন, আর দেখতে পেয়েছিলেন যে তাঁর মাথার কাছে গরম কয়লার আগুনে সেঁকা কয়েকটি রুটি ও এক বয়াম জল রাখা আছে। তিনি ভোজনপান করে আবার শুয়ে পড়েছিলেন।

    7 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার ফিরে এসে তাঁকে স্পর্শ করে বললেন, “উঠে পড়ো ও খেয়ে নাও, কারণ এই যাত্রাটি তোমার পক্ষে বড়ো বেশি লম্বা হতে চলেছে।” 8 অতএব তিনি উঠে ভোজনপান করলেন। খাবার খেয়ে শক্তি লাভ করে তিনি সদাপ্রভুর পর্বত হোরেবে না পৌঁছানো পর্যন্ত চল্লিশ দিন চল্লিশ রাত হেঁটে গেলেন।

  9. 29 যারা সেই পথ দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নাড়তে নাড়তে তাঁকে অপমান করে বলতে লাগল, “তাহলে তুমিই সেই লোক, যে মন্দির ধ্বংস করে তিনদিনে তা পুনর্নির্মাণ করতে পারো! 30 এখন ক্রুশ থেকে নেমে এসো ও নিজেকে রক্ষা করো।” 31 একইভাবে প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরাও তাঁকে বিদ্রুপ করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল; তারা বলল, “ও অন্যদের বাঁচাত, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। 32 এখন এই খ্রীষ্ট, ইস্রায়েলের রাজা, ক্রুশ থেকে নেমে আসুক, যেন আমরাও তা দেখে বিশ্বাস করতে পারি।” যারা তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছিল, তারাও তাঁকে অনেক অপমান করল।

    33 বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল। 34 আর বেলা তিনটের সময়, যীশু উচ্চকণ্ঠে বলে উঠলেন, “এলী, এলী, লামা শবক্তানী?” যার অর্থ, “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?”

  10. 15 আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির,

    কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।

    16 আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো,

    কারণ আমি একাকী ও পীড়িত।

    17 আমার হৃদয়ের কষ্ট মোচন করো

    ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।

    18 আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো

    এবং আমার সমস্ত পাপ দূর করো।

    19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য

    এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।

    20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;

    আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,

    কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।

  11. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

  12. 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

  13. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  14. 31 যীশু উত্তর দিলেন, “অবশেষে তোমরা বিশ্বাস করলে! 32 কিন্তু সময় আসছে, বরং এসে পড়েছে, যখন তোমরা ছিন্নভিন্ন হয়ে প্রত্যেকে আপন আপন ঘরের কোণে ফিরে যাবে। তোমরা আমাকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করবে। তবুও আমি নিঃসঙ্গ নই, কারণ আমার পিতা আমার সঙ্গে আছেন।

    33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  15. প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত।

    1 ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?

    আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ,

    আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?

    2 হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না,

    রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।

  16. 45 দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল। 46 প্রায় তিনটের সময় যীশু উচ্চকণ্ঠে চিৎকার করে উঠলেন, “এলী, এলী, লামা শবক্তানী?” যার অর্থ, “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?”

  17. 1 ইফ্রয়িমের পার্বত্য এলাকায় রামাথয়িম-সোফিম নগরে ইল্‌কানা নামে ইফ্রয়িম গোষ্ঠীভুক্ত এক ব্যক্তি বসবাস করতেন। তাঁর বাবার নাম যিরোহম, যিরোহম ইলীহূর ছেলে, ইলীহূ তোহের ছেলে এবং তোহ ছিলেন সূফের ছেলে। 2 ইল্‌কানার দু্‌ই স্ত্রী ছিল; একজনের নাম হান্না, অন্যজনের নাম পনিন্না। পনিন্না সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু হান্নার কোনও সন্তান ছিল না।

    3 প্রত্যেক বছর ইল্‌কানা নিজের নগর থেকে শীলোতে গিয়ে সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করতেন ও বলিদান সম্পন্ন করতেন। সেখানে এলির দুই ছেলে, হফনি ও পীনহস সদাপ্রভুর যাজকের কাজ করত। 4 বলিদানের নিরূপিত দিন এলে ইল্‌কানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সব ছেলেমেয়েকে বলিকৃত মাংসের ভাগ দিতেন। 5 কিন্তু হান্নাকে তিনি দ্বিগুণ অংশ দিতেন, যেহেতু তিনি তাঁকে ভালোবাসতেন, এবং সদাপ্রভু হান্নাকে বন্ধ্যা করে রেখেছিলেন। 6 যেহেতু সদাপ্রভু হান্নাকে বন্ধ্যা করে রেখেছিলেন তাই তাঁর সতীন তাঁকে বিরক্ত করার জন্য অনবরত তাঁকে প্ররোচিত করে যেত। 7 বছরের পর বছর এরকম হয়েই চলেছিল। যখনই হান্না সদাপ্রভুর মন্দিরে যেতেন, তাঁর সতীন তাঁকে প্ররোচিত করত এবং তিনি অশ্রুপাত করতেন ও ভোজনপানও করতেন না। 8 তাঁর স্বামী ইল্‌কানা তাঁকে বলতেন, “হান্না, তুমি কেন অশ্রুপাত করছ? তুমি ভোজনপান করছ না কেন? তুমি মন খারাপই বা করে আছ কেন? তোমার কাছে দশ ছেলের চেয়ে আমি কি বেশি নই?”

  18. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

    4 তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র,

    আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি,

    আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব,

    তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।

    5 তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    আমি পূর্বদিক থেকে তোমার সন্তানদের নিয়ে আসব

    এবং পশ্চিমদিক থেকে তোমাকে সংগ্রহ করব।

  19. 16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।

  20. 10 মোশি প্রত্যেক পরিবারের বিলাপ শুনতে পেলেন। তারা প্রত্যেকে নিজেদের তাঁবুর প্রবেশ মুখে ছিল। সদাপ্রভু ভয়ংকর রুষ্ট হওয়াতে, মোশি উদ্বিগ্ন হলেন। 11 তিনি সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “তোমার দাসকে এই সমস্যার সম্মুখীন কেন করেছ? আমি কোন কাজ করতে তোমাকে অসন্তুষ্ট করেছি যে তুমি এই সমস্ত লোকের ভার আমার উপর চাপিয়ে দিলে? 12 এদের সবাইকে কি আমি গর্ভে ধারণ করেছিলাম? আমি কি তাদের জন্ম দিয়েছি? ধাত্রী যেমন শিশুসন্তান বহন করে, সেভাবে, কেন তুমি আমাকে বলেছিলে, তাদের বহন করে, পূর্বপুরুষদের কাছে করা শপথ অনুসারে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে? 13 এই সমস্ত লোকের জন্য আমি এখন কোথায় মাংস পাব? তারা আমার কাছে কেঁদে বলছে, ‘আমাদের খাবারের জন্য মাংস দাও!’ 14 আমি এককভাবে, এই সমস্ত লোকের দায়িত্ব বহন করতে পারব না। তা আমার শক্তির অতিরিক্ত। 15 আমার সঙ্গে অনুরূপ ব্যবহার যদি তোমার অভিপ্রেত হয়, তাহলে এই মুহূর্তেই আমাকে বধ করো, যদি তোমার দৃষ্টিতে কৃপা লাভ করে থাকি, আমাকে ধ্বংসের সম্মুখীন হতে দিয়ো না।”

  21. 4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

    5 আমার শত্রুদের উপস্থিতিতে

    তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।

    তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;

    আমার পানপাত্র উপচে পড়ে।

    6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে

    আমার জীবনের সব দিন পর্যন্ত,

    এবং চিরকাল

    আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।

  22. 6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

  23. 5 তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না। 6 তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।

    7 “তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও।

  24. 7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম

    8 কোনো একজন লোক একেবারে একা;

    তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,

    তার পরিশ্রমের শেষ নেই,

    তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।

    সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,

    আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”

    এটাও অসার—

    ভারী কষ্টজনক!

    9 একজনের চেয়ে দুজন ভালো,

    কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়

    10 যদি একজন পড়ে যায়,

    তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।

    কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়

    আর কেউ তাকে উঠাবার জন্য নেই।

    11 আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।

    কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?

    12 যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,

    দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।

    তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।

  25. 28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  26. 8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”

  27. 4 আমার হৃদয় ক্ষয় হয়েছে আর ঘাসের মতো শুকিয়ে গিয়েছে;

    আমি খাবার খেতে ভুলে যাই।

    5 আমার দুর্দশায় আমি আর্তনাদ করি

    আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি।

    6 আমি মরুভূমির প্যাঁচার মতো,

    ধ্বংসের মাঝে প্যাঁচার মতো হয়েছি।

    7 আমি সজাগ থাকি;

    ছাদের উপরে একা এক পাখির মতো হয়েছি।

  28. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

    8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  29. 14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  30. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

    19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,

    কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;

  31. 2 আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি;

    তোমার সামনে আমার সংকটের কথা বলি।

    3 যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়,

    তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো।

    যে পথে আমি চলি,

    লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।

    4 তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই;

    আমার জন্য কারও ভাবনা নেই,

    আমার কোনও আশ্রয় নেই;

    কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।

    5 হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি,

    আমি বলি, “তুমিই আমার আশ্রয়,

    জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”

    6 আমার কাতর প্রার্থনা শোনো,

    কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি;

    যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো,

    কারণ তারা আমার থেকেও বেশি শক্তিশালী।

    7 আমাকে কারাগার থেকে মুক্ত করো,

    যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি।

    তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে

    কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।

  32. 15 “দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে?

    তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না?

    সে তাকে ভুলে যেতেও পারে,

    কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!

    16 দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে;

    তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।

  33. 3 তিনি অবজ্ঞাত, মানুষদের কাছে অগ্রাহ্য হলেন,

    তিনি দুঃখভোগকারী মানুষ ও কষ্টভোগকারীরূপে পরিচিত হলেন।

    মানুষ যা দেখে তাদের মুখ লুকায়,

    তার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁর মর্যাদা তাঁকে দিইনি।

    4 সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন

    এবং আমাদের সকল দুঃখ বহন করেছেন,

    তবুও, আমরা মনে করলাম, ঈশ্বর তাঁকে শাস্তি দিয়েছেন,

    তিনি আহত ও নিপীড়িত হয়েছেন।

    5 কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ,

    আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন;

    আমাদের শান্তিলাভের জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হল,

    আর তাঁর ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।

  34. 3 যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই যিহূদা যখন দেখল যে যীশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে তীব্র বিবেক দংশনে বিদ্ধ হল। সে প্রধান যাজকদের ও প্রাচীনদের কাছে গিয়ে সেই ত্রিশটি রুপোর মুদ্রা ফিরিয়ে দিল।

    4 সে বলল, “নির্দোষ মানুষের রক্ত সমর্পণ করে আমি পাপ করেছি।” তারা উত্তরে বলল, “তাতে আমাদের কী? সে তোমার দায়।”

    5 তাই যিহূদা সেই অর্থ মন্দিরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। তারপর গিয়ে নিজেকে ফাঁসি দিল।

  35. 3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,

    এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

    4 আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন,

    এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।

    5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,

    তার বোধশক্তির কোনও সীমা নেই।

  36. 23 তাদের বিদায় করার পর তিনি একা প্রার্থনা করার জন্য এক পর্বতের উপরে উঠলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি সেখানে একাই ছিলেন।

  37. 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

  38. 23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;

    তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

    24 তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,

    এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।

    25 তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?

    তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।

    26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,

    কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি

    আর আমার চিরকালের উত্তরাধিকার।

  39. 5 যে বিধবা প্রকৃতই নিঃস্ব ও একেবারেই নিঃসঙ্গ, সে ঈশ্বরের উপরেই প্রত্যাশা রাখে এবং দিনরাত প্রার্থনায় রত থেকে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে।

  40. 10 তিনি উত্তর দিলেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর জন্য দারুণ উদ্যোগী হয়েছি। ইস্রায়েলীরা তোমার নিয়ম বাতিল করে দিয়েছে, তোমার যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলেছে, এবং তোমার ভাববাদীদের তরোয়াল দিয়ে হত্যা করেছে। একমাত্র আমিই অবশিষ্ট আছি, আর এখন তারা আমাকেও হত্যা করতে চাইছে।”

  41. 4 মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;

    ধ্বংসের স্রোত আমাকে বিধ্বস্ত করেছিল।

    5 পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল;

    মৃত্যুর ফাঁদ আমার সম্মুখীন হয়েছিল।

    6 আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;

    আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম।

    তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন,

    আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল।

  42. 7 আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব?

    আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?

    8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ;

    যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।

    9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই,

    যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,

    10 এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে,

    তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।

  43. 35 পরদিন খুব ভোরে, রাত পোহাবার অনেক আগে, যীশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন।

  44. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে।

  45. 15 মশকের জল যখন শেষ হয়ে গেল, তখন সে ছেলেটিকে একটি ঝোপের তলায় নিয়ে গিয়ে রাখল। 16 পরে সে একটু দূরে, প্রায় 100 মিটার দূরে গিয়ে বসে পড়ল, কারণ সে ভাবল, “আমি নিজের চোখে ছেলেটির মৃত্যুদৃশ্য দেখতে পারব না।” আর সেখানে বসে সে ফোঁপাতে শুরু করল।

  46. 1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “ইস্রায়েলীদের আদেশ দাও যেন তারা সংক্রামক চর্মরোগী বা প্রমেহী অথবা শবের জন্য আনুষ্ঠানিকভাবে অশুচি ব্যক্তিকে ছাউনি থেকে বহিষ্কার করে। 3 পুরুষ ও স্ত্রী নির্বিশেষে, তারা তাদের বহিষ্কার করবে। তাদের ছাউনির বাইরে পাঠাতে হবে যেন যে শিবিরে আমি তাদের মধ্যে অবস্থান করি, সেই শিবির কলুষিত না হয়।”

  47. 5 ফিলিস্তিনীদের সৈন্যদল দেখে শৌল ভয় পেয়ে গেলেন; তাঁর অন্তর আতঙ্কে ভরে গেল। 6 তিনি সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু সদাপ্রভু স্বপ্ন বা ঊরীম বা ভাববাদীদের মাধ্যমে তাঁকে উত্তর দেননি। 7 তখন শৌল তাঁর পরিচারকদের বললেন, “এমন একজন মহিলাকে খুঁজে নিয়ে এসো, যে একজন প্রেতমাধ্যম, যেন আমি তার কাছে গিয়ে একটু খোঁজখবর নিতে পারি।”

    তারা বলল, “ঐনদোরে এমন একজন মহিলা আছে।”

  48. 7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;

    রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।

    8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

    তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

    9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

    10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।

    11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;

    তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,

    তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।

  49. 6 কিন্তু আমি মানুষ নই, একটি কীটমাত্র,

    সব মানুষের কাছে আমি অবজ্ঞা ও ঘৃণার পাত্র।

    7 যারা আমায় দেখে, তারা উপহাস করে;

    তারা অপমান করে, ও মাথা নেড়ে বলে,

    8 “সে সদাপ্রভুর উপর নির্ভর করে,

    অতএব, সদাপ্রভুই তাকে রক্ষা করুন।

    যদি সদাপ্রভু তাকে এতই ভালোবাসেন,

    তবে তিনিই ওকে উদ্ধার করুন।”

    9 তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ;

    এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম,

    তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।

    10 জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি;

    মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।

    11 আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না,

    কারণ বিপদ আসন্ন

    আর কেউ আমাকে সাহায্য করার নেই।

  50. 5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  51. 11 “কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি;

    ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।

    12 তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম

    যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।

  52. 10 হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ,

    আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে।

    আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি,

    তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।

  53. 1 এরপর যীশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন, যেন দিয়াবলের দ্বারা প্রলোভিত হতে পারেন। 2 চল্লিশ দিন ও চল্লিশ রাত উপোস করার পর তিনি ক্ষুধার্ত হলেন।

  54. 13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।

  55. 8 ভাইবোনেরা, আমি চাই না, এশিয়া প্রদেশে যে দুর্দশা আমরা ভোগ করেছিলাম, তা তোমাদের অজানা থাকে। আমাদের সহ্যশক্তির থেকেও বহুগুণে বেশি আমরা নিদারুণ চাপের মধ্যে ছিলাম, যার ফলে আমরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম। 9 প্রকৃতপক্ষে, আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম। কিন্তু এরকম ঘটল, যেন আমরা নিজের উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন। 10 তিনিই আমাদের এরকম মৃত্যুজনক সংকট থেকে উদ্ধার করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করবেন। তাঁরই উপর আমরা আশা রেখেছি যে, তিনি আমাদের পুনরায় উদ্ধার করবেন,

  56. 22 সদাপ্রভুর মহৎ নামের খাতিরেই তিনি তাঁর প্রজাদের প্রত্যাখ্যান করবেন না, কারণ সদাপ্রভু তোমাদের তাঁর নিজস্ব প্রজা করতে পেরে খুব খুশি হয়েছেন।

  57. 17 মোশির শ্বশুরমশাই তাঁকে উত্তর দিলেন, “তুমি যা করছ তা ঠিক নয়। 18 তুমি ও এই যেসব লোক তোমার কাছে আসছে, তোমরা সবাই অবসন্ন হয়ে পড়বে। তোমার পক্ষে এ কাজটি অত্যন্ত গুরুভার; একা তুমি এটি সামলাতে পারবে না।

  58. 16 আমি আমার জীবনকে ঘৃণা করি; আমি চিরকাল বাঁচতে চাই না।

    আমায় একা থাকতে দাও; আমার জীবনের দিনগুলি অর্থহীন।

  59. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।

    1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,

    সংকটকালে সদা উপস্থিত সহায়।

  60. 11 যীশু আরও বললেন, “এক ব্যক্তির দুই ছেলে ছিল। 12 ছোটো পুত্র তার বাবাকে বলল, ‘বাবা, সম্পত্তির যে অংশ আমার, তা আমাকে দিয়ে দাও।’ তাই তিনি ছেলেদের মধ্যে তাঁর সম্পত্তি ভাগ করে দিলেন।

    13 “অল্পদিন পরেই, ছোটো ছেলে তার সবকিছু নিয়ে এক দূরবর্তী দেশের উদ্দেশে যাত্রা করল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তার নিজস্ব সম্পত্তি অপচয় করল। 14 তার সর্বস্ব শেষ হলে পর, সেই দেশের সর্বত্র ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল; তাতে সে অত্যন্ত অভাবের মধ্যে পড়ল। 15 তখন সে গিয়ে সেই দেশের এক ব্যক্তির কাছে তার অধীনে কাজে নিযুক্ত হল। সে তাকে শূকর চরানোর কাজে মাঠে পাঠিয়ে দিল। 16 সে এতটাই ক্ষুধার্ত হয়ে উঠল যে শূকরেরা যে শুঁটি খেত তা খেয়েই পেট ভরানো তার কাছে ভালো মনে হল, কিন্তু কেউ তাকে কিছুই খেতে দিত না।

    17 “কিন্তু যখন তার চেতনার উদয় হল, সে মনে মনে বলল, ‘আমার বাবার কত মজুরই তো প্রয়োজনের অতিরিক্ত খাবার পাচ্ছে, আর আমি এখানে অনাহারে মৃত্যুর মুখে পড়ে আছি! 18 আমি বাড়ি ফিরে আমার বাবার কাছে যাব; তাঁকে বলব, “বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, 19 তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আর আমার নেই; আমাকে তোমার এক মজুরের মতো করে নাও।” ’ 20 তাই সে উঠে তার বাবার কাছে ফিরে গেল।

    “সে তখনও অনেক দূরে, তার বাবা তাকে দেখতে পেলেন। ছেলের জন্য তাঁর অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তাঁর ছেলের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরলেন ও তাকে চুম্বন করলেন।

    21 “সেই ছেলে তাঁকে বলল, ‘বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই।’

    22 “কিন্তু তার বাবা তাঁর দাসদের বললেন, ‘শীঘ্র, সবচেয়ে উৎকৃষ্ট পোশাক এনে ওকে পরিয়ে দাও। ওর আঙুলে আংটি পরিয়ে দাও, পায়ে চটিজুতো দাও। 23 আর ভোজের জন্য একটি হৃষ্টপুষ্ট বাছুর এনে মারো। এসো আমরা ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করি। 24 কারণ আমার এই ছেলেটি মারা গিয়েছিল, কিন্তু এখন সে আবার বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া গেছে।’ তাই তারা আনন্দ উৎসবে মেতে উঠল।

    25 “এদিকে বড়ো ছেলেটি মাঠে ছিল। সে বাড়ির কাছে এসে নাচ-গানের শব্দ শুনতে পেল। 26 তখন সে একজন দাসকে ডেকে কি হচ্ছে জানতে চাইল? 27 সে উত্তর দিল, ‘আপনার ভাই ফিরে এসেছে এবং আপনার বাবা তাকে নিরাপদে, সুস্থ শরীরে ফিরে পেয়েছেন বলে একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন।’

    28 “বড়ো ছেলে খুব রেগে গেল ও ভিতরে প্রবেশ করতে রাজি হল না। তাই তার বাবা বাইরে গিয়ে তাকে অনুনয়-বিনয় করলেন। 29 কিন্তু সে তার বাবাকে উত্তর দিল, ‘দেখুন, এত বছর ধরে আমি আপনার সেবা করছি, কখনও আপনার আদেশের অবাধ্য হইনি। তবুও আমার বন্ধুদের সঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনি আমাকে কখনও একটি ছাগলছানাও দেননি। 30 কিন্তু আপনার এই ছেলে, যে বেশ্যাদের পিছনে আপনার সম্পত্তি উড়িয়ে দিয়েছে, সে যখন বাড়ি ফিরে এলে, আপনি তারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারলেন!’

    31 “বাবা বললেন, ‘ছেলে আমার, তুমি সবসময়ই আমার সঙ্গে আছ। আর আমার যা কিছু আছে, সবই তো তোমার। 32 কিন্তু তোমার এই ভাই মরে গিয়েছিল, এখন সে আবার বেঁচে উঠেছে; সে হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পাওয়া গেছে। তাই আমাদের উচিত আনন্দ উৎসব করা ও খুশি হওয়া।’ ”

  61. 5 সেখানে আটত্রিশ বছরের এক পঙ্গু ব্যক্তি ছিল। 6 যীশু তাকে সেখানে শুয়ে থাকতে দেখে এবং দীর্ঘদিন ধরেই তার এরকম অবস্থা জেনে তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি সুস্থ হতে চাও?”

    7 পঙ্গু লোকটি উত্তর দিল, “মহাশয়, জল কেঁপে ওঠার সময় সরোবরের জলে নামতে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি জলে নামার চেষ্টা করতে করতেই অন্য কেউ আমার আগে নেমে পড়ে।”

    8 যীশু তখন তাকে বললেন, “ওঠো, তোমার খাট তুলে নিয়ে চলে যাও।” 9 লোকটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সে তার খাট তুলে নিয়ে হাঁটতে লাগল।

    যেদিন এই ঘটনা ঘটে, সেদিন ছিল বিশ্রামদিন।

  62. 1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। 4 আমি যেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পথ তোমরা জানো।”

  63. 1 ভাইবোনেরা, কেউ যদি কোনো পাপকাজে ধরা পড়ে, তাহলে তোমরা যারা আত্মিক, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। কিন্তু নিজেদের সম্পর্কে সতর্ক থেকো, নইলে তোমরাও প্রলোভিত হতে পারো। 2 প্রত্যেকে একে অপরের ভারবহন করো, এভাবে তোমরা খ্রীষ্টের বিধান পূর্ণ করবে। 3 কেউ যদি কিছু না হয়েও নিজেকে বিশিষ্ট মনে করে, সে নিজের সঙ্গে প্রতারণা করে। 4 প্রত্যেকেই তার নিজের কাজ যাচাই করে দেখবে। তাহলেই সে অপর কারও সঙ্গে নিজের তুলনা না করেই নিজের বিষয়ে গর্ব করতে পারবে। 5 কারণ প্রত্যেকেরই উচিত, তার নিজের ভারবহন করা।

  64. 19 অতএব, তোমরা আর অসম্পর্কিত ও বহিরাগত নও, তোমরা এখন ঈশ্বরের প্রজাদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের সদস্য। 20 প্রেরিতশিষ্যবর্গ ও ভাববাদীদের ভিত্তিমূলের উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, স্বয়ং খ্রীষ্ট যীশু যার কোণের প্রধান পাথর। 21 তাঁরই মধ্যে সমগ্র কাঠামো একত্রে সন্নিবদ্ধ এবং প্রভুতে তা এক পবিত্র মন্দিররূপে গড়ে উঠছে। 22 তাঁতে তোমাদেরও একসঙ্গে একটি আবাসরূপে গঠন করা হচ্ছে, যেখানে ঈশ্বর তাঁর আত্মায় অধিষ্ঠান করেন।

  65. 8 ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো।

  66. 10 সদাপ্রভু বললেন, “তুমি এ কী করলে? শোনো! জমি থেকে তোমার ভাইয়ের রক্তের কান্না আমার কানে ভেসে আসছে। 11 এখন তুমি অভিশাপগ্রস্ত হলে এবং সেই জমি থেকে বিতাড়িতও হলে, যা তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়েছে। 12 যখন তুমি এই জমিতে কাজ করবে, তখন আর তা তোমার জন্য ফসল উৎপন্ন করবে না। এ জগতে তুমি অশান্ত এক ভ্রমণকারী হয়েই থাকবে।”

  67. 21 আমৃত্যু, রাজা উষিয় কুষ্ঠরোগী হয়েই ছিলেন। কুষ্ঠরোগাক্রান্ত হয়ে তিনি আলাদা একটি বাড়িতে বসবাস করলেন, এবং সদাপ্রভুর মন্দিরে তাঁর প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল। তাঁর ছেলে যোথম প্রাসাদের দায়িত্ব নিয়েছিলেন এবং দেশের প্রজাদের শাসন করলেন।

  68. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

  69. 9 হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ;

    দুঃখে আমার দৃষ্টি,

    বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে।

    10 আমার জীবন যন্ত্রণায় পূর্ণ হয়েছে

    আর দীর্ঘশ্বাসে আমার দিন কাটছে,

    পাপ আমার শক্তি নিঃশেষ করেছে,

    আর আমার হাড়গোড় সব দুর্বল হয়েছে।

    11 আমার সব শত্রুর কারণে,

    আমি আমার প্রতিবেশীদের ঘৃণার পাত্র,

    আর আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ভয়ংকর হয়েছি—

    যারা পথে আমাকে দেখে তারা আমার কাছ থেকে পালিয়ে যায়।

    12 মৃত ব্যক্তির মতো আমাকে ভুলে যাওয়া হয়েছে;

    আমি মাটির ভাঙা পাত্রের মতো হয়েছি।

  70. 5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  71. 18 বন্ধু ও প্রতিবেশীকে তুমি আমার কাছ থেকে দূর করেছ,

    অন্ধকার আমার সবচেয়ে কাছের বন্ধু।

  72. 10 আমার চোখে যা ভালো লাগত আমি তা অস্বীকার করতাম না;

    আমার হৃদয়ের কোনো আনন্দ আমি প্রত্যাখ্যান করতাম না।

    আমার সবকাজেই আমার মন খুশি হত,

    আর এটাই ছিল আমার সব পরিশ্রমের পুরস্কার।

    11 তবুও আমি যা কিছু করেছি আর যা পাওয়ার জন্য পরিশ্রম করেছি

    তার দিকে যখন তাকিয়াছি,

    সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো;

    সূর্যের নিচে কোনো কিছুতেই লাভ নেই।

  73. 18 “তোমার পথ ও তোমার কৃতকর্ম

    তোমার উপরে এসব নিয়ে এসেছে।

    এই তোমার শাস্তি।

    কী তিক্ত এই শাস্তি!

    যা বিদ্ধ করে হৃদয়কে!”

    19 আহ্, এ আমার কি নিদারুণ মনোবেদনা, কী নিদারুণ মনোবেদনা!

    আমি যন্ত্রণায় ছটফট করছি।

    আহা, আমার হৃদয়ে এ এক নিদারুণ যন্ত্রণা!

    আমার হৃদয় উদ্বেগে ধকধক করছে,

    আমি নীরব থাকতে পারছি না।

    কেননা আমি তূরীর শব্দ শুনেছি;

    আমি রণহুঙ্কারের শব্দ শুনেছি।

  74. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।

  75. 75 তখন যীশু যে কথা বলেছিলেন, তা পিতরের মনে পড়ল, “মোরগ ডাকার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” আর তিনি বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।

  76. 13 বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই। 14 তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। 15 আমি তোমাদের আর দাস বলে ডাকি না, কারণ একজন প্রভু কী করেন, দাস তা জানে না। বরং, আমি তোমাদের বন্ধু বলে ডাকি, কারণ আমার পিতার কাছ থেকে আমি যা কিছু জেনেছি, তা তোমাদের জানিয়েছি।

  77. 24 আবার এসো, আমরা এও বিবেচনা করে দেখি, কীভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। 25 এসো, আমরা সভায় একত্রিত হওয়ার অভ্যাস পরিত্যাগ না করি, কেউ কেউ যেমন এতে অভ্যস্ত হয়ে উঠেছে। বরং এসো পরস্পরকে উৎসাহিত করি, বিশেষত আরও বেশি তৎপর হয়ে করি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রভুর আগমনের সেইদিন ক্রমশ এগিয়ে আসছে।