43 Bible Verses About Death of a Loved One

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Death of a Loved One
  1. 13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন। 15 প্রভুর নিজের কথা অনুসারে আমরা তোমাদের বলছি যে, আমরা যারা বেঁচে আছি, প্রভুর আগমন পর্যন্ত যারা অবশিষ্ট থাকব, তারা নিদ্রাগতদের আগে কিছুতেই যেতে পারব না। 16 কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। 17 এরপর, আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। 18 সেইজন্য, এসব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।

  2. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”

  3. 1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। 4 আমি যেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পথ তোমরা জানো।”

    5 থোমা তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন, আমরা জানি না, তাহলে সেই পথ আমরা জানব কী করে?”

    6 যীশু উত্তর দিলেন, “আমিই পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে, কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না।

  4. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে।

  5. 6 অতএব, আমরা সবসময়ই সুনিশ্চিত এবং জানি যে, যতক্ষণ আমরা এই শরীরে অবস্থান করছি, আমরা প্রভু থেকে দূরে আছি। 7 আমরা বিশ্বাস দ্বারা জীবনযাপন করি, দৃশ্য বস্তুর দ্বারা নয়। 8 আমরা সুনিশ্চিত, তাই আমি বলি, আমরা বেশি করে চাইব, শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি। 9 তাই আমরা এই শরীরে বাস করি বা এর থেকে দূরে থাকি, আমাদের লক্ষ্য হল তাঁকে সন্তুষ্ট করা।

  6. 1 যীশু অনেক লোক দেখে একটি পর্বতের উপরে উঠে বসলেন। তাঁর শিষ্যেরা তাঁর কাছে এলেন। 2 আর তিনি তাঁদের শিক্ষা দিতে লাগলেন।

    তিনি বললেন:

    3 “ধন্য তারা, যারা আত্মায় দীনহীন,

    কারণ স্বর্গরাজ্য তাদেরই।

    4 ধন্য তারা, যারা শোক করে,

    কারণ তারা সান্ত্বনা পাবে।

  7. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  8. 1 ধার্মিক ব্যক্তিরা বিনষ্ট হয়,

    কেউ তা বিবেচনা করে না;

    ভক্তিমান লোকেরা অপসারিত হচ্ছে,

    কেউ তা বুঝতে পারছে না যে,

    মন্দ থেকে রক্ষা করার জন্যই

    ধার্মিক লোকেদের সরিয়ে নেওয়া হচ্ছে।

    2 যারা ন্যায়সংগত জীবনযাপন করে,

    তারা শান্তিতে প্রবেশ করবে;

    মৃত্যুশয্যায় তারা বিশ্রাম লাভ করবে।

  9. 23 যীশু তাঁকে বললেন, “তোমার ভাই আবার জীবিত হবে।”

    24 মার্থা উত্তর দিলেন, “আমি জানি, শেষের দিনে, পুনরুত্থানের সময়, সে আবার জীবিত হবে।”

    25 যীশু তাঁকে বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে। 26 আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু কখনও হবে না। তুমি কি একথা বিশ্বাস করো?”

  10. 25 কারণ যতক্ষণ না তিনি তাঁর সমস্ত শত্রুকে তাঁর পদানত করেন, তাঁকে রাজত্ব করতেই হবে। 26 সর্বশেষ শত্রু যে মৃত্যু, তাও ধ্বংস করা হবে।

  11. 52 এক নিমেষে, চোখের পলকে, শেষ তূরীধ্বনির সঙ্গে তা ঘটবে। কারণ তূরীধ্বনি হবে, মৃতেরা অক্ষয়তায় উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরিত হব, 53 কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে। 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”

    55 “মৃত্যু, তোমার জয় কোথায়?

    মৃত্যু, তোমার হুল কোথায়?”

    56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।

  12. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

  13. 1 সবকিছুর জন্য একটি সময় আছে,

    আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে:

    2 জন্মের সময় ও মরণের সময়,

    বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়,

    3 মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,

    ভেঙে ফেলবার সময় ও গড়বার সময়,

    4 কাঁদবার সময় ও হাসবার সময়,

    শোক করবার সময় ও নাচবার সময়,

  14. 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  15. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।

    1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,

    সংকটকালে সদা উপস্থিত সহায়।

    2 অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়

    এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,

    3 যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,

    এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।

  16. 15 সদাপ্রভুর বিশ্বস্ত সেবাকারীদের মৃত্যু

    তাঁর চোখে বহুমূল্য।

  17. 3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,

    এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

  18. 33 মরিয়মকে এবং তাঁর অনুসরণকারী ইহুদিদের কাঁদতে দেখে, যীশু আত্মায় গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, 34 “তোমরা তাকে কোথায় রেখেছ?”

    তাঁরা উত্তর দিল, “প্রভু, দেখবেন আসুন।”

    35 যীশু কাঁদলেন।

  19. 4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

  20. 26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,

    কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি

    আর আমার চিরকালের উত্তরাধিকার।

  21. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  22. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  23. 21 কারণ মৃত্যু যেহেতু একজন মানুষের মাধ্যমে এসেছিল, মৃতদের পুনরুত্থানও তেমনই একজন মানুষের মাধ্যমেই আসে। 22 কারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, তেমনই খ্রীষ্টে সকলেই পুনর্জীবিত হবে।

  24. 16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।

  25. 13 তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, “তুমি লেখো: ধন্য সেই মৃতজনেরা, যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে।”

    পবিত্র আত্মা বলছেন, “হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে।”

  26. 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

  27. 8 আমরা যদি জীবিত থাকি, তাহলে প্রভুর উদ্দেশেই জীবিত থাকি; আবার যদি আমরা মৃত্যুবরণ করি, আমরা প্রভুর উদ্দেশেই মৃত্যুবরণ করি। তাই, আমরা জীবিত থাকি বা মৃত্যুবরণ করি, আমরা প্রভুরই থাকি।

  28. 42 মৃতদের পুনরুত্থানের ক্ষেত্রেও এরকমই হবে। ক্ষয়ে বপন করা হয়, কিন্তু অক্ষয়তায় উত্থাপিত করা হবে; 43 অনাদরে বপন করা হয়, মহিমায় তা উত্থাপিত করা হবে; দুর্বলতায় তা বপন করা হয়, পরাক্রমে তা উত্থাপিত হবে; 44 স্বাভাবিক দেহ বপন করা হয়, আত্মিক দেহ উত্থাপিত হবে।

    যদি স্বাভাবিক দেহ থাকে, তাহলে আত্মিক দেহও থাকে। 45 তাই এরকম লেখা আছে: “প্রথম মানুষ আদম হলেন এক জীবিত প্রাণী”; শেষ আদম হলেন এক জীবনদায়ী আত্মা।

  29. 1 সারা 127 বছর বেঁচেছিলেন। 2 কনান দেশের অন্তর্গত কিরিয়ৎ-অর্বে (অথবা, হিব্রোণে) তিনি মারা গেলেন, এবং অব্রাহাম সারার জন্য শোকপ্রকাশ ও কান্নাকাটি করার জন্য (সেখানে) গেলেন।

  30. 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

    28 “তোমরা আমার কাছে শুনেছ, ‘আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আবার ফিরে আসছি।’ তোমরা যদি আমাকে প্রেম করতে, আমি পিতার কাছে যাচ্ছি বলে তোমরা উল্লসিত হতে, কারণ পিতা আমার চেয়ে মহান। 29 এসব ঘটবার আগেই আমি এখন তোমাদের সেসব বলে দিলাম, যেন তা ঘটলে তোমরা বিশ্বাস করতে পারো।

  31. 22 তোমাদের ক্ষেত্রেও তাই। এখন তোমাদের শোকের সময়, কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করব এবং তোমরা আনন্দ করবে। তোমাদের সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না।

  32. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

    8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  33. 10 হিত্তীয় ইফ্রোণ তাঁর লোকজনের মাঝখানে বসেছিলেন এবং যে হিত্তীয়েরা তাঁর নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত হল, তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি অব্রাহামকে উত্তর দিলেন।

  34. 11 মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।

    তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;

    তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।

    আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,

    দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।

  35. 28 “তোমরা একথায় বিস্মিত হোয়ো না, কারণ এমন এক সময় আসছে, যখন কবরস্থ লোকেরা সকলে তাঁর কণ্ঠস্বর শুনবে এবং 29 যারা সৎকাজ করেছে, তারা জীবনের পুনরুত্থানের জন্য, আর যারা দুষ্কর্ম করেছে, তারা বিচারের পুনরুত্থানের জন্য বের হয়ে আসবে।

  36. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না।

  37. 5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,

    কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;

    অশ্রু রাত্রিব্যাপী হয়,

    কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।

  38. 14 কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর;

    তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।

  39. 7 এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন

    সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর,

    সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;

    8 তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন।

    সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন;

    তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন।

    সদাপ্রভু একথা বলেছেন।

  40. 31 কারণ প্রভু মানুষকে

    চিরকালের জন্য পরিত্যাগ করেন না।

    32 যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন,

    তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।

    33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের

    কষ্ট বা মনোদুঃখ দেন না।

  41. 15 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 16 “হে মানবসন্তান, আমি এক আঘাতেই তোমার কাছ থেকে তোমার স্ত্রী যাকে তুমি ভীষণ ভালোবাসো তাকে নিয়ে নেব। তবুও তুমি বিলাপ করো না, কেঁদো না কিংবা চোখের জল ফেলো না। 17 নীরবে দীর্ঘনিঃশ্বাস ফেলো, মৃতের জন্য শোকপ্রকাশ করো না। তুমি পাগড়ি বেঁধো ও পায়ে চটি দিয়ো; শোককারীদের স্বাভাবিক রীতি মেনো না অথবা তোমার সান্ত্বনাকারী বন্ধুদের দেওয়া কোনও খাবার গ্রহণ করো না।”

    18 তখন আমি সকালবেলায় লোকদের সঙ্গে কথা বললাম, আর সন্ধ্যাবেলায় আমার স্ত্রী মারা গেলেন। পরদিন সকালে আমাকে যেমন আদেশ করা হয়েছিল তেমনই করলাম।

  42. 27 মানুষের জন্য যেমন একবার মৃত্যু ও তারপর বিচার নির্ধারিত হয়ে আছে,

  43. 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।