41 Bible Verses About Courage

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Courage
  1. 5 তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না। 6 তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।

    7 “তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও। 8 বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো; দিনরাত এ নিয়ে ধ্যান কোরো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে, তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধিশালী ও কৃতকার্য হবে। 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

    10 অতএব যিহোশূয় লোকদের কর্মকর্তাদের আদেশ দিলেন: 11 “তোমরা শিবিরের মধ্যে গিয়ে লোকদের বলো, ‘তোমাদের সঙ্গের পাথেয় খাদ্যসামগ্রী প্রস্তুত করো। এখন থেকে তিনদিনের মধ্যে তোমরা জর্ডন নদী অতিক্রম করবে। তোমরা সেই দেশ অধিকার করবে, যে দেশ তোমাদের নিজস্ব অধিকারবলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে চলেছেন।’ ”

  2. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

    7 এরপর মোশি যিহোশূয়কে ডাকলেন এবং সমস্ত ইস্রায়েলীর সামনে তাঁকে বললেন, “বলবান হও ও সাহস করো, কারণ তোমাকেই এই লোকদের সঙ্গে সেই দেশে যেতে হবে যে দেশটি এদের দেবার শপথ সদাপ্রভু এদের পূর্বপুরুষদের কাছে করেছিলেন। তোমাকেই সেই দেশটি সম্পত্তি হিসেবে এদের মধ্যে ভাগ করে দিতে হবে। 8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”

  3. 16 শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর দিলেন, “হে নেবুখাদনেজার, আপনার এই কথার জবাব দেওয়ার কোনো দরকার আমাদের নেই 17 যদি আমাদের জলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, আমাদের ঈশ্বর যাকে আমরা সেবা করি, তিনি আমাদের রক্ষা করতে পারবেন এবং হে রাজা, আপনার হাত থেকেও আমাদের রক্ষা করবেন। 18 কিন্তু তিনি যদি আমাদের রক্ষা নাও করেন, আপনি জেনে রাখুন হে মহারাজ যে, আমরা আপনার দেবতাদের সেবা করব না অথবা আপনার স্থাপিত সোনার মূর্তিকেও আরাধনা করব না।”

  4. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,

    তাই আমি কেন ভীত হব?

    সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,

    তাই আমি কেন কম্পিত হব?

    2 আমায় গ্রাস করতে

    যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে,

    আমার শত্রুরা ও আমার বিপক্ষরা

    হোঁচট খাবে ও পতিত হবে।

    3 যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে,

    আমার হৃদয় ভয় করবে না;

    আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও,

    আমি আত্মবিশ্বাসী রইব।

  5. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

    11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,

    তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;

    যারা তোমার বিরোধিতা করে,

    তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।

    12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,

    তুমি তাদের সন্ধান পাবে না।

    যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,

    তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।

    13 কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,

    যিনি ধারণ করেন তোমার ডান হাত

    এবং তোমাকে বলেন, ভয় কোরো না;

    আমি তোমাকে সাহায্য করব।

    14 ওহে কীটসদৃশ যাকোব, ওহে নগণ্য ইস্রায়েল,

    তোমরা ভয় কোরো না,

    কারণ আমি স্বয়ং তোমাকে সাহায্য করব,”

    যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, সদাপ্রভু ঘোষণা করেন।

  6. 11 হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও;

    আমার শত্রুদের কারণে,

    আমাকে সোজা পথে চালাও।

    12 আমার শত্রুদের ইচ্ছায় আমাকে সমর্পণ কোরো না,

    দেখো, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীরা মাথা তুলছে,

    নিশ্বাসে তারা আমাকে হিংসার ভয় দেখাচ্ছে।

    13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী,

    আমি জীবিতদের দেশে

    সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।

    14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;

    শক্ত হও ও সাহস করো

    এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।

  7. 13 তোমরা সতর্ক থেকো; বিশ্বাসে অবিচলিত থেকো; সাহসী ও শক্তিমান হও।

  8. 7 কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, প্রেম ও সুবুদ্ধির আত্মা।

  9. 20 এছাড়াও দাউদ তাঁর ছেলে শলোমনকে বললেন, “বলবান ও সাহসী হও, আর কাজটি করে ফেলো। ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ, সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার সব কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগও করবেন না।

  10. 11 “এখন, বাছা, সদাপ্রভু তোমার সহবর্তী হোন, এবং তুমি সাফল্য লাভ করো ও তোমার ঈশ্বর সদাপ্রভুর বলা কথামতো তুমিই তাঁর এক ভবন তৈরি করো। 12 তোমাকে ইস্রায়েলের উপর শাসকপদে নিযুক্ত করার পর সদাপ্রভু যেন তোমাকে প্রজ্ঞা ও বোধবুদ্ধি দেন, যার ফলস্বরূপ তুমি যেন তোমার ঈশ্বর সদাপ্রভুর বিধিবিধান পালন করে যেতে পারো। 13 ইস্রায়েলের জন্য মোশিকে সদাপ্রভু যে বিধি ও বিধান দিলেন, সেগুলি যদি তুমি সতর্কতাপূর্বক পালন করে যেতে পারো তবে তুমি সাফল্য পাবে। বলবান ও সাহসী হও। ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না।

  11. 24 তোমরা যারা সদাপ্রভুর উপর আশা রাখো,

    তোমরা বলবান হও ও সাহস করো।

  12. 12 ভাই ও বোনেরা, আমি চাই, তোমরা যেন জানতে পারো যে, আমার প্রতি যা ঘটেছে, তা প্রকৃতপক্ষে সুসমাচার প্রচারের কাজ আরও এগিয়ে দিয়েছে। 13 ফলস্বরূপ, সমস্ত প্রাসাদরক্ষী এবং অন্য সকলের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে, খ্রীষ্টের জন্যই আমি কারাগারে বন্দি হয়েছি। 14 আমার বন্দিদশার জন্যই প্রভুতে অধিকাংশ ভাই আরও সাহসের সঙ্গে ও আরও নির্ভীকভাবে ঈশ্বরের বাক্য প্রচার করতে অনুপ্রেরণা লাভ করেছে।

  13. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  14. 25 যিহোশূয় তাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না; নিরাশও হোয়ো না। তোমরা বলবান ও সাহসী হও। তোমরা যেসব শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, সদাপ্রভু তাদের সবারই প্রতি এরকম করবেন।”

  15. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

    6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  16. 12 শক্তিশালী হও, এসো—আমরা আমাদের জাতির ও আমাদের ঈশ্বরের নগরগুলির জন্য বীরের মতো লড়াই করি। সদাপ্রভুই তাঁর দৃষ্টিতে যা ভালো বোধ হয়, তাই করবেন।”

  17. সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর: “সুদূর ওক বৃক্ষের উপর ঘুঘু।” যখন ফিলিস্তিনীরা গাত নগরে দাউদকে বন্দি করেছিল।

    1 হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,

    কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে;

    সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।

    2 আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে;

    তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।

    3 যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।

    4 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—

    আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।

    সামান্য মানুষ আমার কী করতে পারে?

  18. 1 কেউ পশ্চাদ্ধাবন না করলেও দুষ্টেরা পালায়,

    কিন্তু ধার্মিকেরা সিংহের মতো সাহসী।

  19. 18 তাঁরা তখন আবার তাঁদের ভিতরে ডেকে পাঠালেন ও আদেশ দিলেন, যেন তাঁরা যীশুর নামে আদৌ আর কোনো কথা না বলে, বা শিক্ষা না দেয়। 19 কিন্তু পিতর ও যোহন উত্তর দিলেন, “আপনারা নিজেরাই বিচার করুন, ঈশ্বরের কথা শোনার চেয়ে আপনাদের কথা শোনা ঈশ্বরের দৃষ্টিতে ন্যায়সংগত কি না। 20 কারণ আমরা যা দেখেছি ও শুনেছি, তা না বলে থাকতে পারছি না।”

  20. 18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি।

  21. 22 সুতরাং মোশি সেদিন গানটি লিখে ইস্রায়েলীদের শিখিয়েছিলেন।

    23 নূনের ছেলে যিহোশূয়কে সদাপ্রভু এই আদেশ দিলেন: “বলবান হও ও সাহস করো, কারণ যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা আমি শপথ করে ইস্রায়েলীদের কাছে করেছিলাম সেখানে তুমিই তাদের নিয়ে যাবে, এবং আমি নিজেই তোমার সঙ্গে থাকব।”

  22. 7 “তোমরা বলবান ও সাহসী হও। আসিরিয়ার রাজাকে ও তাঁর সাথে থাকা বিশাল সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ তাঁর সাথে যে বা যারা আছে, তাদের তুলনায় আমাদের সাথে যিনি আছেন, তাঁর ক্ষমতা অনেক বেশি। 8 তাঁর সাথে আছে শুধু মানুষের হাত, কিন্তু আমাদের সাথে আছেন আমাদের সেই ঈশ্বর সদাপ্রভু, যিনি আমাদের সাহায্য করতে ও আমাদের হয়ে যুদ্ধ করতেও সক্ষম।” যিহূদার রাজা হিষ্কিয় প্রজাদের যে কথা বললেন, তা শুনে তারা ভরসা পেয়েছিল।

  23. 27 যাই ঘটুক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের যোগ্য আচরণ করো। তাহলে আমি কাছে এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি বা আমার অনুপস্থিতিতে তোমাদের কথা শুধু শুনেই থাকি, আমি জানব যে তোমরা এক আত্মায় অবিচল আছ, এবং এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ, 28 যারা তোমাদের বিপক্ষতা করে, কোনোভাবেই তাদের ভয় পাওনি। এই হবে তাদের বিনাশের প্রমাণ, কিন্তু তোমরা লাভ করবে মুক্তি—ঈশ্বরই তা দান করবেন।

  24. 45 দাউদ সেই ফিলিস্তিনীকে বললেন, “তুমি তরোয়াল, বর্শা ও বল্লম নিয়ে আমার বিরুদ্ধে লড়তে এসেছ, কিন্তু আমি ইস্রায়েলের সৈন্যদলের ঈশ্বর সেই সর্বশক্তিমান সদাপ্রভুর নামে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, তুমি যাঁর নামে টিটকিরি দিয়েছ। 46 আজকের এই দিনে সদাপ্রভু তোমাকে আমার হাতে সমর্পণ করে দেবেন, আর আমি তোমাকে আঘাত করে তোমার মাথা কেটে ফেলব। আজই আমি ফিলিস্তিনী সৈন্যদের মৃতদেহ পাখি ও বন্যপশুদের খাওয়াব, আর সমগ্র জগৎসংসার জানবে যে ইস্রায়েলে একজন ঈশ্বর আছেন। 47 এখানে যারা যারা উপস্থিত আছে তারা সবাই জানবে যে সদাপ্রভু তরোয়াল বা বর্শা দিয়ে উদ্ধার দেন না; কারণ যুদ্ধ তো সদাপ্রভুরই, আর তিনিই তোমাদের সবাইকে আমাদের হাতে সমর্পণ করে দেবেন।”

  25. 1 ইষ্রা যখন ঈশ্বরের গৃহের সামনে প্রণত হয়ে প্রার্থনা, পাপস্বীকার ও ক্রন্দন করছিলেন, তখন ইস্রায়েলীদের পুরুষ, মহিলা ও শিশুসহ এক বিরাট জনতা তার চারিদিকে সমবেত হল। তারাও তীব্র ক্রন্দন করতে লাগল। 2 তখন এলম বংশজাত যিহীয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে বলল, “আমরা আমাদের চতুর্দিকে বিজাতীয়দের মধ্য থেকে মহিলাদের মনোনীত করে মিশ্র-বিবাহের দ্বারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছি। তবুও ইস্রায়েলীদের পক্ষে এখনও এক প্রত্যাশা আছে। 3 এখন আসুন, আমরা আমাদের প্রভুর ও যারা আমাদের ঈশ্বরের আজ্ঞাগুলিকে ভয় করে, তাদের পরামর্শ অনুসারে ঈশ্বরের সামনে এক নিয়ম সম্পাদন করে ওই সমস্ত স্ত্রীলোকদের ও তাদের সন্তানদের ত্যাগ করি। 4 আপনি উঠুন; বিষয়টি আপনার হাতেই রয়েছে, আমরা আপনাকে সমর্থন জানাব, নির্ভয়ে এই কাজটি করুন।”

  26. 26 কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা, যাঁকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার বলা সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন। 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

    28 “তোমরা আমার কাছে শুনেছ, ‘আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আবার ফিরে আসছি।’ তোমরা যদি আমাকে প্রেম করতে, আমি পিতার কাছে যাচ্ছি বলে তোমরা উল্লসিত হতে, কারণ পিতা আমার চেয়ে মহান। 29 এসব ঘটবার আগেই আমি এখন তোমাদের সেসব বলে দিলাম, যেন তা ঘটলে তোমরা বিশ্বাস করতে পারো। 30 আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলব না, কারণ এই জগতের অধিকর্তা আসছে। আমার উপর তার কোনো অধিকার নেই। 31 কিন্তু জগৎ যেন শিক্ষাগ্রহণ করে যে, আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যা আদেশ করেন, আমি ঠিক তাই পালন করি।

    “এখন চলো, আমরা এখান থেকে যাই।

  27. 19 কারণ আমি জানি, আমার জীবনে যা ঘটেছে, তোমাদের প্রার্থনার মাধ্যমে এবং যীশু খ্রীষ্টের আত্মা দ্বারা যে সহায়তা দেওয়া হয়েছে, সেসব আমার মুক্তির কারণ হবে। 20 আমার আকুল আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবেই লজ্জিত হব না, বরং পর্যাপ্ত সাহসের সঙ্গে চলব, যেন সবসময় যেমন করে এসেছি আজও তেমনি—জীবনে হোক বা মৃত্যুতে হোক—আমার এই শরীরে খ্রীষ্ট মহিমান্বিত হবেন। 21 কারণ আমার কাছে খ্রীষ্টই জীবন, আর মৃত্যু লাভজনক।

  28. 11 আমরা যখন সেকথা শুনলাম, আমাদের হৃদয় গলে গেল, তোমাদের জন্য আমাদের প্রত্যেকের সাহস নষ্ট হয়ে গেল, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু উপরে স্বর্গের ও নিচে পৃথিবীর ঈশ্বর।

  29. 2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;

    আমি আস্থা রাখব ও ভয় পাব না।

    সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;

    তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”

  30. 26 “সুতরাং, তোমরা তাদের ভয় পেয়ো না। এমন কিছুই লুকোনো নেই যা প্রকাশ পাবে না, বা এমন কিছুই গোপন নেই যা জানা যাবে না। 27 আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি, দিনের আলোয় তোমরা তা বোলো; তোমাদের কানে কানে যা বলা হয়, তা ছাদের উপর থেকে ঘোষণা কোরো। 28 যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো। 29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। 30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। 31 তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।

  31. 27 কিন্তু যীশু তক্ষুনি তাঁদের বললেন, “সাহস করো! এ আমি। ভয় পেয়ো না।”

  32. 9 একজন পঙ্গু মানুষের প্রতি করুণা দেখানোর জন্য যদি আজ আমাদের জবাবদিহি করতে বলা হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে, সে কীভাবে সুস্থ হল, 10 তাহলে আপনারা ও ইস্রায়েলের সব মানুষ একথা জেনে নিন: যাঁকে আপনারা ক্রুশার্পিত করেছিলেন, কিন্তু ঈশ্বর যাঁকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন, নাসরতের সেই যীশু খ্রীষ্টের নামে এই ব্যক্তি সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। 11 তিনিই

    “ ‘সেই পাথর যাঁকে গাঁথকেরা অগ্রাহ্য করেছিলেন,

    তিনিই হয়ে উঠেছেন কোণের প্রধান পাথর।’

    12 আর অন্য কারও কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে, মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি, যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি।”

    13 তাঁরা যখন পিতর ও যোহনের সাহসিকতা দেখলেন ও উপলব্ধি করলেন যে তাঁরা ছিলেন অশিক্ষিত, সাধারণ মানুষ, তখন তাঁরা বিস্মিত হলেন। তাঁরা বুঝতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গে ছিলেন।

  33. 11 সেই দিনই রাত্রিবেলায় প্রভু পৌলের পাশে এসে দাঁড়ালেন ও বললেন, “সাহসী হও! তুমি যেমন জেরুশালেমে আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছ, তেমনই তুমি রোমেও সাক্ষ্য দেবে।”

  34. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

    4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

  35. 10 দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুশালেমের দিকে খুলত। দিনে তিনবার অভ্যাসমতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন।

  36. 25 “এক বিশাল বাহিনী নিয়ে সে দক্ষিণের রাজার বিরুদ্ধে নিজের শক্তি ও সাহস বৃদ্ধি করবে। দক্ষিণের রাজা বিশাল ও শক্তিশালী এক সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে তার বিরুদ্ধে টিকতে পারবে না।

  37. 6 অতএব, আমরা সবসময়ই সুনিশ্চিত এবং জানি যে, যতক্ষণ আমরা এই শরীরে অবস্থান করছি, আমরা প্রভু থেকে দূরে আছি। 7 আমরা বিশ্বাস দ্বারা জীবনযাপন করি, দৃশ্য বস্তুর দ্বারা নয়। 8 আমরা সুনিশ্চিত, তাই আমি বলি, আমরা বেশি করে চাইব, শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি।

  38. 10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও।

  39. 14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  40. 49 কিন্তু তাঁকে সাগরের উপর দিয়ে হেঁটে যেতে দেখে তাঁরা তাঁকে কোনও ভূত মনে করলেন। 50 তাঁরা চিৎকার করে উঠলেন, কারণ তাঁরা সবাই তাঁকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন।

    তিনি তক্ষুনি তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, “সাহস করো! এ আমি! ভয় পেয়ো না।”

  41. 28 তিনি বললেন, “আমরা তোমাদের এই নামে শিক্ষা না দেওয়ার জন্য কঠোর আদেশ দিয়েছিলাম, তবুও তোমরা তোমাদের উপদেশে জেরুশালেম পূর্ণ করেছ এবং সেই ব্যক্তির রক্তের জন্য আমাদেরই অপরাধী সাব্যস্ত করার উদ্দেশ্যে দৃঢ়সংকল্প হয়েছ।”

    29 পিতর ও অন্য প্রেরিতশিষ্যেরা উত্তর দিলেন, “মানুষের চেয়ে আমরা বরং ঈশ্বরের আদেশই পালন করব! 30 আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন—যাঁকে আপনারা একটি গাছের উপরে টাঙিয়ে হত্যা করেছিলেন। 31 ঈশ্বর তাঁকে অধিপতি ও উদ্ধারকর্তা করে তাঁর ডানদিকে উন্নীত করেছেন, যেন তিনি ইস্রায়েলকে মন পরিবর্তনের পথে চালনা করতে ও পাপের ক্ষমা দিতে পারেন। 32 আমরা এই সমস্ত বিষয়ের সাক্ষী, আর পবিত্র আত্মাও সাক্ষী, যাঁকে ঈশ্বর, যারা তাঁর আজ্ঞা পালন করে, তাদের দান করেছেন।”