89 Bible Verses About God's Sovereignty

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About God's Sovereignty
  1. 14 তাহলে, এখন আমরা কী বলব? ঈশ্বর কি অবিচার করেছেন? তা কখনোই নয়! 15 কারণ তিনি মোশিকে বলেছেন,

    “যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব,

    এবং যার প্রতি আমি করুণা করতে চাই,

    তার প্রতি আমি করুণা করব।”

    16 সেই কারণে, তা মানুষের ইচ্ছা বা চেষ্টার উপরে নির্ভর করে না, কিন্তু ঈশ্বরের করুণার উপর তা নির্ভর করে। 17 কারণ শাস্ত্র ফরৌণকে বলে, “আমি এই বিশেষ উদ্দেশ্যেই তোমাকে উন্নত করেছি, যেন আমি তোমাকে আমার ক্ষমতা দেখাতে পারি ও সমগ্র পৃথিবীতে আমার নাম প্রচারিত হয়।” 18 সেই কারণে, ঈশ্বর যার প্রতি দয়া করতে চান, তার প্রতি তিনি দয়া করেন, কিন্তু যাকে কঠিন করতে চান, তাকে কঠিন করেন।

    19 তোমাদের মধ্যে কেউ হয়তো আমাকে বলবে, “তাহলে কেন ঈশ্বর এসব সত্ত্বেও আমাদের প্রতি দোষারোপ করেন? কারণ, কে তাঁর ইচ্ছার প্রতিরোধ করতে পারে?” 20 কিন্তু ওহে মানুষ, তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করো? “সৃষ্টবস্তু কি তার নির্মাতাকে একথা বলতে পারে, ‘তুমি কেন আমাকে এরকম গঠন করেছ?’ ” 21 একই মাটির তাল থেকে অভিজাত উদ্দেশে ব্যবহারের জন্য কিছু পাত্র এবং সাধারণ ব্যবহারের জন্য কিছু পাত্র নির্মাণ করার অধিকার কি কুমোরের নেই?

    22 কী হবে, যদি ঈশ্বর তাঁর ক্রোধ ও ক্ষমতা প্রকাশ করার জন্য ধ্বংসের উদ্দেশে নির্দিষ্ট তাঁর ক্রোধের পাত্রদের অসীম ধৈর্য সহকারে সহ্য করেন? 23 আর এতেই বা কী, তিনি যদি তাঁর করুণার পাত্রদের, যাদের মহিমাপ্রাপ্তির জন্য তিনি পূর্ব থেকেই প্রস্তুত করেছিলেন, তাদের কাছে তাঁর মহিমার ঐশ্বর্য প্রকাশ করেন— 24 এমনকি, আমাদের কাছেও, যাদের তিনি কেবলমাত্র ইহুদি জাতির মধ্য থেকে নয়, কিন্তু অইহুদিদের মধ্য থেকেও আহ্বান করেছেন? 25 হোশেয়ের গ্রন্থে যেমন তিনি বলেছেন:

    “যারা আমার প্রজা নয়,

    তাদের আমি ‘আমার প্রজা’ বলব;

    আর যে আমার প্রেমের পাত্রী নয়,

    তাকে আমি ‘আমার প্রিয়তমা’ বলে ডাকব।”

    26 আবার,

    “এরকম ঘটবে,

    যে স্থানে তাদের বলা হত,

    ‘তোমরা আমার প্রজা নও,’

    তাদের বলা হবে,

    ‘জীবন্ত ঈশ্বরের পুত্র।’ ”

  2. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন। 29 কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তাঁর পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত হন। 30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন।

    31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে? 32 যিনি তাঁর নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে সমর্পণ করেছেন—তিনি কি তাঁর সঙ্গে সবকিছুই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না?

  3. 7 তাঁর দ্বারাই আমরা তাঁর রক্তে মুক্তি, অর্থাৎ সব পাপের ক্ষমা পেয়েছি। এসব ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্যর কারণে হয়েছে, 8 যা তিনি সমস্ত প্রজ্ঞা ও বোধশক্তির সঙ্গে আমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিয়েছেন। 9 তিনি তাঁর সেই হিতসংকল্প অনুযায়ী সেই গুপ্তরহস্য আমাদের জানতে দিয়েছেন, যা তিনি খ্রীষ্টে পূর্বসংকল্প করেছিলেন, 10 যা কালের পূর্ণতার সঙ্গে সঙ্গে রূপায়িত করার সংকল্প করেছিলেন, যেন স্বর্গে ও পৃথিবীতে সবকিছুই, এক মস্তক, অর্থাৎ খ্রীষ্টের অধীনে একত্র করেন।

    11 যিনি তাঁর সংকল্প অনুসারে সমস্ত কিছু সাধন করেন, তাঁরই পরিকল্পনামতো পূর্ব-নির্ধারিত হয়ে তাঁর মাধ্যমে আমরা মনোনীতও হয়েছি, 12 যেন আমরা যারা খ্রীষ্টের উপরে প্রথমে প্রত্যাশা রেখেছিলাম, সেই আমাদেরই মাধ্যমে তাঁর মহিমার গুণগান হতে পারে।

  4. 8 “একথা স্মরণ করো, ভুলে যেয়ো না,

    ওহে বিদ্রোহীকুল, এগুলি হৃদয়ে উপলব্ধি করো।

    9 পূর্বের বিষয়গুলি, যা বহুপূর্বে ঘটে গিয়েছে, স্মরণ করো;

    আমিই ঈশ্বর, অন্য আর কেউ নয়;

    আমিই ঈশ্বর এবং আমার মতো আর কেউ নেই।

    10 আমি শুরু থেকেই শেষের কথা বলে দিই,

    যা এখনও ঘটেনি, তা পুরাকাল থেকেই আমি ঘোষণা করি।

    আমি বলি, ‘আমার সংকল্প অবশ্যই স্থির থাকবে,

    আর আমি যা চাই, তা অবশ্যই পূর্ণ করব।’

    11 পূর্বদেশ থেকে আমি এক শিকারি পাখিকে ডেকে আনব;

    বহু দূরবর্তী দেশ থেকে একজন মানুষকে, যে আমার সংকল্প সাধন করবে।

    আমি যা বলেছি, তা আমি অবশ্যই করে দেখাব,

    আমি যা পরিকল্পনা করেছি, তা আমি অবশ্য করব।

  5. 11 হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই

    আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই,

    কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই।

    হে সদাপ্রভু, রাজ্য তোমারই;

    সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।

    12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;

    তুমিই সবকিছুর শাসনকর্তা।

    সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য

    শক্তি ও বল তোমারই হাতে আছে।

  6. 32 মানুষের সমাজ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে এবং বন্যপশুদের সঙ্গে তুমি বাস করবে; তুমি বলদের মতো ঘাস খাবে। সাত কাল এভাবেই কেটে যাবে যতদিন না পর্যন্ত তুমি স্বীকার করবে যে পরাৎপর ঈশ্বর পৃথিবীর সমস্ত রাজ্যের উপর সার্বভৌম এবং যাকে তাঁর খুশি তার হাতে তিনি রাজত্বভার অর্পণ করেন।”

    33 তৎক্ষণাৎ নেবুখাদনেজারের সম্বন্ধে যা বলা হয়েছিল তা পূর্ণ হল। মানুষের সমাজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হল এবং বলদের মতো সে ঘাস খেল। আকাশের নিচে তার সারা শরীর শিশিরে ভিজল যতদিন না পর্যন্ত তার চুল ঈগল পাখির পালকের মতো বেড়ে উঠল ও তার নখ পাখির নখের মতো হয়ে উঠল।

    34 সেই সময় শেষ হওয়ার পরে, আমি, নেবুখাদনেজার, স্বর্গের দিকে চোখ তুলে দেখলাম এবং আমার সুবুদ্ধি ফিরিয়ে দেওয়া হল; তখন আমি পরাৎপর ঈশ্বরের ধন্যবাদ করলাম; যিনি নিত্যস্থায়ী তাঁর প্রশংসা ও সমাদর করলাম।

    তাঁর আধিপত্য চিরস্থায়ী আধিপত্য;

    তাঁর রাজ্য যুগ যুগান্তরে স্থায়ী।

    35 পৃথিবীর সব মানুষেরা

    তাঁর চোখে নগণ্য।

    স্বর্গের বাহিনীগণের মধ্যে ও

    পৃথিবীর মানুষের মধ্যে

    তিনি নিজের ইচ্ছাতেই কার্য সাধন করেন।

    কেউ তাঁর হাত প্রতিরোধ করতে পারে না

    বা তাঁকে বলতে পারে না “তুমি কি করেছ?”

  7. 3 আমাদের ঈশ্বর স্বর্গে আছেন;

    তিনি তাঁর ইচ্ছামতোই কাজ করেন।

  8. 15 তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথমজাত। 16 কারণ তাঁর দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। 17 সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তাঁরই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ। 18 তিনি দেহের, অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনিই সূচনা, তিনিই মৃতগণের মধ্য থেকে উত্থিত প্রথমজাত, যেন সমস্ত কিছুর উপরে তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। 19 কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে, তাঁর সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে এবং 20 ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।

  9. 1 রাজার হৃদয় সদাপ্রভুর হাতে ধরা এমন এক জলপ্রবাহ

    যা তিনি তাদের সবার দিকে প্রবাহিত হতে দেন যারা তাঁকে সন্তুষ্ট করে।

  10. 1 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:

    2 “আমি জানি যে তুমি সবকিছু করতে পার;

    তোমার কোনও অভিষ্ট খর্ব করা যায় না।

    3 তুমি জিজ্ঞাসা করলে, ‘এ কে যে জ্ঞান ছাড়াই আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?’

    নিশ্চয় আমি যা বুঝিনি,

    আমার জানার পক্ষে যা খুবই অদ্ভুত, তাই বলেছি।

    4 “তুমি বললে, ‘এখন শোনো, আমি কথা বলব;

    আমি তোমাকে প্রশ্ন করব,

    ও তুমি আমাকে উত্তর দেবে।’

    5 তোমার কথা আমি কানে শুনেছিলাম

    কিন্তু এখন আমি স্বচক্ষে তোমাকে দেখলাম।

    6 তাই নিজেকে আমি ঘৃণা করছি

    এবং ধুলোয় ও ছাইভস্মে বসে অনুতাপ করছি।”

  11. 6 আকাশমণ্ডলে ও পৃথিবীতে,

    সমুদ্রে ও সমস্ত জলধির মধ্যে,

    সদাপ্রভুর যা ইচ্ছা তাই করেন।

    7 তিনি পৃথিবীর প্রান্তদেশ থেকে মেঘ উত্থাপন করেন;

    তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রেরণ করেন,

    আর তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।

  12. 23 কারণ আমি যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, তোমাদের আরাধনা করার বস্তু সতর্কভাবে দেখছিলাম। তখন আমি এমন একটি বেদি দেখতে পেলাম, যার উপরে লেখা আছে:

    এক অজ্ঞাত দেবতার উদ্দেশে।

    এখন, তোমরা যাকে অজ্ঞাতরূপে আরাধনা করো, তাঁরই কথা আমি তোমাদের কাছে বলতে চাই।

    24 “ঈশ্বর, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন, তিনিই স্বর্গ ও মর্ত্যের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না। 25 তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না। কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। 26 তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন, যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন। 27 ঈশ্বর এ কাজ করেছেন, যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নেই। 28 কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, ‘আমরা তাঁর বংশ।’

    29 “অতএব, আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রুপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি। 30 অতীতকালে ঈশ্বর এই প্রকার অজ্ঞতাকে উপেক্ষা করেছেন, কিন্তু এখন তিনি সর্বস্থানের সব মানুষকে মন পরিবর্তনের আদেশ দিচ্ছেন। 31 কারণ তিনি একটি দিন নির্ধারিত করেছেন, যখন তিনি তাঁর নিযুক্ত এক ব্যক্তির দ্বারা ন্যায়ে জগতের বিচার করবেন। মৃত্যু থেকে তাঁকে উত্থাপিত করে সব মানুষের কাছে তিনি তার প্রমাণ দিয়েছেন।”

  13. 33 আহা, ঈশ্বরের প্রজ্ঞার ঐশ্বর্য ও জ্ঞান কত গভীর!

    তাঁর বিচারসকল কেমন অন্বেষণের অতীত,

    তাঁর পথসকল অনুসন্ধান করা যায় না!

    34 “প্রভুর মন কে জানতে পেরেছে?

    কিংবা কে তাঁর উপদেষ্টা হয়েছে?”

    35 “কে কখন ঈশ্বরকে কিছু দিয়েছে,

    যে ঈশ্বর তা পরিশোধ করবেন?”

    36 কারণ সকল বস্তুর উদ্ভব তাঁর থেকে,

    তাঁর মাধ্যমে ও তাঁরই জন্য, তাঁরই মহিমা হোক চিরকাল! আমেন।

  14. 6 যেন সূর্যোদয়ের স্থান থেকে

    তার অস্তস্থান পর্যন্ত,

    লোকেরা জানতে পারে যে, আমি ছাড়া আর কেউ নেই।

    আমিই সদাপ্রভু, আর কেউ নয়।

    7 আমিই আলো গঠন ও অন্ধকার সৃষ্টি করি,

    আমি সমৃদ্ধি নিয়ে আসি ও বিপর্যয় সৃষ্টি করি;

    আমি সদাপ্রভুই এই সমস্ত কাজ করি।

    8 “ঊর্ধ্বাকাশ, তুমি ধার্মিকতা বর্ষণ করো;

    মেঘমালা তা নিচে বর্ষণ করুক।

    পৃথিবীর ভূমি উন্মুক্ত হোক,

    অঙ্কুরিত হোক পরিত্রাণ,

    তার সঙ্গে ধার্মিকতা বৃদ্ধি পাক;

    আমি সদাপ্রভু তা সৃষ্টি করেছি।

    9 “ধিক্ সেই লোককে যে তার নির্মাতার সঙ্গে বিবাদ করে,

    যার কাছে সে মাটির খাপরাগুলির মধ্যে

    একটি খাপরা মাত্র।

    মাটি কি কুমোরকে বলতে পারে,

    ‘তুমি কী তৈরি করছ?’

    তোমার কর্ম কি বলতে পারে,

    ‘তোমার কোনো হাত নেই?’

    10 ধিক্ সেই মানুষ, যে তার বাবাকে বলে,

    ‘তুমি কী জন্ম দিয়েছ?’

    কিংবা তার মাকে বলে,

    ‘তুমি কী প্রসব করেছ?’

    11 “সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তার স্রষ্টা,

    তিনি এই কথা বলেন,

    ভাবীকালে যা ঘটবে,

    আমার সন্তানদের প্রসঙ্গে তোমরা কি প্রশ্ন করছ,

    অথবা, আমার হাতের কাজ সম্পর্কে তোমরা আমাকে আদেশ দিচ্ছ?

    12 আমি পৃথিবীকে সৃষ্টি করেছি,

    তার উপরে সৃষ্টি করেছি সমস্ত মানুষ।

    আমার নিজের হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে,

    আমি তাদের নক্ষত্রবাহিনীকে বিন্যস্ত করেছি।

    13 আমি আমার ধার্মিকতায় সাইরাসকে তুলে ধরব:

    আমি তার সব পথ সরল করব।

    সে আমার নগর পুনর্নির্মাণ করবে

    এবং আমার নির্বাসিতদের মুক্ত করে দেবে,

    কিন্তু কোনো মূল্য বা পুরস্কারের জন্য নয়,

    সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।”

  15. 26 “সুতরাং, তোমরা তাদের ভয় পেয়ো না। এমন কিছুই লুকোনো নেই যা প্রকাশ পাবে না, বা এমন কিছুই গোপন নেই যা জানা যাবে না। 27 আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি, দিনের আলোয় তোমরা তা বোলো; তোমাদের কানে কানে যা বলা হয়, তা ছাদের উপর থেকে ঘোষণা কোরো। 28 যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো। 29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। 30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। 31 তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।

    32 “যে কেউ মানুষের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও স্বর্গে আমার পিতার কাছে তাকে স্বীকার করব। 33 কিন্তু কেউ যদি মানুষের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও স্বর্গে আমার পিতার কাছে তাকে অস্বীকার করব।

  16. 13 এখন শোনো, তোমরা যারা বলে থাকো, “আজ বা আগামীকাল আমরা এই নগরে বা ওই নগরে যাব, সেখানে এক বছর থাকব, ব্যবসা করে অর্থ উপার্জন করব।” 14 কেন, তোমরা তা জানোই না যে আগামীকাল কী ঘটবে! তোমাদের জীবন কী ধরনের? তোমরা তো কুয়াশার মতো, যা সামান্য সময়ের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। 15 বরং তোমাদের বলা উচিত, “যদি প্রভুর ইচ্ছা হয়, আমরা বেঁচে থেকে এ কাজ বা ও কাজ করব।” 16 কিন্তু যেমন দেখা যাচ্ছে, তোমরা দম্ভ ও বড়াই করছ। এ ধরনের সমস্ত গর্ব হল মন্দ বিষয়।

  17. 20 তোমরা আমার ক্ষতি করার সংকল্প করলে, কিন্তু এখন যা কিছু হয়েছে তা ভালোর জন্যই, প্রচুর প্রাণরক্ষা করার জন্য ঈশ্বরই মনস্থ করে রেখেছিলেন।

  18. 5 তখন যিহোশাফট সদাপ্রভুর মন্দিরে, নতুন উঠোনের সামনে যিহূদা ও জেরুশালেমের সমবেত জনতার মাঝখানে দাঁড়িয়ে 6 বললেন:

    “হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গে বিরাজমান ঈশ্বর নও? তুমিই তো জাতিদের সব রাজ্য শাসন করে থাকো। বল ও শক্তি তো তোমারই হাতে আছে, আর কেউ তোমাকে বাধাও দিতে পারে না।

  19. 33 গুটিকাপাতের দান কোলেই চালা হয়,

    কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্ত আসে সদাপ্রভুর কাছ থেকেই।

  20. 3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। 4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। 5 প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন— 6 এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন।

  21. 16 একমাত্র অমর, অগম্য জ্যোতির মাঝে যাঁর অবস্থান, যাঁকে কেউ কখনও দেখেনি এবং দেখতেও পারে না—তাঁরই প্রতি হোক সমাদর এবং চিরস্থায়ী পরাক্রম। আমেন।

  22. 14 আকাশ ও তার উপরের সবকিছু এবং পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর। 15 তবুও তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর স্নেহ ছিল এবং তিনি তাদের ভালোবাসতেন, আর তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের, অর্থাৎ তোমাদের মনোনীত করেছেন—যেমন তোমরা আজও আছ। 16 তোমাদের হৃদয়ের সুন্নত করো, আর একগুঁয়ে হয়ে থেকো না। 17 তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরদের ঈশ্বর এবং প্রভুদের প্রভু, তিনিই মহান ঈশ্বর, ক্ষমতাশালী ও ভয়ংকর, যিনি কারোর মুখাপেক্ষা করেন না এবং ঘুষও নেন না।

  23. 9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,

    11 “আমাদের প্রভু ও ঈশ্বর,

    তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;

    কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,

    এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে

    ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”

  24. 1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।

    3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল।

  25. 9 মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে,

    কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন।

  26. 21 মানুষের অন্তরে অনেক পরিকল্পনা থাকে,

    কিন্তু সদাপ্রভুর অভীষ্টই প্রবল হয়।

  27. 13 ঈশ্বরের কাজ ভেবে দেখো

    তিনি যা বাঁকা করেছেন

    কে তা সোজা করতে পারে?

    14 যখন সুখের সময়, তখন সুখী হও;

    কিন্তু যখন দুঃখের সময়, এই কথা ভেবে দেখো

    ঈশ্বর একটি সৃষ্টি করেছেন

    পাশাপাশি আরেকটিও করেছেন।

    কিন্তু, কেউ আবিষ্কার করতে পারবে না

    তাদের ভবিষ্যতের কিছুই।

  28. 24 সর্বশক্তিমান সদাপ্রভু শপথ করে বলেছেন:

    “আমি যেমন পরিকল্পনা করেছি, নিশ্চিতরূপে সেইরকমই হবে,

    আর আমার অভিপ্রায় যে রকম, তাই স্থির থাকবে।

    25 আমি স্বদেশে আসিরীয়দের চূর্ণ করব;

    আমার পর্বতগুলির উপরে, আমি তাকে পদদলিত করব।

    আমার প্রজাদের উপর থেকে তার জোয়াল সরিয়ে ফেলা হবে,

    তাদের কাঁধ থেকে তার বোঝা অপসারিত হবে।”

    26 সমস্ত জগতের জন্য এই পরিকল্পনা স্থির করা হয়েছে;

    এই হাত সব জাতির উপরে প্রসারিত হয়েছে।

    27 কারণ সর্বশক্তিমান সদাপ্রভু যে সংকল্প করেছেন, কে তা নাকচ করবে?

    তাঁর হাত প্রসারিত হয়েছে, কে তা ফিরাতে পারবে?

  29. 26 যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব।”

  30. 13 হ্যাঁ তাই, পুরাকাল থেকে আমিই তিনি।

    আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না।

    যখন আমি সক্রিয় হই, তখন কে তা অন্যথা করবে?”

  31. 37 প্রভু যদি অনুমতি না দেন

    তাহলে কে কিছু বলে তা ঘটাতে পারে?

    38 পরাৎপর ঈশ্বরের মুখ থেকে কি

    বিপর্যয় ও উত্তমতা দুই-ই নির্গত হয় না?

    39 তাহলে তাদের পাপের জন্য শাস্তি পেলে

    জীবিত মানুষমাত্র কেন অভিযোগ করে?

    40 এসো আমরা নিজেদের জীবনাচরণ যাচাই ও পরীক্ষা করি,

    আর এসো, আমরা সদাপ্রভুর পথে ফিরে যাই।

  32. 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।

  33. 12 সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। 13 কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।

  34. 19 সদাপ্রভু তাঁর সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন,

    আর তাঁর রাজ্য সবকিছুর উপরে শাসন করে।

    20 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা,

    তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো,

    তোমরা যারা তাঁর আদেশ পালন করো।

    21 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী,

    তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।

    22 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি,

    তাঁর আধিপত্যের সমস্ত স্থানে।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

  35. 51 তাঁর বাহু সব পরাক্রম কাজ সাধন করেছে;

    যারা অন্তরের গভীরতম ভাবনায় গর্বিত, তিনি তাদের ছত্রভঙ্গ করেছেন।

    52 শাসকদের তিনি সিংহাসনচ্যূত করেছেন,

    কিন্তু বিনম্রদের উন্নত করেছেন।

    53 তিনি উত্তম দ্রব্যে ক্ষুধার্তদের তৃপ্ত করেছেন,

    কিন্তু ধনীদের রিক্ত হাতে বিদায় করেছেন।

  36. 44 পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না, আর শেষের দিনে আমি তাকে উত্থাপিত করব।

  37. 65 তিনি বলে চললেন, “এই জন্য আমি তোমাদের বলছি, পিতার কাছ থেকে সামর্থ্য লাভ না করলে, কেউ আমার কাছে আসতে পারে না।”

  38. 10 সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত;

    সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।

  39. 1 যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল। 2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

    “পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,

    সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

    4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।

    5 আমি চিৎকার করে উঠলাম, “ধিক্ আমাকে! আমি শেষ হয়ে গেলাম! আমি অশুচি ওষ্ঠাধরবিশিষ্ট মানুষ। আর আমার দুই চোখ মহারাজকে, সর্বশক্তিমান সদাপ্রভুকে দেখেছে।”

    6 তখন সরাফদের মধ্যে একজন, তাঁর হাতে জ্বলন্ত অঙ্গার নিয়ে আমার কাছে উড়ে এলেন। সেই অঙ্গার তিনি বেদির মধ্য থেকে চিমটা দিয়ে নিয়েছিলেন। 7 তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”

  40. 27 সত্যিই হেরোদ ও পন্তীয় পীলাত পরজাতিদের ও ইস্রায়েলী জনগণের সঙ্গে এই নগরে মিলিত হয়ে তোমার সেই পবিত্র সেবক যীশু, যাঁকে তুমি অভিষিক্ত করেছিলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 28 তারা তাই করেছিল, যা তোমার পরাক্রম ও ইচ্ছা অনুসারে অবশ্যই ঘটবে বলে অনেক আগে থেকে স্থির করে রেখেছিল।

  41. 38 সেই কারণে, বর্তমান বিষয়টি সম্পর্কে আমি তোমাদের পরামর্শ দিই, এই লোকেরা যেমন আছে, থাকতে দাও! ওদের চলে যেতে দাও! কারণ ওদের অভিপ্রায় বা কাজকর্ম যদি মানুষ থেকে হয়, তবে তা ব্যর্থ হবে। 39 কিন্তু তা যদি ঈশ্বর থেকে হয়, তোমরা এদের আটকাতে পারবে না; তোমরা কেবলমাত্র দেখতে পাবে যে, তোমরা নিজেরাই ঈশ্বরের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছ।”

  42. 26 ভাইবোনেরা, ভেবে দেখো, যখন তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা কী ছিলে? মানবিক মানদণ্ড অনুসারে, তোমরা অনেকেই জ্ঞানী ছিলে না; অনেকেই প্রভাবশালী ছিলে না; অনেকেই অভিজাত বংশীয় ছিলে না। 27 কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন; ঈশ্বর জগতের দুর্বল বিষয়গুলি মনোনীত করলেন, যেন শক্তিসম্পন্ন বিষয়গুলিকে লজ্জিত করেন। 28 তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন, 29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে। 30 তাঁরই কারণে তোমরা খ্রীষ্ট যীশুতে আছ, যিনি আমাদের জন্য হয়েছেন ঈশ্বর থেকে জ্ঞান—অর্থাৎ, আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। 31 অতএব, যেমন লেখা আছে, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”

  43. 1 অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন, 2 কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। 3 সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।

    4 তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।

  44. 11 এরপরে আমি এক বিশাল সাদা রংয়ের সিংহাসন ও তার উপরে যিনি বসে আছেন, তাঁকে দেখতে পেলাম। তাঁর উপস্থিতি থেকে পৃথিবী ও আকাশ পালিয়ে গেল। তাদের জন্য আর কোনো স্থান পাওয়া গেল না। 12 আর আমি দেখলাম, সামান্য ও মহান সকল মৃত ব্যক্তিরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। আর কতগুলি পুস্তক খোলা হল। অন্য একটি পুস্তক, অর্থাৎ জীবনপুস্তকও খোলা হল। পুস্তকগুলিতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপ অনুসারে তাদের বিচার করা হল। 13 সমুদ্র তার মধ্যস্থিত মৃতদের সমর্পণ করল এবং পরলোক ও পাতালও তাদের মধ্যে অবস্থিত মৃতদের সমর্পণ করল। আর তাদের প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের বিচার করা হল। 14 তারপর পরলোক ও পাতালকেও আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। সেই আগুনের হ্রদ হল দ্বিতীয় মৃত্যু। 15 আর যার নাম সেই জীবনপুস্তকে লিখিত পাওয়া গেল না, তাকেই আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।

  45. 39 আজকে তোমরা এই কথা জানো ও মনে রেখো যে সদাপ্রভুই উপরে স্বর্গে ও নিচে পৃথিবীর ঈশ্বর। অন্য কেউ নেই।

  46. 10 যারা সদাপ্রভুর বিরোধিতা করে তারা চুরমার হবে।

    স্বর্গ হতে পরাৎপর বজ্রাঘাত করবেন;

    সদাপ্রভু সমগ্র মর্ত্যলোকের বিচার করবেন।

    “তিনিই তাঁর রাজাকে শক্তি সামর্থ্য দেবেন

    আর অভিষিক্ত-জনের শৃঙ্গ উন্নত করবেন।”

  47. 31 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

    জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!”

  48. 28 কারণ আধিপত্য সদাপ্রভুরই

    আর তিনি জাতিদের উপর শাসন করেন।

  49. 9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;

    তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।

    10 জাতিদের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন;

    মানুষের সব সংকল্প তিনি বিফল করেন।

    11 কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়,

    তাঁর হৃদয়ের উদ্দেশ্য বংশের পর বংশ স্থায়ী হয়।

  50. 2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,

    সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।

  51. 4 সদাপ্রভু সবকিছু সঠিক লক্ষ্য সামনে রেখেই করেন—

    দুষ্টদের জন্যও বিপর্যয়ের দিন স্থির করে রাখেন।

  52. 21 তোমরা কি একথা জানো না?

    তোমরা কি তা কখনও শোনোনি?

    প্রথম থেকেই কি একথা তোমাদের বলা হয়নি?

    পৃথিবীর গোড়াপত্তন থেকে তোমরা কি তা বুঝতে পারোনি?

    22 তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবেশন করেন,

    এর অধিবাসীরা সকলে ফড়িংয়ের মতো।

    তিনি চন্দ্রাতপের মতো আকাশমণ্ডলকে প্রসারিত করেন,

    বসবাসের জন্য সেগুলিকে তাঁবুর মতো খাটিয়ে দেন।

    23 তিনি রাজন্যবর্গকে বিলুপ্ত করেন

    এবং জগতের শাসকদের শূন্য করেন।

    24 তাদের রোপণ করা মাত্র

    এবং যেই তাদের বপন করা হয়,

    যে মুহূর্তে তারা মাটিতে মূল বিস্তার করে,

    তিনি তাদের উপরে ফুঁ দেন ও তারা শুকিয়ে যায়,

    ঘূর্ণিঝড় তুষের মতোই তাদের উড়িয়ে নিয়ে যায়।

    25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে?

    কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।

    26 তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও:

    এগুলি কে সৃষ্টি করেছে?

    তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন

    এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।

    তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে

    তাদের একটিও হারিয়ে যায় না।

  53. 15 আমিই সদাপ্রভু, তোমাদের সেই পবিত্রজন,

    আমি ইস্রায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজাধিরাজ।”

  54. 37 কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”

  55. 17 এখন অনন্ত রাজাধিরাজ, অবিনশ্বর, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, তাঁরই প্রতি যুগে যুগে সম্মান ও মহিমা অর্পিত হোক। আমেন।

  56. 11 আমি দেখলাম, স্বর্গ খুলে গেল এবং সেখানে আমার সামনে ছিল একটি সাদা ঘোড়া। এর আরোহী বিশ্বস্ত ও সত্যময় নামে আখ্যাত। ন্যায়পরায়ণতার সঙ্গে তিনি বিচার ও যুদ্ধ করেন। 12 তাঁর দুই চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো এবং তাঁর মাথায় আছে অনেক মুকুট। তাঁর উপরে একটি নাম লেখা আছে, যা স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানে না। 13 তিনি রক্তে ডুবানো পোশাক পরে আছেন ও তাঁর নাম ঈশ্বরের বাক্য। 14 স্বর্গের সৈন্যরা তাঁকে অনুসরণ করল যিনি সাদা ও পরিষ্কার মিহি মসিনার পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে ছিলেন। 15 তাঁর মুখ থেকে নির্গত হচ্ছিল এক ধারালো তরোয়াল, যা দিয়ে তিনি সব জাতিকে ধরাশায়ী করেন। “তিনি লোহার রাজদণ্ড নিয়ে তাদের শাসন করবেন।” তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের পেষণকুণ্ডের দ্রাক্ষা দলন করেন। 16 তাঁর পোশাকে ও তাঁর ঊরুতে তাঁর এই নাম লেখা আছে:

    রাজাদের রাজা ও প্রভুদের প্রভু।

    17 আর আমি দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি মধ্যাকাশে উড়ন্ত সব পাখিকে উচ্চকণ্ঠে ডেকে বললেন, “তোমরা এসো, ঈশ্বরের মহাভোজে সকলে একত্র হও, 18 যেন তোমরা রাজাদের মাংস, সৈন্যাধ্যক্ষদের মাংস, শক্তিশালী লোকেদের মাংস, ঘোড়া ও তাদের আরোহীর মাংস, স্বাধীন বা ক্রীতদাস, সামান্য বা মহান—সকলের মাংস খেতে পারো।”

    19 তারপর আমি দেখলাম, ওই সাদা ঘোড়ার আরোহী ও তাঁর সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই পশু ও পৃথিবীর রাজারা ও তাদের সৈন্যবাহিনী একত্রিত হল। 20 কিন্তু সেই পশু বন্দি হল ও তার সঙ্গে যে ভণ্ড ভাববাদী তার হয়ে অলৌকিক সব চিহ্নকাজ করেছিল, সেও ধরা পড়ল। যারা সেই পশুর ছাপ ধারণ ও তার মূর্তির পূজা করেছিল, সে এসব চিহ্নকাজের দ্বারা তাদের বিভ্রান্ত করেছিল। সেই দুজনকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। 21 অবশিষ্ট সকলে সেই সাদা ঘোড়ার আরোহীর মুখ থেকে নির্গত তরোয়ালের দ্বারা নিহত হল এবং সব পাখি তাদের মাংস খেয়ে তৃপ্ত হল।

  57. 11 সদাপ্রভু তাঁকে বললেন, “মানুষকে কে মুখ দিয়েছে? কে তাদের কালা বা বোবা তৈরি করেছে? কে তাদের দৃষ্টিশক্তি দিয়েছে বা তাদের অন্ধ তৈরি করেছে? সে কি আমি, এই সদাপ্রভু নই?

  58. 39 “এখন দেখো, আমি, আমিই তিনি!

    আমি ছাড়া আর কোনও ঈশ্বর নেই।

    আমি মৃত্যু দিই এবং আমিই জীবন দিই,

    আমি আঘাত করেছি এবং আমিই সুস্থ করব,

    আমার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না।

  59. 11 আমরা যখন সেকথা শুনলাম, আমাদের হৃদয় গলে গেল, তোমাদের জন্য আমাদের প্রত্যেকের সাহস নষ্ট হয়ে গেল, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু উপরে স্বর্গের ও নিচে পৃথিবীর ঈশ্বর।

  60. 1 পারস্যের রাজা কোরসের প্রথম বছরে যিরমিয়ের মাধ্যমে বলা সদাপ্রভুর বাক্য সফল করার জন্য সদাপ্রভু পারস্যের রাজা কোরসের অন্তরে এই ইচ্ছা দিলেন, যেন তাঁর সাম্রাজ্যে সর্বত্র তিনি এই কথা ঘোষণা করে দেন ও তা লিখেও রাখেন:

    2 “পারস্য-রাজ কোরস একথাই বলেন:

    “ ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন, যেন আমি তাঁর জন্য যিহূদা প্রদেশের জেরুশালেমে এক মন্দির নির্মাণ করি। 3 তাঁর মনোনীত, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছা করে, ঈশ্বর তাঁর সহবর্তী থাকুন, তবে সে যিহূদা প্রদেশের জেরুশালেমে গিয়ে উপস্থিত হোক এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু যিনি জেরুশালেমে অবস্থান করেন, তার জন্য সেখানে একটি মন্দির নির্মাণ করুক। 4 যেখানেই অবস্থান করুক না কেন, তাঁর অবশিষ্ট প্রজাদের মধ্যে যে কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য তাঁর সোনারুপো, অন্য বস্তুসামগ্রী, গবাদি পশু ও স্বেচ্ছাদান নিবেদন করুক।’ ”

  61. 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

  62. দাউদের গীত।

    1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু,

    এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;

    2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন

    আর জলধির উপর তা নির্মাণ করেছেন।

  63. 6 হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী;

    ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।

  64. 2 কারণ পরাৎপর সদাপ্রভু ভয়ংকর,

    সমস্ত জগতের উপর তিনিই রাজা।

  65. 1 সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত;

    সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত;

    সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।

  66. 2 তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান;

    তুমি স্বয়ং অনন্তকাল থেকে।

  67. একটি আরোহণ সংগীত।

    1 আমি তোমার দিকে চোখ তুলে দেখি,

    তোমার দিকেই দেখি, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।

  68. 3 সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন,

    জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।

  69. 16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;

    আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল

    জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।

  70. 8 “কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়,

    আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,”

    একথা বলেন সদাপ্রভু।

    9 “আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে,

    তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং

    আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।

  71. 1 সদাপ্রভু এই কথা বলেন,

    “স্বর্গ আমার সিংহাসন,

    আর পৃথিবী আমার পা রাখার স্থান।

    আমার জন্য তোমরা কোথায় বাসগৃহ নির্মাণ করবে?

    আমার বিশ্রামস্থানই বা হবে কোথায়?

  72. 7 কে না তোমাকে সম্ভ্রম করবে,

    হে জাতিগণের রাজা?

    এ তো তোমার প্রাপ্য।

    সমস্ত জাতির জ্ঞানী লোকদের মধ্যে

    এবং তাদের সব রাজ্যে,

    তোমার সদৃশ আর কেউ নেই।

  73. 7 কোনও সময়ে যদি আমি কোনো জাতি বা রাজ্যকে উৎপাটন করা, উপড়ে ফেলা বা ধ্বংসের কথা ঘোষণা করি, 8 কিন্তু সেই যে জাতিকে আমি সতর্ক করলাম, তারা যদি তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করে, তাহলে আমি কোমল হব এবং তাদের প্রতি যে বিপর্যয় আনার পরিকল্পনা করেছিলাম, তা নিয়ে আসব না। 9 আবার অন্য কোনো সময় যদি আমি ঘোষণা করি যে, কোনো জাতি বা রাজ্যকে গড়ে তুলব ও প্রতিষ্ঠিত করব, 10 আর যদি তারা আমার দৃষ্টিতে মন্দ কাজ করে ও আমার কথা না শোনে, তাহলে যে মঙ্গল করার পরিকল্পনা আমি করেছিলাম, তা না করার জন্য পুনর্বিবেচনা করব।

  74. 17 “অহো, সার্বভৌম সদাপ্রভু, তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয়।

  75. 27 “আমি সদাপ্রভু, সর্বমানবের ঈশ্বর। আমার পক্ষে কোনো কিছু করা কি খুব কঠিন?

  76. 19 হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন;

    তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী।

  77. 26 তাদের মাথার উপরকার সেই উন্মুক্ত এলাকার উপরে নীলকান্তমণির সিংহাসনের মতো কিছু একটি ছিল এবং তার উপরে মানুষের আকারের একজনকে দেখা গেল। 27 আমি দেখলাম কোমর থেকে উপর পর্যন্ত তিনি দেখতে ছিলেন উজ্জ্বল ধাতুর মতো, যেন সেটি আগুনে পূর্ণ, আর কোমর থেকে নিচ পর্যন্ত তাঁকে আগুনের মতো দেখতে লাগছিল; তাঁর চারপাশে ছিল উজ্জ্বল আলো। 28 বৃষ্টির দিনে মেঘের মধ্যে মেঘধনুকের মতোই তাঁর চারপাশে সেই আলো দেখা যাচ্ছিল।

    যা দেখা গেল তা ছিল সদাপ্রভুর মহিমার মতো। আমি যখন তা দেখলাম, আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম, এবং আমি একজনের রব শুনতে পেলাম।

  78. 19 সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন। 20 তিনি বললেন:

    “ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক;

    কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।

    21 তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন;

    তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন।

    তিনি জ্ঞানীকে জ্ঞান দেন,

    আর বিচক্ষণকে বুদ্ধি দেন।

    22 তিনি গভীর ও লুকানো বিষয় ব্যক্ত করেন;

    তিনি জানেন অন্ধকারে কী লুকিয়ে আছে,

    আর আলো ঈশ্বরেই বাস করে।

    23 হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি;

    তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ,

    আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ,

    তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”

  79. 9 “আমি তখন দেখলাম,

    “কয়েকটি সিংহাসন স্থাপিত হল,

    এবং অতি প্রাচীন ব্যক্তি নিজের স্থান গ্রহণ করলেন।

    তাঁর পরনের কাপড় ছিল বরফের মতো সাদা;

    মাথার চুল ছিল পশমের মতো সাদা।

    তাঁর সিংহাসন ছিল আগুনের শিখাময়,

    ও তাঁর সব চাকাগুলি ছিল জলন্ত আগুন।

    10 এক আগুনের নদী প্রবাহিত হচ্ছিল,

    তাঁর উপস্থিতি থেকে নির্গত হচ্ছিল।

    হাজার হাজার তাঁর পরিচর্যা করছিল;

    সেবা করার জন্য লক্ষ লক্ষ তাঁর সামনে দাঁড়িয়েছিল।

    বিচারসভা শুরু হল,

    এবং বইগুলি খোলা হল।

  80. 9 সদাপ্রভুই হবেন সারা পৃথিবীর রাজা। সেদিন কেবল একজনই সদাপ্রভু হবেন, এবং তাঁর নামই একমাত্র নাম হবে।

  81. 6 দুই পয়সায় কি পাঁচটি চড়ুইপাখি বিক্রি হয় না? তবুও তাদের একটিকেও ঈশ্বর ভোলেন না। 7 প্রকৃতপক্ষে, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।

  82. 3 তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি। 4 তাঁর মধ্যে জীবন ছিল। সেই জীবন ছিল মানবজাতির জ্যোতি।

  83. 12 তবু যতজন তাঁকে গ্রহণ করল, যারা তাঁর নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। 13 তারা স্বাভাবিকভাবে জাত নয়, মানবিক ইচ্ছা বা পুরুষের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত।

  84. 1 “আমিই প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। 2 আমার সঙ্গে যুক্ত প্রত্যেকটি শাখায় ফল না ধরলে, তিনি তা কেটে ফেলেন, কিন্তু যে শাখায় ফল ধরে তাদের প্রত্যেকটিকে তিনি পরিষ্কার করেন, যেন সেই শাখায় আরও বেশি ফল ধরে। 3 আমার বলা বাক্যের দ্বারা তোমরা ইতিমধ্যেই শুচিশুদ্ধ হয়েছ। 4 তোমরা আমার মধ্যে থাকলে, আমিও তোমাদের মধ্যে থাকব। নিজে থেকে কোনো শাখা ফলধারণ করতে পারে না, দ্রাক্ষালতার সঙ্গে অবশ্যই সেটিকে যুক্ত থাকতে হবে। আমার সঙ্গে যুক্ত না থাকলে, তোমরাও ফলবান হতে পারো না।

    5 “আমি দ্রাক্ষালতা, তোমরা সবাই শাখা। যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি, সে প্রচুর ফলে ফলবান হবে; আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। 6 কেউ যদি আমার মধ্যে না থাকে, সে সেই শাখার মতো, যেটিকে বাইরে ফেলে দেওয়া হয় ও সেটি শুকিয়ে যায়। সেই শাখাগুলিকে তুলে নিয়ে আগুনে ফেলা হয় ও সেগুলি পুড়ে যায়।

  85. 10 পীলাত বললেন, “তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তুমি কি বুঝতে পারছ না, তোমাকে মুক্তি দেওয়ার বা ক্রুশবিদ্ধ করার ক্ষমতা আমার আছে?”

    11 যীশু উত্তর দিলেন, “ঈশ্বর তোমাকে এ ক্ষমতা না দিলে আমার উপর তোমার কোনো অধিকার থাকত না, তাই যে আমাকে তোমার হাতে সমর্পণ করেছে, তার অপরাধ আরও বেশি।”

  86. 5 কারণ স্বর্গে, বা পৃথিবীতে, যদিও তথাকথিত কোনও দেবতারা থাকে (বাস্তবিক অনেক “দেবতা” ও অনেক “প্রভুর” কথা শোনা যায়), 6 তবুও আমাদের জন্য আছেন একমাত্র সেই পিতা ঈশ্বর, যাঁর কাছ থেকে সবকিছুরই উদ্ভব হয়েছে এবং যাঁর উদ্দেশ্যে আমরা জীবনধারণ করি; আবার একজনই প্রভুও আছেন, তিনি যীশু খ্রীষ্ট। তাঁরই মাধ্যমে সবকিছু উদ্ভূত হয়েছে এবং তাঁরই মাধ্যমে আমরা জীবনধারণ করি।

  87. 8 কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন,

    “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী;

    ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।

  88. 17 যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।

  89. 6 আর যে স্বর্গদূতেরা নিজেদের অধিকারের সীমা ছাড়িয়ে তাদের নিজস্ব আবাস ত্যাগ করেছিল, তিনি তাদের সেই মহাদিনে বিচারের জন্য চিরকালীন শিকলে বন্দি করে ঘোর অন্ধকারের মধ্যে রেখেছেন।