50 Bible Verses About God's Creation
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।
3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।
6 আর ঈশ্বর বললেন, “পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক।” 7 অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল। 8 ঈশ্বর সেই উন্মুক্ত এলাকাকে “আকাশ” নাম দিলেন। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল দ্বিতীয় দিন।
9 আর ঈশ্বর বললেন, “আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক, এবং শুকনো জমি দৃষ্টিগোচর হোক।” আর তা সেইমতোই হল। 10 ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন “ভূমি” এবং জমা জলকে তিনি “সমুদ্র” নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে।
11 পরে ঈশ্বর বললেন, “ভূমি গাছপালা উৎপন্ন করুক: সেগুলির বিভিন্ন ধরন অনুসারে ভূমিতে উৎপন্ন সবীজ লতাগুল্ম ও বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হোক।” আর তা সেইমতোই হল। 12 ভূমি গাছপালা উৎপন্ন করল: নিজস্ব প্রজাতি অনুসারে বীজ উৎপাদনকারী লতাগুল্ম এবং নিজস্ব প্রজাতি অনুসারে বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হল। এবং ঈশ্বর দেখলেন যে সেগুলি ভালো হয়েছে। 13 আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল তৃতীয় দিন।
14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক, 15 আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল। 16 ঈশ্বর দুটি বড়ো জ্যোতি তৈরি করলেন—দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড়ো জ্যোতি এবং রাত নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত ছোটো জ্যোতি। তিনি তারকামালাও তৈরি করলেন। 17 পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন, 18 যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে, এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 19 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।
20 আর ঈশ্বর বললেন, “জলে জীবিত প্রাণীর ঝাঁক দেখা যাক এবং আকাশে পৃথিবীর উপর পাখিরা উড়ে বেড়াক।” 21 তাই ঈশ্বর সমুদ্রের বড়ো বড়ো প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে, এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 22 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো, এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক।” 23 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল পঞ্চম দিন।
24 আর ঈশ্বর বললেন, “ভূমি নিজস্ব প্রজাতি অনুসারে জীবিত প্রাণী উৎপন্ন করুক: গৃহপালিত পশু, জমির সরীসৃপ প্রাণী, এবং বন্যপশু, প্রত্যেকে নিজস্ব প্রজাতি অনুসারেই হোক।” আর তা সেইমতোই হল। 25 বন্যপশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, এবং জমির সরীসৃপ প্রাণীদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।
26 তখন ঈশ্বর বললেন, “এসো, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্যপশুর উপরে, এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে।”
27 অতএব ঈশ্বর তাঁর নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন,
ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন;
পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন।
28 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধিলাভ করো; পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রেখো। সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব কোরো।”
29 পরে ঈশ্বর বললেন, “প্রত্যেকটি সবীজ লতাগুল্ম, যা সমগ্র পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম। সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হবে। 30 আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে—যে সবকিছুর মধ্যে জীবন আছে—খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারাগাছ দিলাম।” আর তা সেইমতোই হল।
31 ঈশ্বর যা যা তৈরি করলেন, তা তিনি দেখলেন, এবং তা খুবই ভালো হল। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল ষষ্ঠ দিন।
-
8 এমতাবস্থায় সদাপ্রভু ঈশ্বর এদনে, পূর্বদিকে একটি বাগান তৈরি করলেন; এবং সেখানে তিনি তাঁর হাতে গড়া মানুষটিকে রাখলেন। 9 আর সদাপ্রভু ঈশ্বর ভূমিতে সব ধরনের গাছপালা জন্মাতে দিলেন—যেসব গাছপালা দেখতে ভালো লাগে এবং খাদ্যরূপেও যেগুলি ভালো। বাগানের মাঝখানে জীবনদায়ী গাছ এবং ভালোমন্দের জ্ঞানদায়ী গাছ ছিল।
10 এদন থেকে একটি নদী প্রবাহিত হয়ে বাগানটি জলসেচিত করে তুলল; সেখান থেকে এটি চার ভাগে বিভক্ত হয়ে গেল। 11 প্রথমটির নাম পীশোন; এটি সমগ্র সেই হবীলা দেশ জুড়ে প্রবাহিত হয়েছে, যেখানে সোনা পাওয়া যায়। 12 (সেই দেশের সোনা খুব উন্নত মানের; আর সেখানে সুগন্ধি ধুনো এবং স্ফটিকমণিও পাওয়া যায়) 13 দ্বিতীয় নদীটির নাম গীহোন, এটি সমগ্র কূশ দেশ জুড়ে প্রবাহিত হয়েছে। 14 তৃতীয় নদীটির নাম টাইগ্রিস; এটি আসিরিয়ার পূর্বদিক ঘেঁসে বয়ে গিয়েছে। চতুর্থ নদীটি হল ইউফ্রেটিস।
15 সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন। 16 আর সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে আদেশ দিলেন, “বাগানের যে কোনো গাছের ফল খাওয়ার ক্ষেত্রে তুমি স্বাধীন; 17 কিন্তু ভালোমন্দের জ্ঞানদায়ী গাছের ফল তুমি অবশ্যই খেয়ো না। যদি সেই গাছের ফল খাও, তবে তুমি নিশ্চয় মারা যাবে।”
18 সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভালো নয়। আমি তার উপযুক্ত এক সহকারিণী তৈরি করব।”
19 এখন সদাপ্রভু ঈশ্বর সব বন্যপশুকে ও আকাশের সব পাখিকে মাটি দিয়ে তৈরি করলেন। সেই মানুষটি তাদের কী নাম দেয় তা দেখার জন্য ঈশ্বর তাদের তাঁর কাছে আনলেন; আর সেই মানুষটি প্রত্যেকটি জীবন্ত প্রাণীকে যে যে নাম দিলেন, তার নাম ঠিক তাই হল। 20 অতএব সেই মানুষটি সব গৃহপালিত পশুর, আকাশের পাখিদের এবং সব বন্যপশুর নামকরণ করলেন।
কিন্তু আদমের জন্য উপযুক্ত কোনও সহকারিণী পাওয়া যায়নি। 21 অতএব সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে দিলেন; এবং যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ঈশ্বর সেই মানুষটির পাঁজরের একটি হাড় বের করে নিয়ে তাঁর সেই স্থানটি মাংস দিয়ে ভরাট করে দিলেন। 22 পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন, এবং ঈশ্বর তাঁকে সেই মানুষটির কাছে আনলেন।
23 মানুষটি বললেন,
“এখন এই আমার অস্থির অস্থি
ও আমার মাংসের মাংস;
এর নাম হবে ‘নারী,’
কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”
24 এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।
25 সেই পুরুষ ও তাঁর স্ত্রী, দুজনেই নগ্ন ছিলেন, আর তাদের কোনো লজ্জাবোধও ছিল না।
-
15 তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথমজাত। 16 কারণ তাঁর দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। 17 সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তাঁরই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ। 18 তিনি দেহের, অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনিই সূচনা, তিনিই মৃতগণের মধ্য থেকে উত্থিত প্রথমজাত, যেন সমস্ত কিছুর উপরে তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। 19 কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে, তাঁর সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে এবং 20 ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।
-
1 এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সবকিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হল।
2 সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3 আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।
-
1 অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন, 2 কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। 3 সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।
4 তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।
-
18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।
21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।
24 সেই কারণে ঈশ্বর, অশুদ্ধ যৌনাচারের প্রতি তাদের হৃদয়কে পাপপূর্ণ অভিলাষে সমর্পণ করলেন, যেন পরস্পরের দ্বারা তাদের শরীরের মর্যাদাহানি হয়। 25 তারা ঈশ্বরের সত্যের পরিবর্তে এক মিথ্যাকে বেছে নিল। তারা স্রষ্টার উপাসনা না করে সৃষ্ট বস্তুর উপাসনা ও সেবা করেছে—সেই স্রষ্টাই চিরতরে প্রশংসিত হোন। আমেন।
-
1 আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। 2 আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। 3 তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি। 4 তাঁর মধ্যে জীবন ছিল। সেই জীবন ছিল মানবজাতির জ্যোতি। 5 সেই জ্যোতি অন্ধকারে আলো বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারেনি।
-
5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;
পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।
6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,
তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।
7 তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন
এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।
8 সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;
জগতের সব লোক তাঁর সমাদর করুক।
9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;
তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।
-
3 যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,
তোমার হাতের কাজ,
চাঁদ ও তারার দিকে দেখি
যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?
মানুষ কি যে, তার তুমি যত্ন করো?
5 তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ
এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
6 তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;
এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:
7 সব মেষপাল ও গোপাল,
ও যত বন্যপশু;
8 আকাশের যত পাখি,
সমুদ্রের যত মাছ,
যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।
9 হে সদাপ্রভু, আমাদের প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে;
গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।
2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে;
তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।
3 তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না;
তাদের থেকে কোনও শব্দ শোনা যায় না।
4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে,
তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়।
ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।
5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে;
বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।
6 আকাশের এক প্রান্তে সে উদিত হয়
এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে;
তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।
-
3 বিশ্বাসে আমরা বুঝতে পারি যে, সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল; যার ফলে, যা কিছু এখন আমরা দেখি, তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি।
-
18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।
22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি।
-
22 পৌল তখন আরেয়পাগের সভায় উঠে দাঁড়িয়ে বললেন, “এথেন্সের জনগণ! আমি দেখতে পাচ্ছি, তোমরা সর্বতোভাবে অত্যন্ত ধর্মপরায়ণ। 23 কারণ আমি যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, তোমাদের আরাধনা করার বস্তু সতর্কভাবে দেখছিলাম। তখন আমি এমন একটি বেদি দেখতে পেলাম, যার উপরে লেখা আছে:
এক অজ্ঞাত দেবতার উদ্দেশে।
এখন, তোমরা যাকে অজ্ঞাতরূপে আরাধনা করো, তাঁরই কথা আমি তোমাদের কাছে বলতে চাই।
24 “ঈশ্বর, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন, তিনিই স্বর্গ ও মর্ত্যের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না। 25 তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না। কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। 26 তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন, যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন। 27 ঈশ্বর এ কাজ করেছেন, যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নেই। 28 কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, ‘আমরা তাঁর বংশ।’
29 “অতএব, আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রুপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি। 30 অতীতকালে ঈশ্বর এই প্রকার অজ্ঞতাকে উপেক্ষা করেছেন, কিন্তু এখন তিনি সর্বস্থানের সব মানুষকে মন পরিবর্তনের আদেশ দিচ্ছেন। 31 কারণ তিনি একটি দিন নির্ধারিত করেছেন, যখন তিনি তাঁর নিযুক্ত এক ব্যক্তির দ্বারা ন্যায়ে জগতের বিচার করবেন। মৃত্যু থেকে তাঁকে উত্থাপিত করে সব মানুষের কাছে তিনি তার প্রমাণ দিয়েছেন।”
32 যখন তারা মৃতদের পুনরুত্থানের কথা শুনল, তাদের মধ্যে কয়েকজন উপহাসসূচক মন্তব্য করল। কিন্তু অন্যেরা বলল, “আমরা আপনার কাছ থেকে এ বিষয়ে আবার শুনতে চাই।” 33 একথা শুনে পৌল সভা ত্যাগ করে চলে গেলেন। 34 অল্প কয়েকজন ব্যক্তি পৌলের অনুসারী হলেন ও বিশ্বাস করলেন। তাদের মধ্যে ছিলেন আরেয়পাগের সদস্য দিয়নুষিয়, দামারি নামে এক মহিলা এবং আরও অনেক ব্যক্তি।
-
11 “আমাদের প্রভু ও ঈশ্বর,
তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;
কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,
এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে
ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”
-
6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।
-
7 সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল।
-
8 পবিত্রতায় বিশ্রামদিন পালন করে স্মরণ কোরো। 9 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, 10 কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল, বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না। 11 কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে থাকা সমস্ত কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই সদাপ্রভু সাব্বাথবারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন।
-
3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,
সব দেবতার উপর মহান রাজা।
4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,
এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।
5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,
আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।
6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,
সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;
7 কারণ তিনি আমাদের ঈশ্বর
আর আমরা তাঁর চারণভূমির প্রজা,
ও মেষ যাদের তিনি যত্ন করেন।
আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;
ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;
হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।
3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;
হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।
4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো
হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।
5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,
কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,
6 এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন,
তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।
7 পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক,
হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,
8 বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি,
বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,
9 পর্বত ও সব পাহাড়,
ফলের গাছ আর সব দেবদারু গাছ,
10 বন্যপশু আর গবাদি পশু,
ক্ষুদ্র প্রাণী এবং উড়ন্ত পাখি,
11 পৃথিবীর রাজারা আর সব জাতি,
অধিপতিরা আর পৃথিবীর সব শাসক,
12 যুবকেরা আর যুবতীরা,
প্রবীণ লোকেরা আর সব ছেলেমেয়ে।
13 তারা সবাই সদাপ্রভুর নামের প্রশংসা করুক,
কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত;
তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।
14 তিনি তাঁর প্রজাদের শক্তিশালী করেছেন,
তাঁর বিশ্বস্ত লোকেদের সম্মান প্রদান করেছেন,
ইস্রায়েলকে করেছেন, যারা তাঁর হৃদয়ের খুব কাছের।
সদাপ্রভুর প্রশংসা করো।
-
3 যা যা জীবন্ত ও চলেফিরে বেড়ায়, সেসব তোমাদের খাদ্য হবে। ঠিক যেভাবে আমি তোমাদের সবুজ গাছপালা দিয়েছি, সেভাবে এখন সবকিছু আমি তোমাদের দিচ্ছি।
4 “কিন্তু যে মাংসে প্রাণ-রক্ত অবশিষ্ট আছে, তোমরা সেই মাংস কখনোই খেয়ো না। 5 আর তোমাদের প্রাণ-রক্তের হিসেবও আমি নিশ্চিতভাবেই চাইব। প্রত্যেকটি পশুর কাছে আমি হিসেব চাইব। আর প্রত্যেকটি মানুষের কাছেও, আমি অন্যান্য মানুষের প্রাণের হিসেব চাইব।
6 “যে কেউ মানুষের রক্ত ঝরাবে,
মানুষের দ্বারাই তার রক্ত ঝরবে;
কারণ ঈশ্বরের প্রতিমূর্তিতে
ঈশ্বর মানুষকে তৈরি করেছেন।
-
দাউদের গীত।
1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু,
এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;
2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন
আর জলধির উপর তা নির্মাণ করেছেন।
-
13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;
এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার সব কাজকর্ম বিস্ময়কর
তা আমি যথার্থভাবে জানি।
15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না,
যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম,
যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;
আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল
জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
-
5 সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন,
সেই সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন,
যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই বিছিয়ে দিয়েছেন,
যিনি তাঁর লোকেদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেন
ও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন:
6 “আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;
আমি তোমার হাত ধরে থাকব।
আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে
প্রজাদের জন্য এক চুক্তি এবং
অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,
7 যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,
কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়
এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।
8 “আমি সদাপ্রভু; এই আমার নাম!
আমার মহিমা আমি অন্য কাউকে দেব না,
বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না।
9 দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে
এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি;
সেগুলি ঘটবার পূর্বেই
আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি।”
10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,
দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,
তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,
পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।
-
17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। 18 এসবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রীষ্টের মাধ্যমে তাঁর নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। 19 তা হল এই যে, ঈশ্বর জগৎকে খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে পুনর্মিলিত করছিলেন, মানুষের পাপসকল আর তাদের বিরুদ্ধে গণ্য করেননি। আর সেই পুনর্মিলনের বার্তা ঘোষণা করা তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন। 20 অতএব, আমরা খ্রীষ্টের রাজদূত, ঈশ্বর যেন আমাদের মাধ্যমে তাঁর আবেদন জানাচ্ছিলেন। আমরা খ্রীষ্টের পক্ষে তোমাদের কাছে এই মিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। 21 যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাঁকে আমাদের পক্ষে পাপস্বরূপ করলেন, যেন আমরা তাঁর দ্বারা ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হতে পারি।
-
7 শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন;
শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।
8 তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন,
তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।
9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে রাখেন,
তাঁর মেঘরাশি তার উপর প্রসারিত করেন।
10 আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে
জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।
11 আকাশমণ্ডলের স্তম্ভগুলি কেঁপে ওঠে,
তাঁর ভর্ৎসনায় বিস্ময়বিমূঢ় হয়ে যায়।
12 তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন;
তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে কেটে টুকরো টুকরো করে দেন।
13 তাঁর নিশ্বাস দ্বারা আকাশ পরিষ্কার হয়;
তাঁরই হাত পিচ্ছিল সাপকে বিদ্ধ করেছে।
14 আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র;
তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্ফিসানি!
তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”
-
5 কারণ স্বর্গে, বা পৃথিবীতে, যদিও তথাকথিত কোনও দেবতারা থাকে (বাস্তবিক অনেক “দেবতা” ও অনেক “প্রভুর” কথা শোনা যায়), 6 তবুও আমাদের জন্য আছেন একমাত্র সেই পিতা ঈশ্বর, যাঁর কাছ থেকে সবকিছুরই উদ্ভব হয়েছে এবং যাঁর উদ্দেশ্যে আমরা জীবনধারণ করি; আবার একজনই প্রভুও আছেন, তিনি যীশু খ্রীষ্ট। তাঁরই মাধ্যমে সবকিছু উদ্ভূত হয়েছে এবং তাঁরই মাধ্যমে আমরা জীবনধারণ করি।
-
4 তারা বলবে, “তাঁর পুনরাগমনের প্রতিশ্রুতির কী হল? আমাদের পিতৃপুরুষদের যখন থেকে মৃত্যু হয়েছে, সৃষ্টির রচনাকাল থেকে সবকিছু যেমন চলছিল, তেমনই চলছে।” 5 কিন্তু তারা ইচ্ছা করেই ভুলে যায় যে, আদিতে ঈশ্বরের বাক্য দ্বারাই আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী জলের মধ্য থেকে ও জলের দ্বারা গঠিত হয়েছিল। 6 এই জলরাশির দ্বারাই সেই সময়ের পৃথিবী প্লাবিত হয়ে ধ্বংস হয়েছিল। 7 সেই একই বাক্যের দ্বারা বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী আগুনের জন্য সংরক্ষিত আছে, বিচারদিনের জন্য ও ভক্তিহীন মানুষদের ধ্বংসের জন্য রক্ষিত আছে।
8 প্রিয় বন্ধুরা, এই একটি কথা কিন্তু ভুলে যেয়ো না: প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান। 9 প্রভু তাঁর প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘসহিষ্ণু, তিনি চান না, কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান, প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে।
10 কিন্তু প্রভুর সেদিন আসবে চোরের মতো। আকাশমণ্ডল গুরুগম্ভীর গর্জনে অদৃশ্য হয়ে যাবে; এর মৌলিক পদার্থগুলি আগুনে ধ্বংস হবে এবং পৃথিবী ও তার মধ্যে সবকিছুই আগুনে পুড়ে বিলীন হবে।
11 সবকিছুই যখন এভাবে ধ্বংস হয়ে যাবে, তখন তোমাদের কী ধরনের মানুষ হওয়া উচিত? তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে, 12 যখন তোমরা ঈশ্বরের সেই দিনের আগমনের জন্য প্রতীক্ষা করছ ও চাইছ যে তা যেন দ্রুত আসে। সেদিনে আকাশমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে। 13 কিন্তু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় আছি, তা হবে ধার্মিকতার আবাস।
-
16 সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন,
“আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব;
প্রচণ্ড প্রসববেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে।
তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে,
আর সে তোমার উপর কর্তৃত্ব করবে।”
17 আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই
“তোমার জন্য ভূমি অভিশপ্ত হল;
আজীবন তুমি
কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।
18 তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে,
আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,
19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,
ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,
যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;
কারণ তুমি তো ধুলো,
আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”
-
7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,
বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;
8 বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,
বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।
9 এদের মধ্যে কে জানে না
যে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?
10 তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন
ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।
11 কান কি শব্দ পরখ করে না
যেভাবে জিভ খাদ্যের স্বাদ চাখে?
12 প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?
সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?
-
2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;
আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;
আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
-
8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।
-
10 তিনি আরও বলেন,
“হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ,
আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা।
11 সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;
সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে।
12 পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে,
পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে।
কিন্তু তুমি থাকবে সেই একইরকম,
তোমার আয়ুর কখনও শেষ হবে না।”
-
28 তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
-
6 আমি উত্তর দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও!’
দক্ষিণ দিককে বলব, ওদের আটকে রেখো না।
দূর থেকে আমার পুত্রদের এবং
পৃথিবীর প্রান্তসীমা থেকে আমার কন্যাদের নিয়ে এসো,
7 যারা আমার নামে আখ্যাত,
যাদের আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি,
যাদের আমি গঠন করে তৈরি করেছি, তাদের নিয়ে এসো।”
-
11 “তাদের একথা বলো, ‘এসব দেবতা, যারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা পৃথিবী থেকে ও আকাশমণ্ডলের নিচে সব স্থান থেকে বিলুপ্ত হবে।’ ”
12 কিন্তু ঈশ্বর নিজের পরাক্রমে পৃথিবী সৃষ্টি করেছেন;
তিনি নিজের প্রজ্ঞায় জগৎ স্থাপন করেছেন
এবং তাঁরই বুদ্ধিতে আকাশমণ্ডল প্রসারিত করেছেন।
13 তিনি যখন বজ্রনাদ করেন, আকাশমণ্ডলের জলরাশি গর্জন করে;
পৃথিবীর প্রান্তসীমা থেকে তিনি মেঘমালাকে উত্থিত করেন।
তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গঠন করেন
এবং তাঁর ভাণ্ডার-কক্ষ থেকে বাতাস বের করে আনেন।
-
8 লুস্ত্রায় একটি খোঁড়া মানুষ বসে থাকত। সে ছিল জন্ম থেকেই খোঁড়া। সে কখনও হাঁটেনি। 9 সে পৌলের প্রচার শুনছিল। পৌল সরাসরি তার দিকে তাকালেন ও দেখলেন যে সুস্থ হওয়ার জন্য তার বিশ্বাস আছে। 10 তিনি উচ্চকণ্ঠে বললেন, “তোমার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াও!” এতে সেই ব্যক্তি লাফ দিয়ে উঠল ও হেঁটে বেড়াতে লাগল।
11 পৌলের এই অলৌকিক কাজ দেখে জনতা লুকায়োনীয় ভাষায় চিৎকার করে বলতে লাগল, “দেবতারা মানুষের রূপ ধরে আমাদের মধ্যে নেমে এসেছেন!” 12 বার্ণবাকে তারা বলল জুপিটর এবং পৌল প্রধান বক্তা ছিলেন বলে তাঁর নাম দিল মার্কারি। 13 নগরের ঠিক বাইরেই ছিল জিউসের মন্দির। সেখানকার পুরোহিত ষাঁড় ও ফুলের মালা নগরের প্রবেশপথে নিয়ে এল, কারণ সে ও সমস্ত লোক তাদের উদ্দেশে বলি উৎসর্গ করতে চাইল।
14 কিন্তু প্রেরিতশিষ্যেরা, বার্ণবা ও পৌল যখন একথা শুনলেন, তাঁরা তাদের পোশাক ছিঁড়লেন। তাঁরা দ্রুত জনতার কাছে ছুটে গিয়ে চিৎকার করে বললেন, 15 “বন্ধুগণ, আপনারা কেন এরকম করছেন? আমরাও মানুষ, আপনাদেরই মতো মানুষমাত্র। আমরা আপনাদের কাছে এই সুসমাচার নিয়ে এসেছি ও আপনাদের বলছি যে, এসব অসার বস্তু থেকে জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরে আসতে যিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে যা কিছু আছে সেসব সৃষ্টি করেছেন। 16 অতীতে, তিনি সব জাতিকেই তাদের ইচ্ছামতো জীবনাচরণ করতে দিয়েছেন। 17 তবুও তিনি নিজেকে সাক্ষ্যবিহীন রাখেননি। তিনি আকাশ থেকে বৃষ্টি ও বিভিন্ন ঋতুতে শস্য উৎপাদন করে তাঁর করুণা দেখিয়েছেন। তিনি আপনাদের প্রচুর খাদ্যসামগ্রী দান করেছেন ও আপনাদের অন্তর আনন্দে পরিপূর্ণ করেছেন।” 18 এসব কথা বলা সত্ত্বেও, তাঁদের উদ্দেশে বলি উৎসর্গ করা থেকে জনতাকে নিবৃত্ত করতে তাঁরা বেগ পেলেন।
-
1 পরে সদাপ্রভু ঝড়ের মধ্যে থেকে ইয়োবের সঙ্গে কথা বললেন। তিনি বললেন:
2 “এ কে যে অজ্ঞানের মতো কথা বলে
আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?
3 পুরুষমানুষের মতো নিজেকে মজবুত করো;
আমি তোমাকে প্রশ্ন করব,
ও তুমি আমাকে উত্তর দেবে।
4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে?
যদি বুঝেছো, তবে আমায় বলো।
5 পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো!
তার উপরে কে সীমারেখা টানলো?
6 কীসের উপরে তার অবস্থান খাড়া হল,
বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—
7 যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল
ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?
8 “কে দরজার আড়ালে সমুদ্রকে অবরুদ্ধ করল
যখন তা গর্ভ থেকে বের হয়ে এল,
9 যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম
ও তা ঘন অন্ধকারে ঢেকে দিলাম,
10 যখন আমি তার জন্য সীমা নির্দিষ্ট করলাম
এবং তার দরজা ও খিল যথাস্থানে লাগালাম।
11 যখন আমি বললাম, ‘এই পর্যন্তই তুমি আসতে পারবে, আর নয়;
এখানেই তোমার তরঙ্গের গর্ব থেমে যাবে’?
12 “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ,
বা ভোরবেলাকে তার স্থান দেখিয়ে দিয়েছ
13 যেন তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে
ও সেখান থেকে দুষ্টদের ঝেড়ে ফেলে?
14 পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়;
তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে।
15 দুষ্টদের আলো দেওয়া হয় না,
ও তারা যে হাত উঁচুতে তুলে ধরে তা ভেঙে যায়।
16 “তুমি কি সমুদ্রের উৎসে যাত্রা করেছ
বা সমুদ্রতলবর্তী গর্তে হাঁটাহাঁটি করেছ?
17 মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশিত হয়েছে?
তুমি কি গাঢ় অন্ধকারের দরজা দেখেছ?
18 পৃথিবীর সুবিশাল বিস্তারের বিষয়টি কি তুমি বুঝে ফেলেছ?
এসব কিছু যদি তুমি জানো, তবে আমায় বলো।
19 “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোনটি?
আর অন্ধকার কোথায় বসবাস করে?
20 তুমি কি তাদের স্বস্থানে নিয়ে যেতে পারো?
তুমি কি তাদের ঘরের পথ জান?
21 নিশ্চয় জানো, কারণ তখন তো তোমার জন্ম হয়ে গিয়েছিল!
তুমি তো বহু বছর ধরে বেঁচে আছ!
22 “তুমি কি তুষারের আড়তে প্রবেশ করেছ
বা শিলাবৃষ্টির গুদাম দেখেছ,
23 যা আমি সংকটকালের জন্য,
যুদ্ধবিগ্রহের দিনের জন্য সংরক্ষিত করে রেখেছি?
24 কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়,
বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে?
25 প্রবল বৃষ্টিপাতের জন্য কে খাল খুঁড়েছে,
ও বজ্রঝড়ের জন্য কে পথ তৈরি করে দিয়েছে,
26 যেন জনমানবহীন দেশ,
বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,
27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয়
ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?
28 বৃষ্টির কি বাবা আছে?
কে শিশিরকণার জন্ম দিয়েছে?
29 কার গর্ভ থেকে বরফ বের হয়েছে?
আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে
30 যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়,
যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?
31 “তুমি কি কৃত্তিকার হার গাঁথতে পারো?
তুমি কি কালপুরুষের বাঁধন আলগা করতে পারো?
32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার
বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?
33 তুমি কি আকাশমণ্ডলের বিধান জানো?
তুমি কি পৃথিবীতে ঈশ্বরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারো?
34 “তুমি কি মেঘ পর্যন্ত তোমার আওয়াজ তুলতে পারো
ও নিজেকে জলপ্লাবন দিয়ে ঢেকে ফেলতে পারো?
35 তুমি কি বজ্রবিদ্যুৎ ঝলসাতে পারবে?
সেগুলি কি জবাবে তোমাকে বলবে, ‘আমরা এখানে’?
36 কে দোচরাকে বিজ্ঞতা দিয়েছে
বা মোরগকে বোধশক্তি দিয়েছে?
37 কার কাছে মেঘরাশি গণনা করার বিজ্ঞতা আছে?
কে তখন আকাশের জলে ভরা ঘড়াগুলি উল্টাতে পারে
38 যখন ধুলো শক্ত হয়ে যায়
ও মাটির ঢেলা একসঙ্গে জুড়ে যায়?
39 “তুমি কি সিংহীর জন্য শিকারের খোঁজ করবে
ও সিংহদের খিদে মিটাবে
40 যখন তারা গুহায় গুড়ি মেরে পড়ে থাকে
বা ঘন ঝোপে অপেক্ষা করে বসে থাকে?
41 কে দাঁড়কাকের জন্য খাবার জোগায়
যখন তার শাবকেরা ঈশ্বরের কাছে আর্তনাদ করে
ও খাবারের অভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?
-
25 আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ,
আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা
26 সেসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;
ছেঁড়া কাপড়ের মতো সেসব শেষ হয়ে যাবে।
পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে
আর তাদের পরিত্যাগ করা হবে।
27 কিন্তু তোমার পরিবর্তন নেই,
আর তোমার বছরগুলি কখনও শেষ হবে না।
-
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান;
তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।
2 তিনি আলোর পোশাকে সজ্জিত;
তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন
3 আর তিনি জলধিতে তাঁর উচ্চকক্ষের কড়িকাঠ স্থাপন করেন।
তিনি মেঘরাশিকে তাঁর রথ করেন
আর বায়ুর ডানায় চড়ে ভেসে চলেন।
4 তিনি বায়ুপ্রবাহকে তাঁর দূত করেন,
আগুনের শিখাকে নিজের দাস করেন।
5 তিনি এই জগতকে ভিত্তিমূলের উপর স্থাপন করেন;
তা কোনোদিন বিচলিত হবে না।
6 আচ্ছাদনের মতো অতল জলধি দিয়ে তুমি এই জগৎ আবৃত করেছ;
জলপ্রবাহ পর্বতগুলির উপর দাঁড়াল।
7 কিন্তু তোমার তিরস্কারে জলধি পালিয়ে গেল,
তোমার গর্জনের শব্দে তা দ্রুত প্রস্থান করল;
8 জলধি পর্বতগুলির উপর দিয়ে প্রবাহিত হল,
তা উপত্যকায় নেমে গেল,
এবং তার নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছাল।
9 তুমি জলধির সীমা স্থির করেছ যা তারা অতিক্রম করতে পারে না;
আবার কখনও জলধি জগৎকে আচ্ছন্ন করবে না।
10 তুমি গিরিখাতে ঝরনাকে জল ঢালতে দিয়েছ;
পর্বতগুলির মধ্য দিয়ে তা প্রবাহিত হয়।
11 তারা মাঠের সব বন্যপশুকে জল দেয়;
বুনো গাধারা নিজেদের তৃষ্ণা মেটায়।
12 আকাশের পাখিরা জলপ্রবাহের ধারে বাসা বানায়;
তারা ডালপালার মধ্যে গান করে।
13 তাঁর উচ্চকক্ষ থেকে তিনি পর্বতগুলিকে জল দেন;
তাঁর কাজের ফলাফলে দেশ তৃপ্ত হয়।
14 তিনি গবাদি পশুদের জন্য ঘাস,
আর মানুষের চাষের জন্য চারাগাছ বৃদ্ধি করেন—
জমি থেকে খাদ্যদ্রব্য উৎপন্ন করেন:
15 সুরা যা মানুষের হৃদয়কে উৎফুল্ল করে,
তেল যা তাদের মুখমণ্ডল উজ্জ্বল করে,
এবং খাবার যা মানুষের জীবন বাঁচিয়ে রাখে।
16 সদাপ্রভুর সব গাছপালা পর্যাপ্ত যত্নে আছে,
লেবাননের দেবদারুবন যা তিনি লাগিয়েছিলেন।
17 সেখানে পাখিরা তাদের বাসা বানিয়েছে;
সারস পাখি চিরসবুজ গাছে বসবাস করছে।
18 উঁচু পর্বতগুলি বুনো ছাগলের;
দুর্গম পাহাড় খরগোশের আশ্রয়।
19 তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন,
আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়।
20 তুমি অন্ধকার নিয়ে আস, আর রাত্রি হয়,
আর জঙ্গলের বন্যজন্তুরা গর্জন করে।
21 সিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে
আর ঈশ্বরের কাছ থেকে তাদের খাবার খোঁজে।
22 সূর্য ওঠে, আর তারা লুকিয়ে পড়ে;
তারা ফিরে আসে এবং নিজের গুহাতে শুয়ে পড়ে।
23 তারপর মানুষ তাদের কাজের জন্য বাইরে যায়
সেখানে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমে রত থাকে।
24 হে সদাপ্রভু, তোমার কাজ কত বিচিত্র!
প্রজ্ঞায় তুমি তাদের সব তৈরি করেছ;
জগৎ তোমার জীবজন্তুতে পূর্ণ।
25 ওই দেখো সুবিশাল, বিস্তীর্ণ জলধি,
অগণিত কত প্রাণীতে পরিপূর্ণ—
ছোটো ও বড়ো বহু জীব।
26 তার উপর দিয়ে জাহাজ যাতায়াত করে,
আর সেখানে খেলার জন্য তুমি লিবিয়াথনদের সৃষ্টি করেছ।
27 উপযুক্ত সময়ে তাদের খাবার পাওয়ার জন্য
সব জীবজন্তু তোমার দিকে চেয়ে থাকে।
28 যখন তুমি তাদের খাবার দাও
তারা তা সংগ্রহ করে;
যখন তুমি তোমার হাত খুলে দাও,
তারা উত্তম দ্রব্যে পরিতৃপ্ত হয়।
29 যখন তুমি তোমার মুখ ঢেকে দাও,
তারা আতঙ্কিত হয়;
যখন তুমি তাদের শ্বাস নিয়ে নাও,
তাদের মৃত্যু হয় আর তারা ধুলোতে ফিরে যায়।
30 যখন তুমি তোমার আত্মা পাঠাও,
তারা সৃষ্ট হয়,
আর তুমি জগতের মুখমণ্ডল নতুন করে তোলো।
31 সদাপ্রভুর গৌরব চিরকাল স্থায়ী হোক;
সদাপ্রভু তাঁর সৃষ্টির কাজে আনন্দিত হোন—
32 তাঁর দৃষ্টিতে জগৎ কেঁপে ওঠে,
তাঁর স্পর্শে পর্বতগুলি থেকে ধোঁয়া বের হয়।
33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব;
আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।
34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়,
কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি।
35 পাপীরা সবাই পৃথিবী থেকে বিলুপ্ত হোক
আর দুষ্ট চিরকালের জন্য উধাও হোক।
হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর প্রশংসা করো।
-
17 “দেখো, আমি নতুন আকাশমণ্ডল
ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি।
পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না,
সেগুলি আর মনেও আসবে না।
18 কিন্তু আমি যা সৃষ্টি করব, তার জন্য
আনন্দিত ও চিরকালের জন্য উল্লসিত হও,
কারণ আমি জেরুশালেমকে হর্ষের জন্য
ও তার লোকেদের আনন্দের জন্য সৃষ্টি করব।
19 আমি জেরুশালেমের জন্য উল্লসিত হব
ও আমার প্রজাদের জন্য হর্ষিত হব;
ক্রন্দন কিংবা বিলাপের ধ্বনি
আর কখনও সেখানে শোনা যাবে না।
-
4 ঈশ্বরের আত্মা আমাকে সৃষ্টি করেছেন;
সর্বশক্তিমানের শ্বাস আমায় জীবন দান করেছে।
-
18 কারণ সদাপ্রভু এই কথা বলেন,
যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,
তিনি ঈশ্বর;
যিনি পৃথিবীকে আকার দিয়ে নির্মাণ করেছেন,
তিনি তার প্রতিষ্ঠা করেছেন;
তিনি তা শূন্য রাখার জন্য সৃষ্টি করেননি,
কিন্তু তা বসতিস্থান হওয়ার জন্যই গঠন করেছেন।
তিনি বলেন,
“আমি সদাপ্রভু,
আর অন্য কেউই নয়।
-
26 আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো; তারা বীজবপন করে না, ফসল কাটে না, বা গোলায় সঞ্চয়ও করে না; তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাবার জুগিয়ে দেন। তোমরা কি তাদের চেয়েও অনেক বেশি মূল্যবান নও? 27 দুশ্চিন্তা করে তোমাদের কেউ কি নিজের আয়ু এক ঘণ্টাও বৃদ্ধি করতে পারে?
28 “আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো? দেখো, মাঠের লিলি ফুল কীভাবে বিকশিত হয়। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। 29 তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তার সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না। 30 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও বেশি সুশোভিত করবেন না?
-
1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”
5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”
-
1 এখন সদাপ্রভু ঈশ্বরের নির্মিত যে কোনো বন্যপশুর মধ্যে সাপই ছিল সবচেয়ে ধূর্ত। সে নারীকে বলল, “সত্যিই কি ঈশ্বর বলেছেন, ‘তোমরা অবশ্যই বাগানের কোনও গাছের ফল খেয়ো না’?”
2 নারী সাপকে বললেন, “আমরা বাগানের গাছগুলি থেকে ফল খেতে পারি, 3 কিন্তু ঈশ্বর বলেছেন, ‘বাগানের মাঝখানে যে গাছটি আছে, তার ফল তোমরা অবশ্যই খাবে না, আর এটি তোমরা ছোঁবেও না, এমনটি করলে তোমরা মারা যাবে।’ ”
4 “অবশ্যই তোমরা মরবে না,” সাপ নারীকে বলল। 5 “কারণ ঈশ্বর জানেন যে, যখন তোমরা এটি খাবে, তখন তোমাদের চোখ খুলে যাবে, ও তোমরা ভালোমন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে যাবে।”
6 নারী যখন দেখলেন যে সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক, এবং জ্ঞানার্জনের পক্ষেও কাম্য, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তিনি তাঁর সেই স্বামীকেও কয়েকটি ফল দিলেন, যিনি তাঁর সঙ্গেই ছিলেন ও তিনিও তা খেলেন।
-
1 এই হল আদমের বংশাবলির লিখিত নথি।
ঈশ্বর যখন মানবজাতিকে সৃষ্টি করলেন, তখন তিনি তাদের ঈশ্বরের প্রতিমূর্তিতেই তৈরি করলেন।
-
25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে?
কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।
26 তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও:
এগুলি কে সৃষ্টি করেছে?
তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন
এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে
তাদের একটিও হারিয়ে যায় না।
-
17 “অহো, সার্বভৌম সদাপ্রভু, তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয়।
-
10 তিনি জগতে ছিলেন, জগৎ তাঁর দ্বারা সৃষ্ট হলেও জগৎ তাঁকে চিনল না।
-
38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।
Shows Read in context, Share and Copy.