39 Bible Verses About New Beginnings

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About New Beginnings
  1. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”

    6 তিনি আমাকে বললেন: “সম্পন্ন হল। আমিই আলফা ও ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত, তাকে আমি জীবন-জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব। 7 যে জয়ী হয়, সে এসবের অধিকারী হবে, আর আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র বা কন্যা হবে। 8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”

  2. 16 সদাপ্রভু এই কথা বলেন,

    যিনি সমুদ্রের মধ্যে দিয়ে চলাচলের পথ ও

    মহাজলরাশির মধ্য দিয়ে অতিক্রমের পথ তৈরি করেছিলেন,

    17 যিনি রথ ও অশ্ব, সৈন্যদল ও বীর যোদ্ধাদের

    একত্র বের করে এনেছিলেন,

    তারা সেখানেই পড়ে থাকল, আর কখনও না ওঠার জন্য,

    তারা সলতের মতো নিভে গেল, বিনষ্ট হল:

    18 “তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও;

    অতীতের মধ্যে আর বিচরণ কোরো না।

    19 দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি!

    তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না?

    আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও

    প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব।

  3. 20 খ্রীষ্টের সম্বন্ধে তোমরা অবশ্য সেরকম শিক্ষা লাভ করোনি। 21 নিঃসন্দেহে, তোমরা তাঁর বিষয়ে শুনেছ এবং যীশুর মধ্যে যে সত্য আছে, সেই অনুযায়ী শিক্ষা পেয়েছ। 22 তোমাদের অতীত জীবনধারা সম্বন্ধে তোমরা শিক্ষা পেয়েছ যে, তোমাদের পুরোনো সত্তাকে ত্যাগ করতে হবে, যা তার বহুবিধ ছলনাময় অভিলাষের দ্বারা কলুষিত হয়ে উঠেছে। 23 তোমাদের মানসিকতাকে নতুন করতে হবে; 24 প্রকৃত ধার্মিকতা এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নতুন সত্তাকে পরিধান করতে হবে।

  4. 17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে।

  5. 22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,

    কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।

    23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;

    তোমার বিশ্বস্ততা মহৎ।

    24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;

    এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”

  6. 9 পরস্পরের কাছে মিথ্যা কথা বোলো না, কারণ তোমরা তোমাদের পুরোনো সত্তাকে তার কার্যকলাপসহ পরিত্যাগ করে 10 নতুন সত্তাকে পরিধান করেছ, যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠছে। 11 এখানে গ্রিক বা ইহুদি, সুন্নত হওয়া বা সুন্নতবিহীন, বর্বর, স্কুথীয়, ক্রীতদাস বা স্বাধীন বলে কিছু নেই, খ্রীষ্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন।

  7. 17 “দেখো, আমি নতুন আকাশমণ্ডল

    ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি।

    পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না,

    সেগুলি আর মনেও আসবে না।

  8. 12 আমি যে ইতিমধ্যেই এসব পেয়েছি, বা সিদ্ধিলাভ করেছি, তা নয়, কিন্তু যে জন্য খ্রীষ্ট যীশুর দ্বারা আমি ধৃত হয়েছি, আমিও তা ধারণ করার জন্য প্রাণপণ ছুটে চলেছি। 13 ভাইবোনেরা, আমি নিজে যে ধরে ফেলেছি, এমন কথা বলতে পারি না, কিন্তু একটি কাজ আমি করি: পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনে যা আছে, তারই দিকে আমি প্রাণপণ প্রয়াসে, 14 লক্ষ্যের অভিমুখে দৌড়াই, যেন ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্বর্গীয় যে আহ্বান দিয়েছেন, সেই পুরস্কার লাভ করতে পারি।

  9. 10 কিন্তু প্রভুর সেদিন আসবে চোরের মতো। আকাশমণ্ডল গুরুগম্ভীর গর্জনে অদৃশ্য হয়ে যাবে; এর মৌলিক পদার্থগুলি আগুনে ধ্বংস হবে এবং পৃথিবী ও তার মধ্যে সবকিছুই আগুনে পুড়ে বিলীন হবে।

    11 সবকিছুই যখন এভাবে ধ্বংস হয়ে যাবে, তখন তোমাদের কী ধরনের মানুষ হওয়া উচিত? তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে, 12 যখন তোমরা ঈশ্বরের সেই দিনের আগমনের জন্য প্রতীক্ষা করছ ও চাইছ যে তা যেন দ্রুত আসে। সেদিনে আকাশমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে। 13 কিন্তু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় আছি, তা হবে ধার্মিকতার আবাস।

  10. 19 আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব; আমি তাদের মধ্যে থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব।

  11. 3 অথবা, তোমরা কি জানো না, আমরা যারা খ্রীষ্ট যীশুতে বাপ্তাইজিত হয়েছি, আমরা সকলে তাঁর মৃত্যুর উদ্দেশে বাপ্তাইজিত হয়েছি? 4 সেই কারণে আমরা মৃত্যুর উদ্দেশে বাপ্তিষ্মের মাধ্যমে তাঁর সঙ্গে সমাধিপ্রাপ্ত হয়েছি, যেন খ্রীষ্ট যেমন পিতার মহিমার মাধ্যমে মৃতলোক থেকে উত্থিত হয়েছিলেন, তেমনই আমরাও এক নতুন জীবন লাভ করি।

  12. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।

  13. 13 যারা সুন্নতপ্রাপ্ত তারাও বিধান পালন করে না, তবুও তারা চায় তোমরা সুন্নত-সংস্কার পালন করো, যেন তারা তোমাদের শরীরের বিষয়ে গর্ব করতে পারে। 14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে ক্রুশার্পিত। 15 সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টিই হল মূলকথা। 16 এই নীতি যারা অনুসরণ করে তাদের উপর, এমনকি ঈশ্বরের ইস্রায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক।

    17 সবশেষে বলি, কেউ যেন আমাকে কষ্ট না দেয়, কারণ আমার শরীরে আমি যীশুর ক্ষতচিহ্ন বহন করছি।

    18 ভাইবোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সঙ্গে থাকুক। আমেন।

  14. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে। 5 যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে।

  15. 12 যে বিজয়ী হয়, তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভস্বরূপ করব। তারা কখনও সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম ও আমার ঈশ্বরের সেই নগর সেই নতুন জেরুশালেমের নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে নেমে আসছে; এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব।

  16. 1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।

    3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল।

  17. 30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  18. 1 সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না,

    জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না,

    যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়,

    তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।

    2 সব জাতি তোমার ধর্মশীলতা দেখবে,

    সব রাজা তোমার মহিমা দেখবে;

    তুমি এক নতুন নামে আখ্যাত হবে,

    যে নাম সদাপ্রভুরই মুখ নির্ণয় করবে।

    3 তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট,

    তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।

  19. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।

  20. 26 আমি তোমাদের এক নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা দেব। আমি তোমাদের ভিতর থেকে পাথরের হৃদয় বের করে মাংসের হৃদয় দেব।

  21. 13 বিশ্বাসের সেই একই আত্মা আমাদের আছে বলে, যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি, তাই কথা বলেছি,” সেই অনুযায়ী আমরাও বিশ্বাস করি ও সেই কারণে কথা বলি। 14 কারণ আমরা জানি যে, যিনি প্রভু যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তিনি যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং তোমাদের সঙ্গে আমাদেরও তাঁর সান্নিধ্যে উপস্থিত করবেন। 15 এসবই তোমাদের কল্যাণের জন্য, যেন যে অনুগ্রহ আরও বেশি সংখ্যক মানুষের কাছে উপস্থিত হচ্ছে, তা ঈশ্বরের মহিমার উদ্দেশে উপচে পড়া ধন্যবাদ জ্ঞাপনের কারণ হয়।

    16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।

  22. 36 তিনি তাদের এই রূপকটি বললেন, “নতুন কাপড় থেকে টুকরো কেটে নিয়ে কেউ পুরোনো কাপড়ে তালি দেয় না। কেউ তা করলে, নতুন কাপড়টিও ছিঁড়বে, আর নতুন কাপড়ের তালিটিও পুরোনো কাপড়ের সঙ্গে মিলবে না। 37 আবার পুরোনো চামড়ার সুরাধারে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না। তা করলে, নতুন দ্রাক্ষারস চামড়ার সুরাধারটিকে ফাটিয়ে দেবে; ফলে দ্রাক্ষারস পড়ে যাবে এবং চামড়ার সুরাধারটিও নষ্ট হয়ে যাবে। 38 তাই, নতুন চামড়ার সুরাধারেই নতুন দ্রাক্ষারস ঢালতে হবে।

  23. 34 “আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো। আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমাদেরও তেমন পরস্পরকে প্রেম করতে হবে। 35 তোমাদের এই পারস্পরিক প্রেমের দ্বারাই সব মানুষ জানতে পারবে যে, তোমরা আমার শিষ্য।”

  24. 1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।

  25. 10 হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো,

    আর এক অবিচল আত্মা আমার মধ্যে সঞ্জীবিত করো।

  26. 19 সুতরাং, এখন তোমরা মন পরিবর্তন করো ও ঈশ্বরের প্রতি ফিরে এসো, যেন তোমাদের সব পাপ মুছে ফেলা হয় ও প্রভুর কাছ থেকে পুনরুজ্জীবনের সময় উপস্থিত হয়। 20 তখন তিনি সেই মশীহকে, অর্থাৎ যীশুকে, আবার পাঠাবেন যাঁকে তিনি তোমাদের জন্য নিযুক্ত করেছেন। 21 তাঁকে সেই সময় পর্যন্ত স্বর্গে থাকতেই হবে, যতক্ষণ না সবকিছু পুনরায় প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বরের সময় উপস্থিত হয়, যেমন তিনি তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে বহুকাল আগেই প্রতিশ্রুতি দান করেছিলেন।

  27. 1 এখন আমরা জানি যে, যদি এই পার্থিব তাঁবু, যার মধ্যে আমরা বসবাস করি, তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আছে এক ঈশ্বরের দেওয়া গৃহ, স্বর্গে এক চিরন্তন আবাস, যা মানুষের হাতে তৈরি নয়। 2 এই সময়কালে আমরা আর্তনাদ করছি, আমাদের স্বর্গীয় আবাস পরিহিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছি, 3 কারণ যখন আমরা পোশাক পরিহিত হব, আমাদের বস্ত্রহীন দেখা যাবে না। 4 কারণ আমরা যতক্ষণ এই তাঁবুর মধ্যে আছি, আমরা আর্তনাদ করি ও ভারগ্রস্ত হই, কারণ আমরা পোশাকহীন হতে চাই না, কিন্তু আমাদের স্বর্গীয় আবাসের দ্বারা আবৃত হতে চাই, যেন যা কিছু নশ্বর, তা জীবনের দ্বারা কবলিত হয়। 5 এখন ঈশ্বর আমাদের এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন এবং আগামী সময়ে যা সন্নিকট, তার নিশ্চয়তাস্বরূপ পবিত্র আত্মাকে আমাদের অগ্রিম দান করেছেন।

  28. 17 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি কিছু পরিমাণ গুপ্ত মান্না দেব। এছাড়াও, তাকে আমি একটি শ্বেতপাথর দেব, যার উপরে একটি নতুন নাম লেখা আছে, কেউ সেই নাম জানতে পারে না, কেবলমাত্র যে তা গ্রহণ করে, সেই জানে।

  29. 3 উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি তোমাকে সত্যি বলছি, নতুন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের রাজ্যের দর্শন পায় না।”

  30. 25 আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ,

    আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা

    26 সেসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;

    ছেঁড়া কাপড়ের মতো সেসব শেষ হয়ে যাবে।

    পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে

    আর তাদের পরিত্যাগ করা হবে।

  31. 20 তোমার সূর্য আর অস্তমিত হবে না,

    তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না;

    সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি,

    আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।

  32. 31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,

    “যখন আমি ইস্রায়েলের কুল

    ও যিহূদার বংশধরদের সঙ্গে,

    একটি নতুন নিয়ম স্থাপন করব।

    32 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা

    নিয়মের মতো হবে না,

    যখন আমি তাদের হাত ধরে

    মিশর থেকে বের করে এনেছিলাম,

    কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল,

    যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,”

    সদাপ্রভু এই কথা বলেন।

    33 “সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,”

    সদাপ্রভু এই কথা বলেন,

    “আমি তাদের মনে আমার বিধান দেব

    এবং তাদের হৃদয়ে তা লিখে দেব।

    আমি তাদের ঈশ্বর হব

    আর তারা আমার প্রজা হবে।

    34 কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না

    বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’

    কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত,

    তারা সবাই আমার পরিচয় পাবে,”

    সদাপ্রভু এই কথা বলেন।

    “কারণ আমি তাদের পাপ ক্ষমা করব

    এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”

  33. 1 তাহলে, তোমরা যেহেতু খ্রীষ্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডানদিকে, যেখানে খ্রীষ্ট উপবিষ্ট আছেন, সেই স্বর্গীয় বিষয়সমূহে মনোনিবেশ করো।

  34. 7 প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন আদেশ নয়, কিন্তু এক পুরোনো আদেশ সম্পর্কেই লিখছি, যা তোমরা প্রথম থেকেই পেয়েছ। এই পুরোনো আদেশই সেই বাণী, যা তোমরা শুনেছ, 8 তবুও, তোমাদের কাছে আমি এক নতুন আদেশ সম্পর্কে লিখছি; এর সত্যতা তাঁর এবং তোমাদের জীবনে প্রত্যক্ষ হয়েছে, কারণ অন্ধকার ক্রমশ কেটে যাচ্ছে এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাচ্ছে।

  35. 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:

    “তুমি ওই পুঁথি গ্রহণ করার ও

    তার সিলমোহর খোলার যোগ্য,

    কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,

    আর তোমার রক্ত দ্বারা তুমি

    ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।

    10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,

    আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”

  36. 11 তিনি সবকিছু তার সময়ে সুন্দর করেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন; কিন্তু ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছেন তা মানুষ বুঝতে পারে না।

  37. 22 সদাপ্রভু বলেন, “যেভাবে নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী আমার সাক্ষাতে অটল থাকবে, তেমনই তোমার নাম ও তোমার সন্তানেরা চিরস্থায়ী হবে।

  38. 47 তাই আমি তোমাকে বলছি, যেহেতু তার অজস্র পাপ ক্ষমা করা হয়েছে, সে আমাকে বেশি ভালোবেসেছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয়, সে অল্পই ভালোবাসে।”

  39. 8 বিশ্বাসেই অব্রাহাম, যে স্থান তিনি ভাবীকালে উত্তরাধিকার হিসেবে লাভ করবেন, সেই স্থানে যাওয়ার আহ্বান পেয়ে গন্তব্যস্থান না জেনেই, বাধ্যতার সঙ্গে সেই স্থানে গেলেন। 9 এমনকি তিনি যখন সেই দেশে পৌঁছালেন যা ঈশ্বর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে বিশ্বাসে বাস করলেন—কারণ তিনি সেখানে ছিলেন বিদেশি আগন্তুকের মতো, তিনি তাঁবুতে বাস করলেন। আর ইস্‌হাক ও যাকোব তাঁর মতো তাঁবুতে বাস করলেন, যাঁরা তাঁর সঙ্গে একই প্রতিশ্রুতির উত্তরাধিকার ছিলেন। 10 কারণ তিনি ভিত্তিযুক্ত সেই নগরের প্রতীক্ষায় ছিলেন, ঈশ্বরই যার স্থপতি ও নির্মাতা।