44 Bible Verses About Circumcision
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
5 তোমাকে আর অব্রাম বলে ডাকা হবে না; তোমার নাম হবে অব্রাহাম, কারণ আমি তোমাকে বহু জাতির পিতা করেছি। 6 আমি তোমাকে অত্যন্ত ফলবান করব; আমি তোমার মধ্যে থেকে বহু জাতি উৎপন্ন করব, এবং রাজারা তোমার মধ্যে থেকেই উৎপন্ন হবে। 7 তোমার ঈশ্বর ও তোমার আগামী বংশধরদের ঈশ্বর হওয়ার জন্য আমার এবং তোমার মধ্যে ও তোমার আগামী বংশধরদের মধ্যে কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী এক চিরস্থায়ী নিয়মরূপে আমি আমার নিয়মটি স্থাপন করব। 8 এখন যেখানে তুমি এক বিদেশিরূপে বসবাস করছ, সমগ্র সেই কনান দেশটি আমি তোমাকে ও তোমার বংশধরদের এক চিরস্থায়ী অধিকাররূপে দেব; আর আমি তাদের ঈশ্বর হব।”
9 পরে ঈশ্বর অব্রাহামকে বললেন, “দেখো, তোমাকে অবশ্যই আমার নিয়মটি পালন করতে হবে, তোমাকে ও তোমার বংশধরদের আগামী বংশপরম্পরায় তা পালন করতে হবে। 10 এই হল তোমার ও তোমার পরবর্তী বংশধরদের জন্য আমার সেই নিয়ম, যা তোমাদের পালন করতে হবে: তোমাদের মধ্যে প্রত্যেক পুরুষকে সুন্নত করা হবে। 11 তোমাকে সুন্নত করাতে হবে, আর এটিই হবে আমার ও তোমার মধ্যে স্থাপিত নিয়মের চিহ্ন। 12 পুরুষানুক্রমে তোমাদের মধ্যে আট দিন বয়স্ক প্রত্যেকটি পুরুষকে সুন্নত করাতে হবে, যারা তোমার পরিবারে জন্মেছে, তাদের বা কোনও বিদেশির কাছ থেকে যাদের অর্থ দিয়ে কেনা হয়েছে—যারা তোমার নিজের সন্তান নয়, তাদেরও করাতে হবে। 13 যারা তোমার পরিবারে জন্মেছে বা তোমার অর্থ দিয়ে যাদের কেনা হয়েছে, তাদের সবাইকে সুন্নত করাতেই হবে। তোমার শরীরে স্থাপিত আমার এই নিয়মই চিরস্থায়ী এক নিয়ম হবে। 14 সুন্নত না হওয়া যে কোনো পুরুষ, যার শরীরে সুন্নত করা হয়নি, সে তার লোকজনের মধ্যে থেকে উৎখাত হবে; সে আমার নিয়ম ভঙ্গ করেছে।”
15 ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “তোমার স্ত্রী সারীকে, তুমি আর সারী বলে ডাকবে না; তার নাম হবে সারা। 16 আমি তাকে আশীর্বাদ করব, আর অবশ্যই তাকে তার নিজের এক পুত্রসন্তান দেব। আমি তাকে আশীর্বাদ করব, যেন সে বহু জাতির মা হয়; তার মধ্যে থেকে লোকসমূহের রাজারা উৎপন্ন হবে।”
-
25 তুমি যদি বিধান পালন করো, তাহলে সুন্নত হয়ে লাভ আছে। কিন্তু তুমি যদি বিধান মান্য না করো, তাহলে তুমি এমন মানুষ হয়েছ, যেন তোমার সুন্নতই হয়নি। 26 যাদের সুন্নত হয়নি, তারা যদি বিধানের নির্দেশ পালন করে, তাহলে তারা কি সুন্নতপ্রাপ্ত বলে গণ্য হবে না? 27 যে ব্যক্তি শারীরিকরূপে সুন্নতপ্রাপ্ত নয় অথচ বিধান পালন করে, সে তোমাকে অপরাধী সাব্যস্ত করবে, কারণ তোমার কাছে লিখিত বিধি থাকা ও সুন্নত হওয়া সত্ত্বেও তুমি বিধান অমান্য করেছ।
28 কোনো ব্যক্তি বাহ্যিকরূপে ইহুদি হলে সে ইহুদি নয়, আবার সুন্নতও নিছক বাহ্যিক ও শরীরে কৃত কোনও কাজ নয়। 29 না, অন্তরে যে ইহুদি হয় সেই প্রকৃত ইহুদি; আবার প্রকৃত সুন্নত হল হদয়ের সুন্নত, তা আত্মার দ্বারা হয়, লিখিত বিধির দ্বারা নয়। এ ধরনের মানুষের প্রশংসা মানুষের কাছ থেকে নয়, কিন্তু ঈশ্বর থেকে হয়।
-
8 দেখো, কেউ যেন অসার ও বিভ্রান্তিকর দর্শনের দ্বারা তোমাদের বন্দি না করে, যা কেবল মানবিক ঐতিহ্য এবং জাগতিক মূলনীতির উপর নির্ভরশীল, খ্রীষ্টের উপর নয়।
9 কারণ ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা, খ্রীষ্টের মধ্যেই দৈহিকরূপে অধিষ্ঠিত 10 এবং যিনি সমস্ত পরাক্রম ও কর্তৃত্বের মস্তকস্বরূপ, সেই খ্রীষ্টে তোমরা পূর্ণতা লাভ করেছ। 11 পাপময় স্বভাব পরিত্যাগ করে, তাঁর মধ্যেই তোমরা সুন্নতপ্রাপ্ত হয়েছ। সেই সুন্নত-সংস্কার মানুষের হাতে নয়, কিন্তু খ্রীষ্টের দ্বারা সাধিত হয়েছে। 12 এর ফলে, বাপ্তিষ্মে খ্রীষ্টের সঙ্গে তোমরা সমাধিপ্রাপ্ত হয়েছ এবং মৃতদের মধ্য থেকে যিনি তাঁকে উত্থাপিত করেছিলেন, সেই ঈশ্বরের পরাক্রমে বিশ্বাস স্থাপন করে তাঁরই সঙ্গে তোমরা উত্থাপিত হয়েছ।
13 তোমাদের সকল পাপে এবং পাপময় স্বভাবে সুন্নতহীন অবস্থায় তোমরা যখন মৃত ছিলে, তখন ঈশ্বর তোমাদের খ্রীষ্টে জীবিত করেছেন। 14 বিধানের যেসব লিখিত নির্দেশনামা আমাদের বিরুদ্ধে ও প্রতিকূলে ছিল, তা তিনি বাতিল করেছেন; ক্রুশে বিদ্ধ করে তিনি তা দূর করেছেন।
-
9 এই আশীর্বাদ কি কেবলমাত্র সুন্নত হওয়া লোকদের জন্য, না যারা সুন্নতবিহীন, তাদেরও জন্য? আমরা বলে আসছি যে, অব্রাহামের বিশ্বাস তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল। 10 কোন অবস্থায় তা গণ্য হয়েছিল? তা কি তাঁর সুন্নতের পরে, না আগেই? তা পরে নয়, কিন্তু আগে। 11 আর তিনি সুন্নতের চিহ্ন লাভ করলেন যা ধার্মিকতার এক সিলমোহর, যা তিনি সুন্নতহীন অবস্থায় থাকার সময়ই বিশ্বাসের দ্বারা পেয়েছিলেন। সেই কারণে, যারা বিশ্বাস করে, অথচ সুন্নতপ্রাপ্ত হয়নি, তিনি তাদের সকলের পিতা, যেন তাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করা হয়। 12 একইসঙ্গে, তিনি সুন্নতপ্রাপ্তদেরও পিতা, যারা কেবলমাত্র সুন্নতপ্রাপ্ত হয়েছে বলে নয় কিন্তু আমাদের পিতা অব্রাহামের সুন্নত হওয়ার আগে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের পদাঙ্ক অনুসরণ করে চলে বলে।
13 অব্রাহাম ও তাঁর বংশ প্রতিশ্রুতি লাভ করেছিলেন, যে তিনি জগতের উত্তরাধিকারী হবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বিধানের মাধ্যমে নয় বরং ধার্মিকতার মাধ্যমে আসে যা বিশ্বাস থেকে উৎপন্ন হয়।
-
1 স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব, তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় বন্দি কোরো না।
2 আমার কথা লক্ষ্য করো। আমি পৌল তোমাদের বলছি যে, তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রীষ্টের কোনো মূল্যই থাকবে না। 3 যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে, সে সমস্ত বিধান পালন করতে বাধ্য। 4 তোমরা যারা বিধানের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে চাইছ, তারা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ; তোমরা অনুগ্রহ থেকে বিচ্যুত হয়েছ। 5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি। 6 কারণ খ্রীষ্ট যীশুতে সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন। কেবলমাত্র বিষয় যা গণ্য করা হয়, তা হল বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে।
7 তোমরা তো ভালোভাবেই দৌড়াচ্ছিলে। কে তোমাদের বাধা দিল এবং সত্য পালন করতে দিল না? 8 যিনি তোমাদের আহ্বান করেছেন, তাঁর কাছ থেকে এই ধরনের চাপ আসে না। 9 অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে। 10 প্রভুতে আমি আত্মবিশ্বাসী যে, তোমরা আর কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে না। যে তোমাদের বিভ্রান্ত করছে, সে যেই হোক না কেন, সে তার শাস্তি ভোগ করবে। 11 ভাইবোনেরা, আমি যদি এখনও সুন্নতের বিষয় প্রচার করে থাকি, তাহলে কেন এখনও আমি নির্যাতিত হচ্ছি? তাহলে তো ক্রুশের কথা প্রচারের বাধা দূর হয়ে যেত। 12 যারা তোমাদের কাছে অশান্তি সৃষ্টি করে আমার ইচ্ছা এই যে তারা সম্পূর্ণ পথ অতিক্রম করে নিজেদের নপুংসক করে ফেলুক।
-
12 যারা ব্যহ্যিকরূপে এক সুন্দর ভাবমূর্তি গড়তে চায়, তারা তোমাদের সুন্নত পালনে বাধ্য করতে চেষ্টা করছে। কেবলমাত্র যে কারণের জন্য তারা এ কাজ করতে চাইছে, তা খ্রীষ্টের ক্রুশের কারণে নির্যাতিত হওয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য। 13 যারা সুন্নতপ্রাপ্ত তারাও বিধান পালন করে না, তবুও তারা চায় তোমরা সুন্নত-সংস্কার পালন করো, যেন তারা তোমাদের শরীরের বিষয়ে গর্ব করতে পারে। 14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে ক্রুশার্পিত। 15 সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টিই হল মূলকথা। 16 এই নীতি যারা অনুসরণ করে তাদের উপর, এমনকি ঈশ্বরের ইস্রায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক।
-
1 পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে। 2 যারা দুষ্কর্ম করে, যারা অঙ্গচ্ছেদ ঘটায়, সেইসব কুকুর থেকে সাবধান থেকো। তাদের সম্বন্ধে সতর্ক হও। 3 কারণ আমরা যারা ঈশ্বরের আত্মায় উপাসনা করি, যারা খ্রীষ্ট যীশুতে গৌরববোধ করি, শরীরের বিষয়ে যাদের কোনো আস্থা নেই, সেই আমরাই তো প্রকৃত সুন্নতপ্রাপ্ত— 4 যদিও এরকম আস্থাশীল হওয়ার যথেষ্ট কারণ আমার নিজের উপরে আছে।
অন্য কেউ যদি মনে করে যে, শারীরিক সংস্কারের ব্যাপারে সে নির্ভর করতে পারে, আমার আরও অনেক বিষয়ে নির্ভর করার আছে: 5 অষ্টম দিনে আমার সুন্নত হয়েছে, জাতিতে আমি ইস্রায়েলী, বিন্যামীন গোষ্ঠীভুক্ত, হিব্রু বংশজাত একজন হিব্রু, বিধানসংক্রান্ত বিষয়ে একজন ফরিশী; 6 উদ্যমের ব্যাপারে আমি মণ্ডলীর নির্যাতনকারী এবং বিধানগত ধার্মিকতায় আমি ছিলাম নির্দোষ।
7 কিন্তু, যা ছিল আমার কাছে লাভজনক, খ্রীষ্টের জন্য আজ সেই সবকিছুকে আমি লোকসান বলে মনে করছি।
-
12 এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো, 13 আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যেসব আদেশ ও অনুশাসন দিচ্ছি তা পালন করো।
14 আকাশ ও তার উপরের সবকিছু এবং পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর। 15 তবুও তোমাদের পূর্বপুরুষদের প্রতি তাঁর স্নেহ ছিল এবং তিনি তাদের ভালোবাসতেন, আর তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের, অর্থাৎ তোমাদের মনোনীত করেছেন—যেমন তোমরা আজও আছ। 16 তোমাদের হৃদয়ের সুন্নত করো, আর একগুঁয়ে হয়ে থেকো না। 17 তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরদের ঈশ্বর এবং প্রভুদের প্রভু, তিনিই মহান ঈশ্বর, ক্ষমতাশালী ও ভয়ংকর, যিনি কারোর মুখাপেক্ষা করেন না এবং ঘুষও নেন না।
-
1 আমি তোমাদের সামনে যে আশীর্বাদ ও অভিশাপগুলি তুলে ধরলাম তার সমস্ত কথা যখন তোমাদের উপরে ফলবে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্যে বসবাস করবার সময় এসব কথায় তোমরা মন দেবে, 2 সেই সময় তোমরা ও তোমাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণ দিয়ে তাঁর বাধ্য হবে আর আমি আজ তোমাদের যেসব আদেশ দিচ্ছি তা পালন করবে, 3 তাহলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ধন ফিরিয়ে দেবেন। তিনি তোমাদের প্রতি করুণা করবেন এবং যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্য থেকে তিনি আবার তোমাদের সংগ্রহ করবেন। 4 পৃথিবীর শেষ সীমানায়ও যদি তোমাদের দূর করে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংগ্রহ করবেন। 5 তোমাদের পূর্বপুরুষদের দেশেই তিনি তোমাদের ফিরিয়ে আনবেন আর তোমরা তা আবার অধিকার করবে। তিনি তোমাদের আরও সমৃদ্ধিশালী করবেন ও তোমাদের পূর্বপুরুষদের থেকেও তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করবেন। 6 তোমরা যাতে তোমাদের সমস্ত মন ও তোমাদের সমস্ত প্রাণ দিয়ে তাঁকে ভালোবেসে বেঁচে থাকো সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ও তোমাদের বংশধরদের হৃদয়ের সুন্নত করবেন। 7 এসব অভিশাপ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের শত্রুদের উপর আনবেন যারা তোমাদের ঘৃণা ও অত্যাচার করবে। 8 তখন তোমরা আবার সদাপ্রভুর বাধ্য হয়ে চলবে আর তাঁর যেসব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তা মেনে চলবে।
-
17 তা সত্ত্বেও, প্রভু যার প্রতি যেমন কর্তব্যভার নির্দিষ্ট করেছেন ও যার জন্য ঈশ্বর তাকে আহ্বান করেছেন, প্রত্যেকে জীবনে সেই স্থান ধরে রাখুক। সমস্ত মণ্ডলীতে আমি এই নিয়মই স্থাপন করে থাকি। 18 সুন্নত হওয়ার পরে কি কাউকে আহ্বান করা হয়েছিল? তবে সে যেন সুন্নতহীন না হয়। সুন্নতহীন অবস্থায় কি কাউকে আহ্বান করা হয়েছিল? তবে সে যেন সুন্নত না হয়। 19 সুন্নত কিছু নয় এবং সুন্নতহীন হওয়াও কিছু নয়, ঈশ্বরের আদেশপালনই হল আসল বিষয়। 20 ঈশ্বরের আহ্বান পাওয়ার সময়ে কোনো ব্যক্তি যে অবস্থায় ছিল, সে সেই অবস্থাতেই থাকুক।
-
25 সদাপ্রভু এই কথা বলেন, “সময় আসছে, যারা কেবলমাত্র শরীরে ত্বকচ্ছেদ করেছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব— 26 মিশর, যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এবং বহু দূরবর্তী স্থানে যারা বসবাস করে, তাদের দেব। কারণ এসব জাতি প্রকৃতই অচ্ছিন্নত্বকবিশিষ্ট, এমনকি ইস্রায়েলের সমস্ত কুল অন্তরে অচ্ছিন্নত্বক।”
-
2 “তুমি ইস্রায়েলীদের বলো: ‘সন্তান গর্ভধারণ করার পর কোনো মহিলা যখন একটি ছেলের জন্ম দেয় তবে সে আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য অশুচি থাকবে, যেমন তার মাসিক ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। 3 অষ্টম দিনে বালকটিকে সুন্নত করতে হবে।
-
21 আট দিন পরে, শিশুটির সুন্নত অনুষ্ঠানের সময়ে, তাঁর নাম রাখা হল যীশু। শিশুটি মায়ের গর্ভে আসার আগেই স্বর্গদূত তাঁর এই নাম দিয়েছিলেন।
22 মোশির বিধান অনুসারে তাঁদের শুদ্ধকরণের সময় পূর্ণ হওয়ার পর, যোষেফ ও মরিয়ম যীশুকে জেরুশালেমের মন্দিরে প্রভুর সান্নিধ্যে উপস্থিত করার জন্য নিয়ে গেলেন, যেমন 23 প্রভুর বিধান লেখা আছে, “প্রত্যেক প্রথমজাত পুরুষসন্তান প্রভুর কাছে উৎসর্গীকৃত হবে,” এবং 24 প্রভুর বিধান অনুযায়ী তারা যেন “এক জোড়া ঘুঘু পাখি বা দুটি কপোতশাবক” বলির জন্য উৎসর্গ করেন।
-
1 যিহূদিয়া থেকে কয়েকজন ব্যক্তি আন্তিয়খে এসে বিশ্বাসীদের শিক্ষা দিতে লাগল যে, “মোশি যে প্রথার বিষয়ে শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী সুন্নত না করলে, তোমরা পরিত্রাণ পাবে না।” 2 এই ঘটনায় পৌল ও বার্ণবার সঙ্গে তাদের তুমুল মতবিরোধ ও তর্কবিতর্ক দেখা দিল। সেই কারণে ঠিক হল, এই প্রশ্নের নিষ্পত্তির জন্য পৌল ও বার্ণবা আরও কয়েকজন বিশ্বাসীর সঙ্গে জেরুশালেমে যাবেন এবং প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। 3 মণ্ডলী তাঁদের যাত্রাপথে পাঠিয়ে দিলেন। ফিনিসিয়া ও শমরিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় কীভাবে অইহুদি মানুষেরা পরিবর্তিত হয়েছিল, তাঁরা সেকথা বর্ণনা করলেন। এই সংবাদে সব ভাইয়েরা আনন্দিত হলেন। 4 তাঁরা যখন জেরুশালেমে এলেন, মণ্ডলী প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের সঙ্গে তাঁদের স্বাগত জানালেন। ঈশ্বর তাঁদের মাধ্যমে যে সমস্ত কাজ সাধন করেছিলেন, তাঁরা সেকথা তাঁদের জানালেন।
5 তখন ফরিশী-দলভুক্ত কয়েকজন বিশ্বাসী উঠে দাঁড়িয়ে বলল, “অইহুদিদের অবশ্যই সুন্নত করতে হবে এবং তাদের মোশির বিধানও পালন করা প্রয়োজন।”
6 প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনেরা এই প্রশ্নের আলোচনার জন্য মিলিত হলেন। 7 বহু আলোচনার পর, পিতর উঠে দাঁড়িয়ে, তাঁদের উদ্দেশে বললেন, “ভাইরা, তোমরা জানো যে, কিছুদিন আগে ঈশ্বর তোমাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, যেন অইহুদিরা আমার মুখ থেকে সুসমাচারের বার্তা শুনে বিশ্বাস করে। 8 ঈশ্বর, যিনি অন্তর্যামী, তিনি তাদের গ্রহণ করেছেন প্রমাণ করার জন্য, আমাদের ক্ষেত্রে যেমন করেছিলেন, তেমনই তাদেরও পবিত্র আত্মা দান করলেন। 9 আমাদের ও তাদের মধ্যে তিনি কোনও বিভেদ রাখেননি, কারণ তিনি বিশ্বাসের দ্বারা তাদের হৃদয় শুচিশুদ্ধ করেছেন। 10 তাহলে এখন, কেন তোমরা শিষ্যদের কাঁধে সেই জোয়াল চাপিয়ে দিয়ে ঈশ্বরকে পরীক্ষা করার চেষ্টা করছ, যা আমরা বা আমাদের পিতৃপুরুষেরাও বহন করতে পারিনি? 11 না! আমরা বিশ্বাস করি, প্রভু যীশুর অনুগ্রহের মাধ্যমেই আমরা পরিত্রাণ পেয়েছি, ঠিক যেমন তারাও পেয়েছে।”
12 সমস্ত মণ্ডলী নীরব হয়ে রইল; আর বার্ণবা ও পৌলের মাধ্যমে ঈশ্বর অইহুদিদের মাঝে যেসব অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কাজ সম্পাদন করেছিলেন সেসব বর্ণনা তারা শুনল। 13 তাঁদের কথা শেষ হলে, যাকোব বলে উঠলেন, “ভাইয়েরা, আমার কথা শোনো। 14 শিমোন আমাদের কাছে বর্ণনা করেছেন যে ঈশ্বর কীভাবে তাঁর নিজের নামের গৌরবের জন্য অইহুদিদের পরিদর্শন করেছেন ও তাদের মধ্য থেকে একদল লোক বেছে নিয়েছেন। 15 ভাববাদীদের বাণীর সঙ্গে এর মিল আছে, যেমন লেখা আছে:
16 “ ‘এরপর আমি ফিরে আসব ও
দাউদের পতিত হওয়া তাঁবু পুনরায় গাঁথব।
এর ধ্বংসাবশেষকে আমি পুননির্মাণ করব এবং
তা আমি পুনঃপ্রতিষ্ঠিত করব,
17 যেন লোকেদের অবশিষ্টাংশ এবং
আমার নাম বহনকারী সমস্ত অইহুদি জাতি
প্রভুর অন্বেষণ করতে পারে,
একথা বলেন প্রভু, যিনি এ সমস্ত সাধন করেন’
18 বহুকাল আগে যা তিনি ব্যক্ত করেছেন।
19 “অতএব আমার বিচার এই, যে সমস্ত অইহুদি ঈশ্বরের দিকে ফিরে এসেছে, আমরা তাদের জন্য কোনো কিছু কঠিন করব না। 20 বরং আমরা পত্র লিখে তাদের জানিয়ে দেব, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার যা কলুষিত, অবৈধ যৌন-সংসর্গ, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং রক্ত পান করা থেকে দূরে থাকে। 21 কারণ প্রাচীনকাল থেকে প্রতিটি নগরেই মোশির বিধান প্রচার করা হয়েছে এবং প্রতি বিশ্রামবারে তা সমাজভবনগুলিতে পড়া হয়েছে।”
-
24 পথিমধ্যে এক পান্থশালায়, সদাপ্রভু মোশির সাথে দেখা করলেন এবং তাঁকে প্রায় হত্যা করেই ফেলেছিলেন। 25 কিন্তু সিপ্পোরা চকমকি পাথরের একটি ছুরি নিয়ে, তাঁর ছেলের লিঙ্গাগ্রত্বক কেটে সেটি মোশির পায়ে ঠেকিয়ে দিলেন। “নিশ্চয় তুমি আমার কাছে রক্তের এক বর,” তিনি বললেন। 26 অতএব সদাপ্রভু মোশিকে নিষ্কৃতি দিলেন। (সেই সময় সিপ্পোরা সুন্নতের উল্লেখ করে বললেন, “রক্তের বর।”)
-
1 সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল, তোমরা যদি ফিরতে চাও,
তবে ফিরে এসো আমার কাছে।”
“তোমরা যদি আমার চোখের সামনে থেকে তোমাদের ওইসব ঘৃণ্য প্রতিমাকে ছুঁড়ে ফেলো,
এবং আর কখনোই বিপথগামী না হও,
2 এবং সত্যে, ন্যায়পরায়ণতায় ও ধার্মিকতায়
তোমরা শপথ করে বলো, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’
তাহলে জগতের জাতিগুলি তাঁর আশীর্বাদ যাচ্ঞা করবে,
এবং তাঁর নামের প্রশংসা করবে।”
3 যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন:
“তোমরা পতিত ভূমি কর্ষণ করো
এবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।
4 তোমরা সদাপ্রভুর উদ্দেশে ছিন্নত্বক হও,
তোমাদের হৃদয়ের ত্বক দূর করে ফেলো,
হে যিহূদার লোকসকল ও জেরুশালেম নিবাসীরা,
তা না হলে তোমাদের কৃত যাবতীয় পাপের জন্য,
আমার ক্রোধ জ্বলে উঠবে আগুনের মতো হবে,
যে আগুন কেউ নেভাতে পারবে না।
-
11 অতএব স্মরণ করো, এক সময় তোমরা, যারা জন্মসূত্রে অইহুদি ছিলে, মানুষের হাতে করা “সুন্নতপ্রাপ্ত” ব্যক্তিরা তোমাদের “সুন্নতহীন” বলে অভিহিত করত। 12 স্মরণ করো, সেই সময় তোমরা খ্রীষ্টের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, ইস্রায়েলের নাগরিকত্বের সঙ্গে তোমরা ছিলে সম্পর্কহীন এবং প্রতিশ্রুতির নিয়মের কাছে ছিলে অসম্পর্কিত। তোমাদের কোনও আশা ছিল না এবং পৃথিবীতে তোমরা ছিলে ঈশ্বরবিহীন। 13 কিন্তু তোমরা যারা এক সময় বহু দূরবর্তী ছিলে, এখন খ্রীষ্ট যীশুতে তাঁর রক্তের মাধ্যমে নিকটবর্তী হয়েছ।
14 কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন, 15 বিধান ও তার নির্দেশমালা, নিয়ন্ত্রণবিধি, সব নিজের শরীরে বিলোপ করেই তা করেছেন। উভয়কে নিয়ে নিজের মধ্যে এক নতুন মানুষ গড়ে তোলা এবং এভাবে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁর উদ্দেশ্য। 16 আর এই এক দেহে, ক্রুশের মাধ্যমে তিনি উভয়কে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, যার দ্বারা তিনি দু-পক্ষের শত্রুতার অবসান ঘটিয়েছেন। 17 তোমরা যারা ছিলে বহুদূরে, আর যারা ছিলে কাছে, তোমাদের সকলের কাছে তিনি এসে শান্তির বাণী প্রচার করেছেন। 18 কারণ তাঁরই মাধ্যমে আমরা দু-পক্ষ একই আত্মার দ্বারা পিতার সান্নিধ্যে আসার অধিকার লাভ করেছি।
19 অতএব, তোমরা আর অসম্পর্কিত ও বহিরাগত নও, তোমরা এখন ঈশ্বরের প্রজাদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের সদস্য। 20 প্রেরিতশিষ্যবর্গ ও ভাববাদীদের ভিত্তিমূলের উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, স্বয়ং খ্রীষ্ট যীশু যার কোণের প্রধান পাথর। 21 তাঁরই মধ্যে সমগ্র কাঠামো একত্রে সন্নিবদ্ধ এবং প্রভুতে তা এক পবিত্র মন্দিররূপে গড়ে উঠছে। 22 তাঁতে তোমাদেরও একসঙ্গে একটি আবাসরূপে গঠন করা হচ্ছে, যেখানে ঈশ্বর তাঁর আত্মায় অধিষ্ঠান করেন।
-
1 চোদ্দো বছর পরে, আমি আবার জেরুশালেমে গেলাম; এসময় সঙ্গে ছিলেন বার্ণবা। আমি তীতকেও সঙ্গে নিলাম। 2 ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হওয়ার আগে আমি সেখানে গিয়েছিলাম ও যে সুসমাচার আমি অইহুদি জাতিদের কাছে প্রচার করি, তা তাঁদের সামনে বললাম। কিন্তু এ কাজ আমি গোপনে, যাঁদের নেতৃস্থানীয় বলে আমার মনে হয়েছিল, তাঁদের কাছে করলাম, কারণ ভয় হচ্ছিল, আমি হয়তো অনর্থক পরিশ্রম করেছি বা করছি। 3 এমনকি, আমার সঙ্গী তীত, যিনি জাতিতে গ্রিক ছিলেন, তাঁকেও সুন্নত করতে বাধ্য করা হয়নি। 4 কারণ খ্রীষ্ট যীশুতে আমরা যে স্বাধীনতা ভোগ করি, তার উপরে গুপ্তচরবৃত্তির জন্য ও আমাদের ক্রীতদাসে পরিণত করার জন্য কয়েকজন ভণ্ড ভাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল। 5 আমরা এক মুহূর্তের জন্যও তাদের বশ্যতাস্বীকার করলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের জন্য রক্ষা করতে পারি।
-
9 পরস্পরের কাছে মিথ্যা কথা বোলো না, কারণ তোমরা তোমাদের পুরোনো সত্তাকে তার কার্যকলাপসহ পরিত্যাগ করে 10 নতুন সত্তাকে পরিধান করেছ, যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠছে। 11 এখানে গ্রিক বা ইহুদি, সুন্নত হওয়া বা সুন্নতবিহীন, বর্বর, স্কুথীয়, ক্রীতদাস বা স্বাধীন বলে কিছু নেই, খ্রীষ্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন।
-
10 কার সঙ্গে আমি কথা বলব, কাকে সতর্কবাক্য দেব?
কে শুনবে আমার কথা?
তাদের কান বন্ধ হয়েছে
তাই তারা পায় না শুনতে।
সদাপ্রভুর বাক্য তাদের কাছে আপত্তিকর;
তারা তাতে কোনও আনন্দ পায় না।
11 কিন্তু আমি সদাপ্রভুর ক্রোধে পূর্ণ,
আমি আর তা ধরে রাখতে পারছি না।
“রাস্তায় জড়ো হওয়া ছেলেমেয়েদের উপরে এবং
একসঙ্গে একত্র হওয়া যুবকদের উপরে তা ঢেলে দাও।
ঢেলে দাও তা স্বামী-স্ত্রীর উপরে
এবং তাদের উপরে, যারা বৃদ্ধ ও বয়সের ভারে জর্জরিত।
-
14 পর্বের মাঝামাঝি সময়, যীশু মন্দির-প্রাঙ্গণে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। 15 ইহুদিরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, “শিক্ষালাভ না করেও এই মানুষটি কী করে এত শাস্ত্রজ্ঞ হয়ে উঠল?”
16 যীশু উত্তর দিলেন, “এই শিক্ষা আমার নিজস্ব নয়। যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাছ থেকেই আমি এই শিক্ষা পেয়েছি। 17 কেউ যদি ঈশ্বরের ইচ্ছা পালন করতে মনস্থির করে, তাহলে সে উপলব্ধি করতে পারবে, আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজে থেকে বলেছি। 18 যে নিজের জ্ঞানের কথা বলে, সে তার গৌরবপ্রাপ্তির জন্যই তা করে, কিন্তু যে তার প্রেরণকর্তার গৌরবের জন্য কাজ করে, সে সত্যবাদী পুরুষ। তার মধ্যে কোনো মিথ্যাচার নেই। 19 মোশি কি তোমাদের বিধান দেননি? তবু তোমরা একজনও সেই বিধান পালন করো না। তোমরা কেন আমাকে হত্যা করার চেষ্টা করছ?”
20 সব লোক উত্তর দিল, “তোমাকে ভূতে পেয়েছে। কে তোমাকে হত্যার চেষ্টা করছে?”
21 যীশু তাদের বললেন, “আমি মাত্র একটি অলৌকিক কাজ করেছি, আর তা দেখেই তোমরা চমৎকৃত হয়েছিলে। 22 মোশি তোমাদের সুন্নত প্রথা দিয়েছিলেন বলে (যদিও প্রকৃতপক্ষে মোশি তা দেননি, কিন্তু পিতৃপুরুষদের সময় থেকে এই প্রথার প্রচলন ছিল), তোমরা বিশ্রামদিনে শিশুকে সুন্নত করে থাকো। 23 এখন, বিশ্রামদিনে কোনো শিশুকে সুন্নত করলে যদি মোশির বিধান ভাঙা না হয়, তাহলে বিশ্রামদিনে একটি মানুষকে সম্পূর্ণ সুস্থ করেছি বলে তোমরা আমার উপর ক্রুদ্ধ হচ্ছো কেন? 24 শুধু বাহ্যিক বিষয় দেখে বিচার কোরো না, ন্যায়সংগত বিচার করো।”
-
57 প্রসবের সময় পূর্ণ হলে, ইলিশাবেত এক পুত্রসন্তানের জন্ম দিলেন। 58 তাঁর প্রতিবেশী এবং আত্মীয়পরিজনেরা শুনল যে, প্রভু তাঁর প্রতি মহৎ করুণা প্রদর্শন করেছেন, আর তারাও তাঁর আনন্দের অংশীদার হল।
59 অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল। 60 কিন্তু তার মা বলে উঠলেন, “না, ওর নাম হবে যোহন।”
61 তারা তাঁকে বলল, “কেন? আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কারও তো এই নাম নেই!”
62 তখন তারা তার পিতার কাছে ইশারায় জানতে চাইল, তিনি শিশুটির কী নাম রাখতে চান। 63 তিনি একটি লিপিফলক চেয়ে নিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে লিখলেন, “ওর নাম যোহন।” 64 সঙ্গে সঙ্গে তাঁর মুখ খুলে গেল, জিভের জড়তা চলে গেল, আর তিনি কথা বলতে লাগলেন ও ঈশ্বরের প্রশংসায় মুখর হলেন। 65 প্রতিবেশীরা সবাই ভীত হল এবং যিহূদিয়ার সমস্ত পার্বত্য অঞ্চলের লোকেরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে লাগল। 66 যারা শুনল, তারা প্রত্যেকেই বিস্মিত হয়ে বলাবলি করল, “এই শিশুটি তাহলে ভবিষ্যতে কী হবে?” কারণ প্রভুর হাত ছিল তার সহায়।
-
1 পৌল ডার্বিতে গেলেন ও পরে লুস্ত্রায় এলেন। সেখানে তিমথি নামে একজন শিষ্য বসবাস করতেন। তাঁর মা ছিলেন একজন বিশ্বাসী ইহুদি, কিন্তু পিতা ছিলেন গ্রিক। 2 লুস্ত্রা ও ইকনিয়ের ভাইরা তাঁর সম্পর্কে সুখ্যাতি করতেন। 3 পৌল চাইলেন যাত্রায় তাঁকেও সঙ্গে নিতে। তাই সেই অঞ্চলে বসবাসকারী ইহুদিদের জন্য তিনি তাঁকে সুন্নত করালেন, কারণ তারা সকলে জানত যে, তাঁর পিতা ছিলেন একজন গ্রিক। 4 এক নগর থেকে অন্য নগরে যাওয়ার সময়, তাঁরা জেরুশালেমের প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের গৃহীত সিদ্ধান্তগুলি তাদের জানালেন, যেন তারা সেসব পালন করে। 5 এভাবে মণ্ডলীগুলি বিশ্বাসে বলীয়ান হতে ও প্রতিদিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকল।
-
10 কারণ বহু বিদ্রোহীভাবাপন্ন, অসার বাক্যবাগীশ এবং প্রতারক ব্যক্তি রয়েছে তারা বিশেষত সুন্নত-প্রাপ্তদের দলে আছে। 11 এরা অসৎ লাভের জন্য এমন সব কথা বলছে যে শিক্ষা দেওয়া উচিত নয়। ফলে পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে। 12 এমনকি, তাদেরই একজন ভাববাদী বলেছেন, “ক্রীটের অধিবাসীরা সবসময়ই মিথ্যাবাদী, পশুর মতো হিংস্র, অলস পেটুক।” 13 এই সাক্ষ্য সত্য। সুতরাং তাদের কঠোরভাবে তিরস্কার করো, যেন তারা সঠিক বিশ্বাসের অধিকারী হতে পারে 14 এবং তারা যেন ইহুদি গালগল্পে অথবা যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, এমন লোকদের আদেশের প্রতি মনোযোগ না দেয়।
-
44 পিতর যখন এসব কথা বলছিলেন, সেই সময়, যত লোক সেই বাণী শুনছিল, তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। 45 সুন্নতপ্রাপ্ত যে বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন, তাঁরা অইহুদিদের উপরে পবিত্র আত্মার বরদান নেমে আসতে দেখে বিস্মিত হলেন। 46 কারণ তাঁরা তাঁদের বিভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের মহিমাকীর্তন করতে শুনলেন।
তখন পিতর বললেন, 47 “আমাদেরই মতো এরাও পবিত্র আত্মা লাভ করেছে বলে কেউ কি এদের জলে বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা দিতে পারে?” 48 তাই তিনি যীশু খ্রীষ্টের নামে তাদের বাপ্তাইজিত হওয়ার আদেশ দিলেন। পরে তাঁরা পিতরকে অনুনয় করলেন, যেন তিনি আরও কিছুদিন তাঁদের সঙ্গে থেকে যান।
-
23 সেদিনই অব্রাহাম তাঁর ছেলে ইশ্মায়েলকে ও তাঁর পরিবারে জন্মানো বা তাঁর অর্থ দিয়ে কেনা সবাইকে, তাঁর পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে নিয়ে ঈশ্বরের কথানুসারে সুন্নত করালেন। 24 অব্রাহাম যখন সুন্নত করালেন তখন তাঁর বয়স 99 বছর, 25 এবং তাঁর ছেলে ইশ্মায়েলের বয়স তেরো বছর; 26 অব্রাহাম এবং তাঁর ছেলে ইশ্মায়েল দুজনে একই দিনে সুন্নত করালেন। 27 আর অব্রাহামের পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে তথা তাঁর পরিবারে জন্মানো বা কোনও বিদেশির কাছ থেকে অর্থ দিয়ে কেনা প্রত্যেককে তাঁর সাথে সুন্নত করানো হল।
-
1 প্রেরিতশিষ্যেরা ও সমগ্র যিহূদিয়ার ভাইয়েরা শুনতে পেলেন যে, অইহুদিরাও ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে। 2 তাই পিতর যখন জেরুশালেমে গেলেন, সুন্নতপ্রাপ্ত বিশ্বাসীরা তাঁর সমালোচনা করল। 3 তারা বলল, “তুমি অচ্ছিন্নত্বক লোকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে খাবার খেয়েছ।”
4 যা যা ঘটেছিল, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পিতর একের পর এক তাদের কাছে ব্যাখ্যা করলেন। 5 “আমি জোপ্পা নগরে প্রার্থনা করছিলাম। তখন ভাবাবিষ্ট হয়ে আমি এক দর্শন লাভ করলাম। আমি দেখলাম বিশাল চাদরের মতো একটি বস্তুর চার প্রান্ত ধরে আকাশ থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি যেখানে ছিলাম, সেটা আমার কাছে সেখানে নেমে এল। 6 আমি তার উপরে দৃষ্টিপাত করে পৃথিবীর সব ধরনের চতুষ্পদ প্রাণী, বন্যপশু, বিভিন্ন সরীসৃপ ও আকাশের পাখি দেখতে পেলাম। 7 তারপর আমি শুনলাম, এক কণ্ঠস্বর আমাকে বলছেন, ‘ওঠো পিতর, মারো ও খাও।’
8 “আমি উত্তর দিলাম, ‘কিছুতেই নয়, প্রভু! কখনও কোনো অশুদ্ধ বা অশুচি কিছু আমার মুখে প্রবেশ করেনি।’
9 “দ্বিতীয়বার সেই কণ্ঠস্বর আকাশ থেকে বলে উঠলেন, ‘ঈশ্বর যা শুচিশুদ্ধ করেছেন, তুমি তাকে অশুদ্ধ বোলো না।’ 10 এরকম তিনবার হল। তারপর সেটাকে আবার আকাশে তুলে নেওয়া হল।
11 “ঠিক সেই সময়ে, যে তিনজন লোককে কৈসরিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছিল, তারা সেই বাড়ির কাছে এসে দাঁড়াল, যেখানে আমি ছিলাম। 12 পবিত্র আত্মা আমাকে বললেন, তাদের সঙ্গে যেতে আমি যেন কোনো দ্বিধাবোধ না করি। এই ছ-জন ভাইও আমার সঙ্গে গিয়েছিলেন এবং আমরা সেই ব্যক্তির বাড়িতে প্রবেশ করলাম। 13 তিনি আমাদের বললেন, কীভাবে তিনি এক স্বর্গদূতের দর্শন পেয়েছেন, যিনি তাঁর বাড়িতে আবির্ভূত হয়ে বলেছিলেন, ‘পিতর নামে পরিচিত শিমোনকে আনার জন্য জোপ্পাতে লোক পাঠাও। 14 সে তোমাদের কাছে এক বার্তা নিয়ে আসবে, যার মাধ্যমে তুমি ও তোমার সমস্ত পরিজন পরিত্রাণ লাভ করবে।’
15 “আমি কথা বলা শুরু করলে, পবিত্র আত্মা তাঁদের উপরে নেমে এলেন, যেভাবে তিনি শুরুতে আমাদের উপরে নেমে এসেছিলেন। 16 তখন আমার মনে এল, যে কথা প্রভু বলেছিলেন, ‘যোহন জলে বাপ্তিষ্ম দিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।’ 17 সুতরাং, আমরা যখন প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেছিলাম তখন ঈশ্বর যেমন আমাদেরকে বরদান দিয়েছিলেন তেমন যদি তাঁদেরও দিয়ে থাকেন, তাহলে আমি কে যে ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করব?”
18 তাঁরা যখন একথা শুনলেন, তাঁদের আর কোনো আপত্তি রইল না। তাঁরা এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগল, “তাহলে তো ঈশ্বর অইহুদিদেরও জীবন পাওয়ার উদ্দেশ্যে মন পরিবর্তনের সুযোগ দিয়েছেন।”
-
3 অব্রাহামের জন্য সারা যে পুত্রসন্তানের জন্ম দিলেন, অব্রাহাম তার নাম দিলেন ইস্হাক। 4 তাঁর ছেলে ইস্হাকের বয়স যখন আট দিন, তখন ঈশ্বরের আদেশানুসারে অব্রাহাম তার সুন্নত করালেন।
-
40 “ ‘কিন্তু তারা যদি তাদের পাপ ও তাদের পূর্বপুরুষদের পাপস্বীকার করে, এই স্বীকারোক্তিতে যদি আমার বিপক্ষে তাদের বিশ্বাসঘাতকতা ও আমার প্রতি তাদের শত্রুতার উল্লেখ থাকে, 41 যা তাদের প্রতি আমাকে বৈরীভাবাপন্ন করেছিল, যার প্রেরণায় শত্রুদের দেশে তাদের আমি পাঠালাম, এর ফলে যখন তাদের সুন্নত করা হৃদয়গুলি অবনত হয় ও তাদের পাপের কারণে তারা মূল্য দেয়, 42 যাকোবের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি, ইস্হাকের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি ও অব্রাহামের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি আমি স্মরণ করব এবং আমি দেশকে স্মরণ করব।
-
1 যখন জর্ডন নদীর পশ্চিম পারে ইমোরীয়দের সমস্ত রাজা ও উপকূল বরাবর কনানীয়দের সমস্ত রাজা শুনতে পেলেন, জর্ডন নদী অতিক্রম না করা পর্যন্ত, সদাপ্রভু কীভাবে তা ইস্রায়েলীদের সামনে শুকনো করে দিয়েছিলেন, ভয়ে তাদের হৃদয় গলে গেল। ইস্রায়েলীদের সম্মুখীন হওয়ার সাহস আর তাদের রইল না।
2 সেই সময় সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চকমকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করো এবং আরেকবার ইস্রায়েলীদের সুন্নত করাও।” 3 তাই যিহোশূয় চকমকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করলেন এবং গিবিয়োৎ-হারালোতে ইস্রায়েলীদের সুন্নত করালেন।
4 যিহোশূয় এরকম করার কারণ হল এই: যারা মিশর থেকে বের হয়ে এসেছিল—সৈন্যবাহিনীতে যোগদানের উপযোগী বয়ঃপ্রাপ্ত সমস্ত পুরুষ—তারা সবাই মিশর ত্যাগ করে আসার পর পথে মরুপ্রান্তরে মারা গিয়েছিল। 5 যারা বের হয়ে এসেছিল, তাদের সকলের সুন্নত হয়েছিল, কিন্তু যাদের জন্ম মিশর থেকে যাত্রাপথে মরুপ্রান্তরে হয়েছিল, তাদের সুন্নত করা হয়নি। 6 মরুপ্রান্তরে ইস্রায়েলীরা চল্লিশ বছর ইতস্তত ভ্রমণ করল। সেই সময়, সৈন্যবাহিনীতে যোগদান করা সমস্ত পুরুষের—যারা মিশর থেকে বের হয়ে এসেছিল—মৃত্যু হল, যেহেতু তারা সদাপ্রভুর আদেশ পালন করেনি। সদাপ্রভু তাদের কাছে শপথ করে বলেছিলেন যে, যে দুধ ও মধু প্রবাহিত দেশটি তিনি তাদের পূর্বপুরুষদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তারা দেখতেই পাবে না। 7 তাই তিনি তাদের স্থানে তাদের সন্তানদের উৎপন্ন করলেন, এবং যিহোশূয় এদেরই সুন্নত করিয়েছিলেন। তাদের তখনও পর্যন্ত সুন্নত হয়নি, যেহেতু পথিমধ্যে তাদের সুন্নত করানো হয়নি। 8 আর সমগ্র জাতির সুন্নত করানোর পর, যতক্ষণ না তারা সুস্থ হল, তারা সেখানেই শিবিরের মধ্যে অবস্থান করল।
-
8 তারপর তিনি অব্রাহামকে নিয়মের চিহ্নস্বরূপ সুন্নতের সংস্কার দান করলেন। আর অব্রাহাম, তাঁর ছেলে ইস্হাকের জন্ম দিলেন ও আট দিন পরে তাঁর সুন্নত করলেন। পরে ইস্হাক যাকোবের জন্ম দিলেন ও যাকোব সেই বারোজন পিতৃকুলপতির জন্ম দিলেন।
-
12 কিন্তু মোশি সদাপ্রভুকে বললেন, “আমি যেহেতু কম্পমান ঠোঁটে কথা বলি তাই ইস্রায়েলীরাই যখন আমার কথা শুনছে না, ফরৌণ তবে কেন আমার কথা শুনবেন?”
-
4 তারপর সেই ব্যক্তি উত্তর দ্বারের পথে আমাকে মন্দিরের সামনে আনলেন। আমি দেখলাম সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর মন্দির পরিপূর্ণ, আর আমি উবুড় হয়ে পড়লাম।
5 সদাপ্রভু আমাকে বললেন, “হে মানবসন্তান, ভালো করে দেখো, ধ্যান দিয়ে শোনো এবং আমি তোমাকে সদাপ্রভুর মন্দিরের বিষয়ে সমস্ত নিয়মের কথা বলব তার প্রতি মনোযোগ দাও। মন্দিরে ঢোকার এবং উপাসনা স্থান থেকে বাইরে যাবার বিষয়ে মনোযোগ দাও। 6 বিদ্রোহী ইস্রায়েল কুলকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল কুল! তোমাদের ঘৃণ্য কাজ যথেষ্ট হয়েছে। 7 তোমাদের সমস্ত ঘৃণ্য কাজের অতিরিক্ত, তোমরা আমার উপাসনার স্থানে মাংসে ও হৃদয়ে অচ্ছিন্নত্বক বিদেশিদের নিয়ে এসেছ, আমার মন্দিরকে অপবিত্র করেছ, তোমরা আমার উদ্দেশে খাবার, চর্বি ও রক্ত উৎসর্গ করেছ আর আমার নিয়ম ভেঙেছ। 8 আমার পবিত্র জিনিসগুলির প্রতি তোমাদের যে কর্তব্য করবার কথা তা না করে আমার উপাসনার স্থানের দায়িত্ব তোমরা অন্যদের হাতে তুলে দিয়েছ। 9 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, মাংসে ও হৃদয়ে অচ্ছিন্নত্বক কোনও বিদেশি আমার উপাসনার স্থানে ঢুকতে পারবে না, এমনকি, ইস্রায়েলীদের মধ্যে বাস করা বিদেশিরাও পারবে না।
-
27 তাহলে গর্বের স্থান কোথায়? তা বর্জন করা হয়েছে। কোন নীতির দ্বারা? তা কি বিধান পালনের জন্য? না, কিন্তু বিশ্বাসের কারণে। 28 কারণ আমাদের সিদ্ধান্ত এই যে, একজন ব্যক্তি বিধান পালন না করে বিশ্বাসের মাধ্যমে নির্দোষ গণ্য হয়। 29 ঈশ্বর কি কেবলমাত্র ইহুদিদেরই ঈশ্বর? তিনি কি অইহুদিদেরও ঈশ্বর নন? হ্যাঁ, তিনি অইহুদিদেরও ঈশ্বর 30 যেহেতু ঈশ্বর একজনই, যিনি সুন্নত হওয়া লোকদের বিশ্বাসের মাধ্যমে ও সুন্নতবিহীন লোকদের সেই একই বিশ্বাসের মাধ্যমে নির্দোষ গণ্য করবেন। 31 তাহলে আমরা কি এই বিশ্বাসের দ্বারা বিধানকে বাতিল করি? না, আদৌ তা নয়! বরং, আমরা বিধানকে প্রতিষ্ঠা করছি।
-
3 তাঁর বাবা-মা উত্তর দিলেন, “তোমার আত্মীয়দের মধ্যে বা আমাদের সব আত্মীয়স্বজনের মধ্যে কি উপযুক্ত কোনও মেয়ে নেই? স্ত্রী পাওয়ার জন্য তোমাকে কি সেই সুন্নত না করানো ফিলিস্তিনীদের কাছেই যেতে হবে?”
কিন্তু শিম্শোন তাঁর বাবাকে বললেন, “আমার জন্য তাকেই এনে দাও। সেই আমার জন্য উপযুক্ত।”
-
51 “একগুঁয়ে মানুষ তোমরা, অচ্ছিন্নত্বক তোমাদের হৃদয় ও কান! তোমরাও তোমাদের পিতৃপুরুষদের মতো; তোমরা সবসময়ই পবিত্র আত্মাকে প্রতিরোধ করে থাকো! 52 তোমাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেনি, এমন কোনও ভাববাদী কি আছেন? তারা এমনকি, তাঁদেরও হত্যা করেছিল, যাঁরা সেই ধর্মময় পুরুষের আগমনবার্তা ঘোষণা করেছিলেন। আর এখন তোমরাও বিশ্বাসঘাতকতা করে তাঁকে হত্যা করেছ— 53 তোমরা, বিধান গ্রহণ করেছিলে, যা স্বর্গদূতদের মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু তা পালন করোনি।”
-
11 পিতর যখন আন্তিয়খে এলেন, আমি মুখের উপর তাঁর প্রতিবাদ করলাম, কারণ স্পষ্টতই তিনি উচিত কাজ করেননি। 12 যাকোবের কাছ থেকে কিছু লোক আসার আগে তিনি অইহুদিদের সঙ্গে আহার করতেন; কিন্তু তারা উপস্থিত হলে তিনি পিছিয়ে গেলেন ও অইহুদিদের কাছ থেকে নিজেকে পৃথক করতে লাগলেন, কারণ যারা সুন্নতপ্রাপ্ত ছিল, তিনি তাদের ভয় পেতেন। 13 অন্য সব ইহুদিরাও তাঁর এই ভণ্ডামিতে যোগ দিল, এমনকি, তাঁদের ভণ্ড আচরণে বার্ণবাও ভুল পথে পা বাড়িয়েছিলেন।
14 আমি যখন দেখলাম, তাঁরা সুসমাচারের সত্য অনুযায়ী কাজ করছেন না, আমি তাঁদের সকলের সামনে পিতরকে বললাম, “তুমি একজন ইহুদি, তবুও তুমি ইহুদির মতো নয় বরং একজন অইহুদির মতো জীবনযাপন করছ। তাহলে, এ কী রকম যে, তুমি অইহুদিদের বাধ্য করছ ইহুদি রীতিনীতি পালন করতে?
15 “আমরা, যারা জন্মসূত্রে ইহুদি, কিন্তু ‘অইহুদি পাপী’ নই, 16 আমরা জানি যে, বিধান পালন করে কোনো মানুষ নির্দোষ প্রতিপন্ন হয় না, কিন্তু হয় যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা। তাই আমরাও খ্রীষ্ট যীশুতে আমাদের বিশ্বাস স্থাপন করেছি, যেন আমরা খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে পারি, বিধান পালনের দ্বারা নয়, কারণ বিধান পালনের দ্বারা কেউই নির্দোষ প্রতিপন্ন হবে না।
17 “যদি খ্রীষ্টে নির্দোষ বলে গণ্য হওয়ার প্রচেষ্টায় আমরাও যদি পাপী বলে প্রতিপন্ন হয়ে থাকি, তবে কি ধরে নিতে হবে যে খ্রীষ্ট পাপের সহায়ক? অবশ্যই নয়! 18 যদি আমি যা ধ্বংস করেছি, তাই আবার তৈরি করি, আমি নিজেকে আইনভঙ্গকারী বলেই প্রমাণ করি।
19 “কারণ বিধানের মাধ্যমে বিধানের প্রতি আমি মৃত্যুবরণ করেছি, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। 20 আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন। 21 আমি ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্য করতে পারি না, কারণ যদি বিধান দ্বারা ধার্মিকতা লাভ করা যায়, তাহলে বৃথাই খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন!”
-
43 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “এগুলিই হল নিস্তারপর্বীয় খাদ্যের নিয়মকানুন:
“কোনো বিদেশি লোক এটি খেতে পারবে না। 44 যাকে তোমরা কিনে নেওয়ার পর সুন্নত করিয়েছ, সেরকম এক ক্রীতদাস এটি খেতে পারে, 45 কিন্তু অস্থায়ী এক বাসিন্দা বা এক ঠিকা শ্রমিক এটি খেতে পারবে না।
46 “বাড়ির ভিতরেই এটি খেতে হবে; সেই মাংসের কিছুই বাড়ির বাইরে নিয়ে যেয়ো না। কোনও অস্থি ভেঙো না। 47 ইস্রায়েলীদের সমগ্র জনসমাজকে এটি পালন করতে হবে।
48 “তোমাদের মধ্যে বসবাসকারী কোনো বিদেশি লোক যদি সদাপ্রভুর নিস্তারপর্ব পালন করতে চায়, তবে তাকে পরিবারের সব পুরুষ সদস্যকে সুন্নত করাতে হবে; পরেই সে দেশজাত একজনের মতো এতে অংশগ্রহণ করতে পারবে। সুন্নত না করানো কোনো পুরুষ এটি খেতে পারবে না। 49 যারা দেশজাত ও যেসব বিদেশি তোমাদের মধ্যে বসবাস করছে, তাদের উভয়ের ক্ষেত্রেই একই নিয়মকানুন প্রযোজ্য হবে।”
50 ইস্রায়েলীরা সবাই ঠিক তাই করল, যা করার আদেশ সদাপ্রভু মোশি ও হারোণকে দিয়েছিলেন। 51 আর ঠিক সেদিনই সদাপ্রভু ইস্রায়েলীদের বাহিনী অনুসারে তাদের মিশর থেকে বের করে আনলেন।
-
1 যে মেয়েটিকে লেয়া যাকোবের জন্য জন্ম দিয়েছিলেন, সেই দীণা সেদেশের মহিলাদের সঙ্গে দেখা করার জন্য বাইরে গেল। 2 সেই অঞ্চলের শাসনকর্তা হিব্বীয় হমোরের ছেলে শিখিম যখন তাকে দেখতে পেল, তখন সে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করল। 3 যাকোবের মেয়ে দীণার প্রতি তার মন আকর্ষিত হল; সে সেই যুবতী মেয়েটিকে ভালোবেসে ফেলল ও তার সঙ্গে কোমলভাবে কথা বলল। 4 আর শিখিম তার বাবা হমোরকে বলল, “এই মেয়েটিকে আমার স্ত্রী করে এনে দাও।”
5 যাকোব যখন শুনতে পেলেন যে তাঁর মেয়ে দীণাকে কলুষিত করা হয়েছে, তখন তাঁর ছেলেরা তাঁর গৃহপালিত পশুপাল নিয়ে মাঠেই ছিল; তাই তারা বাড়ি ফিরে না আসা পর্যন্ত তিনি সে বিষয়ে কিছুই করলেন না।
6 পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে গেলেন। 7 এদিকে, যে ঘটনা ঘটেছিল তা শুনে যাকোবের ছেলেরা মাঠ থেকে ফিরে এসেছিল। তারা মর্মাহত ও অগ্নিশর্মা হয়ে উঠল, কারণ যাকোবের মেয়ের সাথে শুয়ে শিখিম ইস্রায়েলে এমন এক নির্লজ্জ কাজ করেছিল—যা করা একদম উচিত হয়নি।
8 কিন্তু হমোর তাঁদের বললেন, “আমার ছেলে শিখিম আপনার মেয়েকে তার মন দিয়ে বসেছে। দয়া করে তাকে স্ত্রীরূপে তার হাতে তুলে দিন। 9 আমাদের সাথে অসবর্ণমতে বিবাহবন্ধনে আবদ্ধ হোন; আপনাদের মেয়েদের আমাদের হাতে তুলে দিন ও আমাদের মেয়েদের আপনারা গ্রহণ করুন। 10 আমাদের মধ্যে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারেন; দেশটি আপনাদের কাছে খোলা পড়ে আছে। এখানে বসবাস করুন, এখানে ব্যবসাবাণিজ্য করুন, এবং এখানে বিষয়সম্পত্তি অর্জন করুন।”
11 তখন শিখিম দীণার বাবাকে ও দাদাদের বলল, “আপনাদের দৃষ্টিতে আমাকে দয়া পেতে দিন, এবং আপনারা যা চান আমি আপনাদের তাই দেব। 12 যে স্ত্রী-পণ ও উপহার আমাকে দিতে হবে, তা যতই বেশি হোক না কেন, আপনাদের ইচ্ছানুসারে তা আপনারাই ঠিক করুন, আর আপনারা আমার কাছে যা চাইবেন, আমি আপনাদের তাই দেব। শুধু যুবতী মেয়েটিকে আমার স্ত্রীরূপে আমায় দিন।”
13 যেহেতু তাদের বোন দীণাকে কলুষিত করা হয়েছিল, তাই যাকোবের ছেলেরা শিখিম ও তার বাবা হমোরের সঙ্গে কথা বলার সময় ছলনা করে উত্তর দিয়েছিল। 14 তারা তাদের বলল, “আমরা এরকম কাজ করতে পারব না; আমরা এমন কোনও পুরুষের হাতে আমাদের বোনকে তুলে দিতে পারব না, যার সুন্নত হয়নি। তা আমাদের পক্ষে মর্যাদাহানিকর হবে। 15 একটিমাত্র শর্তে শুধু আমরা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারি: তোমাদের সব পুরুষমানুষ সুন্নত করিয়ে যদি আমাদের মতো হয়ে যাও, তবেই তা সম্ভব। 16 তখনই আমাদের মেয়েদের আমরা তোমাদের হাতে তুলে দেব ও তোমাদের মেয়েদের আমরা নিজেদের জন্য গ্রহণ করব। আমরা তোমাদের মধ্যেই স্থায়ীভাবে বসবাস করব এবং তোমাদের সঙ্গে মিলেমিশে এক জাতি হয়ে যাব। 17 কিন্তু তোমরা যদি সুন্নত করাতে রাজি না হও, তবে আমরা আমাদের বোনকে নিয়ে চলে যাব।”
18 তাদের প্রস্তাবটি হমোর ও তার ছেলে শিখিমের ভালোই লেগেছিল। 19 সেই যুবকটি, যে তার বাবার পরিবারে সবচেয়ে বেশি সম্মানিত ছিল, সে তাদের কথামতো কাজ করতে একটুও সময় নষ্ট করেনি, কারণ যাকোবের মেয়েকে পেয়ে সে খুশি হয়েছিল। 20 অতএব হমোর ও তার ছেলে শিখিম তাদের নগরের লোকজনের সঙ্গে কথা বলার জন্য তাদের নগরের ফটকে চলে গেল। 21 “এই লোকেরা আমাদের প্রতি বন্ধুভাবাপন্ন,” তারা বলল। “তারা আমাদের দেশেই বসবাস করুক ও এখানেই ব্যবসাবাণিজ্য করুক; এদেশে তাদের জন্য প্রচুর স্থান আছে। আমরা তাদের মেয়েদের বিয়ে করতে পারি ও তারাও আমাদের মেয়েদের বিয়ে করতে পারে। 22 কিন্তু সেই লোকেরা একটিই মাত্র শর্তে আমাদের সঙ্গে এক জাতি হয়ে বসবাস করবে, যে আমাদের সব পুরুষমানুষ সুন্নত করাবে, যেমনটি তারা নিজেরাও করিয়েছে। 23 তাদের গবাদি পশুপাল, তাদের বিষয়সম্পত্তি ও তাদের বাকি সব পশু কি আমাদের হয়ে যাবে না? তাই এসো, আমরা তাদের শর্তে রাজি হয়ে যাই, এবং তারা আমাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করুক।”
24 যেসব লোকজন নগরের ফটকের বাইরে গিয়েছিল, তারা হমোর ও তার ছেলে শিখিমের কথায় রাজি হল, এবং সেই নগরের সব পুরুষমানুষ সুন্নত করাল।
25 তিন দিন পর, যখন তারা সবাই তখনও ব্যথায় কাতরাচ্ছিল, তখন যাকোবের ছেলেদের মধ্যে দুজন—দীণার দাদা শিমিয়োন ও লেবি, তাদের তরোয়াল হাতে তুলে নিয়ে সেই অসন্দিগ্ধ নগরটি আক্রমণ করল, ও প্রত্যেকটি পুরুষমানুষকে হত্যা করল। 26 তারা হমোর ও তার ছেলে শিখিমকেও তরোয়াল দিয়ে হত্যা করল এবং দীণাকে শিখিমের বাড়ি থেকে নিয়ে চলে এল। 27 যাকোবের ছেলেরা মৃতদেহগুলির কাছে গিয়ে সেই নগরে লুটপাট চালাল, যেখানে তাদের বোনকে কলুষিত করা হয়েছিল। 28 তারা তাদের মেষপাল ও পশুপাল ও গাধাগুলি এবং সেই নগরে ও মাঠেঘাটে তাদের আরও যা যা ছিল, সেসবকিছু দখল করে নিল। 29 তারা তাদের ধনসম্পদ ও তাদের সব স্ত্রী ও সন্তানসন্ততিকে তুলে এনে, তাদের বাড়িঘরের সর্বস্ব লুট করল।
-
30 কিন্তু মোশি সদাপ্রভুকে বললেন, “আমি যেহেতু কম্পমান ঠোঁটে কথা বলি, তাই ফরৌণ আমার কথা শুনবেন কেন?”
-
1 জাগো, জাগো, ওহে সিয়োন,
তুমি নিজেকে শক্তি পরিহিত করো!
ওহে পবিত্র নগরী জেরুশালেম,
তোমার সৌন্দর্যের পোশাকগুলি পরে নাও।
ত্বকছেদহীন ও কলুষিত লোকেরা
আর তোমার মধ্যে প্রবেশ করবে না।
-
31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,
“যখন আমি ইস্রায়েলের কুল
ও যিহূদার বংশধরদের সঙ্গে,
একটি নতুন নিয়ম স্থাপন করব।
32 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা
নিয়মের মতো হবে না,
যখন আমি তাদের হাত ধরে
মিশর থেকে বের করে এনেছিলাম,
কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল,
যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,”
সদাপ্রভু এই কথা বলেন।
33 “সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,”
সদাপ্রভু এই কথা বলেন,
“আমি তাদের মনে আমার বিধান দেব
এবং তাদের হৃদয়ে তা লিখে দেব।
আমি তাদের ঈশ্বর হব
আর তারা আমার প্রজা হবে।
34 কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না
বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’
কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত,
তারা সবাই আমার পরিচয় পাবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
“কারণ আমি তাদের পাপ ক্ষমা করব
এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
-
18 “ ‘এদনের কোনও গাছকে তোমার প্রতাপ ও মহত্ত্বের সঙ্গে তুলনা করা যাবে? তবুও তোমাকেও এদনের গাছপালার সঙ্গে পৃথিবীর গভীরে নামিয়ে দেওয়া হবে; যারা তরোয়ালে মারা গেছে, অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে তুমি শুয়ে থাকবে।
“ ‘এ সেই ফরৌণ ও তার সমস্ত লোকেরা, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
-
17 আমরা জেরুশালেমে পৌঁছালে ভাইবোনেরা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। 18 পরদিন পৌল ও আমরা সবাই যাকোবের সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে সব প্রাচীন উপস্থিত ছিলেন। 19 পৌল তাঁদের নমস্কার জানিয়ে, ঈশ্বর তাঁর পরিচর্যার মাধ্যমে অইহুদিদের মধ্যে কী কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিলেন।
20 একথা শুনে তাঁরা ঈশ্বরের প্রশংসা করলেন। তারপর তারা পৌলকে বললেন, “দেখুন ভাই, কত সহস্র ইহুদি বিশ্বাস করেছে, তারা সকলেই শাস্ত্রের বিধান সম্পর্কে অত্যন্ত উদ্যমী। 21 তারা সংবাদ পেয়েছে যে, অইহুদি জাতিদের মধ্যে প্রবাসী সব ইহুদিকে তুমি মোশির পথ ত্যাগ করার শিক্ষা দাও, বলে থাকো, তারা যেন শিশুদের সুন্নত না করে বা আমাদের প্রথা অনুযায়ী না চলে। 22 আমরা কী করব? তারা নিশ্চয়ই তোমার আসার কথা শুনতে পাবে। 23 তাই তুমি আমাদের কথামতো কাজ করো। আমাদের মধ্যে চারজন ব্যক্তি আছে, যারা এক মানত করেছে। 24 তুমি এসব ব্যক্তিকে নিয়ে যাও, তাদের শুদ্ধকরণ-সংস্কারে যোগ দাও ও তাদের মাথা ন্যাড়া করার ব্যয়ভার বহন করো। তখন প্রত্যেকে জানতে পারবে যে, তোমার সম্পর্কিত এই সংবাদের কোনও সত্যতা নেই, বরং তুমিও নিজে বিধানের প্রতি অনুগত জীবনযাপন করছ। 25 কিন্তু অইহুদি বিশ্বাসীদের সম্পর্কে, আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাদের লিখেছি, তারা যেন প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার, রক্ত, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং অবৈধ যৌন-সংসর্গ থেকে নিজেদের দূরে রাখে।”
26 পরের দিন পৌল সেই ব্যক্তিদের তাঁর সঙ্গে নিলেন এবং তাদের সঙ্গে তিনি নিজেও শুচিশুদ্ধ হলেন। তারপর, শুদ্ধকরণ অনুষ্ঠানের সময় কখন শেষ হবে এবং তাদের প্রত্যেকের জন্য কবে নৈবেদ্য উৎসর্গ করা হবে, সেকথা জানানোর জন্য তিনি মন্দিরে প্রবেশ করলেন।
Shows Read in context, Share and Copy.