71 Bible Verses About Humility

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Humility
  1. 6 কিন্তু তিনি আমাদের আরও বেশি অনুগ্রহ-দান করেন। এই কারণেই শাস্ত্র বলে:

    “ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন,

    কিন্তু নতনম্রদের অনুগ্রহ-দান করেন।”

    7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। 8 ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো। 9 তোমরা দুঃখকাতর হও, শোক ও বিলাপ করো। তোমাদের হাসিকে কান্নায় ও আনন্দকে বিষাদে পরিবর্তন করো। 10 তোমরা প্রভুর কাছে নিজেদের নতনম্র করো, তিনিই তোমাদের উন্নীত করবেন।

  2. 5 সেভাবে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশ্যতাস্বীকার করো। তোমাদের মধ্যে প্রত্যেকেই পরস্পরের প্রতি নতনম্র আচরণ করো, কারণ,

    “ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন,

    কিন্তু বিনম্রদের অনুগ্রহ-দান করেন।”

    6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

  3. 3 স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু কোরো না, কিন্তু নম্রতা সহকারে অন্যকে নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো। 4 নিজেদেরই বিষয়ে নয়, কিন্তু তোমরা অন্যদের বিষয়েও চিন্তা করো।

    5 খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল, তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত:

    6 তিনি স্বভাবগতভাবে ঈশ্বর হয়েও

    ঈশ্বরের সমকক্ষ হওয়ার অবস্থান

    আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি,

    7 কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে,

    ক্রীতদাসের রূপ ধারণ করলেন,

    মানব-সদৃশ হয়ে জন্ম নিলেন ও

    8 মানব দেহ ধারণ করে

    নিজেকে অবনত করলেন;

    মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত,

    অনুগত থাকলেন।

    9 সেই কারণে, ঈশ্বর তাঁকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন

    এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাঁকে দান করলেন,

  4. 28 তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন, 29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে।

  5. 11 কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।”

  6. 1 অতএব, প্রভুতে বন্দি আমি তোমাদের কাছে মিনতি করছি, যে আহ্বান তোমরা লাভ করেছ, তার যোগ্য হয়ে জীবনযাপন করো। 2 সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও। 3 শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও।

  7. 12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

  8. 13 “বৃষ্টি না পড়ার জন্য আমি যখন আকাশ রুদ্ধ করে দেব, বা দেশ ধ্বংস করে দেওয়ার জন্য যখন পঙ্গপালদের আদেশ দেব বা আমার প্রজাদের মাঝে এক মহামারি পাঠাব, 14 তখন যদি যারা আমার নামে পরিচিত, আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপপথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনব, ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব।

  9. 18 অহংকার বিনাশের আগে আগে যায়,

    পতনের সামনেই থাকে উদ্ধত মনোভাব।

    19 অহংকারীদের সঙ্গে লুন্ঠিত সামগ্রীর অংশীদার হওয়ার চেয়ে

    নিপীড়িতদের সঙ্গে নম্র মনোভাবাপন্ন হয়ে থাকা ভালো।

  10. 6 আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব

    এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব?

    আমি কি হোমবলির জন্য তাঁর সামনে যাব,

    কয়েকটি এক বছরের বাছুর নিয়ে?

    7 সদাপ্রভু কি হাজার হাজার মেষ,

    কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন?

    আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান,

    আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?

    8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।

    সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?

    শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা

    এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।

  11. 28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  12. 1 সেই সময়ে, শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “স্বর্গরাজ্যে কে শ্রেষ্ঠ?”

    2 তিনি একটি ছোটো শিশুকে তাঁর কাছে ডেকে সবার মাঝে দাঁড় করালেন। 3 তিনি বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা মন পরিবর্তন করে যদি এই ছোটো শিশুদের মতো না হও তবে কোনোমতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। 4 অতএব, যে কেউ এই শিশুর মতো নিজেকে নম্র করে, সেই স্বর্গরাজ্যে সব থেকে মহান।

  13. 33 প্রজ্ঞার নির্দেশ হল সদাপ্রভুকে ভয় করা,

    ও সম্মানের আগে আসে নম্রতা।

  14. 4 নম্রতাই সদাপ্রভুর ভয়;

    এর বেতন হল ধনসম্পদ ও সম্মান ও জীবন।

  15. 10 আবার কেউ তোমাদের ‘আচার্য’ বলে যেন না ডাকে, কারণ তোমাদের আচার্য একজনই তিনি খ্রীষ্ট। 11 তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, সে তোমাদের পরিচারক হবে। 12 কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।

  16. 9 নিজেদের ধার্মিকতার প্রতি যাদের আস্থা ছিল ও অন্যদের যারা হীনদৃষ্টিতে দেখত, যীশু এই রূপক কাহিনিটি তাদের বললেন: 10 “দুই ব্যক্তি প্রার্থনার জন্য মন্দিরে গেল; একজন ফরিশী ও অন্যজন কর আদায়কারী। 11 ফরিশী দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করল, ‘হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কোনো দস্যু, দুর্বৃত্ত, ব্যভিচারী, এমনকি, ওই কর আদায়কারী, বা অন্য লোকের মতো নই। 12 আমি সপ্তাহে দু-দিন উপোস করি এবং যা আয় করি, তার এক-দশমাংশ দান করি।’

    13 “কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি, সে স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত পারল না। সে তার বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো।’

    14 “আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক গণ্য হয়ে ঘরে ফিরে গেল, কিন্তু অন্যজন নয়। কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।”

  17. 15 কারণ যিনি উচ্চ ও উন্নত, যিনি চিরকাল জীবিত থাকেন ও যাঁর নাম পবিত্র,

    তিনি এই কথা বলেন,

    “আমি এক উচ্চ ও পবিত্রস্থানে বাস করি,

    আবার যে ভগ্নচূর্ণ ও নতনম্র আত্মা বিশিষ্ট,

    তার মধ্যেও বাস করি,

    যেন নম্র ব্যক্তিদের আত্মা সঞ্জীবিত করি

    এবং ভগ্নচূর্ণমনা ব্যক্তিদের হৃদয়কেও সঞ্জীবিত করি।

  18. 2 যখন অহংকার আসে, তখন অপমানও আসে,

    কিন্তু নম্রতার সঙ্গে আসে প্রজ্ঞা।

    3 ন্যায়পরায়ণদের সততাই তাদের পথ দেখায়,

    কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের ছলনা দ্বারা ধ্বংস হয়ে যায়।

  19. 12 পতনের আগে অন্তর উদ্ধত হয়,

    কিন্তু সম্মানের আগে আসে নম্রতা।

  20. 3 কারণ যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তার গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি: তোমরা নিজেদের সম্বন্ধে যেমন উপযুক্ত, তার থেকে আরও উচ্চ ধারণা পোষণ কোরো না, কিন্তু ঈশ্বর তোমাকে যে পরিমাণ বিশ্বাস দান করেছেন, সেই অনুযায়ী, সংযমী বিচার দ্বারা নিজের বিষয়ে চিন্তা কোরো।

  21. 23 অহংকার একজন লোককে নিচে নামিয়ে আনে,

    কিন্তু নম্রাত্মা মানুষ সম্মান লাভ করে।

  22. 34 অহংকারী ঠাট্টা-বিদ্রুপকারীদের তিনি বিদ্রুপ করেন

    কিন্তু নম্র ও নিপীড়িতদের প্রতি তিনি অনুগ্রহ দেখান।

  23. 2 মনে করে দেখো তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চল্লিশটি বছর প্রান্তরের মধ্যে দিয়ে কীভাবে সব দিকে তোমাদের চালিয়ে এনেছেন, তোমাদের অহংকার ভেঙে দেওয়ার জন্য এবং পরীক্ষা করে জানার জন্য যে তোমাদের মনে কী আছে, তোমরা তাঁর আদেশ পালন করবে কি না। 3 তিনি তোমাদের নত করেছিলেন, তোমাদের ক্ষিদে দিয়ে এবং পরে তোমাদের মান্না খেতে দিয়েছিলেন, যা তোমরা বা তোমাদের পূর্বপুরুষেরা জানত না, তোমাদের এই শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারাই জীবনধারণ করবে।

  24. 8 সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ;

    তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।

    9 যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন;

    এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।

  25. 1 সদাপ্রভু এই কথা বলেন,

    “স্বর্গ আমার সিংহাসন,

    আর পৃথিবী আমার পা রাখার স্থান।

    আমার জন্য তোমরা কোথায় বাসগৃহ নির্মাণ করবে?

    আমার বিশ্রামস্থানই বা হবে কোথায়?

    2 আমার হস্তই কি এই সমস্ত নির্মাণ করেনি,

    সেকারণেই তো এগুলি অস্তিত্বপ্রাপ্ত হয়েছে?”

    সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

    “এই ধরনের মানুষকে আমি মূল্যবান জ্ঞান করব,

    যে নতনম্র ও চূর্ণ আত্মা বিশিষ্ট,

    যে আমার বাক্যে কম্পিত হয়।

  26. 16 পরস্পরের প্রতি তোমরা সমমনা হও। দাম্ভিক হোয়ো না, কিন্তু সাধারণ মানুষের প্রতি সহযোগিতা করতে ইচ্ছুক হও। নিজেকে বিজ্ঞ বলে মনে করো না।

    17 মন্দের পরিশোধে কারও মন্দ করো না। সকলের দৃষ্টিতে যা ন্যায়সংগত, তা করতে যত্নবান হও।

  27. 27 এইসব কথা শুনে আহাব নিজের পোশাক ছিঁড়ে, চট গায়ে দিয়ে উপবাস করলেন। তিনি চটের বিছানায় শুয়েছিলেন ও নম্রভাবে চলাফেরা করতে শুরু করলেন।

    28 তখন তিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল: 29 “তুমি কি লক্ষ্য করেছ, আহাব কীভাবে নিজেকে আমার সামনে নম্র করেছে? যেহেতু সে নিজেকে নম্র করেছে, আমি তার জীবনকালে এই বিপর্যয়টি আনব না, কিন্তু তার ছেলের জীবনকালে আমি তার কুলে সেটি আনব।”

  28. 4 কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন;

    তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।

  29. 27 যেহেতু তোমার অন্তর সংবেদনশীল ও ঈশ্বর যখন এই স্থানটির ও এখানকার লোকজনের বিরুদ্ধে কথা বললেন, তখন সেকথা শুনে তুমি ঈশ্বরের সামনে নিজেকে নত করলে, এবং যেহেতু তুমি আমার সামনে নিজেকে নত করলে ও তোমার পোশাক ছিঁড়ে ফেলেছিলে ও আমার সামনে কেঁদেছিলে, তাই আমি তোমার কথা শুনেছি, সদাপ্রভু একথাই ঘোষণা করে দিয়েছেন।

  30. 6 সদাপ্রভু মহিমান্বিত হলেও তিনি অবনতদের দিকে দয়ালু দৃষ্টি রাখেন;

    কিন্তু দাম্ভিকদের তিনি দূর থেকে বুঝতে পারেন।

  31. 5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,

    তার বোধশক্তির কোনও সীমা নেই।

    6 সদাপ্রভু নম্রচিত্তদের বাঁচিয়ে রাখেন

    কিন্তু দুষ্টদের ভূমিতে নিক্ষেপ করেন।

  32. 29 যে বধূকে পেয়েছে সেই তো বর। যে বন্ধু বরের সঙ্গে থাকে, সে তার কথা শোনার প্রতীক্ষায় থাকে ও বরের কণ্ঠস্বর শুনে আনন্দে পূর্ণ হয়ে ওঠে। সেই আনন্দই আমার, তা এখন পূর্ণ হয়েছে। 30 তাঁকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে, আর আমাকে ক্ষুদ্র হতে হবে।

  33. 18 যারা ভ্রান্ত নম্রতায় সুখবোধ করে ও স্বর্গদূতদের আরাধনা করে, পুরস্কারের জন্য তারা যেন তোমাদের অযোগ্য প্রতিপন্ন না করতে পারে। এই ধরনের লোক নিজের দর্শনের কথাই সবিস্তারে বর্ণনা করে; তার জাগতিক মন তাকে অনর্থক মানসিক কল্পনায় দাম্ভিক করে তোলে।

  34. 1 লোকদের তুমি মনে করিয়ে দিয়ো, তারা যেন প্রশাসক ও কর্তৃপক্ষের অনুগত ও বাধ্য হয় এবং যে কোনো সৎকর্মের জন্যই প্রস্তুত থাকে। 2 তারা যেন কারও নিন্দা না করে, কিন্তু শান্তিপ্রিয় ও সুবিবেচক হয় এবং সব মানুষের প্রতি যথার্থ নম্রতা প্রদর্শন করে।

  35. 2 তাঁরা প্রশ্ন করলেন, “সদাপ্রভু কি শুধু মোশির মাধ্যমেই কথা বলেছেন? তিনি কি আমাদের মাধ্যমেও কথা বলেননি?” সদাপ্রভু সেই কথা শুনলেন।

    3 (এদিকে মোশি, একজন অত্যন্ত নম্র, ভূপৃষ্ঠ নিবাসী যে কোনো ব্যক্তি অপেক্ষা অধিকতর নম্র ছিলেন।)

  36. 33 পরে তাঁরা কফরনাহূমে এলেন। বাড়ির মধ্যে গিয়ে তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “পথে তোমরা কী নিয়ে তর্কবিতর্ক করছিলে?” 34 তাঁরা চুপ করে রইলেন, কারণ তাঁদের মধ্যে কে শ্রেষ্ঠ, তাঁরা এই নিয়ে পথে তর্কবিতর্ক করছিলেন।

    35 সেখানে বসে, যীশু সেই বারোজনকে ডেকে বললেন, “কেউ যদি প্রথম হতে চায়, তাকে থাকতে হবে সকলের পিছনে, আর তাকে সকলের দাস হতে হবে।”

    36 পরে তিনি একটি শিশুকে তাঁদের মাঝে দাঁড় করালেন। তাকে নিজের কোলে নিয়ে তিনি তাঁদের বললেন, 37 “আমার নামে যে এই শিশুদের একজনকেও গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। আর যে আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকেই গ্রহণ করে।”

  37. 24 আর তাঁদের মধ্যে কে শ্রেষ্ঠ, এ নিয়েও একটি বিতর্ক দেখা দিল। 25 যীশু তাঁদের বললেন, “অন্য অন্য জাতির রাজা তাদের প্রজাদের উপরে প্রভুত্ব করে; আর যারা তাদের উপরে কর্তৃত্ব করে, তারা নিজেদের হিতার্থী বলে অভিহিত করে। 26 কিন্তু তোমরা সেরকম হোয়ো না। বরং, তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, তাকে হতে হবে যে সবচেয়ে ছোটো তার মতো, আর প্রশাসককে হতে হবে সেবকের মতো। 27 কারণ শ্রেষ্ঠ কে? যে খাবার খেতে বসে সে, না, যে পরিবেশন করে, সে? যে খাবার খেতে বসে, সেই নয় কি? কিন্তু আমি তোমাদের মধ্যে সেবকের মতো আছি।

  38. 18 তাঁরা এসে পৌঁছালে তিনি তাঁদের বললেন, “তোমরা জানো, এশিয়া প্রদেশে আমি উপস্থিত হওয়ার পর প্রথম দিন থেকেই তোমাদের মধ্যে থাকাকালীন আমি কীভাবে জীবনযাপন করেছি। 19 আমি অত্যন্ত নম্রতার সঙ্গে ও চোখের জলে প্রভুর সেবা করে গেছি, যদিও ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আমি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। 20 তোমরা জানো যে আমি তোমাদের পক্ষে কল্যাণকর কোনো কিছুই প্রচার করতে ইতস্তত করিনি, বরং প্রকাশ্যে এবং বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি। 21 ইহুদি ও গ্রিক, উভয়েরই কাছে আমি ঘোষণা করেছি যে, মন পরিবর্তনের মাধ্যমে তাদের অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে এবং আমাদের প্রভু যীশুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।

  39. 3 তোমাদের সৌন্দর্য যেন বাহ্যিক সাজসজ্জা, যেমন চুলের বাহার, সোনার অলংকার বা সূক্ষ্ম পোশাক-পরিচ্ছদের উপর নির্ভরশীল না হয়। 4 বরং সেই সৌন্দর্য হবে তোমাদের আন্তরিক সত্তার, শান্ত ও কোমল আত্মার অম্লান শোভায় ভূষিত, যা ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান।

  40. 2 আমি সদাপ্রভুতে গর্ব করব;

    যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।

  41. 3 অতএব মোশি ও হারোণ ফরৌণের কাছে গেলেন এবং তাঁকে বললেন, “হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আর কত কাল তুমি আমার সামনে নিজেকে নত করতে অসম্মত হবে? আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে।

  42. 1 আগামীকালের বিষয়ে গর্ব কোরো না,

    কারণ একদিন কী নিয়ে আসবে তা তুমি জানো না।

    2 অন্য কেউ তোমার প্রশংসা করুক, ও তোমার নিজের মুখ তা না করুক;

    একজন বহিরাগত মানুষই করুক, ও তোমার নিজের ঠোঁট তা না করুক।

  43. 19 পুনরায় নতনম্র লোকেরা সদাপ্রভুর কারণে আনন্দিত হবে;

    নিঃস্ব ব্যক্তিরা ইস্রায়েলের পবিত্রতমজনের কারণে আনন্দ করবে।

  44. 23 সদাপ্রভু এই কথা বলেন:

    “জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের জন্য গর্ব না করুক

    বা শক্তিশালী মানুষ তার শক্তির জন্য গর্ব না করুক

    বা ধনী ব্যক্তি তার ঐশ্বর্যের জন্য গর্ব না করুক।

    24 কিন্তু যে গর্ব করে, সে এই বিষয়ে গর্ব করুক:

    যে সে আমাকে জানে ও বোঝে,

    যে আমিই সদাপ্রভু, যিনি পৃথিবীতে তাঁর করুণা,

    ন্যায়বিচার ও ধার্মিকতা প্রদর্শন করেন,

    কারণ এসব বিষয়ে আমি প্রীত হই,”

    সদাপ্রভু এই কথা বলেন।

  45. 3 সদাপ্রভুকে খোঁজ হে দেশের নম্র জনেরা

    সদাপ্রভুর আজ্ঞা পালনকারীরা।

    ধার্মিকতার অনুসন্ধান করো, নম্রতার অনুসন্ধান করো;

    তবেই সদাপ্রভুর ক্রোধের দিনে

    তোমরা আশ্রয় পাবে।

  46. 43 তোমাদের ক্ষেত্রে সেরকম হবে না। বরং, কেউ যদি তোমাদের মধ্যে মহান হতে চায়, তাকে অবশ্যই তোমাদের দাস হতে হবে। 44 আর যে প্রধান হতে চায়, সে অবশ্যই সকলের ক্রীতদাস হবে। 45 কারণ, এমনকি, মনুষ্যপুত্রও সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তিপণস্বরূপ দিতে এসেছেন।”

  47. 9 কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো যে, তিনি যদিও ধনী ছিলেন, তবুও তোমাদের কারণে তিনি দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দারিদ্র্যের মাধ্যমে ধনী হতে পারো।

  48. 19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

    22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

  49. 21 সেই কারণে, তোমাদের জীবনের সমস্ত নৈতিক কলুষতা ও মন্দতা থেকে মুক্ত হও ও তোমাদের মধ্যে বপন করা সেই বচনকে নতনম্ররূপে গ্রহণ করো, যা তোমাদের পরিত্রাণ সাধন করতে পারে।

  50. 17 তোমরা হয়তো মনে মনে বলতে পারো, “আমার নিজের শক্তিতে, নিজের হাতে কাজ করে আমি এসব ধনসম্পত্তি করেছি।” 18 কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে মনে রেখো, কারণ তিনিই তোমাদের ক্ষমতা দেন এই ধনসম্পত্তি করার, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুযদের কাছে যে নিয়মের কথা শপথ করে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করতে চলেছেন।

  51. 28 তুমি নম্রকে রক্ষা করো,

    কিন্তু অহংকারীদের নত করার জন্য তোমার দৃষ্টি তাদের উপর আছে।

  52. 11 কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে,

    এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।

  53. 27 সে বলল, “হ্যাঁ প্রভু, কিন্তু কুকুরও তো মনিবের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে তা খায়!”

  54. 43 আর আমার প্রতিই বা এত অনুগ্রহের কারণ কী যে, আমার প্রভুর মা আমার কাছে এসেছেন?

  55. 13 তোমরা আমাকে ‘গুরুমহাশয়’ ও ‘প্রভু’ বলে থাকো এবং তা যথার্থই, কারণ আমি সেই। 14 এখন তোমাদের প্রভু ও গুরুমহাশয় হয়েও আমি তোমাদের পা ধুয়ে দিলাম, সুতরাং, তোমাদেরও একে অপরের পা ধুয়ে দেওয়া উচিত। 15 আমি তোমাদের কাছে এক আদর্শ স্থাপন করেছি, যেন আমি তোমাদের প্রতি যা করলাম, তোমরাও তাই করো। 16 আমি তোমাদের সত্যি বলছি, কোনো দাস তার প্রভুর চেয়ে মহান নয়, কিংবা প্রেরিত ব্যক্তি তার প্রেরণকারীর চেয়ে মহান নয়।

  56. 24 তোমরা কি জানো না যে, দৌড়ের প্রতিযোগিতায় সব দৌড়বাজ দৌড়ায়, কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও, যেন পুরস্কার পেতে পারো। 25 যারা ক্রীড়া প্রতিযোগী, তারা সকলেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যায়। তারা এক অস্থায়ী মুকুট পাওয়ার প্রত্যাশায় তা করে, কিন্তু আমরা তা করি এক অক্ষয় মুকুট পাওয়ার প্রত্যাশায়। 26 সেই কারণে, আমি কোনো লক্ষ্যহীন মানুষের মতো ছুটে চলি না; যে বাতাসে মুষ্টিযুদ্ধ করে, আমি তার মতো লড়াই করি না। 27 না, আমি আমার দেহকে প্রহার করে আমার দাসত্বে রাখি, যেন অপর মানুষদের কাছে সুসমাচার প্রচার করার পর, আমি স্বয়ং যেন পুরস্কার লাভের অযোগ্য হয়ে না পড়ি।

  57. 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  58. 27 তখন অব্রাহাম আরেকবার বলে উঠলেন: “যদিও আমি ধুলো ও ভস্ম ছাড়া আর কিছুই নই, তাও যখন আমি প্রভুর সাথে কথা বলার সাহস পেয়েই গিয়েছি,

  59. 18 পরে রাজা দাউদ ভিতরে সদাপ্রভুর সামনে গিয়ে বসেছিলেন, ও বললেন:

    “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কে, আর আমার পরিবারই বা কী, যে তুমি আমাকে এত দূর নিয়ে এসেছ? 19 আর বুঝি এও তোমার দৃষ্টিতে যথেষ্ট বলে বিবেচিত হয়নি, হে সার্বভৌম সদাপ্রভু, যে তুমি তোমার দাসের বংশের ভবিষ্যতের বিষয়েও বলে দিয়েছ—আর হে সার্বভৌম সদাপ্রভু, এই বিধানটি কি নিছক মানুষের জন্য!

  60. 2 তোমার মুখ তাড়াতাড়ি করে কোনো কথা না বলুক,

    ঈশ্বরের কাছে তাড়াতাড়ি করে

    হৃদয় কোনো কথা উচ্চারণ না করুক।

    ঈশ্বর স্বর্গে আছেন

    আর তুমি পৃথিবীতে আছ

    অতএব তোমার কথা যেন অল্প হয়।

  61. 17 মানুষের ঔদ্ধত্যকে নত করা হবে,

    সব মানুষের অহংকার অবনত হবে;

    সেদিন, কেবলমাত্র সদাপ্রভুই উচ্চ হবেন,

  62. 9 হে সিয়োন-কন্যা, খুব আনন্দ করো!

    হে জেরুশালেম-কন্যা, জয়ধ্বনি করো!

    দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন,

    তিনি ধর্মময় ও বিজয়ী,

    নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন,

    গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন।

  63. 14 কিন্তু যোহন তাঁকে বারণ করার চেষ্টা করে বললেন, “আপনার কাছে আমারই বাপ্তিষ্ম নেওয়া প্রয়োজন, আর আপনি কি না আমার কাছে আসছেন?”

  64. 8 সেই শত-সেনাপতি উত্তরে বললেন, “প্রভু, আপনি আমার বাড়িতে আসবেন আমি এমন যোগ্য নই। কেবলমাত্র মুখে বলুন, তাতেই আমার দাস সুস্থ হবে।

  65. 32 সেই নপুংসক শাস্ত্রের এই অংশটি পাঠ করছিলেন:

    “যেমন ঘাতকের কাছে নিয়ে যাওয়া মেষশাবককে,

    ও লোমচ্ছেদকদের কাছে নিয়ে যাওয়া মেষ নীরব থাকে,

    তেমনই তিনি তাঁর মুখ খোলেননি।

    33 তাঁর অবমাননাকালে

    তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হলেন।

    তাঁর বংশধরদের কথা কে বলতে পারে?

    কারণ পৃথিবী থেকে তাঁর জীবন উচ্ছিন্ন হল।”

  66. 9 কারণ, আমি প্রেরিতশিষ্যদের মধ্যে নগণ্যতম, এমনকি, প্রেরিতশিষ্যরূপে অভিহিত হওয়ারও যোগ্যতা আমার নেই, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীকে নির্যাতন করতাম।

  67. 17 তাই, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।” 18 কারণ নিজের প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যার প্রশংসা করেন, সেই অনুমোদিত হয়।

  68. 14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে ক্রুশার্পিত।

  69. 31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। 32 পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।

  70. 3 সেভাবে, বয়স্ক মহিলাদেরও শিক্ষা দাও, যেন তাঁরা সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করেন, যেন পরচর্চায় মত্ত বা মদ্যপানে আসক্ত না হয়ে পড়েন। কিন্তু যা কিছু মঙ্গলজনক, তাঁরা যেন সেই শিক্ষা দেন। 4 তাহলেই তাঁরা তরুণীদের শিক্ষা দিতে পারবেন, যেন তারা তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসতে পারে; 5 যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, ঘরের কাজে ব্যস্ত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।

    6 একইভাবে, আত্মসংযমী হওয়ার জন্য তরুণদের অনুপ্রাণিত করো। 7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, 8 আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

    9 ক্রীতদাসদের শেখাও, তারা যেন সব বিষয়ে তাদের মনিবদের অনুগত হয়, তাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, তাদের কথার প্রতিবাদ না করে; 10 তাদের কিছু চুরি না করে, বরং তারা যেন নিজেদের সম্পূর্ণ বিশ্বস্ত দেখায়; আমাদের পরিত্রাতা ঈশ্বর সম্বন্ধীয় শিক্ষাকে তারা যেন সর্বতোভাবে আকর্ষণীয় করে তোলে।

    11 কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। 12 এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়,

  71. 9 যে ভাইবোনেরা খুব সাধারণ পরিস্থিতিতে আছে, সে তার উঁচু অবস্থানের জন্য গর্ববোধ করুক। 10 কিন্তু যে ধনী, সে তার থেকে নিচু অবস্থানের জন্য গর্বিত হোক, কারণ সে বুনোফুলের মতো হারিয়ে যাবে।