68 Bible Verses About Redemption

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Redemption
  1. 13 অতএব, কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো, আত্মসংযমী হও; যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে, তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো। 14 বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত আগে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না। 15 কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনই সমস্ত আচার-আচরণে পবিত্র হও। 16 কারণ লেখা আছে, “তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র।”

    17 যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো। 18 কারণ তোমরা জানো যে, তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলীক আচার-ব্যবহার থেকে, রুপো বা সোনার মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি, 19 কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, অর্থাৎ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ। 20 জগৎ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষ সময়ে তিনি প্রকাশিত হয়েছেন। 21 তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।

  2. 3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। 4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। 5 প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন— 6 এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন। 7 তাঁর দ্বারাই আমরা তাঁর রক্তে মুক্তি, অর্থাৎ সব পাপের ক্ষমা পেয়েছি। এসব ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্যর কারণে হয়েছে, 8 যা তিনি সমস্ত প্রজ্ঞা ও বোধশক্তির সঙ্গে আমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিয়েছেন। 9 তিনি তাঁর সেই হিতসংকল্প অনুযায়ী সেই গুপ্তরহস্য আমাদের জানতে দিয়েছেন, যা তিনি খ্রীষ্টে পূর্বসংকল্প করেছিলেন, 10 যা কালের পূর্ণতার সঙ্গে সঙ্গে রূপায়িত করার সংকল্প করেছিলেন, যেন স্বর্গে ও পৃথিবীতে সবকিছুই, এক মস্তক, অর্থাৎ খ্রীষ্টের অধীনে একত্র করেন।

  3. 21 কিন্তু এখন, বিধান ছাড়াই ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে, যে বিষয়ে সেই বিধান ও ভাববাদীরা সাক্ষ্য দিয়েছেন। 22 এই ধার্মিকতা, যারা বিশ্বাস করে, তাদের প্রতি যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে কোনও পার্থক্য-বিভেদ নেই, 23 কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে। 24 তারা বিনামূল্যে, তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা নির্দোষ গণ্য হয়। 25 তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বর তাঁকেই প্রায়শ্চিত্ত-বলিরূপে উপস্থাপিত করেছেন। তিনি তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য এরকম করেছেন, কারণ তাঁর সহনশীলতার গুণে তিনি অতীতে করা সকল পাপের শাস্তি দেননি। 26 বর্তমান যুগে তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য তিনি এরকম করেছিলেন, যেন তিনি ন্যায়পরায়ণ থাকেন এবং যারা যীশুতে বিশ্বাস করে, তাদের নির্দোষ গণ্য করেন।

    27 তাহলে গর্বের স্থান কোথায়? তা বর্জন করা হয়েছে। কোন নীতির দ্বারা? তা কি বিধান পালনের জন্য? না, কিন্তু বিশ্বাসের কারণে। 28 কারণ আমাদের সিদ্ধান্ত এই যে, একজন ব্যক্তি বিধান পালন না করে বিশ্বাসের মাধ্যমে নির্দোষ গণ্য হয়।

  4. 15 তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথমজাত। 16 কারণ তাঁর দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। 17 সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তাঁরই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ। 18 তিনি দেহের, অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনিই সূচনা, তিনিই মৃতগণের মধ্য থেকে উত্থিত প্রথমজাত, যেন সমস্ত কিছুর উপরে তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। 19 কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে, তাঁর সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে এবং 20 ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।

    21 এক সময় তোমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলে এবং তোমাদের মন্দ আচরণের জন্য অন্তরে ঈশ্বরের শত্রু হয়েছিলে; 22 কিন্তু ঈশ্বর এখন খ্রীষ্টের মানবদেহে মৃত্যুবরণের দ্বারা তোমাদের সম্মিলিত করেছেন, যেন তাঁর সাক্ষাতে তোমাদের পবিত্র, নিষ্কলঙ্ক ও অনিন্দনীয়রূপে উপস্থিত করেন,

  5. 11 কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। 12 এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়, 13 যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে, আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমাময় প্রকাশের প্রতীক্ষায় আছি, 14 যিনি আমাদের জন্য নিজেকে দান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে, যারা তাঁর একান্তই আপন, তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সৎকর্মে আগ্রহী হয়।

  6. 11 এখন, খ্রীষ্ট যখন আগত উৎকৃষ্ট বিষয়গুলির জন্য মহাযাজকরূপে এলেন, তিনি আরও বেশি মহৎ ও নিখুঁত সমাগম তাঁবুর মধ্য দিয়ে প্রবেশ করলেন, যা মানবসৃষ্ট নয়; এমনকি, যা এই সৃষ্টিরই অঙ্গ নয়। 12 তিনি ছাগল ও বাছুরের রক্ত নিয়ে প্রবেশ করেননি; সেই মহাপবিত্র স্থানে তিনি নিজের রক্ত নিয়ে চিরকালের মতো একবারই প্রবেশ করেছেন এবং আমাদের জন্য অনন্তকালীন মুক্তি অর্জন করেছেন। 13 যারা সংস্কারগতভাবে অশুচি, বাহ্যিকভাবে শুচিশুদ্ধ করার জন্য তাদের উপরে ছাগল ও ষাঁড়ের রক্ত এবং দগ্ধ বকনা-বাছুরের ভস্ম ছিটিয়ে দেওয়া হত। 14 তাহলে আমরা যেন জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি, এই উদ্দেশ্যে যিনি চিরন্তন আত্মার মাধ্যমে নিষ্কলঙ্ক বলিরূপে নিজেকেই ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টের রক্ত আমাদের বিবেককে মৃত্যুমুখী ক্রিয়াকলাপ থেকে আরও কত না নিশ্চিতরূপে শুচিশুদ্ধ করবে!

    15 এই কারণে খ্রীষ্ট এক নতুন নিয়মের মধ্যস্থতাকারী, যেন আহূতজনেরা চিরন্তন উত্তরাধিকার লাভ করতে পারে। এখন তা সম্ভব, কারণ প্রথম নিয়মের সময়ে তারা যেসব পাপ করেছিল, তা থেকে তাদের উদ্ধার করতে তিনি মুক্তিপণরূপে মৃত্যুবরণ করেছেন।

  7. 1 যা আমি বলতে চাইছি, তা হল, উত্তরাধিকারী যতদিন শিশু থাকে, সে সমস্ত সম্পত্তির অধিকারী হলেও, ক্রীতদাসের সঙ্গে তার কোনও পার্থক্য থাকে না। 2 তার বাবা যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সেই সময় পর্যন্ত সে অভিভাবক ও প্রতিপালকদের তত্ত্বাবধানে থাকে। 3 একইভাবে, আমরা যখন শিশু ছিলাম, আমরা জগতের বিভিন্ন রীতিনীতির অধীনে ক্রীতদাস ছিলাম। 4 কিন্তু সময় যখন সম্পূর্ণ হল, ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন; তিনি এক নারী থেকে জন্ম নিলেন, বিধানের অধীনে জন্মগ্রহণ করলেন, 5 যেন যারা বিধানের অধীন তাদের মুক্তিপণ দিয়ে মুক্ত করেন এবং আমরা পুত্র হওয়ার পূর্ণ অধিকার লাভ করি। 6 যেহেতু আমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যে আত্মা “আব্বা, পিতা” বলে ডেকে ওঠেন। 7 তাই তোমরা আর ক্রীতদাস নও, কিন্তু পুত্র; আর যেহেতু তোমরা পুত্র, ঈশ্বর তোমাদের উত্তরাধিকারীও করেছেন।

  8. 13 খ্রীষ্টই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য অভিশাপস্বরূপ হলেন, কারণ এরকম লেখা আছে, “যে ব্যক্তিকে গাছে টাঙানো হয়, সে অভিশাপগ্রস্ত।” 14 তিনি আমাদের মুক্ত করলেন, যেন যে আশীর্বাদ অব্রাহামকে দেওয়া হয়েছিল, তা খ্রীষ্ট যীশুর মাধ্যমে অইহুদিদের কাছে পৌঁছায়, যেন বিশ্বাসের দ্বারা আমরা পবিত্র আত্মার প্রতিশ্রুতি লাভ করি।

  9. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি।

  10. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

    4 তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র,

    আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি,

    আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব,

    তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।

  11. 8 এবং তিনি সেই পুঁথিটি নেওয়া মাত্র সেই চার জীবন্ত প্রাণী ও চব্বিশজন প্রাচীনবর্গ মেষশাবকের সামনে নত হয়ে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল একটি করে বীণা ও তাদের হাতে ছিল সুগন্ধি ধূপে পরিপূর্ণ একটি সোনার পাত্র। এই ধূপ হল পবিত্রগণের প্রার্থনা। 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:

    “তুমি ওই পুঁথি গ্রহণ করার ও

    তার সিলমোহর খোলার যোগ্য,

    কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,

    আর তোমার রক্ত দ্বারা তুমি

    ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।

    10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,

    আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”

    11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,

    “মেষশাবক, যিনি হত হয়েছিলেন,

    তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,

    গ্রহণ করার যোগ্য!”

    13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:

    “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর

    ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,

    মহিমা ও পরাক্রম,

    চিরকাল যুগে যুগে হোক!”

    14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।

  12. 24 সারা দেশে তোমরা যে ভূমির অধিকারী হয়েছ, তা মুক্ত করতে তোমরা অবশ্যই সুযোগ দিয়ো।

    25 “ ‘যদি তোমার স্বদেশবাসীর মধ্যে কেউ দরিদ্র হয় এবং সে তার কিছু জমি বিক্রি করে, তাহলে তার নিকটতম আত্মীয় আসবে ও স্বদেশবাসীর বিক্রীত ভূমি মুক্ত করবে। 26 অন্যদিকে, যদি এমন কেউ থাকে, যার ভূমির মুক্তিকর্তা কেউ নেই, কিন্তু সে নিজে সমৃদ্ধিশালী হয় এবং ভূমি মুক্ত করতে তার যথেষ্ট সঙ্গতি থাকে, 27 তাহলে বিক্রি করার সময় থেকে পরবর্তী বছরগুলির জন্য সে মূল্য নির্ধারণ করবে ও বিক্রীত মূল্য ক্রেতাকে ফেরত দেবে; পরে সে নিজের অধিকারে ফিরে যাবে। 28 কিন্তু ক্রেতার পাওনা মেটাতে যদি তার সামর্থ্য না থাকে, তাহলে অর্ধশতবার্ষিক পর্যন্ত বিক্রীত সম্পদ ক্রেতার কাছে থাকবে। অর্ধশতবার্ষিকীর সময় তা ফিরিয়ে দেওয়া হবে এবং সে নিজের অধিকারে ফিরে যাবে।

  13. 25 আমি জানি যে আমার মুক্তিদাতা জীবিত আছেন,

    ও শেষে তিনি পৃথিবীতে উঠে দাঁড়াবেন।

    26 আর আমার ত্বক নষ্ট হয়ে যাওয়ার পরেও,

    আমার এই মরদেহেই আমি ঈশ্বরের দর্শন পাব;

    27 আমি স্বয়ং তাঁকে দেখব

    স্বচক্ষে দেখব—আমিই দেখব, আর কেউ নয়।

    মনে মনে আমার হৃদয় কত আকুলভাবে কামনা করছে!

  14. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন। 18 যে ব্যক্তি তাঁকে বিশ্বাস করে না, তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি।

  15. 7 কেউ অপরের জীবন মুক্ত করতে পারে না

    অথবা তাদের জন্য ঈশ্বরকে মুক্তিপণ দিতে পারে না।

    8 জীবনের মুক্তিপণ বহুমূল্য;

    চিরকাল বেঁচে থাকার জন্য

    9 এবং মৃত্যু না দেখার জন্য

    কেউ যথেষ্ট পারিশ্রমিক দিতে পারে না।

  16. 30 ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখার্ত কোরো না, তাঁরই দ্বারা তোমরা মুক্তিদিনের জন্য মোহরাঙ্কিত হয়েছ। 31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো।

  17. 6 “সুতরাং, ইস্রায়েলীদের বলো: ‘আমি সদাপ্রভু, এবং মিশরীয়দের জোয়ালের তলা থেকে আমি তোমাদের বের করে আনব। তাদের ক্রীতদাস হয়ে থাকার হাত থেকে আমি তোমাদের স্বাধীন করব, এবং এক প্রসারিত হাত ও মহৎ দণ্ডাদেশ সহ আমি তোমাদের মুক্ত করব। 7 আমার নিজস্ব প্রজারূপে আমি তোমাদের গ্রহণ করব, এবং আমি তোমাদের ঈশ্বর হব। তখন তোমরা জানবে যে আমিই তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশরীয়দের জোয়ালের তলা থেকে তোমাদের বের করে এনেছেন। 8 আর উদ্যত হাত দিয়ে আমি তোমাদের সেই দেশে নিয়ে আসব, যেটি দেওয়ার প্রতিজ্ঞা আমি অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের কাছে করেছিলাম। এক অধিকাররূপে আমি সেটি তোমাদের দেব। আমিই সদাপ্রভু।’ ”

  18. 44 সদাপ্রভু মোশিকে একথাও বললেন, 45 “ইস্রায়েলী সমস্ত প্রথমজাত সন্তানের পরিবর্তে লেবীয়দের ও তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের পশুসকল গ্রহণ করো। লেবীয়রা আমারই হবে। আমিই সদাপ্রভু। 46 লেবীয়দের সংখ্যা থেকে অতিরিক্ত 273 জন ইস্রায়েলী প্রথমজাত সন্তানের মুক্তির উদ্দেশে, 47 প্রত্যেক ব্যক্তির বিনিময়ে, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, পাঁচ শেকল করে আদায় করো, যার ওজন কুড়ি গেরা। 48 ইস্রায়েলীদের মুক্তি বাবদ প্রাপ্ত এই অতিরিক্ত অর্থ হারোণ ও তাঁর ছেলেদের দিয়ে দাও।”

    49 তাই মোশি, লেবীয়দের দ্বারা মুক্ত ইস্রায়েলীদের থেকে যারা সংখ্যায় অতিরিক্ত ছিল, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করলেন। 50 ইস্রায়েলী প্রথমজাত সন্তানের কাছ থেকে তিনি, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, 1,365 শেকল রুপো আদায় করলেন। 51 মোশি সেই মুক্তিপণ, হারোণ ও তার ছেলেদের দিয়ে দিলেন, যে রকম তিনি সদাপ্রভুর বাণীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়েছিলেন।

  19. 21 “ওহে যাকোব, এসব কথা স্মরণে রেখো,

    কারণ ওহে ইস্রায়েল, তুমি আমার দাস।

    আমি তোমাকে গঠন করেছি, তুমি আমার দাস;

    ওহে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।

    22 আমি তোমার সব অপরাধ মেঘের মতো সরিয়ে ফেলেছি,

    তোমার সব পাপ সকালের কুয়াশার মতো দূর করেছি।

    তুমি আমার কাছে ফিরে এসো,

    কারণ আমি তোমাকে মুক্ত করেছি।”

    23 আকাশমণ্ডল, আনন্দে গান গাও, কারণ সদাপ্রভু এ কাজ করেছেন;

    পৃথিবীর গভীরতম স্থান সকল, তোমরাও জয়ধ্বনি করো।

    যত পাহাড়-পর্বত, সমস্ত অরণ্য ও সেগুলির মধ্যে স্থিত সব গাছপালা,

    তোমরা আনন্দ সংগীতে ফেটে পড়ো,

    কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন,

    তিনি ইস্রায়েলে তাঁর গৌরব প্রকাশ করেন।

  20. 25 যীশু তাদের সকলকে কাছে ডেকে বললেন, “তোমরা জানো, পরজাতীয়দের শাসকেরা তাদের উপরে প্রভুত্ব করে, আবার তাদের উচ্চপদাধিকারীরাও তাদের উপরে কর্তৃত্ব করে। 26 তোমাদের ক্ষেত্রে সেরকম হবে না। বরং, কেউ যদি তোমাদের মধ্যে মহান হতে চায়, তাকে অবশ্যই তোমাদের দাস হতে হবে। 27 আর কেউ যদি প্রধান হতে চায়, তাকে অবশ্যই তোমাদের ক্রীতদাস হতে হবে। 28 যেমন মনুষ্যপুত্রও সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তিপণস্বরূপ দিতে এসেছেন।”

  21. 28 তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকো ও পবিত্র আত্মা যে মেষদের উপরে তোমাদের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করেছেন, তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখো। ঈশ্বরের যে মণ্ডলীকে তিনি তাঁর রক্তের দ্বারা কিনেছেন, তার প্রতিপালন করো।

  22. 1 পরে হান্না প্রার্থনা করে বললেন:

    “মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রয়;

    মম শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়।

    মম মুখ শত্রুদের পরে গর্বিত হয়,

    তব উদ্ধারে আমি আনন্দিত হই।

  23. 11 “সদাপ্রভু তোমাকে কনানীয়দের দেশে নিয়ে আসার পর ও সেটি তোমাকে দেওয়ার পর, যেভাবে তিনি তোমার কাছে ও তোমার পূর্বপুরুষদের কাছে শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, 12 তোমার প্রত্যেকটি গর্ভের প্রথম সন্তান সদাপ্রভুর হাতে তুলে দিতে হবে। তোমার গৃহপালিত পশুপালের সব প্রথমজাত মদ্দা সদাপ্রভুর। 13 প্রত্যেকটি প্রথমজাত গাধাকে এক-একটি মেষশাবক দিয়ে মুক্ত কোরো, কিন্তু যদি সেটি মুক্ত না করো, তবে সেটির ঘাড় ভেঙে দিয়ো। তোমার ছেলেদের মধ্যে প্রত্যেক প্রথমজাতকে মুক্ত কোরো।

    14 “ভবিষ্যতে, তোমার সন্তানেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘এর অর্থ কী?’ তখন তুমি তাকে বোলো, ‘শক্তিশালী হাত দিয়ে সদাপ্রভু আমাদের মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন। 15 ফরৌণ যখন একগুঁয়েমি দেখিয়ে আমাদের যেতে দিতে অস্বীকার করলেন, সদাপ্রভু তখন মিশরে মানুষ ও পশু, উভয়ের প্রথমজাতদের হত্যা করলেন। এজন্যই আমি সদাপ্রভুর উদ্দেশে প্রত্যেকটি গর্ভের প্রথম পুং-সন্তানকে বলিরূপে উৎসর্গ করছি এবং আমার প্রথমজাত ছেলেদের মধ্যে এক একজনকে মুক্ত করছি।’ 16 আর এটি তোমার হাতে এই এক চিহ্নের ও তোমার কপালে এই এক প্রতীকের মতো হবে যে সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত দিয়ে আমাদের মিশর থেকে বের করে এনেছেন।”

  24. 5 কারণ ঈশ্বর যেমন এক তেমন ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী আছেন, তিনি মানুষ খ্রীষ্ট যীশু। 6 তিনি সব মানুষের জন্য নিজেকে মুক্তিপণরূপে প্রদান করেছেন—এই সাক্ষ্য যথাসময়ে দেওয়া হয়েছে। 7 এই উদ্দেশ্যেই আমি বার্তাবাহক ও প্রেরিতশিষ্য এবং অইহুদিদের কাছে প্রকৃত বিশ্বাসের শিক্ষক নিযুক্ত হয়েছি—আমি সত্যিই বলছি, মিথ্যা নয়।

  25. 6 তাহলে বলা যায়, আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। 7 কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে; 8 কিন্তু ঈশ্বর এভাবে তাঁর প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন: আমরা যখন পাপী ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন।

    9 এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব! 10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব! 11 কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।

  26. 7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো,

    কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে,

    এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।

    8 তিনি নিজেই ইস্রায়েলকে

    সব পাপ থেকে মুক্ত করবেন।

  27. 45 কারণ, এমনকি, মনুষ্যপুত্রও সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তিপণস্বরূপ দিতে এসেছেন।”

  28. 25 “আর সূর্য, চাঁদ ও তারার মধ্যে বিভিন্ন অদ্ভুত চিহ্ন দেখা যাবে। উত্তাল সমুদ্রের গর্জনে ও অদ্ভুত ঢেউয়ের সামনে পৃথিবীর সমস্ত জাতি যন্ত্রণাগ্রস্ত ও হতবুদ্ধি হয়ে পড়বে। 26 পৃথিবীতে যা কিছু ঘটবে, সেই কথা ভেবে মানুষ আতঙ্কে মৃতপ্রায় হয়ে পড়বে, কারণ জ্যোতিষ্কমণ্ডল তখন প্রকম্পিত হবে। 27 সেই সময়ে তারা দেখতে পাবে, মনুষ্যপুত্র পরাক্রমে ও মহামহিমায় মেঘে করে আবির্ভূত হবেন। 28 এই সমস্ত ঘটনা যখন ঘটতে শুরু হবে, তখন তোমরা ঊর্ধ্বদৃষ্টি কোরো ও মাথা উঁচু কোরো, কারণ তোমাদের মুক্তি সন্নিকট।”

  29. 68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক,

    কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।

    69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য

    এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,

    70 (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন),

    71 যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই,

    যারা আমাদের ঘৃণা করে,

    তাদের হাত থেকে রক্ষা পাই,

    72 আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন

    এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য,

    73 আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন:

    74 তিনি আমাদের সব শত্রুর হাত থেকে

    আমাদের নিস্তার করবেন,

    যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন,

    75 যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই।

  30. 22 কারণ প্রভুর আহ্বান লাভের সময় যে ব্যক্তি ছিল দাস, সে প্রভুতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। একইভাবে, আহ্বান লাভের সময় যে ব্যক্তি স্বাধীন ছিল, সে খ্রীষ্টের ক্রীতদাস। 23 মূল্যের বিনিময়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে, তোমরা মানুষদের ক্রীতদাস হোয়ো না।

  31. 3 আর তাঁরা সেই সিংহাসনের সামনে এবং চারজন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া আর কেউই সেই গান শিখতে পারল না। 4 এঁরা তাঁরাই, যাঁরা নারী-সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তাঁরা নিজেদের শুচিশুদ্ধ রেখেছিলেন। মেষশাবক যেখানেই যান, তাঁরা তাঁকে অনুসরণ করেন। তাঁদের মানুষদের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছিল এবং ঈশ্বর ও সেই মেষশাবকের উদ্দেশে প্রথম ফসলরূপে তাঁদের নিবেদন করা হয়েছিল।

  32. পঞ্চম খণ্ড

    1 সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    2 যারা সদাপ্রভু দ্বারা মুক্ত হয়েছে তারা একথা বলুক—

    যাদের তিনি শত্রুদের হাত থেকে মুক্ত করেছেন,

    3 পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে,

    যাদের তিনি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করেছেন।

  33. 9 তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন;

    তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন,

    তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।

  34. 2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,

    এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—

    3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন

    আর তোমার সব রোগ ভালো করেন,

    4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন

    আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,

    5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন

    যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।

  35. 15 তাহলে কী বলা যায়? বিধানের অধীন নই, কিন্তু অনুগ্রহের অধীন বলে আমরা কি পাপ করেই যাব? কোনোভাবেই নয়! 16 তোমরা কি জানো না যে, ক্রীতদাসের মতো আদেশ পালনের জন্য যখন তোমরা কারও কাছে নিজেদের সমর্পণ করো, যার আদেশ তোমরা পালন করো, তোমরা তারই ক্রীতদাস হও—হয় তোমরা পাপের ক্রীতদাস, যা মৃত্যুর অভিমুখে নিয়ে যায়, অথবা বাধ্যতার দাস, যা ধার্মিকতার পথে চালিত করে? 17 কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, তোমরা যদিও পাপের ক্রীতদাস ছিলে, শিক্ষার যে আদর্শ তোমাদের কাছে রাখা হয়েছিল, তা তোমরা সমস্ত অন্তর দিয়ে পালন করেছ। 18 তোমাদের পাপ থেকে মুক্ত করা হয়েছে এবং তোমরা ধার্মিকতার ক্রীতদাস হয়েছ।

  36. 5 তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি;

    আমাকে উদ্ধার করো, হে সদাপ্রভু, আমার বিশ্বস্ত ঈশ্বর।

  37. 15 কিন্তু ঈশ্বর আমাকে পাতালের গর্ভ থেকে মুক্ত করবেন;

    আমাকে তিনি নিশ্চয় তাঁর কাছে নিয়ে যাবেন।

  38. 57 আমি তোমাকে ডাকলে তুমি নিকটে এলে,

    আর তুমি বললে, “ভয় কোরো না।”

    58 হে সদাপ্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ;

    তুমি আমার জীবন মুক্ত করেছ।

  39. 3 আমরাও সকলে এক সময় তাদেরই মধ্যে জীবনযাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো, স্বভাবগতভাবে আমরা ছিলাম (ঈশ্বরের) ক্রোধের পাত্র। 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ। 6 ঈশ্বর খ্রীষ্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করে তাঁরই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, 7 যেন খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন। 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।

  40. 3 তখন বোয়স সেই মুক্তিকর্তা জ্ঞাতিকে বললেন, “যে নয়মী মোয়াব দেশ থেকে ফিরে এসেছে, সে তার স্বামী ইলীমেলকের জমিটি বিক্রি করতে চায়। 4 আমি ভাবলাম যে এই বিষয়টি তোমার নজরে আমার আনা উচিত এবং এখানে যাঁরা বসে আছেন ও আমার স্বজাতীয় প্রাচীনদের সামনে আমি এই জমিটি মুক্ত করার প্রস্তাব রাখছি। যদি তুমি সেই জমিটি মুক্ত করতে চাও, মুক্ত করতে পারো। কিন্তু যদি না করতে চাও, আমাকে বলো, যেন আমি তা জানতে পারি। কারণ সেই জমিটি মুক্ত করার প্রথম অধিকার তোমার ছাড়া আর কারোর নেই এবং তারপর সেই অধিকার আছে আমার।”

    সেই মুক্তিকর্তা জ্ঞাতি বললেন, “আমি এটি মুক্ত করব।”

    5 তারপর বোয়স বললেন, “যেদিন তুমি নয়মী ও রূতের কাছ থেকে সেই জমি কিনবে, সেদিন তাদের মরা লোকের সম্পত্তির সঙ্গে মরা লোকটির নাম উদ্ধার করার জন্য তার বিধবা মোয়াবীয় মহিলা রূতকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে হবে।”

    6 তখন সেই মুক্তিকর্তা জ্ঞাতি বললেন, “আমি মুক্ত করতে পারব না, কারণ পরে এমন হলে আমি আমার নিজের সম্পত্তিও হারাব। তুমি নিজেই এই সম্পত্তি মুক্ত করো। আমি করতে পারব না।”

  41. 14 “পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব;

    মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব।

    ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়?

    ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়?

    “সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।

  42. 38 তিনি সেই মুহূর্তে তাদের কাছে এগিয়ে এসে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আর যারা জেরুশালেমের মুক্তির অপেক্ষায় ছিল, তাদের সকলের কাছে শিশুটির বিষয়ে বলতে লাগলেন।

  43. 9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।

  44. 19 “প্রত্যেকটি গর্ভের প্রথম সন্তানটি আমার, এবং তোমার গৃহপালিত পশুপালের প্রথমজাত সব মদ্দাও আমার, তা সে গোপাল বা মেষপাল, যাই হোক না কেন। 20 প্রথমজাত গাধাকে এক মেষশাবক দিয়ে মুক্ত কোরো, কিন্তু যদি তা মুক্ত না করো, তবে সেটির ঘাড় ভেঙে দিয়ো। তোমার সব প্রথমজাত ছেলেকে মুক্ত কোরো।

    “কেউ যেন খালি হাতে আমার সামনে উপস্থিত না হয়।

  45. 23 তোমার প্রজা ইস্রায়েলের মতো আর কে আছে—পৃথিবীতে বিরাজমান একমাত্র জাতি, যাদের তাঁর নিজস্ব প্রজা করার জন্য ঈশ্বর স্বয়ং তাদের মুক্ত করতে গেলেন, ও নিজের জন্য এক নাম প্রতিষ্ঠিত করার জন্য, তথা তোমার প্রজাদের সামনে থেকে বিভিন্ন জাতি ও তাদের দেবদেবীদের উৎখাত করার দ্বারা মহৎ ও বিস্ময়কর আশ্চর্য সব কাজ করে যাদের তুমি মিশর থেকে মুক্ত করলে? 24 তুমি চিরকালের জন্য তোমার প্রজা ইস্রায়েলকে তোমার একান্ত আপন করে নিয়েছ, ও তুমি, হে সদাপ্রভু, তাদের ঈশ্বর হয়েছ।

  46. 15 তোমার পরাক্রমী বাহু দিয়ে তুমি তোমার লোকেদের,

    যাকোব এবং যোষেফের বংশধরদের মুক্ত করেছ।

  47. 3 কারণ সদাপ্রভু এই কথা বলেন,

    “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছে,

    অর্থ ছাড়াই তোমাকে মুক্ত করা হবে।”

  48. 11 আমি নির্দোষ জীবনযাপন করি;

    আমাকে রক্ষা করো ও আমার প্রতি দয়া করো।

  49. 9 তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল;

    মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।

    10 তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন;

    শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।

    11 জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল

    একজনও বেঁচে রইল না।

  50. 7 যে ব্যক্তি অবজ্ঞাত ও জাতিসমূহের কাছে ঘৃণাস্পদ,

    যে শাসকদের দাসানুদাস, তার প্রতি সদাপ্রভু,

    ইস্রায়েলের মুক্তিদাতা ও সেই পবিত্রতম জন,

    এই কথা বলেন,

    “রাজারা তোমাকে দেখে উঠে দাঁড়াবে,

    সম্ভ্রান্ত মানুষেরা তোমাকে দেখে প্রণত হবে,

    তা হবে সদাপ্রভুর জন্য, যিনি বিশ্বাসভাজন,

    তিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তোমাকে মনোনীত করেছেন।”

  51. 9 তাদের সমস্ত দুর্দশায় তিনি নিজেও দুর্দশাগ্রস্ত হয়েছিলেন,

    তাঁর সান্নিধ্যে থাকা স্বর্গদূত তাদের রক্ষা করল।

    তাঁর ভালোবাসা ও করুণাগুণে তিনি তাদের মুক্ত করলেন;

    পুরাকালের সেই দিনগুলিতে

    তিনি কোলে তুলে তাদের বহন করতেন।

  52. 1 আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এসব লিখছি, যেন তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে, তাহলে আমাদের একজন পক্ষসমর্থনকারী আছেন; তিনি আমাদের হয়ে পিতার কাছে মিনতি করেন। তিনি যীশু খ্রীষ্ট, সেই ধার্মিক পুরুষ। 2 তিনি আমাদের সব পাপের প্রায়শ্চিত্ত, শুধুমাত্র আমাদের জন্য নয়, কিন্তু সমস্ত জগতের পাপের প্রায়শ্চিত্ত করেছেন।

  53. 11 দেবতাদের মধ্যে কে

    তোমার মতো, হে সদাপ্রভু?

    তোমার মতো কে—

    পবিত্রতায় মহিমান্বিত,

    প্রতাপে অসাধারণ,

    অলৌকিক কর্মকারী?

    12 “তোমার ডান হাত তুমি প্রসারিত করলে,

    আর পৃথিবী তোমার শত্রুদের গ্রাস করল।

    13 তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা

    তোমার মুক্তিপ্রাপ্ত জাতিকে।

    তোমার শক্তিতে তুমি তাদের পথ দেখাবে

    তোমার পবিত্র বাসস্থানের দিকে।

  54. 7 অন্য জাতির চেয়ে তোমাদের লোকসংখ্যা বেশি মনে করে যে সদাপ্রভু তোমাদের স্নেহ করেছেন ও মনোনীত করেছেন তা নয়, কারণ অন্য সব জাতির চেয়ে তোমরা সংখ্যায় অল্প ছিলে। 8 কিন্তু এই জন্য যে, সদাপ্রভু তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন তা রক্ষা করতে তিনি তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাদের দাসত্বের দেশ ও মিশরের রাজা ফরৌণের ক্ষমতা থেকে উদ্ধার করেছেন।

  55. 22 হে ঈশ্বর, ইস্রায়েলকে মুক্ত করো,

    তাদের সব সংকট থেকে!

  56. 11 মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।

    তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;

    তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।

    আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,

    দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।

  57. 21 “আমি দুষ্টদের হাত থেকে তোমাকে রক্ষা করব,

    আর নিষ্ঠুর লোকদের কবল থেকে তোমাকে উদ্ধার করব।”

  58. 11 কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করবেন

    এবং তিনি তাদের চেয়েও শক্তিশালী লোকদের হাত থেকে তাদের মুক্ত করবেন।

  59. 20 আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন।

  60. 9 বোয়স তাকে জিজ্ঞাসা করলেন, “কে তুমি?”

    সে উত্তর দিল, “আমি আপনার দাসী রূত, আপনার দাসীর উপর আপনার চাদর ঢেকে দিন। কারণ আপনি আমাদের পরিবারের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”

  61. 21 তোমার প্রজা ইস্রায়েলের মতো আর কে আছে—পৃথিবীতে বিরাজমান একমাত্র জাতি, যাদের তাঁর নিজস্ব প্রজা করার জন্য তাদের ঈশ্বর স্বয়ং তাদের মুক্ত করতে গেলেন, ও নিজের জন্য এক নাম প্রতিষ্ঠিত করার জন্য, তথা তোমার প্রজাদের সামনে থেকে বিভিন্ন জাতি ও তাদের দেবদেবীদের উৎখাত করার দ্বারা মহৎ ও বিস্ময়কর আশ্চর্য সব কাজ করে যাদের তুমি মিশর থেকে মুক্ত করলে? 22 তোমার প্রজা ইস্রায়েলকে তুমি চিরতরে একেবারে তোমার নিজস্ব করে নিয়েছ, এবং হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়ে গিয়েছ।

  62. 26 উঠে দাঁড়াও আর আমাদের সাহায্য করো;

    তোমার অবিচল প্রেমের গুণে আমাদের উদ্ধার করো।

  63. 17 তোমার দাসের কাছ থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না;

    আমাকে তাড়াতাড়ি উত্তর দাও, কারণ আমি বিপদে রয়েছি।

    18 আমার কাছে এসো আর আমাকে উদ্ধার করো;

    আমার শত্রুদের হাত থেকে আমাকে মুক্ত করো।

  64. 23 আমার ঠোঁট উচ্চধ্বনি করবে

    আর তোমার প্রশংসা করবে

    কারণ তুমি আমাকে মুক্ত করেছ।

  65. 34 যখনই ঈশ্বর তাদের নাশ করতেন, তারা তাঁর অন্বেষণ করত;

    তারা অনুতাপ করল আর পুনরায় ঈশ্বরের দিকে ফিরল।

    35 তারা মনে রাখল যে ঈশ্বর তাদের শৈল,

    যে পরাৎপর ঈশ্বর তাদের মুক্তিদাতা।

  66. 5 কারণ তোমার নির্মাতাই তোমার স্বামী—

    সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম—

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমার মুক্তিদাতা;

    তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর নামে আখ্যাত।

    6 সদাপ্রভু তোমাকে আবার ডাকবেন,

    তুমি যেন এক পরিত্যক্ত ও আত্মায় বিপর্যস্ত এক স্ত্রীর মতো—

    এক স্ত্রী, যার যৌবনকালে বিবাহ হয়েছিল

    কেবলমাত্র অগ্রাহ্য হওয়ার জন্য,” বলেন তোমার ঈশ্বর।

    7 “ক্ষণিক মুহূর্তের জন্য আমি তোমাকে পরিত্যাগ করেছিলাম,

    কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনব।

    8 ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে

    ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম,

    কিন্তু চিরন্তন করুণায়

    আমি তোমার প্রতি মমতা করব,”

    বলেন সদাপ্রভু, তোমার মুক্তিদাতা।

  67. 21 তাই আমি এই নিয়ম সক্রিয় দেখতে পাচ্ছি: যখন আমি সৎকর্ম করতে চাই, তখনই মন্দ আমার সঙ্গী হয়। 22 কারণ আমার আন্তরিক সত্তায় আমি ঈশ্বরের বিধানে আনন্দ করি, 23 কিন্তু আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অন্য এক বিধান কার্যকরী দেখতে পাই; তা আমার মনের বিধানের সঙ্গে সংগ্রাম করে চলে এবং পাপের যে বিধান আমার অঙ্গপ্রত্যঙ্গে আছে, আমাকে তার বন্দি করে রাখে। 24 কী দুর্ভাগ্যপূর্ণ মানুষ আমি! মৃত্যুর এই শরীর থেকে কে আমাকে উদ্ধার করবে? 25 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুর মাধ্যমে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

    সুতরাং, মনে মনে আমি ঈশ্বরের বিধানের ক্রীতদাস, কিন্তু পাপময় প্রকৃতিতে পাপের বিধানের দাসত্ব করি।

  68. 1 তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। তার জল স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে নির্গত হয়ে 2 নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুই পাশে ছিল জীবনদায়ী গাছ, যা বারো মাসে বারো রকমের ফল উৎপন্ন করে। আর সেই গাছের পাতা সব জাতির আরোগ্যলাভের জন্য। 3 সেখানে আর কোনও অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তাঁর দাসেরা তাঁর উপাসনা করবে। 4 তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে এবং তাঁর শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে। 5 সেখানে আর রাত্রি হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে।