51 Bible Verses About Teaching Children

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Teaching Children
  1. 4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।

  2. 1 সন্তানেরা, তোমরা প্রভুতে বাবা-মার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সংগত। 2 “তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো,” এই হল প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি, 3 “যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো।”

    4 তোমরা যারা বাবা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ কোরো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের গড়ে তোলো।

  3. 6 সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত,

    ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।

  4. 18 তোমাদের অন্তরে ও মনে আমার এই কথাগুলি গেঁথে রাখবে; তা মনে রাখার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে। 19 সেগুলি তোমাদের সন্তানদের শেখাবে, ঘরে বসে কথা বলার সময় আর যখন তাদের সঙ্গে হাঁটবে, যখন শোবার সময় ও বিছানা থেকে উঠবার সময়। 20 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে, 21 যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেওয়ার জন্য শপথ করেছিলেন সেখানে তোমরা ও তোমাদের সন্তানেরা ততকাল বেঁচে থাকো যতকাল এই পৃথিবীর উপর মহাকাশ থাকবে।

    22 আমি যে সমস্ত আজ্ঞা তোমাদের দিচ্ছি সেগুলি যদি তোমরা যত্নের সঙ্গে পালন করো—তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর বাধ্যতায় চলো এবং তাঁকে আঁকড়ে ধরে থাকো 23 তাহলে তোমাদের সামনে থেকে সদাপ্রভু এসব জাতিকে তাড়িয়ে দেবেন, আর তোমরা তোমাদের থেকে বড়ো বড়ো এবং শক্তিশালী জাতিকে বেদখল করবে। 24 তোমরা যে জায়গায় পা ফেলবে সেই জায়গাই তোমাদের হবে: তোমাদের সীমানা বাড়বে প্রান্তর থেকে লেবানন পর্যন্ত এবং ইউফ্রেটিস নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। 25 তোমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। তোমরা সেই দেশের যেখানেই যাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে সেখানকার লোকদের মনে তোমাদের সম্বন্ধে আতঙ্ক ও ভয় ছড়িয়ে দেবেন।

  5. আসফের মস্কীল।

    1 হে আমার লোকসকল, আমার উপদেশ শোনো;

    আমার মুখের বাক্যে কর্ণপাত করো।

    2 আমি দৃষ্টান্তের মাধ্যমে আমার মুখ খুলব;

    আমি পূর্বকালের গুপ্ত শিক্ষার কথা উচ্চারণ করব—

    3 যা আমরা শুনেছি আর জেনেছি,

    সেসব আমাদের পূর্বপুরুষরা আমাদের বলেছেন।

    4 তাঁদের বংশধরদের কাছে আমরা সেসব লুকিয়ে রাখব না;

    আমরা আগামী প্রজন্মের কাছে

    সদাপ্রভুর প্রশংসনীয় কাজের কথা বলব,

    তাঁর পরাক্রম, আর তাঁর আশ্চর্য কাজ।

    5 তিনি যাকোবের জন্য বিধি দিয়েছিলেন

    আর তিনি তাঁর আইন ইস্রায়েলে প্রতিষ্ঠা করেছিলেন,

    যা তিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলেন

    তাঁদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার জন্য,

    6 যেন পরবর্তী প্রজন্ম সেগুলি জানতে পারে,

    এমনকি তারাও পারে যাদের জন্ম হয়নি,

    এবং তারা যেন পরে নিজের নিজের ছেলেমেয়েদের বলতে পারে।

    7 তখন তারা ঈশ্বরে আস্থা রাখবে

    আর তাঁর কার্যাবলি ভুলে যাবে না

    কিন্তু তাঁর আজ্ঞাসকল পালন করবে।

    8 তারা তাদের পূর্বপুরুষদের মতো হবে না—

    একগুঁয়ে এবং বিদ্রোহী এক প্রজন্ম,

    যাদের হৃদয় ঈশ্বরের প্রতি অনুগত ছিল না,

    যাদের আত্মা তাঁর প্রতি বিশ্বস্ত ছিল না।

  6. 13 এরপর ছোটো শিশুদের যীশুর কাছে নিয়ে আসা হল, যেন তিনি তাদের উপরে হাত রেখে প্রার্থনা করেন। কিন্তু যারা তাদের এনেছিল শিষ্যেরা তাদের বকুনি দিলেন।

    14 যীশু বললেন, “ছোটো শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিয়ো না। কারণ স্বর্গরাজ্য এদের মতো মানুষদেরই।” 15 তিনি তাদের উপরে হাত রেখে প্রার্থনা করে সেখান থেকে চলে গেলেন।

  7. 14 কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ, তা পালন করে চলো। কারণ, তুমি জানো যে তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ, 15 এবং ছোটোবেলা থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সবকিছু খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম। 16 সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, 17 যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।

  8. 8 আর আমি আজ তোমাদের সামনে যে বিধান দিচ্ছি, তার মতো ন্যায়নিষ্ঠ অনুশাসন ও বিধান কোনও বড়ো জাতির আছে?

    9 কেবল সাবধান থেকো, এবং নিজের উপর দৃষ্টি রেখো যেন তোমরা যা দেখেছ তা ভুলে না যাও বা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদের অন্তর থেকে তা মুছে না যায়। এসব তোমরা তোমাদের ছেলেমেয়েদের এবং পরে তাদের ছেলেমেয়েদের শেখাবে। 10 তোমরা সেদিনের কথা মনে করো যেদিন তোমরা হোরেবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হয়েছিলে, যখন তিনি আমাকে বলেছিলেন, “আমার কথা শোনার জন্য তুমি লোকদের আমার সামনে জড়ো করো যেন তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমাকেই ভক্তি করে চলতে শিখতে পারে এবং যেন তাদের ছেলেমেয়েদেরও শিক্ষা দিতে পারে।”

  9. উদ্দেশ্য ও বিষয়বস্তু

    1 দাউদের ছেলে, ইস্রায়েলের রাজা শলোমনের হিতোপদেশ:

    2 প্রজ্ঞা ও শিক্ষা অর্জনের জন্য;

    অন্তর্দৃষ্টিমূলক কথা বোঝার জন্য;

    3 বিচক্ষণ ব্যবহারের সম্বন্ধে শিক্ষালাভের জন্য,

    যা কিছু যথার্থ, ন্যায্য ও সুন্দর, তা করার জন্য;

    4 অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা,

    অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—

    5 জ্ঞানবানেরা শুনুক ও তাদের জ্ঞান বৃদ্ধি হোক,

    এবং বিচক্ষণেরা পথনির্দেশনা লাভ করুক—

    6 যেন তারা নীতিবচন ও দৃষ্টান্ত,

    জ্ঞানবানদের বাণী ও হেঁয়ালি বুঝতে পারে।

    7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

    কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।

    প্রস্তাবনা: সাগ্রহে প্রজ্ঞা গ্রহণ করার পরামর্শ দান

    8 হে আমার বাছা, তোমার বাবার উপদেশ শোনো,

    আর তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।

    9 এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে

    ও এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে।

  10. 13 শিশুকে শাসন করতে পিছপা হোয়ো না;

    তুমি যদি তাদের লাঠি দিয়ে মেরে শাস্তি দাও, তবে তারা মারা যাবে না।

    14 লাঠি দিয়ে মেরে তাদের শাস্তি দাও

    ও মৃত্যুর হাত থেকে তাদের রক্ষা করো।

  11. 5 আর উৎসাহ প্রদানকারী সেই বাণী তোমরা ভুলে গিয়েছ, যা তোমাদের পুত্র বলে সম্বোধন করে:

    “পুত্র আমার,

    তুমি প্রভুর শাসন তুচ্ছ মনে কোরো না,

    তিনি তিরস্কার করলে নিরুৎসাহ হোয়ো না।

    6 কারণ প্রভু যাদের প্রেম করেন,

    তাদের শাসনও করেন,

    যাকে পুত্ররূপে গ্রহণ করেন,

    তাকে শাস্তি প্রদানও করেন।”

    7 কষ্ট-দুর্দশাকে শাসন বলে সহ্য করো; ঈশ্বর তোমাদের সঙ্গে সন্তানের মতো আচরণ করেন। কারণ এমন পুত্র কেউ আছে, যাকে পিতা শাসন করেন না? 8 যদি তোমাদের শাসন করা না হয়, আর প্রত্যেক ব্যক্তিকেই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তোমরা অবৈধ সন্তান, প্রকৃত পুত্রকন্যা নও। 9 এছাড়া, পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, যাঁরা আমাদের শাসন করেছেন এবং সেজন্য আমরা তাঁদের শ্রদ্ধাও করি। তাহলে যিনি আমাদের আত্মাসকলের পিতা, তাঁর কাছে আমরা কত না আত্মসমর্পণ করব ও বেঁচে থাকব? 10 তাঁরা যেমন ভালো মনে করেছেন, তেমনই অল্পকালের জন্য আমাদের শাসন করেছেন। কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি। 11 কোনো শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে, যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতার ও শান্তির ফসল উৎপন্ন করে।

  12. 21 পিতারা, সন্তানদের উত্যক্ত কোরো না, করলে তারা উৎসাহ হারিয়ে ফেলবে।

  13. 3 সেভাবে, বয়স্ক মহিলাদেরও শিক্ষা দাও, যেন তাঁরা সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করেন, যেন পরচর্চায় মত্ত বা মদ্যপানে আসক্ত না হয়ে পড়েন। কিন্তু যা কিছু মঙ্গলজনক, তাঁরা যেন সেই শিক্ষা দেন। 4 তাহলেই তাঁরা তরুণীদের শিক্ষা দিতে পারবেন, যেন তারা তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসতে পারে; 5 যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, ঘরের কাজে ব্যস্ত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।

    6 একইভাবে, আত্মসংযমী হওয়ার জন্য তরুণদের অনুপ্রাণিত করো। 7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, 8 আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

  14. 24 যারা লাঠির ব্যবহার করে না, তারা তাদের সন্তানদের ঘৃণা করে,

    কিন্তু যারা তাদের সন্তানদের ভালোবাসে, তারা সযত্নে তাদের শাসনও করে।

  15. 15 শিশুর অন্তরে মূর্খতা বাঁধা থাকে,

    কিন্তু শৃঙ্খলাপরায়ণতার লাঠি তা বহুদূরে সরিয়ে দেয়।

  16. 13 তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছ থেকে শিক্ষা পাবে,

    তোমার ছেলেমেয়েরা মহাশান্তি ভোগ করবে।

  17. 11 এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো;

    আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।

  18. 1 হে আমার বাছা, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,

    কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রেখো,

    2 কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে

    ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।

  19. 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  20. 18 তোমার সন্তানদের শাসন করো, কারণ এতে আশা আছে,

    তাদের মৃত্যুর জন্য দায়ী হোয়ো না।

  21. 22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

  22. 13 আমি না আসা পর্যন্ত প্রকাশ্যে শাস্ত্র পাঠ, প্রচার ও শিক্ষাদানে নিজেকে নিযুক্ত রাখো। 14 তুমি যে বরদান লাভ করেছ, তা অবহেলা কোরো না, যা ভাববাণীমূলক বার্তার মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছিল, যখন প্রাচীনেরা তোমার উপরে হাত রেখেছিলেন।

    15 এসব বিষয়ে মনঃসংযোগ করো, সম্পূর্ণভাবে সেগুলিতে আত্মনিয়োগ করো, সকলে যেন তোমার উন্নতি দেখতে পায়। 16 তোমার জীবন ও শাস্ত্রশিক্ষা সম্বন্ধে একান্তভাবে সচেতন থেকো। এসব পালন করে চলো তাহলে তুমি নিজেকে এবং তোমার কথা যারা শোনে, তাদেরও রক্ষা করতে পারবে।

  23. 1 সেই সময়ে, শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “স্বর্গরাজ্যে কে শ্রেষ্ঠ?”

    2 তিনি একটি ছোটো শিশুকে তাঁর কাছে ডেকে সবার মাঝে দাঁড় করালেন। 3 তিনি বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা মন পরিবর্তন করে যদি এই ছোটো শিশুদের মতো না হও তবে কোনোমতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। 4 অতএব, যে কেউ এই শিশুর মতো নিজেকে নম্র করে, সেই স্বর্গরাজ্যে সব থেকে মহান। 5 আবার যে কেউ এর মতো এক ছোটো শিশুকে স্বাগত জানায়, সে আমাকেই স্বাগত জানায়।

    6 “কিন্তু এই ছোটো শিশুদের যারা আমাকে বিশ্বাস করে, তাদের কোনো একজনকে কেউ যদি পাপ করতে বাধ্য করে, তাহলে তার গলায় বড়ো একটি জাঁতা বেঁধে সমুদ্রের অথৈ জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে ভালো হবে।

  24. 8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  25. 1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো

    ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,

    2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো

    ও বুদ্ধিতে মনোনিবেশ করো—

    3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও

    ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,

    4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো

    ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,

    5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে

    ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।

    6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;

    তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।

    7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,

    যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,

    8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন

    ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।

    9 তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ

    ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।

    10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে,

    ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।

    11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে,

    ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।

    12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে,

    সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,

    13 যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য

    সোজা পথ ত্যাগ করেছে,

    14 যারা অন্যায় করে আনন্দ পায়

    ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,

    15 যাদের পথ কুটিল

    ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।

    16 প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে,

    সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,

    17 যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে

    ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে।

    18 নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায়

    ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।

    19 যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না

    বা জীবনের পথও অর্জন করে না।

    20 এইভাবে তুমি সুশীলদের পথে চলবে

    ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।

    21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে,

    ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;

    22 কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে,

    ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।

  26. 15 লাঠি ও তীব্র ভর্ৎসনা প্রজ্ঞা দান করে,

    কিন্তু সন্তানকে যদি শাসন না করে ছেড়ে দেওয়া হয় তবে সে তার মায়ের মর্যাদাহানি ঘটায়।

  27. 13 লোকেরা ছোটো শিশুদের যীশুর কাছে নিয়ে আসছিল, যেন তিনি তাদের স্পর্শ করেন। কিন্তু শিষ্যেরা তাদের ধমক দিলেন। 14 যীশু তা দেখে রুষ্ট হলেন। তিনি তাঁদের বললেন, “ছোটো শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিয়ো না। কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই। 15 আমি তোমাদের সত্যিই বলছি, ছোটো শিশুর মতো যে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করতে পারে না, সে কখনও তাতে প্রবেশ করতে পারবে না।” 16 পরে তিনি সেই শিশুদের কোলে নিয়ে তাদের উপরে হাত রাখলেন ও তাদের আশীর্বাদ করলেন।

  28. 14 আমার ভাইবোনেরা, আমি নিজে নিশ্চিত যে, তোমরা নিজেরা সদগুণে পূর্ণ, পূর্ণজ্ঞানী ও পরস্পরকে শিক্ষা দেওয়ার যোগ্য।

  29. 2 তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শ দিয়ে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উৎসাহ প্রদান করো। 3 কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না। বরং তাদের নিজস্ব কামনাবাসনা চরিতার্থ করতে শ্রুতিসুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে।

  30. 11 আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি

    যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।

  31. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

    7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;

    সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।

    8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে

    ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।

  32. 20 হে আমার বাছা, তোমার বাবার আদেশ পালন করো

    ও তোমার মায়ের শিক্ষা পরিত্যাগ কোরো না।

    21 সেগুলি সর্বক্ষণ তোমার হৃদয়ে গেঁথে রেখো;

    তোমার গলার চারপাশে বেঁধে রেখো।

    22 তুমি যখন চলাফেরা করবে, তখন সেগুলি তোমাকে পথ দেখাবে;

    তুমি যখন ঘুমাবে, তখন সেগুলি তোমাকে পাহারা দেবে;

    তুমি যখন জেগে উঠবে, তখন সেগুলি তোমার সাথে কথা বলবে।

  33. 36 “গুরুমহাশয়, বিধানের মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি?”

    37 যীশু উত্তর দিলেন: “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 38 এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। 39 আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’ 40 এই দুটি আজ্ঞার উপরেই সমস্ত বিধান ও ভাববাদীদের গ্রন্থ প্রতিষ্ঠিত।”

  34. 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  35. 20 সন্তানেরা, সব বিষয়ে বাবা-মার বাধ্য হও, কারণ এরকম আচরণই প্রভুর প্রীতিজনক।

  36. 14 “ভবিষ্যতে, তোমার সন্তানেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘এর অর্থ কী?’ তখন তুমি তাকে বোলো, ‘শক্তিশালী হাত দিয়ে সদাপ্রভু আমাদের মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন। 15 ফরৌণ যখন একগুঁয়েমি দেখিয়ে আমাদের যেতে দিতে অস্বীকার করলেন, সদাপ্রভু তখন মিশরে মানুষ ও পশু, উভয়ের প্রথমজাতদের হত্যা করলেন। এজন্যই আমি সদাপ্রভুর উদ্দেশে প্রত্যেকটি গর্ভের প্রথম পুং-সন্তানকে বলিরূপে উৎসর্গ করছি এবং আমার প্রথমজাত ছেলেদের মধ্যে এক একজনকে মুক্ত করছি।’ 16 আর এটি তোমার হাতে এই এক চিহ্নের ও তোমার কপালে এই এক প্রতীকের মতো হবে যে সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত দিয়ে আমাদের মিশর থেকে বের করে এনেছেন।”

  37. 1 হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;

    মনোযোগ দাও ও বিচক্ষণতা লাভ করো।

    2 আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,

    তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।

    3 কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,

    তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।

    4 তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,

    “সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো;

    আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।

  38. 21 যে আমার আদেশ লাভ করে সেগুলি পালন করে, সেই আমাকে প্রেম করে। আমাকে যে প্রেম করে, আমার পিতাও তাকে প্রেম করবেন, আর আমিও তাকে প্রেম করব এবং নিজেকে তারই কাছে প্রকাশ করব।”

    22 তখন যিহূদা (যিহূদা ইষ্কারিয়োৎ নয়) বললেন, “কিন্তু প্রভু, আপনি জগতের কাছে নিজেকে প্রকাশ না করে, শুধুমাত্র আমাদের কাছে প্রকাশ করতে চান কেন?”

    23 যীশু উত্তর দিলেন, “কেউ যদি আমাকে প্রেম করে, সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে প্রেম করবেন। আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব। 24 যে আমাকে প্রেম করে না, সে আমার শিক্ষাও পালন করে না। তোমরা আমার যেসব বাণী শুনছ, তা আমার নিজের নয়, সেগুলি পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন।

  39. 12 প্রকৃতপক্ষে, এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রাথমিক সত্য শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরই একজন শিক্ষকের প্রয়োজন। তোমাদের প্রয়োজন কঠিন খাবার নয়, কিন্তু দুধের। 13 যে দুধ খেয়ে বেঁচে থাকে সে এখনও শিশু, ধার্মিকতা বিষয়ের শিক্ষা সম্পর্কে তার কোনো পরিচয় নেই। 14 কিন্তু প্রাপ্তবয়স্ক লোকদের প্রয়োজন কঠিন খাবার, যারা সবসময় অনুশীলনের মাধ্যমে ভালো ও খারাপের মধ্যে প্রভেদ নির্ণয় করতে নিজেদের অভ্যস্ত করে তুলেছে।

  40. 19 কারণ আমি তাকে মনোনীত করেছি, যেন যা উপযুক্ত ও ন্যায্য, তা করার মাধ্যমে সদাপ্রভুর পথে চলার ক্ষেত্রে সে তারপরে তার সন্তানদের ও তার পরিবারকে পথ দেখায়, ও যেন সদাপ্রভু অব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছেন তা তিনি সফল করেন।

  41. 11 জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন। 12 হে আমার সন্তান, এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে কি না সেই বিষয় সতর্ক থেকো।

    বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।

    13 এখন সবকিছু তো শোনা হল;

    তবে শেষ কথা এই যে

    ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো,

    কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।

    14 কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন,

    এমনকি সমস্ত গুপ্ত বিষয়,

    তা ভালো হোক বা মন্দ হোক।

  42. 19 যে কেউ এইসব আদেশের ক্ষুদ্রতম কোনো আদেশ লঙ্ঘন করে ও অপর মানুষদের সেইমতো শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে ক্ষুদ্রতম বলে গণ্য হবে; কিন্তু যে কেউ এই আদেশগুলি অনুশীলন করে ও সেইরূপ শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে।

  43. 13 তোমরা আমাকে ‘গুরুমহাশয়’ ও ‘প্রভু’ বলে থাকো এবং তা যথার্থই, কারণ আমি সেই। 14 এখন তোমাদের প্রভু ও গুরুমহাশয় হয়েও আমি তোমাদের পা ধুয়ে দিলাম, সুতরাং, তোমাদেরও একে অপরের পা ধুয়ে দেওয়া উচিত। 15 আমি তোমাদের কাছে এক আদর্শ স্থাপন করেছি, যেন আমি তোমাদের প্রতি যা করলাম, তোমরাও তাই করো। 16 আমি তোমাদের সত্যি বলছি, কোনো দাস তার প্রভুর চেয়ে মহান নয়, কিংবা প্রেরিত ব্যক্তি তার প্রেরণকারীর চেয়ে মহান নয়। 17 তোমরা যেহেতু এখন এসব জেনেছ, তা পালন করলে তোমরা ধন্য হবে।

  44. 42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল। 43 প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল। 44 যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো। 45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত। 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।

  45. 17 এই উদ্দেশ্যে আমি আমার পুত্রসম তিমথিকে তোমাদের কাছে পাঠাচ্ছি, যাঁকে আমি ভালোবাসি; তিনি প্রভুতে বিশ্বস্ত। তিনি খ্রীষ্ট যীশুতে আমার জীবনযাপনের কথা তোমাদের মনে করিয়ে দেবেন, যা আমি সর্বত্র প্রতিটি মণ্ডলীতে আমি যা শিক্ষা দিই তার সঙ্গে সংগতিপূর্ণ।

  46. 5 খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল, তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত:

    6 তিনি স্বভাবগতভাবে ঈশ্বর হয়েও

    ঈশ্বরের সমকক্ষ হওয়ার অবস্থান

    আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি,

    7 কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে,

    ক্রীতদাসের রূপ ধারণ করলেন,

    মানব-সদৃশ হয়ে জন্ম নিলেন ও

    8 মানব দেহ ধারণ করে

    নিজেকে অবনত করলেন;

    মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত,

    অনুগত থাকলেন।

  47. 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো।

  48. 12 তুমি যুবক বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে, কিন্তু কথায়, আচার-আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায়, বিশ্বাসীদের মধ্যে আদর্শ হয়ে ওঠো।

  49. 1 ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য, আমি পৌল, খ্রীষ্ট যীশুতে নিহিত জীবনের প্রতিশ্রুতি অনুসারে,

    2 আমার প্রিয় বৎস তিমথির উদ্দেশে এই পত্র লিখছি।

    পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ, করুণা এবং শান্তি বর্ষিত হোক।

    3 আমি শুদ্ধবিবেকে আমার পূর্বপুরুষদের মতোই যে ঈশ্বরের উপাসনা করি, আমার প্রার্থনায় আমি দিনরাত তোমাকে স্মরণ করে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। 4 তোমার চোখের জলের কথা স্মরণ করে তোমাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি, যেন আমি আনন্দে পূর্ণ হয়ে উঠতে পারি। 5 তোমার অকপট বিশ্বাসের কথা আমি স্মরণ করি, যা প্রথমে তোমার দিদিমা লোয়িস ও মা ইউনিসের মধ্যেও ছিল। আমি সুনিশ্চিত, তোমার মধ্যেও এখন তা বর্তমান।

  50. 1 তোমাদের মধ্যে যে প্রাচীনেরা আছেন, তাদের কাছে আমিও একজন প্রাচীন, খ্রীষ্টের কষ্টভোগের সাক্ষী ও যে মহিমা প্রকাশিত হবে তার অংশীদাররূপে আমি মিনতি করছি, 2 ঈশ্বরের যে পাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালক হও—তত্ত্বাবধায়করূপে তাদের সেবা করো—বাধ্য হয়ে নয়, কিন্তু তোমরা ইচ্ছুক বলে, যেমন ঈশ্বর তোমাদের কাছে চান; অর্থের লালসায় নয়, কিন্তু সেবার আগ্রহ নিয়ে, 3 যাদের তোমাদের হাতে সমপর্ণ করা হয়েছে, তাদের উপরে প্রভুত্ব করার জন্য নয়, কিন্তু পালের কাছে আদর্শস্বরূপ হয়ে করো। 4 তাহলে, যখন প্রধান পালক প্রকাশিত হবেন, তোমরা মহিমার মুকুট লাভ করবে, যা কখনও ম্লান হবে না।

    5 সেভাবে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশ্যতাস্বীকার করো। তোমাদের মধ্যে প্রত্যেকেই পরস্পরের প্রতি নতনম্র আচরণ করো, কারণ,

    “ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন,

    কিন্তু বিনম্রদের অনুগ্রহ-দান করেন।”

  51. 4 আমার সন্তানেরা সত্যে জীবনযাপন করছে, একথা শুনে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ আর কিছুতেই হতে পারে না।