85 Bible Verses About Dying

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Dying
  1. 51 শোনো, আমি তোমাদের এক গুপ্তরহস্য বলি: আমরা সকলে নিদ্রাগত হব না, কিন্তু আমরা সকলেই রূপান্তরিত হব— 52 এক নিমেষে, চোখের পলকে, শেষ তূরীধ্বনির সঙ্গে তা ঘটবে। কারণ তূরীধ্বনি হবে, মৃতেরা অক্ষয়তায় উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরিত হব, 53 কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে। 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”

    55 “মৃত্যু, তোমার জয় কোথায়?

    মৃত্যু, তোমার হুল কোথায়?”

    56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।

    58 তাই, আমার প্রিয় ভাইবোনেরা, সুস্থির থাকো। কোনো কিছুই তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সর্বদা নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে, প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না।

  2. 13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন। 15 প্রভুর নিজের কথা অনুসারে আমরা তোমাদের বলছি যে, আমরা যারা বেঁচে আছি, প্রভুর আগমন পর্যন্ত যারা অবশিষ্ট থাকব, তারা নিদ্রাগতদের আগে কিছুতেই যেতে পারব না। 16 কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। 17 এরপর, আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। 18 সেইজন্য, এসব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।

  3. 23 যীশু তাঁকে বললেন, “তোমার ভাই আবার জীবিত হবে।”

    24 মার্থা উত্তর দিলেন, “আমি জানি, শেষের দিনে, পুনরুত্থানের সময়, সে আবার জীবিত হবে।”

    25 যীশু তাঁকে বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে। 26 আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু কখনও হবে না। তুমি কি একথা বিশ্বাস করো?”

  4. 21 কারণ আমার কাছে খ্রীষ্টই জীবন, আর মৃত্যু লাভজনক। 22 যদি এই শরীরে আমাকে বেঁচে থাকতে হয়, তাহলে আমার পরিশ্রম ফলপ্রসূ হয়েছে বলে মনে করব। তবুও কোনটা আমি বেছে নেব, তা জানি না!

  5. 1 এখন আমরা জানি যে, যদি এই পার্থিব তাঁবু, যার মধ্যে আমরা বসবাস করি, তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আছে এক ঈশ্বরের দেওয়া গৃহ, স্বর্গে এক চিরন্তন আবাস, যা মানুষের হাতে তৈরি নয়। 2 এই সময়কালে আমরা আর্তনাদ করছি, আমাদের স্বর্গীয় আবাস পরিহিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছি, 3 কারণ যখন আমরা পোশাক পরিহিত হব, আমাদের বস্ত্রহীন দেখা যাবে না। 4 কারণ আমরা যতক্ষণ এই তাঁবুর মধ্যে আছি, আমরা আর্তনাদ করি ও ভারগ্রস্ত হই, কারণ আমরা পোশাকহীন হতে চাই না, কিন্তু আমাদের স্বর্গীয় আবাসের দ্বারা আবৃত হতে চাই, যেন যা কিছু নশ্বর, তা জীবনের দ্বারা কবলিত হয়। 5 এখন ঈশ্বর আমাদের এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন এবং আগামী সময়ে যা সন্নিকট, তার নিশ্চয়তাস্বরূপ পবিত্র আত্মাকে আমাদের অগ্রিম দান করেছেন।

    6 অতএব, আমরা সবসময়ই সুনিশ্চিত এবং জানি যে, যতক্ষণ আমরা এই শরীরে অবস্থান করছি, আমরা প্রভু থেকে দূরে আছি। 7 আমরা বিশ্বাস দ্বারা জীবনযাপন করি, দৃশ্য বস্তুর দ্বারা নয়। 8 আমরা সুনিশ্চিত, তাই আমি বলি, আমরা বেশি করে চাইব, শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি। 9 তাই আমরা এই শরীরে বাস করি বা এর থেকে দূরে থাকি, আমাদের লক্ষ্য হল তাঁকে সন্তুষ্ট করা।

  6. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”

  7. 14 যেহেতু সন্তানেরা রক্তমাংস বিশিষ্ট, তাই তিনি তাদের মানব-স্বভাবের অংশীদার হলেন, যেন তাঁর মৃত্যুর দ্বারা তিনি মৃত্যুর উপরে যার ক্ষমতা আছে অর্থাৎ দিয়াবলকে ধ্বংস করতে পারেন, 15 এবং মৃত্যুভয়ে যারা সমস্ত জীবন দাসত্বের শিকলে বন্দি ছিল, তিনি তাদের মুক্ত করতে পারেন।

  8. 1 তোমার যৌবনকালে

    তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো,

    দুঃখের দিনগুলি আসার আগে

    আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে,

    “এই সবে আমার কোনো আনন্দ নেই”—

    2 তখন সূর্য ও আলো

    আর চাঁদ ও তারা যখন অন্ধকার হবে,

    আর বৃষ্টির পরে মেঘ ফিরে আসে;

    3 সেদিনে বাড়ির রক্ষাকারীরা কাঁপবে,

    আর শক্তিশালী লোকেরা নত হবে,

    যারা পেষণ করে তারা অল্প সংখ্যক বলে কাজ ছেড়ে দেবে।

    আর যারা জানালার ভিতর থেকে দেখে তাদের দৃষ্টি অস্পষ্ট হবে;

    4 যখন রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে

    আর জাঁতার আওয়াজ কমে যাবে;

    যখন পাখির আওয়াজে লোকে উঠবে,

    কিন্তু তাদের সব গান ক্ষীণ হয়ে যাবে;

    5 যখন লোকেরা উঁচু জায়গাকে

    আর রাস্তার বিপদকে ভয় পাবে;

    যখন কাঠবাদাম গাছে ফুল ফুটবে

    আর ফড়িং টেনে টেনে হাঁটবে

    এবং বাসনা আর উত্তেজিত হবে না।

    তখন লোকে তাদের অনন্তকালের বাড়িতে চলে যাবে

    আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।

    6 রুপোর তার ছিঁড়ে যাওয়ার আগে,

    কিংবা সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে;

    ফোয়ারার কাছে কলশি চুরমার করার আগে,

    কিংবা কুয়োর জল তোলার চাকা ভেঙে যাওয়ার আগে—তাকে স্মরণ করো।

    7 আর ধুলো মাটিতেই ফিরে যাবে যেখান থেকে সে এসেছে,

    এবং আত্মা যাঁর দান, সেই ঈশ্বরের কাছেই ফিরে যাবে।

    8 উপদেশক বললেন, “অসার! অসার!

    সবকিছুই অসার!”

  9. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

    4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

    5 আমার শত্রুদের উপস্থিতিতে

    তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।

    তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;

    আমার পানপাত্র উপচে পড়ে।

    6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে

    আমার জীবনের সব দিন পর্যন্ত,

    এবং চিরকাল

    আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।

  10. 32 যিনি তাঁর নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে সমর্পণ করেছেন—তিনি কি তাঁর সঙ্গে সবকিছুই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না? 33 ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে কে অভিযোগ করবে? ঈশ্বরই তাদের নির্দোষ প্রতিপন্ন করেন। 34 কে তাহলে দোষী সাব্যস্ত করবে? খ্রীষ্ট যীশু, যিনি মৃত্যুবরণ করেছেন—তার চেয়েও বড়ো কথা, যাঁকে জীবনে উত্থাপিত করা হয়েছিল—তিনি ঈশ্বরের ডানদিকে উপস্থিত আছেন এবং আমাদের জন্য অনুরোধও করছেন। 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  11. 20 কিন্তু খ্রীষ্ট সত্যিই মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন, যারা নিদ্রাগত হয়েছে, তাদের মধ্যে তিনিই প্রথম ফলস্বরূপ। 21 কারণ মৃত্যু যেহেতু একজন মানুষের মাধ্যমে এসেছিল, মৃতদের পুনরুত্থানও তেমনই একজন মানুষের মাধ্যমেই আসে। 22 কারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, তেমনই খ্রীষ্টে সকলেই পুনর্জীবিত হবে। 23 কিন্তু প্রত্যেকেই তার নিজ নিজ পর্যায়ক্রমে: প্রথম ফসল খ্রীষ্ট, পরে যখন তিনি আসবেন, তাঁর আপনজনেরা। 24 তারপর সবকিছুর শেষ সময় উপস্থিত হবে যখন তিনি সমস্ত শাসনভার, কর্তৃত্ব ও পরাক্রম ধ্বংস করার পর, পিতা ঈশ্বরের হাতে রাজ্যের ভার হস্তান্তর করবেন। 25 কারণ যতক্ষণ না তিনি তাঁর সমস্ত শত্রুকে তাঁর পদানত করেন, তাঁকে রাজত্ব করতেই হবে। 26 সর্বশেষ শত্রু যে মৃত্যু, তাও ধ্বংস করা হবে।

  12. 1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। 4 আমি যেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পথ তোমরা জানো।”

  13. 27 মানুষের জন্য যেমন একবার মৃত্যু ও তারপর বিচার নির্ধারিত হয়ে আছে, 28 তেমনই বহু মানুষের সব পাপ হরণ করার জন্য খ্রীষ্ট একবারই উৎসর্গীকৃত হয়েছেন এবং আর পাপবহনের জন্য নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় আছে, তাদের পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার প্রকাশিত হবেন।

  14. 11 একথা বলার পর তিনি তাঁদের বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে। কিন্তু তাকে জাগিয়ে তুলতে আমি সেখানে যাচ্ছি।”

    12 তাঁর শিষ্যেরা বললেন, “প্রভু, সে যদি ঘুমিয়ে পড়েছে, তাহলে সে সুস্থ হয়ে উঠবে।” 13 যীশু তাঁর মৃত্যুর বিষয়ে বলছিলেন, কিন্তু তাঁর শিষ্যেরা ভাবলেন, তিনি স্বাভাবিক ঘুমের কথা বলছেন।

    14 তাই তিনি তাঁদের স্পষ্টভাবে বললেন, “লাসারের মৃত্যু হয়েছে।

  15. 12 সুতরাং, যেমন একজন মানুষের মাধ্যমে পাপ ও পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছিল এবং এভাবে সব মানুষের কাছে মৃত্যু উপস্থিত হল কারণ সকলেই পাপ করেছিল। 

  16. 5 কারণ জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে,

    কিন্তু মৃতেরা কিছুই জানে না;

    তাদের আর কোনো পুরস্কার নেই,

    আর তাদের কথাও লোকে ভুলে গেছে।

    6 তাদের ভালোবাসা, তাদের ঘৃণা

    এবং তাদের হিংসা অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে;

    সূর্যের নিচে যা কিছু ঘটবে তাতে

    তাদের আর কখনও কোনো অংশ থাকবে না।

  17. 11 এরপরে আমি এক বিশাল সাদা রংয়ের সিংহাসন ও তার উপরে যিনি বসে আছেন, তাঁকে দেখতে পেলাম। তাঁর উপস্থিতি থেকে পৃথিবী ও আকাশ পালিয়ে গেল। তাদের জন্য আর কোনো স্থান পাওয়া গেল না। 12 আর আমি দেখলাম, সামান্য ও মহান সকল মৃত ব্যক্তিরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। আর কতগুলি পুস্তক খোলা হল। অন্য একটি পুস্তক, অর্থাৎ জীবনপুস্তকও খোলা হল। পুস্তকগুলিতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপ অনুসারে তাদের বিচার করা হল। 13 সমুদ্র তার মধ্যস্থিত মৃতদের সমর্পণ করল এবং পরলোক ও পাতালও তাদের মধ্যে অবস্থিত মৃতদের সমর্পণ করল। আর তাদের প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের বিচার করা হল। 14 তারপর পরলোক ও পাতালকেও আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। সেই আগুনের হ্রদ হল দ্বিতীয় মৃত্যু। 15 আর যার নাম সেই জীবনপুস্তকে লিখিত পাওয়া গেল না, তাকেই আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।

  18. 4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও

    আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত;

    আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী।

    5 তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ;

    আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়।

    সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান,

    এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।

    6 “সবাই সামান্য চলমান ছায়ার মতো;

    বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত

    কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে।

    7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব?

    আমার আশা একমাত্র তোমাতেই।

    8 আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো,

    আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।

  19. 10 তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ, সেই মৃতস্থানে, সেখানে কোনো কাজ বা পরিকল্পনা বা বৃদ্ধি কিংবা বিদ্যা বা প্রজ্ঞা বলে কিছুই নেই।

  20. 7 কারণ আমরা কেউই কেবলমাত্র নিজের জন্য জীবনধারণ করি না এবং কেউই শুধু নিজের জন্য মৃত্যুবরণ করি না। 8 আমরা যদি জীবিত থাকি, তাহলে প্রভুর উদ্দেশেই জীবিত থাকি; আবার যদি আমরা মৃত্যুবরণ করি, আমরা প্রভুর উদ্দেশেই মৃত্যুবরণ করি। তাই, আমরা জীবিত থাকি বা মৃত্যুবরণ করি, আমরা প্রভুরই থাকি। 9 এই বিশেষ কারণেই, খ্রীষ্ট মৃত্যুবরণ করলেন ও পুনর্জীবিত হলেন, যেন তিনি মৃত ও জীবিত, উভয়েরই প্রভু হন।

  21. 16 আর সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে আদেশ দিলেন, “বাগানের যে কোনো গাছের ফল খাওয়ার ক্ষেত্রে তুমি স্বাধীন; 17 কিন্তু ভালোমন্দের জ্ঞানদায়ী গাছের ফল তুমি অবশ্যই খেয়ো না। যদি সেই গাছের ফল খাও, তবে তুমি নিশ্চয় মারা যাবে।”

  22. 1 ধার্মিক ব্যক্তিরা বিনষ্ট হয়,

    কেউ তা বিবেচনা করে না;

    ভক্তিমান লোকেরা অপসারিত হচ্ছে,

    কেউ তা বুঝতে পারছে না যে,

    মন্দ থেকে রক্ষা করার জন্যই

    ধার্মিক লোকেদের সরিয়ে নেওয়া হচ্ছে।

    2 যারা ন্যায়সংগত জীবনযাপন করে,

    তারা শান্তিতে প্রবেশ করবে;

    মৃত্যুশয্যায় তারা বিশ্রাম লাভ করবে।

  23. 14 “পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব;

    মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব।

    ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়?

    ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়?

    “সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।

  24. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  25. 1 তাহলে, আমরা কী বলব? আমরা কি পাপ করতেই থাকব যেন অনুগ্রহ বৃদ্ধি পায়? 2 কোনোমতেই নয়! আমরা পাপের পক্ষে মৃত, তাহলে কী করে আমরা আবার পাপে জীবনযাপন করব? 3 অথবা, তোমরা কি জানো না, আমরা যারা খ্রীষ্ট যীশুতে বাপ্তাইজিত হয়েছি, আমরা সকলে তাঁর মৃত্যুর উদ্দেশে বাপ্তাইজিত হয়েছি? 4 সেই কারণে আমরা মৃত্যুর উদ্দেশে বাপ্তিষ্মের মাধ্যমে তাঁর সঙ্গে সমাধিপ্রাপ্ত হয়েছি, যেন খ্রীষ্ট যেমন পিতার মহিমার মাধ্যমে মৃতলোক থেকে উত্থিত হয়েছিলেন, তেমনই আমরাও এক নতুন জীবন লাভ করি।

    5 যদি আমরা এভাবে তাঁর মৃত্যুতে তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে থাকি, আমরা নিশ্চিতরূপে তাঁর পুনরুত্থানেও তাঁর সঙ্গে সংযুক্ত হব। 6 কারণ আমরা জানি যে, আমাদের পুরোনো সত্তা তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে যেন আমাদের পাপদেহ শক্তিহীন হয় এবং আমরা আর পাপের ক্রীতদাস না থাকি— 7 কারণ যার মৃত্যু হয়েছে, সে পাপ থেকে মুক্ত হয়েছে।

    8 এখন যদি আমরা খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করেছি, আমরা বিশ্বাস করি যে আমরা তাঁর সঙ্গে জীবিতও থাকব। 9 কারণ আমরা জানি, খ্রীষ্টকে যেহেতু মৃতলোক থেকে উত্থাপিত করা হয়েছিল, তিনি আর মরতে পারেন না; তাঁর উপরে মৃত্যুর আর কোনও কর্তৃত্ব নেই। 10 যে মৃত্যু তিনি বরণ করেছেন, পাপের সম্বন্ধে একবারেই তিনি চিরকালের জন্য সেই মৃত্যুবরণ করেছেন; কিন্তু তাঁর যে জীবন আছে তার দ্বারা তিনি ঈশ্বরের উদ্দেশ্যেই জীবিত আছেন।

    11 একইভাবে, নিজেদের তোমরা পাপের ক্ষমতার প্রতি মৃত, কিন্তু খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের উদ্দেশে জীবিত বলে গণ্য করো। 12 অতএব, তোমাদের নশ্বর দেহে পাপকে কর্তৃত্ব করতে দিয়ো না, তা না হলে, তোমরা তার দৈহিক কামনাবাসনার আজ্ঞাবহ হয়ে পড়বে। 13 তোমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে দুষ্টতার উপকরণরূপে পাপের কাছে সমর্পণ কোরো না, বরং মৃত্যু থেকে জীবিত মানুষরূপে নিজেদের ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং তাঁর কাছে তোমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি ধার্মিকতার উপকরণরূপে সমর্পণ করো। 14 কারণ পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করবে না, কারণ তোমরা বিধানের অধীন নও, কিন্তু অনুগ্রহের অধীন।

  26. 39 ক্রুশার্পিত দুষ্কৃতীদের একজন তাঁকে কটূক্তি করে বলল, “তুমিই কি সেই খ্রীষ্ট নও? নিজেকে আর আমাদের বাঁচাও!”

    40 কিন্তু অপর দুষ্কৃতী তাকে তিরস্কার করে বলল, “তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমিও তো সেই একই দণ্ডভোগ করছ। 41 আমরা ন্যায়সংগত দণ্ডভোগ করছি, আমরা যা করেছি, তারই সমুচিত ফলভোগ করছি। কিন্তু এই মানুষটি কোনও অন্যায় করেননি।”

    42 তারপর সে বলল, “যীশু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন, তখন আমাকে স্মরণ করবেন।”

    43 যীশু তাকে উত্তর দিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে পরমদেশে উপস্থিত হবে।”

    44 তখন দুপুর প্রায় বারোটা। সেই সময় থেকে বিকেল তিনটে পর্যন্ত সমস্ত দেশের উপরে অন্ধকার ছেয়ে রইল। 45 সূর্যের আলো নিভে গেল। আর মন্দিরের পর্দাটি চিরে দু-টুকরো হল। 46 যীশু উচ্চকণ্ঠে বলে উঠলেন, “পিতা, তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি।” একথা বলে তিনি তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

    47 এই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে শত-সেনাপতি ঈশ্বরের প্রশংসা করে বললেন, “এই মানুষটি নিঃসন্দেহে ধার্মিক ছিলেন।” 48 এই দৃশ্য দেখার জন্য যারা সমবেত হয়েছিল, তারা তা দেখে বুকে আঘাত করতে করতে ফিরে গেল। 49 কিন্তু তাঁর পরিচিতজনেরা এবং গালীলের যে মহিলারা তাঁকে অনুসরণ করছিলেন, তাঁরা দূরে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা লক্ষ্য করলেন।

  27. 13 তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, “তুমি লেখো: ধন্য সেই মৃতজনেরা, যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে।”

    পবিত্র আত্মা বলছেন, “হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে।”

  28. 7 সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল।

  29. 22 কিন্তু এখন, যেহেতু তোমাদের পাপ থেকে মুক্ত করা হয়েছে এবং তোমরা ঈশ্বরের ক্রীতদাস হয়েছ, যে ফল তোমরা লাভ করছ, তা হল পবিত্রতা এবং তার পরিণাম হল অনন্ত জীবন। 23 কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অনন্ত জীবন।

  30. 6 আর আমি ইতিমধ্যে পানীয়-নৈবেদ্যর মতো সেচিত হয়েছি, আমার মহাপ্রস্থানের সময় এসে উপস্থিত হয়েছে। 7 আমি উত্তম সমরে সংগ্রাম করেছি। আমার দৌড় শেষ হয়েছে। আমি বিশ্বাস রক্ষা করেছি। 8 এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট যা ধর্মময় বিচারক, সেই প্রভু, সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদের সবাইকেই তা দেবেন।

  31. 7 “এমনকি একটি গাছেরও আশা আছে:

    সেটিকে কেটে ফেলা হলেও, তা আবার অঙ্কুরিত হয়,

    ও তার নতুন শাখার অভাব হয় না।

    8 সেটির মূল জমির নিচে পুরোনো হয়ে যেতে পারে

    ও তার গুঁড়ি মাটিতে মরে যেতে পারে,

    9 তবুও জলের গন্ধ পেলেই তা মুকুলিত হবে

    ও এক চারাগাছের মতো শাখাপ্রশাখা বিস্তার করবে।

    10 কিন্তু মানুষ মরে যায় ও কবরে শায়িত হয়;

    সে শেষনিশ্বাস ত্যাগ করে ও তার অস্তিত্ব বিলীন হয়ে যায়।

    11 যেভাবে হ্রদের জল শুকিয়ে যায়

    বা নদীর খাত রোদে পোড়ে ও শুকিয়ে যায়,

    12 সেভাবে সে শায়িত হয় ও আর ওঠে না;

    আকাশমণ্ডল বিলুপ্ত না হওয়া পর্যন্ত, মানুষজন আর জাগবে না

    বা তাদের ঘুম আর ভাঙানো যাবে না।

    13 “তুমি যদি শুধু আমাকে কবরে লুকিয়ে রাখতে

    ও তোমার ক্রোধ শান্ত না হওয়া পর্যন্ত আমাকে আড়াল করে রাখতে!

    তুমি যদি শুধু আমার জন্য একটি সময় স্থির করে দিতে

    ও তারপর আমায় স্মরণ করতে!

    14 যদি কেউ মারা যায়, সে কি আবার বেঁচে উঠবে?

    আমার কঠোর সেবাকাজের সবকটি দিন

    আমি আমার নবীকরণের জন্য অপেক্ষা করে থাকব।

    15 তুমি ডাকবে ও আমি তোমাকে উত্তর দেব;

    তোমার হাত যে প্রাণীকে সৃষ্টি করেছে, তুমি তার আকাঙ্ক্ষা করবে।

  32. 15 সদাপ্রভুর বিশ্বস্ত সেবাকারীদের মৃত্যু

    তাঁর চোখে বহুমূল্য।

  33. 18 আমি আরও নিজে মনে মনে বললাম, “মানুষের ক্ষেত্রে, ঈশ্বর তাদের পরীক্ষা করেন যেন তারা দেখতে পায় তারা পশুদেরই মতো। 19 কেননা মানুষের প্রতি যা ঘটে পশুর প্রতিও তাই ঘটে; উভয়ের জন্য একই পরিণতি অপেক্ষা করে এ যেমন মরে সেও তেমন মরে। তাদের সবার প্রাণবায়ু একই রকমের; পশুর থেকে মানুষের কোনো প্রাধান্য নেই। সবই অসার। 20 সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরি, আর মাটিতেই ফিরে যায়। 21 মানুষের আত্মা যে উপরে যায় আর পশুর আত্মা মাটির তলায় যায় তা কে জানে?”

    22 অতএব আমি দেখলাম যে নিজের কাজে আনন্দ করা ছাড়া আর ভালো কিছু মানুষের জন্য নেই, কারণ ওটিই তার পাওনা। কারণ তাদের মৃত্যুর পরে কি ঘটবে তা কে তাদের দেখাতে পারে?

  34. 28 “তোমরা একথায় বিস্মিত হোয়ো না, কারণ এমন এক সময় আসছে, যখন কবরস্থ লোকেরা সকলে তাঁর কণ্ঠস্বর শুনবে এবং 29 যারা সৎকাজ করেছে, তারা জীবনের পুনরুত্থানের জন্য, আর যারা দুষ্কর্ম করেছে, তারা বিচারের পুনরুত্থানের জন্য বের হয়ে আসবে।

  35. 19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,

    ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,

    যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;

    কারণ তুমি তো ধুলো,

    আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”

  36. 3 তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,

    মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।

    4 যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে,

    সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।

  37. 7 এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন

    সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর,

    সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;

    8 তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন।

    সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন;

    তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন।

    সদাপ্রভু একথা বলেছেন।

  38. 2 পৃথিবীর ধুলোর মধ্যে যারা ঘুমিয়ে আছে, তাদের অনেকে বেঁচে উঠবে, কেউ চিরস্থায়ী জীবন লাভ করার উদ্দেশে আবার কেউ লজ্জা ও চিরস্থায়ী ঘৃণার উদ্দেশে।

  39. 8 সেইজন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে বা তাঁরই বন্দি আমার বিষয়ে বলতে লজ্জাবোধ কোরো না। বরং, ঈশ্বরের শক্তিতে আমার সঙ্গে সুসমাচারের জন্য কষ্টভোগ স্বীকার করো। 9 আমাদের করা কোনো কাজের জন্য নয়, কিন্তু ঈশ্বর তাঁর নিজের পরিকল্পনা এবং অনুগ্রহ অনুসারে পরিত্রাণ দান করে আমাদের পবিত্র জীবনে আহ্বান করেছেন। সময় শুরু হওয়ার আগেই, তিনি খ্রীষ্ট যীশুতে এই অনুগ্রহ আমাদের দান করেছিলেন। 10 কিন্তু এখন আমাদের পরিত্রাতা খ্রীষ্ট যীশুর আগমনের দ্বারা সেই অনুগ্রহ প্রকাশিত হয়েছে। তিনি মৃত্যুর বিনাশ ঘটিয়ে সুসমাচারের মাধ্যমে জীবন ও অমরত্ব আলোতে নিয়ে এসেছেন।

  40. 12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,

    যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।

  41. 10 যাকোবের ধুলো, কে করতে গণনা পারে

    অথবা, ইস্রায়েলের এক-চতুর্থাংশের সংখ্যা নির্ণয় করতে পারে?

    ধার্মিকের মৃত্যুর মতো আমার মৃত্যু হোক,

    যেন তাদেরই অনুরূপ আমরাও পরিণতি হয়!”

  42. 5 যখন অমঙ্গলের দিন আসে,

    যখন দুষ্ট ছলনাকারী আমাকে ঘিরে ধরে, তখন আমি কেন ভীত হব?

    6 তারা তাদের সম্পত্তিতে আস্থা রাখে

    আর নিজেদের মহা ঐশ্বর্যে গর্ব করে।

    7 কেউ অপরের জীবন মুক্ত করতে পারে না

    অথবা তাদের জন্য ঈশ্বরকে মুক্তিপণ দিতে পারে না।

    8 জীবনের মুক্তিপণ বহুমূল্য;

    চিরকাল বেঁচে থাকার জন্য

    9 এবং মৃত্যু না দেখার জন্য

    কেউ যথেষ্ট পারিশ্রমিক দিতে পারে না।

    10 কারণ সবাই দেখে যে জ্ঞানীর মৃত্যু হয়,

    অচেতন ও মূর্খও বিনষ্ট হয়,

    তাদের সম্পত্তি অপরের জন্য রেখে যায়।

    11 যদিও তাদের ভূসম্পত্তি তাদেরই নামে ছিল,

    তাদের সমাধিই তাদের অনন্ত গৃহ,

    যেখানে তারা চিরকালের জন্য বসবাস করবে।

    12 মানুষ, তাদের ধনসম্পত্তি সত্ত্বেও, স্থায়ী হয় না;

    তারা পশুর মতো বিনষ্ট হয়।

  43. 10 কিন্তু খ্রীষ্ট যদি তোমাদের মধ্যে থাকেন, পাপের কারণে তোমাদের শরীর মৃত হলেও ধার্মিকতার কারণে তোমাদের আত্মা জীবিত। 11 যিনি যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তাঁর আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তাহলে যিনি খ্রীষ্টকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তিনি তোমাদের নশ্বর শরীরকেও তাঁর আত্মার মাধ্যমে সঞ্জীবিত করবেন, যিনি তোমাদের অন্তরে বাস করেন।

    12 অতএব ভাইবোনেরা, আমাদের আইনগত এক বাধ্যবাধকতা আছে—তা কিন্তু রক্তমাংসের বশে জীবনযাপন করার জন্য নয়। 13 কারণ তোমরা যদি রক্তমাংসের বশ্যতাধীনে জীবনযাপন করো, তোমাদের মৃত্যু হবে; কিন্তু পবিত্র আত্মার দ্বারা যদি শরীরের অপকর্মগুলি ধ্বংস করো, তোমরা জীবিত থাকবে।

  44. 17 তাঁকে দেখামাত্র আমি মৃত মানুষের মতো তাঁর চরণে পতিত হলাম। তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, “ভয় পেয়ো না, আমিই আদি ও অন্ত। 18 আমিই সেই জীবিত সত্তা; আমার মৃত্যু হয়েছিল, আর দেখো, আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি! আর মৃত্যু ও পাতালের চাবি আছে আমারই হাতে।

  45. 17 নিশ্চিতরূপে এ ছিল আমার উপকারের জন্য

    যে আমি এ ধরনের মর্মযন্ত্রণা ভোগ করেছি।

    ধ্বংসের গহ্বর থেকে তুমি

    তোমার ভালোবাসায় আমাকে রক্ষা করেছ;

    আমার সমস্ত পাপ নিয়ে

    তুমি তোমার পিছন দিকে ফেলে দিয়েছ।

    18 কারণ কবর তোমার প্রশংসা করতে পারে না,

    মৃত্যু করতে পারে না তোমার স্তব;

    যারা সেই গহ্বরে নেমে যায়,

    তারা তোমার বিশ্বস্ততার প্রত্যাশা করতে পারে না।

    19 জীবন্ত, কেবলমাত্র জীবন্ত লোকেরাই তোমার প্রশংসা করবে,

    যেমন আজ আমি তোমার প্রশংসা করছি;

    বাবারা তাদের সন্তানদের

    তোমার বিশ্বস্ততার কথা বলেন।

  46. 24 “আমি তোমাদের সত্যিই বলছি, যে আমার বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন লাভ করেছে। সে বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ সে মৃত্যু থেকে জীবনে পার হয়েছে। 25 আমি তোমাদের সত্যিই বলছি, সময় আসছে, বরং তা এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের রব শুনতে পাবে; আর যারা শুনবে, তারা জীবিত হবে। 26 কারণ পিতার মধ্যে যেমন জীবন আছে, তেমনই তিনি পুত্রকেও তাঁর মধ্যে জীবন রাখার অধিকার দিয়েছেন।

  47. 20 কিন্তু আমরা স্বর্গের নাগরিক। আমরা আগ্রহ সহকারে সেখান থেকে এক পরিত্রাতার প্রতীক্ষা করছি—অর্থাৎ, প্রভু যীশু খ্রীষ্টের, যিনি তাঁর যে ক্ষমতাবলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সমর্থ, 21 তারই দ্বারা আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করে, তাঁর গৌরবজ্জ্বল দেহের মতো করবেন।

  48. 8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”

  49. 42 মৃতদের পুনরুত্থানের ক্ষেত্রেও এরকমই হবে। ক্ষয়ে বপন করা হয়, কিন্তু অক্ষয়তায় উত্থাপিত করা হবে; 43 অনাদরে বপন করা হয়, মহিমায় তা উত্থাপিত করা হবে; দুর্বলতায় তা বপন করা হয়, পরাক্রমে তা উত্থাপিত হবে; 44 স্বাভাবিক দেহ বপন করা হয়, আত্মিক দেহ উত্থাপিত হবে।

    যদি স্বাভাবিক দেহ থাকে, তাহলে আত্মিক দেহও থাকে। 45 তাই এরকম লেখা আছে: “প্রথম মানুষ আদম হলেন এক জীবিত প্রাণী”; শেষ আদম হলেন এক জীবনদায়ী আত্মা।

  50. 22 এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ যেন ভাইবোনেদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে, তোমরা অন্তর থেকেই পরস্পরকে ভালোবাসো। 23 কারণ তোমরা ক্ষয়িষ্ণু বীর্য থেকে নয়, কিন্তু অক্ষয় বীর্য থেকে, অর্থাৎ, ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারা নতুন জন্ম লাভ করেছ। 24 কারণ,

    “সব মানুষই ঘাসের মতো,

    আর তাদের সব সৌন্দর্য মেঠো-ফুলের মতো;

    ঘাস শুকিয়ে যায় ও ফুল ঝরে পড়ে,

    25 কিন্তু প্রভুর বাক্য থাকে চিরকাল।”

    আর সুসমাচারের এই বাক্যই তোমাদের কাছে প্রচার করা হয়েছে।

  51. 1 সেই সময় হিষ্কিয় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তা মৃত্যুজনক হয়ে গেল। আমোষের ছেলে ভাববাদী যিশাইয় তাঁর কাছে গিয়ে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: তুমি বাড়ির সব ব্যবস্থা ঠিকঠাক করে রাখো, কারণ তুমি মরতে চলেছ; তুমি আর সেরে উঠবে না।”

    2 হিষ্কিয় দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন, 3 “হে সদাপ্রভু, স্মরণ করো, আমি কীভাবে তোমার সামনে বিশ্বস্ততায় ও সম্পূর্ণ হৃদয়ে ভক্তি প্রকাশ করেছি। তোমার দৃষ্টিতে যা কিছু মঙ্গলজনক, আমি তাই করেছি।” এই বলে হিষ্কিয় অত্যন্ত রোদন করতে লাগলেন।

    4 মাঝখানের প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার আগেই সদাপ্রভুর বাণী যিশাইয়ের কাছে উপস্থিত হল: 5 “তুমি ফিরে গিয়ে আমার প্রজাদের শাসনকর্তা হিষ্কিয়কে এই কথা বলো, ‘সদাপ্রভু, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর এই কথা বলেন: আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার অশ্রু দেখেছি; আমি তোমাকে সুস্থ করব। আজ থেকে তৃতীয় দিনের মাথায় তুমি সদাপ্রভুর মন্দিরে যাবে। 6 আমি তোমার জীবনের আয়ুর সঙ্গে আরও পনেরো বছর যোগ করব। এছাড়াও আমি তোমাকে ও এই নগরটিকে আসিরীয় রাজার হাত থেকে উদ্ধার করব। আমার স্বার্থে ও আমার দাস দাউদের স্বার্থেই আমি এই নগরকে রক্ষা করব।’ ”

  52. 32 যখন চরম দুর্দশা ঘনিয়ে আসে, তখন দুষ্টেরা পতিত হয়,

    কিন্তু মরণকালেও ধার্মিকেরা ঈশ্বরেই আশ্রয় খোঁজে।

  53. 6 একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।”

    আমি বললাম, “আমি কী ঘোষণা করব?”

    “সব মানুষই ঘাসের মতো

    আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।

    7 ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে,

    কারণ সদাপ্রভুর নিশ্বাস তাদের উপরে বয়ে যায়।

    সত্যিই সব মানুষ ঘাসের মতো।

    8 ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে,

    কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল।”

  54. 34 যীশু উত্তর দিলেন, “এই জগতের সন্তানেরা বিবাহ করে এবং তাদের বিবাহ দেওয়া হয়। 35 কিন্তু যারা সেই জগতের ও মৃতলোক থেকে পুনরুত্থানে অংশীদার হওয়ার যোগ্যরূপে বিবেচিত হয়েছে, তারা বিবাহ করবে না বা তাদের বিবাহও দেওয়া হবে না। 36 তাদের কখনও মৃত্যু হবে না, কারণ তারা হবে স্বর্গদূতের মতো। তাদের পুনরুত্থান বলে তারা ঈশ্বরের সন্তান। 37 কিন্তু জ্বলন্ত ঝোপের বর্ণনায় মোশিও দেখিয়েছেন যে মৃতেরা উত্থাপিত হয়, কারণ তিনি প্রভুকে ‘অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর,’ বলে অভিহিত করেছেন। 38 তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর। কারণ তাঁর কাছে সকলেই জীবিত।”

  55. 16 পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন যে, আমরা ঈশ্বরের সন্তান। 17 এখন, যদি আমরা সন্তান হই, তাহলে আমরা উত্তরাধিকারীও—ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রীষ্টের সঙ্গে সহ-উত্তরাধিকারী। কিন্তু যদি আমরা তাঁর মহিমার অংশীদার হতে চাই তবে তাঁর কষ্টভোগেরও অংশীদার হতে হবে।

    18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

  56. 10 আমি বললাম, “আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়ে

    আমাকে কি অবশ্যই মৃত্যুর দুয়ারগুলির মধ্য দিয়ে যেতে হবে

    এবং আমার আয়ুষ্কালের অবশিষ্ট সময় থেকে বঞ্চিত হতে হবে?”

    11 আমি বললাম, “আমি সদাপ্রভুকে আর দেখতে পাব না,

    জীবিতদের দেশে সদাপ্রভুকে দেখতে পাব না;

    আমি আর মানবকুলকে দেখতে পাব না,

    কিংবা যারা এই জগতে বসবাস করে, তাদের সঙ্গে থাকব না।

    12 আমার কাছ থেকে আমার আবাস

    মেষশাবকের তাঁবুর মতো তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে।

    তাঁতির মতো আমি আমার জীবন গুটিয়ে ফেলেছি

    এবং তিনি তাঁত থেকে আমাকে ছিন্ন করেছেন;

    দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।

    13 আমি প্রভাত পর্যন্ত ধৈর্যসহ অপেক্ষা করেছি,

    কিন্তু সিংহের মতোই তিনি আমার হাড়গুলি চূর্ণ করেছেন;

    দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।

  57. 28 যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো।

  58. 22 আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষ এখন ভালোমন্দের জ্ঞান পেয়ে আমাদের একজনের মতো হয়ে গিয়েছে। তাকে এই সুযোগ দেওয়া যাবে না, যেন সে তার হাত বাড়িয়ে আবার জীবনদায়ী গাছের ফল খেয়ে অমর হয়ে যায়।” 23 তাই সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদন বাগান থেকে নির্বাসিত করে সেই ভূমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন, যেখান থেকে তাঁকে তুলে আনা হয়েছিল। 24 সেই মানুষটিকে তাড়িয়ে দেওয়ার পর, এদন বাগানের পূর্বদিকে তিনি করূবদের মোতায়েন করে দিলেন এবং জীবনদায়ী গাছের কাছে পৌঁছানোর পথ রক্ষা করার জন্য ঘূর্ণায়মান জ্বলন্ত এক তরোয়ালও বসিয়ে দিলেন।

  59. 24 হনোক বিশ্বস্ততাপূর্বক ঈশ্বরের সাথে চলাফেরা করলেন; পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, কারণ ঈশ্বর তাঁকে তুলে নিলেন।

  60. 14 “এখন সমস্ত পৃথিবীর যে অন্তিম পথ, আমি সেই পথে যাচ্ছি। তোমরা সমস্ত মনেপ্রাণে জানো যে, সদাপ্রভু যে সমস্ত উৎকৃষ্ট প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলেন, সেগুলির একটিও ব্যর্থ হয়নি। সব প্রতিশ্রুতিই পূর্ণ হয়েছে; একটিও ব্যর্থ হয়নি।

  61. 4 নিজে একদিনের পথ পাড়ি দিয়ে মরুপ্রান্তরে চলে গেলেন। একটি খেংরা ঝোপের কাছে এসে, সেটির তলায় বসে তিনি নিজের মৃত্যু কামনা করে প্রার্থনা করলেন। “হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে,” তিনি বললেন। “আমার জীবন নিয়ে নাও; আমার পূর্বপুরুষদের চেয়ে আমি কোনোমতেই ভালো নই।” 5 এই বলে তিনি খেংরা ঝোপের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন।

    হঠাৎ করে একজন স্বর্গদূত তাঁকে স্পর্শ করে বলে উঠেছিলেন, “উঠে পড়ো ও খেয়ে নাও।” 6 তিনি চারপাশে তাকিয়েছিলেন, আর দেখতে পেয়েছিলেন যে তাঁর মাথার কাছে গরম কয়লার আগুনে সেঁকা কয়েকটি রুটি ও এক বয়াম জল রাখা আছে। তিনি ভোজনপান করে আবার শুয়ে পড়েছিলেন।

    7 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার ফিরে এসে তাঁকে স্পর্শ করে বললেন, “উঠে পড়ো ও খেয়ে নাও, কারণ এই যাত্রাটি তোমার পক্ষে বড়ো বেশি লম্বা হতে চলেছে।” 8 অতএব তিনি উঠে ভোজনপান করলেন। খাবার খেয়ে শক্তি লাভ করে তিনি সদাপ্রভুর পর্বত হোরেবে না পৌঁছানো পর্যন্ত চল্লিশ দিন চল্লিশ রাত হেঁটে গেলেন।

  62. 5 একজন মানুষের আয়ুর দিনগুলি নির্ধারিত হয়ে আছে;

    তার মাসের সংখ্যা তুমি স্থির করে রেখেছ

    ও এমন এক সীমা স্থাপন করেছ যা সে ছাড়িয়ে যেতে পারে না।

  63. 48 কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না,

    অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে?

  64. 29 যখন তুমি তোমার মুখ ঢেকে দাও,

    তারা আতঙ্কিত হয়;

    যখন তুমি তাদের শ্বাস নিয়ে নাও,

    তাদের মৃত্যু হয় আর তারা ধুলোতে ফিরে যায়।

  65. 1 সবকিছুর জন্য একটি সময় আছে,

    আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে:

    2 জন্মের সময় ও মরণের সময়,

    বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়,

    3 মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,

    ভেঙে ফেলবার সময় ও গড়বার সময়,

    4 কাঁদবার সময় ও হাসবার সময়,

    শোক করবার সময় ও নাচবার সময়,

    5 পাথর ছড়াবার সময় ও সেগুলি জড়ো করবার সময়,

    ভালোবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,

    6 খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,

    রাখবার সময় ও ফেলে দেবার সময়,

    7 ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,

    চুপ করবার সময় ও কথা বলবার সময়,

    8 ভালোবাসার সময় ও ঘৃণা করবার সময়,

    যুদ্ধের সময় ও শান্তির সময়।

  66. 4 যতক্ষণ দিনের আলো আছে, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই কাজ আমাদের করতে হবে। রাত্রি ঘনিয়ে আসছে, তখন কেউ আর কাজ করতে পারে না।

  67. 24 স্বয়ং তিনি ক্রুশের উপরে নিজ শরীরে আমাদের “পাপরাশি বহন করলেন,” যেন আমরা পাপসমূহের প্রতি মৃত্যুবরণ করে ধার্মিকতার প্রতি জীবিত হই; “তাঁরই সব ক্ষত দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছ।”

  68. 13 এই দেহরূপ তাঁবুতে আমি যতদিন বাস করব, ততদিন তোমাদের মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য বলে মনে করি। 14 কারণ আমি জানি, খুব শীঘ্রই আমাকে তা ছেড়ে যেতে হবে, প্রভু যীশু খ্রীষ্ট আমাকে তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন।

  69. 11 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনো আঘাত পাবে না।

  70. 1 এখন সদাপ্রভু ঈশ্বরের নির্মিত যে কোনো বন্যপশুর মধ্যে সাপই ছিল সবচেয়ে ধূর্ত। সে নারীকে বলল, “সত্যিই কি ঈশ্বর বলেছেন, ‘তোমরা অবশ্যই বাগানের কোনও গাছের ফল খেয়ো না’?”

    2 নারী সাপকে বললেন, “আমরা বাগানের গাছগুলি থেকে ফল খেতে পারি, 3 কিন্তু ঈশ্বর বলেছেন, ‘বাগানের মাঝখানে যে গাছটি আছে, তার ফল তোমরা অবশ্যই খাবে না, আর এটি তোমরা ছোঁবেও না, এমনটি করলে তোমরা মারা যাবে।’ ”

    4 “অবশ্যই তোমরা মরবে না,” সাপ নারীকে বলল। 5 “কারণ ঈশ্বর জানেন যে, যখন তোমরা এটি খাবে, তখন তোমাদের চোখ খুলে যাবে, ও তোমরা ভালোমন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে যাবে।”

    6 নারী যখন দেখলেন যে সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক, এবং জ্ঞানার্জনের পক্ষেও কাম্য, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তিনি তাঁর সেই স্বামীকেও কয়েকটি ফল দিলেন, যিনি তাঁর সঙ্গেই ছিলেন ও তিনিও তা খেলেন। 7 তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল, এবং তারা অনুভব করলেন যে তারা উলঙ্গ; তাই তারা ডুমুর গাছের পাতা একসাথে সেলাই করে নিজেদের জন্য আচ্ছাদন তৈরি করলেন।

  71. 21 বললেন:

    “মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি,

    আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব।

    সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন;

    সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”

  72. 23 আমি জানি তুমি আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে,

    সেই স্থানে নিয়ে যাবে, যা সব জীবিতজনের জন্য নিরূপিত হয়ে আছে।

  73. 15 কিন্তু ঈশ্বর আমাকে পাতালের গর্ভ থেকে মুক্ত করবেন;

    আমাকে তিনি নিশ্চয় তাঁর কাছে নিয়ে যাবেন।

  74. 59 তারা যখন তাঁকে পাথর দিয়ে আঘাত করছিল, স্তিফান প্রার্থনা করলেন, “প্রভু যীশু, আমার আত্মাকে তুমি গ্রহণ করো।” 60 তারপর তিনি নতজানু হয়ে চিৎকার করে বললেন, “প্রভু, এদের বিরুদ্ধে তুমি এই পাপ গণ্য করো না।” একথা বলার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

  75. 4 পরে আমি কতগুলি সিংহাসন দেখলাম। সেগুলির উপরে যাঁরা উপবিষ্ট ছিলেন, তাঁদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আর আমি তাদেরও আত্মা দেখলাম, যীশুর সপক্ষে তাদের দেওয়া সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের কারণে যাদের মাথা কেটে হত্যা করা হয়েছিল। তারা সেই পশু বা তার মূর্তির পূজা করেনি। তারা তার ছাপও তাদের কপালে কিংবা তাদের হাতে ধারণ করেনি। তারা পুনর্জীবন লাভ করে এক হাজার বছর খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল। 5 (সেই হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবন লাভ করল না।) এই হল প্রথম পুনরুত্থান। 6 ধন্য ও পবিত্র তাঁরা, যারা প্রথম পুনরুত্থানের অংশীদার হন। তাঁদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনও ক্ষমতা নেই, কিন্তু তাঁরা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হবেন এবং তাঁর সঙ্গে এক হাজার বছর রাজত্ব করবেন।

  76. 11 তিনি সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “তোমার দাসকে এই সমস্যার সম্মুখীন কেন করেছ? আমি কোন কাজ করতে তোমাকে অসন্তুষ্ট করেছি যে তুমি এই সমস্ত লোকের ভার আমার উপর চাপিয়ে দিলে? 12 এদের সবাইকে কি আমি গর্ভে ধারণ করেছিলাম? আমি কি তাদের জন্ম দিয়েছি? ধাত্রী যেমন শিশুসন্তান বহন করে, সেভাবে, কেন তুমি আমাকে বলেছিলে, তাদের বহন করে, পূর্বপুরুষদের কাছে করা শপথ অনুসারে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে? 13 এই সমস্ত লোকের জন্য আমি এখন কোথায় মাংস পাব? তারা আমার কাছে কেঁদে বলছে, ‘আমাদের খাবারের জন্য মাংস দাও!’ 14 আমি এককভাবে, এই সমস্ত লোকের দায়িত্ব বহন করতে পারব না। তা আমার শক্তির অতিরিক্ত। 15 আমার সঙ্গে অনুরূপ ব্যবহার যদি তোমার অভিপ্রেত হয়, তাহলে এই মুহূর্তেই আমাকে বধ করো, যদি তোমার দৃষ্টিতে কৃপা লাভ করে থাকি, আমাকে ধ্বংসের সম্মুখীন হতে দিয়ো না।”

  77. 4 “তুমি নিশ্চয় জানো যে প্রাচীনকাল থেকে,

    পৃথিবীতে যখন মানবজাতিকে স্থাপন করা হয়েছিল তখন থেকেই কীভাবে,

    5 দুষ্টদের হাসিখুশি ভাব ক্ষণস্থায়ী হয়ে আসছে,

    অধার্মিকদের আনন্দ শুধু এক মুহূর্তের জন্য স্থায়ী হয়ে আসছে।

    6 অধার্মিকের গর্ব যদিও আকাশমণ্ডল পর্যন্ত পৌঁছায়

    ও তার মাথা মেঘ স্পর্শ করে,

    7 তাও সে তার নিজের মলের মতো চিরতরে বিনষ্ট হবে;

    যারা তাকে চিনত, তারা বলবে, ‘সে কোথায় গেল?’

    8 স্বপ্নের মতো সে অদৃশ্য হয়ে যাবে, আর কখনও তাকে খুঁজে পাওয়া যাবে না,

    রাতের দর্শনের মতো তাকে সরিয়ে দেওয়া হবে।

    9 যে চোখ তাকে দেখেছিল তা আর তাকে দেখতে পাবে না;

    তার বাসস্থানও আর তার দিকে তাকাবে না।

    10 তার সন্তানেরা দরিদ্রদের ক্ষতিপূরণ করবে;

    তার নিজের হাতই তার সম্পত্তি ফিরিয়ে দেবে।

    11 তারুণ্যে ভরপুর যে প্রাণশক্তিতে তার অস্থি পরিপূর্ণ ছিল

    তা তারই সাথে ধুলোয় মিশে যাবে।

  78. 23 কেউ কেউ পূর্ণ প্রাণশক্তি থাকাকালীনই মারা যায়,

    যখন সে পুরোপুরি নিরাপদ ও স্বচ্ছন্দে থাকে,

    24 তার শরীর যথেষ্ট পুষ্ট থাকে,

    অস্থিও মজ্জা-সমৃদ্ধ অবস্থায় থাকে।

    25 অন্য কেউ আবার প্রাণের তিক্ততা নিয়েই মারা যায়,

    কখনও ভালো কোনো কিছুর স্বাদ না পেয়েই মারা যায়।

    26 পাশাপাশিই তারা ধুলোয় পড়ে থাকে,

    ও কীটপতঙ্গ তাদের উভয়কেই ঢেকে রাখে।

  79. 13 তখন দাউদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।”

    নাথন উত্তর দিলেন, “সদাপ্রভুও আপনার পাপ ক্ষমা করলেন। আপনি আর মরবেন না। 14 কিন্তু যেহেতু এ কাজ করে আপনি সদাপ্রভুকে চূড়ান্ত হেনস্থা করেছেন, তাই আপনার যে ছেলেটি জন্মাবে, সে মারা যাবে।”

    15 নাথন ঘরে ফিরে যাওয়ার পর সদাপ্রভু সেই শিশুটিকে আঘাত করলেন, যাকে ঊরিয়ের স্ত্রী দাউদের ঔরসে জন্ম দিলেন, ও সে অসুস্থ হয়ে পড়ল। 16 দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে মিনতি জানিয়েছিলেন। তিনি উপবাস করলেন ও কয়েকরাত মেঝের উপর চট পেতে শুয়েছিলেন। 17 তাঁর পরিবারের প্রাচীনেরা তাঁর পাশে বসে তাঁকে মেঝে থেকে তোলার চেষ্টা করলেন, কিন্তু তিনি রাজি হননি, ও তিনি তাদের সঙ্গে ভোজনপানও করতে চাননি।

    18 সপ্তম দিনে শিশুটি মারা গেল। দাউদের কর্মচারীরা তাঁকে বলার সাহস পায়নি যে শিশুটি মারা গিয়েছে, কারণ তারা ভেবেছিল, “শিশুটি যখন বেঁচে ছিল, তখনই তো তিনি আমাদের কথা শোনেননি। তবে এখন আমরা তাঁকে কীভাবে বলব যে শিশুটি মারা গিয়েছে? তিনি হয়তো চরম কোনও পদক্ষেপ নিতে পারেন।”

    19 দাউদ লক্ষ্য করলেন যে তাঁর কর্মচারীরা নিজেদের মধ্যে কানাকানি করছে, ও তিনি বুঝতে পেরেছিলেন যে শিশুটি মারা গিয়েছে। “শিশুটি কি মারা গিয়েছে?” তিনি জিজ্ঞাসা করলেন।

    “হ্যাঁ,” তারা উত্তর দিয়েছিল, “সে মারা গিয়েছে।”

    20 তখন দাউদ মেঝে থেকে উঠলেন। স্নান করে, তেল মেখে ও পোশাক বদলে তিনি সদাপ্রভুর গৃহে গিয়ে আরাধনা করলেন। পরে তিনি নিজের বাসায় গেলেন, ও তাঁর অনুরোধে তারা তাঁর সামনে খাবার পরিবেশন করল, ও তিনি ভোজনপান করলেন।

    21 তাঁর কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করল, “আপনি এরকম আচরণ করলেন কেন? শিশুটি যখন বেঁচে ছিল, তখন তো আপনি উপবাস করলেন ও কান্নাকাটিও করলেন, কিন্তু এখন শিশুটি যখন মারা গিয়েছে, আপনি উঠে ভোজনপান করলেন!”

    22 তিনি উত্তর দিলেন, “শিশুটি যখন বেঁচে ছিল, তখন আমি উপবাস করে কান্নাকাটি করলাম। আমি ভেবেছিলাম, ‘কে জানে? সদাপ্রভু হয়তো আমার প্রতি করুণা দেখাবেন ও শিশুটিকে বাঁচিয়ে রাখবেন।’ 23 কিন্তু এখন যেহেতু সে মারা গিয়েছে, আমি কেনই বা উপবাস করব? আমি কি তাকে ফিরিয়ে আনতে পারব? আমি তার কাছে যাব, কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না।”

  80. 23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;

    তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

    24 তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,

    এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।

    25 তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?

    তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।

    26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,

    কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি

    আর আমার চিরকালের উত্তরাধিকার।

    27 যারা তোমার থেকে দূরবর্তী তারা বিনষ্ট হবে;

    যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সবাইকে তুমি ধ্বংস করবে।

    28 কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য ভালো।

    সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি;

    আমি তোমার সমস্ত কাজের প্রচার করব।

  81. 15 তারপর তিনি তাদের বললেন, “সজাগ থেকো! সমস্ত রকম লোভ থেকে নিজেদের রক্ষা কোরো; সম্পদের প্রাচুর্যের উপরে মানুষের জীবনের অস্তিত্ব নির্ভর করে না।”

    16 আর তিনি তাদের এই রূপকটি বললেন: “এক ধনবান ব্যক্তির জমিতে প্রচুর ফসল হয়েছিল। 17 সে চিন্তা করল, ‘আমি কী করব? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’

    18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। 19 তারপর নিজেকে বলব, “তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছ। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।” ’

    20 “কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছ, তখন কে তা ভোগ করবে?’

    21 “যে নিজের জন্য ধন সঞ্চয় করে, অথচ ঈশ্বরের উদ্দেশে ধনী নয়, তার পরিণতি এরকমই হবে।”

  82. 23 সে পাতালে নিদারুণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল। সেখান থেকে সে দৃষ্টি ঊর্ধ্বে তুলে দূরে অব্রাহামের পাশে লাসারকে দেখতে পেল। 24 তাই সে তাঁকে ডাকল, ‘পিতা অব্রাহাম, আমার প্রতি কৃপা করুন; লাসারকে পাঠিয়ে দিন, সে যেন আঙুলের ডগায় জল নিয়ে আমার জিভ ঠান্ডা করে দেয়। কারণ এই আগুনে আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছি।’

  83. 27 আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি, আর তারা আমাকে অনুসরণ করে। 28 আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। 29 আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। 30 আমি ও পিতা, আমরা এক।”

  84. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  85. 16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।