65 Bible Verses About Adultery
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
27 “তোমরা শুনেছ, এরকম বলা হয়েছিল, ‘তোমরা ব্যভিচার কোরো না।’ 28 কিন্তু আমি তোমাদের বলছি যে, কেউ যদি কোনো নারীর প্রতি কামলালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তক্ষুনি মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। 29 তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। 30 আর যদি তোমার ডান হাত তোমার পাপের কারণ হয়, তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো।
31 “এরকম বলা হয়েছে, ‘কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, তাহলে সে যেন অবশ্যই তাকে বিচ্ছেদের ত্যাগপত্র লিখে দেয়।’ 32 কিন্তু আমি তোমাদের বলছি, বৈবাহিক জীবনে অবিশ্বস্ততার কারণ ছাড়া কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারিণী করে তোলে এবং পরিত্যক্ত সেই নারীকে যে বিবাহ করে, সেও ব্যভিচার করে।
-
14 তুমি ব্যভিচার কোরো না।
15 তুমি চুরি কোরো না।
16 তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
17 তুমি তোমার প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ কোরো না। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর, বা তার দাস বা দাসীর, তার বলদের বা গাধার, বা তোমার প্রতিবেশীর অধিকারভুক্ত কোনো কিছুর প্রতি লোভ কোরো না।”
18 যখন লোকেরা বজ্রপাত হতে ও বিদ্যুৎ চমকাতে দেখল এবং শিঙার শব্দ শুনল ও পর্বত ধোঁয়ায় ঢেকে যেতে দেখল, তখন তারা ভয়ে কেঁপে উঠল। তারা দূরে দাঁড়িয়ে পড়ল 19 এবং মোশিকে বলল, “আপনি নিজেই আমাদের সঙ্গে কথা বলুন ও আমরা তা শুনব। কিন্তু ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা না বলেন পাছে আমরা মারা যাই।”
-
23 কারণ এই আদেশটি এক প্রদীপ,
এই শিক্ষাটি এক আলো,
এবং সংশোধন ও উপদেশ—
এগুলি হল জীবনের পথ,
24 যা তোমাকে প্রতিবেশীর স্ত্রী থেকে,
স্বৈরিণী স্ত্রীর স্নিগ্ধ কথাবার্তা থেকে দূরে সরিয়ে রাখবে।
25 তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে কামভাব জাগিয়ে তুলো না
বা সে যেন তার চোখের মায়ায় তোমাকে বন্দি না করে ফেলে।
26 কারণ এক টুকরো রুটির বিনিময়ে বেশ্যাকে পাওয়া যায়,
কিন্তু পরস্ত্রী তোমার প্রাণটিই শিকার করে বসবে।
27 একজন মানুষ কোলে আগুন রাখবে
আর তার পোশাক পুড়বে না, এও কি সম্ভব?
28 একজন মানুষ জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটবে
আর তার পা ঝলসাবে না, এও কি সম্ভব?
29 যে পরস্ত্রীর সাথে শোয় তার দশাও এরকমই হয়;
যে সেই স্ত্রীকে স্পর্শ করে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয় না।
30 যে চোর খিদের জ্বালায় ভুগে খিদে মেটানোর জন্য চুরি করে
তাকে লোকেরা ঘৃণা করে না।
31 অথচ সে যদি ধরা পড়ে, তাকেও সাতগুণ ফিরিয়ে দিতে হবে,
এর জন্য যদিও বা তার বাড়ির সব ধনসম্পদ হারাতে হয়, তাও তাকে তা দিতেই হবে।
32 কিন্তু যে ব্যভিচার করে তার কোনও বোধবুদ্ধি নেই;
যে কেউ এরকম করে সে নিজেকেই ধ্বংস করে ফেলে।
33 আঘাত ও অপমানই তার প্রাপ্য,
ও তার লজ্জা কখনোই ঘুচবে না।
34 কারণ ঈর্ষা একজন স্বামীর ক্ষিপ্ততা জাগিয়ে তোলে,
ও প্রতিশোধ নেওয়ার সময় সে কোনও দয়া দেখাবে না।
35 সে কোনও ক্ষতিপূরণ গ্রহণ করবে না;
সে ঘুস প্রত্যাখ্যান করবে, পরিমাণে তা যতই বেশি হোক না কেন।
-
9 তোমরা কি জানো না, যে যারা অধার্মিক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না? তোমরা বিভ্রান্ত হোয়ো না। কারণ যারা বিবাহ-বহির্ভূত সংসর্গকারী, বা প্রতিমাপূজক, বা ব্যভিচারী, বা সমকামী 10 বা চোর বা লোভী বা মদ্যপ বা কুৎসা-রটনাকারী বা পরধনগ্রাহী, তারা কেউই ঈশ্বরের রাজ্যে অধিকার লাভ করবে না। 11 আর তোমরাও কেউ কেউ সেইরকমই ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মার দ্বারা ধৌত হয়েছ, শুচিশুদ্ধ হয়েছ ও নির্দোষ প্রতিপন্ন হয়েছ।
-
4 বিবাহ-সম্পর্ককে সবারই সম্মান করা উচিত এবং বিবাহ-শয্যা শুচিশুদ্ধ রাখতে হবে। কারণ ব্যভিচারীদের ও অবৈধ-সংসর্গকারীদের বিচার ঈশ্বর করবেন।
-
6 রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে। 7 আমি ভেবেছিলাম, এসব কিছু করার পরে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে এল না এবং তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখল। 8 অবিশ্বস্ত ইস্রায়েলের ব্যভিচারের জন্য তাকে আমি ত্যাগপত্র দিয়ে দূর করে দিয়েছি। কিন্তু তাতেও তার অবিশ্বস্তা বোন যিহূদার মধ্যে কোনো ভয় আমি দেখতে পেলাম না; সেও চলে গেল এবং ব্যভিচারে লিপ্ত হল। 9 যেহেতু ইস্রায়েলের নীতিভ্রষ্টতা তার কাছে গুরুত্বহীন তাই, সে দেশকে কলুষিত করেছে এবং কাঠ ও পাথরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 10 কিন্তু এসব সত্ত্বেও, তার অবিশ্বস্ত বোন যিহূদা আন্তরিকতার সঙ্গে আমার কাছে ফিরে আসেনি, সে শুধু দুঃখিত হওয়ার ভান করেছে মাত্র,” সদাপ্রভু এই কথা বলেন।
-
3 কারণ ব্যভিচারিণীর ঠোঁট থেকে মধু ঝরে,
ও তার কথাবার্তা তেলের চেয়েও মসৃণ;
4 কিন্তু শেষে দেখা যায় সে পিত্তের মতো তেতো,
দুদিকে ধারবিশিষ্ট তরোয়ালের মতো ধারালো।
5 তার পা মৃত্যুর দিকে নেমে যায়;
তার পদক্ষেপ সোজা কবরে গিয়ে পৌঁছায়।
6 সে জীবনের পথের বিষয়ে কিছুই ভাবে না;
সে উদ্দেশ্যবিহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়,
কিন্তু সে তা বুঝতেও পারে না।
7 এখন তবে, হে আমার বাছারা, আমার কথা শোনো;
আমি যা বলছি তা থেকে মুখ ফিরিয়ো না।
8 সেই মহিলা থেকে দূরত্ব বজায় রেখে চলো,
তার বাড়ির দরজার কাছে যেয়ো না,
9 পাছে তুমি অন্যান্য লোকজনের কাছে তোমার সম্মান হারাও
ও নিষ্ঠুর মানুষের কাছে তোমার মর্যাদা হারাও,
10 পাছে অপরিচিত লোকেরা তোমার ধনসম্পদ ভোগ করে
ও তোমার পরিশ্রম অন্যের বাড়িঘর সমৃদ্ধ করে।
11 জীবনের শেষকালে পৌঁছে তুমি গভীর আর্তনাদ করবে,
যখন তোমার মাংস ও শরীর ক্ষয়ে যাবে।
12 তুমি বলবে, “আমি শৃঙ্খলাপরায়ণতাকে কতই না ঘৃণা করতাম!
আমার হৃদয় সংশোধনকে কতই না পদদলিত করত!
13 আমি আমার শিক্ষকদের বাধ্য হইনি
বা আমার উপদেশকদের কথায় কর্ণপাত করিনি।
14 আর আমি ঈশ্বরের লোকদের সমাজে
অচিরেই চরম অসুবিধায় পড়েছিলাম।”
15 নিজের জলাধার থেকেই তুমি জলপান করো,
নিজের কুয়ো থেকেই প্রবাহমান জলপান করো।
16 তোমার ঝরনা কি পথঘাট ভাসিয়ে দেবে,
তোমার জলপ্রবাহ কি নগরের চকে বয়ে যাবে?
17 তা শুধু তোমারই হোক,
অপরিচিত লোকেরা যেন কখনও তাতে ভাগ না বসায়।
18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,
ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।
19 সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—
তার স্তন দুটি সর্বদা তোমাকে তৃপ্তি দিক,
তার প্রেমে তুমি সর্বক্ষণ মত্ত হয়ে থাকো।
20 কেন, হে আমার বাছা, অন্য একজনের স্ত্রীতে মত্ত হবে?
কেন এক স্বৈরিণী নারীর বক্ষ আলিঙ্গন করবে?
21 কারণ তোমার সব চালচলন সদাপ্রভু লক্ষ্য রাখেন,
ও তিনি তোমার সব গতিবিধি পরীক্ষা করেন।
22 দুষ্টদের দুষ্কর্মগুলি তাদের ফাঁদে ফেলে;
তাদের পাপের দড়িগুলি তাদেরই শক্ত করে বেঁধে ফেলে।
23 শৃঙ্খলাপরায়ণতার অভাবে তারা মারা যায়,
নিজেদের মহামূর্খতার দরুন তারা বিপথগামী হয়।
-
10 “ ‘যদি কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে—তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে—ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ের অবশ্যই প্রাণদণ্ড হবে।
11 “ ‘যদি কোনো পুরুষ তার বাবার স্ত্রীর সঙ্গে শয়ন করে, সে তার বাবাকে অশ্রদ্ধা করেছে। সেই পুরুষ ও নারী উভয়ের অবশ্যই মৃত্যুদণ্ড হবে; তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।
12 “ ‘যদি কেউ তার ছেলের বউ-এর সঙ্গে শয়ন করে তাদের উভয়ের প্রাণদণ্ড হবে। তারা যা করেছে তা স্বেচ্ছাচারিতা; তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।
-
8 যীশু উত্তর দিলেন, “তোমাদের মন কঠোর বলেই মোশি তোমাদের স্ত্রীকে ত্যাগ করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু প্রথম থেকে এরকম বিধান ছিল না। 9 আমি তোমাদের বলছি, বৈবাহিক জীবনে অবিশ্বস্ততার কারণ ছাড়া কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে অপর কোনো নারীকে বিবাহ করে, সে ব্যভিচার করে।”
-
20 তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে তাদের ভ্রান্তপথে চালিত করছে। 21 তার ব্যভিচার থেকে মন পরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি। 22 সেই কারণে, আমি তাকে কষ্টভোগে শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করছে, তারা যদি তার শেখানো পথ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচণ্ড যন্ত্রণায় ফেলব। 23 আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী এবং আমি তোমাদের প্রত্যেককে, তার কাজ অনুযায়ী প্রতিফল দেব। 24 এখন অবশিষ্ট তোমরা যারা থুয়াতীরাতে আছ, যারা তার শিক্ষাগ্রহণ করোনি এবং শয়তানের তথাকথিত গভীর তত্ত্বকথা গ্রহণ করোনি, ‘আমি তোমাদের উপরে আর কোনও ভার চাপাতে চাই না: 25 তোমাদের যা আছে, আমার আগমন পর্যন্ত কেবলমাত্র সেটুকুই দৃঢ়রূপে পালন করো।’
-
10 “তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না,
তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না,
কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে
নিজেদেরকে দিতে 11 বেশ্যাবৃত্তিতে;
সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য,
যেগুলি আমার প্রজাদের বুদ্ধি-বিবেচনা হরণ করে।
12 আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে,
এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়।
বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে;
তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।
13 তারা পর্বতশীর্ষের উপরে বলিদান করে
এবং বিভিন্ন পাহাড়ে হোমবলি উৎসর্গ করে,
ওক, ঝাউ ও তার্পিন গাছের তলে
যেখানে ছায়া বেশ মনোরম।
সেই কারণে, তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে
ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়।
14 “তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে,
বা তোমাদের পুত্রবধূরা
ব্যভিচারে লিপ্ত হলে,
আমি তাদের শাস্তি দেব না,
কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায়
ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে,
এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে!
-
11 তিনি উত্তর দিলেন, “যে নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীকে বিবাহ করে, সে তার বিরুদ্ধে ব্যভিচার করে। 12 আর নারী যদি তার স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষকে বিবাহ করে, সেও ব্যভিচার করে।”
-
3 তখন শাস্ত্রবিদ এবং ফরিশীরা ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক নারীকে নিয়ে এল। তারা সকলের সামনে তাকে দাঁড় করিয়ে দিয়ে 4 তারা যীশুকে বলল, “গুরুমহাশয়, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার মুহূর্তে ধরা পড়েছে। 5 মোশি তাঁর বিধানে এই ধরনের স্ত্রীলোককে পাথর মারার আদেশ দিয়েছেন। এখন এ বিষয়ে আপনার অভিমত কী?” 6 তারা এই প্রশ্নটি ফাঁদ হিসেবে প্রয়োগ করল, যেন যীশুকে অভিযুক্ত করার মতো কোনো সূত্র পেতে পারে।
কিন্তু যীশু নত হয়ে তাঁর আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। 7 কিন্তু তারা যখন তাঁকে বারবার প্রশ্ন করল, তিনি সোজা হয়ে তাদের বললেন, “তোমাদের মধ্যে কেউ যদি নিষ্পাপ থাকে, তাহলে প্রথমে সেই তাকে পাথর মারুক,” 8 বলে তিনি আবার নত হয়ে মাটিতে লিখতে লাগলেন।
9 যারা একথা শুনল তারা, প্রবীণ থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত একে একে সরে পড়তে লাগল। সেখানে শুধু যীশু রইলেন, আর দাঁড়িয়ে থাকল সেই নারী। 10 যীশু সোজা হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, “নারী, ওরা সব গেল কোথায়? কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করেনি?”
11 সে বলল, “একজনও নয়, প্রভু।”
যীশু বললেন, “তাহলে আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না। এখন যাও, আর কখনও পাপ কোরো না।”
-
6 এখন এ সমস্ত বিষয় দৃষ্টান্তস্বরূপ হয়েছিল, যেন তাঁদের মতো আমরাও মন্দ বিষয়ে আসক্ত না হই। 7 তাঁদের মধ্যে যেমন কিছু প্রতিমাপূজক ছিল, তোমরা তাঁদের মতো হোয়ো না, যেমন লেখা আছে: “লোকেরা ভোজনপান করার জন্য বসে পড়ল, তারপর উঠে পরজাতীয়দের মতো হুল্লোড়ে মত্ত হল।” 8 তাঁদের মধ্যে কেউ কেউ যেমন অনৈতিক যৌনাচারে মত্ত হয়েছিল এবং একদিনে তেইশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, আমরাও যেন তেমনই ব্যভিচার না করি। 9 তাঁদের কেউ কেউ যেমন মশীহের পরীক্ষা করেছিল ও সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিল, আমরাও যেন তেমন না করি। 10 আবার তাদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে যেমন মৃত্যুদূতের দ্বারা নিহত হয়েছিল, তোমরাও তেমন কোরো না।
11 এসব বিষয় তাঁদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদের সতর্ক করার জন্যই সেগুলি লেখা হয়েছে—যাদের উপরে শেষ সময় এসে উপস্থিত হয়েছে। 12 তাই, তোমরা যদি মনে করো যে, তোমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছ, সতর্ক থেকো, যেন তোমাদের পতন না ঘটে। 13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
14 সেই কারণে, আমার প্রিয় বন্ধুরা, তোমরা প্রতিমাপূজা থেকে পালিয়ে যাও।
-
14 ঈশ্বর তাঁর পরাক্রমের দ্বারা প্রভুকে মৃত্যু থেকে উত্থাপিত করেছেন এবং তিনি আমাদেরও উত্থাপিত করবেন। 15 তোমরা কি জানো না যে, তোমাদের দেহ স্বয়ং খ্রীষ্টেরই অঙ্গ? তাহলে আমি কি খ্রীষ্টের অঙ্গগুলিকে নিয়ে কোনো বেশ্যার সঙ্গে সংযুক্ত করব? কখনোই নয়! 16 তোমরা কি জানো না, যে নিজেকে বেশ্যার সঙ্গে সংযুক্ত করে, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ এরকম বলা হয়েছে, “সেই দুজন একাঙ্গ হবে।” 17 কিন্তু যে নিজেকে প্রভুর সঙ্গে সংযুক্ত করে, সে তাঁর সঙ্গে একাত্ম হয়।
18 তোমরা অবৈধ সংসর্গ থেকে পালিয়ে যাও। কোনো মানুষ অন্য যেসব পাপাচারে লিপ্ত হয়, তার সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই, কিন্তু যে যৌন-পাপ করে, সে তার নিজের দেহের বিরুদ্ধেই পাপ করে। 19 তোমরা কি জানো না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? 20 তোমরা আর তোমাদের নিজের নও, তোমাদের মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। অতএব, তোমাদের দেহ দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো।
-
22 কোনো লোককে যদি অন্য লোকের স্ত্রীর সঙ্গে শুতে দেখা যায়, তবে যে তার সঙ্গে শুয়েছে সেই পুরুষ ও সেই স্ত্রীলোক দুজনকেই মেরে ফেলবে। তোমরা তোমাদের মধ্য থেকে এরকম দুষ্টতা শেষ করে দেবে।
23 বিয়ে ঠিক হয়ে আছে এমন কোনও কুমারী মেয়েকে নগরের মধ্যে পেয়ে যদি কেউ তার সঙ্গে শোয়, 24 তোমরা দুজনকেই নগরের দ্বারের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে—মেয়েটিকে মেরে ফেলবে কারণ নগরের মধ্যে থেকেও সে সাহায্যের জন্য চিৎকার করেনি, আর পুরুষটিকে মেরে ফেলতে হবে কারণ সে অন্যের স্ত্রীকে নষ্ট করেছে। তোমরা তোমাদের মধ্য থেকে এরকম দুষ্টতা শেষ করে দেবে।
25 কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে এমন কোনও মেয়েকে মাঠে পেয়ে যদি তাকে কোনও পুরুষ ধর্ষণ করে, তবে যে লোকটি তা করবে কেবল তাকেই মেরে ফেলবে।
-
1 এখন যেসব বিষয়ে তোমরা লিখেছ: “বিবাহ না করা পুরুষের পক্ষে মঙ্গলজনক।” 2 কিন্তু যৌনাচার এত বেশি যে, প্রত্যেক পুরুষের পক্ষে তার নিজের স্ত্রী ও প্রত্যেক নারীর পক্ষে তার নিজের স্বামী থাকা উচিত। 3 স্বামী তার স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য পালন করুক ও একইভাবে স্ত্রীও তার স্বামীর প্রতি তা করুক। 4 স্ত্রীর দেহ কেবলমাত্র তার নিজের অধিকারভুক্ত নয়, কিন্তু তার স্বামীরও। একইভাবে, স্বামীর দেহ কেবলমাত্র তার অধিকারভুক্ত নয়, কিন্তু তার স্ত্রীরও। 5 পরস্পরের সম্মতি ছাড়া কেউ কাউকে বঞ্চিত কোরো না, কিন্তু প্রার্থনায় নিজেদের নিয়োজিত করার জন্য কিছু সময় পৃথক থাকতে পারো। তারপর পুনরায় একত্র মিলিত হবে, যেন তোমাদের আত্মসংযমের অভাবে শয়তান তোমাদের প্রলোভনে ফেলতে না পারে।
-
4 ব্যভিচারীর দল, তোমরা কি জানো না, জগতের সঙ্গে বন্ধুত্ব হল ঈশ্বরের প্রতি ঘৃণার নিদর্শন? কোনো ব্যক্তি যদি জগতের সঙ্গে বন্ধুত্বকে বেছে নেয়, সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। 5 তোমরা কি জানো না যে শাস্ত্র কী বলে? যে আত্মাকে তিনি আমাদের মধ্যে অধিষ্ঠান করতে দিয়েছেন, তিনি চান যেন তিনি শুধু তাঁরই হয়ে থাকেন। ঈশ্বর এই আত্মাকে আমাদের মধ্যে বসবাস করতে দিয়েছেন। তোমাদের কি মনে হয় না যে শাস্ত্রে একথা বলার এক কারণ আছে? 6 কিন্তু তিনি আমাদের আরও বেশি অনুগ্রহ-দান করেন। এই কারণেই শাস্ত্র বলে:
“ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন,
কিন্তু নতনম্রদের অনুগ্রহ-দান করেন।”
7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।
-
9 “আমার অন্তর যদি রমণীতে আকৃষ্ট হয়,
বা আমি যদি আমার প্রতিবেশীর দরজায় ওৎ পেতে থাকি,
10 তবে আমার স্ত্রী যেন অন্য লোকের শস্য পেষাই করে,
ও অন্য পুরুষ যেন তার সাথে শোয়।
11 কারণ তা হবে জঘন্য অপরাধ,
এমন এক পাপ যা দণ্ডনীয়।
12 এটি এমন এক আগুন যা পুড়িয়ে বিনাশে পৌঁছে দেয়;
তা আমার পাকা ফসল নির্মূল করে দিতে পারত।
-
9 তুমি কেন সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার দ্বারা তাঁর বাক্য অগ্রাহ্য করেছ? তুমি হিত্তীয় ঊরিয়কে তরোয়াল দিয়ে আঘাত করেছ এবং তার স্ত্রীকে নিজের স্ত্রী করে নিয়েছ। তুমি তাকে অম্মোনীয়দের তরোয়াল দিয়ে হত্যা করলে। 10 এখন তাই, তরোয়াল কখনোই তোমার বংশ থেকে দূর হবে না, কারণ তুমি আমাকে অগ্রাহ্য করলে ও হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে তোমার নিজের স্ত্রী করে নিয়েছিলে।’
11 “সদাপ্রভু একথাই বলেন: ‘তোমার পরিবার থেকেই আমি তোমার উপর বিপর্যয় নিয়ে আসতে চলেছি। তোমার নিজের চোখের সামনেই আমি তোমার স্ত্রীদের নিয়ে এমন একজনের হাতে তুলে দেব, যে তোমার খুব ঘনিষ্ঠ, আর সে স্পষ্ট দিনের আলোতেই তোমার স্ত্রীদের সঙ্গে বিছানায় শোবে। 12 তুমি তো গোপনে এ কাজ করলে, কিন্তু আমি স্পষ্ট দিনের আলোতেই সব ইস্রায়েলের সামনে এমনটি করব।’ ”
13 তখন দাউদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।”
নাথন উত্তর দিলেন, “সদাপ্রভুও আপনার পাপ ক্ষমা করলেন। আপনি আর মরবেন না। 14 কিন্তু যেহেতু এ কাজ করে আপনি সদাপ্রভুকে চূড়ান্ত হেনস্থা করেছেন, তাই আপনার যে ছেলেটি জন্মাবে, সে মারা যাবে।”
-
17 তোমরা কি দেখতে পাও না, যা কিছু মুখের ভিতর দিয়ে প্রবেশ করে তা পাকস্থলীতে যায় ও তারপর শরীর থেকে বের হয়ে যায়? 18 কিন্তু যেসব বিষয় মুখ থেকে বার হয়ে আসে, তা হৃদয় থেকে আসে এবং সেগুলিই কোনো মানুষকে অশুচি করে তোলে। 19 কারণ মানুষের হৃদয় থেকে উৎপন্ন হয় কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার, চুরি, মিথ্যা সাক্ষ্য, পরনিন্দা। 20 এগুলিই কোনো মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খাবার খেলে সে ‘অশুচি’ হয় না।”
-
1 যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এবং যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের কাছে উপস্থিত হল:
2 সদাপ্রভু যখন হোশেয়ের মাধ্যমে কথা বলা শুরু করলেন, তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি যাও, এক ব্যভিচারী স্ত্রী ও অবিশ্বস্ততার সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এক ভয়ংকর ব্যভিচার করেছে।” 3 তাই তিনি গিয়ে দিবলায়িমের কন্যা গোমরকে বিবাহ করলেন, এবং সে গর্ভবতী হয়ে তাঁর জন্য এক পুত্র প্রসব করল।
-
18 “যে নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীকে বিবাহ করে, সে ব্যভিচার করে এবং যে পুরুষ কোনও বিবাহবিচ্ছিন্ন নারীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে।
-
2 উদাহরণস্বরূপ, কোনো বিবাহিত নারী, যতদিন তার স্বামী জীবিত থাকে ততদিন সে তার সঙ্গে বিবাহের বাঁধনে যুক্ত থাকে; কিন্তু যদি তার স্বামী মারা যায়, সে বিবাহের বাঁধন থেকে মুক্ত হয়। 3 সেই কারণে, তার স্বামী জীবিত থাকাকালীন সে যদি অপর পুরুষকে বিবাহ করে, সে ব্যভিচারিণীরূপে গণ্য হবে। কিন্তু যদি তার স্বামী মারা যায়, সে বিধান থেকে মুক্ত হয়। ফলে সে অপর পুরুষকে বিবাহ করলেও আর ব্যভিচারিণী হয় না।
-
19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।
-
3 ফলত, ঈশ্বরের ইচ্ছা এই যে, তোমরা পবিত্র হও, বিবাহ-বহির্ভূত যৌনাচার থেকে দূরে থাকো; 4 যেন তোমরা প্রত্যেকে এই শিক্ষা লাভ করো যে শরীরকে সংযত রেখে কীভাবে পবিত্র ও সম্মানজনক জীবনযাপন করতে হয়, 5 যারা ঈশ্বরকে জানে না, এমন বিধর্মী লোকদের মতো জাগতিক কামনার বশে নয়; 6 আর এই ব্যাপারে কেউ যেন তার ভাইয়ের (বা, বোনের) প্রতি কোনো অন্যায় আচরণ বা প্রতারণা না করে। এরকম সব পাপের জন্য প্রভু মানুষকে শাস্তি দেবেন, একথা আমরা তোমাদের আগেই বলেছি এবং সতর্ক করে দিয়েছি। 7 ঈশ্বর আমাদের পবিত্র জীবনযাপন করার জন্য আহ্বান করেছেন, অশুচি হওয়ার জন্য নয়।
-
18 তুমি ব্যভিচার কোরো না।
-
37 কারণ তারা ব্যভিচার করেছে এবং তাদের হাতে রক্ত রয়েছে। তাদের প্রতিমাগুলির সঙ্গে ব্যভিচার করেছে; যে সন্তানদের আমার জন্য জন্ম দিয়েছিলে তাদের প্রতিমাদের খাদ্যের জন্য উৎসর্গ করেছে।
-
18 একজন সমাজভবনের অধ্যক্ষ তাঁকে প্রশ্ন করল, “সৎ গুরু, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কী করতে হবে?”
19 যীশু উত্তর দিলেন, “আমাকে সৎ বলছ কেন? ঈশ্বর ছাড়া তো আর কেউ সৎ নেই! 20 ঈশ্বরের আজ্ঞা তুমি নিশ্চয় জানো: ‘ব্যভিচার কোরো না, নরহত্যা কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো।’ ”
-
7 “আমি কেন তোমাদের ক্ষমা করব?
তোমাদের ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে
এবং বিভিন্ন দেবদেবীর নামে শপথ করেছে, যারা দেবতা নয়।
আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি,
তবুও তারা ব্যভিচার করেছে,
দলে দলে গিয়েছে বেশ্যাদের বাড়ি।
8 তারা পেট পুরে খাওয়া কামুক অশ্বের মতো,
প্রত্যেকে পরস্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ডাক দেয়।
-
2 “তোমাদের মাকে তিরস্কার করো, তিরস্কার করো তাকে,
কারণ সে আমার স্ত্রী নয়,
এবং আমিও তার স্বামী নই।
সে তার মুখমণ্ডল থেকে ব্যভিচারী চাউনি
এবং তার স্তনযুগলের মধ্য থেকে অবিশ্বস্ততা দূর করুক।
3 তা না হলে আমি তাকে বিবস্ত্র করব
এবং জন্মক্ষণে সে যেমন ছিল, তেমনই তাকে উলঙ্গ রেখে দেব;
আমি তাকে এক মরুপ্রান্তর সদৃশ করব,
তাকে এক শুষ্ক-ভূমিতে পরিণত করব
এবং পিপাসায় তার প্রাণ হরণ করব।
4 আমি তার ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না,
কারণ তারা ব্যভিচারের সন্তান।
5 তাদের মা অবিশ্বস্ত হয়েছে
ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে।
সে বলেছে, ‘আমি আমার প্রেমিকদের পশ্চাদগামী হব,
যারা আমার অন্নজল, আমার পশম ও মসিনার পোশাক,
আমার তেল ও আমার পানীয় যুগিয়ে দেয়।’
6 তাই আমি কাঁটাঝোপে তার পথ রুদ্ধ করব;
আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়।
7 সে তার প্রেমিকদের পশ্চাদ্ধাবন করবে, কিন্তু তাদের নাগাল পাবে না;
সে তাদের অন্বেষণ করবে, কিন্তু তাদের সন্ধান পাবে না।
তখন সে বলবে,
‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব,
কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম।’
-
20 তিনি আরও বললেন, “মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে, তাই তাকে অশুচি করে। 21 কারণ ভিতর থেকে, সব মানুষের হৃদয় থেকে নির্গত হয় কুচিন্তা, বিবাহ-বহির্ভূত যৌনাচার, চুরি, নরহত্যা, ব্যভিচার, 22 লোভ-লালসা, অপরের অনিষ্ট কামনা, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, কুৎসা-রটনা, ঔদ্ধত্য ও কাণ্ডজ্ঞানহীনতা। 23 এই সমস্ত মন্দ বিষয় ভিতর থেকে আসে ও মানুষকে অশুচি করে।”
-
38 এরপরে কয়েকজন ফরিশী ও শাস্ত্রবিদ তাঁকে বলল, “গুরুমহাশয়, আমরা আপনার কাছ থেকে কোনও অলৌকিক চিহ্ন দেখতে চাই।”
39 তিনি উত্তর দিলেন, “দুষ্ট ও ব্যভিচারী প্রজন্মই অলৌকিক চিহ্ন দেখতে চায়! কিন্তু ভাববাদী যোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই কাউকে দেওয়া হবে না।
-
18 লোকটি জিজ্ঞাসা করল, “কোন কোন অনুশাসন?”
যীশু উত্তর দিলেন, “নরহত্যা কোরো না, ব্যভিচার কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না,
-
22 তখনই সে মহিলাটির অনুগামী হল
যেভাবে বলদ জবাই হওয়ার জন্য এগিয়ে যায়,
যেভাবে হরিণ ফাঁসে পা গলায়
23 যতক্ষণ না তির তার যকৃৎ বিদ্ধ করে,
ঠিক যেভাবে পাখি উড়ে গিয়ে ফাঁদে পড়ে,
আর জানতেও পারে না যে এতে তার প্রাণহানি হবে।
24 তবে এখন, হে আমার বাছারা, আমার কথা শোনো;
আমি যা বলি তাতে মনোযোগ দাও।
25 তোমাদের হৃদয় যেন সেই মহিলার পথের দিকে না ফেরে
বা পথভ্রষ্ট হয়ে তার পথে চলে না যায়।
26 অনেকেই তার আঘাতের শিকার হয়েছে;
তার দ্বারা নিহত লোকের সংখ্যা প্রচুর।
27 তার বাড়িটি হল কবরে যাওয়ার রাজপথ,
যা মৃত্যুলোকের দিকে এগিয়ে দেয়।
-
13 “শমরিয়ার ভাববাদীদের মধ্য
আমি এই বিরক্তিকর ব্যাপার দেখেছি,
তারা বায়াল-দেবতার নামে ভাববাণী করে
আমার প্রজা ইস্রায়েলকে বিপথগামী করেছে।
14 আবার জেরুশালেমের ভাববাদীদের মধ্যে,
আমি এই ভয়ংকর ব্যাপার দেখেছি,
তারা ব্যভিচার করে ও মিথ্যাচারের জীবন কাটায়।
তারা অন্যায়কারীদের হাত শক্ত করে,
যেন কেউই তার দুষ্টতার পথ থেকে না ফেরে।
তারা সবাই আমার কাছে সদোমের লোকদের মতো;
জেরুশালেমের লোকেরা ঘমোরার মতো।”
-
19 তুমি আজ্ঞাগুলি নিশ্চয় জানো, ‘নরহত্যা কোরো না, ব্যভিচার কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, প্রতারণা কোরো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো।’ ”
-
10 বিবাহিতদের প্রতি আমি এই আদেশ দিই, আমি নই, বরং প্রভুই দিচ্ছেন, কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন না হোক। 11 কিন্তু যদি সে তা করে, সে অবশ্যই অবিবাহিত থাকবে, নয়তো সে তার স্বামীর সঙ্গে পুনর্মিলিত হবে। আবার কোনো স্বামীও তার স্ত্রীকে অবশ্যই ত্যাগ করবে না।
-
10 কারণ সমস্ত বিধান পালন করে কেউ যদি শুধুমাত্র একটি আজ্ঞা পালনে ব্যর্থ হয়, সে তার সমস্তই লঙ্ঘনের দায়ে দোষী হবে। 11 কারণ যিনি বলেছেন, “ব্যভিচার কোরো না,” তিনিই আবার বলেছেন, “তোমরা নরহত্যা কোরো না।” তোমরা হয়তো ব্যভিচার করোনি, কিন্তু যদি নরহত্যা করে থাকো, তাহলে তোমরা বিধানভঙ্গকারী হয়েছ।
-
13 তারা যে অনিষ্ট করেছে, তার প্রতিফলে তারা অনিষ্টই ভোগ করবে। তাদের কাছে সুখভোগের অর্থ হল প্রকাশ্যে দিনের আলোয় ভোজনপানে মত্ত হওয়া। তোমাদের সঙ্গে ভোজসভায় যোগ দেওয়ার সময় তারা উচ্ছৃঙ্খল ভোগবাসনায় কলঙ্ক ও লজ্জার কারণ হয়। 14 তাদের চোখ ব্যভিচারে পূর্ণ, তারা পাপ করতে কখনও ক্ষান্ত হয় না; যাদের মতিগতির কোনো ঠিক নেই তাদের ব্যভিচারে প্রলুব্ধ করে; তারা অর্থলালসায় অভ্যস্ত, তারা অভিশপ্ত বংশ। 15 তারা সহজসরল পথ ত্যাগ করে, বিয়োরের পুত্র বিলিয়মের পথ অনুসরণ করেছে, যে দুষ্টতার পারিশ্রমিক ভালোবাসতো।
-
20 “ ‘তোমার প্রতিবেশীর স্ত্রী সঙ্গে যৌন সম্পর্ক রেখে তার দ্বারা নিজেকে অশুচি করবে না।
-
14 ব্যভিচারী মহিলার মুখ এক গভীর খাত;
যে সদাপ্রভুর ক্রোধের অধীন সে সেই খাদে গিয়ে পড়ে।
-
22 তাদের কারণে, যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত সকলে এই অভিশাপের বাক্য ব্যবহার করবে: ‘সদাপ্রভু তোমার প্রতি সিদিকিয় ও আহাবের মতো আচরণ করুন, যাদের ব্যাবিলনের রাজা অগ্নিদগ্ধ করেছেন।’ 23 কারণ তারা ইস্রায়েলের মধ্যে জঘন্য সব কাজ করেছে; তারা প্রতিবেশীদের স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করেছে এবং আমার নাম করে মিথ্যা কথা বলেছে। যে কথা আমি তাদের বলবার অধিকার দিইনি। আমি একথা জানি এবং আমি এই বিষয়ের সাক্ষী,” সদাপ্রভু এই কথা বলেন।
-
32 “ ‘তুমি ব্যভিচারিণী স্ত্রী! তুমি তোমার স্বামীর চেয়ে অপরিচিতদের পছন্দ করেছ!
-
1 হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো,
কারণ তোমরা যারা দেশে বাস করো,
সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান:
“দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই
এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।
2 এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা,
চুরি ও ব্যভিচার;
এরা সমস্ত সীমা লঙ্ঘন করে,
এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।
-
13 আরেকটি কাজ তোমরা করো: তোমরা চোখের জলে সদাপ্রভুর বেদি ভাসিয়ে দাও। তোমরা কান্নাকাটি করো ও বিলাপ করো কারণ তিনি তোমাদের নৈবেদ্যর প্রতি আর অনুগ্রহপূর্বক দৃষ্টি দেন না বা তোমাদের হাত থেকে তা খুশিমনে গ্রহণ করেন না। 14 তবুও তোমরা জিজ্ঞাসা করো, “কেন?” কারণ সদাপ্রভু তোমার ও তোমার যৌবনের স্ত্রীর মধ্যে সাক্ষী হয়েছেন; তুমি তার প্রতি অবিশ্বস্ত হয়েছ; যদিও সে তোমার সঙ্গী, তোমার বিবাহ নিয়মের স্ত্রী।
15 একই ঈশ্বর কি তোমাদের সৃষ্টি করেননি? দেহ এবং আত্মাতে তো তোমরা তাঁরই। আর সেই এক ঈশ্বর কি চান? ঈশ্বরভক্ত সন্তানসন্ততি। সুতরাং নিজেদের সম্পর্কে সতর্ক হও এবং তোমাদের যৌবনের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হোয়ো না।
16 “যে ব্যক্তি নিজের স্ত্রীকে ঘৃণা করে ও বিবাহবিচ্ছেদ করে,” সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেন, “যাকে তার রক্ষা করা উচিত তার প্রতি সে অত্যাচার করে,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
সুতরাং নিজেদের সম্পর্কে সতর্ক হও এবং অবিশ্বস্ত হোয়ো না।
-
22 পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন, এবং ঈশ্বর তাঁকে সেই মানুষটির কাছে আনলেন।
23 মানুষটি বললেন,
“এখন এই আমার অস্থির অস্থি
ও আমার মাংসের মাংস;
এর নাম হবে ‘নারী,’
কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”
24 এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।
-
7 এবং কিছুকাল পর তার প্রভু-পত্নীর দৃষ্টি যোষেফের উপর গিয়ে পড়ল ও সে বলল, “আমার সাথে বিছানায় এসো!”
8 কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। “আমাকে দায়িত্ব দিয়ে,” তিনি তাকে বললেন, “আমার প্রভু বাড়ির কোনও বিষয়েই আর মাথা ঘামান না; তাঁর মালিকানাধীন সবকিছুই তিনি আমার দায়িত্বে ছেড়ে দিয়েছেন। 9 এই বাড়িতে আমার চেয়ে বড়ো আর কেউ নেই। আপনাকে ছাড়া আর কোনো কিছুই আমার প্রভু আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখেননি, কারণ আপনি যে তাঁর স্ত্রী। তবে কীভাবে আমি এ ধরনের জঘন্য কাজ এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব?” 10 আর যদিও সেই মহিলা দিনের পর দিন যোষেফকে একই কথা বলে যাচ্ছিল, তবুও তিনি তাঁর সাথে বিছানায় যেতে অস্বীকার করলেন; এমনকি তিনি তাঁর সঙ্গে থাকতেও চাইলেন না।
11 একদিন তিনি নিজের দায়িত্ব পালন করার জন্য বাড়ির ভিতরে গেলেন, এবং পারিবারিক দাস-দাসীদের মধ্যে কেউই তখন ভিতরে ছিল না। 12 তাঁর প্রভু-পত্নী তাঁর আলখাল্লা টেনে ধরে বলল, “আমার সাথে বিছানায় এসো!” কিন্তু তিনি তার হাতে নিজের আলখাল্লাটি ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন।
-
1 বসন্তকালে, রাজারা সাধারাণত যখন যুদ্ধে যেতেন, দাউদ তখন রাজার লোকজন ও সমস্ত ইস্রায়েলী সৈন্যদলের সঙ্গে যোয়াবকেই সেখানে পাঠালেন। তারা অম্মোনীয়দের ধ্বংস করে রব্বা অবরোধ করল। কিন্তু দাউদ জেরুশালেমেই থেকে গেলেন।
2 একদিন বিকেলবেলায় দাউদ তাঁর বিছানা ছেড়ে উঠে রাজপ্রাসাদের ছাদে পায়চারি করছিলেন। ছাদ থেকে তিনি দেখতে পেয়েছিলেন, একজন মহিলা স্নান করছেন। মহিলাটি অপরূপ সুন্দরী ছিলেন, 3 তাই দাউদ কাউকে পাঠিয়ে তাঁর বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন। লোকটি বলল, “ইনি ইলিয়ামের মেয়ে ও হিত্তীয় ঊরিয়ের স্ত্রী বৎশেবা।” 4 তখন দাউদ তাঁকে কাছে পাওয়ার জন্য তাঁর কাছে কয়েকজন দূত পাঠালেন। তিনি তাঁর কাছে এলেন, ও দাউদ তাঁর সঙ্গে শুয়েছিলেন। (ইত্যবসরে মহিলাটি মাসিক-ধর্মের অশুচিতা থেকে নিজেকে শুচিশুদ্ধ করছিলেন) পরে তিনি ঘরে ফিরে গেলেন। 5 মহিলাটি গর্ভবতী হয়ে পড়ায় এই বলে দাউদকে খবর পাঠালেন, “দেখুন, আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি।”
-
15 ব্যভিচারীদের চোখ গোধূলি লগ্নের জন্য অপেক্ষা করে থাকে;
সে ভাবে, ‘কেউ আমাকে দেখতে পাবে না,’
ও সে তার মুখ ঢেকে রাখে।
16 অন্ধকারে, চোরেরা বাড়িতে সিঁধ কাটে;
কিন্তু দিনের বেলায় তারা ঘরে নিজেদের বন্দি করে রাখে।
17 তাদের সকলের জন্য, মাঝরাতই তাদের সকাল;
অন্ধকারের সন্ত্রাসের সাথেই তারা বন্ধুত্ব করে।
18 “তবুও তারা জলের উপরে ভেসে থাকা ফেনা;
দেশে তাদের বরাদ্দ অধিকার শাপগ্রস্ত হয়,
তাই কেউ দ্রাক্ষাক্ষেতে যায় না।
-
1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,
কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,
যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।
তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,
বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে
এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,
2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের
প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,
সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
3 ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—
ভস্মের পরিবর্তে
সৌন্দর্যের মুকুট,
শোকবিলাপের পরিবর্তে
আনন্দের তেল,
এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে
প্রশংসার পোশাক।
তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,
শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য
যা সদাপ্রভু রোপণ করেছেন।
-
9 “ ‘তোমরা কি চুরি ও নরহত্যা করবে, ব্যভিচার ও ভ্রান্ত দেবদেবীর নামে শপথ করবে, বায়াল-দেবতার উদ্দেশে ধূপদাহ করবে এবং তোমাদের অপরিচিত দেবতাদের অনুসারী হবে, 10 তারপর আমার নামে আখ্যাত এই গৃহে, আমার সামনে এসে দাঁড়াবে ও বলবে, “আমরা নিরাপদ,” এই সমস্ত ঘৃণ্য কাজগুলি করার জন্য নিরাপদ?
-
27 তা হল তোমার ব্যভিচার ও কামনাপূর্ণ আহ্বান,
তোমার নির্লজ্জ গণিকাবৃত্তি!
পাহাড়ে পাহাড়ে ও মাঠে মাঠে
আমি তোমার ঘৃণ্য কাজগুলি দেখেছি।
ধিক্ তোমাকে, জেরুশালেম!
তুমি আর কত কাল অশুচি থাকবে?”
-
3 কয়েকজন ফরিশী তাঁকে পরীক্ষা করার জন্য তাঁর কাছে এসে প্রশ্ন করল, “কোনো পুরুষের পক্ষে তার স্ত্রীকে যে কোনো কারণে পরিত্যাগ করা কি বিধিসংগত?”
4 তিনি উত্তর দিলেন, “তোমরা কি পাঠ করোনি যে, প্রথমে সৃষ্টিকর্তা ‘তাদের পুরুষ ও স্ত্রীলোক করে সৃষ্টি করেছিলেন?’ 5 তিনি বললেন, ‘এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করবে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।’ 6 তাই, তারা আর দুজন নয়, কিন্তু অভিন্নসত্তা। সেই কারণে, ঈশ্বর যা সংযুক্ত করেছেন, কোনো মানুষ তা বিচ্ছিন্ন না করুক।”
-
15 কিন্তু অবিশ্বাসী যদি চলে যায়, তাকে তাই করতে দাও। কোনো বিশ্বাসী ভাই বা বোন, এ ধরনের পরিস্থিতিতে বাধ্যবাধকতায় আবদ্ধ নয়। ঈশ্বর আমাদের শান্তিতে বসবাস করার জন্য আহ্বান করেছেন।
-
17 কোনও ইস্রায়েলী পুরুষ বা স্ত্রীলোক যেন দেবদাস-দাসী না হয়। 18 মানত পূরণের জন্য কোনো স্ত্রীলোক বেশ্যা কিংবা পুরুষ বেশ্যার উপার্জন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে নিয়ে আসবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু উভয়কেই ঘৃণা করেন।
-
18 “তিনটি বিষয় আমার আছে খুবই বিস্ময়কর,
চারটি বিষয় আমি বুঝে উঠতে পারি না:
19 আকাশে ওড়া ঈগল পাখির গতিপথ,
পাষাণ-পাথরের উপরে চলা সাপের গতিপথ,
মাঝসমুদ্রে ভেসে যাওয়া জাহাজের গতিপথ,
ও যুবতীর সঙ্গে পুরুষের প্রেমের সম্পর্ক।
20 “ব্যভিচারিণী মহিলার জীবনযাত্রার ধরন এরকম:
সে খাওয়াদাওয়া করে ও মুখ মুছে নেয়
ও বলে, ‘আমি কোনও অন্যায় করিনি।’
-
1 যখনই আমি ইস্রায়েলের রোগনিরাময় করি,
তখনই ইফ্রয়িমের পাপসকল উন্মোচিত হয়
এবং শমরিয়ার অপরাধসকল প্রকাশিত হয়ে পড়ে।
তারা ছলনা করা চর্চা করে,
চোরের মতো সিঁধ কেটে ঘরে ঢোকে,
দস্যুর মতো পথে পথে ডাকাতি করে।
2 কিন্তু তারা বুঝতে পারে না,
তাদের সব দুষ্কর্ম আমার স্মরণে থাকে।
তাদের পাপগুলি তাদের ঘিরে রেখেছে;
সেগুলি সবসময়ই আমার সামনে আছে।
3 “তারা তাদের দুষ্টতার দ্বারা রাজাকে
এবং মিথ্যা কথা দ্বারা তাদের সম্মানিত লোকদের খুশি করে।
4 তারা সবাই ব্যভিচারী,
তারা উনুনের মতো জ্বলতে থাকে,
ময়দার তাল মেখে তা ফেঁপে না ওঠা পর্যন্ত
পাচককে সেই আগুন খোঁচাতে হয় না।
-
5 সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “তাই আমি তোমাদের বিচার করতে আসব। আর জাদুকর, ব্যভিচারী এবং মিথ্যাশপথকারী, যারা শ্রমিকদের বেতনে ঠকায় এবং বিধবা ও অনাথদের অত্যাচার করে, বিদেশিদের ন্যায় থেকে বঞ্চিত করে, অথচ আমাকে ভয় করে না, তাদের সকলের বিপক্ষে আমি দ্রুত সাক্ষী দেব।”
-
22 তুমি বলে থাকো, লোকেরা যেন ব্যভিচার না করে, অথচ তুমি নিজে কি ব্যভিচার করছ? তুমি যে প্রতিমাদের ঘৃণা করো, তুমি কি মন্দির লুট করছ?
-
9 “ব্যভিচার কোরো না,” “নরহত্যা কোরো না,” “চুরি কোরো না,” “লোভ কোরো না,” এই আজ্ঞাগুলি এবং আরও যে কোনো আজ্ঞা থাকুক না কেন, এই একটি আজ্ঞায় সেসবই সংকলিত হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করো।”
-
16 হে স্ত্রী, তুমি জানো না যে, তোমার মাধ্যমেই তোমার স্বামী হয়তো পরিত্রাণ লাভ করবে অথবা হে স্বামী, তুমিও জানো না যে, তোমার মাধ্যমেই হয়তো তোমার স্ত্রী পরিত্রাণ পাবে!
-
17 অতএব, আমি তোমাদের এই কথা বলি এবং প্রভুর নামে অনুনয় করি, তোমরা অইহুদিদের মতো আর অসার চিন্তায় জীবনযাপন কোরো না। 18 তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক-জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ। 19 সমস্ত চেতনা হারিয়ে তারা কামনাবাসনায় নিজেদের সমর্পণ করেছে, যেন সকল প্রকার কলুষতা ও ইন্দ্রিয়লালসায় তারা বেশি আসক্ত হয়ে পড়ে।
20 খ্রীষ্টের সম্বন্ধে তোমরা অবশ্য সেরকম শিক্ষা লাভ করোনি।
-
15 জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার প্রেম তার অন্তরে নেই। 16 কারণ এ জগতের সমস্ত বিষয়—শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনের অহংকার—পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে আসে। 17 আর জগৎ ও তার কামনাবাসনা বিলুপ্ত হবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে।
-
8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”
Shows Read in context, Share and Copy.