21 Bible Verses About True Love
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
প্রেমিক
9 প্রিয়তমা আমার, আমি তোমাকে তুলনা করেছি
ফরৌণের অন্যতম এক রথের সঙ্গে যুক্ত এক অশ্বিনীর সঙ্গে।
10 কানের দুলগুলি তোমার দুই গালকে
আর রত্নখচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব।
11 আমরা তোমাকে করে তুলব যেন সোনার তৈরি কানের দুল,
যা হবে রৌপ্যখচিত।
প্রেমিকা
12 রাজা যখন তাঁর মেজের নিকটে উপস্থিত,
তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়াল।
13 আমার প্রেমিক আমার কাছে এক থলি গন্ধরসের মতো
যা আমার স্তনযুগলের উপত্যকায় মিশে থাকে।
14 আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো,
যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।
প্রেমিক
15 প্রিয়তমা আমার, অনিন্দ্যসুন্দরী তুমি!
আহা, কি অপরূপ তুমি!
তোমার দু-নয়ন কপোতের মতো।
প্রেমিকা
16 ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি!
আহা, কী মনোহর তুমি!
আমাদের শয্যাও কেমন শ্যামল।
প্রেমিক
17 আমাদের ঘরের কড়িকাঠ তৈরি সিডার গাছের কাঠ দিয়ে,
আর বরগা দেবদারু দিয়ে।
-
18 “তিনটি বিষয় আমার আছে খুবই বিস্ময়কর,
চারটি বিষয় আমি বুঝে উঠতে পারি না:
19 আকাশে ওড়া ঈগল পাখির গতিপথ,
পাষাণ-পাথরের উপরে চলা সাপের গতিপথ,
মাঝসমুদ্রে ভেসে যাওয়া জাহাজের গতিপথ,
ও যুবতীর সঙ্গে পুরুষের প্রেমের সম্পর্ক।
-
6 তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো,
তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো;
কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী,
এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য।
এ যেন এক জ্বলন্ত আগুন,
এক লেলিহান আগুনের শিখা।
7 অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না;
নদীরাও তাকে মুছে দিতে পারে না।
কেউ যদি প্রেমের বিনিময়ে
তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়,
তবে তা ধিক্কারজনক হবে।
-
প্রেমিক
1 প্রিয়তমা আমার, অপূর্ব সুন্দরী তুমি!
আহা, কী অপরূপ তুমি!
তোমার ঘোমটার আড়ালে তোমার দুটি চোখ কপোতের মতো।
তোমার কেশরাশি একপাল ছাগলের মতো,
যারা গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসে।
2 তোমার দন্তপঙক্তি যেন সদ্য পশম ছাঁটা মেষপালের মতো,
যাদের সদ্য ধৌত করা হয়েছে,
ওরা কেউ একা নয়,
প্রত্যেকের সঙ্গে তার যমজ শাবক রয়েছে।
3 তোমার ওষ্ঠাধর রক্তিম ফিতের মতো;
তোমার মুখশ্রী চমৎকার।
ঘোমটা আবৃত তোমার কপোল
অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।
4 তোমার গলা দাউদের দুর্গের মতো,
অসামান্য সুষমামণ্ডিত যার পাথরের নির্মাণসৌকর্য,
যার উপরে টাঙানো থাকে এক হাজার ঢাল,
যেগুলির প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল।
5 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,
যেন গজলা হরিণীর যমজ শাবক,
যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায়।
6 বেলা শেষ হওয়ার আগে
এবং ছায়া মুছে যাওয়ার আগে
আমি গন্ধরসের পর্বতে
এবং কুন্দুরুর পাহাড়ে যাব।
7 আমার প্রিয়া, সর্বাঙ্গ সুন্দরী তুমি;
তোমাতে কোনও খুঁত নেই।
8 ও আমার বধূ লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো,
লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো।
অমানার শৃঙ্গ থেকে, শনীর চূড়া থেকে, হর্মোণের শীর্ষদেশ থেকে,
সিংহদের গুহা থেকে
এবং পর্বতে বাসা বাঁধা চিতাবাঘদের আস্তানা থেকে অবতরণ করো।
9 তুমি আমার হৃদয় হরণ করেছ, মম ভগিনী, মম বধূ;
তোমার এক মুহূর্তের চাহনি,
তোমার জড়োয়ার একটিমাত্র
রত্ন আমার হৃদয় হরণ করেছে।
10 কী মধুর তোমার প্রেম, মম ভগিনী, মম বধূ!
তোমার প্রেম সুরার চেয়েও এবং তোমার সুগন্ধির সৌরভ
যে কোনও সুগন্ধি মশলার চেয়েও
কত বেশি আনন্দদায়ক!
11 ওগো মোর বধূ, তোমার ওষ্ঠাধর থেকে মৌচাকের মতো মধু ঝরে পড়ে,
তোমার জিহ্বার নিচে দুধ ও মধু আছে।
তোমার পোশাকের
সুবাস লেবাননের মতো।
12 মম ভগিনী, মম বধূ, তুমি অর্গলবদ্ধ এক বাগিচা;
এক মুদ্রাঙ্কিত, অবরুদ্ধ ঝরনা।
13 তোমার চারাগাছগুলি ডালিমের উপবন,
যেখানে আছে উৎকৃষ্ট ফল,
আছে মেহেদি ও জটামাংসী
14 জটামাংসী আর জাফরান, বচ,
দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ,
আছে গন্ধরস,
অগুরু ও উৎকৃষ্ট মশলার গাছ।
15 তুমি বাগিচায় ঘেরা এক ঝরনা,
প্রবাহিত জলের এক উৎস,
যার স্রোত সেই লেবানন থেকে বইছে।
প্রেমিকা
16 জাগো, হে উত্তুরে বায়ু,
এসো হে দখিনা বাতাস!
বয়ে যাও আমার এই বাগিচায়,
যাতে এর সৌরভ চারদিকে ছড়িয়ে যায়।
আমার প্রেমিককে আসতে দাও তাঁর আপন বাগিচায়
এবং তাঁর পছন্দসই ফলের স্বাদ গ্রহণ করতে দাও।
-
8 ওই শোনো! এ যে আমার প্রেমিক!
ওই দেখো,
পর্বতমালা পেরিয়ে,
লম্ফঝম্প সহকারে পাহাড় টপকে তিনি আসছেন।
9 আমার প্রেমিক গজলা হরিণের বা হরিণশাবকের মতো।
ওই দেখো!
উনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রাচীরের পশ্চাতে, গবাক্ষ দিয়ে অপলকে দেখছেন,
জাফরির মধ্যে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছেন।
10 আমার প্রেমিক মুখ খুললেন এবং আমাকে বললেন,
“প্রিয়তমা আমার,
ওগো আমার সুন্দরীশ্রেষ্ঠা, উঠে পড়ো এবং আমার সঙ্গে চলো।
11 চেয়ে দেখো! শীতকাল চলে গেছে;
বারিধারাও সমাপ্ত হয়েছে এবং বিদায় নিয়েছে।
12 মাঠে মাঠে ফুল ফুটেছে;
গান গাওয়ার ঋতু এসেছে,
আমাদের দেশে এখন
ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
13 ডুমুর গাছের ফল পুষ্ট হয়েছে;
মুকুলিত দ্রাক্ষালতা বাতাসে তার সৌরভ ছড়াচ্ছে।
উঠে এসো, চলো, প্রিয়া আমার।
আমার সুন্দরীশ্রেষ্ঠা, চলে এসো আমার সঙ্গে।”
প্রেমিক
14 আমার কপোতের অবস্থান যেন শৈলের ফাটলে,
যেন পাহাড়ি এলাকার গুপ্ত স্থানে,
আমাকে দেখতে দাও তোমার মুখশ্রী,
আমাকে শুনতে দাও তোমার কণ্ঠস্বর;
কেননা তোমার মুখশ্রী লাবণ্যময়,
তোমার কণ্ঠস্বর মধুর।
15 তোমরা আমাদের জন্য সেইসব শিয়ালদের ধরো,
সেইসব ক্ষুদ্র শিয়ালদের,
যারা দ্রাক্ষাক্ষেত্রকে,
আমাদের মুকুলিত দ্রাক্ষাক্ষেত্রকে তছনছ করে দেয়।
প্রেমিকা
16 আমার প্রেমিক শুধু আমার এবং আমিও শুধু তাঁর;
লিলিফুলের মাঝে তাঁর পদচারণ।
17 দিন শেষ হওয়ার আগে
এবং ছায়া মুছে যাওয়ার আগে,
ওগো আমার প্রিয়তম, ফিরে এসো এবং
রুক্ষ পর্বতের গজলা হরিণ বা হরিণশাবকের মতো হয়ে ওঠো।
-
প্রেমিকা
2 আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল।
ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন:
“দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া,
আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য।
আমার মস্তক শিশিরে ভিজে গেছে,
রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”
3 আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি—
তা কি আবার আমায় পরিধান করতে হবে?
আমার দুই পা ধুয়েছি—
তা কি আবার ধূলিমলিন করব?
4 আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন;
তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।
5 আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম,
আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দু-হাত ভিজে গেল,
তরল গন্ধরসে আমার আঙুলগুলি সিক্ত হল।
6 আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন,
চলে গেছেন তিনি।
তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল।
তাঁকে কত খুঁজলাম,
কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না,
তাঁকে কত ডাকলাম,
কিন্তু তিনি সাড়া দিলেন না।
7 নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল।
ওরা আমাকে প্রহার করল,
ক্ষতবিক্ষত করল;
পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!
8 হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,
তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে,
কী বলবে তাঁকে? বলবে যে,
তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।
বান্ধবীদের দল
9 হে পরমাসুন্দরী,
অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য?
আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ,
অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?
প্রেমিকা
10 আমার প্রেমিক দীপ্যমান ও রক্তিম,
দশ হাজার জনের মধ্যেও সেরা।
11 তাঁর মস্তক খাঁটি সোনার মতো;
তাঁর কেশ কোঁকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো।
12 তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত,
যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।
13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত।
তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।
14 তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো;
তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।
15 তাঁর ঊরুদ্বয় খাঁটি সোনা দিয়ে তৈরি
তলদেশের উপরে বসানো মার্বেল পাথরের স্তম্ভ।
তাঁর আকৃতি লেবাননের মতো,
উৎকৃষ্ট সিডার গাছের মতো।
-
প্রেমিকা
1 আমি শারোণের গোলাপ,
উপত্যকায় ফুটে থাকা লিলি।
প্রেমিক
2 তরুণীদের মধ্যে আমার
প্রেমিকা ঠিক যেন কাঁটাগাছের মধ্যে ফুটে থাকা লিলি ফুল।
প্রেমিকা
3 তরুণদের মধ্যে আমার প্রেমিক ঠিক
যেন অরণ্যের বৃক্ষরাজির মধ্যে একটি আপেল গাছ।
তাঁর ছায়ায় বসলে আমার আনন্দ হয়,
তাঁর ফলের স্বাদ আমার মুখে মিষ্টি লাগে।
4 তিনি আমাকে ভোজসভায় নিয়ে গেলেন,
তখন যেন তাঁর পতাকাই হয়ে উঠল প্রেম।
5 তোমরা আমাকে কিশমিশ দিয়ে সবল করো,
আপেল দিয়ে চনমনে করে তোল,
কেননা প্রেম আমাকে মূর্চ্ছিত করেছে।
-
7 তোমার দীর্ঘাঙ্গী চেহারা খেজুর গাছের মতো
আর তোমার দুটি স্তন একগুচ্ছ ফলের মতো।
8 আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব;
এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।”
তোমার স্তনদ্বয় হয়ে
উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ,
তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে,
9 আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম।
প্রেমিকা
এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক,
যা তাঁর দন্তশ্রেণী ও ওষ্ঠাধর
বেয়ে ধীরে প্রবাহিত হবে।
10 আমি কেবলমাত্র আমার প্রেমিকের
এবং আমার প্রতি তিনি আসক্ত।
11 ওগো মোর প্রেমিক, এসো, আমরা পল্লীগ্রামের দিকে যাই,
চলো আমরা গ্রামদেশে গিয়ে নিশিযাপন করি।
12 ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে যাই,
দেখি দ্রাক্ষালতায় কুঁড়ি এল কি না,
তা মঞ্জরিত হল কি না,
আর ডালিম গাছে ফুল ফুটল কি না—ওখানেই
আমি তোমায় আমার প্রেম নিবেদন করব।
13 চারপাশে এখন দূদাফলের সৌরভ,
আর আমাদের দোরগোড়াতেই আছে
নতুন ও পুরোনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য,
হে প্রিয়, যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।
-
1 হে রাজদুহিতা! পাদুকা পরিহিত
তোমার দুটি চরণ কী মনোহর!
তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ,
যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।
2 তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো,
যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না।
তোমার কটিদেশ
যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ।
3 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,
যেন গজলা হরিণীর যমজ শাবক।
4 তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার।
তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের
পাশে অবস্থিত হিষ্বোনের সরোবরগুলির মতো।
তোমার নাক
যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।
5 তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট।
তোমার কেশরাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা,
যে অসামান্য অলকগুচ্ছে রাজাও বন্দি হয়ে যান।
-
1 আমি যদি সব মানুষের ও দূতদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদী কাঁসরঘণ্টা বা ঝনঝনকারী করতাল। 2 যদি আমার ভাববাণী বলার বরদান আছে এবং আমি সকল গুপ্তরহস্য ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং আমার যদি এমন বিশ্বাস থাকে, যা পাহাড়-পর্বতকে স্থানান্তরিত করতে পারে, অথচ আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি কিছুই নই। 3 যদি আমি আমার সর্বস্ব দরিদ্রদের দান করি এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য আমার দেহ সমর্পণ করি, কিন্তু ভালোবাসা না থাকে, আমার কোনোই লাভ হয় না।
4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।
8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে।
-
7 জেরুশালেমের কন্যারা, মাঠের গজলা হরিণীদের এবং
হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি,
যতক্ষণ না বাসনা জেগে উঠছে,
ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।
-
21 অতএব সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে দিলেন; এবং যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ঈশ্বর সেই মানুষটির পাঁজরের একটি হাড় বের করে নিয়ে তাঁর সেই স্থানটি মাংস দিয়ে ভরাট করে দিলেন। 22 পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন, এবং ঈশ্বর তাঁকে সেই মানুষটির কাছে আনলেন।
23 মানুষটি বললেন,
“এখন এই আমার অস্থির অস্থি
ও আমার মাংসের মাংস;
এর নাম হবে ‘নারী,’
কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”
24 এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।
25 সেই পুরুষ ও তাঁর স্ত্রী, দুজনেই নগ্ন ছিলেন, আর তাদের কোনো লজ্জাবোধও ছিল না।
-
16 তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে;
সব মিলিয়ে তিনি ভারী সুন্দর।
হে জেরুশালেমের কন্যারা,
ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।
-
6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:
“হাল্লেলুইয়া!
কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।
7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি
এবং তাঁকে মহিমা প্রদান করি!
কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত
এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।
8 উজ্জ্বল ও পরিষ্কার, মিহি মসিনার পোশাক
সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল।”
(মিহি মসিনার পোশাক পবিত্রগণের ধর্মাচরণের প্রতীক।)
9 তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি লেখো, ‘ধন্য তারা, যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত।’ ” তিনি আরও যোগ করলেন, “এগুলি প্রকৃতই ঈশ্বরের বাক্য।”
10 একথা শুনে উপাসনা করার জন্য আমি তাঁর পায়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, “তুমি এরকম কোরো না! আমি তোমার ও তোমার ভাইবোন যারা যীশুর সাক্ষ্য ধারণ করে, তাদের সহদাস; কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো! কারণ যীশুর সাক্ষ্যই হল ভাববাণীর অনুপ্রেরণা।”
-
18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি।
19 আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদের প্রেম করেছেন।
-
6 হে মোর প্রেম, তুমি কত সুন্দর এবং
তোমার মাধুর্যের কারণে কী মনোহর তোমার ব্যক্তিত্ব!
-
1 আমি আমার প্রিয়তমের উদ্দেশে একটি গান গাইব,
তাঁর দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে গান গাইব:
আমার প্রিয়তমের একটি দ্রাক্ষাক্ষেত্র ছিল
এক উর্বরা পাহাড়ের গায়ে।
-
16 প্রেম করার অর্থ আমরা এভাবেই বুঝতে পারি: যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবন দিয়েছেন। আমাদেরও তেমনই ভাইবোনদের জন্য নিজেদের প্রাণ দেওয়া উচিত। 17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? 18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।
19 আমাদের কাজকর্ম প্রমাণ করবে যে আমরা সত্যের, এবং যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াব তখন আমাদের হৃদয়ে আশ্বাস থাকবে। 20 কারণ আমাদের হৃদয়ে দোষভাব থাকলেও ঈশ্বর আমাদের অনুভূতির চেয়ে মহান এবং তিনি সবকিছুই জানেন।
-
8 যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম।
-
36 “গুরুমহাশয়, বিধানের মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি?”
37 যীশু উত্তর দিলেন: “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 38 এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। 39 আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’
-
8 সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপকে আবৃত করে।”
Shows Read in context, Share and Copy.