38 Bible Verses About Witchcraft

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Witchcraft
  1. 9 তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন, সেখানে গিয়ে সেখানকার জাতিগুলির সব ঘৃণ্য কাজ তোমরা অনুকরণ করে শিখবে না। 10 তোমাদের মধ্যে যেন একজনকেও পাওয়া না যায় যারা তাদের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করে, যারা ভবিষ্যৎ-কথন বা মায়াবিদ্যা অনুশীলন করে, লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যাদু করে, 11 মন্ত্রতন্ত্র খাটায় বা আত্মার মাধ্যম বা প্রেতসাধক হয়। 12 যে কেউ এসব কাজ করে সে সদাপ্রভুর কাছে ঘৃণ্য; কেননা এসব ঘৃণ্য কাজের জন্যই তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সমস্ত জাতিকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন। 13 তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের নির্দোষ থাকতে হবে।

    14 তোমরা যে জাতিদের অধিকারচ্যুত করবে তারা গণক কিংবা মায়াবিদ্যা ব্যবহারকারীদের কথা শোনে। কিন্তু তোমাদের ক্ষেত্রে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের তা করার অনুমতি দেননি।

  2. 16 তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না। 17 কারণ শারীরিক লালসা পবিত্র আত্মার অভিলাষের বিপরীত এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষের বিপরীত। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও, তা করতে না পারো। 18 কিন্তু তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হও, তাহলে তোমরা বিধানের অধীন নও।

    19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

  3. 18 “কোনও ডাকিনীকে বেঁচে থাকতে দিয়ো না।

  4. 12 আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করব

    মায়াবিদ্যা ব্যবহারকারীরা তোমার মধ্যে আর থাকবে না।

  5. 22 কিন্তু শমূয়েল উত্তর দিলেন:

    “সদাপ্রভুর বাধ্য হলে তিনি যত খুশি হন,

    হোম ও বলি পেয়ে কি তিনি তত খুশি হন?

    বলি দেওয়ার থেকে বাধ্য হওয়া ভালো,

    মদ্দা মেষের চর্বির থেকে কথা শোনা ভালো।

    23 কারণ বিরুদ্ধাচরণ হল ভবিষ্যৎ-কথনের মতো পাপ,

    এবং ঔদ্ধত্য হল প্রতিমাপূজার মতো পাপ।

    যেহেতু তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ,

    তাই তিনিও তোমায় রাজারূপে অগ্রাহ্য করেছেন।”

    24 তখন শৌল শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি। আমি সদাপ্রভুর আজ্ঞা ও আপনার নির্দেশ অমান্য করেছি। লোকজনকে ভয় পেয়ে আমি তাদের কথানুসারে কাজ করেছি।

  6. 6 বিন-হিন্নোমের উপত্যকায় তিনি তাঁর সন্তানদের আগুনে উৎসর্গ করতেন, দৈববিচার ও ডাকিনীবিদ্যার চর্চা করতেন, শুভ-অশুভ চিহ্নের খোঁজ চালাতেন, এবং প্রেতমাধ্যম ও গুনিনদের সাথেও শলাপরামর্শ করতেন। সদাপ্রভুর দৃষ্টিতে প্রচুর অন্যায় করে তিনি তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।

  7. 18 এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।

    19 যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে? 20 তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না। 21 বিপর্যস্ত ও ক্ষুধার্ত হয়ে তারা দেশের মধ্যে ঘুরে বেড়াবে। চরম খিদেতে কষ্ট পেয়ে তারা ভীষণ ক্রুদ্ধ হবে এবং ঊর্ধ্বদৃষ্টি করে তারা তাদের রাজা ও তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে। 22 তারপর তারা পৃথিবীর দিকে তাকাবে ও কেবলমাত্র বিপর্যয়, অন্ধকার ও ভয়ংকর যন্ত্রণা দেখতে পাবে; তারা ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত হবে।

  8. 10 তুমি তোমার দুষ্টতার উপরে নির্ভর করেছ,

    তুমি বলেছ, ‘কেউ আমাকে দেখতে পায় না।’

    তোমার জ্ঞান ও বুদ্ধি তোমাকে বিপথগামী করেছে

    যখন তুমি নিজেই নিজেকে বলেছ,

    ‘একা আমি, আমি ছাড়া আর কেউ নেই।’

    11 বিপর্যয় তোমার উপরে নেমে আসবে,

    মন্ত্রবলে তা তুমি দূর করতে পারবে না।

    এক দুর্যোগ তোমার উপরে পতিত হবে,

    মুক্তিপণ দিয়ে তা তুমি ঝেড়ে ফেলতে পারবে না।

    এক সর্বনাশ তোমার উপরে হঠাৎ এসে উপস্থিত হবে,

    যা তুমি আগাম জানতেও পারবে না।

    12 “তাহলে তুমি তোমার মন্ত্রতন্ত্র ও

    বহু জাদুবিদ্যা চালিয়ে যাও,

    যা বাল্যকাল থেকে তুমি পরিশ্রম করে অভ্যাস করেছ।

    হয়তো তুমি সফল হবে,

    হয়তো তুমি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারবে।

    13 তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে!

    তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক,

    ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়,

    তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক।

    14 তারা প্রকৃতই খড়কুটোর মতো,

    আগুন তাদের পুড়িয়ে ফেলবে।

    আগুনের শিখার ক্ষমতা থেকে

    তারা তো নিজেদেরও রক্ষা করতে পারে না।

    কাউকে উত্তপ্ত করার মতো এখানে কোনো অঙ্গার নেই;

    পাশে বসার মতো এখানে কোনো আগুন নেই।

    15 তারা তো সব থেকে বেশি এইমাত্র তোমার প্রতি করতে পারে,

    এগুলির জন্য তুমি পরিশ্রম করেছ,

    বাল্যকাল থেকে তুমি লেনদেন করেছ।

    তাদের প্রত্যেকেই নিজের নিজের ভ্রান্তপথে চলছে;

    এমন কেউ নেই, যে তোমাকে রক্ষা করতে পারে।

  9. 21 “আমার রথটি হ্যাঁচকা টান মেরে তোলো,” যোরাম আদেশ দিলেন। আর যখন রথটি হ্যাঁচকা টান মেরে তোলা হল, ইস্রায়েলের রাজা যোরাম ও যিহূদার রাজা অহসিয় নিজের নিজের রথে চড়ে যেহূর সাথে দেখা করতে বের হয়ে গেলেন। যিষ্রিয়েলীয় নাবোতের অধিকারভুক্ত জমিতেই যেহূর সাথে তাদের দেখা হল। 22 যেহূকে দেখতে পেয়ে যোরাম তাঁকে জিজ্ঞাসা করলেন, “যেহূ, তুমি কি শান্তিতে এসেছ?”

    “শান্তি থাকবে কী করে,” যেহূ উত্তর দিলেন, “যতদিন আপনার মা ঈষেবলের প্রতিমাপুজো ও ডাইনিবিদ্যা দেশে উপচে পড়ছে?”

  10. 9 কিছুকাল যাবৎ সেই নগরে শিমোন নামে এক ব্যক্তি জাদুবিদ্যা অভ্যাস করত এবং শমরিয়ার সব মানুষকে চমৎকৃত করত। সে নিজেকে একজন মহাপুরুষরূপে জাহির করে গর্ববোধ করত 10 এবং উঁচু বা নীচ সবাই তাঁর কথা মন দিয়ে শুনত ও বলত, “এই ব্যক্তি সেই দিব্যশক্তি, যা ‘মহাশক্তি’ নামে পরিচিত।” 11 তারা তার কথা মনোযোগ দিয়ে শুনত, কারণ সে তার জাদুবিদ্যার মাধ্যমে বহুদিন ধরে তাদের মুগ্ধ করে রেখেছিল। 12 কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজ্যের সুসমাচার ও যীশু খ্রীষ্টের নাম প্রচার করলেন, তারা তাঁকে বিশ্বাস করল এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলে বাপ্তিষ্ম গ্রহণ করল। 13 শিমোন নিজেও বিশ্বাস করে বাপ্তিষ্ম গ্রহণ করল। আর সে সর্বত্র ফিলিপকে অনুসরণ করতে থাকল; মহান সব চিহ্নকাজ ও অলৌকিক কাজ দেখে আশ্চর্যচকিত হল।

  11. 31 “ ‘তোমরা প্রেত মাধ্যমদের ও মায়াবীদের অভিমুখে যেয়ো না, কেননা তাদের সংস্পর্শে তোমরা কলুষিত হবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

  12. 26 আমার উদ্দেশে তোমাদের পবিত্র হতে হবে, কারণ আমি সদাপ্রভু পবিত্র এবং জাতিদের মধ্য থেকে তোমাদের আমি পৃথক রেখেছি, যেন তোমরা আমার নিজস্ব হও।

    27 “ ‘তোমাদের মধ্যে বসবাসকারী কোনো পুরুষ বা নারী যদি প্রেতমাধ্যম অথবা জাদুকর হয়, তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। তাদের তোমরা প্রস্তরাঘাত করবে। তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।’ ”

  13. 9 তাই তোমাদের ভাববাদীদের, তোমাদের গণকদের, তোমাদের স্বপ্ন অনুবাদকদের, তোমাদের প্রেতমাধ্যম ও তোমাদের জাদুকরদের কথা তোমরা শুনবে না, যারা বলে, ‘তোমাদের ব্যাবিলনের রাজার সেবা করতে হবে না।’ 10 তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে, যার ফলে তা কেবলমাত্র তোমাদের স্বদেশ থেকে দূরে অপসারিত করবে; আমি তোমাদের নির্বাসিত করব ও তোমরা বিনষ্ট হবে।

  14. 4 এসবই সেই এক বেশ্যার উচ্ছৃঙ্খল লালসার,

    লোভনীয়, ডাকিনীবিদ্যায় নিপুণ মহিলার কারণে হয়েছে,

    যে তার বেশ্যাবৃত্তি দ্বারা জাতিদের

    এবং তার জাদুবিদ্যা দ্বারা মানুষজনকে বন্দি করে রেখেছে।

    5 “আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন।

    “আমি তোমার মুখের উপর তোমার ঘাঘরা তুলে ধরব।

    আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব

    ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব।

  15. 17 ইফিষে বসবাসকারী ইহুদি ও গ্রিকেরা একথা জানতে পেরে সবাই ভয়ে আড়ষ্ট হয়ে পড়ল এবং প্রভু যীশুর নাম মহিমান্বিত হয়ে উঠল। 18 যারা বিশ্বাস করেছিল, তাদের অনেকেই তখন এসে প্রকাশ্যে তাদের সব অপকর্মের কথা স্বীকার করল। 19 যারা জাদুবিদ্যার অনুশীলন করছিল, তাদের মধ্যে অনেকে তাদের পুঁথিপত্র নিয়ে এসে একত্র করে সেগুলি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দিল। পুঁথিগুলির মূল্য নির্ধারণ করে তারা দেখল, সেগুলির মোট মূল্য পঞ্চাশ হাজার দ্রাকমা। 20 এইভাবে প্রভুর বাক্য ব্যাপক আকারে বিস্তার লাভ করল এবং পরাক্রমে বৃদ্ধি পেতে থাকল।

  16. 6 তিনি সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু সদাপ্রভু স্বপ্ন বা ঊরীম বা ভাববাদীদের মাধ্যমে তাঁকে উত্তর দেননি। 7 তখন শৌল তাঁর পরিচারকদের বললেন, “এমন একজন মহিলাকে খুঁজে নিয়ে এসো, যে একজন প্রেতমাধ্যম, যেন আমি তার কাছে গিয়ে একটু খোঁজখবর নিতে পারি।”

    তারা বলল, “ঐনদোরে এমন একজন মহিলা আছে।”

    8 অতএব শৌল ছদ্মবেশ ধারণ করে, সাধারণ কাপড় পরে রাতের অন্ধকারে দুজন লোককে সঙ্গে নিয়ে সেই মহিলাটির কাছে গেলেন। তিনি বললেন, “আমার জন্য একটি প্রেতমাধ্যমের সঙ্গে যোগাযোগ করো ও যাঁর নাম বলছি তাঁকে ডেকে আনো।”

    9 কিন্তু মহিলাটি তাঁকে বলল, “আপনি তো জানেনই শৌল কী করেছেন। তিনি প্রেতমাধ্যম ও গুনিনদের দেশ থেকে বের করে দিয়েছেন। তবে কেন আপনি আমাকে মেরে ফেলার জন্য ফাঁদ পাতছেন?”

    10 শৌল সদাপ্রভুর নামে শপথ করে তাকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে না।”

    11 তখন মহিলাটি প্রশ্ন করল, “আপনার জন্য আমি কাকে ডেকে আনব?”

    “শমূয়েলকে ডেকে আনো,” তিনি বললেন।

    12 মহিলাটি শমূয়েলকে দেখতে পেয়ে জোর গলায় চিৎকার করে শৌলকে বলল, “আপনি কেন আমার সঙ্গে ছলনা করলেন? আপনি তো শৌল!”

    13 রাজামশাই তাকে বললেন, “ভয় পেওনা। বলো তুমি কী দেখছ?”

    মহিলাটি বলল, “আমি এক ভুতুড়ে চেহারা দেখতে পাচ্ছি, যিনি ভূতল থেকে উঠে আসছেন।”

    14 “তিনি কার মতো দেখতে?” তিনি প্রশ্ন করলেন।

    “লম্বা আলখাল্লা পরে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে আসছেন,” মহিলাটি বলল।

    তখন শৌল বুঝতে পারলেন যে তিনি শমূয়েল, এবং তিনি মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।

  17. 8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”

  18. 11 ফরৌণ তখন পণ্ডিতদের ও গুনিনদের ডেকে পাঠালেন, এবং সেই মিশরীয় জাদুকররাও তাদের রহস্যময় শিল্পকলার মাধ্যমে একই কাজ করল: 12 প্রত্যেকে নিজের নিজের ছড়ি নিক্ষেপ করল এবং তা সাপে পরিণত হল। কিন্তু হারোণের ছড়িটি তাদের ছড়িগুলি গিলে ফেলল।

  19. 26 “ ‘রক্ত সমেত কোনো মাংস ভোজন করবে না।

    “ ‘ভবিষ্যৎ-কথন অথবা জাদুবিদ্যা অনুশীলন করবে না।

  20. 6 “ ‘সেই মানুষের বিপক্ষে আমি বিমুখ হব, যে ভূতপ্রেত ও গুণীনদের অনুগমনে ব্যভিচার করার জন্য তাদের অভিমুখে যায় এবং তাকে তার আপনজনদের মধ্য থেকে আমি উচ্ছিন্ন করব।

  21. 9 এক মুহূর্তে, একদিনের মধ্যে,

    এই উভয়ই তোমার প্রতি ঘটবে:

    সন্তান হারানো ও বিধবা হওয়া।

    সেগুলি পূর্ণমাত্রায় তোমার উপরে নেমে আসবে,

    তা যতই তুমি জাদু কিংবা মন্ত্রতন্ত্র

    ব্যবহার করে থাকো না কেন।

  22. 16 একদিন যখন আমরা প্রার্থনা-স্থানে যাচ্ছিলাম, এক ক্রীতদাসীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হল। সে ভবিষ্যৎ বলতে পারে এমন আত্মার প্রভাবে ভবিষ্যতের কথা বলতে পারত। ভবিষ্যতের কথা বলে সে তার মনিবদের জন্য প্রচুর অর্থ উপার্জন করত। 17 সেই মেয়েটি পৌল ও আমাদের সকলকে অনুসরণ করতে লাগল। সে চিৎকার করে বলতে লাগল, “এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস, তোমাদের কাছে পরিত্রাণের উপায়ের কথা বলছেন।” 18 বহুদিন যাবৎ সে এরকম করতে থাকল। শেষে পৌল এত উত্যক্ত হয়ে উঠলেন যে, তিনি ফিরে সেই আত্মার উদ্দেশে বললেন, “আমি যীশু খ্রীষ্টের নামে তোমাকে আদেশ দিচ্ছি, ওর মধ্য থেকে বেরিয়ে এসো।” সেই মুহূর্তেই সেই আত্মা তাকে ছেড়ে চলে গেল।

    19 সেই ক্রীতদাসীর মনিবেরা যখন বুঝতে পারল যে, তাদের অর্থ উপার্জনের আশা শেষ হয়েছে, তারা পৌল ও সীলকে ধরে টানতে টানতে বাজারে কর্তৃপক্ষের সামনে উপস্থিত করল।

  23. 13 শৌল মারা গেলেন কারণ তিনি সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হলেন; তিনি সদাপ্রভুর বাক্য পালন করেননি এবং এমনকি পরিচালনা লাভের জন্য এক প্রেতমাধ্যমেরও সাহায্য নিয়েছিলেন, 14 এবং সদাপ্রভুর কাছে খোঁজ নেননি। তাই সদাপ্রভু তাঁর মৃত্যু ঘটিয়েছিলেন এবং রাজ্যের ভার তাঁর হাত থেকে ছিনিয়ে নিয়ে যিশয়ের ছেলে দাউদের হাতে তুলে দিলেন।

  24. 2 তিনি রাজ্যের সমস্ত মন্ত্রবেত্তা, মায়াবী, জাদুকর ও জ্যোতিষীদের ডেকে পাঠালেন এবং তাদের কাছে জানতে চাইলেন যে তিনি কী স্বপ্ন দেখেছেন। যখন তারা এলেন ও রাজার সামনে দাঁড়ালেন,

  25. 14 “ধন্য তারা, যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে। 15 বাইরে রয়েছে কুকুরেরা, আর যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা অবৈধ যৌনাচারী, যারা খুনি, যারা প্রতিমাপূজা করে, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা অনুশীলন করে।

  26. 20 মানবজাতির অবশিষ্ট লোক, যারা এই সমস্ত মহামারির দ্বারা নিহত হল না, তারা তখনও তাদের হাত দিয়ে করা কাজ থেকে মন পরিবর্তন করল না; তারা ভূতদের পূজা এবং সোনা, রুপো, পিতল, পাথর ও কাঠ দ্বারা নির্মিত বিভিন্ন প্রতিমা—যে প্রতিমারা দেখতে বা শুনতে বা চলতে পারে না, তাদের পূজা করা থেকে বিরত থাকল না। 21 এছাড়াও তারা তাদের নরহত্যা, তাদের তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা, তাদের অবৈধ যৌনাচার, কিংবা তাদের চুরি করা থেকেও মন পরিবর্তন করল না।

  27. 23 প্রদীপের শিখা তোমার মধ্যে

    আর কখনও আলো জ্বালাবে না।

    বর ও কনের রব

    আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।

    তোমার বণিকেরা ছিল জগতের সব মহৎ ব্যক্তি।

    তোমার তন্ত্রমন্ত্রের মায়ায় সব জাতি বিপথে চালিত হয়েছিল।

  28. 3 শমূয়েল মারা গিয়েছিলেন, আর ইস্রায়েলীরা সবাই তাঁর জন্য শোকপ্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় কবর দিয়েছিলেন। শৌল দেশ থেকে প্রেতমাধ্যম ও গুনিনদের দূর করে দিলেন।

  29. 17 তারা তাদের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করত। তারা দৈববিচার প্রয়োগ করত এবং মঙ্গল বা অমঙ্গলসূচক লক্ষণ খুঁজে বেড়াত ও সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলে তাঁর দৃষ্টিতে কুকাজ করার জন্য নিজেদের বিকিয়ে দিয়েছিল।

  30. 1 মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী,

    দেখো, সদাপ্রভু এক দ্রুতগামী মেঘে আরোহণ করে

    মিশরে আসছেন।

    মিশরের প্রতিমাগুলি তাঁর সামনে কম্পিত হবে,

    আর মিশরীয়দের হৃদয় তাদের অন্তরেই দ্রবীভূত হবে।

    2 “আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব,

    ভাই ভাইয়ের বিরুদ্ধে,

    প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে,

    নগর নগরের বিরুদ্ধে,

    রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।

    3 মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে,

    আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব;

    তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে,

    প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।

    4 আমি এক নিষ্ঠুর মনিবের হাতে

    মিশরীয়দের সমর্পণ করব,

    এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,”

    প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

  31. 20 মোশি ও হারোণ ঠিক তাই করলেন যা সদাপ্রভু তাঁদের করার আদেশ দিয়েছিলেন। ফরৌণ ও তাঁর কর্মকর্তাদের সামনে তিনি তাঁর ছড়িটি বাড়িয়ে দিলেন ও নীলনদের জলে আঘাত করলেন ও সব জল রক্তে পরিণত হল। 21 নীলনদে মাছ মারা গেল, এবং নদীতে এত দুর্গন্ধ ছড়াল যে মিশরীয়রা সেটির জলপান করতে পারল না। মিশরে সর্বত্র রক্ত ছড়িয়ে পড়েছিল।

    22 কিন্তু মিশরের জাদুকররাও তাদের রহস্যময় শিল্পকলার দ্বারা একই কাজ করল, এবং ফরৌণের হৃদয় কঠিন হল; তিনি মোশি ও হারোণের কথা শোনেননি, ঠিক যেমনটি সদাপ্রভু বলেছিলেন। 23 পরিবর্তে, তিনি তাঁর প্রাসাদে ফিরে গেলেন, এবং এমনকি এতে কিছুই মনে করলেন না। 24 আর মিশরীয়রা সবাই পানীয় জল পাওয়ার জন্য নীলনদের পাশে কুয়ো খুঁড়েছিল, কারণ তারা নদীর জলপান করতে পারেনি।

  32. 17 “এখন, হে মানবসন্তান, তোমার জাতির যে মেয়েরা ভাববাদিনী হিসেবে নিজেদের কল্পনার কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাড়াও। তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো, 18 আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই মহিলারা যারা লোকদের হাতের জন্য তাবিজ এবং মাথা ঢাকবার জন্য বিভিন্ন মাপের কাপড় তৈরি করো যাতে তোমরা সেই লোকদের ফাঁদে ফেলতে পারো। তোমরা কি আমার লোকদের প্রাণ শিকার করে নিজেদের প্রাণরক্ষা করবে? 19 কয়েক মুঠো যব আর কয়েক টুকরো রুটির জন্য তোমরা আমার লোকদের সামনে আমাকে অসম্মানিত করেছ। আমার লোকেরা, যারা মিথ্যা কথা শোনে, তোমরা তাদের কাছে মিথ্যা কথা বলে যারা মরবার উপযুক্ত নয় তাদের মেরে ফেলেছ এবং যারা বাঁচবার উপযুক্ত নয় তাদের বাঁচিয়ে রেখেছ।

    20 “ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তোমরা যে তাবিজ দিয়ে পাখির মতো করে লোকদের ধরো আমি তার বিপক্ষে আর আমি তোমাদের হাত থেকে সেগুলি ছিঁড়ে ফেলে দেব; পাখির মতো করে যে লোকদের তোমরা ধরো তাদের আমি মুক্ত করব। 21 তোমাদের মাথা ঢাকবার কাপড়গুলি ছিঁড়ে ফেলে আমি তোমাদের হাত থেকে আমার লোকদের উদ্ধার করব, তারা আর তোমাদের হাতে শিকারের মতো ধরা পড়বে না। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। 22 যেহেতু ধার্মিকদের তোমরা তোমাদের মিথ্যা কথা দিয়ে দুঃখ দিয়েছ, যখন আমি তাদের জন্য কোনও দুর্দশা আনিনি, এবং দুষ্ট লোকদের তোমরা অনুপ্রাণিত করেছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে, 23 সেইজন্য তোমরা আর অলীক দর্শন দেখবে না ও ভবিষ্যৎ-কথনের চর্চা করবে না। তোমাদের হাত থেকে আমি আমার লোকদের উদ্ধার করব। আর তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”

  33. 6 সম্পূর্ণ দ্বীপটির এদিক-ওদিক যাতায়াত করে তাঁরা পাফোতে পৌঁছালেন। সেখানে তাঁরা বর-যীশু নামে একজন ইহুদি জাদুকর ও ভণ্ড ভাববাদীর সাক্ষাৎ পেলেন। 7 সে ছিল প্রদেশপাল সের্গীয় পৌলের একজন পরিচারক। প্রদেশপাল ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বার্ণবা ও শৌলকে ডেকে পাঠালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনতে চাইছিলেন। 8 কিন্তু ইলুমা, সেই জাদুকর (কারণ সেই ছিল তার নামের অর্থ), তাদের বিরোধিতা করল এবং প্রদেশপালকে বিশ্বাস থেকে ফেরাতে চাইল। 9 তখন শৌল, যাঁকে পৌল নামেও অভিহিত করা হত, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ইলুমার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, 10 “তুমি দিয়াবলের সন্তান এবং সর্বপ্রকার ধার্মিকতার বিপক্ষ! তুমি সর্বপ্রকার ছলনা ও ধূর্ততায় পরিপূর্ণ। প্রভুর প্রকৃত পথকে বিকৃত করতে তুমি কি কখনোই ক্ষান্ত হবে না? 11 এখন প্রভুর হাত তোমার বিপক্ষে রয়েছে। তুমি দৃষ্টিহীন হবে এবং কিছু সময় পর্যন্ত তুমি সূর্যের আলো দেখতে পাবে না।”

    সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ও অন্ধকার তাকে আচ্ছন্ন করল। সে হাতড়ে বেড়াতে লাগল, খুঁজতে লাগল, কেউ যেন তার হাত ধরে নিয়ে যায়। 12 যা ঘটেছে, প্রদেশপাল তা লক্ষ্য করে বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর সম্পর্কিত উপদেশে চমৎকৃত হয়েছিলেন।

  34. 5 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণকে বলো, ‘ছড়িসহ তোমার হাত সব জলস্রোতের ও খালের এবং পুকুরের উপর বাড়িয়ে দাও, এবং মিশর দেশের উপর ব্যাঙদের নিয়ে এসো।’ ”

    6 অতএব হারোণ মিশরের স্রোতোজলের উপর তাঁর হাত বাড়িয়ে দিলেন, এবং ব্যাংগুলি উঠে এসে দেশটি ঢেকে দিল। 7 কিন্তু জাদুকররা তাদের রহস্যময় শিল্পকলার মাধ্যমে একই কাজ করল; তারাও মিশর দেশের উপর ব্যাঙদের নিয়ে এল।

  35. 6 তিনি নিজের ছেলেকে আগুনে বলিরূপে উৎসর্গ করলেন। তিনি দৈববিচার প্রয়োগ করতেন, শুভ-অশুভ লক্ষণের খোঁজ করতেন, এবং প্রেতমাধ্যম ও অশরীরী আত্মার কাছে পরামর্শ নিতে যেতেন। সদাপ্রভুর দৃষ্টিতে প্রচুর মন্দ কাজ করে তিনি তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।

  36. 9 আমার হাত সেই ভাববাদীদের বিরুদ্ধে যারা অলীক দর্শন দেখে এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী উচ্চারণ করে। তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশতালিকায় তাদের নাম থাকবে না আর তারা ইস্রায়েল দেশে ঢুকবে না। তখন তারা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।

  37. 2 প্রতিমাগুলি ছলনার কথা বলে,

    গণকেরা মিথ্যা দর্শন দেখে;

    তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা,

    তারা বৃথাই সান্ত্বনা দেয়।

    সেইজন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায়

    মেষপালকের অভাবে তারা অত্যাচারিত।

  38. 5 সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “তাই আমি তোমাদের বিচার করতে আসব। আর জাদুকর, ব্যভিচারী এবং মিথ্যাশপথকারী, যারা শ্রমিকদের বেতনে ঠকায় এবং বিধবা ও অনাথদের অত্যাচার করে, বিদেশিদের ন্যায় থেকে বঞ্চিত করে, অথচ আমাকে ভয় করে না, তাদের সকলের বিপক্ষে আমি দ্রুত সাক্ষী দেব।”