48 Bible Verses About God's Holiness

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About God's Holiness
  1. 13 অতএব, কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো, আত্মসংযমী হও; যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে, তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো। 14 বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত আগে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না। 15 কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনই সমস্ত আচার-আচরণে পবিত্র হও। 16 কারণ লেখা আছে, “তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র।”

    17 যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো। 18 কারণ তোমরা জানো যে, তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলীক আচার-ব্যবহার থেকে, রুপো বা সোনার মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি, 19 কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, অর্থাৎ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ। 20 জগৎ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষ সময়ে তিনি প্রকাশিত হয়েছেন। 21 তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।

    22 এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ যেন ভাইবোনেদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে, তোমরা অন্তর থেকেই পরস্পরকে ভালোবাসো। 23 কারণ তোমরা ক্ষয়িষ্ণু বীর্য থেকে নয়, কিন্তু অক্ষয় বীর্য থেকে, অর্থাৎ, ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারা নতুন জন্ম লাভ করেছ। 24 কারণ,

    “সব মানুষই ঘাসের মতো,

    আর তাদের সব সৌন্দর্য মেঠো-ফুলের মতো;

    ঘাস শুকিয়ে যায় ও ফুল ঝরে পড়ে,

    25 কিন্তু প্রভুর বাক্য থাকে চিরকাল।”

    আর সুসমাচারের এই বাক্যই তোমাদের কাছে প্রচার করা হয়েছে।

  2. 1 যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল। 2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

    “পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,

    সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

    4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।

  3. 11 দেবতাদের মধ্যে কে

    তোমার মতো, হে সদাপ্রভু?

    তোমার মতো কে—

    পবিত্রতায় মহিমান্বিত,

    প্রতাপে অসাধারণ,

    অলৌকিক কর্মকারী?

    12 “তোমার ডান হাত তুমি প্রসারিত করলে,

    আর পৃথিবী তোমার শত্রুদের গ্রাস করল।

    13 তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা

    তোমার মুক্তিপ্রাপ্ত জাতিকে।

    তোমার শক্তিতে তুমি তাদের পথ দেখাবে

    তোমার পবিত্র বাসস্থানের দিকে।

  4. 1 পরে হান্না প্রার্থনা করে বললেন:

    “মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রয়;

    মম শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়।

    মম মুখ শত্রুদের পরে গর্বিত হয়,

    তব উদ্ধারে আমি আনন্দিত হই।

    2 “সদাপ্রভুর মতো পবিত্র কেউ যে আর নেই;

    মোদের ঈশ্বরের মতো শৈল যে আর নেই।

  5. 44 আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু; তোমরা উৎসর্গীকৃত ও পবিত্র হও, কেননা আমি পবিত্র। ভূমিতে গমনশীল কোনো প্রাণী দ্বারা নিজেদের অশুচি কোরো না। 45 আমি সদাপ্রভু মিশর থেকে তোমাদের বের করে এনেছি, যেন তোমাদের ঈশ্বর হতে পারি; অতএব, তোমরা পবিত্র হও, যেমন আমি পবিত্র।

    46 “ ‘এই নিয়মাবলি সব ধরনের পশু, পাখি, জলে গমনশীল সব ধরনের প্রাণী এবং ভূমিতে গমনশীল প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। 47 অশুচি ও শুচির মধ্যে এবং খাদ্য ও অখাদ্য জীবিত প্রাণীদের মধ্যে তোমরা অবশ্যই পার্থক্য রাখবে।’ ”

  6. 2 “সমগ্র ইস্রায়েলী জনতার সঙ্গে তুমি কথা বলো এবং তাদের জানাও, ‘তোমরা পবিত্র হও, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি পবিত্র।

  7. 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:

    “প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

    মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;

    যুগপর্যায়ের রাজা,

    ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।

    4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে

    ও তোমার নামের মহিমা করবে?

    কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।

    সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,

    কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”

  8. 1 এরপরে আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে স্বর্গে একটি দুয়ার খোলা রয়েছে; আর প্রথমে যে কণ্ঠস্বর আমি শুনেছিলাম যা তূরীধ্বনির মতো আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি বললেন, “তুমি এখানে উঠে এসো, এরপরে যা অতি অবশ্যই ঘটবে, সেসব আমি তোমাকে দেখাব।” 2 আমি সেই মুহূর্তেই পবিত্র আত্মায় আবিষ্ট হলাম এবং দেখলাম আমার সামনে স্বর্গের সিংহাসন রাখা আছে এবং এক ব্যক্তি তার উপরে উপবিষ্ট। 3 এবং উপবিষ্ট সেই ব্যক্তির চেহারা সূর্যকান্ত ও সার্দীয় মণির মতো। সেই সিংহাসনকে ঘিরে ছিল পান্নার মতো এক মেঘধনু। 4 সেই সিংহাসনের চারদিকে ছিল আরও চব্বিশটি সিংহাসন, সেগুলির উপরে উপবিষ্ট ছিলেন চব্বিশজন প্রাচীন ব্যক্তি। তাদের পরনে ছিল সাদা পোশাক ও তাদের মাথায় ছিল সোনার মুকুট। 5 সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছিল বিদ্যুতের ঝলক, গুরুগম্ভীর ধ্বনি ও বজ্রপাতের গর্জন। সিংহাসনের সামনে রাখা ছিল সাতটি জ্বলন্ত প্রদীপ, যেগুলি ঈশ্বরের সপ্ত-আত্মা। 6 এছাড়াও, সিংহাসনের সামনেটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, যেন কাচের একটি সমুদ্র।

    মাঝখানে, সিংহাসনের চারদিকে ছিলেন চার জীবন্ত প্রাণী, এবং তাদের সামনের ও পেছনের দিক ছিল চোখে পরিপূর্ণ। 7 প্রথম জীবন্ত প্রাণী ছিলেন সিংহের মতো, দ্বিতীয়জন ছিলেন বলদের মতো, তৃতীয় জনের মুখমণ্ডল ছিল মানুষের মতো, চতুর্থজন ছিলেন উড়ন্ত ঈগলের মতো। 8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:

    “পবিত্র, পবিত্র, পবিত্র,

    প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,

    যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”

  9. 15 কারণ যিনি উচ্চ ও উন্নত, যিনি চিরকাল জীবিত থাকেন ও যাঁর নাম পবিত্র,

    তিনি এই কথা বলেন,

    “আমি এক উচ্চ ও পবিত্রস্থানে বাস করি,

    আবার যে ভগ্নচূর্ণ ও নতনম্র আত্মা বিশিষ্ট,

    তার মধ্যেও বাস করি,

    যেন নম্র ব্যক্তিদের আত্মা সঞ্জীবিত করি

    এবং ভগ্নচূর্ণমনা ব্যক্তিদের হৃদয়কেও সঞ্জীবিত করি।

  10. 5 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো,

    তাঁর পাদপীঠে আরাধনা করো;

    তিনি পবিত্র।

  11. 9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।

  12. 1 দেখো, ঈশ্বর কেমন তাঁর প্রেম পর্যাপ্ত পরিমাণে আমাদের ঢেলে দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। আর আমরা প্রকৃতপক্ষে তাই। জগৎ এজন্য আমাদের জানে না, কারণ সে তাঁকে জানে না। 2 প্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা কী হব, তা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা জানি, যখন তিনি প্রকাশিত হবেন আমরা তাঁরই মতো হব, কারণ তিনি যেমন আছেন, আমরা তেমনই তাঁকে দেখতে পাব। 3 তাঁর প্রতি যার এই প্রত্যাশা আছে, তিনি যেমন শুদ্ধ, সে নিজেকেও তেমনই শুদ্ধ করে।

    4 যে কেউ পাপ করে, সে বিধান লঙ্ঘন করে; প্রকৃতপক্ষে, বিধান লঙ্ঘন করাই হল পাপ। 5 কিন্তু তোমরা জানো যে, আমাদের পাপ হরণের জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন এবং তাঁর মধ্যে পাপের লেশমাত্র নেই। 6 যে তাঁর মধ্যে বাস করে, সে পাপে লিপ্ত থাকে না। যে অবিরত পাপ করতেই থাকে, সে তাঁকে দেখেনি বা তাঁকে জানেও না।

    7 প্রিয় সন্তানেরা, কাউকে তোমাদের বিপথে চালিত করতে দিয়ো না। যে ন্যায়সংগত আচরণ করে, সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। 8 যে পাপ করে, সে দিয়াবলের, কারণ দিয়াবল প্রথম থেকেই পাপ করে আসছে। ঈশ্বরের পুত্র এই কারণেই প্রকাশিত হয়েছেন, যেন দিয়াবলের সব কাজ ধ্বংস করেন। 9 ঈশ্বর থেকে জাত কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকতে পারে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে; সে ক্রমাগত পাপ করতে পারে না, কারণ সে ঈশ্বর থেকে জাত। 10 এভাবেই আমরা জানতে পারি, কারা ঈশ্বরের সন্তান, আর কারা দিয়াবলের সন্তান। যে ন্যায়সংগত আচরণ করে না, সে ঈশ্বরের সন্তান নয়; যে তার ভাইবোনকে ভালোবাসে না, সেও নয়।

  13. 43 “তোমরা শুনেছ, বলা হয়েছিল, ‘তোমার প্রতিবেশীকে প্রেম কোরো’ ও ‘তোমার শত্রুকে ঘৃণা কোরো।’ 44 কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করে, তোমরা তাদের জন্য প্রার্থনা কোরো, 45 যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালোমন্দ, সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন। 46 যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কী পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেরকম করে না? 47 আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কী করছ? পরজাতীয়েরাও কি সেরকম করে না? 48 অতএব, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেইরূপ সিদ্ধ হও।

  14. 25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে?

    কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।

  15. 5 “আর কাছে এসো না,” ঈশ্বর বললেন। “তোমার চটিজুতো খুলে ফেলো, কারণ তুমি যে স্থানে দাঁড়িয়ে আছ সেটি পবিত্র ভূমি।”

  16. 8 ঈশ্বর সমস্ত জাতির উপর শাসন করেন,

    ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে অধিষ্ঠিত।

  17. একটি সংগীত। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

    1 আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে,

    সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।

  18. 21 আমার নামের পবিত্রতা রক্ষার দিকে আমার মনোযোগ ছিল, যা ইস্রায়েল জাতি যা সব জাতির মধ্যে গেছে সেখানেই আমার নাম অপবিত্র করেছে।

    22 “অতএব ইস্রায়েল কুলকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল কুল, আমি যে তোমাদের জন্য এই কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের জন্যিই করব, যা তোমরা যেখানে গিয়েছ সেখানেই জাতিগণের মধ্যে অপবিত্র করেছ। 23 আমি আমার মহান নামের পবিত্রতা দেখাব, যা জাতিগণের মধ্যে অপবিত্র করা হয়েছে, যে নাম তুমি তাদের মধ্যে অপবিত্র করেছ। আর জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাদের চোখের সামনে তোমাদের মধ্য দিয়ে নিজের পবিত্রতা দেখাব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।

  19. 49 কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন—

    তাঁর নাম পবিত্র।

  20. 29 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!

    নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।

    তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

  21. 3 তথাপি তুমিই পবিত্র;

    ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।

  22. দাউদের গীত।

    1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;

    হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

  23. 26 এইরকম একজন মহাযাজক আমাদের প্রয়োজন পূর্ণ করেন, যিনি পবিত্র, অনিন্দনীয়, বিশুদ্ধ, পাপীদের থেকে পৃথকীকৃত এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত। 27 অন্যান্য মহাযাজকের মতো, প্রথমত নিজের জন্য ও পরে সব মানুষের পাপের জন্য, দিনের পর দিন তাঁর বিভিন্ন বলি উৎসর্গ করার প্রয়োজন নেই, কারণ তাদের সব পাপের জন্য তিনি নিজেকে একবারই বলিরূপে উৎসর্গ করেছেন। 28 কারণ বিধান যাদের মহাযাজকরূপে নিযুক্ত করে, তারা দুর্বল। কিন্তু বিধান প্রতিষ্ঠা করার পরবর্তীকালে শপথের দ্বারা যিনি নিযুক্ত হয়েছেন তিনি “পুত্র,” সর্বকালের সিদ্ধপুরুষ।

  24. 26 আমার উদ্দেশে তোমাদের পবিত্র হতে হবে, কারণ আমি সদাপ্রভু পবিত্র এবং জাতিদের মধ্য থেকে তোমাদের আমি পৃথক রেখেছি, যেন তোমরা আমার নিজস্ব হও।

  25. 19 যিহোশূয় লোকদের বললেন, “তোমরা সদাপ্রভুর সেবা করতে পারবে না। তিনি পবিত্র ঈশ্বর; তিনি ঈর্ষাপরায়ণ ঈশ্বর। তিনি তোমাদের বিদ্রোহ ও পাপ ক্ষমা করবেন না। 20 তোমরা যদি সদাপ্রভুকে পরিত্যাগ করো ও বিজাতীয় দেবদেবীর সেবা করো, তিনি আগে তোমাদের মঙ্গলসাধন করলেও, পরে তোমাদের প্রতি বিমুখ হয়ে তোমাদের উপরে বিপর্যয় নিয়ে আসবেন ও তোমাদের সংহার করবেন।”

  26. 3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে?

    কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?

    4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল,

    যে প্রতিমায় আস্থা রাখে না

    অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।

    5 তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে

    এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।

  27. 9 তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো,

    সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও;

  28. 35 আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি—

    আর আমি দাউদকে মিথ্যা বলব না—

  29. 8 সেখানে প্রস্তুত হবে এক রাজপথ;

    সেই পথকে বলা হবে, “পবিত্রতার সরণি।”

    কোনো অশুচি মানুষ সেই পথে যাবে না;

    যারা ঈশ্বরের পথে চলে, এ পথ হবে কেবলমাত্র তাদের জন্য;

    দুষ্ট ও মূর্খেরা সেই পথ অতিক্রম করবে না।

  30. 15 আমিই সদাপ্রভু, তোমাদের সেই পবিত্রজন,

    আমি ইস্রায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজাধিরাজ।”

  31. 5 এই বাণী আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতি; তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই।

  32. দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, কে তোমার পবিত্র তাঁবুতে বসবাস করবে?

    তোমার পুণ্য পর্বতে কে বসবাস করবে?

  33. 12 তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো,

    আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

  34. 1 সদাপ্রভু রাজত্ব করেন,

    জাতিরা কম্পিত হোক;

    করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত,

    পৃথিবী কেঁপে উঠুক।

    2 সদাপ্রভু সিয়োনে মহান;

    সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।

    3 তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক—

    তিনি পবিত্র।

  35. 19 তোমরা কি জানো না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? 20 তোমরা আর তোমাদের নিজের নও, তোমাদের মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। অতএব, তোমাদের দেহ দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো।

  36. 6 তারা তাদের ঈশ্বরের উদ্দেশে অবশ্যই পবিত্র হবে এবং তাদের ঈশ্বরের নাম কখনও কলঙ্কিত করবে না। যেহেতু সদাপ্রভুর উদ্দেশে তারা অগ্নিকৃত উপহার আনে, তাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য রাখে, সেই কারণে তাদের পবিত্র হতে হবে।

    7 “ ‘বেশ্যাবৃত্তি দ্বারা কলঙ্কিত রমণীদের অথবা বিবাহবিচ্ছেদ হয়েছে এমন মহিলাদের তারা কোনোমতে বিয়ে করবে না, কারণ যাজকেরা তাদের ঈশ্বরের কাছে পবিত্র। 8 পবিত্ররূপে তাদের বিবেচনা করো, কারণ তোমাদের ঈশ্বরের উদ্দেশে তারা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করে। তাদের পবিত্র বলে বিবেচনা করো, কেননা সদাপ্রভু পবিত্র—আমি তোমাদের পবিত্র করি।

  37. 4 সদাপ্রভু তাঁর পবিত্র মন্দিরে আছেন;

    সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।

    তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন;

    তাঁর দৃষ্টি তাদের পরীক্ষা করে।

  38. 22 হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য

    আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব;

    হে ইস্রায়েলের পবিত্রজন,

    সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।

  39. 32 আমার পবিত্র নাম অপবিত্র করবে না। ইস্রায়েলীদের দ্বারা পবিত্ররূপে আমাকে স্বীকৃতি পেতেই হবে। আমি সদাপ্রভু, যিনি তোমাদের পবিত্র করেন

  40. 10 তাঁর পবিত্র নামের মহিমা করো;

    যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

  41. 10 তবে তখনও আমি এই সান্ত্বনা পেতাম—

    নির্মম যন্ত্রণার মধ্যেও আনন্দিত হতাম—

    যে আমি সেই পবিত্রজনের কথা অগ্রাহ্য করিনি।

  42. 21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,

    কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।

  43. 41 বারবার তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলল;

    তারা ইস্রায়েলের পবিত্রজনকে উত্ত্যক্ত করল।

  44. 16 কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর ন্যায়বিচারের জন্য উচ্চে উন্নত হবেন,

    এবং পবিত্র ঈশ্বর তাঁর ধার্মিকতার দ্বারা নিজেকে ধার্মিক দেখাবেন।

  45. 14 ওহে কীটসদৃশ যাকোব, ওহে নগণ্য ইস্রায়েল,

    তোমরা ভয় কোরো না,

    কারণ আমি স্বয়ং তোমাকে সাহায্য করব,”

    যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, সদাপ্রভু ঘোষণা করেন।

  46. 15 তুমি স্বর্গ থেকে নিচে তাকাও ও দেখো,

    তোমার উন্নত, পবিত্র ও মহিমাপূর্ণ সিংহাসন থেকে দেখো।

    তোমার সেই উদ্যম ও তোমার পরাক্রম কোথায়?

    তোমার কোমলতা ও সহানুভূতি আমাদের কাছ থেকে সরিয়ে রেখেছ।

  47. 20 কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন;

    সমস্ত পৃথিবী তাঁর সামনে নীরব থাকুক।

  48. 13 সমস্ত মানুষ, সদাপ্রভুর সামনে নীরব হও, কেননা তিনি নিজের পবিত্র বাসস্থানের মধ্য থেকে বের হয়ে এসেছেন।”