57 Bible Verses About Creation

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Creation
  1. 1 আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। 2 আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। 3 তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি। 4 তাঁর মধ্যে জীবন ছিল। সেই জীবন ছিল মানবজাতির জ্যোতি। 5 সেই জ্যোতি অন্ধকারে আলো বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারেনি।

  2. 1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।

    3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।

    6 আর ঈশ্বর বললেন, “পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক।” 7 অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল। 8 ঈশ্বর সেই উন্মুক্ত এলাকাকে “আকাশ” নাম দিলেন। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল দ্বিতীয় দিন।

    9 আর ঈশ্বর বললেন, “আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক, এবং শুকনো জমি দৃষ্টিগোচর হোক।” আর তা সেইমতোই হল। 10 ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন “ভূমি” এবং জমা জলকে তিনি “সমুদ্র” নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে।

    11 পরে ঈশ্বর বললেন, “ভূমি গাছপালা উৎপন্ন করুক: সেগুলির বিভিন্ন ধরন অনুসারে ভূমিতে উৎপন্ন সবীজ লতাগুল্ম ও বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হোক।” আর তা সেইমতোই হল। 12 ভূমি গাছপালা উৎপন্ন করল: নিজস্ব প্রজাতি অনুসারে বীজ উৎপাদনকারী লতাগুল্ম এবং নিজস্ব প্রজাতি অনুসারে বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হল। এবং ঈশ্বর দেখলেন যে সেগুলি ভালো হয়েছে। 13 আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল তৃতীয় দিন।

    14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক, 15 আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল। 16 ঈশ্বর দুটি বড়ো জ্যোতি তৈরি করলেন—দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড়ো জ্যোতি এবং রাত নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত ছোটো জ্যোতি। তিনি তারকামালাও তৈরি করলেন। 17 পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন, 18 যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে, এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 19 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।

    20 আর ঈশ্বর বললেন, “জলে জীবিত প্রাণীর ঝাঁক দেখা যাক এবং আকাশে পৃথিবীর উপর পাখিরা উড়ে বেড়াক।” 21 তাই ঈশ্বর সমুদ্রের বড়ো বড়ো প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে, এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 22 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো, এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক।” 23 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল পঞ্চম দিন।

    24 আর ঈশ্বর বললেন, “ভূমি নিজস্ব প্রজাতি অনুসারে জীবিত প্রাণী উৎপন্ন করুক: গৃহপালিত পশু, জমির সরীসৃপ প্রাণী, এবং বন্যপশু, প্রত্যেকে নিজস্ব প্রজাতি অনুসারেই হোক।” আর তা সেইমতোই হল। 25 বন্যপশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, এবং জমির সরীসৃপ প্রাণীদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।

    26 তখন ঈশ্বর বললেন, “এসো, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্যপশুর উপরে, এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে।”

    27 অতএব ঈশ্বর তাঁর নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন,

    ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন;

    পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন।

    28 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধিলাভ করো; পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রেখো। সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব কোরো।”

    29 পরে ঈশ্বর বললেন, “প্রত্যেকটি সবীজ লতাগুল্ম, যা সমগ্র পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম। সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হবে। 30 আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে—যে সবকিছুর মধ্যে জীবন আছে—খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারাগাছ দিলাম।” আর তা সেইমতোই হল।

    31 ঈশ্বর যা যা তৈরি করলেন, তা তিনি দেখলেন, এবং তা খুবই ভালো হল। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল ষষ্ঠ দিন।

  3. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”

  4. 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন। 13 কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তাঁর পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাঁকে তিনি প্রেম করেন। 14 তাঁর দ্বারাই আমরা মুক্তি এবং সব পাপের ক্ষমা পেয়েছি।

    15 তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথমজাত। 16 কারণ তাঁর দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। 17 সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তাঁরই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ।

  5. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।

  6. 18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।

    21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে।

  7. 3 বিশ্বাসে আমরা বুঝতে পারি যে, সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল; যার ফলে, যা কিছু এখন আমরা দেখি, তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি।

    4 বিশ্বাসে হেবল কয়িনের চেয়ে উৎকৃষ্ট বলি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। বিশ্বাসেই তিনি ধার্মিক বলে প্রশংসিত হয়েছিলেন, যখন ঈশ্বর তাঁর বলিদানের সপক্ষে কথা বলেছিলেন। যদিও তিনি মৃত, তবু আজও বিশ্বাসের দ্বারা তিনি কথা বলে চলেছেন।

  8. 1 এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সবকিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হল।

    2 সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3 আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।

    4 আকাশমণ্ডল ও পৃথিবী যখন সৃষ্টি হল, সদাপ্রভু ঈশ্বর যখন পৃথিবী ও আকাশমণ্ডল তৈরি করলেন তখন তার বর্ণনা এইরকম হল।

  9. 8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:

    “পবিত্র, পবিত্র, পবিত্র,

    প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,

    যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”

    9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,

    11 “আমাদের প্রভু ও ঈশ্বর,

    তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;

    কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,

    এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে

    ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”

  10. প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে;

    গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।

    2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে;

    তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।

    3 তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না;

    তাদের থেকে কোনও শব্দ শোনা যায় না।

    4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে,

    তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়।

    ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।

    5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে;

    বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।

    6 আকাশের এক প্রান্তে সে উদিত হয়

    এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে;

    তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।

  11. 25 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে?

    কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।

    26 তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও:

    এগুলি কে সৃষ্টি করেছে?

    তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন

    এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।

    তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে

    তাদের একটিও হারিয়ে যায় না।

    27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো?

    ওহে ইস্রায়েল, তুমি কেন বলো,

    “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত;

    আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”

    28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

  12. 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

  13. 5 কিন্তু তারা ইচ্ছা করেই ভুলে যায় যে, আদিতে ঈশ্বরের বাক্য দ্বারাই আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী জলের মধ্য থেকে ও জলের দ্বারা গঠিত হয়েছিল। 6 এই জলরাশির দ্বারাই সেই সময়ের পৃথিবী প্লাবিত হয়ে ধ্বংস হয়েছিল। 7 সেই একই বাক্যের দ্বারা বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী আগুনের জন্য সংরক্ষিত আছে, বিচারদিনের জন্য ও ভক্তিহীন মানুষদের ধ্বংসের জন্য রক্ষিত আছে।

    8 প্রিয় বন্ধুরা, এই একটি কথা কিন্তু ভুলে যেয়ো না: প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান। 9 প্রভু তাঁর প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘসহিষ্ণু, তিনি চান না, কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান, প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে।

    10 কিন্তু প্রভুর সেদিন আসবে চোরের মতো। আকাশমণ্ডল গুরুগম্ভীর গর্জনে অদৃশ্য হয়ে যাবে; এর মৌলিক পদার্থগুলি আগুনে ধ্বংস হবে এবং পৃথিবী ও তার মধ্যে সবকিছুই আগুনে পুড়ে বিলীন হবে।

    11 সবকিছুই যখন এভাবে ধ্বংস হয়ে যাবে, তখন তোমাদের কী ধরনের মানুষ হওয়া উচিত? তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে, 12 যখন তোমরা ঈশ্বরের সেই দিনের আগমনের জন্য প্রতীক্ষা করছ ও চাইছ যে তা যেন দ্রুত আসে। সেদিনে আকাশমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে।

  14. 3 যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,

    তোমার হাতের কাজ,

    চাঁদ ও তারার দিকে দেখি

    যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,

    4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?

    মানুষ কি যে, তার তুমি যত্ন করো?

    5 তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ

    এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।

    6 তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;

    এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:

    7 সব মেষপাল ও গোপাল,

    ও যত বন্যপশু;

    8 আকাশের যত পাখি,

    সমুদ্রের যত মাছ,

    যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।

  15. 6 তবুও আমাদের জন্য আছেন একমাত্র সেই পিতা ঈশ্বর, যাঁর কাছ থেকে সবকিছুরই উদ্ভব হয়েছে এবং যাঁর উদ্দেশ্যে আমরা জীবনধারণ করি; আবার একজনই প্রভুও আছেন, তিনি যীশু খ্রীষ্ট। তাঁরই মাধ্যমে সবকিছু উদ্ভূত হয়েছে এবং তাঁরই মাধ্যমে আমরা জীবনধারণ করি।

  16. 7 শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন;

    শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।

    8 তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন,

    তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।

    9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে রাখেন,

    তাঁর মেঘরাশি তার উপর প্রসারিত করেন।

    10 আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে

    জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।

    11 আকাশমণ্ডলের স্তম্ভগুলি কেঁপে ওঠে,

    তাঁর ভর্ৎসনায় বিস্ময়বিমূঢ় হয়ে যায়।

    12 তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন;

    তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে কেটে টুকরো টুকরো করে দেন।

    13 তাঁর নিশ্বাস দ্বারা আকাশ পরিষ্কার হয়;

    তাঁরই হাত পিচ্ছিল সাপকে বিদ্ধ করেছে।

    14 আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র;

    তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্‌ফিসানি!

    তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”

  17. 5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;

    পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।

    6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,

    তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।

  18. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;

    ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

    2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;

    হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।

    3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;

    হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।

    4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো

    হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।

    5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

    কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,

    6 এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন,

    তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।

    7 পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক,

    হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,

    8 বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি,

    বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,

    9 পর্বত ও সব পাহাড়,

    ফলের গাছ আর সব দেবদারু গাছ,

    10 বন্যপশু আর গবাদি পশু,

    ক্ষুদ্র প্রাণী এবং উড়ন্ত পাখি,

  19. চতুর্থ খণ্ড

    ঈশ্বর মনোনীত ব্যক্তি মোশির প্রার্থনা।

    1 হে সদাপ্রভু, বংশপরম্পরায়

    তুমি আমার বাসস্থান হয়ে এসেছ।

    2 পর্বতগুলির জন্মের আগে

    এমনকি, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেওয়ার আগে,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তুমিই ঈশ্বর।

  20. 17 “দেখো, আমি নতুন আকাশমণ্ডল

    ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি।

    পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না,

    সেগুলি আর মনেও আসবে না।

    18 কিন্তু আমি যা সৃষ্টি করব, তার জন্য

    আনন্দিত ও চিরকালের জন্য উল্লসিত হও,

    কারণ আমি জেরুশালেমকে হর্ষের জন্য

    ও তার লোকেদের আনন্দের জন্য সৃষ্টি করব।

    19 আমি জেরুশালেমের জন্য উল্লসিত হব

    ও আমার প্রজাদের জন্য হর্ষিত হব;

    ক্রন্দন কিংবা বিলাপের ধ্বনি

    আর কখনও সেখানে শোনা যাবে না।

  21. 24 “ঈশ্বর, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন, তিনিই স্বর্গ ও মর্ত্যের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না। 25 তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না। কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। 26 তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন, যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন। 27 ঈশ্বর এ কাজ করেছেন, যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নেই। 28 কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, ‘আমরা তাঁর বংশ।’

  22. 7 সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল।

  23. 25 আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ,

    আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা

    26 সেসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;

    ছেঁড়া কাপড়ের মতো সেসব শেষ হয়ে যাবে।

    পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে

    আর তাদের পরিত্যাগ করা হবে।

    27 কিন্তু তোমার পরিবর্তন নেই,

    আর তোমার বছরগুলি কখনও শেষ হবে না।

  24. 5 সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন,

    সেই সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন,

    যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই বিছিয়ে দিয়েছেন,

    যিনি তাঁর লোকেদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেন

    ও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন:

    6 “আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;

    আমি তোমার হাত ধরে থাকব।

    আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে

    প্রজাদের জন্য এক চুক্তি এবং

    অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,

    7 যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,

    কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়

    এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।

    8 “আমি সদাপ্রভু; এই আমার নাম!

    আমার মহিমা আমি অন্য কাউকে দেব না,

    বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না।

    9 দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে

    এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি;

    সেগুলি ঘটবার পূর্বেই

    আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি।”

    10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,

    দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,

    তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।

  25. 1 অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন, 2 কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন।

  26. 7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,

    বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;

    8 বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,

    বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।

    9 এদের মধ্যে কে জানে না

    যে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?

    10 তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন

    ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।

  27. 3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,

    সব দেবতার উপর মহান রাজা।

    4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,

    এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।

    5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,

    আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।

  28. 12 কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে,

    কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে?

    কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো,

    কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল

    এবং তরাজুতে যত পাহাড়?

    13 সদাপ্রভুর মন কে বুঝতে পেরেছে,

    কিংবা মন্ত্রণাদাতা হয়ে তাঁকে পরামর্শ দিয়েছে?

  29. 18 কারণ সদাপ্রভু এই কথা বলেন,

    যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,

    তিনি ঈশ্বর;

    যিনি পৃথিবীকে আকার দিয়ে নির্মাণ করেছেন,

    তিনি তার প্রতিষ্ঠা করেছেন;

    তিনি তা শূন্য রাখার জন্য সৃষ্টি করেননি,

    কিন্তু তা বসতিস্থান হওয়ার জন্যই গঠন করেছেন।

    তিনি বলেন,

    “আমি সদাপ্রভু,

    আর অন্য কেউই নয়।

  30. 17 “অহো, সার্বভৌম সদাপ্রভু, তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয়।

  31. 4 ঈশ্বরের আত্মা আমাকে সৃষ্টি করেছেন;

    সর্বশক্তিমানের শ্বাস আমায় জীবন দান করেছে।

  32. দাউদের গীত।

    1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু,

    এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;

    2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন

    আর জলধির উপর তা নির্মাণ করেছেন।

  33. 24 হে সদাপ্রভু, তোমার কাজ কত বিচিত্র!

    প্রজ্ঞায় তুমি তাদের সব তৈরি করেছ;

    জগৎ তোমার জীবজন্তুতে পূর্ণ।

    25 ওই দেখো সুবিশাল, বিস্তীর্ণ জলধি,

    অগণিত কত প্রাণীতে পরিপূর্ণ—

    ছোটো ও বড়ো বহু জীব।

  34. 10 তিনি জগতে ছিলেন, জগৎ তাঁর দ্বারা সৃষ্ট হলেও জগৎ তাঁকে চিনল না।

  35. 15 “বন্ধুগণ, আপনারা কেন এরকম করছেন? আমরাও মানুষ, আপনাদেরই মতো মানুষমাত্র। আমরা আপনাদের কাছে এই সুসমাচার নিয়ে এসেছি ও আপনাদের বলছি যে, এসব অসার বস্তু থেকে জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরে আসতে যিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে যা কিছু আছে সেসব সৃষ্টি করেছেন। 16 অতীতে, তিনি সব জাতিকেই তাদের ইচ্ছামতো জীবনাচরণ করতে দিয়েছেন। 17 তবুও তিনি নিজেকে সাক্ষ্যবিহীন রাখেননি। তিনি আকাশ থেকে বৃষ্টি ও বিভিন্ন ঋতুতে শস্য উৎপাদন করে তাঁর করুণা দেখিয়েছেন। তিনি আপনাদের প্রচুর খাদ্যসামগ্রী দান করেছেন ও আপনাদের অন্তর আনন্দে পরিপূর্ণ করেছেন।”

  36. 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  37. 17 আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই

    “তোমার জন্য ভূমি অভিশপ্ত হল;

    আজীবন তুমি

    কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।

    18 তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে,

    আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,

    19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,

    ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,

    যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;

    কারণ তুমি তো ধুলো,

    আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”

  38. 9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;

    তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।

  39. 24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;

    আমরা আনন্দ করব এবং খুশি হব।

  40. 8 সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা

    আমাদের সাহায্য তাঁর কাছ থেকে আসে।

  41. 6 আকাশমণ্ডলে ও পৃথিবীতে,

    সমুদ্রে ও সমস্ত জলধির মধ্যে,

    সদাপ্রভুর যা ইচ্ছা তাই করেন।

    7 তিনি পৃথিবীর প্রান্তদেশ থেকে মেঘ উত্থাপন করেন;

    তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রেরণ করেন,

    আর তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।

  42. 11 “তাদের একথা বলো, ‘এসব দেবতা, যারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা পৃথিবী থেকে ও আকাশমণ্ডলের নিচে সব স্থান থেকে বিলুপ্ত হবে।’ ”

    12 কিন্তু ঈশ্বর নিজের পরাক্রমে পৃথিবী সৃষ্টি করেছেন;

    তিনি নিজের প্রজ্ঞায় জগৎ স্থাপন করেছেন

    এবং তাঁরই বুদ্ধিতে আকাশমণ্ডল প্রসারিত করেছেন।

  43. 2 “সদাপ্রভু এই কথা বলেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সদাপ্রভু তা গঠন করেছেন ও প্রতিষ্ঠিত করেছেন, সদাপ্রভু হল তাঁর নাম; 3 ‘তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না, এমন সব বিষয় জানাব, যা তুমি জানো না।’

  44. 6 কিন্তু সৃষ্টির সূচনায় ঈশ্বর তাদের পুরুষ ও নারী—এভাবেই সৃষ্টি করেছিলেন। 7 আর এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করবে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে 8 ও সেই দুজন একাঙ্গ হবে। তাই, তারা আর দুজন নয়, কিন্তু অভিন্নসত্তা।

  45. 17 যেমন লেখা আছে, “আমি তোমাকে বহু জাতির পিতা করেছি।” যে ঈশ্বরে তিনি বিশ্বাস করেছিলেন, তাঁর দৃষ্টিতে তিনি আমাদের পিতা—সেই ঈশ্বর, যিনি মৃতদের জীবন দান করেন ও যা নেই, তা আছে বলেন।

  46. 36 কারণ সকল বস্তুর উদ্ভব তাঁর থেকে,

    তাঁর মাধ্যমে ও তাঁরই জন্য, তাঁরই মহিমা হোক চিরকাল! আমেন।

  47. 13 কিন্তু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় আছি, তা হবে ধার্মিকতার আবাস।

  48. 6 নারী যখন দেখলেন যে সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক, এবং জ্ঞানার্জনের পক্ষেও কাম্য, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তিনি তাঁর সেই স্বামীকেও কয়েকটি ফল দিলেন, যিনি তাঁর সঙ্গেই ছিলেন ও তিনিও তা খেলেন।

  49. 1 এই হল আদমের বংশাবলির লিখিত নথি।

    ঈশ্বর যখন মানবজাতিকে সৃষ্টি করলেন, তখন তিনি তাদের ঈশ্বরের প্রতিমূর্তিতেই তৈরি করলেন। 2 তিনি তাদের পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করলেন এবং তাদের আশীর্বাদও করলেন। আর তারা যখন সৃষ্ট হলেন তখন তিনি তাদের “মানবজাতি” নাম দিলেন।

    3 130 বছর বয়সে আদম তাঁর নিজের সাদৃশ্যে, তাঁর নিজের প্রতিমূর্তিতে এক ছেলে লাভ করলেন; আর তিনি তাঁর নাম দিলেন শেথ।

  50. 17 চিরকালের জন্য এটি আমার ও ইস্রায়েলীদের মধ্যে এক চিহ্ন হয়ে থাকবে, কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করেছিলেন, এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন ও চাঙ্গা হয়েছিলেন।”

    18 সীনয় পর্বতে মোশির সঙ্গে সদাপ্রভুর কথা বলা শেষ হয়ে যাওয়ার পর, তিনি মোশিকে ঈশ্বরের আঙুল দিয়ে খোদাই করা পাথরের ফলকগুলি, বিধিনিয়মের সেই দুটি ফলক দিলেন।

  51. 4 তোমার দৃষ্টিতে এক হাজার বছর

    একদিনের সমান যা এইমাত্র কেটেছে,

    অথবা রাতের প্রহরের মতো।

  52. 5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,

    কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

  53. 1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান;

    তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।

    2 তিনি আলোর পোশাকে সজ্জিত;

    তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন

    3 আর তিনি জলধিতে তাঁর উচ্চকক্ষের কড়িকাঠ স্থাপন করেন।

    তিনি মেঘরাশিকে তাঁর রথ করেন

    আর বায়ুর ডানায় চড়ে ভেসে চলেন।

    4 তিনি বায়ুপ্রবাহকে তাঁর দূত করেন,

    আগুনের শিখাকে নিজের দাস করেন।

    5 তিনি এই জগতকে ভিত্তিমূলের উপর স্থাপন করেন;

    তা কোনোদিন বিচলিত হবে না।

    6 আচ্ছাদনের মতো অতল জলধি দিয়ে তুমি এই জগৎ আবৃত করেছ;

    জলপ্রবাহ পর্বতগুলির উপর দাঁড়াল।

  54. 15 সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টিই হল মূলকথা।

  55. 4 ঈশ্বরের সৃষ্ট সবকিছুই ভালো এবং ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে, কোনো কিছুই অখাদ্য নয়,

  56. 3 সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।

  57. 13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:

    “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর

    ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,

    মহিমা ও পরাক্রম,

    চিরকাল যুগে যুগে হোক!”