60 Bible Verses About God's Provision
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
19 আর আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্থিত তাঁর গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন।
-
6 একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে অনেক পরিমাণে বীজ বোনে, সে অনেক পরিমাণে ফসলও কাটবে। 7 প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। 8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো। 9 যেমন লেখা আছে:
“সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,
তার ধার্মিকতা চিরস্থায়ী।”
10 এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন। 11 তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
-
25 “এই কারণে আমি তোমাদের বলছি, তোমাদের জীবনের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, তোমরা কী খাবে বা পান করবে; বা শরীরের বিষয়ে, কী পোশাক পড়বে। খাবারের চেয়ে জীবন কি বড়ো বিষয় নয় এবং পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয়? 26 আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো; তারা বীজবপন করে না, ফসল কাটে না, বা গোলায় সঞ্চয়ও করে না; তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাবার জুগিয়ে দেন। তোমরা কি তাদের চেয়েও অনেক বেশি মূল্যবান নও? 27 দুশ্চিন্তা করে তোমাদের কেউ কি নিজের আয়ু এক ঘণ্টাও বৃদ্ধি করতে পারে?
28 “আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো? দেখো, মাঠের লিলি ফুল কীভাবে বিকশিত হয়। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। 29 তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তার সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না। 30 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও বেশি সুশোভিত করবেন না? 31 সেই কারণে, ‘আমরা কী খাব?’ বা ‘আমরা কী পান করব?’ বা ‘আমরা কী পরব?’ এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা কোরো না। 32 কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। 33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। 34 অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।
-
একটি আরোহণ সংগীত।
1 আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—
কোথা থেকে আমার সাহায্য আসে?
2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,
সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,
তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,
তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
5 সদাপ্রভু তোমার রক্ষক,
সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,
এমনকি রাতে চাঁদও করবে না।
7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন
আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন
এখন থেকে চিরকাল পর্যন্ত।
-
4 তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব,
তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব।
আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব;
আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।
-
7 “চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ করো, তোমরা পাবে; কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। 8 কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।
9 “তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে রুটি চাইলে, তাকে পাথর দেবে? 10 অথবা, মাছ চাইলে তাকে সাপ দেবে? 11 তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরও কত না উৎকৃষ্ট সব উপহার নিশ্চিতরূপে দান করবেন?
-
6 অব্রাহাম হোমবলির কাঠ নিয়ে সেগুলি তাঁর ছেলে ইস্হাকের কাঁধে চাপিয়ে দিলেন, এবং তিনি স্বয়ং আগুন ও ছুরি নিলেন। তাঁরা দুজন যখন একসাথে এগিয়ে যাচ্ছিলেন, 7 ইস্হাক মুখ খুলে তাঁর বাবা অব্রাহামকে বললেন, “বাবা?”
“বলো বাছা?” অব্রাহাম উত্তর দিলেন।
“আগুন ও কাঠ তো এখানে আছে,” ইস্হাক বললেন, “কিন্তু হোমবলির জন্য মেষশাবক কোথায়?”
8 অব্রাহাম উত্তর দিলেন, “বাছা, ঈশ্বর স্বয়ং হোমবলির জন্য মেষশাবকের জোগান দেবেন।” আর তাঁরা দুজন একসাথে এগিয়ে গেলেন।
-
13 অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দেখতে পেলেন সেখানে ঝোপঝাড়ের মধ্যে একটি মদ্দা মেষ শিং আটকানো অবস্থায় পড়ে আছে। তিনি সেখানে গিয়ে মদ্দা মেষটিকে এনে তাঁর ছেলের পরিবর্তে সেটিকে এক হোমবলিরূপে উৎসর্গ করলেন। 14 অতএব অব্রাহাম সেই স্থানটির নাম দিলেন সদাপ্রভু জোগাবেন। আর আজও পর্যন্ত একথা বলা হয়ে থাকে, “সদাপ্রভুর পর্বতে তা জোগানো হবে।”
-
15 আমি তোমার সাথেই আছি ও তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার উপর নজর রাখব, এবং তোমাকে এই দেশেই ফিরিয়ে আনব। যতদিন না আমি তোমার কাছে আমার করা প্রতিজ্ঞাটি পূরণ করছি, ততদিন আমি তোমাকে ত্যাগ করব না।”
-
13 সেই সন্ধ্যায় ভারুই পাখির দল এল এবং শিবির ঢেকে ফেলল, এবং সকালবেলায় শিবিরের চারপাশে শিশিরের এক পরত পড়েছিল। 14 শিশির সরে যাওয়ার পর, মরুভূমির জমিতে হিমকণার মতো পাতলা আঁশ আবির্ভূত হল। 15 ইস্রায়েলীরা যখন তা দেখল, তখন তারা পরস্পরকে বলল, “এটি কী?” কারণ সেটি কী তা তারা জানতে পারেনি।
মোশি তাদের বললেন, “এ হল সেই খাদ্য যা সদাপ্রভু তোমাদের খেতে দিয়েছেন। 16 সদাপ্রভু এই আদেশই দিয়েছেন: ‘প্রত্যেকে তাদের প্রয়োজন অনুসারেই কুড়াবে। তোমাদের তাঁবুতে থাকা এক একজনের জন্য এক ওমর করে কুড়াও।’ ”
17 ইস্রায়েলীরা তাই করল যা তাদের করতে বলা হয়েছিল; কয়েকজন বেশি পরিমাণে কুড়াল এবং কয়েকজন কম পরিমাণে কুড়াল। 18 আর যখন তারা তা ওমর দিয়ে মাপল, তখন যে বেশি পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব বেশি ছিল না, এবং যে কম পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব কম ছিল না। প্রত্যেকে ঠিক তাদের চাহিদা অনুসারেই কুড়িয়েছিল।
-
3 কিন্তু লোকেরা সেখানে জলের জন্য তৃষ্ণার্ত হল এবং তারা মোশির বিরুদ্ধে অভিযোগ জানাল। তারা বলল, “কেন তুমি আমাদের ও আমাদের সন্তানসন্ততিকে এবং আমাদের গৃহপালিত পশুপালকে তৃষ্ণার্ত হয়ে মরে যাওয়ার জন্য মিশর থেকে বের করে এখানে নিয়ে এসেছ?”
4 তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “এই লোকদের নিয়ে আমি কী করব? তারা তো প্রায় আমাকে পাথর মারার জন্য তৈরিই হয়ে আছে।”
5 সদাপ্রভু মোশিকে উত্তর দিলেন, “লোকদের সামনে চলে যাও। ইস্রায়েলের কয়েকজন প্রাচীনকে তোমার সাথে নাও ও তোমার সেই ছড়িটি হাতে তুলে নাও, যেটি দিয়ে তুমি নীলনদে আঘাত করেছিলে, এবং যাও। 6 আমি সেখানে তোমার সামনে হোরেবে শিলাপাথরের পাশে গিয়ে দাঁড়াব। সেই শিলাপাথরে আঘাত করো, এবং লোকজনের জন্য সেখান থেকে পানীয় জল বেরিয়ে আসবে।” অতএব মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে তা করলেন।
-
4 তাদের মধ্যে বসবাসকারী উচ্ছৃঙ্খল লোকেরা, বিকল্প খাবারের জন্য অনুনয় করল এবং ইস্রায়েলীরা পুনরায় বিলাপ করে বলতে লাগল, “আমাদের খাবারের জন্য যদি একটু মাংস পেতাম! 5 স্মরণে আসছে, মিশরে আমরা বিনামূল্যে মাছ খেতাম, সেই সঙ্গে শসা, তরমুজ, সবজি, পিঁয়াজ, রসুনও খেতাম। 6 কিন্তু এখন আমাদের ক্ষুধার অবলুপ্তি ঘটেছে; এই মান্না ছাড়া অন্য কিছু দেখা যায় না।”
-
31 তখন সদাপ্রভুর কাছ থেকে এক ঝড় বের হয়ে সমুদ্র থেকে ভারুই পাখিদের তুলে নিয়ে এল। সেই ঝড়, ছাউনির চতুর্দিকে তাদের উড়িয়ে নিয়ে এল। তারা ভূমি থেকে তিন ফুট উঁচুতে অবস্থান করল এবং যে কোনো দিশায়, একদিনের চলার পথ পর্যন্ত বিস্তৃত হয়ে রইল। 32 সেদিন, সম্পূর্ণ দিন ও রাত এবং তার পরেরও সম্পূর্ণ দিন সবাই ভারুই পাখি সংগ্রহ করল। কোনো ব্যক্তিই দশ হোমারের কম সংগ্রহ করল না। তারা সেই সমস্ত পাখি ছাউনির চতুর্দিকে ছড়িয়ে রাখল।
-
7 তোমাদের ঈশ্বর সদাপ্রভু সবকাজেই তোমাদের আশীর্বাদ করেছেন। এই বিশাল মরুএলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি তোমাদের দেখাশোনা করেছেন। এই চল্লিশ বছর তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গেই থেকেছেন, এবং তোমাদের কোনও অভাব হয়নি।
-
13 অতএব আমি আজ তোমাদের যে সকল আজ্ঞা দিচ্ছি—তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো ও সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো 14 তাহলে আমি সব ঋতুতে বৃষ্টি দেব, শরৎ ও বসন্তে, যেন তোমরা শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল সংগ্রহ করতে পারো। 15 আমি তোমাদের পশুদের জন্য মাঠে ঘাস হতে দেব, এবং তোমরা খাবে ও তৃপ্ত হবে।
16 তোমরা কিন্তু সতর্ক থাকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে সদাপ্রভুর কাছ থেকে সরে যাবে এবং অন্যান্য দেবতাদের সেবা ও পূজা করবে। 17 এতে তোমাদের উপর সদাপ্রভুর ক্রোধের আগুন জ্বলে উঠবে এবং তিনি আকাশের দরজা বন্ধ করে দেবেন, যার ফলে বৃষ্টিও হবে না এবং জমিতে ফসলও হবে না, এবং যে চমৎকার দেশটি সদাপ্রভু তোমাদের দিচ্ছেন সেখান থেকে তোমরা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে।
-
8 তিনি ধুলো থেকে দরিদ্রকে উত্তোলন করেন
আর ভস্মস্তূপের মধ্য থেকে অভাবীকে তোলেন;
তাদের তিনি রাজাধিরাজদের সাথে বসিয়ে দেন
আর তাদের সম্মানের রাজাসনে বসিয়ে দেন।
“কেননা ধরাধামের বনেদগুলি সদাপ্রভুরই অধিকার;
তিনি সেগুলির উপরে এই চরাচর ধরে রেখেছেন।
-
9 তিনি তাঁর ভক্তজনের চরণগুলি রক্ষা করবেন,
কিন্তু দুরাচারী আঁধারে ঘেরা স্থানে নির্বাক হবে।
“বলবীর্যে কেউ যুদ্ধে বিজয়শ্রী হয় না;
-
6 দাঁড়কাকেরা সকাল-সন্ধ্যায় তাঁর কাছে রুটি ও মাংস নিয়ে আসত, এবং তিনি সেই স্রোতের জল পান করতেন।
-
8 তখন সদাপ্রভুর এই বাক্য তাঁর কাছে এসেছিল: 9 “এক্ষুনি তুমি সীদোনের এলাকাভুক্ত সারিফতে চলে যাও ও সেখানে গিয়েই থাকো। আমি সেখানে একজন বিধবাকে নির্দেশ দিয়ে রেখেছি, সে তোমাকে খাবার জোগাবে।” 10 অতএব তিনি সারিফতে চলে গেলেন। তিনি যখন নগরের সিংহদুয়ারে পৌঁছালেন, একজন বিধবা সেখানে তখন কাঠকুটো সংগ্রহ করছিল। তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি আমার জন্য এক পাত্র জল এনে দিতে পারবে, যেন আমি তা পান করতে পারি?” 11 সে যখন জল আনতে যাচ্ছিল তখন তিনি আবার তাকে ডেকে বললেন, “আর দয়া করে আমার জন্য এক টুকরো রুটিও এনো।”
12 “আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি,” সে উত্তর দিয়েছিল, “আমার কাছে কোনও রুটি নেই—আছে শুধু একটি পাত্রে পড়ে থাকা একমুঠো ময়দা আর একটি বয়ামে পড়ে থাকা সামান্য একটু জলপাই তেল। আমি ঘরে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি কাঠকুটো কুড়াচ্ছি, যেন আমার ও আমার ছেলের জন্য একটু খাবার তৈরি করে আমরা তা খেয়ে মরি।”
13 এলিয় তাকে বললেন, “ভয় পেয়ো না। ঘরে গিয়ে তোমার কথামতোই কাজ করো। কিন্তু তোমার কাছে যা আছে তা দিয়ে প্রথমে আমার জন্য ছোটো এক টুকরো রুটি তৈরি করে সেটি আমার কাছে নিয়ে এসো, পরে তোমার নিজের ও তোমার ছেলের জন্য কিছু তৈরি কোরো। 14 কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘যতদিন না সদাপ্রভু দেশে বৃষ্টি পাঠাচ্ছেন, ততদিন ময়দার এই পাত্র শূন্য হবে না ও তেলের বয়ামও শুকিয়ে যাবে না।’ ”
15 সে গিয়ে এলিয়ের কথামতোই কাজ করল। তাতে প্রতিদিন সেখানে এলিয়ের এবং সেই মহিলা ও তার ছেলের জন্য খাবারের ব্যবস্থা হল। 16 কারণ এলিয়ের মাধ্যমে বলা সদাপ্রভুর সেই কথা সত্যি প্রমাণিত করে ময়দার সেই পাত্র শূন্য হয়নি এবং তেলের বয়ামও শুকিয়ে যায়নি।
-
5 এই বলে তিনি খেংরা ঝোপের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
হঠাৎ করে একজন স্বর্গদূত তাঁকে স্পর্শ করে বলে উঠেছিলেন, “উঠে পড়ো ও খেয়ে নাও।” 6 তিনি চারপাশে তাকিয়েছিলেন, আর দেখতে পেয়েছিলেন যে তাঁর মাথার কাছে গরম কয়লার আগুনে সেঁকা কয়েকটি রুটি ও এক বয়াম জল রাখা আছে। তিনি ভোজনপান করে আবার শুয়ে পড়েছিলেন।
7 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার ফিরে এসে তাঁকে স্পর্শ করে বললেন, “উঠে পড়ো ও খেয়ে নাও, কারণ এই যাত্রাটি তোমার পক্ষে বড়ো বেশি লম্বা হতে চলেছে।” 8 অতএব তিনি উঠে ভোজনপান করলেন। খাবার খেয়ে শক্তি লাভ করে তিনি সদাপ্রভুর পর্বত হোরেবে না পৌঁছানো পর্যন্ত চল্লিশ দিন চল্লিশ রাত হেঁটে গেলেন।
-
42 বায়াল-শালিশা থেকে একজন লোক ঈশ্বরের লোকের কাছে থলিতে করে নবান্নরূপী যবের কুড়িটি সেঁকা রুটি, এবং নবান্নের কিছু ফসল-দানা নিয়ে এসেছিল। “লোকদের এগুলি খেতে দাও,” ইলীশায় বললেন।
43 “একশো জন লোকের সামনে আমি কীভাবে এটি পরিবেশন করব?” তাঁর দাস জিজ্ঞাসা করলেন।
কিন্তু ইলীশায় উত্তর দিলেন, “এগুলিই লোকদের খেতে দাও। কারণ সদাপ্রভু একথাই বলেন: ‘তারা খাবে ও আরও কিছু বেঁচেও যাবে।’ ” 44 তখন সে তাদের সামনে সেগুলি পরিবেশন করল, এবং সদাপ্রভুর কথানুসারে, তারা খাওয়ার পরেও আরও কিছু খাবার বেঁচে গেল।
-
12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;
তুমিই সবকিছুর শাসনকর্তা।
সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য
শক্তি ও বল তোমারই হাতে আছে।
-
12 নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো;
সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।
-
9 তুমি এই পৃথিবীকে যত্ন করছ ও জল সেচন করছ,
সমৃদ্ধ ও উর্বর করে তুলছ।
ঈশ্বরের নদী জলে পূর্ণ;
যা সবাইকে প্রচুর শস্যের সম্ভার দেয়;
কারণ এইভাবেই তুমি আদেশ দিয়েছ।
10 তুমি চষা জমির লাঙলরেখা ভিজিয়ে রাখছ এবং ঢাল সমান করছ;
তুমি বৃষ্টি দিয়ে তা নরম করছ এবং তার ফসলে আশীর্বাদ করছ।
11 ফসলের সম্ভারে তুমি বছরকে মুকুটে ভূষিত করছ,
আর তোমার ঠেলাগাড়ি প্রাচুর্যে উপচে পড়ে।
12 মরুপ্রান্তরের তৃণভূমি উপচে পড়ে;
আর সব পাহাড় আনন্দে সজ্জিত হয়।
13 পশুপালে চারণভূমি পরিপূর্ণ হয়,
উপত্যকাগুলি শস্যসম্ভারে আবৃত হয়;
তারা জয়ধ্বনি করে ও গান গায়।
-
5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;
তাঁর আবাস পবিত্র।
-
9 যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,”
আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,
10 তোমার কোনও অনিষ্ট হবে না,
কোনও বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।
11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে
তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;
12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,
যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
13 তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে;
তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে।
-
27 উপযুক্ত সময়ে তাদের খাবার পাওয়ার জন্য
সব জীবজন্তু তোমার দিকে চেয়ে থাকে।
28 যখন তুমি তাদের খাবার দাও
তারা তা সংগ্রহ করে;
যখন তুমি তোমার হাত খুলে দাও,
তারা উত্তম দ্রব্যে পরিতৃপ্ত হয়।
-
9 কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন
এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।
-
5 যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন;
তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।
-
7 তিনি পৃথিবীর প্রান্তদেশ থেকে মেঘ উত্থাপন করেন;
তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রেরণ করেন,
আর তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।
-
12 আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন
আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন।
-
14 যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন
আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।
-
16 তুমি তোমার হাত উন্মুক্ত করো,
আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।
-
5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
8 সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন,
সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন,
সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
9 সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন
অনাথ ও বিধবাদের তিনি বহন করেন,
কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
10 সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন,
তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন।
সদাপ্রভুর প্রশংসা করো।
-
7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;
বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।
8 তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন;
তিনি পৃথিবীতে বৃষ্টি দেন,
এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।
9 তিনি পশুপালের জন্য খাবারের জোগান দেন
এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।
10 তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না,
যোদ্ধার বলে তিনি সন্তুষ্ট হন না;
11 সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে,
যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।
-
26 আমি তাদের এবং আমার পাহাড়ের চারপাশের জায়গাগুলিকে আশীর্বাদ করব। আমি ঠিক সময়ে বৃষ্টি পাঠাব; সেখানে আশীর্বাদের ধারা বর্ষাবে। 27 মাঠের গাছে গাছে ফল ধরবে এবং মাটি ফসল দেবে; লোকেরা তাদের জায়গায় নিরাপদে থাকবে। তারা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি তাদের জোয়ালের খিল ভেঙে ফেলব এবং যারা তাদের দাসত্ব করাচ্ছে তাদের হাত থেকে তাদের উদ্ধার করব। 28 তারা আর জাতিগণের লুটের জিনিস হবে না কিংবা বন্যপশুরা তাদের খেয়ে ফেলবে না। তারা নিরাপদে বাস করবে আর কেউ তাদের ভয় দেখাবে না। 29 আমি তাদের উর্বর জমি দেব, আর দেশের মধ্যে তারা দুর্ভিক্ষের হাতে পড়বে না কিংবা অন্যান্য দেশের অসম্মানের পাত্র হবে না।
-
43 “তোমরা শুনেছ, বলা হয়েছিল, ‘তোমার প্রতিবেশীকে প্রেম কোরো’ ও ‘তোমার শত্রুকে ঘৃণা কোরো।’ 44 কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করে, তোমরা তাদের জন্য প্রার্থনা কোরো, 45 যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালোমন্দ, সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন। 46 যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কী পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেরকম করে না? 47 আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কী করছ? পরজাতীয়েরাও কি সেরকম করে না? 48 অতএব, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেইরূপ সিদ্ধ হও।
-
38 দান কোরো, তোমাদেরও দেওয়া হবে। প্রচুর পরিমাণে, ঠেসে, ঝাঁকিয়ে তোমাদের পাত্র এমনভাবে তোমাদের কোলে ভরিয়ে দেওয়া হবে, যেন তা উপচে পড়ে। কারণ যে মানদণ্ডে তোমরা পরিমাপ করবে, সেই একই মানদণ্ডে পরিমাপ করে তোমাদের ফেরত দেওয়া হবে।”
-
12 পড়ন্ত বিকেলে সেই বারোজন তাঁর কাছে এসে বললেন, “লোকদের চলে যেতে বলুন, তারা যেন চারদিকের গ্রামে এবং পল্লিতে গিয়ে খাবার ও রাত্রিবাসের সন্ধান করতে পারে, কারণ আমরা এখানে এক প্রত্যন্ত স্থানে আছি।”
13 তিনি উত্তর দিলেন, “তোমরাই ওদের কিছু খেতে দাও।”
তাঁরা বললেন, “আমাদের কাছে কেবলমাত্র পাঁচটি রুটি ও দুটি মাছ আছে—সব লোককে খাওয়াতে হলে আমাদের গিয়ে খাবার কিনতে হবে।” 14 (সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল।)
তিনি কিন্তু শিষ্যদের বললেন, “প্রত্যেক সারিতে কমবেশি পঞ্চাশ জন করে ওদের বসিয়ে দাও।” 15 শিষ্যেরা তাই করলেন, এবং প্রত্যেকে বসে পড়ল। 16 সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে যীশু স্বর্গের দিকে দৃষ্টি দিলেন, ধন্যবাদ দিলেন ও রুটিগুলিকে ভাঙলেন। তারপর তিনি সেগুলি লোকদের পরিবেশন করার জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন। 17 তারা সকলে খেয়ে পরিতৃপ্ত হল। আর শিষ্যেরা অবশিষ্ট রুটির টুকরো সংগ্রহ করে বারো ঝুড়ি পূর্ণ করলেন।
-
22 এরপর যীশু তাঁর শিষ্যদের বললেন, “এই কারণে আমি তোমাদের বলছি, তোমাদের জীবনের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, তোমরা কী খাবে; বা শরীরের বিষয়ে, কী পোশাক পড়বে। 23 কারণ খাবারের চেয়ে জীবন বড়ো বিষয় এবং পোশাকের চেয়ে শরীর বেশি গুরুত্বপূর্ণ। 24 কাকদের কথা ভেবে দেখো, তারা বীজবপন করে না, ফসল কাটে না, তাদের কোনও গুদাম, বা গোলাঘরও নেই, তবুও ঈশ্বর তাদের খাবার জুগিয়ে দেন। পাখিদের চেয়ে তোমাদের মূল্য আরও কত না বেশি! 25 দুশ্চিন্তা করে কে তার আয়ু এক ঘণ্টাও বৃদ্ধি করতে পারে? 26 অতএব, তোমরা যখন এই সামান্য কাজটুকু করতে পারো না, তখন অন্য সব বিষয়ে দুশ্চিন্তা করো কেন?
27 “লিলি ফুল কেমন বেড়ে ওঠে, ভেবে দেখো। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তাঁর সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না। 28 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি তোমাদের আরও কত বেশি সুশোভিত করবেন! 29 আর কী খাবার খাবে বা কী পান করবে, তা নিয়ে তোমাদের হৃদয়কে ব্যাকুল কোরো না; এজন্য তোমরা দুশ্চিন্তা কোরো না। 30 কারণ জগতে ঈশ্বরে অবিশ্বাসীরা এসব জিনিসের পিছনে ছুটে বেড়ায়; কিন্তু তোমাদের পিতা জানেন, তোমাদের এগুলির প্রয়োজন আছে। 31 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্যের অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে।
-
21 তাহলে, কোনো মানুষ সম্পর্কে কেউ যেন আর গর্ব না করে! সব বিষয়ই তোমাদের জন্য, 22 পৌল হোক বা আপল্লো বা কৈফা বা জগৎ বা জীবন বা মৃত্যু বা বর্তমানকাল বা ভাবীকাল—সবকিছুই তোমাদের, 23 আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের।
-
13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
-
7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে। 5 যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে।
-
3 যিনি নিজ মহিমা ও মহত্ত্বে আমাদের আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞান দ্বারা তাঁর ঐশ্বরিক পরাক্রম আমাদের জীবন ও ভক্তিপরায়ণতা সম্পর্কে যা কিছু প্রয়োজন, সবকিছুই দান করেছেন। 4 এসবের মাধ্যমে তিনি আমাদের তাঁর অত্যন্ত মহান ও বহুমূল্য সব প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যেন সেগুলির মাধ্যমে ঐশ্বরিক স্বভাবের অংশীদার হও। সেই সঙ্গে মন্দ কামনাবাসনার দ্বারা উদ্ভূত যে জগতের কলুষতা, তা থেকে তোমরা পালিয়ে যেতে পারো।
-
24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।
-
10 যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে।
-
18 কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে মনে রেখো, কারণ তিনিই তোমাদের ক্ষমতা দেন এই ধনসম্পত্তি করার, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুযদের কাছে যে নিয়মের কথা শপথ করে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করতে চলেছেন।
-
24 কিন্তু নিশ্চিত থেকো, যেন তোমরা সদাপ্রভুকে ভয় কোরো ও সর্বান্তঃকরণে বিশ্বস্ততাপূর্বক তাঁর সেবা কোরো; বিবেচনা কোরো তিনি তোমাদের জন্য কী মহৎ কাজ করেছেন।
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
-
5 আমার শত্রুদের উপস্থিতিতে
তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।
তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;
আমার পানপাত্র উপচে পড়ে।
-
10 সিংহও দুর্বল ও ক্ষুধার্ত হয়,
কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না।
-
9 তুমি প্রচুর বৃষ্টিধারা দিলে, হে ঈশ্বর;
তোমার পরিশ্রান্ত অধিকারকে তুমি সতেজ করে তুললে।
-
11 কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো;
তিনি দয়া ও সম্মান দান করেন;
যাদের চলার পথ সিদ্ধ
তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।
-
21 যে ধার্মিকতা ও ভালোবাসার পশ্চাদ্ধাবন করে
সে জীবন, সমৃদ্ধি ও সম্মান পায়।
-
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
-
9 কিন্তু, যেমন লেখা আছে,
“কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি,
কোনো মানুষের মনে যা আসেনি,
যারা তাঁকে ভালোবাসে,
ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”
-
17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন। 18 তাদের সৎকর্ম করতে আদেশ দাও, তারা যেন ভালো কাজে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, দানশীল হয় এবং নিজেদের সম্পদ অপরের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক হয়। 19 এভাবে তারা নিজেদের জন্য ধন সঞ্চয় করে তাদের ভবিষ্যতে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করবে এবং যা প্রকৃতই জীবন, সেই জীবন ধরে রাখতে পারবে।
-
5 তোমরা যদিও এসব বিষয় ইতিমধ্যেই জানো, তবুও আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে, প্রভু তাঁর প্রজাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু যারা বিশ্বাস করেনি, পরবর্তীকালে তিনি তাদের বিনষ্ট করেছিলেন।
-
1 “ইস্রায়েল যখন শিশু ছিল, আমি তাকে ভালোবাসলাম,
এবং মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।
2 কিন্তু আমি ইস্রায়েলকে যতবার ডেকেছি,
তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে গেল।
তারা বায়াল-দেবতাদের সামনে বলি উৎসর্গ করল
এবং তারা প্রতিমাদের সামনে ধূপদাহ করল।
3 আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম,
তাদের কোলে নিতাম;
তারা কিন্তু বুঝলো না।
যে আমিই তাদের সুস্থ করেছিলাম।
4 আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে
তাদের চালিত করতাম;
তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম
এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম।
Shows Read in context, Share and Copy.