38 Bible Verses About Safe Travels

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Safe Travels
  1. একটি আরোহণ সংগীত।

    1 আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—

    কোথা থেকে আমার সাহায্য আসে?

    2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,

    সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।

    3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,

    তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;

    4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,

    তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।

    5 সদাপ্রভু তোমার রক্ষক,

    সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;

    6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,

    এমনকি রাতে চাঁদও করবে না।

    7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন

    আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;

    8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন

    এখন থেকে চিরকাল পর্যন্ত।

  2. 2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”

    3 নিশ্চয় তিনিই তোমাকে

    শিকারির ফাঁদ

    আর মারাত্মক মহামারি থেকে রক্ষা করবেন।

    4 তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন,

    এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে;

    তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।

    5 তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না,

    অথবা দিনে উড়ন্ত তির থেকে,

    6 অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে,

    অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।

    7 তোমার পাশে হাজার জনের পতন হতে পারে,

    তোমার ডানপাশে দশ হাজার জনের,

    কিন্তু তা তোমার কাছে আসবে না।

  3. 21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,

    সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;

    22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,

    তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।

    23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,

    ও তোমার পায়ে হোঁচট লাগবে না।

    24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;

    তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।

  4. 9 যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,”

    আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,

    10 তোমার কোনও অনিষ্ট হবে না,

    কোনও বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।

    11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে

    তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;

    12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,

    যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

  5. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

    8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  6. 8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”

  7. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

    4 তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র,

    আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি,

    আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব,

    তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।

    5 তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    আমি পূর্বদিক থেকে তোমার সন্তানদের নিয়ে আসব

    এবং পশ্চিমদিক থেকে তোমাকে সংগ্রহ করব।

    6 আমি উত্তর দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও!’

    দক্ষিণ দিককে বলব, ওদের আটকে রেখো না।

    দূর থেকে আমার পুত্রদের এবং

    পৃথিবীর প্রান্তসীমা থেকে আমার কন্যাদের নিয়ে এসো,

    7 যারা আমার নামে আখ্যাত,

    যাদের আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি,

    যাদের আমি গঠন করে তৈরি করেছি, তাদের নিয়ে এসো।”

  8. 7 আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব?

    আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?

    8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ;

    যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।

    9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই,

    যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,

    10 এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে,

    তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।

  9. 9 মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে,

    কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন।

  10. 7 তুমি আমার আশ্রয়স্থল;

    তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে

    এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।

    8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;

    তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।

  11. 23 যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে

    সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;

    24 হোঁচট খেলেও তার পতন হবে না,

    কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।

  12. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

    4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

    5 আমার শত্রুদের উপস্থিতিতে

    তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।

    তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;

    আমার পানপাত্র উপচে পড়ে।

    6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে

    আমার জীবনের সব দিন পর্যন্ত,

    এবং চিরকাল

    আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।

  13. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  14. 7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার;

    তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।

  15. 3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,

    যার মন সুস্থির,

    কারণ সে তোমার উপরে নির্ভর করে।

    4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,

    কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।

  16. 1 নির্বাসিতদের মধ্যে অবশিষ্ট বেঁচে থাকা প্রাচীনদের, যাজকদের ও অন্য সব মানুষকে, যাদের নেবুখাদনেজার জেরুশালেম থেকে ব্যাবিলনে নির্বাসিত করেন, তাদের কাছে ভাববাদী যিরমিয় যে পত্র প্রেরণ করেন, তার নির্যাস এরকম। 2 (রাজা যিহোয়াখীন ও রাজমাতা, রাজদরবারের কর্মকর্তারা এবং যিহূদা ও জেরুশালেমের নেতারা, কারুশিল্পী ও সুদক্ষ মিস্ত্রিরা যখন জেরুশালেম থেকে নির্বাসনে যান, এ সেই সময়কার ঘটনা) 3 তিনি ওই পত্রখানি শাফনের পুত্র এলাসা ও হিল্কিয়ের পুত্র গমরিয়ের হাতে সমর্পণ করেন, যাদের যিহূদার রাজা সিদিকিয়, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে প্রেরণ করেন। সেই পত্রে লেখা ছিল:

    4 জেরুশালেম থেকে আমি যাদের ব্যাবিলনে নির্বাসিত করেছি, তাদের প্রতি বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: 5 “তোমরা বাসগৃহ নির্মাণ করে সেখানে বসতি করো; উদ্যানে সব গাছপালা রোপণ করো ও সেগুলিতে উৎপন্ন ফল খাও। 6 সেখানে আমোদ-আনন্দ করো এবং পুত্রকন্যার জন্ম দাও; তোমাদের পুত্রদের জন্য স্ত্রীর অন্বেষণ করো ও কন্যাদের বিবাহ দাও, যেন তারাও পুত্রকন্যাদের জন্ম দেয়। সেখানে সংখ্যায় বৃদ্ধি পাও, হ্রাস পেয়ো না। 7 সেই সঙ্গে ওই নগরের শান্তি ও সমৃদ্ধির অন্বেষণ করো, যেখানে আমি তোমাদের নির্বাসিত করেছি। সদাপ্রভুর কাছে সেই নগরের জন্য প্রার্থনা করো, কারণ সেই নগরের সমৃদ্ধি হলে তোমরাও সমৃদ্ধ হবে।” 8 হ্যাঁ, এই কথাই বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “তোমাদের মধ্যে স্থিত ভাববাদীরা ও গণকেরা তোমাদের বিভ্রান্ত না করুক। তোমরা তাদের স্বপ্নের কথায় বিশ্বাস কোরো না। 9 তারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে। আমি তাদের প্রেরণ করিনি,” সদাপ্রভু এই কথা বলেন।

    10 সদাপ্রভু এই কথা বলেন: “ব্যাবিলন সম্বন্ধে যে সত্তর বছরের কথা বলা হয়েছিল, তা সম্পূর্ণ হলে, আমি তোমাদের কাছে আসব এবং এই স্থানে ফিরিয়ে আনার মূল্যবান প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব। 13 তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে। 14 তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।

    15 তোমরা হয়তো বলবে, “সদাপ্রভু আমাদের জন্য ব্যাবিলনে ভাববাদীদের উৎপন্ন করেছেন,”

  17. 15 তিনি তাঁদের বললেন, “তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। 16 যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, তার শাস্তি হবে।

  18. 6 ভিতরে আসবার সময় তোমরা আশীর্বাদ পাবে এবং বাইরে যাওয়ার সময় তোমরা আশীর্বাদ পাবে।

  19. 14 সদাপ্রভু মোশিকে বললেন, “তোমার মৃত্যুর দিন কাছে এসে গেছে। যিহোশূয়কে ডেকে নিয়ে তুমি সমাগম তাঁবুতে উপস্থিত হও, সেখানে আমি তাকে নিয়োগ করব।” তাতে মোশি ও যিহোশূয় সমাগম তাঁবুতে উপস্থিত হলেন।

    15 তখন সদাপ্রভু মেঘস্তম্ভের মধ্যে সেই তাঁবুতে উপস্থিত হলেন এবং সেই স্তম্ভ তাঁবুর দরজার উপরে দাঁড়াল। 16 আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি তোমার পূর্বপুরুষদের কাছে বিশ্রাম করতে যাবে, কিন্তু যে দেশে এই লোকেরা ঢুকতে যাচ্ছে সেখানে খুব তাড়াতাড়ি তারা বিজাতীয় দেবতাদের কাছে নিজেদের বিক্রি করবে। তারা আমাকে ত্যাগ করবে এবং আমি তাদের জন্য যে নিয়ম স্থাপন করেছি তা ভেঙে ফেলবে। 17 আর সেদিন ক্রোধে আমি তাদের ত্যাগ করব; আমি তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নেব আর তারা ধ্বংস হয়ে যাবে। তাদের উপরে অনেক বিপর্যয় ও দুঃখকষ্ট নেমে আসবে আর সেদিন তারা জিজ্ঞাসা করবে, ‘আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে নেই বলেই কি এই বিপর্যয় আমাদের উপরে এসেছে?’ 18 তারা অন্য দেবতাদের দিকে ফিরে যেসব মন্দ কাজ করবে সেইজন্য আমি নিশ্চয়ই সেদিন আমার মুখ ফিরিয়ে নেব।

    19 “এখন তোমরা এই গানটি লিখে নাও আর ইস্রায়েলীদের শেখাবে এবং তাদের দিয়ে গাওয়াবে, যেন তাদের বিরুদ্ধে এটি আমার পক্ষে এক সাক্ষী হয়ে থাকে। 20 তাদের পূর্বপুরুষদের কাছে আমার শপথ করা সেই দুধ আর মধু প্রবাহী দেশে যখন আমি তাদের নিয়ে যাব আর যখন তারা পেট পুরে খেয়ে সুখে থাকবে তখন তারা আমাকে তুচ্ছ করে আমার বিধান ভেঙে অন্য দেবতাদের দিকে ফিরে তাদের সেবা করবে। 21 আর যখন অনেক বিপর্যয় ও দুঃখকষ্ট তাদের উপরে নেমে আসবে, এই গান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কেননা তাদের বংশধরেরা গানটি ভুলে যাবে না। আমার শপথ নিয়ে প্রতিজ্ঞা করা দেশে নিয়ে যাওয়ার আগেই আমি জানি যে, তারা কী করতে যাচ্ছে।” 22 সুতরাং মোশি সেদিন গানটি লিখে ইস্রায়েলীদের শিখিয়েছিলেন।

    23 নূনের ছেলে যিহোশূয়কে সদাপ্রভু এই আদেশ দিলেন: “বলবান হও ও সাহস করো, কারণ যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা আমি শপথ করে ইস্রায়েলীদের কাছে করেছিলাম সেখানে তুমিই তাদের নিয়ে যাবে, এবং আমি নিজেই তোমার সঙ্গে থাকব।”

  20. 8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,

    ক্রোধে ধীর ও দয়াতে মহান।

    9 সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়;

    নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।

  21. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

  22. 25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না

    বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,

    26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন

    ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।

  23. 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  24. 5 তাঁর কয়েকজন শিষ্য আলোচনা করে বলছিল যে, সুন্দর সুন্দর পাথর ও ঈশ্বরের কাছে নিবেদিত সব বস্তুতে মন্দিরটি কেমন সুশোভিত! কিন্তু যীশু বললেন, 6 “তোমরা এখানে যা দেখছ, এমন এক সময় আসবে, যখন এদের একটি পাথরও অন্যটির উপরে থাকবে না, সবকটিকেই ভূমিসাৎ করা হবে।”

    7 তাঁরা জানতে চাইলেন, “গুরুমহাশয়, এ সমস্ত কখন ঘটবে? তার লক্ষণই বা কী, যা দেখে আমরা বুঝব যে, সে সমস্ত ঘটতে চলেছে?”

    8 তিনি উত্তর দিলেন, “সতর্ক থেকো, তোমরা যেন প্রতারিত না হও। কারণ আমার নাম নিয়ে অনেকেই আসবে। তারা দাবি করে বলবে, ‘আমিই তিনি,’ আর ‘সেই কাল সন্নিকট।’ তোমরা তাদের অনুগামী হোয়ো না। 9 যুদ্ধ ও বিপ্লবের কথা শুনে তোমরা আতঙ্কিত হোয়ো না। প্রথমে এসব অবশ্যই ঘটবে, কিন্তু তখনই সমাপ্তি হবে না।”

    10 এরপর তিনি তাঁদের বললেন, “এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। 11 বিভিন্ন স্থানে প্রচণ্ড ভূমিকম্প, দুর্ভিক্ষ ও মহামারি হবে, মহাকাশে দেখা যাবে বহু ভীতিকর দৃশ্য ও বড়ো বড়ো নিদর্শন।

    12 “কিন্তু এসব ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে ও নির্যাতন করবে। তারা তোমাদের সমাজভবনের কর্তৃপক্ষের হাতে সমর্পণ করবে ও কারাগারে নিক্ষেপ করবে। রাজা ও প্রদেশপালদের দরবারে তোমাদের হাজির করানো হবে, আর আমার নাম স্বীকার করার কারণেই সে সমস্ত ঘটবে। 13 এর পরিণামে, তোমরা তাদের কাছে সাক্ষ্যদানের সুযোগ লাভ করবে। 14 কিন্তু কীভাবে আত্মপক্ষ সমর্থন করবে, সে বিষয়ে আগেই দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য মনস্থির করবে। 15 কারণ আমি তোমাদের এমন বাক্য ও জ্ঞান দান করব, যা তোমাদের প্রতিপক্ষ প্রতিরোধ ও খণ্ডন করতে ব্যর্থ হবে। 16 এমনকি, তোমাদের বাবা-মা, ভাই, আত্মীয়পরিজন ও বন্ধুবান্ধব তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তারা তোমাদের কাউকে কাউকে মৃত্যুমুখে সমর্পণ করবে। 17 আর আমার কারণে তোমরা সকলের কাছে ঘৃণিত হবে। 18 কিন্তু তোমাদের মাথার একটি চুলও বিনষ্ট হবে না। 19 তোমরা যদি অবিচলিত থাকো, তাহলে জীবন লাভ করবে।

    20 “যখন তোমরা দেখবে সৈন্যসামন্ত জেরুশালেম নগরীকে অবরোধ করেছে, তখন জানবে যে তার ধ্বংসের দিন এগিয়ে এসেছে। 21 তখন যারা যিহূদিয়ায় থাকবে, তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়, যারা নগরে থাকে, তারা যেন বাইরে চলে যায়; আর যারা গ্রামাঞ্চলে থাকবে, তারা যেন নগরের ভিতরে প্রবেশ না করে। 22 কারণ সেসময় হবে প্রতিশোধের সময়, শাস্ত্রের সমস্ত বাক্য পূর্ণ হওয়ার সময়। 23 সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে! দেশের উপর ঘনিয়ে আসবে চরম দুর্গতি, এই জাতির উপরে নেমে আসবে ঈশ্বরের ক্রোধ। 24 তরোয়ালের আঘাতে তাদের মৃত্যু হবে, বন্দিরূপে অন্য সব জাতির কাছে নির্বাসিত হবে। অইহুদিদের জন্য নিরূপিত সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুশালেম অইহুদিদের দ্বারা পদদলিত হবে।

  25. 13 প্রভুর প্রীতিজনক ভাইবোনেরা, আমরা কিন্তু তোমাদের জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতে বাধ্য হই, কারণ পবিত্র আত্মার শুদ্ধকরণের কাজ ও সত্যের প্রতি বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য প্রথম থেকেই ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন। 14 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমার অংশীদার হওয়ার জন্য আমাদের প্রচার করা সুসমাচারের মাধ্যমে তিনি তোমাদের এই উদ্দেশ্যে আহ্বান করেছেন।

    15 সেইজন্য, ভাইবোনেরা, অবিচল থাকো; আমরা মুখের কথায়, অথবা পত্রের মাধ্যমে যেসব শিক্ষা তোমাদের দিয়েছি, তা আঁকড়ে ধরে থাকো।

    16 প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদের ভালোবেসেছেন এবং যাঁর অনুগ্রহে আমরা চিরন্তন সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা লাভ করেছি, 17 তিনি তোমাদের অন্তরকে আশ্বাস প্রদান করুন এবং প্রত্যেকটি শুভকর্মে ও উত্তম বাক্যে সবল করুন।

  26. 17 ফরৌণ যখন লোকদের যেতে দিলেন, ঈশ্বর তখন তাদের ফিলিস্তিনীদের দেশের মধ্যে দিয়ে স্থলপথে পথ দেখিয়ে নিয়ে যাননি, যদিও সেটিই সংক্ষিপ্ত পথ। কারণ ঈশ্বর বললেন, “যদি তারা যুদ্ধের সম্মুখীন হয়, তবে তারা হয়তো তাদের মন পরিবর্তন করে ফেলবে এবং মিশরে ফিরে যাবে।” 18 অতএব ঈশ্বর ঘুরপথে লোকদের মরুভূমির পথ দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে গেলেন। ইস্রায়েলীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মিশর থেকে বের হয়ে গেল।

    19 মোশি যোষেফের অস্থিও সাথে নিলেন কারণ যোষেফ ইস্রায়েলীদের দিয়ে এক প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন, “ঈশ্বর নিঃসন্দেহে তোমাদের সাহায্য করতে আসবেন, এবং তখন তোমাদের অবশ্যই নিজেদের সাথে আমার অস্থি এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে।”

    20 সুক্কোৎ ছেড়ে আসার পর তারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত এথমে শিবির স্থাপন করল। 21 সদাপ্রভু দিনের বেলায় এক মেঘস্তম্ভের মধ্যে থেকে তাদের পথ দেখানোর জন্য এবং রাতের বেলায় এক অগ্নিস্তম্ভের মধ্যে থেকে তাদের আলো দেওয়ার জন্য তাদের অগ্রগামী হলেন, যেন দিনরাত তারা যাত্রা করতে পারে। 22 দিনের বেলায় মেঘস্তম্ভ বা রাতের বেলায় অগ্নিস্তম্ভ, কোনোটিই লোকদের সামনে থেকে সরে যায়নি।

  27. 3 আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,

    আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।

    তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।

    মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।

  28. 11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;

    তারা চিরকাল আনন্দগান করুক।

    তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,

    যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।

    12 নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো;

    সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।

  29. 36 তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ,

    যেন আমার পা পিছলে না যায়।

  30. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।

    1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,

    সংকটকালে সদা উপস্থিত সহায়।

  31. 6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না।

    সামান্য মানুষ আমার কী করতে পারে?

  32. 1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো

    ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,

    2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো

    ও বুদ্ধিতে মনোনিবেশ করো—

    3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও

    ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,

    4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো

    ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,

    5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে

    ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।

    6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;

    তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।

    7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,

    যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,

    8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন

    ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।

    9 তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ

    ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।

    10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে,

    ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।

    11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে,

    ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।

    12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে,

    সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,

    13 যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য

    সোজা পথ ত্যাগ করেছে,

    14 যারা অন্যায় করে আনন্দ পায়

    ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,

    15 যাদের পথ কুটিল

    ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।

    16 প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে,

    সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,

    17 যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে

    ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে।

    18 নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায়

    ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।

    19 যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না

    বা জীবনের পথও অর্জন করে না।

    20 এইভাবে তুমি সুশীলদের পথে চলবে

    ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।

    21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে,

    ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;

    22 কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে,

    ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।

  33. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  34. 17 তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না,

    তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহ্বার অভিযোগ তুমি খণ্ডন করবে।

    সদাপ্রভুর দাসেদের এই হল অধিকার,

    আমার কাছে তারা এভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে,”

    সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

  35. 1 এরপর প্রভু আরও বাহাত্তর জনকে নিযুক্ত করলেন এবং যে সমস্ত নগরে ও স্থানে নিজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তার আগেই তিনি দুজন দুজন করে তাঁদের সেইসব স্থানে পাঠিয়ে দিলেন। 2 তিনি তাঁদের বললেন, “ফসল প্রচুর, কিন্তু কর্মী সংখ্যা অল্প। তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো, যেন তিনি তাঁর শস্যক্ষেত্রে কর্মচারীদের পাঠান।” 3 তোমরা যাও! আমি নেকড়েদের মধ্যে তোমাদের মেষের মতো পাঠাচ্ছি। 4 তোমাদের সঙ্গে টাকার থলি, ঝুলি, অথবা চটিজুতো নিয়ো না; পথে কাউকে অভিবাদন জানিয়ো না।

    5 “কোনো বাড়িতে প্রবেশ করার সময়, প্রথমে তোমরা বোলো, ‘এই বাড়িতে শান্তি বিরাজ করুক।’ 6 সেখানে কোনো শান্তিপ্রিয় মানুষ থাকলে, তোমাদের শান্তি তার উপর বিরাজ করবে, না থাকলে তোমাদের কাছেই তা ফিরে আসবে। 7 তোমরা সেই বাড়িতে থেকো, তারা যা দেবেন, তাই খেয়ো ও পান কোরো, কারণ কর্মচারী তার বেতন পাওয়ার যোগ্য। তোমরা এক বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে আশ্রয় নিয়ো না।

    8 “তোমরা কোনো নগরে প্রবেশ করলে সেখানকার লোক যদি তোমাদের স্বাগত জানিয়ে কিছু খাবার খেতে দেয়, তবে সেই খাবার গ্রহণ কোরো। 9 সেখানকার পীড়িতদের সুস্থ কোরো। তাদের বোলো, ‘ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট।’ 10 কিন্তু কোনো নগরে প্রবেশ করার পর লোকে যদি তোমাদের স্বাগত না জানায়, তবে পথে বেরিয়ে পড়ে বোলো, 11 ‘তোমাদের নগরের যে ধুলো আমাদের পায়ে লেগেছিল, তাও আমরা তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম। তবুও তোমরা এ বিষয়ে নিশ্চিতভাবে জেনো, ঈশ্বরের রাজ্য সন্নিকট।’ 12 আমি তোমাদের বলছি, বিচারদিনে সদোমের দশা, বরং সেই নগরের চেয়ে বেশি সহনীয় হবে।

  36. 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

  37. 37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  38. 3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন। 4 তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে যে, আমাদের সমস্ত আদেশ, যা তোমরা পালন করছ, তা করে যাবে। 5 প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে এবং খ্রীষ্টের ধৈর্যের পথে চালিত করুন।