76 Bible Verses About God's Mercy
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
3 আমরাও সকলে এক সময় তাদেরই মধ্যে জীবনযাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো, স্বভাবগতভাবে আমরা ছিলাম (ঈশ্বরের) ক্রোধের পাত্র। 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ। 6 ঈশ্বর খ্রীষ্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করে তাঁরই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, 7 যেন খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন। 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে।
-
14 তাহলে, এখন আমরা কী বলব? ঈশ্বর কি অবিচার করেছেন? তা কখনোই নয়! 15 কারণ তিনি মোশিকে বলেছেন,
“যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব,
এবং যার প্রতি আমি করুণা করতে চাই,
তার প্রতি আমি করুণা করব।”
16 সেই কারণে, তা মানুষের ইচ্ছা বা চেষ্টার উপরে নির্ভর করে না, কিন্তু ঈশ্বরের করুণার উপর তা নির্ভর করে। 17 কারণ শাস্ত্র ফরৌণকে বলে, “আমি এই বিশেষ উদ্দেশ্যেই তোমাকে উন্নত করেছি, যেন আমি তোমাকে আমার ক্ষমতা দেখাতে পারি ও সমগ্র পৃথিবীতে আমার নাম প্রচারিত হয়।” 18 সেই কারণে, ঈশ্বর যার প্রতি দয়া করতে চান, তার প্রতি তিনি দয়া করেন, কিন্তু যাকে কঠিন করতে চান, তাকে কঠিন করেন।
19 তোমাদের মধ্যে কেউ হয়তো আমাকে বলবে, “তাহলে কেন ঈশ্বর এসব সত্ত্বেও আমাদের প্রতি দোষারোপ করেন? কারণ, কে তাঁর ইচ্ছার প্রতিরোধ করতে পারে?” 20 কিন্তু ওহে মানুষ, তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করো? “সৃষ্টবস্তু কি তার নির্মাতাকে একথা বলতে পারে, ‘তুমি কেন আমাকে এরকম গঠন করেছ?’ ” 21 একই মাটির তাল থেকে অভিজাত উদ্দেশে ব্যবহারের জন্য কিছু পাত্র এবং সাধারণ ব্যবহারের জন্য কিছু পাত্র নির্মাণ করার অধিকার কি কুমোরের নেই?
22 কী হবে, যদি ঈশ্বর তাঁর ক্রোধ ও ক্ষমতা প্রকাশ করার জন্য ধ্বংসের উদ্দেশে নির্দিষ্ট তাঁর ক্রোধের পাত্রদের অসীম ধৈর্য সহকারে সহ্য করেন? 23 আর এতেই বা কী, তিনি যদি তাঁর করুণার পাত্রদের, যাদের মহিমাপ্রাপ্তির জন্য তিনি পূর্ব থেকেই প্রস্তুত করেছিলেন, তাদের কাছে তাঁর মহিমার ঐশ্বর্য প্রকাশ করেন— 24 এমনকি, আমাদের কাছেও, যাদের তিনি কেবলমাত্র ইহুদি জাতির মধ্য থেকে নয়, কিন্তু অইহুদিদের মধ্য থেকেও আহ্বান করেছেন?
-
19 আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি,
আমার তিক্ততা ও পিত্তের কথা।
20 সেগুলি আমার ভালোভাবেই স্মরণে আছে,
এবং আমার প্রাণ আমারই মধ্যে অবসন্ন হয়েছে।
21 তবুও আমি আবার একথা স্মরণ করি,
আর তাই আমার আশা জেগে আছে:
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;
এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”
-
14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।
-
12 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশু, যিনি আমাকে শক্তি দান করেছেন এবং আমাকে বিশ্বস্ত বিচার করে যিনি তাঁর পরিচর্যাকাজে আমাকে নিযুক্ত করেছেন, তাঁকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। 13 যদিও আমি এক সময় ঈশ্বরনিন্দুক, নির্যাতনকারী এবং নৃশংস ছিলাম, কিন্তু তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, কারণ অজ্ঞতা ও অবিশ্বাসের বশেই আমি সেসব করেছিলাম। 14 আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।
15 এই উক্তি বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং তাদের মধ্যে আমিই নিকৃষ্টতম। 16 কিন্তু শুধু এই কারণেই ঈশ্বর আমার প্রতি করুণা প্রদর্শন করলেন যে, আমার মতো জঘন্যতম পাপীর মধ্য দিয়ে খ্রীষ্ট যীশু যেন তাঁর অসীম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, যেন তাঁর উপর বিশ্বাস করে যারা অনন্ত জীবনের অধিকারী হবে, তাদের কাছে তিনি আমাদের উদাহরণস্বরূপ উপস্থাপন করতে পারেন। 17 এখন অনন্ত রাজাধিরাজ, অবিনশ্বর, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, তাঁরই প্রতি যুগে যুগে সম্মান ও মহিমা অর্পিত হোক। আমেন।
-
7 ধন্য তারা, যারা দয়াবান,
কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে।
-
35 কিন্তু তোমরা শত্রুদেরও ভালোবেসো, তাদের মঙ্গল কোরো এবং কোনো কিছু ফেরত পাওয়ার প্রত্যাশা না করে, তাদের ঋণ দিয়ো। তাহলে তোমাদের পুরস্কার হবে প্রচুর। আর তোমরা হবে পরাৎপরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুর্জনদের প্রতিও কৃপাবান। 36 অতএব, তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও।
37 “বিচার কোরো না, তাহলে তোমাদের বিচার করা হবে না। কাউকে দোষী কোরো না, তাহলে তোমাদেরও দোষী সাব্যস্ত করা হবে না। ক্ষমা কোরো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে।
-
4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,
তোমার পন্থাসকল আমায় শেখাও।
5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,
কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,
এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
6 হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো,
যা অনাদিকাল থেকে অবিচল।
7 আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না,
মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ;
তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো;
কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।
-
18 কে তোমার মতো ঈশ্বর,
যিনি তাঁর অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ
ক্ষমা করেন?
তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না
কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও।
19 তুমি আমাদের উপর আবার করুণা করবে;
তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে
এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে।
20 তুমি যাকোবের প্রতি বিশ্বস্ত থাকবে
এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে,
যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে
অনেক দিন আগে।
-
67 তখন তার পিতা সখরিয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। তিনি বললেন:
68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক,
কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।
69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য
এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,
70 (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন),
71 যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই,
যারা আমাদের ঘৃণা করে,
তাদের হাত থেকে রক্ষা পাই,
72 আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন
এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য,
73 আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন:
74 তিনি আমাদের সব শত্রুর হাত থেকে
আমাদের নিস্তার করবেন,
যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন,
75 যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই।
76 “আর তুমি, আমার শিশুসন্তান,
তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে,
কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য
তুমি তাঁর অগ্রগামী হবে;
77 তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে
পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।
78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে,
স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।
79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে,
তাদের উপর আলো বিকীর্ণ করতে,
আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
-
6 সদাপ্রভু তোমাকে আবার ডাকবেন,
তুমি যেন এক পরিত্যক্ত ও আত্মায় বিপর্যস্ত এক স্ত্রীর মতো—
এক স্ত্রী, যার যৌবনকালে বিবাহ হয়েছিল
কেবলমাত্র অগ্রাহ্য হওয়ার জন্য,” বলেন তোমার ঈশ্বর।
7 “ক্ষণিক মুহূর্তের জন্য আমি তোমাকে পরিত্যাগ করেছিলাম,
কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনব।
8 ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে
ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম,
কিন্তু চিরন্তন করুণায়
আমি তোমার প্রতি মমতা করব,”
বলেন সদাপ্রভু, তোমার মুক্তিদাতা।
-
12 যে বিধানের দ্বারা তোমরা স্বাধীনতা লাভ করেছ তারই দ্বারা তোমাদের বিচার হতে চলেছে, তোমরা সেইমতো কথা বলো ও কাজ করো। 13 কারণ যে দয়া দেখায়নি, নির্দয়ভাবে তার বিচার করা হবে। দয়াই বিচারের উপরে জয়লাভ করে।
-
1 লোকদের তুমি মনে করিয়ে দিয়ো, তারা যেন প্রশাসক ও কর্তৃপক্ষের অনুগত ও বাধ্য হয় এবং যে কোনো সৎকর্মের জন্যই প্রস্তুত থাকে। 2 তারা যেন কারও নিন্দা না করে, কিন্তু শান্তিপ্রিয় ও সুবিবেচক হয় এবং সব মানুষের প্রতি যথার্থ নম্রতা প্রদর্শন করে।
3 এক সময় আমরাও ছিলাম মূর্খ, অবাধ্য, পথভ্রষ্ট এবং সমস্ত রকমের কামনাবাসনা ও সহজাত প্রবৃত্তির দাস। আমরা বিদ্বেষ ও ঈর্ষাপূর্ণ জীবনযাপন করতাম এবং নিজেরাও অন্যদের ঘৃণার পাত্র ছিলাম; আমরা পরস্পরকে ঘৃণা করতাম। 4 কিন্তু যখন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের করুণা ও প্রেমের প্রকাশ ঘটল, 5 তখন তিনি আমাদের পরিত্রাণ দিলেন, আমাদের সৎকর্মের জন্য নয়, কিন্তু তাঁর করুণার গুণে। তিনি নতুন জন্মের স্নান ও পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করলেন। 6 যাঁকে তিনি আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে উদারভাবে সঙ্গে ঢেলে দিলেন, 7 যেন তাঁর অনুগ্রহে আমরা ধার্মিক সাব্যস্ত হয়ে অনন্ত জীবনের প্রত্যাশায় তাঁর উত্তরাধিকারী হয়ে উঠতে পারি। 8 এই উক্তি নির্ভরযোগ্য। আমি চাই, এ সমস্ত বিষয়ে তুমি গুরুত্ব দেবে, যেন ঈশ্বরের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা সতর্কভাবে সৎকর্মে আত্মনিয়োগ করে। এই বিষয়গুলি পরম উৎকৃষ্ট এবং সবার পক্ষেই লাভজনক।
9 কিন্তু বিচারবুদ্ধিহীন মতবিরোধ, বংশতালিকা, তর্কবিতর্ক এবং বিধিবিধান সম্পর্কিত সব ঝগড়া এড়িয়ে চলো, কারণ এসব লাভজনক নয় এবং নিরর্থক। 10 বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিকে একবার বা প্রয়োজন হলে দু-বার সতর্ক করে দাও। এরপর তার সঙ্গে আর সম্পর্ক রেখো না। 11 তুমি নিশ্চিতভাবে জেনো যে, এই ধরনের লোকেরা বিকৃতমনা এবং তারা পাপে লিপ্ত; তারা নিজেরাই নিজেদের দোষী করে।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে। 5 যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে।
-
17 “খাঁটি সোনা দিয়ে প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার চওড়া একটি প্রায়শ্চিত্ত-আচ্ছাদন তৈরি কোরো। 18 আর সেই আচ্ছাদনের শেষ প্রান্তের দিকে পিটানো সোনা দিয়ে দুটি করূব তৈরি কোরো। 19 একটি করূব এক প্রান্তে এবং দ্বিতীয়টি অন্য প্রান্তে তৈরি কোরো; দুই প্রান্তেই আবরণসহ একটি করে করূব তৈরি কোরো। 20 করূবেরা তাদের ডানা উপর দিকে ছড়িয়ে রেখে, সেই আবরণটির উপরে নিজেদের দেহ দিয়ে ছায়া ফেলবে। করূবেরা পরস্পরের দিকে মুখ করে, সেই আবরণের দিকে তাকিয়ে থাকবে। 21 আবরণটি সিন্দুকের চূড়ায় রাখবে এবং সিন্দুকে সেই বিধিনিয়মের ফলকগুলি রাখবে, যেগুলি আমি তোমাদের দেব। 22 সেখানে, সেই দুই করূবের মাঝখানে বিধিনিয়মের সিন্দুকের উপরে রাখা সেই আবরণের উপরেই আমি তোমার সঙ্গে দেখা করব ও ইস্রায়েলীদের জন্য তোমাকে আমার সমস্ত আজ্ঞা দেব।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। বৎশেবার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে যখন ভাববাদী নাথন দাউদের কাছে গিয়েছিলেন।
1 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী
আমার উপর দয়া করো;
তোমার অপার করুণা অনুযায়ী
আমার সমস্ত অপরাধ মার্জনা করো।
2 আমার সমস্ত অন্যায় মুছে দাও
আর আমার পাপ থেকে আমাকে শুচি করো।
3 কারণ আমি আমার অপরাধসকল জানি,
আর আমার পাপ সর্বদা আমার সামনে আছে।
4 তোমার বিরুদ্ধে, তোমারই বিরুদ্ধে, আমি পাপ করেছি
আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি;
অতএব তুমি তোমার বাক্যে ধর্মময়
আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ।
-
5 তখন সদাপ্রভু মেঘে নিচে নেমে এলেন এবং মোশির সাথে সেখানে দাঁড়িয়ে থেকে, সদাপ্রভু—তাঁর এই নাম ঘোষণা করলেন। 6 আর তিনি একথা ঘোষণা করতে করতে মোশির সামনে দিয়ে পার হয়ে গেলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, তিনি করুণাময় ও অনুগ্রহকারী ঈশ্বর, ক্রোধে ধীর, প্রেম ও বিশ্বস্ততায় সমৃদ্ধ, 7 হাজার হাজার জনের প্রতি প্রেম প্রদর্শনকারী, এবং দুষ্টতা, বিদ্রোহ ও পাপ ক্ষমাকারী। তবুও অপরাধীকে শাস্তি না দিয়ে তিনি ছেড়ে দেন না; তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত তিনি বাবা-মার পাপের জন্য তাদের সন্তানদের ও নাতি-নাতনিদের শাস্তি দেন।”
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।
-
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর ও দয়াতে মহান।
9 সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়;
নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।
-
17 “এখন সদাপ্রভুর শক্তি প্রদর্শিত হোক, যেভাবে তুমি ঘোষণা করেছ, 18 ‘সদাপ্রভু ক্রোধে ধীর, প্রেমে সমৃদ্ধ, পাপ ও বিদ্রোহ ক্ষমা করেন। তা সত্ত্বেও অপরাধীকে শাস্তি না দিয়ে তিনি ছেড়ে দেন না; তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত তিনি বাবা-মার পাপের জন্য তাদের সন্তানদের শাস্তি দেন।’ 19 তোমার মহান প্রেমবশত লোকেদের পাপ মার্জনা করো, ঠিক যে রকম ভাবে, মিশর পরিত্যাগ করার সময় থেকে, এ পর্যন্ত তাদের মার্জনা করে এসেছ।”
-
10 তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী আচরণ করেন না
অথবা আমাদের অপরাধ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।
11 কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ,
যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;
12 পূর্ব থেকে পশ্চিম যত দূরে,
ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।
13 বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন,
যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;
14 কারণ তিনি জানেন আমরা কীভাবে নির্মিত হয়েছি,
তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো।
-
6 সদাপ্রভুর অন্বেষণ করো, যতক্ষণ তাঁকে পাওয়া যায়,
তিনি কাছে থাকতে থাকতেই তাঁকে আহ্বান করো।
7 দুষ্টলোক তার পথ,
মন্দ ব্যক্তি তার চিন্তাধারা পরিত্যাগ করুক।
সে সদাপ্রভুর কাছে ফিরে আসুক, তাহলে তিনি তার প্রতি করুণা প্রদর্শন করবেন,
সে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসুক, তাহলে তিনি অবাধে ক্ষমা করবেন।
8 “কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়,
আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,”
একথা বলেন সদাপ্রভু।
9 “আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে,
তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং
আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।
10 যেমন বৃষ্টি ও তুষার
আকাশ থেকে নেমে আসে,
আর সেখানে ফিরে যায় না,
বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে,
যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,
11 তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়:
তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না,
কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে
এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।
-
8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।
সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?
শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা
এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।
-
15 কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর,
ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।
16 আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো;
তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও;
আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি,
ঠিক যেমন আমার মা করেছিলেন।
-
12 সদাপ্রভু ঘোষণা করেন, “তোমরা এখনই,
তোমাদের সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে এসো,
তোমরা উপবাস ও কান্নার সঙ্গে, শোক করতে করতে ফিরে এসো।”
13 তোমাদের পোশাক নয়,
কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো।
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো,
কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল,
বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা।
তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।
14 কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন
এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন—
ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য,
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য।
-
50 যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য
পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।
-
5 হে প্রভু, তুমি, ক্ষমাশীল আর মঙ্গলময়,
যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ।
-
12 যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো।
“ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন,
‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না,
কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন।
‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
9 আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহী হওয়া সত্ত্বেও হে প্রভু আমাদের ঈশ্বর, তুমি দয়ালু ও ক্ষমাশীল;
-
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর, দয়াতে মহান।
-
13 যারা নিজেদের পাপগুলি লুকায় তারা উন্নতি লাভ করতে পারে না,
কিন্তু যারা সেগুলি স্বীকার ও ত্যাগ করে তারা দয়া লাভ করে।
14 ধন্য তারাই যারা সবসময় ঈশ্বরের সামনে ভীত হয়,
কিন্তু যারা তাদের হৃদয় কঠোর করে তারা বিপদে পড়বে।
-
13 কিন্তু তোমরা যাও এবং এই বাক্যের মর্ম কি তা শিক্ষা নাও: ‘আমি দয়া চাই, বলিদান নয়।’ কারণ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি।”
-
21 তখন পিতর যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আমার ভাই কতবার আমার বিরুদ্ধে অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? সাতবার পর্যন্ত?”
22 যীশু উত্তর দিলেন, “আমি তোমাকে বলছি, সাতবার নয়, কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত।
23 “এই কারণে স্বর্গরাজ্য এমন এক রাজার মতো, যিনি তাঁর দাসদের কাছে হিসেব চাইলেন। 24 হিসেব নিকেশ করার সময় একজন দাস, যে তাঁর কাছে দশ হাজার তালন্তের ঋণী ছিল, তাকে নিয়ে আসা হল। 25 যেহেতু সে ঋণ শোধ করতে অক্ষম ছিল, তাঁর মনিব আদেশ দিলেন যেন তাকে, তার স্ত্রী ও সন্তানদের ও তার সর্বস্ব বিক্রি করে ঋণ পরিশোধ করা হয়।
26 “এতে সেই দাস তাঁর সামনে নতজানু হয়ে পড়ল, ‘আমার প্রতি ধৈর্য ধরুন,’ সে মিনতি জানাল, ‘আমি সব দেনা শোধ করে দেব।’ 27 সেই দাসের মনিব তাঁকে দয়া করে তার ঋণ মকুব করলেন ও তাকে চলে যেতে দিলেন।
28 “কিন্তু সেই দাস বাইরে গিয়ে তার এক সহদাসকে দেখতে পেল। সে তার কাছে মাত্র একশো দিনার ঋণ করেছিল। সে তাকে ধরে তার গলা টিপে দাবি করল, ‘আমার কাছে যে ঋণ করেছিস তা শোধ কর।’
29 “তার সহদাস তার পায়ে পড়ে মিনতি করল, ‘আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার ঋণ শোধ করে দেব!’
30 “সে কিন্তু শুনতে চাইল না। পরিবর্তে, সে চলে গিয়ে ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কারাগারে বন্দি করে রাখল। 31 অন্য সব সহদাস যখন এসব ঘটতে দেখল, তারা অত্যন্ত রেগে গিয়ে তাদের মনিবকে যা ঘটেছিল সব বলল।
32 “তখন মনিব সেই দাসকে ভিতরে ডাকলেন। তিনি বললেন, ‘দুষ্ট দাস তুমি, আমার কাছে তুমি মিনতি করায় আমি তোমার সব ঋণ মকুব করেছিলাম। 33 আমি যেমন তোমাকে দয়া করেছিলাম, তোমারও কি উচিত ছিল না তোমার সহদাসকে দয়া করা?’ 34 ক্রুদ্ধ হয়ে তার মনিব তাকে কারাধ্যক্ষদের হাতে নিপীড়িত হওয়ার জন্য সমর্পণ করলেন, যতদিন না পর্যন্ত সে তার সমস্ত ঋণ শোধ করে।
35 “তোমরা যদি প্রত্যেকে তোমাদের ভাইকে মনেপ্রাণে ক্ষমা না করো, তাহলে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের প্রতি এরকমই আচরণ করবেন।”
-
29 যীশু ও তাঁর শিষ্যেরা যখন যিরীহো ছেড়ে যাচ্ছিলেন, অনেক লোক তাঁকে অনুসরণ করল। 30 দুজন অন্ধ মানুষ পথের পাশে বসেছিল। তারা যখন শুনল, যীশু সেই পথ দিয়ে যাচ্ছেন, তারা চিৎকার করে বলল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”
31 লোকেরা তাদের ধমক দিয়ে শান্ত থাকতে বলল, কিন্তু তারা আরও জোরে চিৎকার করতে লাগল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”
32 যীশু পথ চলা থামিয়ে তাদের ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কী চাও, আমি তোমাদের জন্য কী করব?”
33 তারা উত্তর দিল, “প্রভু, আমরা দৃষ্টিশক্তি পেতে চাই।”
34 যীশু তাদের প্রতি করুণায় পূর্ণ হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টিশক্তি লাভ করল ও তাঁকে অনুসরণ করতে লাগল।
-
21 কিন্তু এখন, বিধান ছাড়াই ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে, যে বিষয়ে সেই বিধান ও ভাববাদীরা সাক্ষ্য দিয়েছেন। 22 এই ধার্মিকতা, যারা বিশ্বাস করে, তাদের প্রতি যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে কোনও পার্থক্য-বিভেদ নেই, 23 কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে। 24 তারা বিনামূল্যে, তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা নির্দোষ গণ্য হয়। 25 তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বর তাঁকেই প্রায়শ্চিত্ত-বলিরূপে উপস্থাপিত করেছেন। তিনি তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য এরকম করেছেন, কারণ তাঁর সহনশীলতার গুণে তিনি অতীতে করা সকল পাপের শাস্তি দেননি। 26 বর্তমান যুগে তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য তিনি এরকম করেছিলেন, যেন তিনি ন্যায়পরায়ণ থাকেন এবং যারা যীশুতে বিশ্বাস করে, তাদের নির্দোষ গণ্য করেন।
27 তাহলে গর্বের স্থান কোথায়? তা বর্জন করা হয়েছে। কোন নীতির দ্বারা? তা কি বিধান পালনের জন্য? না, কিন্তু বিশ্বাসের কারণে।
-
31 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু এক করুণাময় ঈশ্বর; তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা ধ্বংস করবেন না, কিংবা তোমাদের পূর্বপুরুষদের জন্য শপথ করে যে নিয়ম স্থাপন করেছেন তা ভুলে যাবেন না।
-
14 তাঁরা যখন অনেক লোকের মাঝে এলেন, একজন লোক যীশুর সামনে এসে নতজানু হয়ে বলল, 15 “প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, সে মৃগীরোগগ্রস্ত এবং অত্যন্ত যন্ত্রণাভোগ করছে। সে প্রায়ই আগুনে বা জলে লাফ দিয়ে পড়ে। 16 আপনার শিষ্যদের কাছে আমি তাকে এনেছিলাম, কিন্তু তাঁরা তাকে সুস্থ করতে পারেননি।”
17 যীশু উত্তর দিলেন, “ওহে অবিশ্বাসী ও পথভ্রষ্ট প্রজন্ম, আমি কত কাল তোমাদের সঙ্গে থাকব? আমি কত কাল তোমাদের সহ্য করব? ছেলেটিকে এখানে আমার কাছে নিয়ে এসো।” 18 যীশু সেই ভূতকে ধমক দিলেন, এতে ছেলেটির মধ্য থেকে সে বের হয়ে এল, আর সেই মুহূর্ত থেকে সে সুস্থ হয়ে উঠল।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি।
-
13 আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো;
পৃথিবী, উল্লসিত হও;
পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো!
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
-
21 সেই স্থান ত্যাগ করে, যীশু টায়ার ও সীদোন অঞ্চলে চলে গেলেন। 22 তারই কাছাকাছি কোনো স্থান থেকে এক কনানীয় নারী তাঁর কাছে এসে চিৎকার করতে লাগল, “প্রভু, দাউদের সন্তান, আমার প্রতি দয়া করুন! আমার মেয়েটি ভূতগ্রস্ত হয়ে ভীষণ কষ্ট পাচ্ছে।”
23 যীশু তাকে কোনও উত্তর দিলেন না। তাই তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে তাঁকে অনুরোধ জানালেন, “ওকে বিদায় দিন কারণ ও চিৎকার করতে করতে আমাদের পিছনে আসছে।”
24 তিনি উত্তর দিলেন, “আমাকে কেবলমাত্র ইস্রায়েলের হারানো মেষদের কাছে পাঠানো হয়েছে।”
25 সেই নারী এসে তাঁর কাছে নতজানু হয়ে বলল, “প্রভু, আমার উপকার করুন!”
26 তিনি উত্তর দিলেন, “ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরদের দেওয়া সংগত নয়।”
27 সে বলল, “হ্যাঁ প্রভু, কিন্তু কুকুরও তো মনিবের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে তা খায়!”
28 তখন যীশু উত্তর দিলেন, “নারী, তোমার বড়োই বিশ্বাস! তোমার অনুরোধ রক্ষা করা হল।” সেই মুহূর্ত থেকে তার মেয়ে সুস্থ হয়ে গেল।
-
19 আর সদাপ্রভু বললেন, “আমি আমার সব চমৎকারিত্ব তোমার সামনে দিয়ে পার হতে দেব, এবং তোমার উপস্থিতিতে আমি আমার সেই সদাপ্রভু নামটি ঘোষণা করব। যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব, এবং যার প্রতি করুণা করতে চাই, তার প্রতি করুণা করব।
-
14 দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। সদাপ্রভুর হাতেই পড়া যাক, কারণ তাঁর দয়া সুমহান; তবে আমরা যেন মানুষের হাতে না পড়ি।”
-
27 সেইজন্য তুমি তাদের শত্রুদের হাতে তুলে দিয়েছিলে, যারা তাদের উপর অত্যাচার করেছিল। কিন্তু কষ্টের সময় তারা তোমার কাছে কাঁদত। তুমি স্বর্গ থেকে সেই কান্না শুনেছিলে এবং তোমার প্রচুর করুণায় তাদের উদ্ধারকারীদের পাঠিয়ে দিয়েছিলে, যারা শত্রুদের হাত থেকে তাদের উদ্ধার করেছিল।
-
17 কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতশিষ্যেরা ইতিপূর্বে কী বলে গিয়েছেন, তা মনে করো। 18 তাঁরা তোমাদের বলেছিলেন, “শেষ সময়ে এমন ব্যঙ্গ-বিদ্রুপকারীদের উদয় হবে, যারা তাদের নিজস্ব ভক্তিহীন কামনাবাসনা অনুসারে চলবে।” 19 এই লোকেরাই তোমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, যারা নিজেদের সহজাত প্রবৃত্তি অনুসারে চলে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা নেই।
20 কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদের গেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো, 21 ঈশ্বরের প্রেমে অবিচল থাকো এবং সেই দিনের জন্য প্রতীক্ষা করো যেদিন আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সদয় হয়ে তোমাদের অনন্ত জীবন দান করবেন।
22 যারা সন্দেহ করে তাদের প্রতি করুণা করো; 23 অন্যদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো; অন্যদের প্রতি সম্ভ্রমে করুণা করো, কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো, তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো।
-
15 ভোর হতে না হতেই, দূতেরা লোটকে অনুরোধ জানিয়ে বললেন, “তাড়াতাড়ি করো! যারা এখানে আছে, তোমার সেই স্ত্রী ও দুই মেয়েকে সাথে নাও, তা না হলে এই নগরটিকে যখন দণ্ড দেওয়া হবে, তখন তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।”
16 তিনি যখন ইতস্তত বোধ করছিলেন, তখন সেই ব্যক্তিরা তাঁর হাত, তাঁর স্ত্রীর হাত ও তাঁর দুই মেয়ের হাত চেপে ধরে নিরাপদে তাঁদের নগরের বাইরে নিয়ে গেলেন, কারণ সদাপ্রভু তাঁদের প্রতি দয়াবান ছিলেন। 17 তাঁদের বাইরে বের করে আনার পরেই সেই ব্যক্তিদের মধ্যে একজন বললেন, “প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাও! পিছনে ফিরে তাকিয়ো না, আর সমভূমিতে কোথাও দাঁড়িয়ো না! পাহাড়-পর্বতে পালিয়ে যাও, তা না হলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে!”
18 কিন্তু লোট তাঁদের বললেন, “হে আমার প্রভুরা, না, দয়া করুন! 19 আপনাদের এই দাস আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ লাভ করেছে, এবং আপনারা আমার প্রাণরক্ষার জন্য অশেষ দয়া দেখিয়েছেন। কিন্তু আমি পাহাড়-পর্বতে পালিয়ে যেতে পারব না; এই দুর্যোগ আমাকে গ্রাস করবে ও আমি মারা যাব। 20 দেখুন, এখানে কাছাকাছি পালিয়ে যাওয়ার উপযোগী একটি নগর আছে, আর তা ছোটও। আমাকে সেখানে পালিয়ে যেতে দিন—সেটি খুবই ছোটো, তাই না? তবেই তো আমার প্রাণরক্ষা হবে।”
21 তিনি তাঁকে বললেন, “তা বেশ, এই অনুরোধটিও আমি রাখব; যে নগরটির কথা তুমি বললে, আমি সেটি উৎখাত করব না। 22 কিন্তু তাড়াতাড়ি সেখানে পালিয়ে যাও, কারণ যতক্ষণ না তুমি সেখানে পৌঁছে যাচ্ছ, আমি কিছুই করতে পারব না।” (সেজন্যই নগরটিকে সোয়র নাম দেওয়া হল।)
-
30 কিন্তু তবুও অনেক বছর ধরে তুমি তাদের উপর ধৈর্য ধরেছিলে। তোমার ভাববাদীদের মাধ্যমে তোমার আত্মার দ্বারা তুমি তাদের সতর্ক করেছিলে। অথচ তাতে তারা কান দেয়নি, সেইজন্য প্রতিবেশী অন্য জাতির লোকদের হাতে তুমি তাদের তুলে দিয়েছিলে। 31 কিন্তু তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের নিঃশেষ অথবা ত্যাগ করোনি, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর।
-
18 আমি বাড়ি ফিরে আমার বাবার কাছে যাব; তাঁকে বলব, “বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, 19 তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আর আমার নেই; আমাকে তোমার এক মজুরের মতো করে নাও।” ’ 20 তাই সে উঠে তার বাবার কাছে ফিরে গেল।
“সে তখনও অনেক দূরে, তার বাবা তাকে দেখতে পেলেন। ছেলের জন্য তাঁর অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তাঁর ছেলের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরলেন ও তাকে চুম্বন করলেন।
21 “সেই ছেলে তাঁকে বলল, ‘বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই।’
22 “কিন্তু তার বাবা তাঁর দাসদের বললেন, ‘শীঘ্র, সবচেয়ে উৎকৃষ্ট পোশাক এনে ওকে পরিয়ে দাও। ওর আঙুলে আংটি পরিয়ে দাও, পায়ে চটিজুতো দাও। 23 আর ভোজের জন্য একটি হৃষ্টপুষ্ট বাছুর এনে মারো। এসো আমরা ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করি। 24 কারণ আমার এই ছেলেটি মারা গিয়েছিল, কিন্তু এখন সে আবার বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া গেছে।’ তাই তারা আনন্দ উৎসবে মেতে উঠল।
-
8 আমরা যদি নিজেদের নিষ্পাপ বলে দাবি করি, তাহলে আমরা নিজেদের প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে বাস করে না। 9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন। 10 যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, আমরা তাঁকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং আমাদের জীবনে তাঁর বাক্যের কোনও স্থান নেই।
-
18 তবুও সদাপ্রভু তোমাদের প্রতি দয়া প্রদর্শনের প্রতীক্ষায় আছেন,
তোমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি উত্থিত হয়েছেন।
কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণ ঈশ্বর,
ধন্য তারা সবাই যারা তাঁর অপেক্ষায় থাকে!
-
14 কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন। 15 কিন্তু তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা না করো, তোমাদের পিতাও তোমাদের অপরাধসকল ক্ষমা করবেন না।
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।
-
28 ইস্রায়েলের অনেকে এখন সুসমাচারের শত্রু, আর এর ফলে তোমরা অইহুদিরা লাভবান হয়েছে। কিন্তু ঈশ্বর তাদের এখনও প্রেম করেন কারণ তিনি তাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। 29 কারণ ঈশ্বরের অনুগ্রহ-দানসকল ও তাঁর আহ্বান তিনি কখনও প্রত্যাহার করেন না। 30 যেমন তোমরা এক সময় ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন তাদের অবাধ্যতার কারণে করুণা লাভ করেছ, 31 তেমনই তারাও এখন অবাধ্য হয়েছে, যেন তোমরা ঈশ্বরের করুণা লাভ করেছে বলে তারাও একদিন করুণা লাভ করবে। 32 কারণ ঈশ্বর সব মানুষকে অবাধ্যতার কাছে রুদ্ধ করেছেন, যেন তিনি তাদের সকলেরই প্রতি করুণা করতে পারেন।
-
25 কিন্তু আমার মনে হয়, আমার ভাই, সহকর্মী ও সংগ্রামী-সঙ্গী ইপাফ্রদীত, যিনি তোমাদেরও সংবাদবাহক এবং আমার প্রয়োজনের দায়িত্ব গ্রহণের জন্য যাঁকে তোমরা পাঠিয়েছিলে, তাঁকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন। 26 কারণ তিনি তোমাদের সকলের জন্যই অত্যন্ত ব্যাকুল এবং তোমরা তাঁর অসুস্থতার সংবাদ শুনেছিলে বলে তিনি উৎকণ্ঠিত। 27 সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর করুণা করেছেন; শুধু তাঁর উপর নয়, আমার উপরেও করুণা করেছেন, যেন দুঃখের উপর আমার আর দুঃখ না হয়। 28 সেইজন্য, আমি আরও আগ্রহ সহকারে তাঁকে পাঠাচ্ছি, যেন আবার তাঁর দেখা পেয়ে তোমরা আনন্দ করতে পারো এবং আমারও দুঃখ হালকা হয়। 29 প্রভুতে অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁকে স্বাগত জানিয়ো এবং তাঁর মতো লোকদের সমাদর কোরো। 30 কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি মরণাপন্ন হয়েছিলেন, যে সাহায্য দূর থেকে তোমরা আমাকে দিতে অপারগ ছিলে, তার জন্য তিনি তাঁর জীবন বিপন্ন করেছিলেন।
-
2 আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল;
আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।
-
31 কারণ প্রভু মানুষকে
চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
32 যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন,
তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।
33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের
কষ্ট বা মনোদুঃখ দেন না।
-
23 আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব;
তাঁর প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব, যাকে এক সময় বলেছিলাম,
‘তুমি আমার প্রিয়পাত্রী নও।’
যাদের আমি এক সময় বলেছিলাম,
‘আমার প্রজা নও,’ তাদের আমি বলব,
‘তোমরা আমার প্রজা’;
আর তারা বলবে, ‘তুমি আমার ঈশ্বর।’ ”
-
13 তোমাদের মধ্যে কে জ্ঞানবান ও বুদ্ধিমান? সে জ্ঞানের মাধ্যমে আসা সৎ জীবন ও নম্রতায় করা কাজকর্মের দ্বারা তা প্রমাণ করুক। 14 কিন্তু তোমরা যদি তোমাদের অন্তরে তিক্ত ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা পোষণ করো, তার জন্য গর্বপ্রকাশ কোরো না বা সত্যকে অস্বীকার কোরো না। 15 এ ধরনের “জ্ঞান” স্বর্গ থেকে নেমে আসে না। তা পার্থিব, সাংসারিক ও শয়তানসুলভ। 16 কারণ যেখানে তোমাদের মধ্যে ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা আছে, সেখানেই তোমরা দেখবে বিশৃঙ্খলা ও সব ধরনের মন্দ অভ্যাস।
17 কিন্তু স্বর্গ থেকে যে জ্ঞান আসে, প্রথমত তা বিশুদ্ধ, তারপরে তা শান্তিপ্রিয়, সুবিবেচক, অনুগত, করুণায় ও উৎকৃষ্ট ফলে পূর্ণ, পক্ষপাতশূন্য ও অকপট।
-
10 এক সময় তোমরা তাঁর প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ; এক সময় তোমরা করুণা পাওনি, কিন্তু এখন তোমরা করুণা লাভ করেছ।
-
10 তোমার ধর্মশীলতার কথা আমি হৃদয়ে লুকিয়ে রাখিনি;
আমি তোমার বিশ্বস্ততা ও পরিত্রাণ ঘোষণা করেছি।
তোমার প্রেম ও বিশ্বস্ততা
মহাসমাবেশ থেকে আমি লুকিয়ে রাখিনি।
11 হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না,
তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।
12 দেখো, অগণিত অশান্তি আমাকে চারিদিকে ঘিরে রেখেছে;
আমার সব অপরাধ আমাকে ধরেছে, আমি কোনো পথ দেখতে পাই না,
সেগুলি আমার মাথার চুলের থেকেও বেশি,
এবং আমি সমস্ত সাহস হারিয়েছি।
-
27 যীশু সেখান থেকে চলে যাওয়ার সময় দুজন অন্ধ মানুষ তাঁকে অনুসরণ করে চিৎকার করতে লাগল, “দাউদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”
28 তিনি ঘরের মধ্যে প্রবেশ করলে সেই দুজন অন্ধ মানুষ তাঁর কাছে এল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কি বিশ্বাস করো যে, আমি এ কাজ করতে পারি?”
তারা উত্তর দিল, “হ্যাঁ, প্রভু।”
29 তখন তিনি তাদের চোখ স্পর্শ করলেন ও বললেন, “তোমাদের বিশ্বাস অনুযায়ীই তোমাদের প্রতি হোক।” 30 আর তারা দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেল। যীশু তাদের কঠোরভাবে সাবধান করে দিয়ে বললেন, “দেখো, কেউ যেন একথা জানতে না পারে।” 31 কিন্তু তারা বাইরে গিয়ে সেই অঞ্চলের সর্বত্র তাঁর সংবাদ ছড়িয়ে দিল।
-
8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
-
11 যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।
-
10 প্রেম ও বিশ্বস্ততা একত্রে মিলিত হয়,
ধার্মিকতা ও শান্তি পরস্পরকে চুম্বন করে।
-
4 তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম:
“হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো!”
5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,
আমাদের ঈশ্বর করুণায় পরিপূর্ণ।
6 যারা সরলচিত্ত, সদাপ্রভু তাদের রক্ষা করেন;
গভীর সংকটকালে তিনি আমাকে রক্ষা করেছিলেন।
-
7 আমি সদাপ্রভুর বিভিন্ন করুণার কীর্তন করব,
প্রশংসা করব তাঁর বহু কীর্তির কথা,
তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য,
হ্যাঁ, তিনি ইস্রায়েল কুলের জন্য
বহু উৎকৃষ্ট কাজ করেছেন,
তাঁর মহা করুণা ও বহুবিধ দয়ার গুণে করেছেন।
8 তিনি বলেছেন, “অবশ্যই তারা আমার প্রজা,
তারা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না”;
এভাবেই তিনি তাদের পরিত্রাতা হলেন।
-
6 কারণ আমি দয়া চাই, বলিদান নয়,
এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান।
-
2 হে সদাপ্রভু, আমি তোমার খ্যাতি শুনেছি;
আমি তোমার আশ্চর্য কাজে সম্ভ্রমে দাঁড়িয়ে আছি, হে সদাপ্রভু।
আমাদের দিনে এই সবের পুনরাবৃত্তি করো,
আমাদের সময়ে তা প্রকাশিত করো;
তোমার ক্রোধে করুণা স্মরণ করো।
-
17 “সেদিন যখন আমি আমার কাজ করব,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, তারা আমার প্রিয় অধিকার হবে। আমি তাদের প্রতি ক্ষমাপরায়ণ হব, যেমন একজন বাবা তার সেবায় রত ছেলেকে করুণার চোখে দেখে এবং তার প্রতি ক্ষমাপরায়ণ হয়।
-
25 একদিন এক শাস্ত্রবিদ যীশুকে পরীক্ষা করার জন্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, “গুরুমহাশয়, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কী করতে হবে?”
26 তিনি উত্তর দিলেন, “বিধানশাস্ত্রে কী লেখা আছে? তুমি কি পাঠ করছ?”
27 সে উত্তরে বলল, “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে’; এবং, ‘তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে।’”
28 যীশু উত্তরে বললেন, “তুমি যথার্থ উত্তর দিয়েছ। তাই করো এবং এতেই তুমি জীবন লাভ করবে।”
29 কিন্তু সে নিজের সততা প্রতিপন্ন করতে যীশুকে প্রশ্ন করল, “বেশ, আমার প্রতিবেশী কে?”
30 প্রত্যুত্তরে যীশু বললেন, “এক ইহুদি ব্যক্তি জেরুশালেম থেকে যিরীহোতে নেমে যাচ্ছিল। পথে সে দস্যুদের কবলে পড়ল। তারা তার পোশাক খুলে নিয়ে এবং তাকে মেরে আধমরা করে ফেলে রেখে চলে গেল। 31 ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে যাচ্ছিল। লোকটিকে দেখে সে রাস্তার অন্য প্রান্ত দিয়ে চলে গেল। 32 সেভাবে একজন লেবীয়ও সেখানে এসে তাকে দেখে অন্য দিক দিয়ে চলে গেল। 33 কিন্তু একজন শমরীয় পথ চলতে চলতে, সেই ব্যক্তি যেখানে ছিল, সেখানে এসে পৌঁছাল; তাকে দেখে সে তার প্রতি করুণাবিষ্ট হল। 34 সে তার কাছে গিয়ে ক্ষতস্থানে তেল ও দ্রাক্ষারস লাগিয়ে বেঁধে দিল। তারপর সেই ব্যক্তিকে তার নিজের গাধায় চাপিয়ে একটি পান্থশালায় নিয়ে এসে তার সেবাযত্ন করল। 35 পরদিন পান্থশালার মালিককে সে দুটি রুপোর মুদ্রা দিল। সে বলল, ‘ওই ব্যক্তির সেবাযত্ন কোরো। এর অতিরিক্ত কিছু ব্যয় হলে, ফেরার পথে আমি পরিশোধ করে দেব।’
36 “এই তিনজনের মধ্যে কে দস্যুদের হাতে পড়া ওই লোকটির কাছে প্রতিবেশী হয়ে উঠল? তোমার কী মনে হয়?”
37 সেই শাস্ত্রবিদ উত্তর দিল, “লোকটির প্রতি যে করুণা দেখিয়েছিল, সেই।”
যীশু তাকে বললেন, “যাও, ফিরে গিয়ে তুমিও সেরকম করো।”
-
9 নিজেদের ধার্মিকতার প্রতি যাদের আস্থা ছিল ও অন্যদের যারা হীনদৃষ্টিতে দেখত, যীশু এই রূপক কাহিনিটি তাদের বললেন: 10 “দুই ব্যক্তি প্রার্থনার জন্য মন্দিরে গেল; একজন ফরিশী ও অন্যজন কর আদায়কারী। 11 ফরিশী দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করল, ‘হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কোনো দস্যু, দুর্বৃত্ত, ব্যভিচারী, এমনকি, ওই কর আদায়কারী, বা অন্য লোকের মতো নই। 12 আমি সপ্তাহে দু-দিন উপোস করি এবং যা আয় করি, তার এক-দশমাংশ দান করি।’
13 “কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি, সে স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত পারল না। সে তার বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো।’
14 “আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক গণ্য হয়ে ঘরে ফিরে গেল, কিন্তু অন্যজন নয়। কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।”
-
8 কারণ আমি তোমাদের বলি, খ্রীষ্ট ইহুদিদের দাস হয়ে এসেছিলেন যেন পিতৃপুরুষদের প্রতি ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতিসমূহকে প্রমাণ করেন। 9 তিনি এই কারণেও এসেছিলেন যেন অইহুদি জাতিরাও ঈশ্বরের করুণার জন্য তাঁর মহিমাকীর্তন করে, যেমন লেখা আছে:
“অতএব, অইহুদি জাতিবৃন্দের মাঝে, আমি তোমার প্রশংসা করব;
আমি তোমার নামের উদ্দেশে সংকীর্তন গাইব।”
10 আবার তা বলে,
“ওহে অইহুদি জাতিরা, তাঁর প্রজাদের সঙ্গে উল্লসিত হও।”
11 আবারও,
“তোমরা সব অইহুদি জাতি, প্রভুর প্রশংসা করো,
আর সমস্ত প্রজাবৃন্দ, তোমরাও তাঁর সংকীর্তন করো।”
12 আবার যিশাইয় বলেন,
“যিশয়ের মূল অঙ্কুরিত হবে,
যিনি সব জাতির উপরে কর্তৃত্ব করতে
উত্থিত হবেন, অইহুদিরা তাঁরই উপরে প্রত্যাশা রাখবে।”
13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।
-
31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। 32 পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।
-
9 তোমরা যদি সদাপ্রভুর কাছে ফিরে আস, তবে তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের ও তোমাদের সন্তানদের প্রতি তাদের বন্দিকারীরা করুণা দেখাবে এবং তারা এই দেশে ফিরে আসবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু অনুগ্রহকারী ও করুণাময়। তোমরা যদি তাঁর কাছে ফিরে আস, তবে তিনি তোমাদের দিক থেকে তাঁর মুখ ফিরিয়ে নেবেন না।”
-
5 তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম
আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না।
আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ
আমি স্বীকার করব।”
আর তুমি আমার
পাপের দোষ ক্ষমা করলে।
-
একটি আরোহণ সংগীত।
1 হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;
2 হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো।
আমার বিনতি প্রার্থনার প্রতি
তোমার কান মনযোগী হোক।
3 হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে,
তবে প্রভু, কে বাঁচতে পারত?
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,
যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।
Shows Read in context, Share and Copy.