46 Bible Verses About Miscarriage
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;
এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার সব কাজকর্ম বিস্ময়কর
তা আমি যথার্থভাবে জানি।
15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না,
যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম,
যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;
আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল
জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
17 হে ঈশ্বর, তোমার ভাবনাগুলি আমার কাছে কত মূল্যবান!
সেগুলির সমষ্টি কী বিপুল!
18 যদি আমি সেগুলি গুনতে যেতাম,
তবে সেগুলি বালুকণার চেয়েও সংখ্যায় বেশি হত,
যখন আমি জেগে উঠি, তখনও তুমি আমার সঙ্গে আছ।
-
4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো।
-
18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,
কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন। 29 কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তাঁর পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত হন। 30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন।
-
25 তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা কোরো, এবং তাঁর আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বজায় থাকবে। তোমার মধ্যে থেকে আমি সব রোগব্যাধি দূর করে দেব, 26 এবং তোমার দেশে কারোর গর্ভপাত হবে না বা কেউ বন্ধ্যা থাকবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে।
-
8 “কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়,
আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,”
একথা বলেন সদাপ্রভু।
9 “আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে,
তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং
আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।
10 যেমন বৃষ্টি ও তুষার
আকাশ থেকে নেমে আসে,
আর সেখানে ফিরে যায় না,
বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে,
যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,
11 তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়:
তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না,
কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে
এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।
-
4 আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল:
5 “মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম,
তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি;
জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”
-
27 আমি এই শিশুটির জন্য প্রার্থনা করেছিলাম, এবং সদাপ্রভুর কাছে আমি যা চেয়েছিলাম, তিনি আমাকে তাই দিয়েছেন। 28 অতএব, এখন আমি একে সদাপ্রভুর হাতে সমর্পণ করছি। সারাটি জীবনের জন্য সে সদাপ্রভুর হয়েই থাকবে।” পরে তাঁরা সেখানে সদাপ্রভুর আরাধনা করলেন।
-
5 তুমি যেমন বাতাসের পথ জানো না,
কিংবা মায়ের গর্ভে কেমন করে শরীর গঠন হয়,
তেমনি তুমি ঈশ্বরের কাজও বুঝতে পারবে না,
যিনি সবকিছুর সৃষ্টিকর্তা।
-
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
-
10 সদাপ্রভু এই কথা বলেন: “ব্যাবিলন সম্বন্ধে যে সত্তর বছরের কথা বলা হয়েছিল, তা সম্পূর্ণ হলে, আমি তোমাদের কাছে আসব এবং এই স্থানে ফিরিয়ে আনার মূল্যবান প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব। 13 তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে। 14 তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।
-
7 বছরের পর বছর এরকম হয়েই চলেছিল। যখনই হান্না সদাপ্রভুর মন্দিরে যেতেন, তাঁর সতীন তাঁকে প্ররোচিত করত এবং তিনি অশ্রুপাত করতেন ও ভোজনপানও করতেন না।
-
7 সদাপ্রভু দারিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন;
তিনিই নত করেন আবার উন্নতও করেন।
-
21 বললেন:
“মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি,
আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব।
সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন;
সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”
-
16 পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন যে, আমরা ঈশ্বরের সন্তান। 17 এখন, যদি আমরা সন্তান হই, তাহলে আমরা উত্তরাধিকারীও—ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রীষ্টের সঙ্গে সহ-উত্তরাধিকারী। কিন্তু যদি আমরা তাঁর মহিমার অংশীদার হতে চাই তবে তাঁর কষ্টভোগেরও অংশীদার হতে হবে।
18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না।
-
22 “যদি লোকজন মারামারি করার সময় কোনও গর্ভবতী মহিলাকে আঘাত করে ও সে অকালে সন্তানের জন্ম দেয় কিন্তু বড়ো ধরনের আঘাত না পায়, তবে সেই মহিলার স্বামী যা দাবি করবে এবং আদালত যেমনটি অনুমতি দেবে সেইমতোই অবশ্য অপরাধীর জরিমানা ধার্য করতে হবে। 23 কিন্তু সেই মহিলাটি যদি বড়ো ধরনের আঘাত পায়, তবে তোমাদের প্রাণের পরিবর্তে প্রাণ, 24 চোখের পরিবর্তে চোখ, দাঁতের পরিবর্তে দাঁত, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, 25 দহনের পরিবর্তে দহন, ক্ষতের পরিবর্তে ক্ষত, কালশিটের পরিবর্তে কালশিটে আদায় করতে হবে।
-
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
-
6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।
-
1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”
5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”
6 তিনি আমাকে বললেন: “সম্পন্ন হল। আমিই আলফা ও ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত, তাকে আমি জীবন-জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব। 7 যে জয়ী হয়, সে এসবের অধিকারী হবে, আর আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র বা কন্যা হবে।
-
8 আমার বিলাপ লিপিবদ্ধ করে;
তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো—
তা কি তোমার লিপিতে লেখা নেই?
-
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,
যার মন সুস্থির,
কারণ সে তোমার উপরে নির্ভর করে।
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,
কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
-
17 আমি শান্তি থেকে বঞ্চিত হয়েছি,
আমি ভুলে গিয়েছি সমৃদ্ধি কাকে বলে।
18 তাই আমি বলি, “আমার জৌলুস শেষ হয়ে গেছে,
এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে।”
19 আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি,
আমার তিক্ততা ও পিত্তের কথা।
20 সেগুলি আমার ভালোভাবেই স্মরণে আছে,
এবং আমার প্রাণ আমারই মধ্যে অবসন্ন হয়েছে।
21 তবুও আমি আবার একথা স্মরণ করি,
আর তাই আমার আশা জেগে আছে:
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;
এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”
-
31 কারণ প্রভু মানুষকে
চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
32 যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন,
তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।
33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের
কষ্ট বা মনোদুঃখ দেন না।
-
33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
-
16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।
-
16 অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো,
এক সদ্যজাত শিশুর মতো যে কখনও দিনের আলো দেখেনি?
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।
নিজের নামের মহিমায়
তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।
4 যদিও আমি হেঁটে যাই
অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,
আমি কোনও অমঙ্গলের ভয় করব না,
কারণ তুমি আমার সঙ্গে আছ;
তোমার লাঠি ও তোমার ছড়ি,
সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।
-
3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,
এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।
-
4 ধন্য তারা, যারা শোক করে,
কারণ তারা সান্ত্বনা পাবে।
-
14 একইভাবে, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয় যে এই ক্ষুদ্রজনেদের মধ্যে একজনও হারিয়ে যায়।
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।
-
27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।
-
9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,
তাই আমি কেন ভীত হব?
সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,
তাই আমি কেন কম্পিত হব?
-
4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন;
আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।
5 যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়;
তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।
-
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।
1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,
সংকটকালে সদা উপস্থিত সহায়।
2 অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়
এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,
3 যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,
এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।
-
3 যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।
4 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—
আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।
সামান্য মানুষ আমার কী করতে পারে?
-
19 প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক,
যিনি প্রতিদিন আমাদের বোঝা বহন করেন।
-
8 তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন।
সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন;
তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন।
সদাপ্রভু একথা বলেছেন।
-
14 হে সদাপ্রভু, তুমি তাদের দাও—
তুমি তাদের কী দেবে?
তুমি তাদের গর্ভস্রাবী জঠর
ও শুষ্ক স্তন দাও।
-
32 যীশু যেখানে ছিলেন, মরিয়ম সেখানে পৌঁছে তাঁকে দেখতে পেলেন। তিনি তাঁর পায়ে লুটিয়ে পড়ে বললেন, “প্রভু, আপনি এখানে উপস্থিত থাকলে আমার ভাইয়ের মৃত্যু হত না।”
33 মরিয়মকে এবং তাঁর অনুসরণকারী ইহুদিদের কাঁদতে দেখে, যীশু আত্মায় গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, 34 “তোমরা তাকে কোথায় রেখেছ?”
তাঁরা উত্তর দিল, “প্রভু, দেখবেন আসুন।”
35 যীশু কাঁদলেন।
-
13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।
-
16 কারণ তাঁর দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। 17 সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তাঁরই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ।
-
13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন। 15 প্রভুর নিজের কথা অনুসারে আমরা তোমাদের বলছি যে, আমরা যারা বেঁচে আছি, প্রভুর আগমন পর্যন্ত যারা অবশিষ্ট থাকব, তারা নিদ্রাগতদের আগে কিছুতেই যেতে পারব না। 16 কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। 17 এরপর, আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। 18 সেইজন্য, এসব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।
-
10 আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি খ্রীষ্টে তাঁর অনন্ত মহিমা প্রদানের জন্য তোমাদের আহ্বান করেছেন, সাময়িক কষ্টভোগ করার পর তিনি স্বয়ং তোমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী, সুদৃঢ় ও অবিচল করবেন।
Shows Read in context, Share and Copy.