54 Bible Verses About Waiting on the Lord

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Waiting on the Lord
  1. 2 আমি তোমাতে আস্থা রাখি;

    আমাকে লজ্জিত হতে দিয়ো না।

    আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।

    3 যারা তোমার উপর আশা রাখে,

    তারা কখনও লজ্জিত হবে না,

    কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে

    তারা লজ্জার পাত্র হবে।

    4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,

    তোমার পন্থাসকল আমায় শেখাও।

    5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,

    কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,

    এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।

    6 হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো,

    যা অনাদিকাল থেকে অবিচল।

    7 আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না,

    মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ;

    তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো;

    কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।

    8 সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ;

    তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।

    9 যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন;

    এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।

  2. দাউদের গীত।

    1 যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না

    যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;

    2 কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে,

    সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।

    3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;

    এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।

    4 সদাপ্রভুতে আনন্দ করো,

    তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

    5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;

    তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:

    6 তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,

    আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।

    7 সদাপ্রভুর সামনে নীরব হও,

    ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;

    যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,

    যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।

    8 রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও;

    বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।

    9 কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে,

    কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।

    10 আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে;

    তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।

    11 কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে,

    এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।

  3. 27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো?

    ওহে ইস্রায়েল, তুমি কেন বলো,

    “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত;

    আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”

    28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

    30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  4. 11 হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও;

    আমার শত্রুদের কারণে,

    আমাকে সোজা পথে চালাও।

    12 আমার শত্রুদের ইচ্ছায় আমাকে সমর্পণ কোরো না,

    দেখো, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীরা মাথা তুলছে,

    নিশ্বাসে তারা আমাকে হিংসার ভয় দেখাচ্ছে।

    13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী,

    আমি জীবিতদের দেশে

    সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।

    14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;

    শক্ত হও ও সাহস করো

    এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।

  5. 21 তবুও আমি আবার একথা স্মরণ করি,

    আর তাই আমার আশা জেগে আছে:

    22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,

    কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।

    23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;

    তোমার বিশ্বস্ততা মহৎ।

    24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;

    এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”

    25 যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে,

    এবং যারা তাঁর অন্বেষণ করে,

    তিনি তাদের পক্ষে মঙ্গলময়;

    26 সদাপ্রভুর পরিত্রাণের জন্য

    শান্তভাবে অপেক্ষা করা ভালো।

  6. 5 আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে,

    এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।

    6 প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে

    হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে,

    আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।

    7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো,

    কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে,

    এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।

    8 তিনি নিজেই ইস্রায়েলকে

    সব পাপ থেকে মুক্ত করবেন।

  7. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।

  8. 5 হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;

    কারণ তাঁতেই আমি আশা রেখেছি।

    6 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

    তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

    7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;

    তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।

    8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;

    তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,

    কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।

  9. 7 কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব,

    আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব;

    আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।

  10. 17 আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব,

    যিনি যাকোবের কুলের কাছ থেকে তাঁর মুখ লুকিয়েছেন।

    আমি তাঁরই উপরে আমার আস্থা রাখব।

  11. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;

    তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।

    2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,

    কাদা এবং পাঁক থেকে;

    তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন

    এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।

    3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,

    আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।

    অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে

    আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।

    4 ধন্য সেই ব্যক্তি

    যে সদাপ্রভুর উপর আস্থা রাখে,

    যে দাম্ভিকের উপর নির্ভর করে না,

    বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না।

  12. 6 কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে;

    তাই ভালোবাসা ও ন্যায়বিচার রক্ষা করো

    এবং সবসময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো।

  13. 7 তাই ভাইবোনেরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্যধারণ করো। দেখো, মূল্যবান ফসলের জন্য চাষি জমির দিকে তাকিয়ে কত প্রতীক্ষা করে, প্রথম ও শেষ বৃষ্টির জন্য সে কতই না সহিষ্ণুতা অবলম্বন করে। 8 তোমরাও তেমনই ধৈর্যধারণ করো ও অবিচল থাকো, কারণ প্রভুর আগমন সন্নিকট। 9 ভাইবোনেরা, পরস্পরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ কোরো না, নতুবা তোমাদের বিচার করা হবে। বিচারক দুয়ারেই দাঁড়িয়ে আছেন!

    10 ভাইবোনেরা, কষ্টযন্ত্রণা ভোগের সময় সেইসব ভাববাদীর দীর্ঘসহিষ্ণুতার আদর্শ গ্রহণ করো, যাঁরা প্রভুর নামে কথা বলেছিলেন। 11 যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।

  14. 18 তবুও সদাপ্রভু তোমাদের প্রতি দয়া প্রদর্শনের প্রতীক্ষায় আছেন,

    তোমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি উত্থিত হয়েছেন।

    কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণ ঈশ্বর,

    ধন্য তারা সবাই যারা তাঁর অপেক্ষায় থাকে!

  15. 18 “হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।

  16. 9 তিনি যখন পঞ্চম সিলমোহরটি খুললেন তখন আমি বেদির নিচে তাঁদের প্রাণকে দেখলাম, যারা ঈশ্বরের বাক্য ও তাদের অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন। 10 তাঁরা উচ্চস্বরে বলে উঠলেন, “পবিত্র ও সত্যময়, সর্বশক্তিমান প্রভু, পৃথিবী নিবাসীদের বিচার করতে ও আমাদের রক্তের প্রতিশোধ নিতে আর কত কাল দেরি করবেন?” 11 তখন তাঁদের প্রত্যেককে একটি করে সাদা পোশাক দেওয়া হল এবং তাঁদের বলা হল, আর অল্প সময় অপেক্ষা করতে, যতক্ষণ না তাঁদেরই মতো তাঁদের সহদাস ও ভাইবোনদের হত্যা করা হবে ও তাঁদের সংখ্যা পূর্ণ হবে।

  17. 20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;

    তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।

    21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,

    কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।

    22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,

    কারণ তোমার উপরেই আমরা আশা করি।

  18. 7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব?

    আমার আশা একমাত্র তোমাতেই।

    8 আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো,

    আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।

  19. 6 ধার্মিকেরা এসব দেখবে ও ভীত হবে;

    তারা তোমায় পরিহাস করবে, আর বলবে,

    7 “এই যে সেই লোক,

    যে কখনও ঈশ্বরকে নিজের আশ্রয় দুর্গ করেনি,

    কিন্তু নিজের মহা ঐশ্বর্যে আস্থা রেখেছে,

    এবং অপরদের ধ্বংস করে নিজে শক্তিশালী হয়েছে।”

    8 কিন্তু আমি, ঈশ্বরের গৃহে,

    উদীয়মান জলপাই গাছের মতো;

    যুগ যুগান্ত ধরে

    ঈশ্বরের অবিচল প্রেমে আস্থা রাখি।

    9 তুমি যা কিছু করেছ, তার জন্য আমি,

    তোমার বিশ্বস্ত প্রজাদের সামনে, সর্বদা তোমার ধন্যবাদ করব।

    এবং আমি তোমার নামে আশা রাখব

    কারণ তোমার নাম মঙ্গলময়।

  20. একটি আরোহণ সংগীত।

    1 আমি তোমার দিকে চোখ তুলে দেখি,

    তোমার দিকেই দেখি, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।

    2 যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে,

    যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে,

    তেমনই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে থাকে,

    যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন।

  21. 14 যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন

    আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।

    15 সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে,

    আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও।

    16 তুমি তোমার হাত উন্মুক্ত করো,

    আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।

  22. 35 “সেবাকাজ করার জন্য প্রস্তুত থাকো ও তোমাদের প্রদীপ জ্বেলে রাখো 36 যেন তোমরা তোমাদের প্রভুর প্রতীক্ষায় রয়েছ যে কখন তিনি বিবাহ আসর থেকে ফিরে আসবেন। যে মুহূর্তে তিনি ফিরে আসবেন ও দরজায় কড়া নাড়বেন সেই মুহূর্তেই যেন দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো। 37 ফিরে এসে প্রভু যাদের সজাগ দেখবেন, সেই দাসদের কাছে তা মঙ্গলজনক হয়ে উঠবে। আমি তোমাদের সত্যি বলছি, তিনি নিজে পরিবেশন করার জন্য পোশাক পরে প্রস্তুত হবেন, তাদের খাওয়াদাওয়া করতে টেবিলে বসাবেন, এবং তাদের কাছে এসে তাদের পরিচর্যা করবেন। 38 রাতের দ্বিতীয়, বা তৃতীয় প্রহরে এসেও তিনি যাদের প্রস্তুত থাকতে দেখবেন, তাদের পক্ষে তা হবে মঙ্গলজনক। 39 কিন্তু এ বিষয় বুঝে নাও; বাড়ির কর্তা যদি জানতে পারত, কোন প্রহরে চোর আসছে, তাহলে সে তার বাড়িতে সিঁধ কাটতে দিত না। 40 সেরকম, তোমরাও প্রস্তুত থেকো, কারণ যখন তোমরা প্রত্যাশা করবে না, সেই মুহূর্তেই মনুষ্যপুত্র আসবেন।”

  23. যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে;

    আমার পরিত্রাণ তাঁর কাছ থেকেই আসে।

    2 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

    তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

  24. 22 একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!”

    সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন।

  25. 5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি।

  26. 4 একবার, যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা জেরুশালেম ছেড়ে যেয়ো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ, তাঁর অপেক্ষায় থেকো। 5 কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”

  27. 5 অতএব, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমরা কোনো কিছুরই বিচার কোরো না। প্রভুর আগমন পর্যন্ত অপেক্ষা করো। অন্ধকারে যা গুপ্ত আছে, তা তিনি আলোয় নিয়ে আসবেন এবং সব মানুষের হৃদয়ের অভিপ্রায় উদ্‌ঘাটিত করবেন। সেই সময় প্রত্যেকে ঈশ্বর থেকে তার প্রশংসা লাভ করবে।

  28. 11 কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। 12 এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়, 13 যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে, আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমাময় প্রকাশের প্রতীক্ষায় আছি, 14 যিনি আমাদের জন্য নিজেকে দান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে, যারা তাঁর একান্তই আপন, তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সৎকর্মে আগ্রহী হয়।

  29. 9 তুমি আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করি;

    তুমি, ঈশ্বর, আমার উচ্চদুর্গ,

    10 আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করতে পারি।

    ঈশ্বর আমার সামনে অগ্রসর হবেন

    আর যারা আমার নিন্দা করে তাদের উপর তিনি আমাকে উল্লাস করতে দেবেন।

  30. 4 পুরাকাল থেকে কেউ শোনেনি,

    কোনো কান তা উপলব্ধি করেনি,

    তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি,

    তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।

  31. 34 সদাপ্রভুর আশায় থাকো

    আর তাঁর পথে অগ্রসর হও।

    তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবেন;

    যখন দুষ্টেরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।

  32. 7 এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন

    সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর,

    সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;

    8 তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন।

    সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন;

    তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন।

    সদাপ্রভু একথা বলেছেন।

    9 সেদিন তারা বলবে,

    “নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর;

    আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন।

    ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি;

    এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”

  33. 1 আমি নিজের নজর-ঘাঁটিতে দাঁড়াব

    এবং দুর্গের উপর অবস্থান করব;

    সেখানে অপেক্ষা করে দেখব যে সদাপ্রভু আমাকে কী বলছেন,

    এবং আমি কীভাবে এই নালিশের উত্তর দেব।

    2 তখন সদাপ্রভু উত্তর দিলেন:

    “এই দর্শন লেখো

    স্পষ্ট করে ফলকের উপর লেখো

    যাতে একজন দৌড়বাজ অন্যদের কাছে সঠিক বার্তা বহন করতে পারে।

    3 কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে;

    এটা শেষ সময়ের কথা বলে

    এবং মিথ্যা প্রমাণিত হবে না।

    এটা ঘটতে দেরি হলেও, অপেক্ষা করো;

    নিশ্চয়ই এটা ঘটবে

    এবং দেরি হবে না।

  34. 3 সাহায্যের প্রার্থনা করতে করতে আমি ক্লান্ত হয়েছি;

    আমার গলা শুকিয়ে গেছে।

    আমার ঈশ্বরের খোঁজ করতে করতে

    আমার দৃষ্টি ব্যর্থ হয়েছে।

  35. 21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,

    কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।

  36. 23 রাজারা হবে তোমার প্রতিপালক বাবা,

    তাদের রানিরা তোমাদের পালিকা মা হবে।

    তারা ভূমিতে অধোমুখে তোমার কাছে প্রণত হবে,

    তারা তোমার পদধূলি চেটে খাবে।

    তখন তুমি জানতে পারবে যে, আমিই সদাপ্রভু;

    যারা আমার উপরে আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না।”

  37. 27 উপযুক্ত সময়ে তাদের খাবার পাওয়ার জন্য

    সব জীবজন্তু তোমার দিকে চেয়ে থাকে।

    28 যখন তুমি তাদের খাবার দাও

    তারা তা সংগ্রহ করে;

    যখন তুমি তোমার হাত খুলে দাও,

    তারা উত্তম দ্রব্যে পরিতৃপ্ত হয়।

  38. 2 হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও;

    আমরা তোমার প্রতীক্ষায় আছি।

    প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও,

    বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।

  39. 5 আমার ধর্মশীলতা দ্রুত নিকটে আসছে,

    আমার পরিত্রাণ সন্নিকট হল,

    আমারই বাহু জাতিসমূহের কাছে ন্যায়বিচার নিয়ে আসবে।

    দ্বীপসমূহ আমার প্রতি দৃষ্টিপাত করবে

    এবং আমার শক্তি প্রদর্শনের প্রত্যাশায় থাকবে।

  40. 8 সুতরাং আমার জন্য অপেক্ষা করো,”

    সদাপ্রভু বলেন,

    “যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াবো।

    আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি,

    আর রাজ্যগুলিকে একত্রিত করব

    এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব—

    আমার সকল প্রচণ্ড ক্রোধ।

    সমগ্র পৃথিবী ভস্ম হবে

    আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে।

  41. 28 তেমনই বহু মানুষের সব পাপ হরণ করার জন্য খ্রীষ্ট একবারই উৎসর্গীকৃত হয়েছেন এবং আর পাপবহনের জন্য নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় আছে, তাদের পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার প্রকাশিত হবেন।

  42. 8 প্রিয় বন্ধুরা, এই একটি কথা কিন্তু ভুলে যেয়ো না: প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান। 9 প্রভু তাঁর প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘসহিষ্ণু, তিনি চান না, কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান, প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে।

  43. 3 সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো;

    সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি

    এবং আগ্রহভরে অপেক্ষা করি।

  44. 13 কিন্তু তারা অবিলম্বে তাঁর কাজগুলি ভুলে গেল,

    এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।

    14 মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল;

    মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।

    15 তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন,

    কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।

  45. 7 ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ;

    ও ন্যায়বান ব্যক্তি, তুমি ধার্মিকের পথ মসৃণ করো।

    8 হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্য

    আমরা অপেক্ষা করে আছি;

    তোমার নাম ও সুখ্যাতিই

    আমাদের মনের আকাঙ্ক্ষা।

    9 রাত্রে আমার প্রাণ তোমার জন্য আকুল হয়;

    সকালে আমার আত্মা তোমার অপেক্ষা করে।

    তোমার ন্যায়বিচার যখন পৃথিবীর উপরে নেমে আসে,

    জগতের লোকেরা তখন ধার্মিকতা শিক্ষা করে।

  46. 4 তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,

    যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।

    দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”

  47. 20 কিন্তু আমরা স্বর্গের নাগরিক। আমরা আগ্রহ সহকারে সেখান থেকে এক পরিত্রাতার প্রতীক্ষা করছি—অর্থাৎ, প্রভু যীশু খ্রীষ্টের, যিনি তাঁর যে ক্ষমতাবলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সমর্থ, 21 তারই দ্বারা আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করে, তাঁর গৌরবজ্জ্বল দেহের মতো করবেন।

  48. 12 ধন্য তারা যারা অপেক্ষা করবে এবং 1,335 দিনের শেষ পর্যন্ত পৌঁছাবে।

  49. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  50. 12 ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।

  51. 24 তোমরা যারা সদাপ্রভুর উপর আশা রাখো,

    তোমরা বলবান হও ও সাহস করো।

  52. 13 কিন্তু, হে সদাপ্রভু, তোমার অনুগ্রহের সময়ে

    আমি তোমার কাছে প্রার্থনা করি;

    হে ঈশ্বর, তোমার মহান প্রেমে

    তোমার নিশ্চিত পরিত্রাণে আমাকে উত্তর দাও।

  53. 10 সদাপ্রভু এই কথা বলেন: “ব্যাবিলন সম্বন্ধে যে সত্তর বছরের কথা বলা হয়েছিল, তা সম্পূর্ণ হলে, আমি তোমাদের কাছে আসব এবং এই স্থানে ফিরিয়ে আনার মূল্যবান প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব। 13 তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে।

  54. 7 “চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ করো, তোমরা পাবে; কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। 8 কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।

    9 “তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে রুটি চাইলে, তাকে পাথর দেবে? 10 অথবা, মাছ চাইলে তাকে সাপ দেবে? 11 তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরও কত না উৎকৃষ্ট সব উপহার নিশ্চিতরূপে দান করবেন?