39 Bible Verses About Waiting
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
দাউদের গীত।
1 যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না
যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;
2 কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে,
সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।
3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;
এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।
4 সদাপ্রভুতে আনন্দ করো,
তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।
5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;
তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:
6 তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,
আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।
7 সদাপ্রভুর সামনে নীরব হও,
ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;
যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,
যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।
8 রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও;
বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।
9 কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে,
কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।
-
18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।
22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।
-
13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী,
আমি জীবিতদের দেশে
সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।
14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;
শক্ত হও ও সাহস করো
এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।
-
5 আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে,
এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।
6 প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে
হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে,
আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।
7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো,
কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে,
এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।
8 তিনি নিজেই ইস্রায়েলকে
সব পাপ থেকে মুক্ত করবেন।
-
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;
এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”
25 যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে,
এবং যারা তাঁর অন্বেষণ করে,
তিনি তাদের পক্ষে মঙ্গলময়;
26 সদাপ্রভুর পরিত্রাণের জন্য
শান্তভাবে অপেক্ষা করা ভালো।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;
তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
-
5 হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;
কারণ তাঁতেই আমি আশা রেখেছি।
6 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;
তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;
তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;
তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,
কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
-
35 “সেবাকাজ করার জন্য প্রস্তুত থাকো ও তোমাদের প্রদীপ জ্বেলে রাখো 36 যেন তোমরা তোমাদের প্রভুর প্রতীক্ষায় রয়েছ যে কখন তিনি বিবাহ আসর থেকে ফিরে আসবেন। যে মুহূর্তে তিনি ফিরে আসবেন ও দরজায় কড়া নাড়বেন সেই মুহূর্তেই যেন দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো। 37 ফিরে এসে প্রভু যাদের সজাগ দেখবেন, সেই দাসদের কাছে তা মঙ্গলজনক হয়ে উঠবে। আমি তোমাদের সত্যি বলছি, তিনি নিজে পরিবেশন করার জন্য পোশাক পরে প্রস্তুত হবেন, তাদের খাওয়াদাওয়া করতে টেবিলে বসাবেন, এবং তাদের কাছে এসে তাদের পরিচর্যা করবেন। 38 রাতের দ্বিতীয়, বা তৃতীয় প্রহরে এসেও তিনি যাদের প্রস্তুত থাকতে দেখবেন, তাদের পক্ষে তা হবে মঙ্গলজনক। 39 কিন্তু এ বিষয় বুঝে নাও; বাড়ির কর্তা যদি জানতে পারত, কোন প্রহরে চোর আসছে, তাহলে সে তার বাড়িতে সিঁধ কাটতে দিত না। 40 সেরকম, তোমরাও প্রস্তুত থেকো, কারণ যখন তোমরা প্রত্যাশা করবে না, সেই মুহূর্তেই মনুষ্যপুত্র আসবেন।”
-
27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো?
ওহে ইস্রায়েল, তুমি কেন বলো,
“আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত;
আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”
28 তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
18 “হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।
-
6 ধার্মিকেরা এসব দেখবে ও ভীত হবে;
তারা তোমায় পরিহাস করবে, আর বলবে,
7 “এই যে সেই লোক,
যে কখনও ঈশ্বরকে নিজের আশ্রয় দুর্গ করেনি,
কিন্তু নিজের মহা ঐশ্বর্যে আস্থা রেখেছে,
এবং অপরদের ধ্বংস করে নিজে শক্তিশালী হয়েছে।”
8 কিন্তু আমি, ঈশ্বরের গৃহে,
উদীয়মান জলপাই গাছের মতো;
যুগ যুগান্ত ধরে
ঈশ্বরের অবিচল প্রেমে আস্থা রাখি।
9 তুমি যা কিছু করেছ, তার জন্য আমি,
তোমার বিশ্বস্ত প্রজাদের সামনে, সর্বদা তোমার ধন্যবাদ করব।
এবং আমি তোমার নামে আশা রাখব
কারণ তোমার নাম মঙ্গলময়।
-
22 একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!”
সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন।
-
5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,
কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,
এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
-
4 একবার, যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা জেরুশালেম ছেড়ে যেয়ো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ, তাঁর অপেক্ষায় থেকো। 5 কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”
-
1 স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব, তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় বন্দি কোরো না।
2 আমার কথা লক্ষ্য করো। আমি পৌল তোমাদের বলছি যে, তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রীষ্টের কোনো মূল্যই থাকবে না। 3 যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে, সে সমস্ত বিধান পালন করতে বাধ্য। 4 তোমরা যারা বিধানের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে চাইছ, তারা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ; তোমরা অনুগ্রহ থেকে বিচ্যুত হয়েছ। 5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি। 6 কারণ খ্রীষ্ট যীশুতে সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন। কেবলমাত্র বিষয় যা গণ্য করা হয়, তা হল বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে।
-
20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;
তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।
-
7 এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন
সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর,
সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;
8 তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন।
সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন;
তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন।
সদাপ্রভু একথা বলেছেন।
9 সেদিন তারা বলবে,
“নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর;
আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন।
ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি;
এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”
-
18 তবুও সদাপ্রভু তোমাদের প্রতি দয়া প্রদর্শনের প্রতীক্ষায় আছেন,
তোমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি উত্থিত হয়েছেন।
কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণ ঈশ্বর,
ধন্য তারা সবাই যারা তাঁর অপেক্ষায় থাকে!
-
6 কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে;
তাই ভালোবাসা ও ন্যায়বিচার রক্ষা করো
এবং সবসময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো।
-
18 কারণ খ্রীষ্টও পাপের প্রায়শ্চিত্তের জন্য একবারই মৃত্যুবরণ করেছেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের জন্য করেছেন, যেন তোমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন। তাঁকে শরীরে হত্যা করা হলেও আত্মায় জীবিত করা হয়েছে, 19 যাঁর মাধ্যমে কারাগারে বন্দি আত্মাদের কাছে গিয়ে তিনি প্রচার করেছিলেন। 20 এই আত্মারা বহুপূর্বে অবাধ্য হয়েছিল, যখন ঈশ্বর নোহের সময়ে সহিষ্ণুতার সঙ্গে অপেক্ষা করেছিলেন এবং জাহাজ নির্মিত হচ্ছিল। এর মধ্যে মাত্র কয়েকজন, সর্বমোট আটজন জলের মধ্য থেকে উদ্ধার পেয়েছিল।
-
2 হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও;
আমরা তোমার প্রতীক্ষায় আছি।
প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও,
বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।
-
16 কিন্তু পৌলের ভাগ্নে যখন এই ষড়যন্ত্রের কথা শুনতে পেল, সে সেনানিবাসে গিয়ে পৌলকে সেকথা বলল।
17 পৌল তখন একজন শত-সেনাপতিকে ডেকে বললেন, “এই যুবককে সেনানায়কের কাছে নিয়ে যান, সে তাঁকে কিছু বলতে চায়।” 18 তাই তিনি তাকে সেনানায়কের কাছে নিয়ে গেলেন।
শত-সেনাপতি বললেন, “বন্দি পৌল আমাকে ডেকে এই যুবককে আপনার কাছে নিয়ে আসতে বলল, কারণ আপনার কাছে এর কিছু বক্তব্য আছে।”
19 সেনানায়ক যুবকটির হাত ধরে তাকে এক পাশে নিয়ে গেলেন ও জিজ্ঞাসা করলেন, “তুমি আমাকে কী বলতে চাও?”
20 সে বলল, “ইহুদিরা একমত হয়েছে, আগামীকাল পৌলের বিষয়ে আরও তথ্য অনুসন্ধান করবে, এই অজুহাতে তাঁকে মহাসভার কাছে হাজির করার জন্য তারা আপনার কাছে আবেদন জানাবে। 21 আপনি তাদের কথায় সম্মত হবেন না, কারণ তাদের চল্লিশজনেরও বেশি লোক তাঁর জন্য গোপনে ওত পেতে আছে। তারা শপথ করেছে যে, তাঁকে হত্যা না করা পর্যন্ত তারা খাদ্য বা পানীয় গ্রহণ করবে না। তারা এখনই প্রস্তুত আছে, তাদের অনুরোধের প্রত্যুত্তরে আপনার সম্মতির অপেক্ষা করছে।”
-
3 যারা তোমার উপর আশা রাখে,
তারা কখনও লজ্জিত হবে না,
কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে
তারা লজ্জার পাত্র হবে।
-
7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব?
আমার আশা একমাত্র তোমাতেই।
8 আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো,
আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।
-
14 যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন
আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।
15 সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে,
আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও।
16 তুমি তোমার হাত উন্মুক্ত করো,
আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।
-
7 ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ;
ও ন্যায়বান ব্যক্তি, তুমি ধার্মিকের পথ মসৃণ করো।
8 হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্য
আমরা অপেক্ষা করে আছি;
তোমার নাম ও সুখ্যাতিই
আমাদের মনের আকাঙ্ক্ষা।
9 রাত্রে আমার প্রাণ তোমার জন্য আকুল হয়;
সকালে আমার আত্মা তোমার অপেক্ষা করে।
তোমার ন্যায়বিচার যখন পৃথিবীর উপরে নেমে আসে,
জগতের লোকেরা তখন ধার্মিকতা শিক্ষা করে।
-
4 পুরাকাল থেকে কেউ শোনেনি,
কোনো কান তা উপলব্ধি করেনি,
তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি,
তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।
-
33 তাই, আমার ভাইবোনেরা, তোমরা যখন প্রভুর ভোজের জন্য সমবেত হও, পরস্পরের জন্য অপেক্ষা করো। কেউ ক্ষুধার্ত থাকলে সে তার নিজের বাড়িতেই আহার করুক, 34 যেন তোমাদের সমবেত হওয়া বিচারের কারণ হয়ে না দাঁড়ায়।
এরপর আমি উপস্থিত হলে তোমাদের আরও সব নির্দেশ দেব।
-
34 সদাপ্রভুর আশায় থাকো
আর তাঁর পথে অগ্রসর হও।
তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবেন;
যখন দুষ্টেরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।
-
13 কিন্তু তারা অবিলম্বে তাঁর কাজগুলি ভুলে গেল,
এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।
14 মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল;
মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।
15 তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন,
কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।
-
23 রাজারা হবে তোমার প্রতিপালক বাবা,
তাদের রানিরা তোমাদের পালিকা মা হবে।
তারা ভূমিতে অধোমুখে তোমার কাছে প্রণত হবে,
তারা তোমার পদধূলি চেটে খাবে।
তখন তুমি জানতে পারবে যে, আমিই সদাপ্রভু;
যারা আমার উপরে আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না।”
-
3 কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে;
এটা শেষ সময়ের কথা বলে
এবং মিথ্যা প্রমাণিত হবে না।
এটা ঘটতে দেরি হলেও, অপেক্ষা করো;
নিশ্চয়ই এটা ঘটবে
এবং দেরি হবে না।
-
8 সুতরাং আমার জন্য অপেক্ষা করো,”
সদাপ্রভু বলেন,
“যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াবো।
আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি,
আর রাজ্যগুলিকে একত্রিত করব
এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব—
আমার সকল প্রচণ্ড ক্রোধ।
সমগ্র পৃথিবী ভস্ম হবে
আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে।
-
16 পৌল যখন এথেন্সে তাদের জন্য অপেক্ষা করছিলেন, তখন নগরটি প্রতিমায় পরিপূর্ণ দেখে অত্যন্ত মর্মাহত হলেন। 17 তাই তিনি সমাজভবনে ইহুদিদের ও ঈশ্বরভয়শীল গ্রিকদের সঙ্গে এবং বাজারে যাদের সঙ্গে তাঁর দিনের পর দিন সাক্ষাৎ হত, তাদের কাছে এ নিয়ে আলোচনা করতেন।
-
7 তাই ভাইবোনেরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্যধারণ করো। দেখো, মূল্যবান ফসলের জন্য চাষি জমির দিকে তাকিয়ে কত প্রতীক্ষা করে, প্রথম ও শেষ বৃষ্টির জন্য সে কতই না সহিষ্ণুতা অবলম্বন করে। 8 তোমরাও তেমনই ধৈর্যধারণ করো ও অবিচল থাকো, কারণ প্রভুর আগমন সন্নিকট।
-
3 সাহায্যের প্রার্থনা করতে করতে আমি ক্লান্ত হয়েছি;
আমার গলা শুকিয়ে গেছে।
আমার ঈশ্বরের খোঁজ করতে করতে
আমার দৃষ্টি ব্যর্থ হয়েছে।
-
7 কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব,
আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব;
আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।
-
20 কিন্তু আমরা স্বর্গের নাগরিক। আমরা আগ্রহ সহকারে সেখান থেকে এক পরিত্রাতার প্রতীক্ষা করছি—অর্থাৎ, প্রভু যীশু খ্রীষ্টের, যিনি তাঁর যে ক্ষমতাবলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সমর্থ, 21 তারই দ্বারা আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করে, তাঁর গৌরবজ্জ্বল দেহের মতো করবেন।
-
27 মানুষের জন্য যেমন একবার মৃত্যু ও তারপর বিচার নির্ধারিত হয়ে আছে, 28 তেমনই বহু মানুষের সব পাপ হরণ করার জন্য খ্রীষ্ট একবারই উৎসর্গীকৃত হয়েছেন এবং আর পাপবহনের জন্য নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় আছে, তাদের পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার প্রকাশিত হবেন।
Shows Read in context, Share and Copy.