32 Bible Verses About Winter
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
5 ঈশ্বরের কণ্ঠস্বর অবিশ্বাস্যভাবে বজ্রধ্বনি করে;
তিনি এমন সব মহৎ কাজ করেন যা আমাদের বোধের অগম্য।
6 তিনি তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও,’
ও বৃষ্টিধারাকে বলেন, ‘প্রবল বর্ষণে পরিণত হও।’
7 যেন তাঁর নির্মিত সবাই তাঁর কাজকর্ম জানতে পারে,
তিনি সব মানুষজনকে তাদের পরিশ্রম থেকে অব্যাহতি দেন।
8 পশুরা আশ্রয়স্থলে প্রবেশ করে;
তারা নিজেদের গুহার মধ্যে থেকে যায়।
9 প্রবল ঝড় তার কক্ষ থেকে ধেয়ে আসে,
শীত আসে ঝোড়ো হাওয়ার প্রভাবে।
10 ঈশ্বরের শ্বাস বরফ উৎপন্ন করে,
ও প্রশস্ত জলরাশি হিমায়িত হয়ে যায়।
11 মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন;
তাদের মাধ্যমে তিনি তাঁর বিজলি ছড়িয়ে দেন।
12 তাঁরই পরিচালনায় তারা
সমগ্র পৃথিবীর বুকে ঘুরপাক খেতে খেতে
তাঁর দেওয়া নির্দেশ পালন করে।
13 তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন,
বা তাঁর পৃথিবীকে জলসিক্ত করেন ও তাঁর প্রেম দেখান।
-
16 তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো।
তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো!
অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো।
অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও।
পিতৃহীনদের পক্ষসমর্থন করো,
বিধবাদের সপক্ষে ওকালতি করো।
18 “এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,”
সদাপ্রভু একথা বলেন।
“তোমাদের পাপের রং টকটকে লাল হলেও
সেগুলি বরফের মতো সাদা হবে;
যদিও তা গাঢ় লাল রংয়ের হয়,
সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
-
12 হে জেরুশালেম, সদাপ্রভুর গুণকীর্তন করো;
হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা করো।
13 কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন,
এবং তিনি তোমার মধ্যে তোমার লোকেদের আশীর্বাদ করেন।
14 তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন,
এবং সেরা গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন।
15 তিনি তাঁর আদেশ পৃথিবীতে প্রেরণ করেন;
এবং তার বাক্য দ্রুতবেগে ছুটে যায়।
16 তিনি সাদা পশমের মতো বরফ ছড়িয়ে দেন
এবং ছাইয়ের মতো তুষার ছিটিয়ে দেন।
17 তিনি নুড়ি-পাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন।
তাঁর হাড় কাঁপানো শীত কে সহ্য করতে পারে?
18 তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন;
তিনি তাঁর বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।
19 তিনি যাকোবের কাছে তাঁর বাক্য,
ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন প্রকাশ করেছেন।
20 তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি;
কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না।
সদাপ্রভুর প্রশংসা করো।
-
10 যেমন বৃষ্টি ও তুষার
আকাশ থেকে নেমে আসে,
আর সেখানে ফিরে যায় না,
বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে,
যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,
11 তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়:
তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না,
কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে
এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।
12 তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে
এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে;
পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে
আনন্দ সংগীতে ফেটে পড়বে,
আর মাঠের সমস্ত গাছপালা
তাদের করতালি দেবে।
-
6 তবুও মাতৃগর্ভে তুমি বিশ্বস্ততা কামনা করেছিলে;
সেই গোপন স্থানে তুমি আমাকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলে।
7 আমার পাপ থেকে আমাকে শুদ্ধ করো, আর আমি নির্মল হব;
আমাকে পরিষ্কার করো, আর আমি বরফের থেকেও সাদা হব।
-
20 পরে নোহ সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি তৈরি করলেন এবং, সব শুচিশুদ্ধ পশু ও শুচিশুদ্ধ পাখির মধ্যে থেকে কয়েকটি নিলেন, ও সেই বেদিতে হোমবলি উৎসর্গ করলেন। 21 সদাপ্রভু সেই প্রীতিকর সৌরভের ঘ্রাণ নিয়ে মনে মনে বললেন: “মানুষের জন্য আমি আর কখনোই ভূমিকে অভিশাপ দেব না, যদিও শিশুকাল থেকেই মানুষের অন্তরের সব প্রবণতা মন্দ। যেভাবে আমি সব জীবিত প্রাণীকে ধ্বংস করেছি, আমি আর তা করব না।
22 “যতদিন এই পৃথিবী টিকে থাকবে,
বীজবপনকাল ও ফসল গোলাজাত করার সময়,
শৈত্য ও উত্তাপ,
গ্রীষ্মকাল ও শীতকাল,
দিন ও রাত
কখনোই শেষ হবে না।”
-
20 কব্সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন।
-
9 “আমি তখন দেখলাম,
“কয়েকটি সিংহাসন স্থাপিত হল,
এবং অতি প্রাচীন ব্যক্তি নিজের স্থান গ্রহণ করলেন।
তাঁর পরনের কাপড় ছিল বরফের মতো সাদা;
মাথার চুল ছিল পশমের মতো সাদা।
তাঁর সিংহাসন ছিল আগুনের শিখাময়,
ও তাঁর সব চাকাগুলি ছিল জলন্ত আগুন।
-
11 ন্যায়সংগতভাবে দেওয়া রায়
রুপোর ডালিতে সাজানো সোনার আপেলের মতো।
12 শ্রবণশীল কানের কাছে জ্ঞানবান বিচারকের ভর্ৎসনা
কানের সোনার দুল বা খাঁটি সোনার এক অলংকারের মতো।
13 যারা নির্ভরযোগ্য দূত পাঠায়, তাদের কাছে সে
ফসল কাটার মরশুমে পাওয়া হিমশীতল পানীয়ের মতো:
সে তার মালিকের প্রাণ জুড়ায়।
-
20 তিনি দরিদ্রদের প্রতি মুক্তহস্ত হন
ও অভাবগ্রস্তদের দিকে তাঁর হাত বাড়িয়ে দেন।
21 তুষারপাতের সময় তাঁর পরিবারের লোকদের জন্য তাঁর কোনও ভয় হয় না;
কারণ তারা সকলেই টকটকে লাল রংয়ের কাপড় পরে থাকে।
-
22 “তুমি কি তুষারের আড়তে প্রবেশ করেছ
বা শিলাবৃষ্টির গুদাম দেখেছ,
23 যা আমি সংকটকালের জন্য,
যুদ্ধবিগ্রহের দিনের জন্য সংরক্ষিত করে রেখেছি?
24 কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়,
বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে?
25 প্রবল বৃষ্টিপাতের জন্য কে খাল খুঁড়েছে,
ও বজ্রঝড়ের জন্য কে পথ তৈরি করে দিয়েছে,
26 যেন জনমানবহীন দেশ,
বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,
27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয়
ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?
-
16 দিন তোমার এবং রাতও তোমার
তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ।
17 তুমি জগতের সমস্ত প্রান্তসীমা নির্ণয় করেছ;
তুমি গ্রীষ্মকাল আর শীতকাল উভয় তৈরি করেছ।
-
11 চেয়ে দেখো! শীতকাল চলে গেছে;
বারিধারাও সমাপ্ত হয়েছে এবং বিদায় নিয়েছে।
12 মাঠে মাঠে ফুল ফুটেছে;
গান গাওয়ার ঋতু এসেছে,
আমাদের দেশে এখন
ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
-
22 তখন ছিল বছরের নবম মাস। রাজা তাঁর শীতকালীন কক্ষে বসেছিলেন। তাঁর সামনে চুল্লিতে আগুন জ্বালানো ছিল।
-
16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।
19 প্রিষ্কা ও আক্বিলা এবং অনীষিফরের পরিজনদের শুভেছা জানিয়ো।
20 ইরাস্ত করিন্থে থেকে গেছেন এবং ত্রফিমকে আমি অসুস্থ অবস্থায় মিলেতায় রেখে এসেছি। 21 তুমি শীতকালের আগেই এখানে আসার জন্য যথাসাধ্য চেষ্টা কোরো।
উবুল, পুদেন্স্, লীন, ক্লডিয়া এবং ভাইবোনেরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
22 প্রভু তোমার আত্মার সহবর্তী হোন। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
-
1 বিশ্রামদিনের অবসান হলে, সপ্তাহের প্রথম দিনে অতি প্রত্যূষকালে, মাগ্দালাবাসী মরিয়ম ও অন্য মরিয়ম সমাধি দেখতে গেলেন।
2 সেখানে এক প্রচণ্ড ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এলেন। তিনি সমাধির কাছে গিয়ে সেই পাথরটি গড়িয়ে দিলেন ও তাঁর উপরে বসলেন। 3 তাঁর বস্ত্র ছিল বিদ্যুতের মতো এবং তাঁর পোশাক ছিল তুষারের মতো ধবধবে সাদা। 4 তাঁকে দেখে প্রহরীরা এত ভয়ভীত হয়েছিল, যে তারা কাঁপতে লাগল ও মরার মতো পড়ে রইল।
5 স্বর্গদূত সেই মহিলাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না, কারণ আমি জানি, তোমরা যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন। 6 তিনি এখানে নেই, তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, যেমন তিনি বলেছিলেন। এসো, তিনি যেখানে শায়িত ছিলেন, সেই স্থানটি দেখবে।
-
14 লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে
কখনও অন্তর্হিত হয়?
দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত
কখনও কি নিবৃত্ত হয়?
-
7 পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক,
হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,
8 বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি,
বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,
-
15 আমি শীতযাপনের গৃহ
ও গ্রীষ্মযাপনের গৃহকে ভেঙে ফেলব;
হাতির দাঁতে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে
এবং অট্টালিকাগুলি ভূমিসাৎ করা হবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।
-
12 যেহেতু বন্দরটি শীতকাল কাটানোর জন্য উপযুক্ত ছিল না তাই অধিকাংশ লোকই সমুদ্রযাত্রায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা আশা করছিল যে ফিনিক্সে পৌঁছে সেখানে শীতকাল কাটাবে। সেটা ছিল ক্রীটের একটি বন্দর, যার দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম দুই দিকই ছিল খোলা।
-
15 কিন্তু আমার ভাইরা সবিরাম জলপ্রবাহের মতো অনির্ভরযোগ্য,
সেই জলপ্রবাহের মতো যা তখনই উপচে পড়ে
16 যখন গলা বরফের দ্বারা তা কালো হয়ে যায়
আর তরল তুষারে ফুলেফেঁপে ওঠে,
-
20 প্রার্থনা কোরো, যেন তোমাদের পালিয়ে যাওয়া শীতকালে বা বিশ্রামদিনে না হয়। 21 কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে, যা পৃথিবী সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।
-
2 ছয় দিন পরে যীশু কেবলমাত্র পিতর, যাকোব ও যোহনকে তাঁর সঙ্গে নিয়ে এক অতি উচ্চ পর্বতে গেলেন। সেখানে কেবলমাত্র তাঁরাই একান্তে ছিলেন। সেখানে তিনি তাঁদের সামনে রূপান্তরিত হলেন। 3 তাঁর পরনের পোশাক উজ্জ্বল ও ধবধবে সাদা হয়ে উঠল। পৃথিবীর কোনও রজক পোশাককে সেরকম সাদা করতে পারে না। 4 আর সেখানে এলিয় ও মোশি তাঁদের সামনে আবির্ভূত হয়ে যীশুর সঙ্গে কথা বলতে লাগলেন।
-
22 কব্সীলের এক বীর যোদ্ধা, তথা যিহোয়াদার ছেলে বনায় বিশাল সব উজ্জ্বল কীর্তি স্থাপন করলেন। তিনি মোয়াবের অত্যন্ত বলশালী দুই যোদ্ধাকে মেরে ফেলেছিলেন। এছাড়াও একদিন যখন খুব তুষারপাত হচ্ছিল, তখন তিনি একটি গর্তের মধ্যে নেমে গিয়ে একটি সিংহকে মেরে ফেলেছিলেন।
-
1 গ্রীষ্মকালের তুষারপাত বা ফসল কাটার মরশুমের বৃষ্টিপাতের মতো,
মূর্খের পক্ষেও সম্মান মানানসই নয়।
-
8 সেদিন গ্রীষ্মকালে ও শীতকালে জেরুশালেম থেকে জীবন্ত জল বের হবে, অর্ধেক পূর্বদিকে মরুসাগর ও অর্ধেক পশ্চিমদিকে ভূমধ্যসাগরে যাবে।
-
4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;
অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।
-
6 তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে,
সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে;
পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে
ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে।
-
12 আর্তিমা বা তুখিককে তোমার কাছে পাঠানো মাত্র নিকোপলিতে আমার কাছে আসার জন্য তুমি যথাসাধ্য চেষ্টা কোরো, কারণ সেখানেই আমি শীতকাল কাটাতে মনস্থির করেছি।
-
18 প্রার্থনা কোরো, যেন এই ঘটনা শীতকালে না ঘটে।
-
9 তুমি অবিলম্বে আমার কাছে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করো, 10 কারণ দীমা, এই জগৎকে ভালোবেসে আমাকে ত্যাগ করে থিষলনিকাতে চলে গেছে। ক্রিসেন্স গালাতিয়ায় এবং তীত গেছেন দালমাতিয়ায়। 11 কেবলমাত্র লূক, একা আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে নিয়ে এসো, কারণ পরিচর্যার কাজে সে আমার বড়ো উপকারী। 12 তুখিককে আমি ইফিষে পাঠিয়েছি। 13 আসার সময়, ত্রোয়াতে কার্পের কাছে যে আলখাল্লাটি ফেলে এসেছি, সেটা নিয়ে এসো; আর আমার পুঁথিগুলি, বিশেষত চামড়ার পুঁথিগুলিও নিয়ে আসবে।
-
11 তিন মাস পরে আমরা একটি জাহাজে করে যাত্রা শুরু করলাম। সেই জাহাজ ওই দ্বীপেই শীতকাল কাটাচ্ছিল। সেটা ছিল একটি আলেকজান্দ্রীয় জাহাজ, যার সামনে খোদাই করা ছিল ক্যাস্টর ও পোল্লাক্স, দুই যমজ দেবতার মূর্তি।
Shows Read in context, Share and Copy.