55 Bible Verses About Drunkenness
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।
-
1 দ্রাক্ষারস বিদ্রুপকারী ও সুরা কলহকারী;
যে এগুলির দ্বারা বিপথগামী হয় সে জ্ঞানবান নয়।
-
29 কে দুর্দশাগ্রস্ত? কে দুঃখিত?
কে বিবাদ করে? কে অভিযোগ জানায়?
কে অকারণে ক্ষতবিক্ষত হয়? কার চোখ রক্তরাঙা হয়?
30 তারাই, যারা সুরাপানে আসক্ত,
যারা মিশ্রিত সুরা ভর্তি বাটির দিকে যায়।
31 তুমি সুরার দিকে তখন একদৃষ্টিতে তাকিয়ে থেকো না যখন তার রং লাল থাকে,
যখন তা পানপাত্রের মধ্যে ঝকঝক করে,
যখন তা সহজেই গলায় নেমে যায়!
32 শেষে তা সাপের মতো দংশন করে
ও বিষধর সাপের মতো বিষ উগরে দেয়।
33 তোমার চোখদুটি অদ্ভুত সব দৃশ্য দেখবে,
ও তোমার মন বিভ্রান্তিকর সব বিষয় কল্পনা করবে।
-
19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।
-
11 ধিক্ তাদের, যারা খুব সকালে ওঠে
যেন সুরার অন্বেষণে দৌড়ায়,
যারা রাত পর্যন্ত জেগে থাকে
যতক্ষণ না সুরা তাদের উত্তপ্ত করে।
12 তাদের ভোজসভায় থাকে বীণা ও নেবল,
খঞ্জনি, বাঁশি ও সুরা,
কিন্তু সদাপ্রভুর কাজের প্রতি তাদের কোনো সম্ভ্রম নেই,
তাঁর হাতের কাজকে তারা সম্মান করে না।
-
4 হে লমূয়েল, রাজাদের জন্য নয়—
দ্রাক্ষারস পান করা রাজাদের জন্য উপযুক্ত নয়,
সুরাপানে আসক্ত হওয়া শাসকদের জন্য অনুচিত,
5 পাছে তারা পান করেন ও ভুলে যান তারা কী আদেশ দিয়েছেন,
ও সব নিপীড়িতকে তাদের অধিকার বঞ্চিত করে ছাড়েন।
6 সুরা তাদের জন্যই রাখা থাক যারা মরতে চলেছে,
দ্রাক্ষারস তাদের জন্যই রাখা থাক যারা মনোবেদনায় ভুগছে!
7 তারা পান করুক ও তাদের দারিদ্র ভুলে যাক
ও তাদের দুর্দশা আর মনে না রাখুক।
8 তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না,
সেইসব লোকের অধিকারের স্বপক্ষে কথা বলো যারা সর্বস্বান্ত।
9 উচ্চকণ্ঠে বলো ও ন্যায়বিচার করো:
দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকারের স্বপক্ষে ওকালতি করো।
-
19 হে আমার বাছা, তুমি শোনো ও জ্ঞানবান হও,
ও ন্যায়পথে তোমার অন্তর স্থির রাখো:
20 যারা সুরা পান করে বা গাণ্ডেপিণ্ডে খাওয়াদাওয়া করে
তাদের সঙ্গী হোয়ো না,
21 কারণ মদ্যপ ও পেটুকেরা দরিদ্র হয়ে যায়,
ও তন্দ্রাচ্ছন্নভাব তাদের ছেঁড়া জামাকাপড় পরিয়ে ছাড়ে।
-
7 এরাও সুরার কারণে টলোমলো হয়
এবং সুরা পানের কারণে এলোমেলো চলে:
যাজকেরা ও ভাববাদীরা সুরা পান করে টলোমলো হয়
সুরা পান করে তারা চুর হয়ে থাকে;
তারা সুরা পানের জন্য এলোমেলো চলে,
দর্শন দেখামাত্র তারা টলটলায়মান হয়,
সিদ্ধান্ত গ্রহণের সময় তারা হোঁচট খায়।
8 খাবারের সব টেবিল বমিতে পূর্ণ,
নোংরা নয়, এমন কোনো স্থান নেই।
-
34 “সতর্ক থেকো, নইলে উচ্ছৃঙ্খলতা, মত্ততা ও জীবনের দুশ্চিন্তা তোমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে।
-
11 আর বর্তমানকাল সম্পর্কে সচেতন হয়ে তোমরা এরকম কোরো। তোমাদের তন্দ্রা থেকে জেগে ওঠার সময় উপস্থিত হয়েছে, কারণ যখন আমরা প্রথম বিশ্বাস করেছিলাম, তখন থেকে আমাদের পরিত্রাণ আরও এগিয়ে এসেছে। 12 রাত্রি প্রায় অবসান হল, দিন এল বলে। তাই, এসো আমরা অন্ধকারের কাজকর্ম ত্যাগ করে আলোর রণসজ্জা পরিধান করি। 13 এসো, আমরা দিনের আলোর উপযুক্ত শোভন আচরণ করি, রঙ্গরস ও মত্ততায় নয়, যৌনাচার ও লাম্পট্যে নয়, মতবিরোধ ও ঈর্ষায় নয় 14 বরং, তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করো, রক্তমাংসের অভিলাষ কীভাবে পূর্ণ করবে, সে সম্পর্কে চিন্তা কোরো না।
-
20 চাষিগৃহস্থ মানুষ নোহ, একটি দ্রাক্ষাক্ষেত তৈরি করার জন্য এগিয়ে গেলেন। 21 যখন তিনি সেখানকার খানিকটা দ্রাক্ষারস পান করলেন, তখন তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লেন এবং তাঁর তাঁবুর ভিতরে তিনি বিবস্ত্র হয়ে শুয়ে পড়লেন। 22 কনানের বাবা হাম তাঁর বাবাকে উলঙ্গ অবস্থায় দেখে বাইরে বেরিয়ে গিয়ে তাঁর দুই দাদাকে তা বললেন।
-
23 এখন থেকে শুধু জলপান কোরো না, তোমার পাকস্থলীর রোগ এবং বারবার অসুস্থতার জন্য একটু দ্রাক্ষারস পান কোরো।
24 কিছু লোকের পাপ স্পষ্ট ধরা পড়ে এবং তা বিচারের অপেক্ষা রাখে না, কিন্তু অন্যদের পাপ পরবর্তীকালে ধরা পড়ে। 25 একইভাবে, সৎ কর্মগুলি সুস্পষ্ট দেখা যায়, এমনকি, যদি নাও দেখা যায়, সেগুলি ঢেকে রাখা যায় না।
-
8 পরে সদাপ্রভু হারোণকে বললেন, 9 “সমাগম তাঁবুতে যাওয়ার সময় তোমরা দ্রাক্ষারস অথবা মদ্যপান করবে না, নইলে তোমরা মরবে। এটি বংশপরম্পরায় তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি, 10 যেন পবিত্র ও সাধারণের মধ্যে, শুচি ও অশুচির মধ্যে তুমি অবশ্যই পার্থক্য রাখো 11 এবং মোশির মাধ্যমে সদাপ্রভু যেসব বিধি দিয়েছেন সেগুলি তুমি ইস্রায়েলীদের অবশ্যই শেখাবে।”
-
1 অতএব, খ্রীষ্ট তাঁর শরীরে কষ্টভোগ করেছেন বলে, তোমরাও সেই একই উপায়ে নিজেদের সুসজ্জিত করে তোলো, কারণ যে শরীরে কষ্টভোগ করেছে, সে পাপের সঙ্গে সম্পর্ক শেষ করেছে। 2 এর ফলে, সে মন্দ দৈহিক কামনাবাসনায় তার পার্থিব জীবনযাপন করে না, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই করে। 3 অইহুদিরা যেমন করে—লম্পটতা, ভোগলালসা, মদ্যপান, রঙ্গরস ও ঘৃণ্য প্রতিমাপূজা—এসব করে অতীতে তোমরা যথেষ্ট সময় কাটিয়ে দিয়েছ। 4 তোমরা তাদের মতো একই উচ্ছৃঙ্খলতার জীবন অনুসরণ করছ না বলে এখন তারা বিস্ময় বোধ করে ও তোমাদের উপরে অবমাননার বোঝা চাপিয়ে দেয়। 5 কিন্তু যিনি জীবিত ও মৃতদের বিচার করতে প্রস্তুত, তাঁর কাছে তাদের কৈফিয়ত দিতে হবে। 6 এই কারণেই এখন যারা মৃত, তাদের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন শারীরিকভাবে মানুষের মতো তাদের বিচার করা গেলেও, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা আত্মায় জীবিত থাকে।
-
9 তোমরা কি জানো না, যে যারা অধার্মিক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না? তোমরা বিভ্রান্ত হোয়ো না। কারণ যারা বিবাহ-বহির্ভূত সংসর্গকারী, বা প্রতিমাপূজক, বা ব্যভিচারী, বা সমকামী 10 বা চোর বা লোভী বা মদ্যপ বা কুৎসা-রটনাকারী বা পরধনগ্রাহী, তারা কেউই ঈশ্বরের রাজ্যে অধিকার লাভ করবে না। 11 আর তোমরাও কেউ কেউ সেইরকমই ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মার দ্বারা ধৌত হয়েছ, শুচিশুদ্ধ হয়েছ ও নির্দোষ প্রতিপন্ন হয়েছ।
-
14 তিনি গবাদি পশুদের জন্য ঘাস,
আর মানুষের চাষের জন্য চারাগাছ বৃদ্ধি করেন—
জমি থেকে খাদ্যদ্রব্য উৎপন্ন করেন:
15 সুরা যা মানুষের হৃদয়কে উৎফুল্ল করে,
তেল যা তাদের মুখমণ্ডল উজ্জ্বল করে,
এবং খাবার যা মানুষের জীবন বাঁচিয়ে রাখে।
-
17 যে তুচ্ছ আমোদ-প্রমোদ ভালোবাসে সে দরিদ্র হয়ে যাবে;
যে দ্রাক্ষারস ও জলপাই তেল ভালোবাসে সে কখনও ধনবান হবে না।
-
1 ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের অহংকার, সেই মুকুটকে ধিক্,
যে ফুলের শোভা ও যার মহিমার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে,
যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত,
সেই নগর, যাদের অহংকার সুরার কারণে অবনমিত হয়েছে!
2 দেখো, প্রভুর এক পরাক্রমী ও শক্তিশালী ব্যক্তি আছেন।
শিলাবৃষ্টি ও ধ্বংসাত্মক ঝড়ের মতো,
মুষলধারায় বৃষ্টি ও প্লাবনকারী বারিধারার মতো,
তিনি একে সবলে মাটিতে নিক্ষেপ করবেন।
3 সেই মুকুট, যা ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের গর্ব,
পায়ের নিচে দলিত হবে।
-
15 “ধিক্ তাকে, যে তার প্রতিবেশীদের সুরা পান করায়,
সুরাপাত্র থেকে ঢেলে যায় যতক্ষণ না পর্যন্ত তারা মত্ত হয়ে ওঠে,
যেন সে তাদের নগ্ন শরীরের প্রতি দৃষ্টি দিয়ে উপভোগ করতে পারে!
16 মহিমাতে নয় তুমি লজ্জায় পরিপূর্ণ হবে।
এখন তোমার পালা! সুরা পান করো এবং তোমার নগ্নতা প্রকাশ পাক।
সদাপ্রভুর বিচারের পানপাত্র থেকে পান করো
এবং তোমার সব গৌরব লাঞ্ছনায় রূপান্তরিত হবে।
17 লেবাননের প্রতি তুমি যা অত্যাচার করেছ তা তোমাকে অভিভূত করবে,
তুমি বন্যপশুদের ধ্বংস করেছ, আর তাদের আতঙ্ক তোমার হবে।
কারণ তুমি মানুষের রক্তপাত করেছ;
তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
-
22 ধিক্ তাদের যারা সুরা পান করায় দক্ষ
ও সুরা মিশ্রিত করায় নিপুণ,
23 যারা ঘুষের বিনিময়ে অপরাধীকে মুক্ত করে,
কিন্তু নির্দোষের ন্যায়বিচার অন্যথা করে।
-
11 বেশ্যাবৃত্তিতে;
সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য,
যেগুলি আমার প্রজাদের বুদ্ধি-বিবেচনা হরণ করে।
12 আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে,
এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়।
বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে;
তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।
-
11 কিন্তু এখন আমি তোমাদের লিখছি, বিশ্বাসী নামে পরিচয় দিয়ে যে ব্যক্তি বিবাহ-বহির্ভূত সংসর্গে লিপ্ত থাকে, অথবা লোভী, প্রতিমাপূজক বা পরনিন্দুক, মদ্যপ বা প্রতারক হয়, তার সঙ্গ অবশ্যই ত্যাগ করবে। এ ধরনের মানুষের সঙ্গে খাওয়াদাওয়া পর্যন্ত করবে না।
-
1 এখন ভাইবোনেরা, এসব কখন ঘটবে, সেই সময় ও কালের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। 2 কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে। 3 লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলবে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।
4 কিন্তু ভাইবোনেরা, তোমরা তো অন্ধকারে থাকো না, তাই সেদিন তোমাদের চোরের মতো বিস্মিত করে তুলবে না। 5 তোমরা সবাই জ্যোতির সন্তান এবং দিনের সন্তান। আমরা রাত্রির নই বা অন্ধকারেরও নই। 6 তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই। 7 কারণ যারা নিদ্রা যায়, তারা রাত্রেই নিদ্রা যায় এবং মদ্যপানকারীরা রাত্রেই মত্ত হয়। 8 কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে বুকপাটা করি, আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ। 9 কারণ ঈশ্বর তাঁর ক্রোধের শিকার হওয়ার জন্য নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য আমাদের নিযুক্ত করেছেন। 10 আমরা জীবিত থাকি বা নিদ্রাগত হই, তাঁরই সঙ্গে যেন জীবনধারণ করি, এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। 11 অতএব তোমরা এখন যেমন করছ, সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো।
-
36 অবীগল যখন নাবলের কাছে ফিরে গেলেন, সে তখন বাড়িতে ছিল ও সেখানে রাজকীয় এক ভোজসভা চলছিল। সে খোশমেজাজে ছিল ও পুরোপুরি মাতাল হয়ে পড়েছিল। তাই সকাল না হওয়া পর্যন্ত অবীগল তাকে কিছু বলেননি। 37 পরে সকালে নাবল যখন ভদ্রস্থ হল, তার স্ত্রী তাকে সব কথা বলে শুনিয়েছিলেন, ও সে মনমরা হয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল।
-
13 দাউদ তাঁকে নিমন্ত্রণ করায় তিনি তাঁর সঙ্গে ভোজনপান করলেন ও দাউদ তাঁকে মাতাল করে ছেড়েছিলেন। কিন্তু সন্ধ্যাবেলায় ঊরিয় তাঁর মনিবের দাসদের মাঝে গিয়ে মেঝেতে পাতা মাদুরে শুয়ে পড়েছিলেন; তিনি ঘরে যাননি।
-
9 তাঁর কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন সিম্রি। এলার অধিকারে থাকা রথের অর্ধেক সংখ্যক রথের উপর তিনি সেনাপতি পদে নিযুক্ত ছিলেন। তিনিই এলার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এলা সেই সময় তির্সায় রাজপ্রাসাদের প্রশাসক অর্সার ঘরে মাতাল হয়ে পড়েছিলেন। 10 যিহূদার রাজা আসার রাজত্বের সপ্তবিংশতিতম বছরে সিম্রি এসে এলাকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করলেন। পরে তিনি রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
-
1 রাজা বেলশৎসর এক হাজার বিশিষ্ট ব্যক্তিদের জন্য এক মহাভোজ দিলেন ও তাদের সঙ্গে দ্রাক্ষারস পান করলেন। 2 বেলশৎসর যখন দ্রাক্ষারস পান করছিলেন, তিনি আদেশ দিলেন সেইসব সোনারুপোর পানপাত্র সেখানে আনা হোক যেগুলি তার বাবা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়েছিলেন, যেন রাজা ও তার বিশিষ্ট ব্যক্তিগণ, তার পত্নীগণ ও উপপত্নীগণ সকলে সেইসব পাত্রে দ্রাক্ষারস পান করতে পারেন। 3 তখন তারা সোনার পানপাত্রগুলি নিয়ে এল যেগুলি জেরুশালেমে অবস্থিত ঈশ্বরের মন্দির থেকে নেওয়া হয়েছিল এবং রাজা ও তার বিশিষ্ট ব্যক্তিগণ, রাজার পত্নীগণ ও উপপত্নীগণ সেই পাত্রগুলিতে দ্রাক্ষারস পান করলেন। 4 তারা দ্রাক্ষারস পান করতে করতে সোনা, রুপো, পিতল, লোহা, কাঠ ও পাথরের দেবতাদের জয়গান করলেন।
5 হঠাৎ একটি মানুষের হাতের আঙুল দেখা গেল ও সেই আঙুলগুলি রাজপ্রাসাদের দেওয়ালে, বাতিদানের কাছে কিছু লিখতে শুরু করল। যে হাত লিখছিল রাজা সেই হাত দেখলেন। 6 রাজার মুখ বিবর্ণ হয়ে উঠল ও রাজা এতটাই ভীত হলেন যে তার পা দুর্বল হয়ে উঠল এবং তার হাঁটু কাঁপতে লাগল।
-
2 অধ্যক্ষকে অবশ্যই নিন্দার ঊর্ধ্বে থাকতে হবে; তিনি একজন স্ত্রীর স্বামী হবেন। তিনি হবেন মিতাচারী, আত্মসংযমী, শ্রদ্ধার পাত্র, অতিথিপরায়ণ এবং শিক্ষাদানে দক্ষ। 3 তিনি মদ্যপ বা উগ্র স্বভাবের হবেন না কিন্তু অমায়িক হবেন; তিনি ঝগড়াটে বা অর্থলোভী হবেন না।
-
1 তীত, তুমি লোকদের অভ্রান্ত শাস্ত্রশিক্ষা দাও। 2 বয়স্ক ব্যক্তিদের মিতাচারী, শ্রদ্ধেয়, আত্মসংযমী হতে এবং বিশ্বাস, প্রেম ও ধৈর্যে মজবুত হতে শিক্ষা দাও।
3 সেভাবে, বয়স্ক মহিলাদেরও শিক্ষা দাও, যেন তাঁরা সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করেন, যেন পরচর্চায় মত্ত বা মদ্যপানে আসক্ত না হয়ে পড়েন। কিন্তু যা কিছু মঙ্গলজনক, তাঁরা যেন সেই শিক্ষা দেন। 4 তাহলেই তাঁরা তরুণীদের শিক্ষা দিতে পারবেন, যেন তারা তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসতে পারে; 5 যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, ঘরের কাজে ব্যস্ত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।
-
12 তিনি যখন সদাপ্রভুর কাছে প্রার্থনা করেই যাচ্ছিলেন তখন এলি তাঁর মুখটি নিরীক্ষণ করছিলেন। 13 হান্না মনে মনে প্রার্থনা করছিলেন, এবং তাঁর ঠোঁট দুটি কাঁপছিল কিন্তু তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। এলি ভেবেছিলেন, হান্না মদ্যপান করেছেন। 14 তিনি তাঁকে বললেন, “আর কত কাল তুমি মদ্যপ অবস্থায় থাকবে? মদ্যপান করা বন্ধ করো।”
15 হান্না উত্তর দিলেন, “হে আমার প্রভু, এমনটি নয়; আমি এমন এক নারী, যে বড়োই দুঃখিনী। আমি দ্রাক্ষারস পান করিনি বা মদ্যপানও করিনি; আমি সদাপ্রভুর উদ্দেশে আমার অন্তর উজাড় করে দিচ্ছিলাম। 16 আপনার এই দাসীকে বদ মহিলা বলে মনে করবেন না; আমি গভীর দুঃখ ও মনস্তাপ নিয়ে এখানে প্রার্থনা করে চলেছি।”
-
13 কেউ কেউ অবশ্য তাদের পরিহাস করে বলল, “এরা অত্যধিক সুরাপান করে ফেলেছে।”
14 তখন পিতর সেই এগারোজনের সঙ্গে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে জনসাধারণকে সম্বোধন করলেন, “হে ইহুদি জনমণ্ডলী ও জেরুশালেমে বসবাসকারী আপনারা সকলে, আমাকে এই ঘটনার কথা আপনাদের কাছে ব্যাখ্যা করতে দিন; আমি যা বলি, তা মনোযোগ দিয়ে শুনুন। 15 এই লোকেরা নেশাগ্রস্ত নয়, যেমন আপনারা মনে করছেন। এখন সকাল নয়টা মাত্র!
-
20 খাদ্যের কারণে ঈশ্বরের কাজ ধ্বংস কোরো না। সমস্ত খাবারই শুচিশুদ্ধ, কিন্তু কেউ যদি এমন খাবার গ্রহণ করে যা অন্যের বিঘ্ন ঘটায়, তাহলে সেই খাবার গ্রহণ করা অন্যায়। 21 মাংস খাওয়া বা মদ্যপান বা অন্য কোনও কৃতকর্ম, যা অপর বিশ্বাসীর পতনের কারণ হয়, তা না করাই ভালো।
22 তাই, এ সমস্ত বিষয়ে তুমি যা বিশ্বাস করো, তা তোমার ও ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ রাখো। ধন্য সেই ব্যক্তি, যে নিজে যা অনুমোদন করে, তার জন্য নিজের প্রতি দোষারোপ করে না। 23 কিন্তু যে ব্যক্তির সন্দেহ আছে, সে যদি আহার করে তাহলে সে দোষী সাব্যস্ত হয়, কারণ তার আহার করা বিশ্বাস থেকে হয় না; আর যা কিছু বিশ্বাস থেকে হয় না, তাই পাপ।
-
31 অতএব, তোমরা ভোজন, কি পান, বা যা কিছুই করো, সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো। 32 ইহুদি, গ্রিক, কি ঈশ্বরের মণ্ডলী, কারও জন্য তোমরা বিঘ্নের কারণ হোয়ো না, 33 যেমন আমিও সব উপায়ে সব মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কারণ আমি নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু বহু মানুষের জন্য করি, যেন তারা পরিত্রাণ লাভ করে।
-
20 তোমরা যখন একত্রে সমবেত হও, তোমরা যে প্রভুর ভোজ গ্রহণ করো, তা নয়, 21 কারণ যখন তোমরা ভোজন করো, তখন তোমাদের প্রত্যেকে অন্য কারও জন্য অপেক্ষা না করে, নিজেরাই প্রথমে ভোজন করে থাকো। একজন থাকে ক্ষুধার্ত, অপর একজন মত্ত হয়। 22 ভোজনপান করার জন্য কি তোমাদের ঘরবাড়ি নেই? নাকি, তোমরা ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করছ ও যাদের কিছু নেই, তাদের লজ্জা দিচ্ছ? তোমাদের আমি কী বলব? এর জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? কোনোমতেই নয়!
-
1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “ইস্রায়েলীদের সঙ্গে আলাপ করে তাদের বলো, ‘যদি কোনো পুরুষ বা স্ত্রী বিশেষ মানত রাখতে চায়, অর্থাৎ নাসরীয় হিসেবে সদাপ্রভুর উদ্দেশে পৃথক থাকার মানত, 3 তাহলে সে দ্রাক্ষারস; অথবা অন্য উত্তেজক পানীয় পান করা থেকে নিবৃত্ত থাকবে; সে দ্রাক্ষারস অথবা অন্য উত্তেজক পানীয় থেকে প্রস্তুত সিরকাও পান করবে না। দ্রাক্ষার রস সে অবশ্যই পান করবে না, দ্রাক্ষা বা কিশমিশ খাবে না।
-
48 কিন্তু মনে করো, সেই দুষ্ট দাস মনে মনে ভাবল, ‘দীর্ঘদিন হল আমার প্রভু দূরে বাস করছেন,’ 49 আর সে তার সহদাসদের মারতে শুরু করল ও মদ্যপদের সঙ্গে খাওয়াদাওয়া ও সুরাপান করে মত্ত হতে লাগল। 50 সেই দাসের প্রভু এমন এক সময়ে ফিরে আসবেন, যখন সে তাঁর আগমনের প্রত্যাশা করেনি, বা এমন এক ক্ষণে, যা সে জানতেও পারেনি। 51 তিনি তাকে খণ্ডবিখণ্ড করবেন এবং ভণ্ডদের মধ্যে তাকে স্থান দেবেন, যেখানে কেবলমাত্র রোদন ও দন্তঘর্ষণ হবে।
-
18 যদি কারও ছেলে একগুঁয়ে এবং বিদ্রোহী হয় যে তার বাবা-মায়ের অবাধ্য এবং তাদের কথা শোনে না যখন তারা তাকে শাসন করে, 19 তার বাবা-মা তাকে তাদের নগরের দ্বারে প্রবীণ নেতাদের কাছে ধরে নিয়ে যাবে। 20 তারা নগরের বয়স্ক নেতাদের বলবে, “আমাদের এই ছেলে একগুঁয়ে এবং বিদ্রোহী। সে আমাদের অবাধ্য। সে আমাদের অর্থ উড়িয়ে দেয় এবং সে মাতাল।” 21 তখন সেই নগরের সমস্ত পুরুষ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। তোমাদের মধ্য থেকে সেই দুষ্টতা শেষ করতে হবে। সমস্ত ইস্রায়েল সেই বিষয় শুনবে এবং ভয় পাবে।
-
4 এখন দেখো, তুমি যেন দ্রাক্ষারস বা অন্য কোনও গাঁজানো পানীয় পান কোরো না এবং অশুচি কোনো কিছু খেয়ো না। 5 তুমি অন্তঃসত্ত্বা হয়ে এমন এক পুত্রসন্তানের জন্ম দেবে যার মাথায় কখনও ক্ষুর ছোঁয়ানো যাবে না কারণ ছেলেটি হবে একজন নাসরীয়, গর্ভে থাকার সময় থেকেই সে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গীকৃত হবে। ফিলিস্তিনীদের হাত থেকে ইস্রায়েলকে রক্ষা করার ক্ষেত্রে সেই নেতৃত্ব দেবে।”
6 তখন সেই মহিলাটি তাঁর স্বামীর কাছে গিয়ে তাঁকে বললেন, “ঈশ্বরের একজন লোক আমার কাছে এসেছিলেন। তাঁকে দেখতে লাগছিল ঈশ্বরের এক দূতের মতো, খুবই ভয়ংকর। আমি তাঁকে জিজ্ঞাসা করিনি তিনি কোথা থেকে এসেছেন, এবং তিনিও আমাকে তাঁর নাম বলেননি। 7 কিন্তু তিনি আমাকে বললেন, ‘তুমি অন্তঃসত্ত্বা হবে এবং এক পুত্রসন্তানের জন্ম দেবে। তাই এখন থেকে, তুমি দ্রাক্ষারস বা অন্য কোনও গাঁজানো পানীয় পান কোরো না এবং অশুচি কোনো কিছু খেয়ো না, কারণ সেই ছেলেটি গর্ভ থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশে এক নাসরীয় হয়ে থাকবে।’ ”
-
19 তোমরা কি জানো না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? 20 তোমরা আর তোমাদের নিজের নও, তোমাদের মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। অতএব, তোমাদের দেহ দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো।
-
8 কিন্তু খাবার আমাদের ঈশ্বরের নিকটে নিয়ে আসে না; আমরা যদি সেই খাবার না খাই, আমাদের ক্ষতি হয় না; আবার তা গ্রহণ করলেও কোনো লাভ হয় না।
9 কিন্তু, তোমরা সতর্ক থেকো, তোমাদের এই অধিকার যেন কোনোভাবেই দুর্বল মানুষের কাছে বিঘ্নের কারণ না হয়। 10 কারণ দুর্বল বিবেকবিশিষ্ট যদি কেউ তোমাকে, অর্থাৎ তোমার মতো জ্ঞানবিশিষ্ট মানুষকে, প্রতিমার মন্দিরে খাবার গ্রহণ করতে দেখে, তাহলে সে কি প্রতিমাদের কাছে উৎসর্গ করা খাবার গ্রহণ করতে সাহস পাবে না? 11 তাই, তোমার জ্ঞানের জন্য এই দুর্বল বিশ্বাসী, যার জন্য খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন, তাকে নষ্ট করা হয়। 12 তোমরা যখন তোমাদের ভাইবোনের বিরুদ্ধে পাপ করো ও তাদের দুর্বল বিবেককে আঘাত করো, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধে পাপ করো। 13 এই কারণে, আমি যে খাবার গ্রহণ করি, তা যদি অপর বিশ্বাসীর পাপে পতনের কারণ হয়, আমি আর কখনও সেই খাবার গ্রহণ করব না, যেন আমি তার পতনের কারণ না হই।
-
14 সদাপ্রভু তাদের উপরে
এক হতবুদ্ধিকর আত্মা ঢেলে দিয়েছেন;
মত্ত ব্যক্তি যেমন তার বমির উপরে গড়াগড়ি দেয়,
তারাও মিশরকে তার সব কাজে টলোমলো করেছে।
-
27 “তারপর তুমি তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: পান করো, মত্ত হও ও বমি করো। আর আমি যে বিপক্ষের তরোয়াল প্রেরণ করব, তার জন্য পতিত হও, আর উঠো না।’ 28 কিন্তু তারা যদি তোমার হাত থেকে ওই পানপাত্র নিয়ে পান করতে না চায়, তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের অবশ্যই পান করতে হবে!
-
31 তুমি তোমার বোনের পথ অনুসরণ করেছ; এই জন্য আমি তার পানপাত্র তোমার হাতে দেব।
32 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“তুমি তোমার বোনের পাত্রে পান করবে,
সেই পাত্র বড়ো ও গভীর;
এটি অপমান এবং উপহাস নিয়ে আসবে,
কারণ এতে অনেক ধরে।
33 তুমি মাতলামিতে ও দুঃখে পূর্ণ হবে,
ধ্বংসের ও নির্জনতার পানপাত্র,
তোমার বোন শমরিয়ার পানপাত্র।
34 তুমি তাতে পান করবে এবং চেটেপুটে পান করবে;
তা তুমি ভেঙে চুরমার করবে
এবং নিজের বুক ছিঁড়ে ফেলবে।
সার্বভৌম সদাপ্রভু বলেন, আমি বলছি।
-
16 “এই প্রজন্মকে আমি কার সঙ্গে তুলনা করব? তারা সেই ছেলেমেয়েদের মতো, যারা হাটেবাজারে বসে অন্য লোকদের আহ্বান করে বলে,
17 “ ‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম,
তোমরা তো নৃত্য করলে না;
আমরা শোকগাথা গাইলাম,
তোমরা তো বিলাপ করলে না!’
18 কারণ যোহন এসে আহার করলেন না, দ্রাক্ষারসও পান করলেন না, অথচ তারা বলল, ‘সে ভূতগ্রস্ত।’ 19 মনুষ্যপুত্র এলেন, খাওয়াদাওয়া করলেন, কিন্তু তারা বলল, ‘এই দেখো একজন পেটুক ও মদ্যপ, কর আদায়কারী ও “পাপীদের” বন্ধু।’ কিন্তু প্রজ্ঞা তার অনুসরণকারীদের আচরণের দ্বারাই সত্য বলে প্রমাণিত হয়।”
-
9 ভোজের কর্তা দ্রাক্ষারসে রূপান্তরিত জলের স্বাদ গ্রহণ করলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথা থেকে এই দ্রাক্ষারস এল। সেকথা দাসেরা জানত। তখন তিনি বরকে এক পাশে ডেকে বললেন, 10 “সবাই প্রথমে উৎকৃষ্ট দ্রাক্ষারসই পরিবেশন করে। অতিথিরা যথেষ্ট পান করার পর কমদামি দ্রাক্ষারস পরিবেশন করা হয়। কিন্তু তুমি এখনও পর্যন্ত সবচেয়ে ভালো জিনিসই বাঁচিয়ে রেখেছ!”
11 এ ছিল গালীলের কানা নগরে করা যীশুর প্রথম চিহ্নকাজ। এইভাবে তিনি তাঁর মহিমা প্রকাশ করলেন এবং তাঁর শিষ্যেরা তাঁর উপর বিশ্বাস করলেন।
-
7 যেহেতু অধ্যক্ষের উপরে ঈশ্বরের কাজের ভার দেওয়া হয়েছে, তাই তাঁকে হতে হবে অনিন্দনীয়; তিনি উদ্ধত, বদমেজাজি, মদ্যপ, উগ্র বা অসৎ পথে অর্থ উপার্জনের জন্য লালায়িত হবেন না; 8 বরং তাঁকে হতে হবে অতিথিবৎসল, মঙ্গলজনক সবকিছুর প্রতি অনুরক্ত, আত্মসংযমী, ন্যায়নিষ্ঠ, পবিত্র এবং শৃঙ্খলাপরায়ণ। 9 যেমন শিক্ষা দেওয়া হয়েছে তেমনই তাঁকে বিশ্বাসযোগ্য বাণী দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে হবে, যেন সঠিক তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি অন্যদের অনুপ্রাণিত করতে পারেন ও যারা সেই শিক্ষার বিরোধিতা করে তাদের ভুল প্রমাণিত করতে পারেন।
-
8 তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো। তোমাদের শত্রু, সেই দিয়াবল, গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে, তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে।
-
1 সেই সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতের মধ্যে একজন এসে আমাকে বললেন, “এসো, বহু জলরাশির উপরে বসে থাকে যে মহাবেশ্যা, তার কী শাস্তি হয়, আমি তোমাকে দেখাব। 2 তার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে। আর পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের সুরায় মত্ত হয়েছে।”
-
9 তোমরা স্তম্ভিত হও, বিস্ময় প্রকাশ করো,
নিজেদের চোখ ঢেকে ফেলো, রুদ্ধদৃষ্টি হও;
মত্ত হও, কিন্তু সুরা পান করে নয়,
টলোমলো করো, কিন্তু সুরা পানের জন্য নয়।
10 সদাপ্রভু তোমাদের উপরে এক গভীর নিদ্রা নিয়ে এসেছেন:
তিনি তোমাদের দৃষ্টি রুদ্ধ করেছেন (অর্থাৎ ভাববাদীদের);
তিনি তোমাদের মস্তক আবৃত করেছেন (অর্থাৎ দর্শকদের)।
-
6 আমি ক্রোধে সব জাতিকে পদদলিত করলাম;
আমার কোপবশে আমি তাদের মত্ত করলাম
আর তাদের রক্ত মাটিতে ঢেলে দিলাম।”
-
42 নিহত আর বন্দিদের রক্ত খাইয়ে,
আমার তিরগুলিকে মাতাল করে তুলব,
আমার তরোয়াল মাংস খাবে,
শত্রু সেনাদের মাথার মাংস খাবে।”
-
17 জাগো, জাগো!
ওহে জেরুশালেম, উঠে দাঁড়াও,
সদাপ্রভুর ক্রোধের পানপাত্র,
যারা তাঁর হাত থেকে পান করেছ,
যে পানপাত্র মানুষকে টলোমলো করে,
যারা তার তলানি পর্যন্ত চেটে খেয়েছ।
-
21 সেই কারণে, তোমরা যারা কষ্ট পেয়েছ, একথা শোনো,
তোমাকে মত্ত করা হয়েছে, কিন্তু দ্রাক্ষারসে নয়।
22 তোমার সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
তোমার ঈশ্বর বলেন, যিনি তাঁর প্রজাদের পক্ষসমর্থন করেন:
“দেখো, আমি তোমার হাত থেকে ওই পানপাত্র ছিনিয়ে নিয়েছি,
যা পান করলে তুমি টলোমলো হও;
সেই পেয়ালা, যা আমার ক্রোধের বড়ো পানপাত্র,
তুমি আর কখনও তা পান করবে না।
23 আমি তোমার অত্যাচারীদের হাতে তা দেব,
যারা তোমাকে বলেছিল,
‘উপুড় হয়ে পড়ো, যেন তোমাদের উপর দিয়ে আমরা হেঁটে যাই।’
আর তোমরা তোমাদের পিঠ ভূমির মতো,
পথিকদের কাছে সড়কের মতো করেছ।”
-
7 সদাপ্রভুর হাতে ব্যাবিলন ছিল সোনার পানপাত্রের মতো;
এমন পানপাত্র, যার মধ্যে সমস্ত পৃথিবী পান করেছিল।
জাতিগণ তার সুরা পান করেছিল;
সেই কারণে, তারা এখন উন্মত্ত হয়ে গেছে।
8 ব্যাবিলনের হঠাৎই পতন হবে, সে ভগ্ন হবে।
তার কারণে বিলাপ করো!
তার ব্যথার জন্য মলম নিয়ে এসো,
হয়তো তার ক্ষতের নিরাময় হবে।
9 “ ‘আমরা ব্যাবিলনকে সুস্থ করতে পারতাম,
কিন্তু সে নিরাময়ের অযোগ্য হয়ে পড়েছে;
এসো আমরা তাকে ত্যাগ করে প্রত্যেকে স্বদেশে ফিরে যাই,
কারণ তার বিচার গগনস্পর্শী,
তা মেঘ পর্যন্ত উঁচুতে উঠে যায়।’
-
10 চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়।
Shows Read in context, Share and Copy.