দাউদের রাজত্বকালে রচিত গীতগুলি, রচনাকাল অনিশ্চিত
রাজা হওয়ার পরে দাউদের রচিত গীতগুলি, যেগুলির রচনাকাল ও উপলক্ষ অনিশ্চিত।
1015 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
সংগীত পরিচালকের জন্য। আট-তারের যন্ত্র সহযোগে। শমীনীৎ অনুসারে। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, রাগে আমায় তিরস্কার কোরো না
তোমার ক্রোধে আমায় শাসন কোরো না।
2 আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল;
আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।
3 আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ,
কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?
4 হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো;
তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো।
5 মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না।
পাতাল থেকে কে তোমার প্রশংসা করে?
6 আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি।
সারারাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি
এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি।
7 গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়;
আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।
8 তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও,
কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
9 সদাপ্রভু আমার বিনতি শুনেছেন;
সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।
10 আমার সব শত্রু লজ্জিত ও বিহ্বল হবে;
তারা পিছু ফিরবে এবং হঠাৎ লজ্জিত হবে।
সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎ। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!
তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে
তোমার মহিমা স্থাপন করেছ!
2 তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে,
তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে,
তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।
3 যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,
তোমার হাতের কাজ,
চাঁদ ও তারার দিকে দেখি
যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?
মানুষ কি যে, তার তুমি যত্ন করো?
5 তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ
এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
6 তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;
এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:
7 সব মেষপাল ও গোপাল,
ও যত বন্যপশু;
8 আকাশের যত পাখি,
সমুদ্রের যত মাছ,
যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।
9 হে সদাপ্রভু, আমাদের প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!
প্রধান সংগীত পরিচালকের জন্য। শমীনীৎ অনুসারে। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়;
যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
2 সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে;
তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে
কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।
3 সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন
এবং সব অহংকারী জিভ—
4 যারা বলে,
“আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে;
আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”
5 “দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে,
সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন।
“অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
6 ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো,
সাতবার শোধিত সোনার মতো,
সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত।
7 হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে
এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,
8 যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায়
এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।
প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে;
গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।
2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে;
তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।
3 তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না;
তাদের থেকে কোনও শব্দ শোনা যায় না।
4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে,
তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়।
ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।
5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে;
বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।
6 আকাশের এক প্রান্তে সে উদিত হয়
এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে;
তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।
7 সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ, যা আমার প্রাণ সঞ্জীবিত করে;
সদাপ্রভুর অনুশাসন নির্ভরযোগ্য,
তা অল্পবুদ্ধিকেও জ্ঞানবান করে।
8 সদাপ্রভুর সমস্ত বিধি সত্য,
হৃদয়কে আনন্দিত করে।
সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট,
চোখে আলো দান করে।
9 সদাপ্রভুর ভয় নির্মল,
চিরকাল স্থায়ী।
সদাপ্রভুর আদেশ দৃঢ়,
এবং পুরোপুরি ন্যায্য।
10 তা সোনার চেয়েও বেশি,
এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত।
এবং মধুর চেয়েও বেশি,
এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।
11 সেগুলি তোমার দাসের প্রতি সতর্কবাণী;
যারা মান্য করে, তারা মহা পুরস্কার পায়।
12 কিন্তু কে তার নিজের ত্রুটি উপলব্ধি করতে পারে?
আমার গোপন অপরাধ ক্ষমা করো।
13 তোমার দাসকে ইচ্ছাকৃত পাপ থেকে দূরে রেখো;
তা যেন আমার উপর শাসন না করে।
তখন আমি নির্দোষ হব,
মহা অপরাধ থেকে নির্দোষ হব।
14 হে সদাপ্রভু, আমার শৈল ও আমার মুক্তিদাতা
আমার মুখের এই বাক্যসকল ও আমার মনের ধ্যান,
তোমার দৃষ্টিতে মনোরম হোক।
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।
নিজের নামের মহিমায়
তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।
4 যদিও আমি হেঁটে যাই
অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,
আমি কোনও অমঙ্গলের ভয় করব না,
কারণ তুমি আমার সঙ্গে আছ;
তোমার লাঠি ও তোমার ছড়ি,
সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।
5 আমার শত্রুদের উপস্থিতিতে
তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।
তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;
আমার পানপাত্র উপচে পড়ে।
6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে
আমার জীবনের সব দিন পর্যন্ত,
এবং চিরকাল
আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।