দাউদের রাজত্বকালে রচিত গীতগুলি, রচনাকাল অনিশ্চিত (continued)

রাজা হওয়ার পরে দাউদের রচিত গীতগুলি, যেগুলির রচনাকাল ও উপলক্ষ অনিশ্চিত।

1015 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 24

দাউদের গীত।

1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু,

এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;

2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন

আর জলধির উপর তা নির্মাণ করেছেন।

3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে?

কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?

4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল,

যে প্রতিমায় আস্থা রাখে না

অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।

5 তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে

এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।

6 এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে,

তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।

7 হে দ্বারসকল, মাথা তুলে দেখো;

হে প্রাচীন দরজা, উত্থিত হও,

যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।

8 কে এই গৌরবের রাজা?

সদাপ্রভু শক্তিশালী ও বলবান,

সদাপ্রভু যুদ্ধে বলবান।

9 হে দ্বারসকল, মাথা তুলে দেখো;

হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো,

যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।

10 কে এই গৌরবের রাজা?

তিনি সর্বশক্তিমান সদাপ্রভু

তিনি গৌরবের রাজা।

গীত 28–29

দাউদের গীত।

1 তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি;

তুমি আমার শৈল,

তুমি আমার প্রতি বধির হোয়ো না।

কারণ তুমি যদি নীরব থাকো,

আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে।

2 যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি,

যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে

আমি হাত তুলি

তুমি আমার বিনতি শ্রবণ করো।

3 দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে,

আমাকে টেনে নিয়ো না,

ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে

অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।

4 তুমি তাদের কাজের ফল দান করো

তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও;

তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও

এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো।

5 সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে

সেইসব তারা সমাদর করে না,

তাই তিনি তাদের ধ্বংস করবেন

এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না।

6 সদাপ্রভুর প্রশংসা হোক,

কারণ তিনি আমার বিনতি শুনেছেন।

7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;

আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।

আমার হৃদয় আনন্দে উল্লসিত

এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

8 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি,

তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।

9 তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো;

তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।

দাউদের গীত।

29:1 হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,

তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।

2 তাঁর নামের মহিমার কীর্তন করো,

পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

3 জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়;

মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন,

মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন।

4 সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী;

সদাপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত।

5 সদাপ্রভুর কণ্ঠস্বর দেবদারু গাছ ভেঙে দেয়;

লেবাননের দেবদারুবন ছিন্নভিন্ন করেন।

6 তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন,

বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে করেন।

7 সদাপ্রভুর কণ্ঠস্বর

বজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।

8 সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়;

সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।

9 সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয়

এবং অরণ্য অনাবৃত করে।

এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”

10 সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত;

সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।

11 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন;

সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

গীত 38

দাউদের গীত। একটি প্রার্থনা।

1 হে সদাপ্রভু, তোমার রাগে আমাকে তিরস্কার কোরো না

ক্রোধে আমাকে শাসন কোরো না।

2 তোমার তিরগুলি আমাকে বিদ্ধ করেছে,

এবং তোমার হাত আমার উপর নেমে এসেছে।

3 তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে;

আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।

4 আমার দোষভার আমাকে বিচলিত করেছে

তা এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।

5 আমার পাপের মূর্খতায়

আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।

6 আমি আজ অবনত হয়েছি ও অত্যন্ত মনমরা হয়ে পড়েছি;

বিষণ্ণতায় আমার সারাদিন কাটছে।

7 এক তীব্র যন্ত্রণা আমার দেহকে জীর্ণ করেছে;

আমার প্রাণে কোনও স্বাস্থ্য নেই।

8 আমি জীর্ণ ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছি,

তীব্র মনোবেদনায় আমি হাহাকার করছি।

9 হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সামনে উন্মুক্ত,

আমার দীর্ঘশ্বাস তোমার কাছে গুপ্ত নয়।

10 আমার হৃদয় কম্পিত, আমার শক্তি নিঃশেষ হয়েছে,

আমার চোখ থেকে আমার দৃষ্টি হারিয়েছে।

11 আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে,

আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।

12 যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে,

যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে;

সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।

13 আমি বধিরের মতো হয়েছি যে কানে শুনতে পারে না,

বোবার মতো হয়েছি যে কথা বলতে পারে না।

14 আমি এমন এক ব্যক্তির মতো হয়েছি যে কিছুই শুনতে পারে না,

যার মুখ কোনো উত্তর দিতে পারে না।

15 হে সদাপ্রভু, আমি তোমার অপেক্ষায় আছি;

তুমি আমায় উত্তর দেবে, হে প্রভু আমার ঈশ্বর।

16 আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে

আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”

17 আমার পতন আসন্ন,

আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী।

18 আমি আমার অপরাধ স্বীকার করি;

আমার পাপের জন্য আমি অত্যন্ত অনুতপ্ত।

19 অনেকে অকারণে আমার শত্রু হয়েছে,

অসংখ্য লোক অকারণে আমাকে ঘৃণা করে।

20 যারা আমার উপকারের বিনিময়ে অপকার করে

তারা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে,

যদিও আমি ভালো করারই চেষ্টা করি।

21 হে সদাপ্রভু, আমাকে পরিত্যাগ কোরো না;

হে আমার ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে সরে থেকো না।

22 হে আমার প্রভু ও আমার রক্ষাকর্তা,

তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো।