দাউদের রাজত্বকালে রচিত গীতগুলি, রচনাকাল অনিশ্চিত (continued)
রাজা হওয়ার পরে দাউদের রচিত গীতগুলি, যেগুলির রচনাকাল ও উপলক্ষ অনিশ্চিত।
1015 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি নিজেকে বললাম, “আমি আমার চলার পথে সতর্ক হব
আর নিজের জিভকে পাপ থেকে সংযত রাখব;
দুষ্টদের উপস্থিতিতে
নিজের মুখ সংবরণ করে রাখব।”
2 তাই আমি সম্পূর্ণ নীরব রইলাম,
এমনকি সৎকথাও উচ্চারণ করলাম না।
কিন্তু আমার যন্ত্রণা বৃদ্ধি পেল;
3 আমার হৃদয় উত্তপ্ত হয়ে উঠল।
আমি যত এই বিষয় নিয়ে ভাবলাম আমার মনের আগুন ততই জ্বলে উঠল;
তখন আমি জিভ দিয়ে বললাম:
4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও
আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত;
আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী।
5 তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ;
আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়।
সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান,
এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।
6 “সবাই সামান্য চলমান ছায়ার মতো;
বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত
কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে।
7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব?
আমার আশা একমাত্র তোমাতেই।
8 আমার সব অপরাধ থেকে আমায় মুক্ত করো,
আমাকে মূর্খদের উপহাসের পাত্র কোরো না।
9 আমি তোমার সামনে নীরব রইলাম; মুখ খুললাম না,
কারণ আমার শাস্তি তোমার কাছ থেকেই আসে।
10 আমার প্রতি তোমার আঘাত ক্ষান্ত করো;
তোমার হাতের আঘাতে আমি জর্জরিত।
11 যখন তুমি কাউকে তার পাপের জন্য তিরস্কার ও শাসন করো,
কীটের মতো তাদের সম্পত্তি তুমি গ্রাস করো,
সত্যি সকলে নিঃশ্বাসের মতোই ক্ষণস্থায়ী।
12 “হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো,
আমার সাহায্যের প্রার্থনায় কর্ণপাত করো;
আমার চোখের জলে বধির হয়ে থেকো না।
কারণ আমি তোমার কাছে বিদেশির মতো,
আমার পিতৃপুরুষদের মতোই আমি প্রবাসী।
13 আমার জীবন শেষ হওয়ার আগে আমার উপর থেকে তোমার ক্রোধের দৃষ্টি সরাও,
যেন আমি আবার জীবন উপভোগ করতে পারি।”
দাউদের একটি প্রার্থনা।
1 হে সদাপ্রভু কর্ণপাত করো এবং আমাকে উত্তর দাও,
কেননা আমি দরিদ্র এবং অভাবী।
2 আমার জীবন সুরক্ষিত করো, কারণ আমি তোমার প্রতি বিশ্বস্ত;
আমাকে রক্ষা করো কারণ আমি তোমার সেবা করি আর তোমাতে আস্থা রাখি।
তুমি আমার ঈশ্বর; 3 হে প্রভু আমার প্রতি দয়া করো,
কেননা সারাদিন আমি তোমাকে ডাকি।
4 তোমার দাসকে আনন্দ দাও, হে প্রভু,
কারণ আমি তোমার উপর আস্থা রাখি।
5 হে প্রভু, তুমি, ক্ষমাশীল আর মঙ্গলময়,
যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ।
6 আমার প্রার্থনা শোনো, হে সদাপ্রভু;
আমার বিনতি প্রার্থনা শোনো।
7 সংকটের দিনে আমি তোমাকে ডাকি,
কারণ তুমি আমাকে উত্তর দেবে।
8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই;
তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।
9 সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ,
হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে,
তারা তোমার নামের মহিমা করবে।
10 কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো,
একমাত্র তুমিই ঈশ্বর।
11 হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও,
যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি;
আমাকে এক অখণ্ড হৃদয় দাও,
যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।
12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব;
চিরদিন আমি তোমার নামের মহিমা করব।
13 কেননা আমার প্রতি তোমার প্রেম মহান;
তুমি আমাকে অতল থেকে,
পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।
14 দাম্ভিক শত্রুরা আমাকে আক্রমণ করছে, হে ঈশ্বর;
নিষ্ঠুর লোকেরা আমাকে হত্যা করার চেষ্টা করছে,
তারা তোমাকে মান্য করে না।
15 কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর,
ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।
16 আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো;
তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও;
আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি,
ঠিক যেমন আমার মা করেছিলেন।
17 তোমার মঙ্গলভাবের নিদর্শন আমাকে দেখাও,
যেন আমার শত্রুরা সেসব দেখে ও লজ্জিত হয়,
কারণ তুমি, হে সদাপ্রভু, আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ।
1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;
আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।
2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই
সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,
সব দেবতার উপর মহান রাজা।
4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,
এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।
5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,
আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।
6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,
সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;
7 কারণ তিনি আমাদের ঈশ্বর
আর আমরা তাঁর চারণভূমির প্রজা,
ও মেষ যাদের তিনি যত্ন করেন।
আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,
8 “যেমন মরীবায় করেছিলে, তেমন নিজেদের হৃদয় কঠিন কোরো না,
মরুপ্রান্তরে মঃসার দিনে যেমন করেছিলে,
9 যেখানে তোমার পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করেছিল;
আমাকে যাচাই করেছিল, যদিও আমি যা করেছিলাম তারা সব দেখেছিল।
10 চল্লিশ বছর পর্যন্ত সেই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম;
এবং আমি বলেছিলাম, ‘তারা এমন ধরনের লোক যাদের হৃদয় বিপথগামী হয়,
আর তারা আমার পথগুলি জানে না।’
11 তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,
‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”