দাউদকে মন্দির নির্মাণ করতে নিষেধ করা হয় (continued)
1044 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
দাউদের মিকতাম।
1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,
কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।
2 আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু;
তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”
3 জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি,
“তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”
4 যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে;
আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না
এমনকি তাদের নামও উচ্চারণ করব না।
5 হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র;
তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।
6 যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ;
সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।
7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;
রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।
তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;
আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,
10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,
তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।
11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;
তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,
তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।
1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 ইস্রায়েল বলুক:
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
3 হারোণের কুল বলুক:
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
4 যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক:
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
5 মনোবেদনায় আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম,
তিনি আমাকে প্রশস্ত স্থানে নিয়ে এলেন।
6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না।
সামান্য মানুষ আমার কী করতে পারে?
7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়।
আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।
8 মানুষের উপর আস্থা রাখার চেয়ে
সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
9 অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে
সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
10 সব জাতি আমাকে ঘিরে ধরেছিল,
কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
11 তারা আমাকে চতুর্দিকে ঘিরে ধরেছিল,
কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
12 তারা মৌমাছির মতো আমাকে ছেঁকে ধরেছিল,
কিন্তু কাঁটার আগুনের মতো অচিরেই তারা নিভে গেল;
সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
13 আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল
কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।
14 সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।
15 ধার্মিকের শিবিরে শোনা গেল
আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস:
“সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!
16 সদাপ্রভুর ডান হাত উন্নত হয়েছে;
সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!”
17 আমি মরব না, বরং জীবিত থাকব,
আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।
18 সদাপ্রভু আমাকে কঠোরভাবে শাসন করেছেন,
তবুও তিনি আমাকে মৃত্যুর হাতে সমর্পণ করেননি।
19 আমার জন্য ধার্মিকদের দরজাগুলি খুলে দাও;
আমি প্রবেশ করব আর সদাপ্রভুর ধন্যবাদ করব।
20 এটি সদাপ্রভুর দরজা,
ধার্মিকরা যার মধ্য দিয়ে প্রবেশ করবে।
21 আমি তোমাকে ধন্যবাদ জানাব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ;
তুমি আমার পরিত্রাণ হয়েছ।
22 গাঁথকেরা যে পাথরটি অগ্রাহ্য করেছিল
তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।
23 সদাপ্রভু এটি করেছেন
আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য।
24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;
আমরা আনন্দ করব এবং খুশি হব।
25 হে সদাপ্রভু, আমাদের রক্ষা করো!
হে সদাপ্রভু, আমাদের সফলতা দাও।
26 ধন্য সেই ব্যক্তি যিনি সদাপ্রভুর নামে আসেন।
সদাপ্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।
27 সদাপ্রভুই ঈশ্বর,
এবং তিনি তাঁর জ্যোতি আমাদের উপর দিয়েছেন।
বলির পশু নাও,
আর দড়ি দিয়ে তা বেদির উপর বেঁধে রাখো।
28 তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার প্রশংসা করব;
তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার মহিমা করব।
29 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার প্রভুকে বলেন:
“যতক্ষণ না আমি তোমার শত্রুদের,
তোমার পাদপীঠ করি
তুমি আমার ডানদিকে বসো।”
2 সদাপ্রভু জেরুশালেম থেকে তোমার শক্তিশালী রাজ্য বিস্তার করবেন;
আর তুমি তোমার শত্রুদের উপর রাজত্ব করবে।
3 যখন তুমি যুদ্ধে যাবে,
তোমার লোকেরা স্বেচ্ছায় তোমার সেবা করবে।
তুমি পবিত্র পোশাকে সজ্জিত হবে,
আর ভোরের শিশিরের মতো
তোমার শক্তি প্রতিদিন নতুন হবে।
4 সদাপ্রভু শপথ করেছেন,
আর তিনি মন পরিবর্তন করবেন না:
“মল্কীষেদকের রীতি অনুযায়ী,
তুমি চিরকালীন যাজক।”
5 প্রভু তোমার ডানদিকে আছেন;
তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের চূর্ণ করবেন।
6 তিনি জাতিদের বিচার করবেন, আর শবদেহ দিয়ে দেশ পূর্ণ করবেন,
এবং সমস্ত পৃথিবীর শাসকদের চূর্ণ করবেন।
7 তিনি পথের মধ্যে স্রোতের জলপান করবেন,
এবং বিজয়ের কারণে তিনি ঊর্ধ্বে মাথা তুলবেন।