চারপাশের জাতিগুলির সঙ্গে যুদ্ধ

1040 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 শমূয়েল 8:1–12

1 কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করে তাদের বশীভূত করলেন, ও তিনি ফিলিস্তিনীদের হাত থেকে মেথগ-অম্মা ছিনিয়ে এনেছিলেন।

2 দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন। তিনি তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করলেন ও তাদের এক নির্দিষ্ট মাপের দড়ি দিয়ে মেপেছিলেন। এক এক করে তাদের মধ্যে দড়ির মাপানুযায়ী দুই দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে হত্যা করা হল, ও পরবর্তী এক দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হল। তাই মোয়াবীয়রা দাউদের বশীভূত হল ও তাঁর কাছে রাজকর নিয়ে এসেছিল।

3 এছাড়াও, সোবার রাজা রহোবের ছেলে হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর স্মৃতিসৌধটি পুনরুদ্ধার করতে গেলেন, তখন দাউদ তাঁকেও পরাজিত করলেন। 4 দাউদ তাঁর 1,000 রথ, 7,000 অশ্বারোহী ও 20,000 পদাতিক সৈন্য দখল করলেন। রথের সঙ্গে জুড়ে থাকা 100-টি ঘোড়া বাদ দিয়ে বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে তিনি সেগুলিকে খঞ্জ করে দিলেন।

5 দামাস্কাসের অরামীয়রা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে যন্ত্রণা করে ফেলে দিলেন। 6 তিনি দামাস্কাসের অরামীয় রাজ্যে সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং অরামীয়রা তাঁর বশীভূত হয়ে তাঁর কাছে রাজকর নিয়ে এসেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।

7 দাউদ হদদেষরের কর্মকর্তাদের অধিকারে থাকা সোনার ঢালগুলি জেরুশালেমে নিয়ে এলেন। 8 হদদেষরের অধিকারে থাকা টিভৎ ও বেরোথা নগর দুটি থেকে রাজা দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিয়ে এলেন।

9 হমাতের রাজা তোয়ু যখন শুনেছিলেন যে দাউদ হদদেষরের সম্পূর্ণ সৈন্যদলকে পরাজিত করেছেন, 10 তখন তিনি তাঁকে শুভেচ্ছা ও হদদেষরের বিরুদ্ধে যুদ্ধজয়ের অভিনন্দন জানানোর জন্য তাঁর ছেলে যোরামকে দাউদের কাছে পাঠালেন, কারণ হদদেষরের সঙ্গে তয়িরেরও অনবরত যুদ্ধ লেগেই থাকত। যোরাম সাথে করে রুপো, সোনা ও ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র নিয়ে এলেন।

11 রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, যেভাবে তিনি নিজের বশে আনা অন্য সব জাতির কাছ থেকে সংগ্রহ করা রুপো ও সোনার ক্ষেত্রেও করলেন: 12 অর্থাৎ, ইদোমীয় ও মোয়াবীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনী, এবং অমালেকীয়দের কাছ থেকে। তিনি সোবার রাজা রহোবের ছেলে হদদেষরের কাছ থেকে পাওয়া লুন্ঠিত জিনিসপত্রও উৎসর্গ করে দিলেন।

1 বংশাবলি 18:12

12 সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেলেছিলেন।

2 শমূয়েল 8:14–18

14 তিনি ইদোম দেশের সর্বত্র সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।

15 দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন। 16 সরূয়ার ছেলে যোয়াব সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার; 17 অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন যাজক; সরায় ছিলেন সচিব; 18 যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের উপর নিযুক্ত ছিলেন; এবং দাউদের ছেলেরা ছিলেন যাজক।

2 শমূয়েল 8:13

13 লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে শেষ করে ফিরে আসার পর দাউদ বিখ্যাত হয়ে গেলেন।

হদদ পালিয়ে রক্ষা পান

1 রাজাবলি 11:15–20

15 ইতিপূর্বে দাউদ যখন ইদোমীয়দের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন সৈন্যদলের সেনাপতি যোয়াব মৃত মানুষদের কবর দিতে গিয়ে ইদোমে সব পুরুষমানুষকে মেরে ফেলেছিলেন। 16 যোয়াব ও ইস্রায়েলীরা সবাই ইদোমে সব পুরুষমানুষকে মেরে না ফেলা পর্যন্ত ছয় মাস ধরে সেখানেই থেকে গেলেন। 17 কিন্তু হদদ তাঁর বাবার সেবক, কয়েকজন ইদোমীয় কর্মকর্তার সঙ্গে মিশরে পালিয়ে গেলেন, আর তখন তিনি একদম ছেলেমানুষ ছিলেন। 18 তারা মিদিয়ন থেকে যাত্রা শুরু করে পারণে গিয়ে পৌঁছেছিলেন। পরে পারণ থেকে লোকজন সংগ্রহ করে তারা মিশরে, সেখানকার রাজা ফরৌণের কাছে পৌঁছে গেলেন। তিনি হদদকে জমি-বাড়ি দিলেন ও খাবারেরও জোগান দিলেন।

19 ফরৌণ হদদের উপর এত সন্তুষ্ট হলেন যে তিনি নিজের স্ত্রী, রানি তহপনেষের বোনের সঙ্গে তাঁর বিয়ে দিলেন। 20 তহপনেষের বোন হদদের জন্য এক ছেলেসন্তান জন্ম দিলেন, যার নাম গনুবৎ। তহপনেষ তাকে রাজপ্রাসাদেই বড়ো করে তুলেছিলেন। সেখানে গনুবৎ ফরৌণের আপন ছেলেমেয়েদের সাথেই বসবাস করত।

গীত 60

সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। যখন অরাম-নহরয়িমের এবং অরাম-সোবার সঙ্গে তার যুদ্ধ হয় এবং যোয়াব যখন ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমীয়দের হত্যা করেছিলেন, তখন দাউদ এই শিক্ষামূলক গীতটি রচনা করেন। সুর: “নিয়মের কমল।”

1 হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ;

তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!

2 তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ,

দেশের ভাঙনের প্রতিকার করো কারণ দেশ কাঁপছে।

3 তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছ,

তুমি আমাদের এমন সুরা দিয়েছ যাতে আমরা টলমল হয়েছি।

4 কিন্তু যারা তোমাকে সম্ভ্রম করে, তুমি তাদের জন্য একটি পতাকা তুলেছ,

যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।

5 তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো,

যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।

6 ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন:

“জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব,

সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।

7 গিলিয়দ আমার, ও মনঃশিও আমার;

ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ,

যিহূদা আমার রাজদণ্ড।

8 মোয়াব আমার হাত ধোয়ার পাত্র,

ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব;

ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”

9 কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে?

কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?

10 হে ঈশ্বর, তুমি কি এখন আমাদের ত্যাগ করেছ?

তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?

11 আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো,

কারণ মানুষের সাহায্য নিষ্ফল।

12 ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব,

এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।