Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

1 বংশাবলি 18

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

দাউদের যুদ্ধবিজয়

1 কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করলেন ও তাদের বশীভূতও করলেন, এবং তিনি ফিলিস্তিনীদের হাত থেকে গাৎ ও সেটির চারপাশের গ্রামগুলি ছিনিয়ে নিয়েছিলেন।

2 দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন, এবং তারা তাঁর অধীনে এসে তাঁর কাছে কর নিয়ে এসেছিল।

3 এছাড়াও, সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর মিনারটি খাড়া করতে গেলেন,a তখন হমাৎ অঞ্চলে দাউদ তাঁকেও পরাজিত করলেন। 4 দাউদ তাঁর 1,000 রথ, 7,000 অশ্বারোহী ও 20,000 পদাতিক সৈন্য দখল করলেন। রথের সঙ্গে জুড়ে থাকা 100-টি ঘোড়া বাদ দিয়ে বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে তিনি সেগুলিকে খঞ্জ করে দিলেন।

5 দামাস্কাসের অরামীয়রা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে যন্ত্রণা করে ফেলে দিলেন। 6 তিনি দামাস্কাসের অরামীয় রাজ্যে সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং অরামীয়রা তাঁর বশীভূত হয়ে রাজকর নিয়ে এসেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।

7 হদদেষরের কর্মকর্তারা সোনার যে ঢালগুলি বহন করত, দাউদ সেগুলি দখল করে জেরুশালেমে নিয়ে এলেন। 8 হদদেষরের অধিকারে থাকা দুটি নগর তেভাb ও কূন থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিয়ে এলেন, যেগুলি শলোমন ব্রোঞ্জের সমুদ্রপাত্র, বেশ কয়েকটি থাম ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করলেন।

9 হমাতের রাজা তোয়ু যখন শুনেছিলেন যে দাউদ সোবার রাজা হদদেষরের সম্পূর্ণ সৈন্যদলকে পরাজিত করেছেন, 10 তখন হদদেষরের বিরুদ্ধে যুদ্ধজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য তিনি দাউদের কাছে তাঁর ছেলে হদোরামকে পাঠিয়ে দিলেন, কারণ হদদেষরের সাথে তোয়ুর প্রায়ই যুদ্ধ হত। হদোরাম সোনা, রুপো ও ব্রোঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এলেন।

11 রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, ঠিক যেভাবে ইদোম ও মোয়াব, অম্মোনীয় ও ফিলিস্তিনী এবং অমালেক: এইসব জাতির কাছ থেকে আনা সোনা ও রুপো তিনি উৎসর্গ করে দিলেন।

12 সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেলেছিলেন। 13 তিনি ইদোম দেশে সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।

দাউদের কর্মকর্তারা

14 দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন।

15 সরূয়ার ছেলে যোয়াব সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন;

অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;

16 অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলকc ছিলেন যাজক;

শবশ ছিলেন সচিব;

17 যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের তত্ত্বাবধায়ক ছিলেন;

এবং দাউদের ছেলেরা রাজার প্রধান সহকারী ছিলেন।

Translator’s notes

  1. 18:3 (a): অথবা, তাঁর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলেন
  2. 18:8 (b): অথবা, তিভৎ
  3. 18:16 (c): অথবা, অবীমেলক (2 শমূয়েল 8:17 পদও দেখুন)

1 বংশাবলি 18