দাউদকে মন্দির নির্মাণ করতে নিষেধ করা হয় (continued)

1044 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 2

1 কেন জাতিরা চক্রান্ত করে

আর লোকেরা কেন বৃথাই সংকল্প করে?

2 পৃথিবীর রাজারা উদিত হয়

এবং শাসকেরা সংঘবদ্ধ হয়

সদাপ্রভুর বিরুদ্ধে ও তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, এই বলে,

3 “এসো আমরা তাদের শিকল ভেঙে ফেলি

ও তাদের হাতকড়া ফেলে দিই।”

4 যিনি স্বর্গের সিংহাসনে উপবিষ্ট তিনি হাসেন;

প্রভু তাদের প্রতি বিদ্রুপ করেন।

5 রাগে তিনি তাদের তিরস্কার করেন

ও তাঁর ক্রোধে তিনি তাদের আতঙ্কিত করেন।

6 কারণ প্রভু ঘোষণা করেন, “আমার পবিত্র সিয়োন পর্বতে

আমি আমার রাজাকে প্রতিষ্ঠিত করেছি।”

7 আমি সদাপ্রভুর আদেশ ঘোষণা করব:

তিনি আমায় বললেন, “তুমি আমার পুত্র;

আজ আমি তোমার পিতা হয়েছি।

8 আমাকে জিজ্ঞাসা করো,

আর আমি জাতিদের তোমার অধিকার করব,

পৃথিবীর শেষ প্রান্ত তোমার অধীনস্থ হবে।

9 তুমি তাদের লোহার দণ্ড দিয়ে চূর্ণ করবে;

মাটির পাত্রের মতো তুমি তাদের ভেঙে টুকরো করবে।”

10 অতএব, হে রাজারা, তোমরা বিচক্ষণ হও;

হে পৃথিবীর শাসকবর্গ, সাবধান হও।

11 সম্ভ্রমে সদাপ্রভুর আরাধনা করো

আর কম্পিত হৃদয়ে তাঁর শাসন উদ্‌যাপন করো।

12 তাঁর পুত্রকে চুম্বন করো, নতুবা তিনি ক্রুদ্ধ হবেন

এবং তোমার পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে,

কারণ তাঁর ক্রোধ মুহূর্তে জ্বলে উঠতে পারে।

ধন্য তারা, যারা তাঁর শরণাপন্ন।

গীত 45

সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের মস্কীল। সুর: “লিলিফুলের গান।” বিবাহ সংগীত।

1 যখন আমি রাজার কাছে শ্লোক পাঠ করি

সুন্দর বাক্য আমার হৃদয়কে আলোড়িত করে;

আমার জিভ সুদক্ষ লেখকের কলমের মতো।

2 তুমি পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন,

মঙ্গলময় বাক্য তোমার মুখ থেকে নির্গত হয়,

কেননা ঈশ্বর নিজেই তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।

3 হে বলশালী যোদ্ধা, তোমার তরোয়াল বেঁধে নাও;

প্রভা ও মহিমায় নিজেকে সজ্জিত করো।

4 সত্য, নম্রতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে

নিজস্ব মহিমায় জয়লাভের দিকে অগ্রসর হও;

তোমার ডান হাত ভয়াবহ ক্রিয়াকলাপ করুক।

5 তোমার ধারালো সব তির রাজার শত্রুদের হৃদয় বিদ্ধ করুক;

আর সমস্ত জাতি তোমার পায়ের তলায় পতিত হোক।

6 হে ঈশ্বর, তোমার সিংহাসন, অনন্তকালস্থায়ী;

ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।

7 তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে ঘৃণা করে আসছ;

সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে,

তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।

8 গন্ধরস, অগুরু আর দারুচিনি তোমার সমস্ত রাজবস্ত্রকে গন্ধময় করে;

আর হাতির দাঁতের রাজপ্রাসাদে

তারের সুরযন্ত্র তোমাকে আনন্দিত করে।

9 তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছে;

তোমার ডানদিকে দাঁড়িয়ে আছে রাজবধূ, ওফীরের সোনায় সজ্জিত।

10 হে কন্যা, শোনো, আমার কথায় কর্ণপাত করো:

তোমার স্বজাতি ও তোমার বাবার বংশ ভুলে যাও।

11 তোমার সৌন্দর্যতায় রাজা মুগ্ধ হোক;

তাঁর সমাদর করো, কেননা তিনি তোমার প্রভু।

12 সোরের নগরী এক উপহার নিয়ে আসবে,

ধনী লোকেরা তোমার অনুগ্রহ প্রার্থনা করবে।

13 রাজকন্যা, তার কক্ষে সম্পূর্ণরূপে অপূর্ব

তার পোশাক সোনায় খচিত।

14 অলংকৃত পোশাকে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে;

তার কুমারী সঙ্গিনীরা, যাদের তার সঙ্গে থাকার জন্য আনা হয়েছে,

রাজকন্যাকে অনুসরণ করবে।

15 আনন্দ ও উল্লাসে অগ্রসর হয়ে,

তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।

16 তোমার সন্তানেরা তোমার বাবাদের স্থান নেবে;

তুমি তাদের সমস্ত দেশের অধিপতি করবে।

17 আমি তোমার স্মৃতি বংশপরম্পরায় চিরস্থায়ী করব;

সেইজন্য জাতিরা যুগে যুগে তোমার প্রশংসা করবে।

গীত 22

প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত।

1 ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?

আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ,

আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?

2 হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না,

রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।

3 তথাপি তুমিই পবিত্র;

ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।

4 আমাদের পূর্বপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিলেন;

তাঁরা আস্থা রেখেছিলেন, আর তুমি তাঁদের উদ্ধার করেছিলে।

5 তোমার কাছেই তাঁরা কেঁদেছিলেন ও পরিত্রাণ পেয়েছিলেন;

তোমার উপরেই তাঁরা নির্ভর করেছিলেন আর তাঁরা লজ্জিত হননি।

6 কিন্তু আমি মানুষ নই, একটি কীটমাত্র,

সব মানুষের কাছে আমি অবজ্ঞা ও ঘৃণার পাত্র।

7 যারা আমায় দেখে, তারা উপহাস করে;

তারা অপমান করে, ও মাথা নেড়ে বলে,

8 “সে সদাপ্রভুর উপর নির্ভর করে,

অতএব, সদাপ্রভুই তাকে রক্ষা করুন।

যদি সদাপ্রভু তাকে এতই ভালোবাসেন,

তবে তিনিই ওকে উদ্ধার করুন।”

9 তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ;

এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম,

তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।

10 জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি;

মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।

11 আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না,

কারণ বিপদ আসন্ন

আর কেউ আমাকে সাহায্য করার নেই।

12 আমার শত্রুরা আমাকে বলদের পালের মতো ঘিরে ধরেছে;

বাশনের শক্তিশালী বলদগুলি আমার চারপাশে রয়েছে।

13 গর্জনকারী সিংহ যেমন শিকার ছিঁড়ে খায়

তেমনই তারা আমার দিকে মুখ হাঁ করে রয়েছে।

14 আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছে,

এবং আমার সব হাড় জোড়া থেকে খুলে যাচ্ছে।

আমার হৃদয় মোমের মতো;

যা আমার অন্তরে গলে গেছে।

15 রোদে পোড়া মাটির মতো আমার শক্তি শুকিয়ে গেছে,

এবং আমার জিভ মুখের মধ্যে তালুতে লেগে রয়েছে;

তুমি আমাকে মৃত্যুর জন্য ধুলোতে শুইয়ে দিয়েছ।

16 আমার শত্রুরা কুকুরের মতো আমাকে ঘিরে ধরেছে,

দুর্বৃত্তের দল চারিদিকে বেষ্টন করেছে,

ওরা আমার হাত ও পা বিদ্ধ করেছে।

17 আমি আমার সব হাড় গুনতে পারি;

লোকেরা আমার দিকে দেখে ও কৌতুকের দৃষ্টিতে চেয়ে থাকে।

18 তারা আমার পোশাক তাদের মধ্যে ভাগ করে নেয়

আর আমার আচ্ছাদনের জন্য গুটিকাপাতের দান ফেলে।

19 কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার কাছ থেকে দূরে থেকো না,

তুমি আমার শক্তি, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো।

20 আমাকে তরোয়ালের আঘাত থেকে বাঁচাও,

এই কুকুরগুলির কবল থেকে আমার মূল্যবান জীবন উদ্ধার করো।

21 সিংহের মুখ থেকে আমাকে উদ্ধার করো;

বন্য ষাঁড়ের শিং থেকে আমাকে রক্ষা করো।

22 তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব,

সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।

23 তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো!

যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো!

ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।

24 কারণ তিনি পীড়িতদের যন্ত্রণা

অবজ্ঞা বা ঘৃণা করেননি;

তিনি তাদের কাছ থেকে তাঁর মুখ লুকাননি

কিন্তু তাদের সাহায্যের কান্না শুনেছেন।

25 মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব;

যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।

26 যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে;

যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে,

তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লসিত হবে।

27 পৃথিবীর সব প্রান্তের মানুষ

সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে,

এবং জাতিদের সব পরিবার

তাঁর সামনে নতজানু হবে,

28 কারণ আধিপত্য সদাপ্রভুরই

আর তিনি জাতিদের উপর শাসন করেন।

29 পৃথিবীর ধনীরা সবাই ভোজন করবে ও তাঁর আরাধনা করবে;

যাদের জীবন ধুলোতে শেষ হবে তারা সবাই তাঁর সামনে নতজানু হবে—

তারা যারা নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে না।

30 বংশধরেরা তাঁর সেবা করবে;

আগামী প্রজন্মকে বলা হবে সদাপ্রভুর কথা।

31 তারা তাঁর ধার্মিকতা প্রচার করবে,

যারা অজাত তাদের উদ্দেশে ঘোষণা করা হবে:

তিনি এই কাজ করেছেন!