Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

আদি পুস্তক 23

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সারার মৃত্যু

1 সারা 127 বছর বেঁচেছিলেন। 2 কনান দেশের অন্তর্গত কিরিয়ৎ-অর্বে (অথবা, হিব্রোণে) তিনি মারা গেলেন, এবং অব্রাহাম সারার জন্য শোকপ্রকাশ ও কান্নাকাটি করার জন্য (সেখানে) গেলেন।

3 পরে অব্রাহাম তাঁর স্ত্রীর মৃতদেহের পাশ থেকে উঠে এসে হিত্তীয়দেরa সাথে কথা বললেন। তিনি বললেন, 4 “আপনাদের মাঝখানে আমি একজন বিদেশি ও অপরিচিত ব্যক্তি। কবরস্থান বানানোর জন্য এখানে আমাকে কিছুটা জমি বিক্রি করে দিন, যেন আমি আমার স্ত্রীর মৃতদেহ কবর দিতে পারি।”

5 হিত্তীয়েরা অব্রাহামকে উত্তর দিল, 6 “মশাই, আমাদের কথা শুনুন। আমাদের মাঝখানে আপনি তো এক মহান রাজপুরুষ। আমাদের কবরগুলির মধ্যে আপনার পছন্দসই সেরা কবরটিতেই আপনার মৃত পরিজনকে কবর দিন। আমাদের মধ্যে কেউই আপনার মৃত পরিজনকে কবর দেওয়ার জন্য নিজের কবরটি দিতে অস্বীকার করব না।”

7 তখন অব্রাহাম উঠে দাঁড়িয়ে সেই দেশের লোকদের অর্থাৎ, হিত্তীয়দের সামনে প্রণত হলেন। 8 তিনি তাদের বললেন, “আপনারা যদি চান যে আমি আমার মৃত পরিজনকে এখানে কবর দিই, তবে আমার কথা শুনুন এবং আপনারা আমার হয়ে আমার ও সোহরের ছেলে ইফ্রোণের মাঝে মধ্যস্থতা করুন, 9 যেন তিনি তাঁর অধিকারে থাকা সেই মক্‌পেলা গুহাটি আমায় বিক্রি করেন, যেটি তাঁর জমির শেষ প্রান্তে আছে। তাঁকে বলুন, তিনি যেন সেটি সম্পূর্ণ দাম নিয়ে আপনাদের মাঝে অবস্থিত এক কবরস্থানরূপে আমায় বিক্রি করে দেন।”

10 হিত্তীয় ইফ্রোণ তাঁর লোকজনের মাঝখানে বসেছিলেন এবং যে হিত্তীয়েরা তাঁর নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত হল, তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি অব্রাহামকে উত্তর দিলেন। 11 “হে আমার প্রভু, না,” তিনি বললেন। “আমার কথা শুনুন; আমি আপনাকে সেই জমিটি দিলাম,b ও সেখানে অবস্থিত গুহাটিও দিলাম। আমার লোকজনের উপস্থিতিতেই আমি এগুলি আপনাকে দিলাম। আপনার মৃত পরিজনকে আপনি কবর দিন।”

12 অব্রাহাম আরও একবার সেই দেশের লোকদের সামনে প্রণত হলেন 13 এবং তাদের শুনিয়ে শুনিয়ে তিনি ইফ্রোণকে বললেন, “আমার কথা শুনতে চাইলে, শুনুন। আমি জমিটির দাম দেব। আমার কাছ থেকে তা গ্রহণ করুন, যেন সেখানে আমি আমার মৃত পরিজনকে কবর দিতে পারি।”

14 ইফ্রোণ অব্রাহামকে উত্তর দিলেন, 15 “হে আমার প্রভু, আমার কথা শুনুন; জমিটির দাম 400 শেকলc রুপো, কিন্তু আপনার ও আমার মধ্যে তাতে কী আসে-যায়? আপনার মৃত পরিজনকে আপনি কবর দিন।”

16 ইফ্রোণের শর্তে অব্রাহাম রাজি হলেন এবং হিত্তীয়দের কর্ণগোচরে ইফ্রোণ যে দাম ধার্য করলেন, ততখানি পরিমাণ রুপো: বণিকদের মধ্যে প্রচলিত বর্তমান ওজন অনুসারে 400 শেকল রুপো তিনি তাঁকে ওজন করে দিলেন।

17 অতএব মম্রির কাছাকাছি অবস্থিত মক্‌পেলায় ইফ্রোণের সেই জমিটি—সেখানকার জমি ও গুহা, দুটিই এবং সেই জমির সীমানার অন্তর্গত সব গাছপালা—হস্তান্তরের দলিল 18 অব্রাহামের নামে তাঁর সম্পত্তিরূপে সেই নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত সব হিত্তীয়ের উপস্থিতিতে পাকা করা হল। 19 পরে অব্রাহাম তাঁর স্ত্রী সারাকে কনান দেশে মম্রির (অর্থাৎ, হিব্রোণের) পার্শ্ববর্তী মক্‌পেলার জমিতে অবস্থিত গুহায় কবর দিলেন। 20 অতএব সেই জমি ও সেখানকার গুহাটি হিত্তীয়েরা দলিল করে এক কবরস্থানরূপে অব্রাহামের অধিকারভুক্ত করে দিল।

Translator’s notes

  1. 23:3 (a): অথবা, হেতের বংশধরদের; 5, 7, 10, 16, 18 ও 20 পদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য
  2. 23:11 (b): অথবা, বিক্রি করলাম
  3. 23:15 (c): অর্থাৎ, প্রায় 4.6 কিলোগ্রাম

আদি পুস্তক 23