ঈশ্বর অব্রাহামের পরীক্ষা নেন
অব্রাহামের পরীক্ষা।
1871 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 কিছুকাল পর ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, “অব্রাহাম!”
“আমি এখানে,” অব্রাহাম উত্তর দিলেন।
2 তখন ঈশ্বর বললেন, “তোমার ছেলেকে, তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি ভালোবাসো তাকে—সেই ইস্হাককে—নাও ও মোরিয়া প্রদেশে যাও। সেখানে এমন একটি পর্বতের উপর তাকে হোমবলিরূপে উৎসর্গ করো, যেটি আমি তোমাকে দেখিয়ে দেব।”
3 পরদিন ভোরবেলায় অব্রাহাম উঠে তাঁর গাধায় জিন চাপালেন। তিনি তাঁর দাসদের মধ্যে দুজনকে ও তাঁর ছেলে ইস্হাককে সাথে নিলেন। হোমবলির জন্য যথেষ্ট পরিমাণ কাঠ কাটার পর তিনি সেই স্থানের উদ্দেশে যাত্রা শুরু করলেন, যেটির বিষয়ে ঈশ্বর তাঁকে আগেই বলে দিয়েছিলেন। 4 তৃতীয় দিনে অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দূর থেকে সেই স্থানটি দেখলেন। 5 তিনি তাঁর দাসদের বললেন, “ছেলেটিকে সাথে নিয়ে আমি যখন সেখানে যাচ্ছি, তখন তোমরা গাধাটির সঙ্গে এখানেই থাকো। আমরা আরাধনা করব ও পরে তোমাদের কাছে ফিরে আসব।”
6 অব্রাহাম হোমবলির কাঠ নিয়ে সেগুলি তাঁর ছেলে ইস্হাকের কাঁধে চাপিয়ে দিলেন, এবং তিনি স্বয়ং আগুন ও ছুরি নিলেন। তাঁরা দুজন যখন একসাথে এগিয়ে যাচ্ছিলেন, 7 ইস্হাক মুখ খুলে তাঁর বাবা অব্রাহামকে বললেন, “বাবা?”
“বলো বাছা?” অব্রাহাম উত্তর দিলেন।
“আগুন ও কাঠ তো এখানে আছে,” ইস্হাক বললেন, “কিন্তু হোমবলির জন্য মেষশাবক কোথায়?”
8 অব্রাহাম উত্তর দিলেন, “বাছা, ঈশ্বর স্বয়ং হোমবলির জন্য মেষশাবকের জোগান দেবেন।” আর তাঁরা দুজন একসাথে এগিয়ে গেলেন।
9 ঈশ্বর যে স্থানটির কথা বলেছিলেন, তারা যখন সেখানে পৌঁছালেন, তখন অব্রাহাম সেখানে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সেটির উপর কাঠ বিছিয়ে দিলেন। তিনি তাঁর ছেলে ইস্হাককে বেঁধে সেই বেদিতে, কাঠের উপর শুইয়ে দিলেন। 10 পরে তিনি হাত বাড়িয়ে ছুরিটি ধরে তাঁর ছেলেকে হত্যা করতে উদ্যত হলেন। 11 কিন্তু সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাঁকে ডেকে বললেন, “অব্রাহাম, অব্রাহাম!”
“আমি এখানে,” তিনি উত্তর দিলেন।
12 “ছেলেটির গায়ে হাত দিয়ো না,” দূত বললেন। “ওর কোনও ক্ষতি কোরো না। এখন আমি বুঝেছি যে তুমি ঈশ্বরকে ভয় করো, কারণ আমাকে তুমি তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি।”
13 অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দেখতে পেলেন সেখানে ঝোপঝাড়ের মধ্যে একটি মদ্দা মেষ শিং আটকানো অবস্থায় পড়ে আছে। তিনি সেখানে গিয়ে মদ্দা মেষটিকে এনে তাঁর ছেলের পরিবর্তে সেটিকে এক হোমবলিরূপে উৎসর্গ করলেন। 14 অতএব অব্রাহাম সেই স্থানটির নাম দিলেন সদাপ্রভু জোগাবেন। আর আজও পর্যন্ত একথা বলা হয়ে থাকে, “সদাপ্রভুর পর্বতে তা জোগানো হবে।”
15 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার স্বর্গ থেকে অব্রাহামকে ডাক দিলেন 16 এবং বললেন, “সদাপ্রভু ঘোষণা করছেন, আমি নিজের নামে শপথ করছি, যেহেতু তুমি এই কাজটি করেছ এবং আমাকে তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি, 17 তাই অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশধরদের আকাশের তারাগুলির মতো ও সমুদ্রের বালুকণার মতো বিপুল সংখ্যক করে তুলব। তোমার বংশধররা তাদের শত্রুদের নগরগুলি দখল করে নেবে, 18 এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে, কারণ তুমি আমার বাধ্য হয়েছ।”
19 পরে অব্রাহাম তাঁর দাসদের কাছে ফিরে এলেন, এবং তাঁরা সবাই মিলে বের-শেবার উদ্দেশে যাত্রা শুরু করলেন। আর অব্রাহাম বের-শেবাতেই থেকে গেলেন।
সারার মৃত্যু ও সমাধি 1859 খ্রিস্টপূর্ব
1 সারা 127 বছর বেঁচেছিলেন। 2 কনান দেশের অন্তর্গত কিরিয়ৎ-অর্বে (অথবা, হিব্রোণে) তিনি মারা গেলেন, এবং অব্রাহাম সারার জন্য শোকপ্রকাশ ও কান্নাকাটি করার জন্য (সেখানে) গেলেন।
3 পরে অব্রাহাম তাঁর স্ত্রীর মৃতদেহের পাশ থেকে উঠে এসে হিত্তীয়দের সাথে কথা বললেন। তিনি বললেন, 4 “আপনাদের মাঝখানে আমি একজন বিদেশি ও অপরিচিত ব্যক্তি। কবরস্থান বানানোর জন্য এখানে আমাকে কিছুটা জমি বিক্রি করে দিন, যেন আমি আমার স্ত্রীর মৃতদেহ কবর দিতে পারি।”
5 হিত্তীয়েরা অব্রাহামকে উত্তর দিল, 6 “মশাই, আমাদের কথা শুনুন। আমাদের মাঝখানে আপনি তো এক মহান রাজপুরুষ। আমাদের কবরগুলির মধ্যে আপনার পছন্দসই সেরা কবরটিতেই আপনার মৃত পরিজনকে কবর দিন। আমাদের মধ্যে কেউই আপনার মৃত পরিজনকে কবর দেওয়ার জন্য নিজের কবরটি দিতে অস্বীকার করব না।”
7 তখন অব্রাহাম উঠে দাঁড়িয়ে সেই দেশের লোকদের অর্থাৎ, হিত্তীয়দের সামনে প্রণত হলেন। 8 তিনি তাদের বললেন, “আপনারা যদি চান যে আমি আমার মৃত পরিজনকে এখানে কবর দিই, তবে আমার কথা শুনুন এবং আপনারা আমার হয়ে আমার ও সোহরের ছেলে ইফ্রোণের মাঝে মধ্যস্থতা করুন, 9 যেন তিনি তাঁর অধিকারে থাকা সেই মক্পেলা গুহাটি আমায় বিক্রি করেন, যেটি তাঁর জমির শেষ প্রান্তে আছে। তাঁকে বলুন, তিনি যেন সেটি সম্পূর্ণ দাম নিয়ে আপনাদের মাঝে অবস্থিত এক কবরস্থানরূপে আমায় বিক্রি করে দেন।”
10 হিত্তীয় ইফ্রোণ তাঁর লোকজনের মাঝখানে বসেছিলেন এবং যে হিত্তীয়েরা তাঁর নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত হল, তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি অব্রাহামকে উত্তর দিলেন। 11 “হে আমার প্রভু, না,” তিনি বললেন। “আমার কথা শুনুন; আমি আপনাকে সেই জমিটি দিলাম, ও সেখানে অবস্থিত গুহাটিও দিলাম। আমার লোকজনের উপস্থিতিতেই আমি এগুলি আপনাকে দিলাম। আপনার মৃত পরিজনকে আপনি কবর দিন।”
12 অব্রাহাম আরও একবার সেই দেশের লোকদের সামনে প্রণত হলেন 13 এবং তাদের শুনিয়ে শুনিয়ে তিনি ইফ্রোণকে বললেন, “আমার কথা শুনতে চাইলে, শুনুন। আমি জমিটির দাম দেব। আমার কাছ থেকে তা গ্রহণ করুন, যেন সেখানে আমি আমার মৃত পরিজনকে কবর দিতে পারি।”
14 ইফ্রোণ অব্রাহামকে উত্তর দিলেন, 15 “হে আমার প্রভু, আমার কথা শুনুন; জমিটির দাম 400 শেকল রুপো, কিন্তু আপনার ও আমার মধ্যে তাতে কী আসে-যায়? আপনার মৃত পরিজনকে আপনি কবর দিন।”
16 ইফ্রোণের শর্তে অব্রাহাম রাজি হলেন এবং হিত্তীয়দের কর্ণগোচরে ইফ্রোণ যে দাম ধার্য করলেন, ততখানি পরিমাণ রুপো: বণিকদের মধ্যে প্রচলিত বর্তমান ওজন অনুসারে 400 শেকল রুপো তিনি তাঁকে ওজন করে দিলেন।
17 অতএব মম্রির কাছাকাছি অবস্থিত মক্পেলায় ইফ্রোণের সেই জমিটি—সেখানকার জমি ও গুহা, দুটিই এবং সেই জমির সীমানার অন্তর্গত সব গাছপালা—হস্তান্তরের দলিল 18 অব্রাহামের নামে তাঁর সম্পত্তিরূপে সেই নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত সব হিত্তীয়ের উপস্থিতিতে পাকা করা হল। 19 পরে অব্রাহাম তাঁর স্ত্রী সারাকে কনান দেশে মম্রির (অর্থাৎ, হিব্রোণের) পার্শ্ববর্তী মক্পেলার জমিতে অবস্থিত গুহায় কবর দিলেন। 20 অতএব সেই জমি ও সেখানকার গুহাটি হিত্তীয়েরা দলিল করে এক কবরস্থানরূপে অব্রাহামের অধিকারভুক্ত করে দিল।
রিবিকার পরিবার
20 কিছুকাল পর অব্রাহামকে বলা হল, “মিল্কাও মা হয়েছেন; তিনি আপনার ভাই নাহোরের জন্য এই ছেলেদের জন্ম দিয়েছেন:
21 প্রথমজাত ঊষ, তার ভাই বূষ,
কমূয়েল (অরামের বাবা),
22 কেষদ, হসো, পিলদশ, যিদলফ ও বথূয়েল।”
23 বথূয়েল রিবিকার বাবা।
মিল্কা অব্রাহামের ভাই নাহোরের জন্য এই আটটি ছেলের জন্ম দিলেন।
24 যার নাম রূমা, নাহোরের সেই উপপত্নীও এই ছেলেদের জন্ম দিল:
টেবহ, গহম, তহশ ও মাখা।