মানবজাতির প্রতি তিনজন স্বর্গদূতের আবেদন

ছোট গুটানো পুস্তকের পঞ্চম বিভাগে 1260 বছর ধরে ঈশ্বরের আত্মিক মণ্ডলীর পদদলিত অবস্থা চিত্রিত হয়েছে। মানবজাতির প্রতি তিনজন স্বর্গদূতের আবেদনের চিত্রের মাধ্যমে এতে খুব সম্ভবত লুথারের ধর্মসংস্কার, মানবজাতিকে আলোকিত করার জন্য ইংল্যান্ডের বর্তমান প্রচেষ্টা এবং ভবিষ্যতে পোপতন্ত্রের বিরুদ্ধে আরও সফল বিরোধিতার ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

96 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রকাশিত বাক্য 14:1–13

1 তারপর আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে সিয়োন পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন সেই মেষশাবক ও তাঁর সঙ্গে ছিল সেই 1,44,000 জন মানুষ, যাদের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লেখা ছিল। 2 আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হল যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে। 3 আর তাঁরা সেই সিংহাসনের সামনে এবং চারজন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া আর কেউই সেই গান শিখতে পারল না। 4 এঁরা তাঁরাই, যাঁরা নারী-সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তাঁরা নিজেদের শুচিশুদ্ধ রেখেছিলেন। মেষশাবক যেখানেই যান, তাঁরা তাঁকে অনুসরণ করেন। তাঁদের মানুষদের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছিল এবং ঈশ্বর ও সেই মেষশাবকের উদ্দেশে প্রথম ফসলরূপে তাঁদের নিবেদন করা হয়েছিল। 5 তাঁদের মুখে কোনও মিথ্যা কথা পাওয়া যায়নি, তাঁরা ছিলেন নিষ্কলঙ্ক।

6 এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্যাকাশে উড়ে যেতে দেখলাম। তাঁর কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন। 7 তিনি উচ্চকণ্ঠে বললেন, “ঈশ্বরকে ভয় করো ও তাঁকে সম্মান দাও, কারণ তাঁর বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তাঁর উপাসনা করো।”

8 দ্বিতীয় এক স্বর্গদূত তাঁকে অনুসরণ করে এসে বললেন, “পতন হল! বিশাল সেই ব্যাবিলনের পতন হল, যে তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা সমস্ত জাতিকে পান করিয়েছে।”

9 তৃতীয় এক স্বর্গদূত তাঁদের অনুসরণ করে এসে উচ্চকণ্ঠে বললেন: “যদি কেউ সেই পশুর ও তার মূর্তির পূজা করে এবং কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করে, 10 সেও ঈশ্বরের রোষের সুরা অবশ্যই পান করবে, যা ঈশ্বরের ক্রোধের পানপাত্রে পূর্ণ শক্তির সঙ্গে ঢেলে দেওয়া হয়েছে। সে পবিত্র দূতদের ও মেষশাবকের সাক্ষাতে জ্বলন্ত আগুন ও গন্ধকে যন্ত্রণা পাবে। 11 আর তাদের যন্ত্রণাভোগের ধোঁয়া যুগে যুগে চিরকাল উঠতে থাকবে। যারা সেই পশু ও তার মূর্তিকে পূজা করে, বা যে কেউ তার নামের চিহ্ন গ্রহণ করে, দিনরাত কখনও সে বিশ্রাম পাবে না।” 12 পবিত্রগণ যারা ঈশ্বরের আদেশ পালন করে ও যীশুর কাছে বিশ্বস্ত থাকে, এখানেই তাদের ধৈর্যশীল সহিষ্ণুতার পরীক্ষা হবে।

13 তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, “তুমি লেখো: ধন্য সেই মৃতজনেরা, যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে।”

পবিত্র আত্মা বলছেন, “হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে।”

ঈশ্বরের ক্রোধের শস্য ও দ্রাক্ষা সংগ্রহ

ছোট গুটানো পুস্তকের বিষয়বস্তু বলার পর ভাববাদী তৃতীয় সন্তাপের তূরী বাজার প্রসঙ্গে এগিয়ে যান, যখন সাতটি বাটি ঢালা হবে, অথবা সাতটি বজ্রধ্বনি শোনা যাবে; ছোট গুটানো পুস্তকের ভবিষ্যদ্বাণীগুলি প্রকাশ না করা পর্যন্ত স্বর্গদূত যোহনকে এগুলি লিখতে নিষেধ করেছিলেন (প্রকাশিত বাক্য 10:4)। ঘোষণা করা হয়েছিল (প্রকাশিত বাক্য 10:7) যে সপ্তম স্বর্গদূতের ধ্বনির দিনগুলিতে ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব পূর্ণ হবে। 1260 বছরের শেষে খ্রীষ্টের রাজ্য প্রতিষ্ঠার আগে যে ভয়ংকর ঘটনাগুলি ঘটবে, সেগুলি ঈশ্বরের ক্রোধের দ্রাক্ষা ও শস্য সংগ্রহের প্রতীকের মাধ্যমে বলা হয়েছে। তাঁর বিচারগুলি সম্পূর্ণ হলে ঈশ্বরের মণ্ডলীর যে বিজয় হবে, তার পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রকাশিত বাক্য 14:14–15:4

14 আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে ছিল এক সাদা রংয়ের মেঘ। সেই মেঘের উপরে “মনুষ্যপুত্রের মতো” একজনকে উপবিষ্ট দেখলাম, যাঁর মাথায় ছিল সোনার মুকুট ও হাতে ছিল এক ধারালো কাস্তে। 15 তারপর মন্দির থেকে অন্য এক স্বর্গদূত বের হয়ে, যিনি মেঘের উপরে উপবিষ্ট ছিলেন, তাঁকে উচ্চকণ্ঠে বললেন, “আপনার কাস্তে নিন ও শস্য কাটুন, কারণ শস্য কাটার সময় উপস্থিত হয়েছে, কারণ পৃথিবীর শস্য পরিপক্ব হয়েছে।” 16 তাই যিনি মেঘের উপরে উপবিষ্ট তিনি পৃথিবীর উপরে তাঁর কাস্তে চালালেন, আর পৃথিবীর শস্য কাটা হল।

17 স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন, তাঁর কাছেও ছিল ধারালো এক কাস্তে। 18 আরও একজন স্বর্গদূত বেদি থেকে বেরিয়ে এলেন। আগুনের উপরে তাঁর কর্তৃত্ব করার ক্ষমতা ছিল। যাঁর কাছে ধারালো কাস্তে ছিল, তিনি তাঁকে উচ্চকণ্ঠে ডেকে বললেন, “আপনার ধারালো কাস্তে নিন ও পৃথিবীর দ্রাক্ষালতার গুচ্ছ সংগ্রহ করুন, কারণ তার দ্রাক্ষা পরিপক্ব হয়েছে।” 19 সেই স্বর্গদূত পৃথিবীতে তাঁর কাস্তে চালালেন, তাঁর দ্রাক্ষাগুচ্ছ সংগ্রহ করলেন ও সেগুলি ঈশ্বরের ক্রোধের বিশাল দ্রাক্ষাকুণ্ডে নিক্ষেপ করলেন। 20 সেগুলি নগরের বাইরে দ্রাক্ষাকুণ্ডে পদদলিত করা হল এবং কুণ্ড থেকে রক্তস্রোত প্রবাহিত হল। তা 300 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হল ও ঘোড়ার বলগা পর্যন্ত উঠল।

15:1 আমি স্বর্গে আর একটি মহৎ ও বিস্ময়কর চিহ্ন দেখতে পেলাম: সাতজন স্বর্গদূত সাতটি অন্তিম বিপর্যয় নিয়ে আসছেন। অন্তিম, কারণ এগুলির সঙ্গেই ঈশ্বরের ক্রোধের অবসান হবে। 2 আর আমি দেখলাম, যেন আগুন মেশানো এক গনগনে কাচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেইসব মানুষ, যাঁরা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাঁদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:

“প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;

যুগপর্যায়ের রাজা,

ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।

4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে

ও তোমার নামের মহিমা করবে?

কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।

সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,

কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”

সাতজন স্বর্গদূত ক্রোধের বাটিগুলি প্রস্তুত করেন

এখন সপ্তম সন্তাপের তূরী বাজে। 1260 বছরের দর্শনের প্রথম অংশে বলা হয়েছিল যে মুসলিম শক্তিগুলির অগ্রগতি সম্পূর্ণ হলে এটি বাজবে (যা শেষ পর্যন্ত 1698 সালে শেষ হয়েছিল; প্রকাশিত বাক্য 11:15–18), এবং সেই ধর্ম উৎখাত হওয়ার সময় পর্যন্ত পূর্ব সাম্রাজ্যের ভাববাণীমূলক ইতিহাস এর মাধ্যমে সমাপ্ত করা হয়েছিল। সর্বজনীন খ্রীষ্টধর্মের দিন শুরু হওয়ার আগে পৃথিবী এবং মুসলিম, পোপতান্ত্রিক ও অবিশ্বাসী শক্তিগুলিকে শাস্তি দেওয়ার জন্য সাতজন স্বর্গদূতকে ঈশ্বরের ক্রোধের বাটিগুলি প্রস্তুত করতে দেখানো হয়েছে (1698 থেকে 1860)।

প্রকাশিত বাক্য 15:5–16:1

5 এরপরে আমি দৃষ্টিপাত করলাম, স্বর্গের মন্দির, অর্থাৎ সেই সাক্ষ্য-তাঁবু খুলে দেওয়া হল। 6 সেই মন্দির থেকে সাতটি বিপর্যয় নিয়ে বেরিয়ে এলেন সাতজন স্বর্গদূত। তারা পরিষ্কার ও উজ্জ্বল মসিনার পোশাক পরিহিত এবং তাদের বুকে ঘিরে ছিল সোনার উত্তরীয়। 7 তখন সেই চারজন জীবন্ত প্রাণীর একজন, যুগে যুগে চিরজীবী ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ সাতটি সোনার বাটি, সেই সাতজন স্বর্গদূতকে দিলেন। 8 আর সেই মন্দির ঈশ্বরের গরিমা থেকে ও তাঁর পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় পূর্ণ হল, আর ওই সাতজন স্বর্গদূতের সাতটি বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত কেউই মন্দিরে প্রবেশ করতে পারল না।

16:1 এরপর আমি মন্দিরের মধ্য থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, যা ওই সাতজন স্বর্গদূতকে বলছিল, “তোমরা যাও, গিয়ে ঈশ্বরের ক্রোধে পূর্ণ ওই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও।”

প্রথম বাটি: ফরাসি বিপ্লব

প্রথম বাটি ঢালা হয়, এবং ঈশ্বরের ক্রোধের শস্য সংগ্রহ শুরু হয়। ইসলামের অগ্রগতির শেষ এবং 1260 বছরের আসন্ন সমাপ্তির মধ্যবর্তী সময়ে কোনো গুরুতর বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই বাটি ঢালাকে আমরা ফরাসি বিপ্লবের পূর্বাভাস বলে মনে করি; পোপতান্ত্রিক ধর্মের অনুসারীদের উপর এ পর্যন্ত নেমে আসা সবচেয়ে ভয়ংকর বিপর্যয় এটি, যার প্রভাব এখনও সমগ্র সভ্য জগৎকে অস্থির করে রেখেছে। পোপতন্ত্রকে পীড়িত করবে বলে পূর্বঘোষিত ক্ষতটি হয়তো অবিশ্বাস (1789–1791)।

প্রকাশিত বাক্য 16:2

2 প্রথম স্বর্গদূত গিয়ে তাঁর বাটি পৃথিবীর উপরে ঢেলে দিলেন। এতে যারা সেই পশুর ছাপ ধারণ করেছিল ও তার মূর্তির পূজা করেছিল, তাদের গায়ে বীভৎস ও যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হল।

দ্বিতীয় বাটি: সমুদ্র রক্ত হয়ে যায়

দ্বিতীয় বাটি ঢালা হয়, এবং সমুদ্র রক্ত হয়ে যায়। এই প্রতীক হয়তো সেই রক্তক্ষয়ী যুদ্ধ ও গণহত্যাগুলির বর্ণনা দেয়, যা তখন জগৎকে পীড়িত করেছিল (1791–1794)।

প্রকাশিত বাক্য 16:3

3 দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। এতে তা মৃত মানুষের রক্তের মতো হল ও সমুদ্রের সমস্ত সজীব প্রাণী মারা পড়ল।

তৃতীয় বাটি: নদীগুলি রক্ত হয়ে যায়

তৃতীয় বাটি ঢালা হয়, এবং নদী ও জলপ্রস্রবণগুলি রক্ত হয়ে যায়। এই প্রতীকগুলি হয়তো অবিশ্বাসের দ্বারা জ্ঞানের উৎসগুলির দূষণ এবং বিপ্লবী যুদ্ধগুলির সময় ইউরোপের ছোট রাজ্যগুলিতে সংঘটিত ব্যাপক ধ্বংসযজ্ঞ বোঝায় (1794–1801)।

প্রকাশিত বাক্য 16:4–7

4 তৃতীয় স্বর্গদূত তাঁর বাটি সব নদনদী ও জলের উৎসের উপরে ঢেলে দিলেন, ও সেগুলি রক্তে পরিণত হল। 5 তখন আমি শুনলাম, জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন:

“যিনি আছেন ও যিনি ছিলেন,

সেই পবিত্রজন,

এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়,

যেহেতু তুমি এরকম বিচার করেছ;

6 কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল,

আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছ,

কারণ তারা তারই উপযুক্ত।”

7 আর আমি সেই যজ্ঞবেদির প্রত্যুত্তর শুনতে পেলাম:

“হ্যাঁ, প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

তোমার সব বিচারাদেশ যথার্থ ও ন্যায়সংগত।”

চতুর্থ বাটি: সম্ভবত নেপোলিয়নের সাম্রাজ্য

চতুর্থ বাটি ঢেলে দেওয়া হয়। পৃথিবীকে সূর্যের তাপে দগ্ধ বলে চিত্রিত করা হয়েছে। সূর্য যেহেতু সার্বভৌম ক্ষমতার সুপরিচিত প্রতীক, তাই এখানে নেপোলিয়নের সাম্রাজ্যকে বোঝানো হয়ে থাকতে পারে (1801–1814)।

প্রকাশিত বাক্য 16:8–9

8 চতুর্থ স্বর্গদূত তাঁর বাটি সূর্যের উপরে ঢেলে দিলেন। আর সূর্যকে ক্ষমতা দেওয়া হল, যেন সে আগুনের দ্বারা সব মানুষকে ঝলসে দেয়। 9 তখন প্রখর উত্তাপে তারা তাপদগ্ধ হয়ে, এই সমস্ত আঘাতের উপরে যাঁর নিয়ন্ত্রণ ছিল সেই ঈশ্বরের নামকে অভিশাপ দিতে লাগল। কিন্তু তারা মন পরিবর্তন করতে ও তাঁকে গৌরব দিতে চাইল না।

পঞ্চম বাটি: পোপতন্ত্রের অনুসারীরা যন্ত্রণায়

পঞ্চম বাটি ঢেলে দেওয়া হয়। পোপতন্ত্রের অনুসারীদের দুর্দশা ও যন্ত্রণার মধ্যে চিত্রিত করা হয়েছে। আমরা এখন এই বাটির প্রভাবাধীন সময়ে বাস করছি। সম্ভবত এই প্রতীক জ্ঞানের ক্রমবর্ধমান ও অপ্রতিরোধ্য অগ্রগতির প্রতি পোপশাসিত রোমের ঘৃণাকে বোঝায়; এই অগ্রগতি পোপতান্ত্রিক ধর্মের অসংগতি ও ভ্রান্তিগুলি প্রকাশ করে, কিন্তু সংস্কার ও অনুতাপ ঘটায় না।

প্রকাশিত বাক্য 16:10–11

10 পঞ্চম স্বর্গদূত সেই পশুর সিংহাসনের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। ফলে তার রাজ্য অন্ধকারে ছেয়ে গেল। লোকেরা যন্ত্রণায় তাদের জিভ কামড়াতে লাগল 11 এবং তাদের যন্ত্রণা ও তাদের ক্ষতের জন্য স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিল। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না।

ষষ্ঠ বাটি: তুর্কি সাম্রাজ্যের অবক্ষয়

ষষ্ঠ বাটি ঢেলে দেওয়া হয়। এই সময়ে 1260 বছরের সমাপ্তি ঘনিয়ে আসে। এই বাটির প্রতীকগুলি তুর্কি সাম্রাজ্যের আসন্ন, যদিও তখনও ক্রমশ ঘটতে থাকা পতন, ইহুদিদের পুনঃপ্রতিষ্ঠার প্রস্তুতি এবং মন্দ নীতি বা মিথ্যা ধর্মগুলির প্রভাবে প্যালেস্টাইনে খ্রীষ্টের মণ্ডলীর বিরুদ্ধে খ্রীষ্টবিরোধী শক্তিগুলির মহাজোটের সূচনাকে চিত্রিত করে।

প্রকাশিত বাক্য 16:12–16

12 ষষ্ঠ স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। এতে সেই নদীর জল শুকিয়ে গিয়ে পূর্বদিক থেকে রাজাদের আগমনের পথ সুগম করল। 13 তারপর আমি তিনটি মন্দ-আত্মা দেখলাম, যেগুলি দেখতে ছিল ব্যাঙের মতো। সেগুলি সেই নাগ-দানবের মুখ থেকে, সেই পশুর মুখ থেকে ও সেই ভণ্ড ভাববাদীর মুখ থেকে বেরিয়ে এল। 14 তারা ভূতদের আত্মা, অলৌকিক সব চিহ্নকাজ করে, আর তারা সমস্ত জগতের রাজাদের কাছে যায়, যেন সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের জন্য সেইসব রাজাদের যুদ্ধে একত্র করতে পারে।

15 “দেখো, আমি চোরের মতো আসছি! ধন্য সেই মানুষ, যে জেগে থেকে তার পোশাক সঙ্গে রাখে, যেন সে উলঙ্গ না হয় ও তার লজ্জা প্রকাশ হয়ে না পড়ে।”

16 তারপর তারা সেই রাজাদের একটি স্থানে একত্র করল, হিব্রু ভাষায় যে স্থানটির নাম হরমাগিদোন।