সপ্তম তূরী: মণ্ডলীর আনন্দ

সপ্তম তূরী বাজে। 1260 বছরের শেষে সাক্ষীদের প্রত্যাশিত বিজয়ে বিশ্বব্যাপী মণ্ডলী আনন্দ করে।

96 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রকাশিত বাক্য 11:15–18

15 সপ্তম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর স্বর্গে উচ্চনাদে এই বাণী শোনা গেল:

“জগতের রাজ্য পরিণত হল, আমাদের প্রভু ও তাঁর খ্রীষ্টের রাজ্যে,

আর তিনি যুগে যুগে চিরকাল

রাজত্ব করবেন।”

16 আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন:

17 তাঁরা বললেন,

“হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন,

আমরা তোমাকে ধন্যবাদ দিই,

কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ

ও রাজত্ব শুরু করেছ।

18 সব জাতি ক্রুদ্ধ হয়েছিল;

তাই তোমার রোষও উপস্থিত হয়েছে।

মৃতদের বিচার করার সময় এবং

তোমার দাস সেই ভাববাদীদের ও পবিত্রগণের,

আর যতজন তোমার নামে সম্ভ্রম প্রকাশ করে,

ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সবাইকে

পুরস্কার দেওয়ার জন্য—এবং

পৃথিবী-বিনাশকদের ধ্বংস করার

সময় উপস্থিত হল।”

মণ্ডলীর উপর নাগের নির্যাতন

ছোট গুটানো পুস্তকের দ্বিতীয় বিভাগ। যন্ত্রণার মধ্যে এক নারীর পুত্রসন্তান প্রসব এবং সাতটি মাথা ও দশটি শিংবিশিষ্ট এক নাগের দ্বারা তার প্রান্তরে বিতাড়িত হওয়ার প্রতীকের মাধ্যমে এতে খ্রীষ্টের মণ্ডলীর উপর সেই দুষ্ট আত্মার নির্যাতনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যে প্রথম এই জগতে মন্দ নিয়ে এসেছিল; এই মণ্ডলী প্রকৃত ও বিশ্বস্ত খ্রীষ্টিয়ানদের জন্ম দেয়। এই সংগ্রামও 606 থেকে 1866 সাল পর্যন্ত 1260 বছর স্থায়ী হয়।

প্রকাশিত বাক্য 11:19–12:17

19 তারপরে স্বর্গে ঈশ্বরের মন্দির খোলা হল এবং মন্দিরের ভিতরে তাঁর নিয়ম-সিন্দুকটি দেখা গেল। আর সেখানে বিদ্যুতের ঝলক, গুরুগম্ভীর ধ্বনি, বজ্রপাতের গর্জন, ভূমিকম্প ও বড়ো বড়ো শিলাবৃষ্টি হতে লাগল।

12:1 তারপর স্বর্গে এক বিশাল ও বিস্ময়কর চিহ্ন দেখা গেল, এক নারী, সূর্য তার পোশাক, চাঁদ তার পায়ের নিচে এবং তার মাথায় বারোটি তারাখচিত এক মুকুট। 2 সে ছিল সন্তান-সম্ভবা এবং প্রসব যন্ত্রণায় কাতর হয়ে সে আর্তনাদ করছিল। 3 এরপর মহাকাশে আর একটি চিহ্ন দেখা দিল; এক অতিকায় লাল দানব, তার ছিল সাতটি মাথা ও দশটি শিং এবং তার মাথাগুলিতে ছিল সাতটি মুকুট। 4 তার লেজ আকাশের এক-তৃতীয়াংশ তারাকে টেনে পৃথিবীতে নিক্ষেপ করল। সেই দানব, সন্তান প্রসব করতে উদ্যত সেই নারীর সামনে এসে দাঁড়াল, যেন জন্ম হওয়ামাত্র সে তার শিশুকে গ্রাস করতে পারে। 5 সেই নারী এক পুত্রসন্তানের জন্ম দিল, যিনি লোহার রাজদণ্ডের দ্বারা সব জাতিকে শাসন করবেন। তার সেই শিশুকে সেই দানবের সামনে থেকে ছিনিয়ে নিয়ে ঈশ্বর ও তাঁর সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল। 6 সেই নারী মরুপ্রান্তরে এক স্থানে পালিয়ে গেল, যে স্থান ঈশ্বর তার জন্য প্রস্তুত করেছিলেন, যেখানে তাকে 1,260 দিন পর্যন্ত প্রতিপালন করা হবে।

7 এরপর স্বর্গে এক যুদ্ধ হল। মীখায়েল ও তাঁর দূতেরা সেই দানবের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর সেই দানব ও তার দূতেরাও যুদ্ধ করল। 8 কিন্তু তার যথেষ্ট শক্তি ছিল না, তাই স্বর্গে তাদের আর কোনও স্থান হল না। 9 সেই মহাদানবকে নিচে নিক্ষেপ করা হল—এ সেই পুরাকালের সাপ, যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমস্ত জগৎকে বিপথে চালিত করে। তাকে ও তার সঙ্গে তার দূতদেরও পৃথিবীতে নিক্ষেপ করা হল।

10 এরপরে আমি স্বর্গে এক উচ্চ রব শুনতে পেলাম:

“এখন পরিত্রাণ ও পরাক্রম ও আমাদের ঈশ্বরের রাজ্য

এবং তাঁর খ্রীষ্টের কর্তৃত্ব উপস্থিত হল।

কারণ আমাদের ভাইবোনেদের বিরুদ্ধে সেই অভিযোগকারী,

যে আমাদের ঈশ্বরের সামনে

তাদের বিরুদ্ধে দিনরাত অভিযোগ করে,

সে নিক্ষিপ্ত হয়েছে।

11 মেষশাবকের রক্তের দ্বারা

ও তাদের সাক্ষ্যের বাণী দ্বারা

তারা তাকে পরাস্ত করেছে;

তারা নিজেদের প্রাণকেও এত প্রিয় জ্ঞান করেনি,

যে কারণে মৃত্যুকেও তুচ্ছজ্ঞান করেছে।

12 সেই কারণে স্বর্গলোক

ও তার অধিবাসীরা,

তোমরা আনন্দ করো!

কিন্তু পৃথিবী ও সমুদ্রের দুর্দশা হবে,

কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে গিয়েছে! সে ক্রোধে পূর্ণ,

কারণ সে জানে তার সময় সংক্ষিপ্ত।”

13 সেই দানব যখন দেখল, তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, সে সেই নারীর পিছনে ধাওয়া করল, যে পুত্রসন্তানের জন্ম দিয়েছিল। 14 সেই নারীকে একটি বড়ো ঈগল পাখির মতো দুটি ডানা দেওয়া হয়েছিল, যেন মরুপ্রান্তরে তার জন্য যে স্থান প্রস্তুত করা হয়েছে, সে সেখানে উড়ে যেতে পারে। সে সেই দানবের নাগালের বাইরে, এক বছর, দু-বছর ও ছয় মাস প্রতিপালিত হবে। 15 তারপর সেই দানবটি তার মুখ থেকে নদীর মতো জলস্রোত বের করল, যেন সেই নারীর নাগাল পায় ও তাকে জলের স্রোতে ভাসিয়ে দিতে পারে। 16 কিন্তু পৃথিবী তার মুখ খুলে সেই নারীকে সাহায্য করল এবং সে নাগ-দানবের মুখ থেকে বের হওয়া সেই নদী গিলে ফেলল। 17 তখন সেই নাগ-দানব সেই নারীর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার বংশের সেই অবশিষ্ট লোকদের সঙ্গে—যারা ঈশ্বরের আদেশ পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে—তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল।

দুষ্ট আত্মার প্রতিনিধি হলো রোমের শক্তি

ছোট গুটানো পুস্তকের তৃতীয় বিভাগ, যেখানে 1260 বছর ধরে ঈশ্বরের প্রকৃত মণ্ডলীকে নির্যাতনকারী দুষ্ট আত্মার প্রতিনিধিকে এমন সব লক্ষণ দিয়ে বর্ণনা করা হয়েছে, যা কেবল রোমের শক্তির সঙ্গেই মেলে।

প্রকাশিত বাক্য 13:1–10

1 আর সেই নাগ-দানব সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াল। আর আমি দেখলাম, একটি পশু সমুদ্রের মধ্য থেকে উঠে আসছে। তার ছিল দশটি শিং ও সাতটি মাথা এবং তার শিংগুলির উপরে দশটি মুকুট। আর প্রত্যেকটি মাথার উপরে ছিল একটি করে ঈশ্বর নিন্দাসূচক নাম। 2 যে পশুটি আমি দেখলাম, সেটি দেখতে চিতাবাঘের মতো, কিন্তু তার পা ছিল ভালুকের মতো এবং মুখ ছিল সিংহের মতো। সেই নাগ তার পরাক্রম ও তার সিংহাসন ও মহা কর্তৃত্ব সেই দানব পশুটিকে দান করল। 3 সেই পশুর একটি মাথা মনে হল যেন মারাত্মক আঘাতে আহত, কিন্তু সেই মারাত্মক আঘাতের নিরাময় করা হল। এতে সমস্ত জগৎ বিস্মিত হয়ে সেই পশুকে অনুসরণ করল। 4 লোকেরা সেই নাগ-দানবের পূজা করল, কারণ সে সেই পশুকে কর্তৃত্ব প্রদান করেছিল। আর তারা সেই পশুটিরও পূজা করে বলতে লাগল, “এই পশুর সমতুল্য কে? কে এর বিরুদ্ধে লড়াই করতে পারে?”

5 সেই পশুটিকে এমন এক মুখ দেওয়া হল, যা বহু দম্ভের বাক্য ও ঈশ্বরনিন্দার উক্তি করবে এবং বিয়াল্লিশ মাস পর্যন্ত তার কর্তৃত্ব প্রয়োগ করবে। 6 সে তার মুখ খুলে ঈশ্বরের নিন্দা, তাঁর নাম, তাঁর আবাসস্থল ও স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগল। 7 তাকে পবিত্রগণের বিরুদ্ধে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করার ক্ষমতা দেওয়া হল। আর সমস্ত গোষ্ঠী, জাতি, ভাষাভাষী ও দেশের উপরে তাকে কর্তৃত্ব দেওয়া হল। 8 এতে পৃথিবীর সমস্ত অধিবাসী সেই পশুর পূজা করবে। তাদের নাম জগৎ সৃষ্টির লগ্ন থেকে মেষশাবকের জীবনপুস্তকে লিখিত নেই।

9 যার কান আছে, সে শুনুক।

10 যদি কেউ বন্দি হওয়ার জন্য নির্ধারিত,

সে বন্দি হবে।

যদি কেউ তরোয়ালের দ্বারা হত হওয়ার জন্য নির্ধারিত,

সে তরোয়ালের দ্বারা হত হবে।

এর অর্থ, পবিত্রজনেরা ধৈর্যের সঙ্গে নিপীড়ন সহ্য করবে ও বিশ্বস্ত থাকবে।

রোমের মণ্ডলীর আত্মিক শাসন

ছোট গুটানো পুস্তকের চতুর্থ বিভাগ, যেখানে 1260 বছর ধরে ইউরোপের জাগতিক শক্তিগুলির সমর্থন ও অনুমোদনপুষ্ট রোমের মণ্ডলীর আত্মিক শাসন চিত্রিত হয়েছে।

প্রকাশিত বাক্য 13:11–18

11 তারপর আমি অন্য একটি পশু দেখলাম, সে পৃথিবীর গর্ভ থেকে উঠে এল। তার ছিল মেষশাবকের মতো দুটি শিং, কিন্তু সে দানবের মতো কথা বলত। 12 সে ওই প্রথম পশুটির পক্ষে তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করল এবং যার মারাত্মক ক্ষত নিরাময় করা হয়েছিল, সেই প্রথম পশুটির পূজা করতে পৃথিবী ও তার অধিবাসীদের বাধ্য করল। 13 আর সে মহা অলৌকিক চিহ্নকাজ করতে লাগল, এমনকি, লোকদের চোখের সামনে মহাকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনল। 14 এভাবে প্রথম পশুর সামনে যেসব চিহ্নকাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়ে সে পৃথিবীবাসীদের প্রতারণা করল। সেই পশুর সম্মানে সে তাদের একটি প্রতিমা স্থাপন করার আদেশ দিল; যে পশুকে তরোয়ালের দ্বারা আঘাত করলেও সে জীবিত ছিল। 15 তাকে ক্ষমতা দেওয়া হল যেন সে প্রথম পশুটির প্রতিমায় প্রাণবায়ু দিতে পারে ও সেই প্রতিমা কথা বলতে পারে। তখন সেই পশুর প্রতিমা আদেশ দিল যে, যারাই তাকে পূজা করতে অস্বীকার করে তাদের হত্যা করা হয়। 16 আর, সামান্য ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও ক্রীতদাস নির্বিশেষে সকলকে সে বাধ্য করল, যেন তারা তাদের ডান হাতে বা কপালে একটি ছাপ গ্রহণ করে, 17 যেন ওই ছাপ না থাকলে, কেউ কেনাবেচা করতে না পারে। সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা।

18 এতে প্রজ্ঞার প্রয়োজন হয়। যদি কারও অন্তর্দৃষ্টি থাকে, সে ওই পশুর সংখ্যা গুনে নিক, কারণ তা ছিল মানুষের সংখ্যা। সেই সংখ্যাটি হল 666।