পঞ্চম তূরী: মুহাম্মদ ও সারাসেনরা

পাশাপাশি চলা দুটি ধর্মত্যাগ—মানবজাতির শান্তি, জ্ঞান ও সুখের দুই প্রধান শত্রু, পোপতন্ত্র ও ইসলাম—এর উত্থান, অগ্রগতি ও চূড়ান্ত পতন প্রথম দুটি সন্তাপের তূরী এবং তৃতীয় সন্তাপের তূরীর অধীনে ঢেলে দেওয়া ষষ্ঠ বাটি পর্যন্ত তৃতীয় সন্তাপের তূরী দ্বারা বর্ণিত হয়েছে। পঞ্চম তূরী, অর্থাৎ প্রথম সন্তাপের তূরী, বাজে। একটি নক্ষত্রের পতন, অর্থাৎ পূর্বাঞ্চলীয় মণ্ডলীর কলুষতা, মুহাম্মদ ও সারাসেনদের ধর্মত্যাগ নিয়ে আসে; তারা 150 বছর ধরে ভ্রান্তিতে থাকা খ্রীষ্টিয়ানদের জয় করে (606 থেকে 762)।

96 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রকাশিত বাক্য 9:1–11

1 পঞ্চম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর আমি দেখলাম আকাশ থেকে একটি তারা পৃথিবীতে খসে পড়ল। সেই তারাটিকে অতল-গহ্বরের সুড়ঙ্গপথের চাবি দেওয়া হল। 2 যখন সে অতল-গহ্বরের সুড়ঙ্গপথটি খুলল, তার মধ্যে থেকে বিশাল চুল্লির ধোঁয়ার মতো একটি ধোঁয়া উঠতে লাগল। অতল-গহ্বরের সেই ধোঁয়ায় সূর্য ও চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। 3 আর সেই ধোঁয়ার মধ্য থেকে পঙ্গপাল বের হয়ে পৃথিবীতে নেমে এল। তাদেরকে পৃথিবীর কাঁকড়াবিছেদের মতোই ক্ষমতা দেওয়া হল। 4 তাদের বলা হল, তারা যেন পৃথিবীর কোনো ঘাস বা গাছপালা বা গাছের ক্ষতি না করে, কিন্তু সেইসব মানুষের ক্ষতি করে, যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই। 5 তাদের হত্যা করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু পাঁচ মাস ধরে অত্যাচার করার ক্ষমতা দেওয়া হল। আর তারা সেরকম যন্ত্রণাভোগ করল, যেমন কাঁকড়াবিছে কোনো মানুষকে হুল ফোটালে যন্ত্রণা হয়। 6 ওই দিনগুলিতে মানুষ মৃত্যুর সন্ধান করবে, কিন্তু তার সন্ধান পাবে না। তারা আকুল হয়ে মৃত্যুবরণ করতে চাইবে, কিন্তু মৃত্যু তাদের নাগাল এড়িয়ে যাবে।

7 সেই পঙ্গপালগুলি দেখতে ছিল রণসাজে সজ্জিত ঘোড়ার মতো। তাদের মাথায় ছিল সোনার মুকুটের মতো দেখতে কিছু এক জিনিস এবং তাদের মুখমণ্ডল দেখতে ছিল মানুষের মুখমণ্ডলের মতো। 8 তাদের চুল ছিল নারীর চুলের মতো এবং দাঁত ছিল সিংহের দাঁতের মতো। 9 তাদের বুকের পাটা ছিল লোহার বুকের পাটার মতো এবং তাদের ডানার আওয়াজ ছিল যুদ্ধে চলেছে এমন অনেক ঘোড়া ও রথের গুরুগম্ভীর শব্দের মতো। 10 কাঁকড়াবিছের মতো ছিল তাদের লেজ ও হুল। পাঁচ মাস ধরে মানুষকে যন্ত্রণা দেওয়ার ক্ষমতা তাদের ওই লেজে ছিল, 11 অতল-গহ্বরের এক দূত ছিল তাদের রাজা। হিব্রু ভাষায় তার নাম আবদ্দোন ও গ্রিক ভাষায়, আপল্লিয়োন।

ষষ্ঠ তূরী: চারটি সুলতানাতের আক্রমণ

দীর্ঘ বিরতির পর ষষ্ঠ তূরী বাজে। মুসলিম শক্তির চারটি সুলতানাত, যাদের রাজধানী ছিল বাগদাদ, দামাস্কাস, আলেপ্পো ও ইকনিয়, ইউফ্রেটিসের কাছে নিজেদের এলাকা ছেড়ে খ্রীষ্টিয়ানদের আক্রমণ করতে শুরু করে এবং 1281 সালে প্রথম বিজয় লাভ করে। তারা গ্রিক সাম্রাজ্য ধ্বংস করে, যার জন্য তাদের প্রস্তুত করা হয়েছিল (1453)। তারা শেষবার ভূখণ্ড অধিকার করে 1672 সালে।

প্রকাশিত বাক্য 9:12–21

12 প্রথম দুর্দশার অন্ত হল; আরও বাকি দুই দুর্দশার সময় ছিল সন্নিকট।

13 ষষ্ঠ দূত তাঁর তূরী বাজালেন, আর আমি ঈশ্বরের সামনে স্থিত সোনার বেদির শৃঙ্গগুলি থেকে এক বাণী শুনতে পেলাম। 14 তা তূরীধারী সেই ষষ্ঠ স্বর্গদূতকে বলছিল, “ইউফ্রেটিস মহানদীর কাছে যে চারজন দূত রুদ্ধ আছে, তাদের মুক্ত করে দাও।” 15 তখন যে চারজন দূতকে সেই ক্ষণ ও দিন ও মাস ও বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল, তাদের মুক্ত করা হল, যেন তারা মানবজাতির এক-তৃতীয়াংশকে হত্যা করতে পারে। 16 আর অশ্বারোহী ওই সৈন্যের সংখ্যা ছিল কুড়ি কোটি। আমি তাদের সংখ্যা শুনলাম।

17 আমি আমার দর্শনে যেসব ঘোড়া ও তাদের আরোহীদের দেখতে পেলাম, তারা দেখতে ছিল এরকম: তাদের বুকের পাটা ছিল আগুনে-লাল, ঘন নীল ও গন্ধকের মতো হলুদ রংয়ের। ঘোড়াগুলির মাথা ছিল সিংহের মাথার মতো এবং তাদের মুখ দিয়ে বের হচ্ছিল আগুন, ধোঁয়া ও গন্ধক। 18 তাদের মুখ থেকে বের হওয়া সেই তিন মহামারি, আগুন, ধোঁয়া ও গন্ধকের দ্বারা মানবজাতির এক-তৃতীয়াংশ নিহত হল। 19 ঘোড়াগুলির ক্ষমতা ছিল তাদের মুখে ও তাদের লেজে; কারণ তাদের লেজে সাপের মতো মাথা ছিল, যার দ্বারা তারা মানুষের ক্ষতি করতে পারত।

20 মানবজাতির অবশিষ্ট লোক, যারা এই সমস্ত মহামারির দ্বারা নিহত হল না, তারা তখনও তাদের হাত দিয়ে করা কাজ থেকে মন পরিবর্তন করল না; তারা ভূতদের পূজা এবং সোনা, রুপো, পিতল, পাথর ও কাঠ দ্বারা নির্মিত বিভিন্ন প্রতিমা—যে প্রতিমারা দেখতে বা শুনতে বা চলতে পারে না, তাদের পূজা করা থেকে বিরত থাকল না। 21 এছাড়াও তারা তাদের নরহত্যা, তাদের তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা, তাদের অবৈধ যৌনাচার, কিংবা তাদের চুরি করা থেকেও মন পরিবর্তন করল না।

পশ্চিম সাম্রাজ্যের জন্য একটি পৃথক গুটানো পুস্তক

পূর্ব সাম্রাজ্যের ইতিহাস পূর্বঘোষণা করার পর, এই ভবিষ্যদ্বাণী একই 1260 বছরের সময়কালে পশ্চিম সাম্রাজ্যের ইতিহাসের দিকে এগিয়ে যায়। দুটি সন্তাপের তূরী দ্বারা পূর্বঘোষিত ঘটনাগুলি থেকে একে আলাদা করার জন্য আরেকজন স্বর্গদূত ভবিষ্যদ্বাণীর এই অংশটি একটি পৃথক গুটানো পুস্তক হিসেবে যোহনকে দেন।

প্রকাশিত বাক্য 10

1 এরপর আমি অন্য একজন শক্তিশালী দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পরনে ছিল মেঘের পোশাক ও তাঁর মাথায় ছিল এক মেঘধনু। তাঁর মুখমণ্ডল ছিল সূর্যের মতো ও তাঁর পা-দুটি ছিল আগুনের স্তম্ভের মতো। 2 তাঁর হাতে ধরা ছিল ছোটো একটি পুঁথি, যা ছিল খোলা অবস্থায়। তিনি তাঁর ডান পা সমুদ্রের উপরে ও বাঁ পা শুকনো জমির উপরে রাখলেন। 3 আর তিনি সিংহের গর্জনের মতো প্রবল হুংকার দিলেন। তিনি চিৎকার করলে পর সাতটি বজ্রধ্বনি প্রত্যুত্তর করল। 4 যখন সেই সাতটি বজ্রধ্বনি কথা বলল, আমি তা লিখতে উদ্যত হলাম; কিন্তু আমি স্বর্গ থেকে এক বাণী শুনতে পেলাম, তা আমাকে বলছিল, “সাত বজ্রধ্বনির বাণী সিলমোহরাঙ্কিত করো, কিন্তু তা লিপিবদ্ধ করবে না।”

5 তখন সমুদ্র ও স্থলের উপরে দাঁড়িয়ে থাকা যে স্বর্গদূতকে আমি দেখেছিলাম, তিনি স্বর্গের দিকে তাঁর ডান হাত তুলে ধরলেন। 6 আর যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, যিনি আকাশমণ্ডল ও তার মধ্যস্থিত সবকিছু, পৃথিবী ও তার মধ্যস্থিত সবকিছু এবং সমুদ্র ও তার মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করছেন, তাঁরই নামে তিনি এই শপথ করে বললেন, “আর দেরি হবে না! 7 কিন্তু যখন সেই সপ্তম স্বর্গদূত তাঁর তূরী বাজাতে উদ্যত হবেন, ঠিক তখনই ঈশ্বরের রহস্য পরিপূর্ণতা লাভ করবে যেমন তিনি তাঁর দাস ভাববাদীদের কাছে ঘোষণা করেছিলেন।”

8 তারপর যে কণ্ঠস্বর স্বর্গ থেকে আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি আমার সঙ্গে আবার কথা বললেন: “তুমি যাও, যে স্বর্গদূত সমুদ্র ও ভূমির উপরে দাঁড়িয়ে আছে, তাঁর হাত থেকে খোলা ওই পুঁথিটি গ্রহণ করো।”

9 তাই আমি ওই স্বর্গদূতের কাছে গিয়ে, তাঁর কাছ থেকে ওই ছোটো পুঁথিটি চাইলাম। তিনি আমাকে বললেন, “এটি নাও ও খেয়ে ফেলো। এ তোমার পেটে গিয়ে টক হয়ে উঠবে, কিন্তু তোমার মুখে তা মধুর মতো মিষ্টি লাগবে।” 10 আমি ওই স্বর্গদূতের হাত থেকে ছোটো পুঁথিটি নিয়ে তা খেয়ে ফেললাম। তা আমার মুখে মধুর মতো মিষ্টি স্বাদযুক্ত মনে হল, কিন্তু তা খেয়ে ফেলার পর আমার পেট টক হয়ে গেল। 11 তখন আমাকে বলা হল, “তোমাকে আবার বহু জাতি, দেশ, ভাষাভাষী ও রাজাদের সম্পর্কে ভাববাণী বলতে হবে।”

চট পরিহিত দুই সাক্ষী

পশ্চিমাঞ্চলীয় মণ্ডলীর ভাববাণীমূলক ইতিহাসসংবলিত ছোট গুটানো পুস্তকটি পাঁচটি অংশে বিভক্ত। প্রথম অংশে চট পরে ভাববাণী বলা দুই সাক্ষীর বর্ণনার মাধ্যমে নামমাত্র খ্রীষ্টিয়ান ও আত্মিক খ্রীষ্টিয়ানদের মধ্যে বিচ্ছেদ এবং শাস্ত্র ও তার প্রকৃত ব্যাখ্যাকারীদের প্রতি অবজ্ঞা, ব্যাপক উপেক্ষা ও ঘৃণা চিত্রিত হয়েছে। এতে পূর্বঘোষণা করা হয়েছে যে এই সাক্ষীরা 1260 বছরের সামান্য কম সময় ধরে ভাববাণী বলবেন, যতক্ষণ না চট পরে তাঁদের সাক্ষ্য দেওয়া শেষের দিকে পৌঁছায়; তখন তাঁদের হত্যা করা হবে, তাঁরা আবার জীবিত হয়ে উঠবেন এবং তাঁদের মৃত্যুতে যারা আনন্দ করেছিল তাদের উপর বিজয়ী হবেন। সপ্তম তূরী বাজার আগে এটি ঘটবে। প্রকাশিত বাক্যের এই অংশটি অত্যন্ত দুর্বোধ্য: এটি ছোট গুটানো পুস্তকের বিষয়বস্তুর একটি সাধারণ ভূমিকা হতে পারে (606–1866)।

প্রকাশিত বাক্য 11:1–14

1 আমাকে মাপকাঠির মতো একটি নলখাগড়া দেওয়া হল ও বলা হল, “তুমি যাও, গিয়ে ঈশ্বরের মন্দির ও তাঁর বেদি পরিমাপ করো ও সেখানকার উপাসকদের সংখ্যা গুনে নাও। 2 কিন্তু বাইরের প্রাঙ্গণটি বাদ দেবে; সেটার পরিমাপ কোরো না, কারণ তা অইহুদিদের দেওয়া হয়েছে। তারা 42 মাস পর্যন্ত পবিত্র নগরকে পদদলিত করবে। 3 আর আমি আমার দুই সাক্ষীকে ক্ষমতা দেব। তাঁরা চটের পোশাক পরে 1,260 দিন ভাববাণী বলবে।” 4 তাঁরাই সেই দুই জলপাই গাছ ও দুই দীপাধার, যাঁরা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে থাকে। 5 কেউ যদি তাঁদের কোনো ক্ষতি করতে চায়, তবে তাঁদের মুখ থেকে আগুন বেরিয়ে এসে তাঁদের শত্রুদের গ্রাস করে। এভাবে, যারা তাদের ক্ষতি করতে চায়, অবশ্যই তাদের মৃত্যু হবে। 6 আকাশ রুদ্ধ করার ক্ষমতা থাকবে তাঁদের, যেন যতদিন তাঁরা ভাববাণী বলেন, কোনও বৃষ্টি না হয়। জলকে রক্তে পরিণত করার এবং তাঁরা যতবার যখনই চায়, সব প্রকার মহামারিতে পৃথিবীকে আঘাত করার ক্ষমতা তাঁদের আছে।

7 তাঁরা নিজেদের সাক্ষ্য শেষ করলে পরে, যে পশু সেই অতল-গহ্বর থেকে উঠে আসবে, সে তাঁদের আক্রমণ করবে, বিজয়ী হবে ও তাঁদের হত্যা করবে। 8 তাঁদের মৃতদেহ মহানগরীর পথে পড়ে থাকবে। এই নগরীকেই আলংকারিকরূপে সদোম ও মিশর বলে, যেখানে তাঁদের প্রভুও ক্রুশার্পিত হয়েছিলেন। 9 সাড়ে তিন দিন যাবৎ প্রত্যেক জাতি, গোষ্ঠী, ভাষাভাষী ও দেশের মানুষ তাঁদের মৃতদেহের দিকে চেয়ে থাকবে ও তাঁদের কবর দেওয়ার অনুমতি দেবে না। 10 পৃথিবীর অধিবাসীরা তাঁদের কারণে উল্লসিত হবে এবং পরস্পরকে উপহার পাঠিয়ে আনন্দ উদ্‌যাপন করবে, কারণ এই দুই ভাববাদী পৃথিবী নিবাসীদের যন্ত্রণা দিত।

11 কিন্তু সাড়ে তিন দিন পরে ঈশ্বরের কাছ থেকে আগত প্রাণবায়ু তাঁদের মধ্যে প্রবেশ করল। তাঁরা তাঁদের পায়ে ভর দিয়ে দাঁড়ালেন; যারা তাঁদের দেখল, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। 12 এরপর তাঁরা শুনলেন, স্বর্গ থেকে কেউ উচ্চকণ্ঠে তাঁদের বলছেন, “এখানে উঠে এসো।” আর তাঁদের শত্রুদের চোখের সামনেই এক মেঘযোগে স্বর্গে উঠে গেলেন।

13 আর সেই মুহূর্তে এক তীব্র ভূমিকম্প হল এবং সেই নগররীর এক-দশমাংশ ধসে পড়ল। সেই ভূমিকম্পে সাত হাজার মানুষ নিহত হল, আর যারা রক্ষা পেল, তারা আতঙ্কিত হয়ে স্বর্গের ঈশ্বরের গৌরব করল।

14 দ্বিতীয় দুর্দশার অবসান হল; শীঘ্রই তৃতীয় দুর্দশা এসে উপস্থিত হবে।