প্রথম সিলমোহর: সুসমাচার জয়লাভ করে
প্রথম সিলমোহর খোলা হয়। এর পরের দর্শন ইহুদি ও পরজাতীয়দের উপর সুসমাচারের ব্যাপক বিজয় ঘোষণা করে।
96 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 পরে আমি দেখলাম, সেই মেষশাবক সাতটি সিলমোহরের প্রথমটি খুললেন। তারপর আমি শুনলাম, ওই চারজন জীবন্ত প্রাণীর মধ্যে একজন বজ্রগম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন, “এসো!” 2 আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক সাদা রংয়ের ঘোড়া! এর আরোহীর হাতে ধনুক, আর তাঁকে একটি মুকুট দেওয়া হল, আর তিনি বিজয়ীর মতো জয়লাভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
দ্বিতীয় সিলমোহর: ইহুদিরা ছত্রভঙ্গ
দ্বিতীয় সিলমোহর খোলা হয়। এটি ট্রাজান ও হ্যাড্রিয়ানের শাসনকালে ইহুদিদের উপর নৃশংস নির্যাতন ও তাদের সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কথা ঘোষণা করে (102–138)।
3 মেষশাবক যখন দ্বিতীয় সিলমোহরটি খুললেন, আমি শুনতে পেলাম, দ্বিতীয় জীবন্ত প্রাণী বললেন, “এসো!” 4 তখন আগুনের মতো লাল রংয়ের দ্বিতীয় একটি ঘোড়া বের হয়ে এল। এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার ও মানুষের মধ্যে একে অপরকে হত্যা করে ক্ষমতা দেওয়া হল। তাকে দেওয়া হল লম্বা এক তরোয়াল।
তৃতীয় সিলমোহর: শান্তি ও প্রাচুর্য
তৃতীয় সিলমোহর খোলা হয়। এটি সেপ্টিমিয়াস সেভেরাসের পরিবারের শাসনকালের শান্তি ও প্রাচুর্যের কথা ঘোষণা করে (193–235)।
5 মেষশাবক যখন তৃতীয় সিলমোহরটি খুললেন, আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এসো!” আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক কালো রংয়ের ঘোড়া। এর আরোহীর হাতে একটি দাঁড়িপাল্লা। 6 তারপর আমি শুনতে পেলাম, সেই চারজন জীবন্ত প্রাণীর কোনো একজনের কণ্ঠস্বর, বলে উঠল, “এক কিলো গমের দাম এক দিনার ও তিন কিলো যবের দাম এক দিনার, এবং তুমি তেল বা দ্রাক্ষারসের অপচয় কোরো না!”
চতুর্থ সিলমোহর: যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারি
চতুর্থ সিলমোহর খোলা হয়। এটি ম্যাক্সিমিনাস, ডেসিয়াস ও ভ্যালেরিয়ানের শাসনকালে ব্যাপকভাবে চলা নিষ্ঠুর যুদ্ধ, দুর্ভিক্ষ, নির্যাতন ও মহামারির কথা ঘোষণা করে (255–271)।
7 মেষশাবক যখন চতুর্থ সিলমোহর খুললেন, আমি শুনতে পেলাম চতুর্থ জীবন্ত প্রাণীর কণ্ঠস্বর বলছে, “এসো!” 8 আমি তাকিয়ে দেখলাম আর আমার সামনে এক পাণ্ডুর রংয়ের ঘোড়া! এর আরোহীর নাম মৃত্যু, পাতাল ঘনিষ্ঠভাবে তাকে অনুসরণ করছে। তাদের ক্ষমতা দেওয়া হল যেন তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা পৃথিবীর এক-চতুর্থাংশ প্রাণীকে হত্যা করে।
পঞ্চম সিলমোহর: পৌত্তলিকদের শেষ নির্যাতন
পঞ্চম সিলমোহর খোলা হয়। এটি খ্রীষ্টধর্মের উপর পৌত্তলিকদের শেষ নির্যাতন এবং খ্রীষ্টিয়ানদের ভয়ের কথা ঘোষণা করে (286–301)।
9 তিনি যখন পঞ্চম সিলমোহরটি খুললেন তখন আমি বেদির নিচে তাঁদের প্রাণকে দেখলাম, যারা ঈশ্বরের বাক্য ও তাদের অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন। 10 তাঁরা উচ্চস্বরে বলে উঠলেন, “পবিত্র ও সত্যময়, সর্বশক্তিমান প্রভু, পৃথিবী নিবাসীদের বিচার করতে ও আমাদের রক্তের প্রতিশোধ নিতে আর কত কাল দেরি করবেন?” 11 তখন তাঁদের প্রত্যেককে একটি করে সাদা পোশাক দেওয়া হল এবং তাঁদের বলা হল, আর অল্প সময় অপেক্ষা করতে, যতক্ষণ না তাঁদেরই মতো তাঁদের সহদাস ও ভাইবোনদের হত্যা করা হবে ও তাঁদের সংখ্যা পূর্ণ হবে।
ষষ্ঠ মুদ্রা: পৌত্তলিকতার পতন
ষষ্ঠ মুদ্রা খোলা হয়। এতে পৌত্তলিকতার চূড়ান্ত পতনের সময় রোমীয় সাম্রাজ্যের উথালপাথাল এবং তার স্থানে খ্রীষ্টিয়ান মণ্ডলীর বিজয়ী প্রতিষ্ঠা চিত্রিত হয়েছে। দর্শনের এই অংশে প্রথম যুগের শহীদদের অনন্ত সুখ এবং ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশে তাঁদের প্রশংসারও ইঙ্গিত রয়েছে (323)।
12 পরে আমি দেখলাম, তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হল। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রংয়ের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রংয়ে রূপান্তরিত হল, 13 আর ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে সেভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল। 14 যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয় সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হল।
15 তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র ও রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী, এবং সকলে, ক্রীতদাস ও সব স্বাধীন মানুষ বিভিন্ন গুহায় ও পর্বতশিলায় নিজেদের লুকিয়ে রাখল। 16 তারা পর্বতসকল ও মহাশিলাকে ডেকে বলতে লাগল, “আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর সামনে থেকে ও মেষশাবকের কোপ থেকে আমাদের লুকিয়ে রাখো! 17 কারণ তাঁদের ক্রোধ প্রকাশের মহাদিন এসে পড়েছে, আর কে তাঁর সামনে দাঁড়াতে পারে?”
7:1 এরপরে আমি দেখলাম চারজন স্বর্গদূত, তাঁরা পৃথিবীর চার কোণে দাঁড়িয়ে আছেন এবং তাঁরা পৃথিবীর চার বায়ুকে পিছন দিকে টেনে ধরে রেখেছেন, যেন ভূমিতে বা সমুদ্রে বা কোনো গাছের উপরে বাতাস প্রবাহিত না হয়। 2 তারপর আমি আর একজন স্বর্গদূতকে পূর্বদিক থেকে আসতে দেখলাম, তাঁর কাছে ছিল জীবন্ত ঈশ্বরের সিলমোহর। তিনি সেই চার স্বর্গদূত, যাঁদের ভূমি ও সমুদ্রের উপর অনিষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল তাঁদের উদ্দেশে উচ্চস্বরে বললেন: 3 “আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে সিলমোহর দিয়ে ছাপ দিতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভূমি বা সমুদ্র বা গাছগুলির প্রতি কোনো অনিষ্ট কোরো না।” 4 পরে আমি ওই সিলমোহরাঙ্কিত লোকদের সংখ্যার কথা শুনতে পেলাম। তারা ছিল ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর 1,44,000 জন।
5 যিহূদা গোষ্ঠী থেকে মোহরাঙ্কিত 12,000 জন,
রূবেণ গোষ্ঠী থেকে 12,000 জন,
গাদ গোষ্ঠী থেকে 12,000 জন,
6 আশের গোষ্ঠী থেকে 12,000 জন,
নপ্তালি গোষ্ঠী থেকে 12,000 জন,
মনঃশি গোষ্ঠী থেকে 12,000 জন,
7 শিমিয়োন গোষ্ঠী থেকে 12,000 জন,
লেবি গোষ্ঠী থেকে 12,000 জন,
ইষাখর গোষ্ঠী থেকে 12,000 জন,
8 সবূলূন গোষ্ঠী থেকে 12,000 জন,
যোষেফ গোষ্ঠী থেকে 12,000 জন,
বিন্যামীন গোষ্ঠী থেকে 12,000 জন মোহরাঙ্কিত হল।
9 এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম যাদের গণনা করার সামর্থ কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 10 তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল,
“পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট
আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”
11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:
“আমেন!
প্রশংসা ও মহিমা,
প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,
পরাক্রম ও শক্তি
চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।
আমেন!”
13 তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, “সাদা পোশাক পরিহিত এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছেন?”
14 আমি উত্তর দিলাম, “মহামান্য, আপনিই তা জানেন।”
তখন তিনি বললেন, “এরা সেই লোক, যারা মহাসংকটকাল থেকে উত্তীর্ণ হয়ে এসেছে; তারা মেষশাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কার করেছে ও তা সাদা করছে। 15 এই কারণে,
“তারা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে,
আর তারা দিনরাত তাঁর মন্দিরে তাঁর সেবা করে;
আর যিনি সিংহাসনে উপবিষ্ট,
তিনি তাদের আশ্রয় দেবেন।
16 ‘আর তারা কখনও ক্ষুধার্ত হবে না,
আর তারা কখনও তৃষ্ণার্ত হবে না।
সূর্যের প্রচণ্ড তাপ বা প্রখর উত্তাপ,’
তাদের গায়ে লাগবে না।
17 কারণ সিংহাসনের কেন্দ্রে স্থিত মেষশাবক
তাদের পালক হবেন;
‘তিনি তাদের জীবন্ত জলের উৎসের দিকে নিয়ে যাবেন।’
‘আর ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে দেবেন।’”
সপ্তম মুদ্রা: তূরী হাতে সাতজন স্বর্গদূত
সপ্তম মুদ্রা খোলা হয়। সাতটি তূরী হাতে সাতজন স্বর্গদূত স্বর্গে উপস্থিত হন। এখন বিশ্রামে থাকা খ্রীষ্টিয়ানদের কৃতজ্ঞতাপূর্ণ প্রার্থনা এবং ঈশ্বরের সেই প্রার্থনা গ্রহণের কথা ঘোষণা করা হয়; সেই সঙ্গে বর্বর জাতিগুলির হাতে সাম্রাজ্যের আসন্ন ধ্বংসের কথাও ঘোষিত হয়।
1 তিনি যখন সপ্তম সিলমোহরটি খুললেন, তখন স্বর্গে প্রায় আধ ঘণ্টা পর্যন্ত নিস্তব্ধতা পরিলক্ষিত হল।
2 আর আমি ঈশ্বরের সামনে সেই সাতজন স্বর্গদূতকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাঁদেরকে সাতটি তূরী দেওয়া হল।
3 অন্য একজন স্বর্গদূত এসে বেদির কাছে দাঁড়ালেন। তাঁর কাছে ছিল একটি সোনার ধূপদানী। তাঁকে প্রচুর ধূপ দেওয়া হল, যেন তিনি সিংহাসনের সামনে সব পবিত্রগণের প্রার্থনার সময় তা সোনার বেদিতে উৎসর্গ করেন। 4 পবিত্রগণের প্রার্থনার সঙ্গে মিশ্রিত সেই ধূপের ধোঁয়া, সেই স্বর্গদূতের হাত থেকে ঊর্ধ্বে ঈশ্বরের কাছে উঠে গেল। 5 তারপরে সেই স্বর্গদূত ধূপদানীটি নিয়ে বেদি থেকে আগুন নিয়ে তা পূর্ণ করলেন এবং পৃথিবীতে তা নিক্ষেপ করলেন; এতে বজ্রপাতের গর্জন, গুরুগম্ভীর ধ্বনি, বিদ্যুতের ঝলকানি ও ভূমিকম্প হল।
প্রথম তূরী: উত্তরের জাতিগুলির আক্রমণ
সাতটি তূরীধ্বনির সঙ্গে রোমীয় শক্তির পতনের এক নতুন যুগ শুরু হয়; এই শক্তি এতকাল পাপপুরুষকে দমন করে রেখেছিল। প্রথম তূরী বাজে। এর পরের বিস্ময়কর ঘটনাগুলি উত্তরের বর্বর জাতিগুলির রোমীয় সাম্রাজ্য আক্রমণের পূর্বাভাস দেয় (323–412)।
6 পরে সাত তূরীধারী সেই সাতজন স্বর্গদূত তূরীগুলি বাজাবার জন্য প্রস্তুত হলেন।
7 প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর রক্তমিশ্রিত শিলা ও আগুন উপস্থিত হল ও তা পৃথিবীতে নিক্ষিপ্ত হল। এতে পৃথিবীর এক-তৃতীয়াংশ আগুনে পুড়ে গেল, এক-তৃতীয়াংশ গাছ আগুনে পুড়ে গেল ও সমস্ত সবুজ ঘাস আগুনে পুড়ে গেল।
দ্বিতীয় তূরী: ভ্যান্ডালদের বিজয়
দ্বিতীয় তূরী বাজে। জেনসেরিকের নেতৃত্বে ভ্যান্ডাল ও অ্যালানরা পশ্চিম রোমীয় সাম্রাজ্যের রাজনৈতিক শক্তি ধ্বংস করে (395–455)।
8 দ্বিতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর প্রজ্বলিত বিশাল পর্বতের মতো একটি বস্তু সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হল। এতে সমুদ্রের এক-তৃতীয়াংশ রক্তে পরিণত হল, 9 সমুদ্রের জীবন্ত প্রাণীদের এক-তৃতীয়াংশ মারা গেল ও জাহাজসমূহের এক-তৃতীয়াংশ ধ্বংস হল।
তৃতীয় তূরী: জল তিক্ত হয়ে যায়
তৃতীয় তূরী বাজে। এতে হয়তো পশ্চিমের শেষ রোমীয় সম্রাট অগাস্টুলাসের অপসারণের; অথবা উচ্চাকাঙ্ক্ষী মণ্ডলীনেতাদের ধর্মত্যাগ বা কলুষতার; অথবা অগাস্টিনের মতামতের প্রসারের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা অন্য সব মতের চেয়ে বেশি করে জীবনের জল তিক্ত করেছে এবং খ্রীষ্টিয়ান ঐক্য ধ্বংস করেছে (455–476)।
10 তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে এক-তৃতীয়াংশ নদনদীর ও জলের সমস্ত উৎসের উপরে পতিত হল। 11 এই তারাটির নাম সোমরাজ। এতে এক-তৃতীয়াংশ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হল।
চতুর্থ তূরী: রোমের শেষ কর্তৃত্বের অবসান
চতুর্থ তূরী বাজে। এতে 606 সাল পর্যন্ত ইতালিতে রোমের বিজেতাদের, জাস্টিনিয়ানের সেনাপতিদের এবং গথদের মধ্যে যুদ্ধ ও রাভেন্নার এক্সার্কশাসন প্রতিষ্ঠার ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যা রোমের অবশিষ্ট সমস্ত কর্তৃত্ব মুছে দেয়।
12 চতুর্থ স্বর্গদূত তাঁর তূরী বাজালেন। এতে সূর্যের এক-তৃতীয়াংশ, চাঁদের এক-তৃতীয়াংশ ও তারাগণের এক-তৃতীয়াংশ আঘাতপ্রাপ্ত হল, এভাবে তাদের প্রত্যেকের এক-তৃতীয়াংশ অন্ধকারময় হল। ফলে দিনের এক-তৃতীয়াংশ ও রাতের এক-তৃতীয়াংশ আলোকশূন্য হল।
দুটি মহা ধর্মত্যাগের পথ প্রস্তুত
মানবজাতির ইতিহাসে এখন আরেকটি স্মরণীয় পর্ব শুরু হয়। খ্রীষ্টিয়ানদের মধ্যে ব্যাপক কলুষতা এবং সাম্রাজ্যের রাজনৈতিক দুর্বলতা দুটি মহা ধর্মত্যাগের পথ প্রস্তুত করে, যা 1260 বছর স্থায়ী হবে এবং পূর্ব ও পশ্চিম সাম্রাজ্যে একসঙ্গে উত্থিত হবে (606)।
13 আমি যখন তাকিয়ে দেখছিলাম, আমি মধ্য-আকাশে উড়ে যাওয়া এক ঈগল পাখির রব শুনলাম, সে উচ্চকণ্ঠে চিৎকার করে বলল, “আরও তিনজন স্বর্গদূত, যাঁরা তূরী বাজাতে উদ্যত, তাঁদের তূরীধ্বনির জন্য পৃথিবীর অধিবাসীদের প্রতি দুর্দশা, দুর্দশা, দুর্দশাই হবে!”