সার্দি ও যেসব মণ্ডলীর উদ্যম হ্রাস পাচ্ছে তাদের প্রতি
সার্দির মণ্ডলী এবং নিজেদের উদ্যম ও বিশ্বস্ততা হ্রাস পেতে দেয় এমন সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
96 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 “সার্দিতে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি ঈশ্বরের সপ্ত-আত্মা ও সাতটি তারা ধারণ করেন, তিনিই একথা বলেন:
আমি তোমার কাজকর্মগুলি জানি; তুমি তো নামে মাত্র জীবিত আছ, আসলে তুমি মৃত। 2 তুমি জেগে ওঠো! কেননা এখনও যা কিছু অবশিষ্ট আছে অথচ মৃতপ্রায়, সেগুলিতে শক্তি সঞ্চার করো, কারণ আমি তোমার কোনও কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সুসম্পূর্ণ দেখিনি। 3 অতএব স্মরণ করো, তুমি যা যা পেয়েছ ও শুনেছ; তা পালন করো ও মন পরিবর্তন করো। কিন্তু তুমি যদি জেগে না-ওঠো, তাহলে আমি চোরের মতো আসব, আর আমি কখন তোমার কাছে আসব, তা তুমি জানতেই পারবে না। 4 তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে, যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সান্নিধ্যে জীবনযাপন করবে, কারণ তারা যোগ্য। 5 যে বিজয়ী হবে, সেও তাদের মতোই সাদা পোশাক পরবে। আমি জীবনপুস্তক থেকে তার নাম কখনও মুছে ফেলব না, কিন্তু আমার পিতার ও তাঁর দূতদের সামনে তার নাম স্বীকার করব। 6 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন।
ফিলাদেলফিয়া ও বিশ্বস্ত, উদ্যমী মণ্ডলীগুলির প্রতি
ফিলাদেলফিয়ার মণ্ডলী এবং নিজেদের সুযোগ ও সামর্থ্য অনুযায়ী উদ্যম ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করে এমন সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
7 “ফিলাদেলফিয়ায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি পবিত্র ও সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, তিনিই একথা বলেন: তিনি যা খোলেন, কেউ তা বন্ধ করতে পারে না এবং তিনি যা বন্ধ করেন, কেউ তা খুলতে পারে না।
8 আমি তোমার কাজকর্মগুলি জানি। দেখো, আমি তোমার সামনে এক দরজা খুলে রেখেছি, যা কেউ বন্ধ করতে পারে না। আমি জানি তোমার শক্তি অল্প আছে, তা সত্ত্বেও তুমি আমার বাক্য পালন করেছ এবং আমার নাম অস্বীকার করোনি। 9 দেখো, যারা শয়তানের সমাজের লোক, যারা নিজেদের ইহুদি বলে দাবি করলেও ইহুদি নয়, তারা মিথ্যাবাদী—আমি তাদের নিয়ে এসে তোমার পায়ে প্রণাম করতে বাধ্য করব, আর তারা স্বীকার করবে যে, আমি তোমাকে ভালোবেসেছি। 10 যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে। 11 আমি শীঘ্রই আসছি। তোমার কাছে যা আছে, সযত্নে ধরে থাকো, যেন কেউই তোমার মুকুট কেড়ে নিতে না পারে। 12 যে বিজয়ী হয়, তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভস্বরূপ করব। তারা কখনও সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম ও আমার ঈশ্বরের সেই নগর সেই নতুন জেরুশালেমের নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে নেমে আসছে; এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব। 13 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন।
লায়োদেকিয়া ও ধনী, অহংকারী, ঈষদুষ্ণ মণ্ডলীগুলির প্রতি
লায়োদেকিয়ার মণ্ডলী এবং ধনী, অহংকারী ও ঈষদুষ্ণ সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
14 “লায়োদেকিয়া অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি আমেন, সেই বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী, ঈশ্বরের সৃষ্টির শাসনকর্তা, তিনিই একথা বলেন:
15 আমি তোমার কাজকর্মগুলি জানি, তুমি উত্তপ্ত নও, তুমি শীতলও নও। আমি চাইছিলাম, তুমি হয় উত্তপ্ত হও, নয় শীতল হও! 16 তাই, তুমি যেহেতু নাতিশীতোষ্ণ, অর্থাৎ না উত্তপ্ত, না শীতল, তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমি করে ফেলতে উদ্যত হয়েছি। 17 তুমি বলে থাকো, ‘আমি ধনী; আমি প্রচুর ধনসম্পদ সংগ্রহ করেছি, তাই আমার আর কোনও প্রয়োজন নেই।’ কিন্তু তুমি বুঝতেই পারছ না যে, তুমিই হলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন। 18 আমি তোমাকে একটি পরামর্শ দিই, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত হওয়া সোনা কিনে নাও যেন তুমি ধনী হতে পারো; গায়ে পরবার জন্য সাদা পোশাক যেন তোমার লজ্জাজনক নগ্নতা ঢাকা দিতে পারো; ও দুই চোখে লাগানোর জন্য কাজল যেন তুমি দেখতে পাও। 19 আমি যাদের প্রেম করি, তাদের আমি তিরস্কার করি ও শাসন করি। তাই আন্তরিক আগ্রহ দেখাও ও মন পরিবর্তন করো। 20 দেখো আমি তোমার কাছেই আছি! এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি ও কড়া নাড়ছি, যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। 21 যে বিজয়ী হয়, তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অধিকার দেব, ঠিক যেমন আমি বিজয়ী হয়ে আমার পিতার সঙ্গে তাঁর সিংহাসনে বসেছি। 22 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন।”
সমস্ত সৃষ্টি যীশু খ্রীষ্টের উপাসনা করে
খ্রীষ্টধর্মের ঈশ্বর যীশু খ্রীষ্টের উপাসনায় সমস্ত সৃষ্টির যোগ দেওয়ার একটি চিত্র দিয়ে যোহনের দর্শনগুলি শুরু হয়।
1 এরপরে আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে স্বর্গে একটি দুয়ার খোলা রয়েছে; আর প্রথমে যে কণ্ঠস্বর আমি শুনেছিলাম যা তূরীধ্বনির মতো আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি বললেন, “তুমি এখানে উঠে এসো, এরপরে যা অতি অবশ্যই ঘটবে, সেসব আমি তোমাকে দেখাব।” 2 আমি সেই মুহূর্তেই পবিত্র আত্মায় আবিষ্ট হলাম এবং দেখলাম আমার সামনে স্বর্গের সিংহাসন রাখা আছে এবং এক ব্যক্তি তার উপরে উপবিষ্ট। 3 এবং উপবিষ্ট সেই ব্যক্তির চেহারা সূর্যকান্ত ও সার্দীয় মণির মতো। সেই সিংহাসনকে ঘিরে ছিল পান্নার মতো এক মেঘধনু। 4 সেই সিংহাসনের চারদিকে ছিল আরও চব্বিশটি সিংহাসন, সেগুলির উপরে উপবিষ্ট ছিলেন চব্বিশজন প্রাচীন ব্যক্তি। তাদের পরনে ছিল সাদা পোশাক ও তাদের মাথায় ছিল সোনার মুকুট। 5 সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছিল বিদ্যুতের ঝলক, গুরুগম্ভীর ধ্বনি ও বজ্রপাতের গর্জন। সিংহাসনের সামনে রাখা ছিল সাতটি জ্বলন্ত প্রদীপ, যেগুলি ঈশ্বরের সপ্ত-আত্মা। 6 এছাড়াও, সিংহাসনের সামনেটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, যেন কাচের একটি সমুদ্র।
মাঝখানে, সিংহাসনের চারদিকে ছিলেন চার জীবন্ত প্রাণী, এবং তাদের সামনের ও পেছনের দিক ছিল চোখে পরিপূর্ণ। 7 প্রথম জীবন্ত প্রাণী ছিলেন সিংহের মতো, দ্বিতীয়জন ছিলেন বলদের মতো, তৃতীয় জনের মুখমণ্ডল ছিল মানুষের মতো, চতুর্থজন ছিলেন উড়ন্ত ঈগলের মতো। 8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:
“পবিত্র, পবিত্র, পবিত্র,
প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,
যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”
9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,
11 “আমাদের প্রভু ও ঈশ্বর,
তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;
কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,
এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে
ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”
কোনো মানুষ সিলমোহরযুক্ত গুটানো পুস্তকটি খুলতে পারে না
যোহন তাঁর দর্শনে সাতটি সিলমোহরযুক্ত একটি গুটানো পুস্তক দেখেন, যাতে ঈশ্বরের মণ্ডলীর ভবিষ্যৎ ইতিহাস রয়েছে এবং যা কোনো মানুষ খুলতে সক্ষম ছিল না।
1 পরে আমি দেখলাম, যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর ডান হাতে রয়েছে একটি পুঁথি, যার ভিতরে ও বাইরে, দুদিকেই লেখা এবং তা সাতটি সিলমোহর দ্বারা মোহরাঙ্কিত। 2 পরে আমি এক শক্তিশালী দূতকে দেখলাম, যিনি উচ্চকণ্ঠে ঘোষণা করছেন, “এই সিলমোহরগুলি ভেঙে পুঁথিটি খোলার যোগ্য কে?” 3 কিন্তু স্বর্গে বা পৃথিবীতে বা পাতালে, কেউই ওই পুঁথিটি খুলতে বা তার ভিতরে দৃষ্টিপাত করতে সক্ষম হল না।
মেষশাবক গুটানো পুস্তকটি খোলেন
ঈশ্বরের পুত্রকে বলি দেওয়া হচ্ছে এমন এক মেষশাবকরূপে চিত্রিত করা হয়েছে। তিনি গুটানো পুস্তকটি খুলে মণ্ডলীকে সেই ইতিহাস দেখান, যাতে প্রকাশ পায় কালের শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর তত্ত্বাবধানে কীভাবে মণ্ডলীকে পরিচালিত করবেন। সমস্ত সৃষ্টি বলিকৃত ঈশ্বরের মেষশাবকের প্রতি আবার প্রশংসা ও প্রণতি নিবেদন করে।
4 আমি কেবলই কাঁদতে থাকলাম, কারণ ওই পুঁথি খুলতে বা তার ভিতরে দৃষ্টিপাত করার যোগ্য কাউকেই পাওয়া গেল না। 5 তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে বললেন, “তুমি কেঁদো না! দেখো, যিনি যিহূদা গোষ্ঠীর সিংহ, দাউদ বংশের মূলস্বরূপ, তিনি বিজয়ী হয়েছেন। তিনিই ওই পুঁথি ও তার সাতটি সিলমোহর খুলতে সক্ষম।”
6 এরপর আমি এক মেষশাবককে দেখতে পেলাম, দেখে মনে হল যেন তাঁকে হত্যা করা হয়েছিল। তিনি সিংহাসনের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিলেন ও তাঁকে চারদিক থেকে ঘিরে ছিলেন সেই চার জীবন্ত প্রাণী ও প্রাচীনবর্গ। সেই মেষশাবকের ছিল সাতটি শিং ও সাতটি চোখ, যেগুলি হল সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত-আত্মা। 7 তিনি গেলেন ও সিংহাসনে যিনি উপবিষ্ট তাঁর ডান হাত থেকে সেই পুঁথিটি নিলেন। 8 এবং তিনি সেই পুঁথিটি নেওয়া মাত্র সেই চার জীবন্ত প্রাণী ও চব্বিশজন প্রাচীনবর্গ মেষশাবকের সামনে নত হয়ে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল একটি করে বীণা ও তাদের হাতে ছিল সুগন্ধি ধূপে পরিপূর্ণ একটি সোনার পাত্র। এই ধূপ হল পবিত্রগণের প্রার্থনা। 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:
“তুমি ওই পুঁথি গ্রহণ করার ও
তার সিলমোহর খোলার যোগ্য,
কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,
আর তোমার রক্ত দ্বারা তুমি
ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।
10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,
আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”
11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,
“মেষশাবক, যিনি হত হয়েছিলেন,
তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,
গ্রহণ করার যোগ্য!”
13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:
“যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর
ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,
মহিমা ও পরাক্রম,
চিরকাল যুগে যুগে হোক!”
14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।