যোহন প্রকাশিত বাক্য লেখেন
জগতের বিচার করতে খ্রীষ্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রীষ্টিয়ান মণ্ডলীতে ভাববাদীদের অব্যাহত ধারাবাহিকতার স্থান নিতে প্রেরিত যোহন প্রকাশিত বাক্য লেখেন (সম্ভবত 96 খ্রীষ্টাব্দে)।
96 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
সকলকে প্রকাশিত বাক্য অধ্যয়ন করতে বলা হয়
সমস্ত মানবজাতিকে প্রকাশিত বাক্য অধ্যয়ন করার আদেশ দেওয়া হয়।
1 যীশু খ্রীষ্টের প্রকাশিত বাক্য। ঈশ্বর তাঁকে তা দান করেছেন, যেন খুব শীঘ্রই যা ঘটতে চলেছে তা তিনি তাঁর দাসদের দেখিয়ে দেন। তিনি তাঁর দাস যোহনের কাছে নিজের দূত পাঠিয়ে একথা জানালেন; 2 সেই যোহন যা কিছু দেখেছিলেন, অর্থাৎ ঈশ্বরের বাক্য ও যীশু খ্রীষ্টের সাক্ষ্য সম্পর্কে সবকিছু সবিস্তারে সাক্ষ্য দিলেন। 3 ধন্য সেই ব্যক্তি, যে এই ভাববাণীর বাক্যগুলি পাঠ করে এবং ধন্য তারাও, যারা তা শোনে ও তার মধ্যে যা লেখা আছে, সেগুলি পালন করে, কারণ সময় আসন্ন।
যোহন মণ্ডলীগুলিকে শুভেচ্ছা জানান
যোহন মণ্ডলীগুলিকে শুভেচ্ছা জানান এবং তাদের পরিত্রাতার ঈশ্বরত্ব দৃঢ়ভাবে ঘোষণা করেন, যিনি জগতের বিচার করতে আসবেন।
4 আমি যোহন,
এশিয়া প্রদেশে অবস্থিত সাতটি মণ্ডলীর উদ্দেশে লিখছি, অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক,
যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন, তাঁর কাছ থেকে এবং তাঁর সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত-আত্মা থেকে 5 এবং সেই যীশু খ্রীষ্ট থেকে যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতলোক থেকে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের শাসক।
যিনি আমাদের প্রেম করেন এবং যিনি তাঁর রক্তে আমাদের পাপসমূহ থেকে আমাদের মুক্ত করেছেন, 6 এবং তাঁর ঈশ্বর ও পিতার সেবা করার জন্য আমাদের এক রাজ্যস্বরূপ ও যাজকসমাজ করেছেন—তাঁরই মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল হোক! আমেন।
7 দেখো, তিনি মেঘবাহনে আসছেন,
এবং প্রত্যেক চোখ তাঁকে দেখতে পাবে,
এমনকি, যারা তাঁকে বিদ্ধ করেছিল, তারাও দেখবে;
আর পৃথিবীর সমস্ত জাতি তাঁর জন্য বিলাপ করবে।
হ্যাঁ, সেরকমই হবে! আমেন।
8 প্রভু ঈশ্বর বলেন, “আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন, সেই সর্বশক্তিমান।”
খ্রীষ্ট পাটমে যোহনকে দর্শন দেন
যোহন জানান, কীভাবে খ্রীষ্ট পাটম দ্বীপে তাঁকে দর্শন দিয়েছিলেন এবং ভাববাদী হিসেবে তাঁকে দায়িত্ব দিয়েছিলেন।
9 আমি যোহন, তোমাদের ভাই; কষ্টভোগ, ঈশ্বরের রাজ্য ও ধৈর্যশীল সহিষ্ণুতা—যীশুতে যা কিছু আমাদের সেসব কিছুতে তোমাদের সহভাগী। আমি ঈশ্বরের বাক্য প্রচার ও যীশুর হয়ে সাক্ষ্য দেওয়ার অপরাধে পাটম দ্বীপে নির্বাসিত ছিলাম। 10 প্রভুর দিনে আমি পবিত্র আত্মায় আবিষ্ট ছিলাম, আর তখন আমার পিছনে তূরীধ্বনির মতো এক উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম; 11 তা ঘোষণা করল: “তুমি যা কিছু দেখছ তা একটি পুঁথিতে লিপিবদ্ধ করো এবং ইফিষ, স্মূর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লায়োদেকিয়া, এই সাতটি মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।”
12 যে কণ্ঠস্বর আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁকে দেখার জন্য আমি পিছন দিকে ফিরে তাকালাম। আর আমি দেখলাম, সাতটি সোনার দীপাধার, 13 ও দীপাধারগুলির মধ্যে “মনুষ্যপুত্রের মতো এক ব্যক্তি”; তাঁর দু-পা লম্বা আলখাল্লায় আবৃত ও তাঁর বুকে জড়ানো সোনার এক বন্ধনী। 14 তাঁর মাথা ও চুল ছিল শুকনো পশমের মতো, এমনকি, তুষারের মতো ধবধবে সাদা এবং তাঁর চোখদুটি ছিল জ্বলন্ত আগুনের শিখার মতো। 15 তাঁর দু-পা ছিল চুল্লিতে পরিষ্কৃত পিতলের মতো ঝকঝকে ও তাঁর কণ্ঠস্বর ছিল প্রবহমান মহা জলস্রোতের মতো। 16 তাঁর ডান হাতে তিনি সাতটি তারা ধরে আছেন ও তাঁর মুখ দিয়ে বার হয়ে আসছে দুদিকে ধারবিশিষ্ট এক তরোয়াল। তাঁর মুখমণ্ডল পূর্ণ দীপ্তিতে উদ্ভাসিত সূর্যের মতো।
17 তাঁকে দেখামাত্র আমি মৃত মানুষের মতো তাঁর চরণে পতিত হলাম। তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, “ভয় পেয়ো না, আমিই আদি ও অন্ত। 18 আমিই সেই জীবিত সত্তা; আমার মৃত্যু হয়েছিল, আর দেখো, আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি! আর মৃত্যু ও পাতালের চাবি আছে আমারই হাতে।
19 “অতএব, তুমি যা কিছু দেখলে, এখন যা কিছু ঘটছে ও পরে যেসব ঘটনা ঘটবে, তা লিখে ফেলো। 20 আমার ডান হাতে যে সাতটি তারা ও যে সাতটি সোনার দীপাধার তুমি দেখলে, তার গুপ্তরহস্য এই: ওই সাতটি তারা সেই সাতটি মণ্ডলীর দূত এবং সাতটি দীপাধার হল সেই সাতটি মণ্ডলী।
ইফিষ ও বিশ্বাস থেকে সরে যাওয়া সকল মণ্ডলীর প্রতি
ইফিষের মণ্ডলী এবং বিশ্বাস থেকে সরে যেতে শুরু করেছে এমন সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
1 “ইফিষে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধারণ করে আছেন ও সাতটি সোনার দীপাধারের মধ্যে দিয়ে গমনাগমন করেন, তিনিই একথা বলেন:
2 আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুষ্ট লোকদের সহ্য করতে পারো না এবং যারা নিজেদের প্রেরিতশিষ্য বলে দাবি করলেও প্রেরিতশিষ্য নয়, তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ। 3 তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছ ও কষ্ট সহ্য করেছ, অথচ পরিশ্রান্ত হওনি। 4 তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে: তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ। 5 অতএব ভেবে দেখো, কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। তুমি মন পরিবর্তন করো ও প্রথমে যে কাজগুলি করতে সেগুলি করো। কিন্তু যদি মন পরিবর্তন না করো, আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটি তার নির্দিষ্ট স্থান থেকে অপসারিত করব। 6 তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হল: তুমি নিকোলায়তীয়দের আচার-আচরণ ঘৃণা করো, আমিও সেগুলিকে ঘৃণা করি। 7 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি ঈশ্বরের পরমদেশে অবস্থিত জীবনদায়ী গাছের ফল খাওয়ার অধিকার দেব।
স্মূর্ণা ও সকল নির্যাতিত মণ্ডলীর প্রতি
স্মূর্ণার মণ্ডলী এবং নির্যাতন ও ক্লেশের মধ্যে থাকা সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
8 “স্মূর্ণায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি প্রথম ও শেষ, যিনি মৃত্যুবরণ করেছিলেন ও পুনরায় জীবিত হয়েছেন, তিনিই একথা বলেন:
9 আমি তোমার দুঃখকষ্ট ও তোমার দারিদ্র্যের কথা জানি—তবুও তুমি ধনী। নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্মনিন্দার কথাও আমি জানি। 10 তোমাকে যে কষ্টভোগ করতে হবে, তার জন্য ভয় পেয়ো না। আমি তোমাকে বলি, তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করবে। এতে দশদিন পর্যন্ত তোমরা নির্যাতন ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, আর আমি তোমাকে জীবনমুকুট দেব। 11 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনো আঘাত পাবে না।
পর্গাম ও ভ্রান্তিকে প্রবেশ করতে দেওয়া মণ্ডলীগুলির প্রতি
পর্গামের মণ্ডলী এবং শৃঙ্খলা শিথিল করে ভ্রান্ত শিক্ষকদের প্রবেশ করতে দিয়েছে এমন সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
12 “পর্গামে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি তীক্ষ্ণ ও দুদিকে ধারবিশিষ্ট তরোয়াল ধারণ করেন, তিনিই একথা বলেন:
13 আমি জানি, তুমি কোথায় বাস করছ—সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছ। আমার সেই বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল, যেখানে শয়তানের বাসস্থান, তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করোনি। 14 তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার কয়েকটি অভিযোগ আছে: তুমি সেখানে এমন কিছু মানুষকে থাকতে দিয়েছ যারা বিলিয়মের শিক্ষা পালন করে, যে বালাককে কুশিক্ষা দিয়েছিল যেন সে ইস্রায়েলীদের প্রলোভিত করে যার ফলে তারা প্রতিমার কাছে উৎসর্গ করা বলি আহার করেছিল ও অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার পাপ করেছিল। 15 একইভাবে, তোমার মধ্যেও নিকোলায়তীয়দের শিক্ষা পালন করে এমন কিছু মানুষ আছে। 16 সেই কারণে, মন পরিবর্তন করো! অন্যথায়, আমি শীঘ্রই তোমার কাছে এসে আমার মুখের তরোয়াল দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। 17 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি কিছু পরিমাণ গুপ্ত মান্না দেব। এছাড়াও, তাকে আমি একটি শ্বেতপাথর দেব, যার উপরে একটি নতুন নাম লেখা আছে, কেউ সেই নাম জানতে পারে না, কেবলমাত্র যে তা গ্রহণ করে, সেই জানে।
থুয়াতীরা ও অনৈতিকতা চলতে দেওয়া মণ্ডলীগুলির প্রতি
থুয়াতীরার মণ্ডলী এবং প্রকৃত বিশ্বাসের স্বীকারোক্তি বজায় রাখে ও নানাভাবে প্রচুর সৎকাজ করে, অথচ নিজেদের মধ্যে অনৈতিকতা ও প্রতিমাপূজা চলতে দেয় এমন সকল মণ্ডলীর প্রতি বক্তব্য।
18 “থুয়াতীরায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:
যিনি ঈশ্বরের পুত্র, যাঁর দুটি চোখ জ্বলন্ত আগুনের শিখার মতো ও যাঁর দু-পা ঝকঝকে পিতলের মতো, তিনিই একথা বলছেন:
19 আমি তোমার সকল কাজকর্ম, তোমার প্রেম ও বিশ্বাস, তোমার সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি; এবং তোমার শেষের কাজগুলি যে প্রথমের কাজগুলিকে ছাপিয়ে গেছে সেকথাও আমি জানি। 20 তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে তাদের ভ্রান্তপথে চালিত করছে। 21 তার ব্যভিচার থেকে মন পরিবর্তন করার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে ইচ্ছুক হয়নি। 22 সেই কারণে, আমি তাকে কষ্টভোগে শয্যাশায়ী করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করছে, তারা যদি তার শেখানো পথ থেকে মন পরিবর্তন না করে, তাহলে তাদেরও প্রচণ্ড যন্ত্রণায় ফেলব। 23 আমি সেই নারীর সন্তানদের আঘাত করে বধ করব। তখন সব মণ্ডলী জানতে পারবে যে আমি হৃদয় ও মনের অনুসন্ধানকারী এবং আমি তোমাদের প্রত্যেককে, তার কাজ অনুযায়ী প্রতিফল দেব। 24 এখন অবশিষ্ট তোমরা যারা থুয়াতীরাতে আছ, যারা তার শিক্ষাগ্রহণ করোনি এবং শয়তানের তথাকথিত গভীর তত্ত্বকথা গ্রহণ করোনি, ‘আমি তোমাদের উপরে আর কোনও ভার চাপাতে চাই না: 25 তোমাদের যা আছে, আমার আগমন পর্যন্ত কেবলমাত্র সেটুকুই দৃঢ়রূপে পালন করো।’ 26 যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দের উপরে কর্তৃত্ব করতে দেব— 27 তার ফলে ‘সে লোহার দণ্ডের দ্বারা তাদের শাসন করবে; মাটির পাত্রের মতো সে তাদের খণ্ডবিখণ্ড করবে’—ঠিক যে ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি। 28 এছাড়াও আমি তাকে দেব প্রভাতি তারা। 29 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন।