সপ্তম বাটি: হরমাগিদোনের যুদ্ধ

সপ্তম বাটি ঢেলে দেওয়া হয়। 1260 বছর এখন অতিক্রান্ত। প্রাচীন ভাববাদীরা বহু আগে ঈশ্বরের ক্রোধের যে দ্রাক্ষাফল সংগ্রহের কথা ঘোষণা করেছিলেন, তা এখন শুরু হয়, আর তার সঙ্গে পৃথিবীজুড়ে ঘটে প্রবল আলোড়ন ও দীর্ঘ যুদ্ধ। ভালো ও মন্দের মধ্যকার দীর্ঘ সংগ্রামের নিষ্পত্তি এখন ঘটে। পোপতন্ত্রের ও অবিশ্বাসের মিথ্যা ধর্মগুলি মণ্ডলীর অবশিষ্টাংশের বিরুদ্ধে, দীর্ঘকাল আগে প্রতিশ্রুত পুনঃপ্রতিষ্ঠার জন্য সমবেত ইহুদিদের বিরুদ্ধে এবং মহান সামুদ্রিক জাতি, খুব সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে (যিশাইয় 17:18) একজোট হয়; অবশেষে এখন প্যালেস্টাইনে হরমাগিদোনের যুদ্ধ সংঘটিত হয়। এই বাটির আওতায় বহু বছর অন্তর্ভুক্ত থাকতেই পারে।

96 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রকাশিত বাক্য 16:17–21

17 সপ্তম স্বর্গদূত আকাশের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। তখন মন্দিরের ভিতরের সিংহাসন থেকে এক উচ্চধ্বনি শোনা গেল, যা বলছিল, “সমাপ্ত হল!” 18 তারপর সেখানে প্রকাশ পেল বিদ্যুতের ঝলকানি, গুরুগম্ভীর ধ্বনি, বজ্রপাত ও এক প্রচণ্ড ভূমিকম্প। পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়া থেকে এমন ভূমিকম্প আর কখনও হয়নি, সেই ভূমিকম্প ছিল এমনই সাংঘাতিক। 19 এতে সেই মহানগরী তিন ভাগে বিভক্ত হল ও বিভিন্ন দেশের নগর ধূলিসাৎ হল। ঈশ্বর মহানগরী ব্যাবিলনকে স্মরণ করলেন এবং তাঁর ভয়ংকর ক্রোধে পূর্ণ সুরার পানপাত্র তাকে দিলেন। 20 প্রত্যেকটি দ্বীপ পালিয়ে গেল ও পর্বতগণকে আর খুঁজে পাওয়া গেল না। 21 আর মহাকাশ থেকে মানুষদের উপরে বড়ো বড়ো শিলাবৃষ্টি হল, তার এক একটির ওজন প্রায় পঞ্চাশ কিলোগ্রাম। তখন তারা শিলাবৃষ্টির জন্য ঈশ্বরকে অভিশাপ দিল, কারণ সেই আঘাত ছিল অত্যন্ত ভয়ংকর।

পতনের আগে পোপতন্ত্র

এই মহান ঘটনাগুলির সাধারণ ঘোষণার পর, ভাববাদীকে পোপতন্ত্রের চূড়ান্ত পতনের পূর্ববর্তী ইতিহাস ও অবস্থা দেখানো হয়।

প্রকাশিত বাক্য 17

1 সেই সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতের মধ্যে একজন এসে আমাকে বললেন, “এসো, বহু জলরাশির উপরে বসে থাকে যে মহাবেশ্যা, তার কী শাস্তি হয়, আমি তোমাকে দেখাব। 2 তার সঙ্গে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে। আর পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের সুরায় মত্ত হয়েছে।”

3 তারপর সেই স্বর্গদূত পবিত্র আত্মায় আমাকে এক মরুপ্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি এক নারীকে একটি গাঢ় লাল রংয়ের পশুর উপরে বসে থাকতে দেখলাম। পশুটি ছিল ঈশ্বরনিন্দার নামে আবৃত এবং তার ছিল সাতটি মাথা ও দশটি শিং। 4 সেই নারীর পোশাক ছিল বেগুনি ও লাল রংয়ের এবং সে ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায় ভূষিত। সে তার হাতে একটি সোনার পানপাত্র ধরেছিল, যা ছিল ঘৃণ্য সব দ্রব্য ও তার ব্যভিচারের মলিনতায় পূর্ণ। 5 তার কপালে লিখিত ছিল এই শিরোনাম:

রহস্যময়ী মহানগরী ব্যাবিলন

পৃথিবীর বেশ্যাদের এবং

ঘৃণ্য বস্তুসকলের মা।

6 আমি দেখলাম, সেই নারী পবিত্রগণের রক্তে ও যারা যীশুর সাক্ষ্য বহন করেছে, তাদের রক্তে মত্ত।

তাকে দেখে আমি ভীষণ আশ্চর্য হলাম। 7 তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি আশ্চর্য বোধ করলে কেন? আমি ওই নারীর ও তার বাহনের, অর্থাৎ যার সাতটি মাথা ও দশটি শিং, সেই পশুর রহস্য তোমার কাছে ব্যাখ্যা করব। 8 যে পশুকে তুমি দেখলে, যে এক সময়ে ছিল, কিন্তু এখন নেই, সে অতল-গহ্বর থেকে আবার উঠে আসবে ও তার ধ্বংসের পথে যাবে। আর পৃথিবীর অধিবাসী যতজনের নাম জগৎ সৃষ্টির সময় থেকে জীবনপুস্তকে লেখা নেই, তারা যখন সেই পশুটিকে দেখবে, যা ছিল কিন্তু এখন নেই কিন্তু পরে আসবে, তখন তারাও আশ্চর্য বোধ করবে।

9 “এখানে বিচক্ষণ মানসিকতার প্রয়োজন হয়। ওই সাতটি মাথা হল সাতটি পর্বত, যার উপরে সেই নারী বসে আছে। 10 সেগুলি আবার সাতজন রাজাও। পাঁচজনের পতন হয়েছে, একজন আছে, অন্যজনের আগমন এখনও হয়নি; কিন্তু সে এলে পরে, তাকে অবশ্য অল্প সময়ের জন্য থাকতে হবে। 11 আর যে পশুটি এক সময় ছিল, কিন্তু এখন নেই, সে অষ্টম রাজা। সেও সেই সাতজনের অন্যতম এবং সে তার বিনাশের অভিমুখী হবে।

12 “যে দশটি শিং তুমি দেখলে, তারা দশজন রাজা। তারা এখনও তাদের রাজ্য লাভ করেনি, কিন্তু তারা সেই পশুর সঙ্গে এক ঘণ্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ব প্রাপ্ত হবে। 13 তাদের অভিপ্রায় একই, তাই তারা তাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দান করবে। 14 তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু মেষশাবক তাদের পরাস্ত করবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। আর যারা আহূত, মনোনীত ও বিশ্বস্ত অনুসারী, তারাও তাঁর সঙ্গে বিজয়ী হবেন।”

15 তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, “যে জলরাশি তুমি দেখলে, যার উপরে সেই বেশ্যা বসে আছে, তা হল বিভিন্ন প্রজাবৃন্দ, বিপুল জনসমষ্টি, বিভিন্ন জাতি ও ভাষাভাষী মানুষ। 16 আর তুমি যে সেই পশু ও দশটা শিং দেখলে তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে। তারা তার সর্বনাশ করে তাকে উলঙ্গ করে ছেড়ে দেবে; তারা তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে। 17 কারণ ঈশ্বর তাদের হৃদয়ে এই প্রবৃত্তি দিয়েছিলেন যেন তারা তাঁর অভিপ্রায় পূর্ণ করে এবং যতদিন পর্যন্ত ঈশ্বরের সমস্ত বাক্য পূর্ণ না হয়, ততদিন তারা শাসন করার জন্য সেই পশুকে রাজকীয় কর্তৃত্ব দান করতে একমত হয়। 18 যে নারীকে তুমি দেখলে, সে হল সেই মহানগরী, যা পৃথিবীর রাজাদের উপরে শাসন করে।”

পোপতন্ত্র ও ধর্মহীনতার পতন

পোপতন্ত্র ও ধর্মহীনতার পতন বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

প্রকাশিত বাক্য 18

1 এরপরে আমি অন্য এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি ছিলেন মহা কর্তৃত্বসম্পন্ন, পৃথিবী তাঁর প্রতাপে আলোকিত হয়ে উঠল। 2 তিনি প্রবল রবে চিৎকার করে বললেন,

“ ‘পতন হল! বিশাল সেই ব্যাবিলনের পতন হল!’

সে হয়ে উঠেছিল ভূতপ্রেতদের গৃহ,

সমস্ত মন্দ-আত্মার লুকোনোর স্থান,

প্রত্যেক অশুচি পাখির এক আস্তানা।

প্রত্যেক অশুচি ও ঘৃণ্য পশুর এক আস্তানা।

3 কারণ সমস্ত জাতি তার ব্যভিচারের উন্মত্তকারী সুরা পান করেছে।

পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে,

আবার পৃথিবীর বণিকেরা তার বিলাসিতার প্রাচুর্যে ধনবান হয়েছে।”

4 তারপর আমি স্বর্গ থেকে শুনলাম অন্য এক কণ্ঠস্বর:

“ ‘আমার প্রজারা, ওর মধ্য থেকে বের হয়ে এসো,’

যেন তোমরা তার পাপসকলের অংশীদার না হও,

যেন তার কোনো বিপর্যয় তোমাদের প্রতি না ঘটে;

5 কারণ তার সব পাপ আকাশ পর্যন্ত স্তূপীকৃত হয়েছে;

আর ঈশ্বর তার সব অপরাধ স্মরণ করেছেন।

6 সে যেমন করেছে,

তার প্রতি ফিরে সেরকমই করো;

তার কৃতকর্মের দ্বিগুণ প্রতিফল তাকে দাও।

তার নিজের পানপাত্রেই

তার জন্য দ্বিগুণ পানীয় মিশ্রিত করো।

7 সে যত আত্মগরিমা ও বিলাসিতা করত,

সেই পরিমাণে তাকে যন্ত্রণা ও কষ্ট দাও।

সে তার মনে মনে দম্ভ করে,

‘আমি রানির মতো উপবিষ্ট,

আমি বিধবা নই,

আর আমি কখনও শোকবিলাপ করব না।’

8 এই কারণে একদিনেই তার সমস্ত বিপর্যয়, মৃত্যু, শোকবিলাপ ও দুর্ভিক্ষ,

তার উপরে এসে পড়বে।

আগুন তাকে গ্রাস করবে,

কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর, শক্তিমান।

9 “যখন পৃথিবীর রাজারা, যারা তার সঙ্গে ব্যভিচার করেছিল ও তার বিলাসিতায় অংশগ্রহণ করেছিল, তারা তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা তার জন্য কাঁদবে ও শোকবিলাপ করবে। 10 তার যন্ত্রণাভোগে আতঙ্কগ্রস্ত হয়ে তারা দূরে দাঁড়িয়ে থাকবে ও আর্তনাদ করে বলবে,

“ ‘হায়! হায় সেই মহানগরী,

ও ব্যাবিলন, পরাক্রান্ত নগরী!

এক ঘণ্টার মধ্যেই তোমার সর্বনাশ উপস্থিত হল।’

11 “পৃথিবীর বণিকেরা তার জন্য কাঁদবে ও বিলাপ করবে, কারণ কেউই আর তাদের বাণিজ্যিক পণ্যসামগ্রী কিনবে না। 12 সেই বাণিজ্যিক পণ্যসামগ্রী হল সোনা, রুপো, মণিমাণিক্য ও মুক্তো; মিহি মসিনা, বেগুনি, সিল্ক ও লাল রংয়ের পোশাক; সব ধরনের চন্দনকাঠ ও হাতির দাঁত, মূল্যবান কাঠ, পিতল, লোহা ও মার্বেল পাথরের তৈরি সমস্ত ধরনের দ্রব্য; 13 দারচিনি ও মশলা, সুগন্ধি ধূপ, কুন্দুরু ও গন্ধরস, সুরা ও জলপাই তেল, সূক্ষ্ম ময়দা ও গম, গবাদি পশুপাল ও মেষ, ঘোড়া ও রথ, ক্রীতদাস ও মানুষের প্রাণ।

14 “আর তারা বলবে, ‘যে ফলের তুমি আকাঙ্ক্ষা করতে, তা তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার সমস্ত ঐশ্বর্য ও সমারোহ তোমার নাগালের বাইরে, আর কখনও সেসব ফিরে পাওয়া যাবে না।’ 15 যে বণিকেরা এই সমস্ত পণ্য বিক্রি করত ও তার কাছ থেকে তাদের ঐশ্বর্য লাভ করত, তারা তার যন্ত্রণায় আতঙ্কগ্রস্ত হয়ে দূরে দাঁড়িয়ে থাকবে। তারা কাঁদবে ও হাহাকার করবে 16 এবং চিৎকার করে বলে উঠবে,

“ ‘হায়! হায়! সেই মহানগরী,

সে মিহি মসিনা, বেগুনি ও লাল রংয়ের পোশাকে সজ্জিত ছিল,

সে সজ্জিত ছিল সোনা, মণিমাণিক্য ও মুক্তায়!

17 এক ঘণ্টায় এই বিপুল ঐশ্বর্য ধ্বংস হয়ে গেল!’

“আর সমুদ্রের প্রত্যেক দলপতি, যারা জলপথে যাত্রা করে, নাবিকের দল ও সমুদ্র থেকে যারা তাদের জীবিকা অর্জন করে, তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকবে। 18 তারা যখন তার দাহ হওয়ার ধোঁয়া দেখবে, তারা চিৎকার করে বলবে, ‘এই মহানগরীর সমতুল্য আর কোনও নগর কি ছিল?’ 19 তারা তাদের মাথায় ধুলো ছড়াবে, কাঁদতে কাঁদতে ও বিলাপ করতে করতে হাহাকার করে বলবে:

“হায়! হায়! হে মহানগরী,

তারা কোথায়, যাদের জাহাজ সমুদ্রে ছিল,

যারা তার ঐশ্বর্যের দ্বারা সমৃদ্ধ হয়েছিল!

এক ঘণ্টার মধ্যে তাকে ধ্বংস করা হল!

20 “হে স্বর্গ, তার এ দশায় উল্লসিত হও!

পবিত্রগণেরা ও প্রেরিতশিষ্যেরা এবং সব ভাববাদী,

তোমরা আনন্দ করো!

কারণ সে তোমাদের প্রতি যে রকম আচরণ করেছে,

ঈশ্বর তেমনই তার বিচার করেছেন।”

21 পরে এক শক্তিমান স্বর্গদূত বড়ো জাঁতার মতো বিশাল এক পাথর তুলে সমুদ্রে নিক্ষেপ করলেন ও বললেন:

“এ ধরনের কঠোরতার সঙ্গে মহানগরী

ব্যাবিলনকে নিক্ষিপ্ত করা হবে,

তার সন্ধান আর কখনও পাওয়া যাবে না।

22 বীণাবাদক ও সংগীতজ্ঞদের গানবাজনা,

বাঁশি-বাদক ও তূরীবাদকদের ধ্বনি, আর শোনা যাবে না।

কোনও বাণিজ্যের কোনো শ্রমিককে

আর তোমার মধ্যে পাওয়া যাবে না,

কোনো জাঁতার শব্দ

আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।

23 প্রদীপের শিখা তোমার মধ্যে

আর কখনও আলো জ্বালাবে না।

বর ও কনের রব

আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।

তোমার বণিকেরা ছিল জগতের সব মহৎ ব্যক্তি।

তোমার তন্ত্রমন্ত্রের মায়ায় সব জাতি বিপথে চালিত হয়েছিল।

24 তার মধ্যে পাওয়া গিয়েছে ভাববাদীদের ও

পবিত্রগণের এবং যতজন পৃথিবীতে নিহত হয়েছে, তাদের সকলের রক্ত।”