যিশাইয় মোয়াবের ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেন
726 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী,
মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল,
এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল!
মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল,
এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!
2 দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে,
কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে;
মোয়াব নেবো ও মেদ্বার জন্য বিলাপ করছে।
প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে
ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।
3 পথে পথে তারা শোকের বস্ত্র পরে;
সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে
তারা সকলে বিলাপ করে,
কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।
4 হিষ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করে,
তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়।
তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে,
তাদের হৃদয় মূর্ছিত হয়।
5 আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে;
তার পলাতকেরা সোয়র পর্যন্ত,
এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে।
তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়,
যাওয়ার সময় তারা কাঁদতে থাকে;
হোরোণয়িমে যাওয়ার পথে
তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।
6 নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে
সেখানকার সব ঘাস শুকনো হয়েছে;
শাকসবজি সব শেষ,
সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।
7 তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে,
তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।
8 তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়;
তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও
তাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।
9 দীমোনের জলরাশি রক্তে পূর্ণ,
কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব,
মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে
অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।
16:1 দেশের শাসনকর্তার কাছে
উপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও,
মরুভূমির ওপারে, সেলা থেকে
সিয়োন-কন্যার পর্বতে পাঠাও।
2 বাসা থেকে ফেলে দেওয়া
পাখির পালিয়ে যাওয়া শব্দের মতো,
অর্ণোন নদীর পারঘাটাগুলিতে
মোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।
3 “আমাদের পরামর্শ দাও,
এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো।
মধ্যাহ্নে তোমাদের ছায়াকে
রাত্রির মতো অন্ধকারময় করো।
পলাতকদের লুকিয়ে রাখো,
শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।
4 মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক;
ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।”
অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে,
বিনাশের সময় নিবৃত্ত হবে;
আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।
5 ভালোবাসায় এক সিংহাসন স্থাপিত হবে;
বিশ্বস্ততায় একজন তার উপরে উপবিষ্ট হবেন—
দাউদের কুল থেকে একজন তার উপরে বসবেন।
তিনি ন্যায়পরায়ণতায় বিচার করবেন
এবং দ্রুততার সঙ্গে ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন।
6 আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি,
তার অতি ঔদ্ধত্য ও অহমিকার কথা,
তার গর্ব ও তার দাম্ভিকতার বিষয়
কিন্তু তার দর্প নিতান্তই শূন্যগর্ভ।
7 সেই কারণে, মোয়াবীয়েরা বিলাপ করে,
তারা মোয়াবের জন্য একসঙ্গে বিলাপ করে।
তারা কীর্-হেরসের কিশমিশের পিঠের জন্য
বিলাপ ও ক্রন্দন করে।
8 হিষ্বোনের মাঠগুলি শুকিয়ে যায়,
সিব্মার আঙুর গাছগুলিও শুকিয়ে যায়।
জাতিসমূহের শাসকেরা
উৎকৃষ্ট আঙুরগাছগুলিকে পদদলিত করেছে,
যেগুলি একদিন যাসের পর্যন্ত
ও মরুভূমির দিকে ছড়িয়ে যেত।
তাদের শাখাগুলি ছড়িয়ে পড়েছিল,
আর সুদূর সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
9 তাই সিব্মার আঙুর গাছগুলির জন্য
আমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে।
হিষ্বোন ও ইলিয়ালী,
আমি চোখের জলে তোমাদের ভেজাব!
তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্য
আনন্দের স্বর আমি স্তব্ধ করব।
10 ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে;
আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না।
কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না,
কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।
11 বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে,
আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।
12 মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়,
সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে;
সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়,
তা কোনও কাজে আসে না।
13 সদাপ্রভু এই বাণী ইতিমধ্যে মোয়াবের সম্পর্কে বলেছেন। 14 কিন্তু এখন সদাপ্রভু বলেন: “চুক্তি দ্বারা আবদ্ধ দাস যেমন দিন গোণে, তিন বছরের মধ্যে তেমনই মোয়াবের সমারোহ ও তার বহুসংখ্যক লোক তুচ্ছীকৃত হবে এবং তার অবশিষ্ট বেঁচে থাকা লোকেরা সংখ্যায় অল্প ও দুর্বল হবে।”