মীখার ভবিষ্যদ্বাণীগুলি হিষ্কিয়ের সংস্কারকে সমর্থন করে
722 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 তখন আমি বললাম,
“হে যাকোবের নেতারা,
ইস্রায়েলের শাসকেরা শোনো।
তোমাদের কি ন্যায়বিচার সমন্ধে জানা উচিত নয়,
2 তোমরা যারা সঠিক কাজ ঘৃণা করো এবং দুষ্কার্যকে পছন্দ করো;
যারা আমার নিজ প্রজাদের গায়ের চামড়া
এবং তাদের হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছ;
3 যারা আমার প্রজার মাংস খাচ্ছে,
গায়ের চামড়া তুলে নিয়ে
হাড়গুলি টুকরো টুকরো করছে
যারা সেগুলি কড়াইয়ের জন্য মাংসের মতো টুকরো টুকরো করছে,
যেন পাত্রের মধ্যে মাংস?”
4 তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে,
কিন্তু তিনি উত্তর দেবেন না।
সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন
কেননা তারা মন্দ কাজ করেছে।
5 সদাপ্রভু এই কথা বলেন,
“যেসব ভাববাদী
আমার লোকদের বিপথে নিয়ে যায়,
যদি তারা কিছু খেতে পায় তো
‘শান্তি’ ঘোষণা করে,
কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে
তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়।
6 সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না,
অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ-কথন করতে পারবে না।
ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে,
আর দিন তাদের জন্য অন্ধকার হবে।
7 দর্শনকারীরা লজ্জা পাবে
এবং গণকেরা অসম্মানিত হবে।
তারা সবাই মুখ ঢাকবে
কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”
8 কিন্তু আমি যাকোবকে তার অপরাধ,
এবং ইস্রায়েলকে তাদের পাপ জানাবার জন্য,
সদাপ্রভুর আত্মার দ্বারা,
ন্যায়বিচার এবং শক্তিতে
আমি পূর্ণ হয়েছি।
9 হে যাকোবের বংশের প্রধানেরা
এবং ইস্রায়েলের শাসকেরা, শোনো,
যারা ন্যায়বিচার ঘৃণা করে
এবং যা কিছু সরল তা বিকৃত করে;
10 যারা রক্তপাতের দ্বারা সিয়োনকে
এবং অন্যায় দ্বারা জেরুশালেমকে গড়ে তোলে।
11 তাদের প্রধানেরা ঘুস নিয়ে বিচার করে,
তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয়,
এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয়।
তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে,
“সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই?
আমাদের উপর কোনও বিপদ আসবে না।”
12 সেই কারণেই তোমাদের জন্য,
সিয়োনকে মাঠের মতো চাষ করা হবে,
জেরুশালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে,
মন্দিরের পাহাড় কাঁটাঝোপে ঢাকা পড়বে।
4:1 শেষের সময়ে
সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে
প্রধানরূপে প্রতিষ্ঠিত হবে;
তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে
এবং লোকেরা তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে।
2 অনেক জাতির লোক এসে বলবে,
“চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই,
যাকোবের ঈশ্বরের গৃহে যাই।
তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন,
যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।”
সিয়োন থেকে বিধান নির্গত হবে,
জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।
3 তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন
এবং দূর-দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন।
তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল
এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না,
তারা আর যুদ্ধ করতেও শিখবে না।
4 প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার
ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে,
এবং কেউ তাদের ভয় দেখাবে না,
কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন।
5 সব জাতির লোকেরা তাদের নিজস্ব
দেবতার নামে চলতে পারে,
কিন্তু আমরা চিরকাল আমাদের
ঈশ্বর সদাপ্রভুর নামে চলব।
6 সদাপ্রভু বলেন, “সেইদিন,
আমি খোঁড়াদের একত্র করব;
যারা বন্দি হয়ে অন্য দেশে আছে,
যাদের আমি দুঃখ দিয়েছি, তাদের এক জায়গায় একত্র করব।
7 আমি খোঁড়াদের আমার অবশিষ্টাংশকে,
যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের এক শক্তিশালী জাতি করব।
সদাপ্রভু সেদিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে
তাদের উপরে রাজত্ব করবেন।
8 আর তুমি, হে পালের দুর্গ,
সিয়োন-কন্যার দুর্গ,
আগের রাজ্য তোমাকে ফিরিয়ে দেওয়া হবে;
জেরুশালেমের কন্যার উপর রাজপদ অধিষ্ঠিত হবে।”
9 কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ?
তোমার কি রাজা নেই?
তোমার শাসক কি ধ্বংস হয়ে গেছে,
সেইজন্য কি প্রসব ব্যথায় কষ্ট পাওয়া মহিলার মতো ব্যথা তোমাকে ধরেছে?
10 হে সিয়োন-কন্যা, নিদারুণ যন্ত্রণায় কাতর হও,
প্রসব ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মতো,
কারণ এখন তোমাকে নগর ত্যাগ করে
খোলা মাঠে বাস করতে হবে।
তুমি ব্যাবিলনে যাবে;
সেখানে তুমি উদ্ধার পাবে।
সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন
তোমার শত্রুদের হাত থেকে।
11 কিন্তু এখন অনেক জাতি
তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে।
তারা বলছে, “তাকে অশুচি করা হোক,
আমাদের চোখ আগ্রহ সহকারে সিয়োনকে দেখুক!”
12 কিন্তু তারা জানে না
সদাপ্রভুর চিন্তাসকল;
তারা বুঝতে পারে না তাঁর পরিকল্পনা,
যা তিনি জড়ো করেছেন শস্যের আঁটির মতো খামারে মাড়াই করার জন্য।
13 “হে সিয়োন-কন্যা, তুমি উঠে শস্য মাড়াই করো,
কারণ আমি তোমাকে লোহার শিং দেব;
আমি তোমাকে ব্রোঞ্জের খুর দেব,
আর তুমি অনেক জাতিকে চুরমার করবে।”
তুমি সদাপ্রভুর উদ্দেশে তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিস,
সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাদের সম্পদ দিয়ে দেবে।
5:1 ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও,
কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে।
ইস্রায়েলের শাসনকর্তার গালে
লাঠি দিয়ে আঘাত করবে।
2 “কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা,
যদিও তুমি যিহূদার শাসকদের মধ্যে ছোটো,
তোমার মধ্যে দিয়ে আমার জন্যে
ইস্রায়েলের এক শাসক বেরিয়ে আসবে,
যাঁর শুরু প্রাচীনকাল থেকে
অনাদিকাল থেকে।”
3 সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে
যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে,
এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে
ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য।
4 তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে
তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে,
রাখালের মতো তাঁর লোকদের চালাবেন।
এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব
পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।
5 আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন
যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে
এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে
তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক,
এমনকি আটজন দলপতি নিযুক্ত করব।
6 সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা,
নিম্রোদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে।
তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে
এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে
তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন।
7 অনেক জাতির মধ্যে
যাকোবের বেঁচে থাকা লোকেরা
সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে,
ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো,
যা মানুষের আদেশে পড়ে না
কিংবা তার উপর নির্ভর করে না।
8 অনেক জাতির মধ্যে
যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে
জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো,
মেষপালের মধ্যে যুবক সিংহের মতো,
সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে,
কেউ তাদের উদ্ধার করতে পারে না।
9 তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে,
এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।
10 “সেইদিন,” সদাপ্রভুর বলেন,
“আমি তোমাদের ঘোড়াদের তোমাদের মধ্যে থেকে বিনাশ করব
এবং তোমাদের রথগুলি ধ্বংস করব।
11 আমি তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব
আর তোমার সব দুর্গগুলি ভেঙে ফেলব।
12 আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করব
মায়াবিদ্যা ব্যবহারকারীরা তোমার মধ্যে আর থাকবে না।
13 আমি তোমার মধ্যে থেকে তোমার ক্ষোদিত মূর্তিগুলি
এবং তোমার পবিত্র পাথরগুলি ধ্বংস করব;
যাতে তুমি আর কখনও নিজের হাতে নির্মিত
বস্তুসকলের কাছে নত না হও।
14 যখন তোমার নগরগুলি ধ্বংস করব,
আমি তোমার মধ্যে থেকে তোমার আশেরার খুঁটিগুলি উপড়ে ফেলব।
15 যে জাতিগণ আমার বাধ্য হয়নি
আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব।”