হিষ্কিয় উপাসনার সংস্কার করেন (continued)
হিষ্কিয়ের চরিত্র এবং তাঁর উপাসনার সংস্কার।
726 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 জেরুশালেমে সদাপ্রভুর মন্দিরে আসার ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করার নিমন্ত্রণ জানিয়ে হিষ্কিয় ইস্রায়েল ও যিহূদায় সকলের কাছে খবর পাঠালেন এবং ইফ্রয়িমের ও মনঃশির প্রজাদের কাছে চিঠিও লিখেছিলেন। 2 রাজা ও তাঁর কর্মকর্তারা এবং জেরুশালেমের সমগ্র জনসমাজ দ্বিতীয় মাসে নিস্তারপর্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 3 নির্দিষ্ট সময়ে তারা সেটি পালন করতে পারেননি, কারণ যথেষ্ট পরিমাণ যাজক ঈশ্বরের উদ্দেশে তখন নিজেদের উৎসর্গ করেননি এবং প্রজারাও তখন জেরুশালেমে সমবেত হয়নি। 4 রাজা ও সমগ্র জনসমাজ, উভয়ের কাছেই পরিকল্পনাটি সমুচিত বলে মনে হল। 5 লোকজন যেন জেরুশালেমে এসে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করতে পারে, সেই লক্ষ্যে তারা বের-শেবা থেকে দান পর্যন্ত, ইস্রায়েলে সর্বত্র লোক পাঠিয়ে সেকথা ঘোষণা করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিষয়ে যেমনটি লিখে রাখা হল, সেই নিয়মানুসারে, মানুষজনের পক্ষে একসাথে মিলিত হয়ে সেই পর্বটি পালন করা সম্ভব হয়নি।
6 রাজার আদেশে, রাজার ও তাঁর কর্মকর্তাদের কাছ থেকে চিঠিপত্র নিয়ে ডাকহরকরারা ইস্রায়েল ও যিহূদার সর্বত্র চলে গেল; সেই চিঠিপত্রের ভাষা ছিল এইরকম:
“হে ইস্রায়েলী প্রজারা, অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমরা ফিরে এসো, যেন তোমরা যারা অবশিষ্ট আছ, যারা আসিরিয়ার রাজাদের হাত থেকে রক্ষা পেয়েছ, তোমাদের কাছে তিনিও ফিরে আসেন। 7 তোমরা তোমাদের সেই পূর্বপুরুষ ও সমগোত্রীয় ইস্রায়েলীদের মতো হোয়ো না, যারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল, তাই তিনি তাদের প্রবল বিতৃষ্ণার পাত্রে পরিণত করলেন, যা তোমরা দেখতেই পাচ্ছ। 8 তোমাদের পূর্বপুরুষদের মতো তোমরা একগুঁয়ে হোয়ো না; সদাপ্রভুর হাতে নিজেদের সঁপে দাও। তাঁর পবিত্র সেই পীঠস্থানে এসো, যা তিনি চিরকালের জন্য পবিত্র করে দিয়েছেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, যেন তাঁর ভয়ংকর ক্রোধ তোমাদের কাছ থেকে দূর হয়ে যায়। 9 তোমরা যদি সদাপ্রভুর কাছে ফিরে আস, তবে তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের ও তোমাদের সন্তানদের প্রতি তাদের বন্দিকারীরা করুণা দেখাবে এবং তারা এই দেশে ফিরে আসবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু অনুগ্রহকারী ও করুণাময়। তোমরা যদি তাঁর কাছে ফিরে আস, তবে তিনি তোমাদের দিক থেকে তাঁর মুখ ফিরিয়ে নেবেন না।”
10 ডাকহরকরারা ইফ্রয়িম ও মনঃশির এক নগর থেকে অন্য নগর ঘুরে সবূলূন পর্যন্ত গেল, কিন্তু লোকেরা তাদের ঠাট্টা-বিদ্রুপ করল। 11 তা সত্ত্বেও, আশের, মনঃশি ও সবূলূন থেকে কেউ কেউ নিজেদের নত করল ও জেরুশালেমে গেল। 12 এছাড়া যিহূদাতেও লোকজনের উপর ঈশ্বর হাত রেখে তাদের মনে একতা দিলেন, যেন তারা সদাপ্রভুর বাক্য অনুসারে, রাজার ও তাঁর কর্মকর্তাদের আদেশ পালন করতে পারে।
13 দ্বিতীয় মাসে খামিরবিহীন রুটির উৎসব পালন করার জন্য বিশাল জনতা জেরুশালেমে সমবেত হল। 14 জেরুশালেমে তারা বেদিগুলি সরিয়ে দিয়েছিল এবং ধূপবেদিগুলি পরিষ্কার করে সেখানে রাখা জিনিসপত্র কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিয়েছিল।
15 দ্বিতীয় মাসের চতুর্দশতম দিনে তারা নিস্তারপর্বের মেষশাবকটি বধ করল। যাজক ও লেবীয়েরা লজ্জিত হয়ে ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করলেন এবং সদাপ্রভুর মন্দিরে হোমবলি নিয়ে এলেন। 16 পরে ঈশ্বরের লোক মোশির বিধান অনুসারে তারা তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন। লেবীয়েরা যাজকদের হাতে যে রক্ত তুলে দিয়েছিল, তারা সেই রক্ত যজ্ঞবেদিতে ছিটিয়ে দিলেন। 17 যেহেতু জনতার ভিড়ে অনেকেই ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করেননি, তাই প্রথাগতভাবে যারা শুচিশুদ্ধ ছিল না ও যারা তাদের আনা মেষশাবকগুলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারেনি, তাদের হয়ে লেবীয়দেরই নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করতে হল। 18 যদিও যেসব লোকজন ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন থেকে এসেছিল, তাদের মধ্যে অধিকাংশ জনই নিজেদের শুচিশুদ্ধ করেননি, তবু তারা লিখিত বিধিনিয়মের বিরুদ্ধে গিয়ে নিস্তারপর্বের ভোজ খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য প্রার্থনা করে বললেন, “মঙ্গলময় সদাপ্রভু তাদের প্রত্যেককে ক্ষমা করুন, 19 যারা তাদের অন্তর ঈশ্বরের—তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর—অন্বেষণ করার জন্য ঠিক করেছে, এমনকি পবিত্র পীঠস্থানের নিয়মানুসারে তারা যদি শুচিশুদ্ধ নাও হয়, তাও যেন তিনি তাদের ক্ষমা করলেন।” 20 সদাপ্রভু হিষ্কিয়ের প্রার্থনা শুনেছিলেন ও মানুষজনকে সুস্থ করলেন।
21 একদিকে, জেরুশালেমে উপস্থিত ইস্রায়েলীরা মহানন্দে সাত দিন ধরে খামিরবিহীন রুটির উৎসব পালন করছিল, অন্যদিকে যাজক ও লেবীয়েরা প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত দারুণ সব বাজনা বাজিয়ে সদাপ্রভুর প্রশংসাগান করে যাচ্ছিলেন।
22 যেসব লেবীয় সদাপ্রভুর সেবাকাজে ভালো বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করল, হিষ্কিয় তাদের উৎসাহ দিয়ে কথা বললেন। পর্বের সাত দিন ধরে তারা তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া খাবার খেয়েছিল এবং মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করল।
23 সমগ্র জনসমাজ তখন আরও সাত দিন উৎসব পালন করার বিষয়ে একমত হল; অতএব আনন্দ করতে করতে আরও সাত দিন ধরে তারা উৎসব পালন করল। 24 জনসমাজের জন্য যিহূদার রাজা হিষ্কিয় এক হাজার বলদ এবং সাত হাজার মেষ ও ছাগল দিলেন, এবং কর্মকর্তারা তাদের জন্য এক হাজার বলদ ও দশ হাজার মেষ ও ছাগল দিলেন। অনেক যাজক ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করে দিলেন। 25 যিহূদার সমগ্র জনসমাজ আনন্দ করল, ও তাদের সাথে সাথে যাজক ও লেবীয়েরা এবং ইস্রায়েল থেকে এসে সেখানে সমবেত হওয়া লোকজন ও ইস্রায়েল থেকে আসা তথা যিহূদায় বসবাসকারী বিদেশিরাও আনন্দ করল। 26 জেরুশালেমে আনন্দের হাট বসে গেল, কারণ ইস্রায়েলের রাজা দাউদের ছেলে শলোমনের সময়ের পর থেকে, জেরুশালেমে এরকম আর কিছু কখনও হয়নি। 27 যাজক ও লেবীয়েরা প্রজাদের আশীর্বাদ করার জন্য উঠে দাঁড়িয়েছিলেন, এবং ঈশ্বর তাদের কথা শুনেছিলেন, কারণ তাদের প্রার্থনা স্বর্গে, তাঁর সেই পবিত্র বাসস্থানে পৌঁছে গেল।
31:1 এসব কিছু সমাপ্ত হয়ে যাওয়ার পর, সেখানে উপস্থিত ইস্রায়েলীরা যিহূদার নগরগুলিতে গিয়ে সেখানকার দেবতাদের উদ্দেশে নিবেদিত পাথরগুলি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ও আশেরার খুঁটিগুলি কেটে নামিয়েছিল। যিহূদা ও বিন্যামীন, এবং ইফ্রয়িম ও মনঃশির সর্বত্র প্রতিমাপূজার উঁচু উঁচু স্থান ও বেদিগুলি তারা ধ্বংস করে দিয়েছিল। সেগুলি সব পুরোপুরি ধ্বংস করে ফেলার পর ইস্রায়েলীরা তাদের নিজের নিজের নগরে ও নিজেদের বিষয়সম্পত্তির কাছে ফিরে গেল।
2 হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করার, পরিচর্যা করার, সদাপ্রভুর বাসস্থানের দরজায় দাঁড়িয়ে ধন্যবাদ দেওয়ার ও প্রশংসা করার জন্য হিষ্কিয় যাজক ও লেবীয়দের প্রত্যেককে, যাজকের ও লেবীয়ের করণীয় দায়িত্ব অনুসারে, কয়েকটি বিভাগে বিভক্ত করে দিলেন। 3 সদাপ্রভুর বিধানে লেখা নিয়মানুসারে সকাল-সন্ধ্যার হোমবলির এবং সাব্বাথবারে, অমাবস্যায় ও নির্দিষ্ট করে দেওয়া উৎসবের দিনগুলিতে উৎসর্গ করার উপযোগী হোমবলির জন্য রাজা নিজের বিষয়সম্পত্তি থেকে দান দিলেন। 4 জেরুশালেমে বসবাসকারী লোকজনকে তিনি আদেশ দিলেন, সদাপ্রভুর বিধানসংক্রান্ত বিষয়ে যাজক ও লেবীয়েরা যেন নিজেদের লিপ্ত রাখতে পারেন, তাই তাদের প্রাপ্য অংশ যেন তারা তাদের দিয়ে দেন। 5 যেই না সেই আদেশ জারি হল, ইস্রায়েলীরা অকাতরে তাদের শস্যের নবান্ন, নতুন দ্রাক্ষারস, জলপাই তেল ও মধু এবং ক্ষেতের সব উৎপন্ন দ্রব্য এনে দিয়েছিল। অনেক বেশি পরিমাণে তারা সবকিছুর দশমাংশ নিয়ে এসেছিল। 6 যিহূদার নগরগুলিতে বসবাসকারী ইস্রায়েল ও যিহূদার লোকজন তাদের গরু-ছাগলের পাল ও মেষের পাল থেকেও দশমাংশ এনেছিল এবং তাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত পবিত্র জিনিসপত্রের দশমাংশও এনে গাদা করে দিয়েছিল। 7 তৃতীয় মাসে তারা এরকম করতে শুরু করল এবং সপ্তম মাসে শেষ করল। 8 হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা যখন এসে জিনিসপত্রের সেই গাদা দেখেছিলেন, তারা সদাপ্রভুর প্রশংসা করলেন ও তাঁর প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ দিলেন।
9 হিষ্কিয়, যাজক ও লেবীয়দের সেই গাদার বিষয়ে জিজ্ঞাসা করলেন; 10 এবং সাদোকের বংশোদ্ভূত প্রধান যাজক অসরিয় উত্তর দিলেন, “যেদিন থেকে লোকেরা সদাপ্রভুর মন্দিরে তাদের দান আনতে শুরু করল, আমরা যথেষ্ট খাবার খেতে পেয়েছি এবং প্রচুর খাবার বেঁচেও গিয়েছে, কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের আশীর্বাদ করেছেন, ও এত কিছু বেঁচে গিয়েছে।”
11 সদাপ্রভুর মন্দিরে হিষ্কিয় কয়েকটি ভাঁড়ারঘর তৈরি করার আদেশ দিলেন, এবং তা করা হল। 12 পরে তারা নিষ্ঠাসহকারে দান, দশমাংশ ও উৎসর্গীকৃত জিনিসপত্র নিয়ে এসেছিল। লেবীয় কনানিয়কে এইসব জিনিসপত্র দেখাশোনা করার দায়িত্ব দিয়ে তত্ত্বাবধায়ক করে দেওয়া হল, এবং তাঁর ভাই শিমিয়ি পদাধিকারবলে তাঁর ঠিক নিচেই ছিলেন। 13 যিহীয়েল, অসসিয়, নহৎ, অসাহেল, যিরীমোৎ, যোষাবদ, ইলীয়েল, যিষ্মখিয়, মাহৎ ও বনায় কনানিয় ও তাঁর ভাই শিমিয়ির সহকারী ছিলেন। এরা সবাই, রাজা হিষ্কিয় ও ঈশ্বরের মন্দিরের দায়িত্বে থাকা কর্মকর্তা অসরিয়ের দ্বারা কাজে নিযুক্ত হলেন।
14 যিম্নার ছেলে লেবীয় কোরিকে, যিনি আবার পূর্বদিকের দরজার রক্ষীও ছিলেন, ঈশ্বরকে দেওয়া স্বেচ্ছাদানগুলি দেখাশোনা করার, সদাপ্রভুর কাছে আনা দানসামগ্রী ও উৎসর্গীকৃত উপহারগুলি বিলি করার দায়িত্ব দেওয়া হল। 15 এদন, মিনিয়ামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় নিষ্ঠাসহকারে যাজকদের নগরগুলিতে থেকে কোরির কাজে সাহায্য করতেন, এবং বড়ো বা ছোটো, তাদের সমগোত্রীয় যাজকদের বিভাগ অনুসারে, তাদের কাছে তাদের প্রাপ্য বিলি করে দিতেন।
16 এছাড়াও, তিন বছর বা তার বেশি বয়সের যেসব পুরুষের নাম বংশানুক্রমিক তালিকাতে ছিল—যারা তাদের দায়িত্ব ও বিভাগ অনুসারে তাদের বিভিন্ন কাজকর্মের দৈনন্দিন দায়িত্ব পালন করার জন্য সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতেন, তাদেরও প্রাপ্য তারা বিলি করে দিতেন। 17 এক-একটি বংশ ধরে ধরে বংশানুক্রমিক তালিকায় নথিভুক্ত যাজকদের ও একইরকম ভাবে, কুড়ি বছর বা তার বেশি বয়সের লেবীয়দের প্রাপ্যও তারা তাদের দায়িত্ব ও বিভাগ অনুসারে বিলি করে দিতেন। 18 এইসব বংশানুক্রমিক তালিকায় সমগ্র সমাজের যত শিশু, স্ত্রী, এবং ছেলেমেয়ের নাম নথিভুক্ত করা ছিল, তাদের সবাইকে তারা যুক্ত করলেন। কারণ ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করার ক্ষেত্রে তারা নিষ্ঠাবান ছিলেন।
19 যারা নিজেদের নগরের বা অন্যান্য নগরের আশেপাশে অবস্থিত ক্ষেতজমিতে বসবাস করতেন, হারোণের বংশধর, সেইসব যাজকের মধ্যে থেকে প্রত্যেকজন পুরুষের ও যাদের নাম লেবীয়দের বংশাবলিতে নথিভুক্ত করে রাখা হল, তাদের প্রাপ্য তাদের কাছে বিলি করে দেওয়ার জন্য নাম ধরে ধরে নির্দিষ্ট করে দেওয়া কয়েকজনকে দায়িত্ব দেওয়া হল।
20 যিহূদার সব স্থানে হিষ্কিয় এরকমই করলেন, তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো ও নির্ভরযোগ্য, তাই করলেন। 21 ঈশ্বরের মন্দিরের পরিচর্যায় এবং বিধান ও আদেশের প্রতি বাধ্যতা দেখিয়ে তিনি যা যা করার দায়িত্ব নিয়েছিলেন, সবেতেই তিনি তাঁর ঈশ্বরের অন্বেষণ করলেন এবং মনপ্রাণ ঢেলে দিয়ে কাজ করলেন। আর তাই তিনি সফলও হলেন।