পৌল কেন এত আন্তরিকভাবে প্রচার করেন

আসন্ন বিচারের ভয়াবহতা জেনে পৌল সুসমাচার প্রচার করতে এবং মানুষকে খ্রীষ্টিয়ান হতে বোঝাতে আরও বেশি আন্তরিক ছিলেন। ঈশ্বরের কাছে তাঁর স্বরূপ স্পষ্ট জেনেই তিনি নিজের কর্তব্য পালন করেন, আর তিনি আশা করতেন যে করিন্থের মানুষদের বিবেকের কাছেও তাঁর স্বরূপ স্পষ্ট। এরপর তিনি ভণ্ড শিক্ষকদের আক্রমণের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করেন, যেন তাঁর প্রচারে বিশ্বাসী হওয়া লোকেরা প্রেরিত হিসেবে তাঁকে নিয়ে গর্ব করার কারণ পায়। তিনি ঘোষণা করেন যে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে সুসমাচার প্রচার করে সেই বিরোধী দলের চোখে পাগল বলে গণ্য হন, কিংবা নির্যাতন এড়িয়ে সুবিবেচনার সঙ্গে কাজ করেন—যা-ই করুন না কেন, তা তাঁর শিষ্যদের জন্যই।

58 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 করিন্থীয় 5:11–15

11 তাহলে, প্রভুকে ভয় করার অর্থ কী, তা আমরা জানি; সেই কারণে আমরা সব মানুষকে তা বোঝানোর চেষ্টা করি। আমরা যে কী প্রকার, তা ঈশ্বরের কাছে স্পষ্ট। আমি আশা করি, তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট। 12 আমরা আবার তোমাদের কাছে নিজেদের প্রশংসা করার চেষ্টা করছি না, কিন্তু আমাদের জন্য তোমাদের গর্ব করার একটি সুযোগ দিচ্ছি, যেন যারা অন্তরের বিষয় নিয়ে গর্বিত না হয়ে বাহ্যিক প্রদর্শন নিয়ে গর্ব করে, তোমরা তাদের উত্তর দিতে পারো। 13 যদি আমরা উন্মাদ হয়েছি, তাহলে তা ঈশ্বরের জন্যই হয়েছি; যদি আমরা স্বাভাবিক অবস্থায় আছি, তাহলে তা তোমাদেরই জন্য। 14 কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বাধ্য করেছে এবং আমরা নিশ্চিত যে, একজন যখন সকলের জন্য মৃত্যুবরণ করলেন, সেই কারণে সকলেরই মৃত্যু হল। 15 আর তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন যারা জীবিত আছে, তারা আর যেন নিজেদের জন্য জীবনধারণ না করে, কিন্তু তাঁর জন্য করে, যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনরায় উত্থাপিত হয়েছেন।

ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত এক নতুন সৃষ্টি

খ্রীষ্ট সমগ্র মানবজাতির জন্য মৃত্যুবরণ করেছেন, এই সত্য থেকে পৌল আরও যুক্তি দেন যে এখন থেকে ইহুদি ও অইহুদির মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ খ্রীষ্টকে আর দৈহিক পরিচয়ে ইহুদি হিসেবে গণ্য করা হয় না। বিশ্বাসের মাধ্যমে যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়, তারা সকলেই নতুন সৃষ্টি হয়ে ওঠে, এবং তাদের পুরোনো পাপপূর্ণ আচরণের অবসান হয়েছে। এই নতুন অবস্থার সুযোগসুবিধা ও আশীর্বাদ কেবল ঈশ্বরের কাছ থেকেই আসে। তিনি খ্রীষ্ট যীশুর মাধ্যমে জগৎকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের বার্তা প্রেরিতদের হাতে অর্পণ করেছেন। খ্রীষ্টের পক্ষে পৌল সকল মানুষকে ঈশ্বরের কাছে আসতে এবং তাঁর পুত্রের প্রায়শ্চিত্তের মাধ্যমে তাদের জন্য অর্জিত ক্ষমা গ্রহণ করতে অনুরোধ করেন; সেই পুত্রকে মানবজাতির জন্য পাপার্থক বলি করা হয়েছিল।

2 করিন্থীয় 5:16–21

16 তাই, এখন থেকে জাগতিক মানদণ্ড অনুসারে আমরা কাউকে জানি না। যদিও খ্রীষ্টকে আমরা জাগতিক মানদণ্ড অনুসারে জানতাম, কিন্তু এখন আর জানি না। 17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। 18 এসবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রীষ্টের মাধ্যমে তাঁর নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। 19 তা হল এই যে, ঈশ্বর জগৎকে খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে পুনর্মিলিত করছিলেন, মানুষের পাপসকল আর তাদের বিরুদ্ধে গণ্য করেননি। আর সেই পুনর্মিলনের বার্তা ঘোষণা করা তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন। 20 অতএব, আমরা খ্রীষ্টের রাজদূত, ঈশ্বর যেন আমাদের মাধ্যমে তাঁর আবেদন জানাচ্ছিলেন। আমরা খ্রীষ্টের পক্ষে তোমাদের কাছে এই মিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। 21 যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাঁকে আমাদের পক্ষে পাপস্বরূপ করলেন, যেন আমরা তাঁর দ্বারা ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হতে পারি।

একজন বিশ্বস্ত পরিচারকের লক্ষণ

খ্রীষ্টের রাজদূত হিসেবে পৌল করিন্থের মানুষদের অনুরোধ করেন, তাঁরা যেন ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ না করেন, বরং সুসমাচার যা দাবি করে তার সবই পালন করেন। নিজের কষ্টভোগের বর্ণনা দিয়ে পৌল সুসমাচারের একজন বিশ্বস্ত পরিচারকের চিত্র তুলে ধরেন এবং এভাবে প্রমাণ করেন যে সেই ভণ্ড শিক্ষক তাঁর চেয়ে নিকৃষ্ট।

2 করিন্থীয় 6:1–10

1 ঈশ্বরের সহকর্মীরূপে আমরা তোমাদের নিবেদন করছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ কোরো না। 2 কারণ তিনি বলেন,

“আমার অনুগ্রহ প্রদর্শনকালে, আমি তোমার কথা শুনেছি,

আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি।”

আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন।

3 আমরা কারও পথে কোনো বাধার সৃষ্টি করি না, যেন আমাদের পরিচর্যা কলঙ্কিত না হয়। 4 বরং, আমরা যেহেতু ঈশ্বরের পরিচারক, সবদিক দিয়ে নিজেদের যোগ্যপাত্ররূপে দেখাতে চাই: মহা ধৈর্যে, কষ্ট-সংকটে, কষ্টভোগ ও দুর্দশায়; 5 প্রহারে, কারাবাসে ও গণবিক্ষোভে, কঠোর পরিশ্রমে, নিদ্রাহীন রাত্রিযাপনে ও অনাহারে; 6 শুদ্ধতায়, জ্ঞানে, সহিষ্ণুতায় ও সদয়ভাবে, পবিত্র আত্মায় ও অকপট ভালোবাসায়; 7 সত্যভাষণে ও ঐশ্বরিক পরাক্রমে, ডান ও বাঁ হাতে ধার্মিকতার অস্ত্রশস্ত্র নিয়ে; 8 গৌরব ও অসম্মানের মধ্যে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে; আমরা সত্যনিষ্ঠ, অথচ বিবেচিত হই প্রতারকরূপে; 9 পরিচিত, অথচ যেন অপরিচিতের মতো; মরণাপন্ন, তবুও বেঁচে আছি; প্রহারিত, তবুও নিহত নই; 10 দুঃখার্ত, তবু যেন সবসময়ই আনন্দ করছি; দরিদ্র, তবুও অনেককে সমৃদ্ধ করছি; আমাদের কিছুই নেই, তবুও সবকিছুর অধিকারী।

পৌল অবিশ্বাসীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিষেধ করেন

পৌল করিন্থের মানুষদের প্রতি তাঁর গভীর প্রেম ও স্নেহের কথা ঘোষণা করেন। তিনি তাঁদের ভালোবাসার অভাবের জন্য তিরস্কার করেন এবং নিজের সন্তান হিসেবে তাঁদের অনুরোধ করেন, তাঁরা যেন তাঁদের আত্মিক পিতা হিসেবে তাঁর প্রতি হৃদয় সম্পূর্ণ উন্মুক্ত করেন। তিনি তাঁদের অবিশ্বাসীদের বিয়ে করতে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে বা তাদের সঙ্গে কোনো ধরনের ঘনিষ্ঠ লেনদেনে জড়াতে নিষেধ করেন। যারা এই ধরনের অপবিত্র বন্ধন থেকে নিজেদের পৃথক করে, তাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞাই পূর্ণতা অর্জনের লক্ষ্যে তাঁদের সবচেয়ে জোরালো প্রেরণা হওয়া উচিত।

2 করিন্থীয় 6:11–7:1

11 করিন্থের মানুষেরা, আমরা অবাধে তোমাদের সঙ্গে কথা বলছি এবং তোমাদের কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করেছি। 12 আমরা আমাদের ভালোবাসা তোমাদের দিতে অস্বীকার করিনি, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা আমাদের দিতে অস্বীকার করছ। 13 শোভনীয় বিনিময়রূপে—আমি আমার সন্তানরূপে তোমাদের বলছি—তোমরাও তোমাদের হৃদয় উন্মুক্ত করো।

14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হোয়ো না। কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কী সাদৃশ্য আছে? অথবা, অন্ধকারের সঙ্গে আলোর কী সহভাগিতা থাকতে পারে? 15 খ্রীষ্ট ও বলিয়ালের মধ্যেই বা কী ঐক্য? কোনো বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীরই বা কী মিল? 16 ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কী সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির! ঈশ্বর যেমন বলেছেন,

“আমি তাদের মধ্যে বসতি করব

ও তাদের মধ্যে গমনাগমন করব,

আর আমি তাদের ঈশ্বর হব

ও তারা আমার প্রজা হবে।”

17 অতএব,

“তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো

ও পৃথক হও,

একথা প্রভু বলেন।

কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না,

তাহলে আমি তোমাদের গ্রহণ করব।”

18 “আমি তোমাদের পিতা হব,

আর তোমরা হবে আমার পুত্রকন্যা,

সর্বশক্তিমান প্রভু একথা বলেন।”

7:1 প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এসব প্রতিশ্রুতি আছে, তাই যা কিছু আমাদের শরীর ও আত্মাকে কলুষিত করে, এসো আমরা সেসব থেকে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরের প্রতি সম্ভ্রমবশত পবিত্রতা সিদ্ধ করি।

পৌল তাঁকে প্রেরিত হিসেবে গ্রহণ করতে অনুরোধ করেন

পৌল করিন্থের মানুষদের অনুরোধ করেন যেন তাঁরা তাঁকে প্রেরিত হিসেবে স্বীকার করেন। তাঁদের স্নেহ পাওয়ার জন্য নিজের দাবিগুলি উল্লেখ করে তিনি সেই ভণ্ড শিক্ষকের বিপরীত আচরণের দিকে ইঙ্গিত করেন। তিনি তাঁদের আশ্বাস দেন যে তাঁদের দোষী সাব্যস্ত করার জন্য নয়, বরং তাঁদের প্রতি গভীরতম ভালোবাসা থেকেই তিনি এসব বলছেন। তাঁদের সদ্ভাব ও আনুগত্যে তিনি আনন্দ করেন।

2 করিন্থীয় 7:2–4

2 তোমরা তোমাদের হৃদয়ে আমাদের জন্য স্থান দিয়ো। আমরা কারও প্রতি অন্যায় করিনি, আমরা কাউকে ভুল পথে নিয়ে যাইনি, আমরা কাউকে শোষণ করিনি। 3 তোমাদের অভিযুক্ত করার জন্য আমি একথা বলছি না। আমি পূর্বেই তোমাদের বলেছি যে, তোমরা আমাদের অন্তরে এমন স্থান জুড়ে আছ যে, আমরা মরি তো একসঙ্গে, আবার বাঁচি তো একসঙ্গে। 4 তোমাদের প্রতি আমার গভীর আস্থা আছে; তোমাদের নিয়ে আমার ভীষণ গর্ব। তাই আমি সম্পূর্ণ অনুপ্রাণিত হয়েছি; আমাদের সমস্ত কষ্ট-সংকটের মধ্যেও আমার আনন্দের সীমা নেই।

তীতের আনা সংবাদে পৌলের আনন্দ

নিজের স্নেহের প্রমাণ হিসেবে পৌল করিন্থের মানুষদের তাঁদের জন্য তাঁর উদ্বেগের কথা জানান; তাঁর ভয় ছিল যে সেই ভণ্ড শিক্ষক তাঁদের বিপথে নিয়ে গেছে। তীত যখন তাঁদের বশ্যতা ও ভালোবাসার সংবাদ নিয়ে এসেছিলেন, তখন তাঁর যে আনন্দ হয়েছিল, সে কথা তিনি বলেন। তিনি তাঁদের কাছে তাঁর প্রথম চিঠির কথা উল্লেখ করেন এবং আশ্বাস দেন যে তাঁদের প্রতি তাঁর গভীর যত্ন দেখানোর জন্যই তিনি অগম্যাগমনে লিপ্ত লোকটিকে মণ্ডলী থেকে বহিষ্কার করার আদেশ দিয়েছিলেন। তিনি তাঁদের আনুগত্য, উদ্যম ও অনুতাপের প্রশংসা করেন। তাঁদের আচরণ তাঁকে যে সান্ত্বনা দিয়েছে এবং তাঁদের ঐক্য ও আনুগত্য দেখে তীত যে আনন্দ পেয়েছেন, তিনি সে কথাও জানান।

2 করিন্থীয় 7:5–16

5 কারণ, আমরা ম্যাসিডোনিয়ায় আসার পরেও, আমাদের এই শরীরের কোনো বিশ্রাম ছিল না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে বিপর্যস্ত হচ্ছিলাম—বাইরে সংঘর্ষ, অন্তরে ভয়। 6 কিন্তু ঈশ্বর, যিনি দুঃখিত মানুষদের সান্ত্বনা প্রদান করেন, তিনি তীতের আগমনের মাধ্যমে আমাদের সান্ত্বনা দিলেন। 7 আর কেবলমাত্র তাঁর আগমনের মাধ্যমে নয়, কিন্তু তোমরা তাঁকে যে সান্ত্বনা দিয়েছ, তার মাধ্যমেও আশ্বস্ত করলেন। তিনি আমার জন্য তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের গভীর দুঃখ, আমার জন্য তোমাদের প্রবল দুশ্চিন্তার কথাও ব্যক্ত করলেন, যেন আমার আনন্দ আগের থেকেও আরও বেশি হয়।

8 আমার পত্রের দ্বারা আমি তোমাদের দুঃখ দিলেও, আমি তার জন্য অনুশোচনা করি না। আমি অনুশোচনা করলেও—আমি দেখছি যে আমার পত্র তোমাদের আহত করেছে, কিন্তু তা মাত্র অল্প সময়ের জন্য— 9 এখন আমি আনন্দিত, তোমাদের দুঃখ দিয়েছিলাম বলে নয়, কিন্তু সেই দুঃখ তোমাদের অনুতাপের পথে চালিত করেছিল বলে। কারণ ঈশ্বর যেমন চেয়েছিলেন, তোমরা তেমনই দুঃখিত হয়েছিলে, অতএব, আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হয়নি। 10 ঐশ্বরিক দুঃখ নিয়ে আসে অনুতাপ, যা পরিত্রাণের পথে চালিত করে; সেখানে অনুশোচনার কোনও অবকাশ নেই; কিন্তু জাগতিক দুঃখ নিয়ে আসে মৃত্যু। 11 দেখো, ঈশ্বরের অভিমত অনুযায়ী তোমাদের মধ্যে কী সব বিষয় উৎপন্ন করেছে: কত আগ্রহ, নিজেদের শুদ্ধ দেখানোর জন্য কত আকুলতা, কত না ধিক্কার, কত আশঙ্কা, কত প্রতীক্ষা, কত উদ্বেগ, ন্যায় প্রতিষ্ঠার জন্য কত না প্রস্তুতি। এই ব্যাপারে, প্রতি ক্ষেত্রেই তোমরা নিজেদের নির্দোষ প্রমাণ করেছ। 12 তাই আমি যদিও তোমাদের লিখেছিলাম, যে অন্যায় করেছিল, এ তার বিরুদ্ধে, অথবা ক্ষতিগ্রস্ত পক্ষের বিরুদ্ধে নয়, বরং ঈশ্বরের দৃষ্টিতে তোমরা নিজেরাই দেখতে পাও যে, তোমরা আমাদের প্রতি কত অনুরক্ত। 13 এ সবকিছুর দ্বারা আমরা উৎসাহ লাভ করেছি।

আমাদের নিজস্ব উৎসাহ ছাড়াও, তীতকে সুখী দেখে আমরাও বিশেষভবে আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাঁর আত্মা সঞ্জীবিত হয়েছে। 14 আমি তাঁর কাছে তোমাদের সম্পর্কে গর্বপ্রকাশ করেছিলাম, আর তোমরা আমাকে অপ্রস্তুত করোনি। কারণ যেমন তোমাদের কাছে আমাদের বলা সব কথাই ছিল সত্যি, তেমনই তীতের কাছে তোমাদের সম্পর্কে যে গর্বপ্রকাশ করেছিলাম, তাও সত্যি বলে প্রমাণিত হয়েছে। 15 আর তোমাদের জন্য তাঁর স্নেহ আরও বেশি প্রবল হয়েছে, যখন তিনি স্মরণ করেন যে, তোমরা কেমন আদেশ পালন করেছিলে, তাঁকে সভয়ে ও কম্পিত হৃদয়ে গ্রহণ করেছিলে। 16 আমি আনন্দিত যে, আমি তোমাদের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারি।