পৌল যিহূদিয়ার জন্য উদারভাবে দান করতে উৎসাহ দেন

অত্যন্ত কষ্টকর অবস্থায় থাকা ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলির উদাহরণ দিয়ে পৌল করিন্থের মানুষদের যিহূদিয়ার খ্রীষ্টিয়ান ভাইদের সাহায্যের জন্য উদারভাবে দান করতে উৎসাহ দেন। তিনি বলেন যে তিনি এটি আদেশ হিসেবে দিচ্ছেন না, কারণ দয়ার কাজ স্বেচ্ছায় করা উচিত; তবে তিনি আশা করেন যে খ্রীষ্টের দৃষ্টান্ত ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তাঁরা এমন কাজে উপচে পড়বেন। তিনি তাঁদের আহ্বান জানান, তাঁরা যেন তাঁদের সামর্থ্য অনুসারে ইতিমধ্যে শুরু করা অর্থসংগ্রহের কাজ বিলম্ব না করে শেষ করেন, কারণ ঈশ্বর দানের পরিমাণের চেয়ে দাতার ইচ্ছুক মনকে বেশি মূল্য দেন। তাঁরা যা দেবেন, তা কেবল যিহূদিয়ার দরিদ্র ভাইদের জন্যই ব্যবহার করতে হবে; সেই ভাইয়েরাও পালাক্রমে করিন্থের মানুষদের অভাব পূরণ করতে সমর্থ হতে পারেন।

58 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 করিন্থীয় 8:1–15

1 এখন ভাইবোনেরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলিকে ঈশ্বর যে অনুগ্রহ প্রদান করেছেন, আমরা চাই, তোমরা সে সম্পর্কে অবহিত হও। 2 কষ্টের চরম পরীক্ষার মধ্যেও তাদের আনন্দের উচ্ছ্বাস ও নিদারুণ দারিদ্র্য, প্রচুর দানশীলতায় উপচে পড়েছে। 3 কারণ আমি সাক্ষ্য দিচ্ছি, তারা তাদের সাধ্যমতো, এমনকি, সাধ্যেরও অতিরিক্ত পরিমাণে, দান করেছে। তারা নিজেদের ইচ্ছায় 4 প্রবল আগ্রহের সঙ্গে, পবিত্রগণের এই সেবায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য আমাদের মিনতি জানিয়েছে। 5 তারা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে কাজ করল। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তারা প্রথমে প্রভুর, পরে আমাদেরও কাছে নিজেদের প্রদান করল। 6 তাই আমরা তীতকে অনুরোধ করলাম, তোমাদের মধ্যে সেই অনুগ্রহের কাজ শেষ করার জন্য, যা তিনি আগেই শুরু করেছিলেন। 7 কিন্তু যেমন তোমরা সব বিষয়ে উৎকর্ষ লাভ করছ—বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সম্পূর্ণ আন্তরিকতায় ও ভালোবাসায়, যা তোমাদের মধ্যে আমরা উদ্দীপিত করেছি—দেখো, দান দেওয়ার ক্ষেত্রে এই অনুগ্রহেও তোমরা যেন উৎকর্ষ লাভ করো।

8 আমি তোমাদের আদেশ করছি না, কিন্তু অপর মানুষদের আন্তরিকতার সঙ্গে তুলনা করে আমি তোমাদের ভালোবাসার সততাকে পরীক্ষা করতে চাই। 9 কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো যে, তিনি যদিও ধনী ছিলেন, তবুও তোমাদের কারণে তিনি দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দারিদ্র্যের মাধ্যমে ধনী হতে পারো।

10 আর এ বিষয়ে তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, সে সম্পর্কে আমার পরামর্শ এই: গত বছর, তোমরা যে কেবলমাত্র প্রথমে দান করেছিলে, তা নয়, কিন্তু তা করার আগ্রহও প্রকাশ করেছিলে। 11 এখন সেই কাজ সম্পূর্ণ করো, যেন তা করার জন্য তোমাদের আগ্রহ তোমাদের সামর্থ্য অনুযায়ী তা সম্পন্ন করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। 12 কারণ আগ্রহ যদি থাকে, তবে যার যা আছে, সেই অনুযায়ী দান গ্রহণযোগ্য হয়, তার যা নেই, সেই অনুযায়ী নয়।

13 আমাদের ইচ্ছা এই নয় যে অন্যেরা স্বস্তি বোধ করে এবং তোমরা প্রবল চাপ অনুভব করো, কিন্তু যেন সাম্যভাব বজায় থাকে। 14 বর্তমানে তোমাদের প্রাচুর্যে তাদের যা প্রয়োজন, তা পূরণ করবে, যেন তার পরিবর্তে, তাদের প্রাচুর্য সময়মতো তোমাদের প্রয়োজন পূরণ করবে। তখনই সমতা বজায় থাকবে, 15 যেমন লেখা আছে, “যে বেশি পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব বেশি ছিল না, এবং যে কম পরিমাণে কুড়িয়েছিল তার কাছেও খুব কম ছিল না।”

তীত ও দুই ভাইকে করিন্থে পাঠানো হয়

ঈশ্বর তীতকে তাঁদের জন্য তাঁর নিজের মতোই উদ্বিগ্ন করেছেন বলে পৌল তাঁকে ধন্যবাদ দেন। তীতের আগ্রহ তাঁকে এই চিঠি বহন করতে প্রেরণা দিয়েছে। পৌল তাঁদের জানান যে তিনি তীতের সঙ্গে একজন অত্যন্ত সুনামধন্য ভাইকে পাঠাচ্ছেন। তাঁদের দান কীভাবে পরিচালিত হয় তার সাক্ষী হিসেবে ম্যাসিডোনিয়াবাসীদের মণ্ডলীগুলি তাঁকে বেছে নিয়েছে, যেন তাঁদের উপর অর্পিত বিপুল অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা নিয়ে কোনো অভিযোগের সন্দেহ না ওঠে। আরও একজন সহকর্মীকেও পাঠানো হচ্ছে, যিনি তাঁদের সদ্ভাবের সংবাদ শুনে এই উপলক্ষে বিশেষভাবে আগ্রহী হয়েছেন। পৌল তাঁদের নির্দেশ দেন কীভাবে সেই বিরোধী দলের প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাঁদের অনুরোধ করেন যেন তাঁরা এই বার্তাবাহকদের ও মণ্ডলীগুলিকে তাঁদের ভালোবাসার এবং তাঁদের প্রতি পৌলের আস্থার প্রমাণ দেন।

2 করিন্থীয় 8:16–24

16 আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, তিনি তীতের অন্তরে সেই একই প্রকার প্রবল আগ্রহ দিয়েছেন, যেমন তোমাদের প্রতি আমার আছে। 17 কারণ তীত আমাদের আবেদনকে কেবলমাত্র স্বাগতই জানাননি, কিন্তু ভীষণ উদ্যোগী হয়ে স্বেচ্ছায় তিনি তোমাদের কাছে যাচ্ছেন। 18 আর আমরা তাঁর সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি, যিনি সুসমাচারের প্রতি তাঁর সেবাকাজের জন্য মণ্ডলীগুলির দ্বারা প্রশংসিত হয়েছেন। 19 শুধু তাই নয়, আমরা যখন সেই দান বহন করে নিয়ে যাই, আমাদের সঙ্গী হওয়ার জন্য তিনিও মণ্ডলীগুলির দ্বারা মনোনীত হয়েছেন। প্রভুর গৌরবের জন্য ও সহায়তা প্রদানে আমাদের ঐকান্তিক আগ্রহ প্রকাশের জন্য আমরা এই পরিচর্যা সম্পন্ন করছি। 20 সুপ্রচুর এই দান আমরা যেভাবে তদারকি করছি, আমরা চাই না যে কেউ তার সমালোচনা করে। 21 কারণ কেবলমাত্র প্রভুর দৃষ্টিতে নয়, কিন্তু সব মানুষের দৃষ্টিতেও যা ন্যায়সংগত, আমরা তাই করার জন্য প্রাণপণ করছি।

22 সেই সঙ্গে তাঁদের সঙ্গী করে আমাদের আর একজন ভাইকে পাঠাচ্ছি, যিনি বিভিন্নভাবে বহুবার আমাদের কাছে তাঁর উদ্যমের পরিচয় দিয়েছেন, এমনকি, তোমাদের প্রতি তাঁর গভীর আস্থার জন্য তিনি এখন আরও অনেক বেশি উদ্যমী হয়েছেন। 23 তীতের বিষয়ে বলতে হলে, তিনি আমার অংশীদার ও তোমাদের মধ্যে আমার সহকর্মী। আর আমাদের ভাইদের সম্পর্কে বলি, তাঁরা মণ্ডলীগুলির দ্বারা প্রেরিত ও খ্রীষ্টের গৌরবস্বরূপ। 24 অতএব, তাঁদের কাছে তোমাদের ভালোবাসা ও তোমাদের সম্পর্কে আমাদের গর্ববোধের প্রমাণ প্রদর্শন করো, যেন সব মণ্ডলী তা দেখতে পায়।

দানসংগ্রহ প্রস্তুত করতে তীতকে আগে পাঠানো হয়

পৌল আরও করিন্থের মানুষদের মনে করিয়ে দেন যে, এক বছর আগেই তিনি তাদের আগ্রহের বিষয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে গর্ব করেছিলেন। তারপর থেকে, তীতের কাছ থেকে জানতে পেরে যে তারা এ বিষয়ে অবহেলা করেছে, তিনি তাঁর আসার আগেই দানের সংগ্রহ প্রস্তুত করার জন্য তীত ও তাঁর সঙ্গীদের পাঠাচ্ছেন, যেন তাদের বিষয়ে তাঁর গর্বের জন্য তাঁকে লজ্জিত হতে না হয়, এবং তারা যা দেয় তা যেন স্বেচ্ছায় দেওয়া হয়, লোভী লোকদের কাছ থেকে জোর করে আদায় করার মতো নয়।

2 করিন্থীয় 9:1–5

1 পবিত্রগণের প্রতি এই যে সেবাকাজ, সে সম্পর্কে তোমাদের কাছে আমার কিছু লেখার প্রয়োজন নেই। 2 সাহায্যের জন্য তোমাদের আগ্রহের কথা আমি জানি। ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এ সম্পর্কে আমি গর্বও করে থাকি, তাদের বলি যে, আখায়া প্রদেশের মধ্যে তোমরা গত বছর থেকেই দান করার জন্য প্রস্তুত হয়েছ এবং তোমাদের উদ্যম তাদের অধিকাংশ লোককে এ বিষয়ে তৎপর করে তুলতে উৎসাহিত করেছে। 3 কিন্তু আমি এজন্যই এই ভাইদের পাঠাচ্ছি, যেন এ বিষয়ে তোমাদের সম্পর্কে আমাদের গর্ব মিথ্যা না হয়, বরং তোমরা যেন প্রস্তুত থাকো, যেমন তোমরা থাকবে বলে আমি বলেছিলাম। 4 কারণ ম্যাসিডোনিয়ার কোনো লোক আমার সঙ্গে এসে যদি দেখে যে, তোমরা প্রস্তুত নও, আমরা—তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই না—এত আস্থাশীল বলে লজ্জিতই হব। 5 তাই আমি ভাবলাম, এই ভাইদের অনুরোধ করা আবশ্যক, যেন তাঁরা আগে তোমাদের পরিদর্শন করেন এবং যে মুক্তহস্ত দানের প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে, সেই ব্যবস্থাপনা শেষ করতে পারেন। তখন তা মুক্তহস্তের দান বলে প্রস্তুত থাকবে, অনিচ্ছাকৃত দানরূপে নয়।

উদারভাবে বপন করো, আনন্দের সঙ্গে দান করো

পৌল করিন্থের মানুষদের উদার হতে অনুরোধ করেন, কারণ এখানে আমাদের কাজ অনুসারে অন্য জগতে আমরা পুরস্কার পাব। তিনি তাঁদের আনন্দের সঙ্গে দান করতে অনুরোধ করেন। তাঁদের পরিশ্রমে আশীর্বাদ করার এবং তাঁদের নিজেদের প্রয়োজন ও দাতব্য কাজ—উভয়ের জন্য এই জগতের যথেষ্ট সম্পদ জোগানোর ক্ষমতা ঈশ্বরের আছে। যাঁরা সাহায্য পান, তাঁরা আনন্দ করেন, ঈশ্বরকে ধন্যবাদ দেন এবং যাঁরা দান করেছেন তাঁদের জন্য প্রার্থনা করেন।

2 করিন্থীয় 9:6–15

6 একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে অনেক পরিমাণে বীজ বোনে, সে অনেক পরিমাণে ফসলও কাটবে। 7 প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। 8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো। 9 যেমন লেখা আছে:

“সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,

তার ধার্মিকতা চিরস্থায়ী।”

10 এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন। 11 তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।

12 তোমাদের সাধিত এই সেবাকাজ কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব দূর করেছে, তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ-জ্ঞাপনে উপচে পড়ছে। 13 যে সেবাকাজের দ্বারা তোমরা নিজেদের প্রমাণ করেছ, সেই কারণে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্তহস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে। 14 ঈশ্বর তোমাদের প্রতি যে অপার অনুগ্রহ-দান করেছেন, সেই কারণে তোমাদের জন্য তাদের প্রার্থনায়, তাদের হৃদয় তোমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। 15 বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।

পৌলের সতর্কবাণী: উপস্থিত থাকলেও তিনি সাহসী হতে পারেন

পৌল এখন বিশেষভাবে সেই ভ্রান্ত শিক্ষক ও তার অনুগামীদের উদ্দেশে কথা বলেন, যারা তাঁর নিন্দা করে বলেছিল যে তিনি কেবল উপস্থিত থাকলেই নম্র, কিন্তু অনুপস্থিত থাকলে চিঠিতে সাহসী। এখন অনুপস্থিত থেকেও তিনি ব্যঙ্গের সঙ্গে তাদের অনুরোধ করেন, যারা তাঁর বিরুদ্ধে মাংসের বশে জীবনযাপন করার অভিযোগ আনে, তারা যেন এমন কোনো কারণ না জোগায় যাতে তিনি তাদের মধ্যে উপস্থিত হলে তাঁকে তাঁর সাহস প্রমাণ করতে হয়। সুসমাচারের বিরোধী সবকিছু ভেঙে ফেলার জন্য ঈশ্বর তাঁকে যে অসাধারণ ক্ষমতা দিয়েছেন, তিনি তা ঘোষণা করেন। তিনি আরও জানান যে তাদের মধ্যে অনুতপ্ত ব্যক্তিদের আনুগত্য পূর্ণ হলেই অবাধ্যতার শাস্তি দিতে তিনি তাঁর অলৌকিক ক্ষমতা দেখাতে প্রস্তুত ছিলেন।

2 করিন্থীয় 10:1–6

1 খ্রীষ্টের মৃদুভাব ও সৌজন্যবোধের জন্য, আমি তোমাদের কাছে অনুরোধ করছি—তোমরা বলো, আমি পৌল নাকি তোমাদের সাক্ষাতে “ভীরু,” কিন্তু অসাক্ষাতে “সাহসী!” 2 আমি তোমাদের কাছে মিনতি করছি যে, যখন আমি আসি, আমাকে যেন তেমন সাহসী হতে না হয়, যেমন কয়েকজন ব্যক্তির প্রতি সাহসী হওয়া আবশ্যক বলে আমি মনে করি, কারণ তারা মনে করে যে, আমরা এই জগতের মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করি। 3 কারণ যদিও আমরা এই জগতে বসবাস করি, আমরা এই জগতের মতো যুদ্ধের অভিযান করি না। 4 যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, তা জাগতিক নয়, কিন্তু দুর্গসকল ধ্বংস করার জন্য সেগুলির মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। আমরা সব তর্কবিতর্ক ধ্বংস করে 5 এবং ঈশ্বরজ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত ভণিতা ও সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রীষ্টের আজ্ঞাবহ করি। 6 আর একবার তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হলে, আমরা বাকিদের সমস্ত অবাধ্যতার শাস্তি দিতে প্রস্তুত আছি।